আজ , ।   
Home Blog Page 372

আগামী জুলাই মাস থেকে ভাতা পাবেন ‘জুলাই-যোদ্ধারা’: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

আলোকিত ডেস্ক:

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই-যোদ্ধারা’ আগামী মাস জুলাই থেকে মাসিক ভাতা পাবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেছেন, মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে ‘আহত যোদ্ধারা’ আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন।

২৩ জুন সোমবার সচিবালয়ে নিজ অফিস কক্ষে বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা (বর্তমান অন্তর্বর্তী সরকার) মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহীদ-যোদ্ধা এবং আহতদের চূড়ান্ত তালিকা করেছি। এটাই বর্তমান সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা-বাণিজ্য করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে।

উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতোমধ্যে আলাদা অধিদফতর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০তলায় এ অধিদফতরের জন্য ২০ জন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে অধিদফতর থেকে জুলাই যোদ্ধাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। 

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, স্বীকৃতিপ্রাপ্ত ‘জুলাই-যোদ্ধারা’ ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই-যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ‘এ’, ‘বি’ এবং ‘সি’—তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি ‘এ’ মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি মাসে ১৫ হাজার এবং ‘সি’ ক্যাটাগরি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।

তিনি জানান, গেজেট আকারে ৮৩৪ জন ‘জুলাই শহীদের’ তালিকা প্রকাশ হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। আর বাকি ২০ লাখ টাকা দেওয়া হবে ২০২৫-২৬ অর্থবছরে অর্থাৎ আগামী জুলাই মাসে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। তাছাড়া শহীদ পরিবারকে ২০ হাজার টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যরা অগ্রাধিকার পাবেন সরকারি এবং আধাসরকারি চাকরিতে। 

তিনি বলেন, আহত জুলাই-যোদ্ধাদের মধ্যে যারা চিকিৎসা নেওয়ার পরও অন্যের সহায়তা ছাড়া জীবন যাপন করতে পারছেন না, যেমন যার দুটি চোখই অন্ধ হয়ে গেছে। অথবা এমন অঙ্গহানি হয়েছে যার কারণে তার পক্ষে একা একা চলাফেরা করা অসম্ভব, তারা ‘এ’ ক্যাটাগরির জুলাই যোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। এই ক্যাটাগরিতে রয়েছেন ৪৯৩ জন। তারা এককালীন ৫ লাখ টাকাসহ মাসিক ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। যার মধ্যে ২ লাখ টাকা তারা ইতোমধ্যে পেয়েছেন। বাকি ৩ লাখ টাকা আগামী জুলাই মাসে পাচ্ছেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা ও উপযুক্ত মেডিক্যাল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পুনর্বাসন সুবিধা, পরিচয়পত্র পাবেন। গুরুতর আহত ৭ জনকে ইতোমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে। অনেকের থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে চিকিৎসা দেওয়া হয়েছে।

‘ক্যাটাগরি- বি’ তে রয়েছেন ৯০৮ জন। যারা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, কিন্তু অন্যের সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারেন। যেমন যাদের এক চোখ বা এক পা নষ্ট হয়ে গেছে বা এমন অঙ্গহানি হয়েছে। তারা এককালীন ৩ লাখ টাকা পাবেন। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা পেয়েছেন। আর আগামী মাসে বাকি ২ লাখ টাকা পাবেন। তাছাড়া  এই ক্যাটাগরির যোদ্ধারা ১৫ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। সঙ্গে প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধাসরকারি কর্মসংস্থানে চাকরি ও পরিচয়পত্র পাবেন।

চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদের ‘সি’ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, ১০ হাজার ৬৪২ জনকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন ১ লাখ টাকা পেয়েছেন। এছাড়া আগামী মাস থেকে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন। সঙ্গে পাচ্ছেন পুনর্বাসন সুবিধা এবং পরিচয়পত্র।

উপদেষ্টা বলেন, এছাড়া জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। জাতীয় দিবস হিসাবে আগামীতে এই দিবসকে গুরুত্ব সহকারে পালন করা হবে।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে, অনুগ্রহ করে কেউ লঙ্ঘন করবেন না : ট্রাম্প

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে জানিয়ে তা লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৪ জুন মঙ্গলবার বেলা ১১টার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, ‘যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না।’

এর আগে ইসরায়েল এবং ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ তথ্য জানিয়েছে এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।সিএনএন বলছে, ইরান এবং ইসরায়েলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে, তা নিয়ে এখনো স্পষ্টতা আসেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে একটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে যুদ্ধবিরতির ঘোষণা দেন এবং জানান— এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা (ইস্টার্ন টাইম) নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।

এর ঠিক কিছু সময় পর, ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি শিরোনামে জানায়, ‘ইসরায়েল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।’ ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে এক লাইনের বার্তায় জানায়, যুদ্ধবিরতি এখন ‘বাস্তবায়নের পর্যায়ে’ প্রবেশ করেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ এবং ওয়াইনেট-ও জানিয়েছে যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি ‘শত্রুর ওপর চাপিয়ে দেওয়া হয়েছে’, যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা।

এদিকে, ইসরায়েল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি, যার ফলে দ্বিধা ও অনিশ্চয়তা এখনো রয়ে গেছে।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

 

 

চাঁদপুরের মতলবে ঘুমন্ত স্বামীর ‌‘পুরুষাঙ্গ কেটে দিল‌’ স্ত্রী!

আলোকিত ডেস্ক, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘটে গেছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে পালিয়ে গেছে স্ত্রী। রোববার (২৩ জুন ২০২৫) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত ব্যক্তি মো. উজ্জ্বল (৩৫), নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। তিনি তার দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগমের (২৫) সঙ্গে কিছুদিন যাবৎ শ্বশুর বাবর আলীর বাড়িতে বসবাস করছিলেন সে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কোনো এক সময় উজ্জ্বল গভীর ঘুমে থাকাকালে তার স্ত্রী কল্পনা ধারালো অস্ত্র দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় উজ্জ্বল অচেতন হয়ে পড়লে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মোবাইল ফোন থেকে তৃতীয় স্ত্রী ফারজানা-কে (মোবাইল: ০১৮১৫৪৪৫৮৫৭) ফোন দিয়ে ঘটনাটি জানান।

খবর পেয়ে ফারজানা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বলকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রেফার করেন।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “এটি একটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। অভিযোগ রয়েছে, দ্বিতীয় স্ত্রী কল্পনা কৌশলে স্বামীকে বাড়িতে এনে পরিকল্পিতভাবে শরীরের সংবেদনশীল অঙ্গ কেটে দিয়েছে। আমরা ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মাঝে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানতে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

সাবেক সিইসিকে হেনস্তা, স্বেচ্ছাসেবক দল নেতা হানিফ আটক!

বিশেষ প্রতিনিধি, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে আজ।

গতকাল সোমবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মুহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সেনাবাহিনীর একটি দল উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব হানিফ মিয়াকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

 

এ ঘটনায় জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে জানিয়ে ডিসি বলেন, আইন লঙ্ঘন করে মব সৃষ্টিতে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে এখন।

মো. মুহিদুল ইসলাম আরও বলেন, সাবেক সিইসি নূরুল হুদাকে আটকের সময় মব সৃষ্টি ও হেনস্তার ঘটনায় রাতেই উত্তরা পশ্চিম থানায় পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে রাতেই গ্রেপ্তার নূরুল হুদাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এ ঘটনার পর ওইদিন রাতেই সরকারের প্রেস উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, দেশের সব নাগরিকের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ।একই সঙ্গে ‘মব’ সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়।

আলোকিত প্রতিদিন/এপি

নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে চীন: মির্জা ফখরুল

আলোকিত প্রতিবেদক:

চীন সফরের দ্বিতীয় দিন পার করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্যরা। ২৪ জুন মঙ্গলবার সকালে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বৈঠক করেছেন তারা।

বৈঠকে মির্জা ফখরুল উল্লেখ করেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে।  বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার সকালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় পক্ষের আলোচনা শুরু হয়।

বৈঠকের পর মির্জা ফখরুল জানান, তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। বাংলাদেশের পক্ষ থেকে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ২৩ জুন সোমবার চীনের পিপলস গ্রেট হলে সিপিসি (কমিউনিস্ট পার্টি অব চায়না) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝংয়ের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক করেন মির্জা ফখরুল। সেখানে তিনি আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত করে তার পরিধি বাড়িয়ে বহুপাক্ষিক করার আশা প্রকাশ করেন।

2

চীনের সংবাদমাধ্যম সিনহুয়ায় বলা হয়েছে, বৈঠকে লি হংঝং উল্লেখ করেন, চীন বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ ঐক্যমতের বাস্তবায়নের জন্য কাজ করতে ইচ্ছুক।এছাড়া সিপিসি-বিএনপির আন্তঃদলীয় সম্পর্ক শক্তিশালী করা, শাসন ব্যবস্থায় অভিজ্ঞতার বিনিময় গভীর করা, উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা প্রচার এবং চীন-বাংলাদেশ সর্বাঙ্গীণ কৌশলগত সহযোগিতা অংশীদারত্বের গভীর উন্নয়নকে সুবিধা দেওয়ার কথাও উল্লেখ করেন লি।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মন্ত্রী লিউ জিয়ানচাওয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানের আহ্বান জানান বিএনপি প্রতিনিধি দলের প্রধান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিবসহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সোমবার চীন সফরে গেছেন। স্থানীয় সময় ভোরে তারা চীনে পৌঁছান। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন–বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

অবশেষে যুদ্ধবিরতি মেনে নিল ইসরায়েল, ইরানকে জরুরি বার্তা

আলোকিত ডেস্ক, অবশেষে যুদ্ধবিরতি নিয়ে বার্তা দিয়েছে ইসরায়েল। দখলদাররা জানিয়েছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে যে কোনো লঙ্ঘনের ‘কঠোর জবাব’ দেবে ইসরায়েল। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েল নিশ্চিত করেছে, তারা ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রস্তাবে সম্মত হয়েছে বলে জানা গেছে। তবে যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের ব্যাপারে তারা ছাড় দেবে না।

মঙ্গলবার (২৪ জুন) ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভা, প্রতিরক্ষামন্ত্রী, আইডিএফ প্রধান এবং মোসাদের প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। তার কাছে রিপোর্ট করা হয়েছে, ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন-এর সব উদ্দেশ্য এবং আরও অনেক কিছু অর্জন করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উভয় ক্ষেত্র থেকেই তাৎক্ষণিক হুমকি দূর করেছে ইসরায়েল।

বিবৃতিতে প্রথমবারের মতো আরও একজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানী নিহত হওয়ার ঘোষণাও দেওয়া হয়। বলা হয়, গত দিনেও তেহরানের কেন্দ্রস্থলে আইডিএফ সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের আঘাত হেনেছে। শাসকগোষ্ঠীর নিপীড়নকারী শত শত কর্মীকে এবং আরেকজন প্রবীণ পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষায় সমর্থন এবং ইরানি পারমাণবিক হুমকি দূরীকরণে অংশগ্রহণের জন্য ইসরায়েল ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানায়। অভিযানের লক্ষ্য অর্জনের আলোকে এবং ট্রাম্পের সঙ্গে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে ইসরায়েল দ্বিপক্ষীয় যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছে। তবে যে কোনো যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দেবে ইসরায়েল।

আলোকিত প্রতিদিন/এপি

যুদ্ধবিরতি কার্যকর হয়েছে: ইসরায়েল এবং ইরানের গণমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে উভয় দেশের গণমাধ্যম। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভি। অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এবং ওয়াইনেট সংবাদ চ্যানেলের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরাও আর পাল্টা হামলা চালাবো না।

সূত্র: আল জাজিরা, সিএনএন

আলোকিত প্রতিদিন/২৪ জুন ২০২৫/মওম 

জামালপুরে ৫০ টি অসহায়, হতদরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ 

উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ গতকাল  ২৩শে জুন, সন্ধায় জামালপুর সদর উপজেলায় দোস্ত এইডের উদ্যোগে কিছু সুবিধা বন্চিত মানু্সের মাঝে টিউবওয়েল বিতর করা হয়
দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাৎ হোসেন বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি আপনাদের জন্য সুপেয় নিরাপদ পানির ব্যবস্থা করে দিচ্ছে এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে। যা আপনাদের জন্য আশীর্বাদ স্বরুপ। সারাবছরই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় দুস্থ মানুষের পাশে থাকার জন্য দোস্ত এইডের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংস্থার সমৃদ্ধি কামনা করেন। তিনি উল্লেখ করেন, গত ঈদুল আযহাতে জামালপুর সদর উপজেলাতে অসংখ্য হতদরিদ্র, দুস্থ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ, খাদ্য সামগ্রী, ঈদ পোশাক, যাকাত, শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে যা উপজেলার অসহায় মানুষগুলোর জন্য আশীর্বাদ হিসেবে কাজ করেছে।
সংস্থার হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, দোস্ত এইড দেশব্যাপী বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দোস্ত এইড নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছে যা টেকসই উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দোস্ত এইডের প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, ফাইন্যান্স এন্ড একাউন্টস অফিসার মাজহারুল ইসলাম, পাবলিক রিলেশন অফিসার মুজাহিদুল ইসলাম, এক্সিকিউটিভ অফিসার শাকিল আহমেদ, ইয়াসিন আরাফাত সহ আরও অনেকে।
আলোকিত প্রতিদিন/এপি

ইরানের পাল্টা মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারচ্ছন্ন ইসরাইল!

আলোকিত ডেস্ক, ইসরাইলের হামলার জবাবে ইরানের অব্যাহত পাল্টা হামলার মুখে মধ্য, দক্ষিণ ইসরাইল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন কিছুতেই থামছে। এসব অঞ্চল থেকে ইসরাইলি বাসিন্দারা দিগ্বিদিক ছুটছে।

ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতেও সাইরেন বেজে উঠেছে। জেরুজালেমে সাইরেন বাজার শব্দে নেসেটের আইনপ্রণেতারা আশ্রয় নিতে ছুটে যান।

ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে নির্দেশ দিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ।

আইডিএফ জানিয়েছে, আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে। মধ্য ইসরাইলেও সাইরেন বাজতে পারে যে কোনো সময়ে হতে পারে।

আলোকিত প্রতিদিন/এপি

নীলফামারীতে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের মূল হোতাসহ চার সদস্য গ্রেপ্তার

 উজ্জ্বল আহমেদ- বিশেষ প্রতিনিধিঃ নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক সংবাদ সম্মেলনে অনলাইন ভিত্তিক ভিসা প্রতারক চক্রের মূল হোচাসহ চার সদস্যকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে।
আজ দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক আক্তার খোসেন এ তথ্য প্রকাশ করেন। এসময় জানা যায়, গত ২২জুন শরীয়তপুর জেলার ডামুড্যার বাসিন্দা নয়ন অনলাইন ভিসার প্রলোভনে পড়ে ১৯ লক্ষ ১০ হাজার টাকা প্রতারণার শিকার হন। ভুক্তভোগী এ ঘটনায় নীলফামারী ডিবি অফিসে লিখিত অভিযোগ করলে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত শুরু করা হয়।
তদন্তে নিশ্চিত হওয়া যায় এটি একটি সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের কাজ। পরে কিশোরগঞ্জ থানার মুসরুত এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন কহিনুরের দুই ছেলে রুজু ও রাজু, মনোয়ার হোসেনের ছেলে শাকিল, মৃত মুকুল হোসেনের ছেলে আল-আমিন। তারা উভয়ে কিশোরগঞ্জ উপজেলার মুসরত এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আসামিদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ৬টি অ্যান্ড্রয়েড ও ৩টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইন ভিসা ও বিদেশে কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথাও স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশের তিনটি ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত চলমান।
সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা শাখা সাধারণ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, বিদেশগমন সংক্রান্ত যেকোনো বিষয়ে যাচাই-বাছাই ছাড়া কারো কাছে অর্থ প্রদান করা থেকে বিরত থাকুন। সন্দেহজনক কোনো কার্যক্রম নজরে এলে সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করুন।
আলোকিত প্রতিদিন/এপি