আজ , ।   
Home Blog Page 376

নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কি না, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের: ড. ইউনূস!

আলোকিত ডেস্ক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

যুক্তরাজ্য সফরে গত ১২ জুন তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড নিয়েছেন, এই পুরস্কার নিতে যাওয়ার আগে বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকার নেন।

বিবিসি: আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আপনি দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নেতা। আপনি বলেছেন, এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়। কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে, আপনি আওয়ামী লীগকে, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না। কেন?

অধ্যাপক মুহাম্মদ ইউনূস: আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না; সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটর খুব ভালোভাবে এটা ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন, অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ হবে সেখানে। যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে, ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক।

বিবিসি: দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে।

 

অধ্যাপক ইউনূস: তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কি না…

বিবিসি: তারা আওয়ামী লীগকে, আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না?

অধ্যাপক ইউনূস: যতক্ষণ পর্যন্ত তারা ভোটার — তাদের ভোট দেওয়ার স্বাধীনতাও আছে।

বিবিসি: কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়।

অধ্যাপক ইউনূস: আমরা এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি।

বিবিসি: তাহলে আপনি বলছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে…

অধ্যাপক ইউনূস: না, আগে একটা বিষয় পরিষ্কার করি — আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি। তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিবিসি: যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত?

অধ্যাপক ইউনূস: সাময়িকভাবে। নির্বাচনে তারা থাকবে কি না, সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে এখন।

বিবিসি: তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে?

অধ্যাপক ইউনূস: আবারও বলছি, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয়?

আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েল-ইরান যুদ্ধ নিয়ে ইস্তাম্বুলে আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল এবং ইরানের মধ্যে সংঘাত নিয়ে বৈঠক করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গত ২০ জুন শুক্রবার সন্ধ্যায় ইস্তাম্বুলে বৈঠক করেছেন। বৈঠকের আলোচ্য বিষয় ছিল ইসরায়েল-ইরান যুদ্ধ।

এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-এর শীর্ষ সম্মেলনের আগের রাতে যেখানে ইসরায়েল-ইরান সংঘাত নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে, আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সংঘাত সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করবেন।

এদিকে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এই খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা গোলান মালভূমিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এখন ঘোষণা করেছে যে, বেইত শে’আন উপত্যকা এবং অধিকৃত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বাজানোর পর তারা আরেকটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। তবে এ থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরানের ক্ষেপণাস্ত্র অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে যে, মধ্য ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ এবং উৎক্ষেপণের বিভিন্ন অবকাঠামোতে বিমান হামলা চালিয়েছে।

আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২৫/মওম 

মানিকগঞ্জে বাসের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মো: মহিদ:
মানিকগঞ্জে সেলফি পরিবহনের একটি বাসের চাপায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম তারা মিয়া (৩৮)। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের পুলিশ ক্যাম্প এলাকার বাসিন্দা। ২১ জুন শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, তারা মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সকালে মোটরসাইকেলে নিয়ে অফিসে যাওয়ার সময় গোলড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পাড় হতে গেলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির সেলফি পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সোহেল সারোয়ার বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি আটক এবং চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২৫/মওম 

নীলফামারীতে শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক জিয়াকে নিয়ে সেমিনার অনুষ্ঠিত

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে “শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া ও তারেক জিয়া” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী জেলা পরিষদ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের তৃণমূল নেতারা অংশ গ্রহণ করেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তফা হক প্রধান বাচ্চু।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোজাম্মেল হক ও মীর সেলিম ফারুক, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান কোকো, সহ দপ্তর সম্পাদক আব্দুর রহিম, সদস্য আহম্মেদ আলী বাবুসহ আরো অনেকে। সেমিনারটি পরিচালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আজিম হোসেন।
এসময় বক্তারা শহীদ জিয়ার স্বাধীনতা-উত্তর বাংলাদেশে রাষ্ট্রীয় পুনর্গঠন ও আত্মনির্ভরশীল অর্থনীতির দর্শনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের কথাও স্মরণ করা হয়। তারেক রহমানের ৩১ দফা নিয়ে আলোচনায় বক্তারা বলেন, এই দফাগুলোর মধ্যে রয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, যুগোপযোগী শিক্ষা সংস্কার ও অর্থনৈতিক বিকাশের রূপরেখা।
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল জানান, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি, সাংগঠনিক সম্প্রসারন ও আগামী নির্বাচনে বিজয়ী হওয়াসহ ভবিষ্যতেও এমন সেমিনার অব্যাহত থাকবে। যাতে তৃণমূল নেতাকর্মীরা দলীয় আদর্শ ও কর্মসূচি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা লাভ করতে পারেন।
আলোকিত প্রতিদিন/এপি

জাতিসংঘে ইসরায়েলকে কার্যত তুলোধুনো করল পাকিস্তান, চীন, রাশিয়া এবং আলজেরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘে ইসরায়েলকে কার্যত তুলোধুনো করেছে পাকিস্তান, চীন, রাশিয়া এবং আলজেরিয়া। সংস্থাটির নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর সামরিক আগ্রাসন নিয়ে ইসরায়েলের সমালোচনা করে দেশগুলো।

এই চারটি দেশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইরানের ওপর এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ২১ জুন শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, চীন, রাশিয়া ও আলজেরিয়া। তারা সতর্ক করে বলেছে, এই হামলা পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এবং পারমাণবিক স্থাপনায় হামলার যে নজির তৈরি করা হয়েছে, তা ভবিষ্যতের জন্য বিপজ্জনক।

মূলত এই চারটি দেশের অনুরোধেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, “ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না।”

চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, “ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ন করছে এবং গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতা বিপন্ন করছে।”

পাকিস্তানের রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমদ বলেন, “ইসরায়েলের প্রকাশ্য সামরিক আগ্রাসন ও হামলাগুলোকে আমরা নিঃসন্দেহে নিন্দা জানাচ্ছি। এটি কেবল একটি দেশের জন্য নয়, গোটা অঞ্চলের এবং বিশ্বশান্তির জন্যও গভীর হুমকি।”

আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার বেনদজামা এই হামলাকে বলেন, “বিনা উসকানিতে ও অযৌক্তিকভাবে চালানো এই হামলা জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন।”

প্রসঙ্গত, ইসরায়েল গত ১৩ জুন থেকে ইরানের বিভিন্ন সামরিক এবং পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে আসছে। এর পাল্টা জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে।

এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে, যার প্রভাব সারা বিশ্বের ওপরই পড়তে পারে।

আর্থিক স্থিতিশীলতা জোরদারে বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০ কোটি ডলার দিচ্ছে

আলোকিত ডেস্ক:

বাংলাদেশে সুশাসন, সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ৫০ কোটি মার্কিন ডলারের একটি নতুন উন্নয়ন সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ২১ জুন শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

‘গভর্নেন্স ও প্রাতিষ্ঠানিক সহনশীলতা জোরদার নীতিগত ঋণ কর্মসূচি’ শীর্ষক এই অর্থায়ন কার্যক্রমটি সরকারের গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগগুলো বাস্তবায়নে সহায়তা করবে। যার মধ্যে রয়েছে রাজস্ব আহরণ বাড়ানো, আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং সরকারি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতকরণ।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিকে টেকসইভাবে এগিয়ে নিতে হলে সরকারি অর্থ ব্যয় ব্যবস্থাপনার উন্নতি অপরিহার্য। সরকার যেসব সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে, তা প্রাতিষ্ঠানিক জবাবদিহি এবং জনসেবার মানোন্নয়নে সহায়ক হবে।’

বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম সর্বনিম্ন রাজস্ব-জিডিপি অনুপাতে রয়েছে, যা সরকারের জনগণের জন্য মানসম্মত সেবা দেওয়ার সক্ষমতাকে সীমিত করে রাখে। নতুন এই কর্মসূচির আওতায় কর প্রশাসন ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দক্ষতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। কর ছাড় প্রদানে সংসদের অনুমোদন বাধ্যতামূলক করে তোলা হবে, যা বর্তমানে খণ্ডকালীন ও অসংগঠিত পদ্ধতির পরিবর্তন ঘটাবে।

এছাড়া আর্থিক খাতে স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে করপোরেট গভর্নেন্স ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হবে। ব্যাংক খাতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ব্যাংককে পূর্ণাঙ্গ রেজুলেশন ক্ষমতা প্রদান করা হবে।

সরকারি প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বৃদ্ধির অংশ হিসেবে ২০২৭ সালের মধ্যে সহ প্রকল্প প্রস্তাবনা প্রকাশ বাধ্যতামূলক করা হবে। ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) ব্যবস্থা সর্বত্র বাধ্যতামূলক করা হবে, উপকারভোগীর প্রকৃত পরিচয় প্রকাশ ও দর সীমা তুলে নেওয়ার মতো উদ্যোগে প্রতিযোগিতা বাড়বে এবং দুর্নীতির ঝুঁকি কমবে। একইসঙ্গে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের নিরীক্ষা সক্ষমতা বৃদ্ধি পাবে।

এ ছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর স্বাধীনতা নিশ্চিত করে ডেটা স্বচ্ছতা বাড়ানো হবে, যাতে সেবার মান উন্নত হয়। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে লক্ষ্যভিত্তিক সহায়তা নিশ্চিত করতে একটি ডায়নামিক সামাজিক নিবন্ধন পদ্ধতি চালু করা হবে।

বিশ্বব্যাংকের সিনিয়র অর্থনীতিবিদ এবং প্রকল্প পরিচালক ধ্রুব শর্মা বলেন, “এই অর্থায়ন বাংলাদেশের নাগরিকদের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে রাজস্ব আহরণ, আর্থিক খাতের স্থিতিশীলতা এবং সরকারি সেবার মানোন্নয়নে সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নে গতি আসবে।”

এই অর্থায়নের মাধ্যমে ২০২৫ অর্থবছরে বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের মোট নতুন প্রতিশ্রুতি দাঁড়ালো ৩ দশমিক ০৭ বিলিয়ন মার্কিন ডলার। স্বাধীনতা-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশকে বিশ্বব্যাংক প্রায় ৪৬ বিলিয়ন ডলার অনুদান, সুদমুক্ত ও স্বল্পসুদে ঋণ দিয়েছে।

‘ইসরায়েল মধ্যপ্রাচ্যে সন্ত্রাস ছড়াচ্ছে’-জাতিসংঘে মুখ ফসকে বললেন মার্কিন দূত

আন্তর্জাতিক ডেস্ক:

ভুলবশত ইসরায়েলের বিরুদ্ধে ‘সন্ত্রাস ছড়ানোর’ অভিযোগ তুলেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত ডরোথি শে। পরে অবশ্য সঙ্গে সঙ্গেই নিজ বক্তব্য সংশোধন করেন তিনি। এর পরে তিনি বলেন, এই সংঘাতের জন্য ইরান দায়ী। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে এই কাণ্ড ঘটান তিনি।  ২১ জুন শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ২৩ জুন সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ২১ জুন শনিবার এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আগামী সোমবার মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এবং অ্যাক্সিওস।

আগে জেনেভায় ইউরোপীয় শীর্ষ কূটনীতিকদের সঙ্গে আলোচনা শেষে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত রয়েছে, তবে তার আগে ইসরায়েলের বিমান হামলা বন্ধ হতে হবে।

তিনি বলেন, “চুক্তি হবে কিনা, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর। তারা কি সত্যিই আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি অন্য কিছু ভাবছে— এবং যেভাবেই হোক, ইরানের ওপর হামলা চালাতে চায়।”

দুই সপ্তাহের সময়সীমার মধ্যেই কোনো ধরনের সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে কিনা—এমন প্রশ্নের জবাবে আরাগচি বলেন, “এটা ট্রাম্প প্রশাসনের সদিচ্ছার ওপর নির্ভর করছে।”

তিনি আরও বলেন, বর্তমানে ইরান নিশ্চিত নয় যে— যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় কি না। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে “কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা” বলেও আখ্যায়িত করেন ইরানের এই পররাষ্ট্রমন্ত্রী।

আলোকিত প্রতিদিন/২১ জুন ২০২৫/মওম 

ইউআইইউ শিক্ষার্থীদের অবরোধে দুর্ভোগে সাধারণ মানুষ!

বিশেষ প্রতিনিধি, রাজধানীর নতুন বাজারে বহিষ্কারাদেশ বাতিলসহ ৫ দফা দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের কারণে দুর্ভোগে পড়েছেন কর্মস্থলগামীসহ সাধারণ মানুষ জন।

শনিবার (২১ জুন) পাঁচ দফা দাবিতে সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেয়। এতে নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এমন কয়েকজন ভুক্তভোগী জানান, রাজধানীর এই ব্যস্ততম সড়কে সকাল থেকে এমন অবরোধের কারণে তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাদের আন্দোলন আমাদের জন্য চরম ভোগান্তি নিয়ে এসেছে।

বাড্ডা থেকে উত্তরা যাওয়া এক যুবক বলেন, স্ত্রী সন্তান নিয়ে কি একটা বিড়াম্বনার মধ্যে পড়তে হয়েছে আমাদের।

আরেকজন ক্ষোভ প্রকাশ করে বলেন,  রাস্তায় কেন যে এতো দাবি-দাওয়ার আন্দোলন চলে! এতে যে আমাদের কত কষ্ট হয়, তারা কেউ বোঝে না।

মূলত, গত ২৬ ও ২৭ এপ্রিল ইউআইইউ ক্যাম্পাসে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে উপাচার্যসহ ১১ জন প্রশাসনিক কর্মকর্তা পদত্যাগ করেন। ২৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
আলোকিত প্রতিদিন/এপি

ইরানের ক্ষেপণাস্ত্র আসছে ভয়ে হার্ট অ্যাটাকে নিহত ইসরায়েলে নারী!

আলোকিত ডেস্ক, ইসরায়েলের উত্তরাঞ্চলের কারমিয়েল শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় আতঙ্কে হার্ট অ্যাটাকে মারা গেছেন এক নারী। শুক্রবারের এই হামলায় ইসরায়েলে আরও কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে দুই ডজনের বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় ইরানি হামলার বিষয়ে সাইরেন বাজিয়ে দেশজুড়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানার আগ মুহূর্তে সাইরেনের শব্দ শুনে উত্তরাঞ্চলীয় কারমিয়েল শহরের আশ্রয় কেন্দ্রে আতঙ্কিত এক নারী হার্ট অ্যাটাকে মারা গেছেন।

ইসরায়েলি এই জরুরি সেবা সংস্থা বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে হাইফা নগরীতে আরও ২৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোর রয়েছে; যার পুরো শরীরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে জখম হয়েছে। এছাড়া ৫৪ ও ৪০ বয়সী দুই ব্যক্তি তাদের শরীরের নিচের অংশে গুরুতর জখম হয়েছেন।

 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, নতুন দফার হামলায় ইরান ২৫টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ইসরায়েলের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বেশ কিছু ভবনের ক্ষয়ক্ষতি ও লোকজন আহত হয়েছেন।

ইয়াং জার্নালিস্টস ক্লাবের তথ্য অনুযায়ী, দক্ষিণ ইরানের বুশেহর শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে ইরানি সামরিক বাহিনী। এই শহরের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা দক্ষিণ-পশ্চিম ইরানে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে।

আলোকিত প্রতিদিন/এপি