আজ , ।   
Home Blog Page 366

ইরানে মার্কিন হামলায় প্রত্যাশার তুলনায় ক্ষয়ক্ষতি কম হয়েছে : ওয়াশিংটন পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ক্ষয়ক্ষতি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। ইরানি কর্মকর্তাদের কথোপকথন থেকে এমন ইঙ্গিত পাওয়া গেছে।

২৯ জুন রবিবার এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্র লক্ষ্য করে সম্প্রতি হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরমধ্যে অত্যাধুনিক বি-২ স্টিলথ বোমারু ব্যবহার করে ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে হামলা হয়।

হামলার পরপরই মার্কিন গোয়েন্দারা তাদের প্রাথমিক মূল্যায়নে জানিয়েছিলেন, হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান ধ্বংস হয়নি। এ হামলা দেশটির পারমাণবিক কার্যক্রম শুধুমাত্র কয়েক মাস পিছিয়ে দিয়েছে। যদিও গোয়েন্দাদের এমন দাবি অস্বীকার করেছে ট্রাম্প প্রশাসন।

এই প্রভাবশালী সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যতটা ক্ষতি হবে বলে ধারণা করা হয়েছিল, বাস্তবে তা অনেক কম হয়েছে— এমন ইঙ্গিত মিলেছে ইরানি শীর্ষ কর্মকর্তাদের কথোপকথন থেকে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিগন্যাল ইন্টেলিজেন্স ইরানি শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের কথোপকথন ধরে ফেলেছে। এসব আলাপে দেখা গেছে, ইরানি কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করছেন— কেন ট্রাম্পের নির্দেশে চালানো হামলাগুলো প্রত্যাশিত মাত্রার ধ্বংস সাধন করতে পারলো না।

তবে এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে সতর্ক করে বলেছেন— শুধু একটি ফোনালাপ বা একক সূত্র থেকেই পুরো গোয়েন্দা মূল্যায়ন করা যায় না। তার ভাষায়, “একটা ফোন কল মানেই সম্পূর্ণ চিত্র নয়।”

প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা দাবি করছেন, ওই হামলায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামলায় গুরুতর ক্ষতি হয়েছে ঠিকই, তবে গুরুত্বপূর্ণ অনেক উপাদান আগেই সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে দীর্ঘমেয়াদি ক্ষতি সীমিত হয়েছে।

তবে ট্রাম্প এই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, “ওরা কিছুই সরায়নি। ওরা ভাবেইনি আমরা এত কিছু করে ফেলবো।”

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং নিউইয়র্ক টাইমসের বরাতে জানা গেছে, ইরানের হামলার পর প্রাথমিক মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে— “এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কিছু মাসের জন্য পিছিয়ে দিয়েছে মাত্র, দীর্ঘমেয়াদে নয়।”

কিন্তু হোয়াইট হাউস এই মূল্যায়নকে মানতে নারাজ। সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফও বলেছেন, “নতুন গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই হামলায় এমন ‘গভীর ক্ষতি’ হয়েছে, যেটা পুনর্গঠনে ইরানের কয়েক বছর লাগবে।”

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

সার্কের বিকল্প হিসাবে নতুন জোট গড়ছে চীন-পাকিস্তান, সাথে আছে বাংলাদেশও

আন্তর্জাতিক ডেস্ক :

নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে পাকিস্তান ও চীন। আর সম্ভাব্য ওই জোটটি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে।

এই জোট গঠনের সঙ্গে বাংলাদেশও যুক্ত আছে এবং মূলত এই উদ্যোগেরই অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

৩০ জুন সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান ও চীন বর্তমানে একটি নতুন আঞ্চলিক জোট গঠনের পরিকল্পনায় একসঙ্গে কাজ করছে, যা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) বিকল্প হয়ে উঠতে পারে।

কূটনৈতিক বেশ কয়েকটি সূত্র জানায়, ইসলামাবাদ এবং বেইজিংয়ের মধ্যে এই বিষয়ে আলোচনা এখন অনেক দূর এগিয়েছে। দুই দেশের মতে, দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগ বাড়িয়ে আঞ্চলিক সংহতির জন্য নতুন একটি জোট সময়ের দাবি।

সম্প্রতি চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন এবং বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠক ছিল এই উদ্যোগেরই একটি অংশ। এটি এই তিন দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রথম বৈঠক, যা ভারতের নজরে আসে এবং কিছু উদ্বেগও তৈরি করে।

মূলত জুনের ১৯ তারিখে হওয়া এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল সার্কের সদস্য দেশগুলোকে নতুন এই জোটে আমন্ত্রণ জানানো।

বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিউবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতকে নতুন প্রস্তাবিত এই জোটে আমন্ত্রণ জানানো হতে পারে। তবে দিল্লি এতে ইতিবাচক সাড়া দেবে না বলেই ধারণা করা হচ্ছে, কারণ ভারতের আঞ্চলিক নীতি এবং স্বার্থ অন্য দেশের চেয়ে আলাদা।

তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ অন্যান্য দেশ নতুন এই গোষ্ঠীর অংশ হতে পারে বলে মনে করা হচ্ছে।

সম্ভাব্য নতুন এই জোট বা সংস্থার মূল উদ্দেশ্য হলো বর্ধিত বাণিজ্য এবং সংযোগের মাধ্যমে বৃহত্তর আঞ্চলিক সম্পৃক্ততা অর্জন করা। সার্ককে এক সময় দক্ষিণ এশিয়ার ‘ইউরোপীয় ইউনিয়ন’ বলা হতো। কিন্তু এটি কার্যত পাকিস্তান-ভারতের শত্রুভাবাপন্ন সম্পর্কের কারণে অকার্যকর হয়ে পড়ে।

সর্বশেষ সার্ক সম্মেলন হয়েছিল দশ বছর আগে। ২০১৬ সালে ইসলামাবাদে সম্মেলন হওয়ার কথা থাকলেও ভারত সেটা বয়কট করে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সরকারও সেসময় ভারতপন্থি হওয়ায় ঢাকা সেই সময় সেই সম্মেলনে অংশ নেয়নি।

তহবিলে টান, সংকটে সার্ক

সার্ককে পুনরুজ্জীবিত করতে আর কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়নি, যদিও পাকিস্তান সম্মেলন আয়োজন করতে বেশ আগ্রহীই ছিল। সম্প্রতি পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানি ব্যবসায়ীদের জন্য সার্কের বিশেষ ভিসা সুবিধাও বাতিল করে দেয়, যা সার্কের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে।

এমন অবস্থায় পাকিস্তান এবং চীন কয়েক মাস ধরে নতুন সংস্থা বা জোট গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা করছিল এবং উভয় দেশই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে উন্নত ভবিষ্যতের জন্য একই মনোভাবসম্পন্ন দেশগুলোর একে অপরের সাথে হাত মেলানো উচিত।

মূলত বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোই হবে নতুন জোটের মূল লক্ষ্য। এছাড়া মতাদর্শগতভাবে মিল আছে এমন দেশগুলোকে একত্রিত করেই গঠন করা হবে এই নতুন সংস্থা। পর্যবেক্ষকরা মনে করেন, ভারত সাম্প্রতিক সময়ে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) দিকেও খুব আগ্রহ দেখাচ্ছে না। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বশেষ দুইটি এসসিও সম্মেলনে অংশ নেননি। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশ এসসিও-তে রয়েছে।

এছাড়া অনেকেই এই জোটকে পশ্চিমা বিশ্বের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তবে ভারতের নীতিগত পার্থক্য এবং পশ্চিমঘেঁষা অবস্থান এসসিও-এর লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই অনেকে মনে করেন।

আলোকিত প্রতিদিন/৩০ জুন ২০২৫/মওম 

নির্বাচনে যে ৩ আসনে প্রার্থী হতে পারেন তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন। রাজনৈতিক দলগুলোর নির্বাচনি তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের মানুষের আগ্রহের বিষয় বড় রাজনৈতিক দলগুলোর প্রধানরা কোন আসনে নির্বাচন করবেন এবং কয়টি আসনে প্রার্থী হবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর লন্ডনের নির্বাসন থেকে দেশে ফিরছেন। ওয়ান-ইলেভেনের জরুরি সরকারের সময় তার ওপর প্রচণ্ড নির্যাতন হয়েছে। তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। প্রথমবারের মতো তিনি নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তাই তাকে নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল।

রাজনৈতিক দলগুলোর নেতাদের  সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথমসারির অন্তত ১০টি দলের শীর্ষ নেতা নির্বাচনে প্রার্থী হচ্ছেন। বেশির ভাগ নেতাই নিজ এলাকায় প্রার্থী হওয়ার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। আসন্ন নির্বাচনে দেশের অন্যতম বড় দল আওয়ামী লীগ আপাতদৃষ্টিতে অংশ নিতে পারছে না। গণহত্যা ও ফ্যাসিবাদী শাসনের কারণে দলটির কার্যক্রম নিষিদ্ধ। নির্বাচন কমিশন দলটির নিবন্ধনও স্থগিত করেছে। তবে দলটির অনেক নির্দোষ সদস্য স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে পারেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনে এবার জোটবদ্ধ বা আসন সমঝোতার মাধ্যমে অংশ নিতে পারে অধিকাংশ রাজনৈতিক দল। সে ক্ষেত্রে জামায়াতসহ কোনো কোনো দল দলীয়ভাবে প্রার্থী ঘোষণা করলেও পরে কিছু রদবদল হতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রার্থী হবেন কিনা- তা এখনো নিশ্চিত নয়। তবে দলটির একাধিক সূত্র থেকে জানা গেছে, একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে। সেটি ঢাকা কিংবা ফেনীর আসন। আর তিনি প্রার্থী হলে অন্যান্য রাজনৈতিক দল তার প্রতি সম্মান জানিয়ে ওই আসনে নিজেদের প্রার্থী না-ও আভাসও পাওয়া গেছে। পৈতৃক এলাকা ফেনী-১ আসনটি থেকে বিজয়ী হয়ে এরই মধ্যে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেছেন খালেদা জিয়া। নির্বাচনে অংশ নিলে এবারও এই আসন থেকে প্রার্থী হবেন তিনি। এ ছাড়া দলের মধ্যে আলোচনা আছে, ফেনীতে প্রার্থী না হলে তিনি ক্যান্টনমেন্ট, গুলশান ও বনানী নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকেও প্রার্থী হতে পারেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ম্যাডাম নির্বাচন করবেন কি না সিদ্ধান্ত হয়নি। নির্বাচনি প্রক্রিয়া শুরু হলে পুরো বিষয়টি পরিষ্কার হবে। ম্যাডামের সিদ্ধান্ত তিনি নিজেই নেবেন। আমাদের আরেকটু ধৈর্য ধরতে হবে।

ওয়ান-ইলেভেনের জরুরি সরকারের সময় মৃত্যুর ঝুঁকির পাশাপাশি রাজনীতি থেকে মাইনাস করার ষড়যন্ত্র ছিল। সেই জামানা পার হয়ে দেশে ফিরে প্রথমবারের মতো নির্বাচনে প্রার্থী হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি কোন আসন ও কয়টি আসন থেকে নির্বাচন করবেন, এটা সারা দেশের মানুষের প্রচণ্ড আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষের এ আগ্রহ সম্পর্কে খোঁজ নিতে গেলে এ বিষয়ে বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা আসন সম্পর্কে কেউই মুখ খুলতে রাজি হননি। তাদের বক্তব্য, নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি একান্তই তারেক রহমানের নিজস্ব বিষয়। আগে তিনি দেশে প্রত্যাবর্তন করবেন, নির্বাচনের সামগ্রিক অবস্থা সরেজমিন দেখবেন, তারপর নিজের প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি তো প্রার্থী হবেনই। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। তারেক রহমানই চমক। তবে কোন কোন আসনে তিনি নির্বাচন করবেন তা এখনো নির্ধারিত হয়নি।

বিএনপি সূত্রে জানা গেছে, তারেক রহমান এখন ব্যস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনি জোট করা, ৩০০ আসনের প্রার্থী তালিকা ঠিক করা এবং একটি প্রাণবন্ত সংসদ গঠন করার ক্ষেত্রে সহযোগী অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কীভাবে ঐকমত্যে পৌঁছা যায়, সেটা ঠিক করা। দলের ভালো ও যোগ্য প্রার্থী বাছাই করতে তিনি দেশব্যাপী একটি নির্বাচনি জরিপকাজ চালাচ্ছেন। এ ব্যাপারে একটি সংস্থাকে দায়িত্বও দেওয়া হয়েছে বলে জানা গেছে। তারেক রহমান সহসাই দেশে ফিরছেন। আসন্ন নির্বাচনে খালেদা জিয়া এবার নির্বাচনি গণসংযোগ করতে পারবেন না। দেশব্যাপী এই গণসংযোগ তারেক রহমানকেই করতে হবে।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, জিয়া পরিবার থেকে ধানের শীষ নিয়ে এবার পাঁচটি আসনে নির্বাচন করা হতে পারে। খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়াও আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান প্রার্থী হতে পারেন। তবে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান নির্বাচনে প্রার্থী হবেন না। তারা রাজনীতি থেকে দূরে থাকছেন।

আলোকিত প্রতিদিন/এপি

পটুয়াখালীর বাউফলে ২ ডাকাতসহ গ্রেফতার ৭

মোঃ আমির হোসেন,  বাউফল প্রতিনিধি। পটুয়াখালীর বাউফলে পৃথক অভিযানে ডাকাতি, মাদক, মাতলামি ও অবৈধ জাল ব্যবহারের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ডাকাতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজিব হোসেন (২৩) ও সিফাত হোসেন (২৪) নামের দুই যুবককে। গতকাল (শনিবার) রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠী এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা গত ২৪ মে কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর এলাকার কেশব ডাক্তারের বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানায় পুলিশ।

এছাড়া মাতলামির অভিযোগে পৌর শহর এলাকা থেকে রায়হান ও শাকিব গাজীকে এবং মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রুবেল হোসেনকে আটক করা হয়।
অন্যদিকে, উপজেলার মৎস্য নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে আরও দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতারুজ্জামান সরকার জানান, “গ্রেফতারকৃতদের পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।”

আলোকিত প্রতিদিন/এপি

কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসা দিতে হাইকোর্টের নির্দেশ!

আলোকিত ডেস্ক, কুমিল্লার মুরাদনগরের একটি গ্রামে বসতঘরের দরজা ভেঙে ধর্ষণের শিকার গৃহবধূর নিরাপত্তা নিশ্চিত ও প্রয়োজনীয় চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ধর্ষণের শিকার নারীর নির্যাতনের ভিডিও ২৪ ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (২৯ জুন) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদেশে আগামী ১৫ দিনের মধ্যে মামলার তদন্তের অগ্রগতি জানাতে বলা হয়েছে।

এদিকে এ মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ধর্ষিতার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান, বাবু এবং মামলার প্রধান আসামি ফজর আলী সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা তারা।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকে জড়িয়ে নারীর অশ্লীল ছবি, প্রতিবাদে মানববন্ধন

মোঃ নিশাদুল ইসলাম,ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার এক বিএনপি নেতা মাথা কেটে নারীর সঙ্গে অশ্লীল ছবি যুক্ত করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রবিবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তী এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীসহ এলাকার সাধারন মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য আসাদুজ্জামান মুন্সী, ইউনিয়নন বিএনপির সভাপতি মাহবুব আলম সর্দার, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম রাষ্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনির, স্বেচ্ছাসেবকদলের ইউনিয়ন আহববায়ক রফিকুল ইসলাম, যুবদল নেতা লিয়াকত আলী মোল্লা, উপজেলা যুবদল নেতা মনির মোল্লা, উপজেলার ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলার ‘বুধন্তী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজাহিদ ইসলাম সোহেলের বিরুদ্ধে একটি মহল অপপ্রচারে লিপ্ত। একটি ছবিতে তার মাথা কেটে জোড়া লাগিয়ে নারীর অশ্লীল ছবি যুক্ত করে দেওয়া হয়। এছাড়া কোনো ধরণের অভিযোগ না থাকলেও তাকে চাঁদাবাজ আখ্যায়িত করা হয়। এমন অপপ্রচার বন্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
মুজাহিদ ইসলাম সোহেল বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগ ডাহা মিথ্যা। এডিট করে আমার ছবি ফেসবুকে ছাড়া হয়েছে। এ ঘটনায় আমি আদালতে অভিযোগ দিয়েছি। আদালত সিআইডিকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন।
আলোকিত প্রতিদিন/এপি

সরকার ব্যর্থ হওয়ায় জুলাই সনদ প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম!

আলোকিত ডেস্ক, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সরকার ব্যর্থ হওয়ায় আগামী ৩ আগস্ট এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে বলে জানিয়েছেন তিনি।

আজ রবিবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ঘোষণা দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার প্রতিশ্রুতির মেয়াদ শেষ হয়েছে।

 

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ১ থেকে ৩০ জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।

আলোকিত প্রতিদিন/এপি

মুরাদনগরে নারীকে ধর্ষণ ও ভিডিও ভাইরাল: মূল আসামি ফজর আলীসহ গ্রেপ্তার !

আলোকিত ডেস্ক, কুমিল্লার মুরাদনগরে বসতঘরের দরজা ভেঙে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলী ওরফে ফজরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করার অপরাধে চারজনকে আরো গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি এখনো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ জুন আনুমানিক রাত ৮টায় মুরাদনগর থানাধীন রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে ফজর আলী ওরফে ফজর একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগে এলাকার লোকজনের হাতে আটক ও প্রহৃত হন।

পরবর্তীতে আহত ফজর আলী সেখান থেকে পালিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত কিছু লোক তাৎক্ষণিকভাবে ভিকটিমের ভিডিও ধারণ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

সংবাদ পেয়ে মুরাদনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম গ্রহণ করে। ভিকটিমের লিখিত এজাহারের ভিত্তিতে মুরাদনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।

তাছাড়া ঘটনাটির ভিডিও ধারণ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চার জনের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে আসা হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে ফজর আলী (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

শুক্রবার বিকালে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেছেন। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী দুবাই প্রবাসী। অভিযুক্ত ফজর আলী বাহেরচর পাঁচকিত্তা গ্রামের পূর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে।

আলোকিত প্রতিদিন/এপি

খুলনায় বৈষম্যবিরোধীদের ‘মবে’ অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল!

আলোকিত ডেস্ক, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মবে’ অবরুদ্ধ হয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেসক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা খবর পেয়ে প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে প্রেসক্লাবে অবরুদ্ধ হয়ে পড়েন প্রেস সচিব।

এ সময় আন্দোলনকারীরা কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত প্রেস সচিবকে সেখান থেকে বের হতে না দেওয়ার ঘোষণা দেন। রাত আটটা প্রেস সচিব প্রেসক্লাবে অবরুদ্ধ ছিলেন।

এ বিষয়ে গণমাধ্যম কর্মী মোস্তফা জামাল পপলু বলেন, “প্রেস সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে খুলনার সাংবাদিকদের মতবিনিময় সভা শেষে বিকেল ৫টার দিকে খুলনা প্রেসক্লাব পরিদর্শনে করতে আসেন। এ সময় ছাত্র-জনতার আন্দোলনের একটি অংশ প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেয়। ফলে ক্লাব থেকে কেউই বের হতে পারেননি। এ অবস্থায় প্রেস সচিবও অবরুদ্ধ হন। আন্দোলনকারীরা একপর্যায়ে বলতে থাকেন কেএমপি কমিশনারের পদত্যাগ নিয়ে ঘোষণা না দিলে প্রেস সচিবও বের হতে পারবেন না।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুকান্ত দাশ নামে এক এসআইকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলেও তাকে ছেড়ে দেয় পুলিশ। এর প্রতিবাদে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

আলোকিত প্রতিদিন/এপি

ড. ইউনূসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান!

আলোকিত ডেস্ক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ৮৫তম জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (২৮ জুন) তারেক রহমানের পক্ষে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ড. ইউনূসের বাসভবন ‘যমুনায়’ জন্মদিনের কেক ও ফুলের তোড়া পৌঁছে দেন তিনি।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমান প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

প্রধান উপদেষ্টার সামরিক সচিব মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম তারেক রহমানের পক্ষ থেকে আনা শুভেচ্ছা সামগ্রী গ্রহণ করেন তিনি। পরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে শুভেচ্ছা জানানোর জন্য তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আলোকিত প্রতিদিন/এপি