আজ , ।   
Home Blog Page 363

ইসরায়েলের সঙ্গে সব রকম বাণিজ্য বন্ধের ঘোষণা স্পেনের স্টিল কোম্পানির

আন্তর্জাতিক ডেস্ক:

স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মূলত ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম এবং দেশটির সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে।

২ জুলাই বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। গত মাসে আয়ারল্যান্ডের প্রকাশনা সংস্থা দ্য ডিচ একটি প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে শুরু করে টানা ১০ মাসে সিডেনর ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইএমআই সিস্টেমস-এর কাছে ১ হাজার ২০৭ টন স্টিল বার রপ্তানি করেছে। তবে এখন ইউরোপের অন্যতম বৃহৎ স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে খ্যাত বাস্কভিত্তিক সিডেনর ঘোষণা দিয়েছে, তারা ইসরায়েলের কাছে আর কোনো স্টিল পণ্য বিক্রি করবে না।

স্পেনের গণমাধ্যম কাদেনা সের-এর বরাতে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধ করার ফলে কোম্পানির আর্থিক ক্ষতি খুবই সামান্য হবে, কারণ দেশটির বাজার থেকে সিডেনরের মোট বিক্রির ০.৫ শতাংশেরও কম আসে।

সিডেনর জানায়, এই সিদ্ধান্ত স্পেন সরকারের আহ্বানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কারণ স্পেন সরকার ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে কোম্পানিগুলোকে উৎসাহ দিচ্ছে।

স্পেনের ভোক্তা বিষয়ক মন্ত্রী পাবলো বুস্তিন্দুই বলেন, “সিডেনর সামাজিক চাপের কাছে নতি স্বীকার করেছে”। সামাজিক যোগাযোগমাধ্যম ব্লুস্কাই-তে তিনি আরও জানান, “আমরা এখনও স্পেনের ব্যবসায়ী সংগঠনের প্রধানের কাছ থেকে সেই অনুরোধের জবাব পাইনি, যেখানে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে বলা হয়েছিল, ইসরায়েলের দখলদারিত্ব, বর্ণবৈষম্য এবং ফিলিস্তিনি জনগণের গণহত্যায় জড়িতদের সঙ্গে সব ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে হবে।”

স্পেন সরকার জানিয়েছে, তারা গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই অস্ত্র রপ্তানি বন্ধ করেছে। তবে বিভিন্ন তদন্তে দেখা গেছে, কিছু পুরোনো চুক্তি এখনো চালু রয়েছে।

ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের সবচেয়ে কড়া সমালোচক দেশগুলোর মধ্যে স্পেন অন্যতম। গাজায় এই আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং লাখো মানুষ ক্ষুধা এবং দারিদ্র্যের চরম ঝুঁকিতে রয়েছেন।

২০২৩ সালে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। আর চলতি সপ্তাহেই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ থাকার পরও ইউরোপীয় ইউনিয়ন দেশটির সঙ্গে বাণিজ্য চুক্তি স্থগিত করেনি, যা দুঃখজনক।

আলোকিত প্রতিদিন/০২ জুলাই ২০২৫/মওম 

আদালত অবমাননার মামলায় হাসিনার ৬ মাসের কারাদণ্ড

আলোকিত ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ছয় মাসের কারাদণ্ড ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে, গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মো. শাকিল আলমকে (৪০) দুই মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
২ জুন বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ রায় দেন।
ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

গত ১৬ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া আদালত অবমাননার মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। গত ১৯ জুন এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল।

পরে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউরি (আদালত বন্ধু) নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরেও শেখ হাসিনা এবং অপর অভিযুক্ত হাজির না হওয়ার প্রেক্ষাপটে বিচারের স্বচ্ছতার স্বার্থে অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামানের অভিমত ট্র্যাইব্যুনাল শুনবেন বলে জানান প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনা এবং ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন ট্রাইব্যুনাল অভিযোগ গ্রহণ করে আগামী ১৫ মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ওইদিন কোনো জবাব দাখিল না করায় তাদের গত ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’-এমন বক্তব্যের শেখ হাসিনা একটি অডিও ভাইরাল হয়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে সত্যতা পায়। পরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে।

আইন অনুযায়ী, এ ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও, ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত।

মামলার প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এ অবস্থায়, ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।

ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী, আদালত অবমাননার অভিযোগ প্রমাণিত হলে এক বছরের কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডই হতে পারে।

আলোকিত প্রতিদিন/০২ জুলাই ২০২৫/মওম 

সাংবাদিকদের সাথে বিএনপি নেতা মুস্তাফিজুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার রূপরেখা দেশের ভাগ্য বদলাবে’ বলে অভিমত ব্যক্ত করেছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম ১৩ আনোয়ারা- কর্নফুলি সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

১ জুলাই ২০২৫ (মঙ্গলবার) দুপুরে পারকি সমুদ্র সৈকত এলাকার অভিজাত রেষ্টুরেন্ট লুসাই পার্কে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে আর কোনো বৈষম্য থাকবে না। এটা শুধু রাষ্ট্র সংস্কার নয়, এটা জনগণের ভাগ্য পরিবর্তনের পথ নকশা।

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, দেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে সাধারণ জনগণ। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ১৭ বছর ধরে যে কর্তৃত্ব জনগণের ওপরে চাপিয়ে দিয়েছে, আমরা তার বিরোধিতা করি। মোস্তাফিজুর রহমান বলেন, এই এলাকার প্রতিটি মানুষ উন্নয়নের স্বপ্ন দেখে, ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে আছে, আমি সেই স্বপ্ন এবং সংগ্রামের একজন অংশীদার হতে চাই। মোস্তাফিজ বলেন, আমরা মানবিক, ন্যায়ভিত্তিক ও সমঅধিকারের সমাজ গড়তে চাই।’ তিনি আরো বলেন, ‘যারা গত ১৭ বছরে উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মানের নামে যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে তাদের বিচার হওয়া উচিৎ জনসম্মুখে।

মোস্তাফিজুর বলেন, আমি (মোস্তাফিজুর রহমান) দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে আনোয়ারার উপকূলীয় এলাকায় চার লেনের টেকসই বেড়িবাঁধ নির্মান করবো। আনোয়ারা -কর্ণফুলীর উন্নয়ন পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, ‘টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পারকি সৈকতকে আধুনিক পর্যটন কেন্দ্র রূপান্তর, তরুণদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, সাগর উপকূলঘেঁষা মাদক কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এই সবই থাকবে তার অগ্রাধিকার।’ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলম খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদ, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মো: সেলিম, আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, বিএনপি নেতা জসিম উদ্দিন, আনোয়ারা উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল গফুর, যুবদল নেতা আলমগীর খান, শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাঈদুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/এপি

শিবালয়ে ছাত্রদলের সহায়তায় প্রবেশপত্র পেয়ে পরিক্ষা দেয় এইচএসসি পরিক্ষার্থী মুন্না

ইমরান নাজির,আঞ্চলিক প্রতিনিধি (মানিকগঞ্জ):

শিবালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল নেতৃবৃন্দের সহায়তায় দ্রুত প্রবেশপত্র হাতে পেয়ে এইএসসি পরিক্ষার্থী মো: মুন্না শেখ অবশেষে কেন্দ্রে প্রবেশ করে। ১ জুলাই মঙ্গলবার  শিবালয় সদরউদ্দিন ডিগ্রী কলেজ কেন্দ্রে ইংরেজি ১ম বিষয়ে পরিক্ষার দিন এ ঘটনা ঘটে। স্থানীয় মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রী কলেজ শিক্ষার্থী মুন্না শেখ ভূলে প্রবেশ পত্র নিয়ে কেন্দ্রে না আসায় এ বিপত্তি ঘটে। শিক্ষার্থীরা জানায়, গত বছর এইএসসি পরিক্ষায় ইংরেজিতে অকৃতকার্য শিক্ষার্থী মো: মুন্না শেখ পুরনো প্রবেশপত্র নিয়ে কেন্দ্রে আসে। পরিক্ষা শুরুর পূর্ব মুহুর্তে নতুন প্রবেশপত্র না আনার কথা মনে হলে নিরুপায় মুন্না ঘটনা স্থানীয় কয়েক শিক্ষার্থী এবং ছাত্রদল নেতৃবৃন্দকে জানায়। এ সময কলেজ কেন্দ্রে প্রবেশ গেটে তারেক রহমানের নির্দেশে পরিক্ষর্থীদের মাঝে করোনা সচেতনতায় মাক্স, খাবার পানি-স্যালাইন, কলম ইত্যাদি বিতরণ চলছিল। উপস্থিত নেতৃবৃন্দ প্রায় ১০ কিলোমিটার দূরবর্তী মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রী কলেজ অফিস থেকে মুন্নার প্রবেশপত্র আনার জন্য মোটরসাইকেলযোগে লোক পাঠায়। পরিক্ষা শুরুর প্রায় ৫ মিনিট পর মুন্না কেন্দ্রে প্রবেশ করে পরিক্ষায় অংশ নেন। শিক্ষার্থী মুন্না শেখ জানান, ভূলক্রমে নতুন প্রবেশপত্র না এনে কেন্দ্রে আসি। ঘটনা জানার পর স্থানীয় ছাত্রদল নেতৃবৃন্দ মহাদেবপুর কলেজ থেকে প্রবেশপত্র এনে দেয়ায় ৫ মিনিট পর কেন্দ্রে ঢুকে পরিক্ষা দিতে সক্ষম হই। এতে ছাত্রদল ও বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সদরউদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মো: রবিন খান জানান, তারেক রহমানের নির্দেশে সদরউদ্দিন কলেজ কেন্দ্রে প্রায় এক হাজার পরিক্ষার্থীর মাঝে বিভিন্ন উপকরন বিতরণ চলছি। কলেজ কেন্দ্রের গেটে উপস্থিত শিক্ষার্থী মুন্না শেখ তার প্রবেশপত্র না আনার কথা জানালে নেতৃবৃন্দ দ্রুত তার প্রবেশপত্র আনার ব্যবস্থা করে।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

সারজিস-হাসনাতকে ১০০ বার কল দিলেও রিসিভ করে না : শহীদ জাহিদের মায়ের অভিযোগ!

আলোকিত ডেস্ক, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে, যাদের রক্তের বিনিময়ে ক্ষমতা পেয়েছে তারা এই আন্দোলনে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের পরিবারের কোনো খোঁজ নেয়নি বলে অভিযোগ করেছেন তার মা ফাতেমা তুজ জোহরা। একইসঙ্গে সারজিস-হাসনাতদের ১০০ বার কল দিলেও তারা রিসিভ করেন না বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার বিকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ’গণঅভ্যুত্থান ২০২৪-জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় কান্নাজড়িত তিনি নিয়ে কথা বলেন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৫ আগস্ট সন্ধ্যায় বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় আবদুল্লাহ।

আবদুল্লাহ বিন জাহিদের মা বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে আব্দুল্লাহ বিন জাহিদের বয়স ১৭ বছর ছোট ছেলের বয়স ১৪ বছর। আমার বড় মারা যাবার ১৪ দিনের মাথায় আমার ছোট ছেলের ক্যান্সার ধরা পরে। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মে মাসের ১৮ তারিখে আমার স্বামী ব্রেন স্টক করে মারা যায়। আমরা বিএনপি পরিবার থেকে আমার ছোট ছেলের খোঁজ খবর নেয় এবং তার চিকিৎসার খরচ গ্রহণ করে। আগামী শুক্রবার তার ছোট ছেলের আরেকটা অপারেশন হবে। আমার শেষ অবলম্বন টুকু যেন আমরা কাছে থাকে এজন্য সবাই তার জন্য দোয়া করবেন।

তিনি আরও বলেন, এই উপদেষ্টা ও অন্তবর্তী সরকার আজ পর্যন্ত আমাদের খোঁজ নিতে পারে নাই। আমার ছেলের রক্তের বিনিময়ে ক্ষমতা পেল তারা একবারও আমাদের খোঁজ নিল না। এমনকি সারজিস-হাসনাতকে আমরা ১০০টা ফোন দিলেও তারা রিসিভ করে না।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারগুলোর জন্য সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ভবিষ্যতে ক্ষমতায় এলে এসব পরিবারকে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত আছেন।

আলোকিত প্রতিদিন/এপি

মুরাদনগরে শ্লীলতাহানি নারীর পরিবারের পাশে দাঁড়ালেন-কায়কোবাদ

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে গত ২৬জুন ঘটে যাওয়া হিন্দু সম্প্রদায়ের এক নারীর সাথে অপ্রীতিকর ঘটনার সমবেদনা প্রকাশ করতে ঘটনাস্থল পরিদর্শন করেন কুমিল্লার মুরাদনগর উপজেলায় কুমিল্লা (৩) মুরাদনগরের সাবেক ৫ বারের এমপি ও মন্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ০১ জুলাই মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বাড়ি মুরাদনগরের পাচকিত্তা বাহারচরে ভুক্তভোগীর পরিবারসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের হীনমন্যতায় না ভোগার পরামর্শ দেন।

কায়কোবাদ বলেন, আপনারা আমার ভাই। হিন্দু মুসলিম ভেদাভেদ বুঝি না, আমি বুঝি আপনারা সবাই আমার ভাই। আমি আপনাদের আপনজন। আপনারা জানেন, এই ঘটনায় বিএনপির কোন সংযোগ নাই। আমি যেমন এ মুরাদনগরের সন্তান আপনারও এ মাটিরই সন্তান। এখানে আমার যেমন অধিকার আপনাদেরও তেমন অধিকার।  ধর্মের ভিত্তিতে কাউকে হেনেস্তা করার সুযোগ নেই। মুরাদনগর থানার ওসি, আওয়ামীলীগের কথিত সাংবাদিক ও যুবলীগ নেতাকে দিয়ে এই ঘটনায় বিএনপির নাম জড়িয়ে দেয়। অথচ আসামি ছিল আওয়ামিলীগের কর্মী। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ এবং এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এই মামলাটি তদন্ত চলমান, তাই আমি বেশি কিছু বলব না। সুষ্ঠু বিচার করতে হবেই হবে। আমি এখানে এসেছিলাম সকলের সাথে দেখা করতে, কথা বলতে। কিন্ত পুলিশ ও আমাদের মাননীয় শিশু উপদেষ্টা ষড়যন্ত্র করে তাদেরকে এখান থেকে দূরে নিয়ে যায়। আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি। তারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে মরিয়া হয়ে উঠেছে। যেদিন থেকে কুমিল্লা জেলা এসপি এখানে বদলি হয়ে এসেছে, সেদিন থেকেই পুলিশ দিয়ে বিএনপির বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। ৫ আগষ্ট ফ্যাসিষ্ট হাসিনা পতনের পর যে সকল আওয়ামী সন্ত্রাসীরা পালিয়েছিল আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর সে সকল আওয়ামী সন্ত্রাসীদের পূনর্বাসন করেছে। নিষিদ্ব দল আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন এনসিপির ব্যানারে সকল অপকর্ম করছে। আর তাদেরকে শেল্টার দিচ্ছে মুরাদনগরের ওসি ও কুমিল্লার এসপি। আপনাদের সাথে বিএনপির বিরোধ সৃষ্টি করার জন্য আওয়ামিলীগ এবং এনসিপি যে ষড়যন্ত্র করেছে তা সফল হয়নি, হবেও না ইনশাআল্লাহ।

এ মুরাদনগরে হিন্দু ধর্মাবলম্বীরা আমাকে সর্বোচ্চ ভোট দেয়। আমার বিরুদ্ধে যখন মামলা হল তখন আমার মামলা প্রত্যাহারের দাবিতে মুরাদনগরের হিন্দুরা মানববন্ধন করেছে। আমাদের সাথে হিন্দু ধর্মাবলম্বীদের সুসম্পর্ক নষ্ট করতেই আওয়ামী লীগ নেতাকে বিএনপি বলে অপপ্রচার করেছে একটি পক্ষ। ওরা চায় হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গ রাজ্য বানাতে। ওদের ষড়যন্ত্র শুধু বিএনপির বিরুদ্ধে নয় আমাদের প্রিয় মাতৃভূমির বিরুদ্ধে।

বিদায় বেলায় এই অঞ্চলের হিন্দুদের গত ২৬জুন ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ বলেন-  যারা এমন পাশবিক কাজে জড়িত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তবে কোন নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

ভারতের ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত-৩৬

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি ফার্মাসিউটিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬ জনে। আহত হয়েছেন অন্তত তিন ডজন শ্রমিক। রাজ্য সরকারের কর্মকর্তারা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাজ্যের রাজধানী হায়দরাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরের তুরকাপল্লী শিল্প এলাকায় সিগাচি ইন্ডাস্ট্রিজের কারখানায় সোমবার এই বিস্ফোরণ ঘটে। রাজ্য দমকল বিভাগের পরিচালক জি ভি নারায়ণা রাও জানান, ঘটনাস্থল থেকে ৩৪টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও দুজন হাসপাতালে দগ্ধ অবস্থায় মারা গেছেন।

রাও বলেন, পুরো কারখানার কাঠামো ধসে পড়েছে। আগুন নিভে গেছে, তবে ধ্বংসস্তূপ সরাতে আরও কয়েক ঘণ্টা লাগবে। কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।

রাও আরও জানান, সিগাচি ইন্ডাস্ট্রিজের এই কারখানায় স্প্রে ড্রায়ার ইউনিটে বিস্ফোরণ ঘটেছে। সেখানে ওষুধ তৈরির জন্য কাঁচামাল গুঁড়ো করা হয়।

তেলেঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজা নারসিমহা বলেন, বিস্ফোরণের সময় কারখানায় ১০৮ জন শ্রমিক ছিলেন। মরদেহগুলো এতটাই পুড়ে গেছে ও বিকৃত হয়েছে যে শনাক্ত করতে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে ডিএনএ পরীক্ষা করানো হচ্ছে।

ঘটনার কারণ তদন্তে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে বলে জানান মন্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের শব্দ দুই কিলোমিটার দূর থেকেও শোনা গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সিগাচি ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে কারখানার মূল উৎপাদন কাঠামো ভেঙে পড়েছে। পরবর্তী ৯০ দিন এই কারখানার কার্যক্রম বন্ধ থাকবে। প্রতিষ্ঠানটি মাইক্রোক্রিস্টালাইন সেলুলোজ নামক একটি রাসায়নিক যৌগ উৎপাদন করে, যা ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়।

বিশ্বের অন্যতম শীর্ষ ওষুধ উৎপাদনকারী দেশ ভারত। কম উৎপাদন খরচ ও প্রযুক্তিগত সক্ষমতার কারণে দেশটি বহুজাতিক ফার্মা কোম্পানিগুলোর কেন্দ্র হয়ে উঠেছে।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

মানিকগঞ্জে এসি রবিউল করিম কামরুলের ৯ম শাহাদত বার্ষিকী পালিত

মো: মহিদ:

শোকর‌্যালি,পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্যদিয়ে মানিকগঞ্জে পালিত হয়েপমছে পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি)  রবিউল করিম কামরুলের ৯ ম শাহাদত বার্ষিকী। আজ সকালে রবিউল করিম প্রতিষ্ঠত নজরুল বিদ্যাসিঁড়ি স্কুল প্রাঙ্গণ থেকে শোকর‌্যালি বের করা হয়। র‍্যালিটি শহীদ রবিউল ইসলাম কামরুলের কবরস্থানের সামনে এসে শেষ হয়। পরে সেখানে কামরুলের পরিবার ও তার প্রতিষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিদ্যালয় ব্লুমস এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর  আলোচনা সভার আয়োজন করা হয় ব্লুমস প্রঙ্গনে। আলোচনা সভায় ব্লুমসের সভাপতি জি আর শওকত আলীর সভাপতিত্বে ও ব্লুমসের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন শহীদ রবিউলের সহধর্মিনী উম্মে সালমা, মানিকগঞ্জে প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শহীদ রবিউলের ছোটভাই শামসুজ্জমান শামস, দৈনিক প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিন, সাভারে কর্মরত দৈনিক কালবেলা ও বেসরকারি এখন টিভির প্রতিনিধি হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া, স্থানীয় শরিফুল ইসলাম নীরু প্রমূখ।

 ২০১৬ সালের এই দিনে হলি রাজধানীর গুলশানে হোলি আর্টিজানে সন্ত্রাসীদের গুলিতে শহিদ হন মানিকগঞ্জের কাটিগ্রামের সন্তান রবিউল করিম কামরুল।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম 

স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে লক্ষ্য নিয়ে তরুণ, ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহিদ হয়েছেন, আহত হয়েছেন—সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতি বছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে।’

আজ মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার এক জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল, ‘ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া’।’

স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা প্রতি বছর এই সময়টা উদযাপন করব, যাতে পরবর্তীতে আবার এই অভ্যুত্থান করার জন্য ১৬ বছর আমাদের অপেক্ষা করতে না হয়। আমরা প্রতি বছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিক ভাবে আমরা তার বিনাশ করতে পারি।’

তিনি বলেন, ‘স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।’

ভাষণে জুলাই গণঅভ্যুত্থাণে অংশগ্রহণকারী প্রত্যেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সেই সব তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালকদের—যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন; সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন।’

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে সরকারপ্রধান বলেন, ‘আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই, এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।’

তিনি বলেন, ‘আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য—জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। আমাদের সামনের পথ অনেক কঠিন, কিন্তু মস্ত বড় সম্ভাবনাও আছে। ইতিহাস সাক্ষ্য দেয়, জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো শক্তিই তাদের রুখে দিতে পারে না। সেই বিশ্বাস নিয়েই আমি আপনাদের আহ্বান জানাই—আসুন, এই জুলাই মাসকে পরিণত করি গণজাগরণের মাসে; ঐক্যের মাসে।’

জুলাই-আগস্টের পুনরুত্থান কর্মসূচির সাফল্য কামনা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘এই কর্মসূচির মাধ্যমে আমাদের স্বপ্ন আবার নতুন করে জেগে উঠুক। আমাদের ঐক্য সর্বমুখী হোক, অটুট হোক আমাদের এই অনুষ্ঠানমালার লক্ষ্য।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার।

আলোকিত প্রতিদিন/এপি

জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করলো জাতীয় বিশ্ববিদ্যালয়

আলোকিত ডেস্ক:

জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন শেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে  ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তির’ চেক তুলে দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

১ জুলাই মঙ্গলবার  প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে শিক্ষার্থীদের মাঝে  এই চেক হস্তান্তর করেন তিনি। এই বৃত্তির অধীনে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন কলেজ ও ইনস্টিটিউটের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে এককালীন সহায়তা প্রদান করা হবে।

এ বছর ৭২৫টি প্রতিষ্ঠানের ২০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাবেন। দেশের প্রায় ২২৫০টি কলেজ এবং ৪০ লাখ শিক্ষার্থীর অভিভাবক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়।জুলাই অভ‍্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন।

প্রধান উপদেষ্টার হাত থেকে বৃত্তি গ্রহণকারী শিক্ষার্থীরা হলেন—  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজের শিক্ষার্থী হাবীবা আক্তার, তেজগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী এস এম আবু তালেব এবং ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী খন্দকার মাহমুদুল হাসান।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এক বছর আগে বাংলাদেশের তরুণরা দেশের ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। সেই ঐতিহাসিক অভ্যুত্থানের ফলশ্রুতিতে আমরা সমগ্র জাতি, অধিকারবঞ্চিত প্রজা থেকে নতুন করে অধিকারভোগী নাগরিকে পরিণত হতে পেরেছি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রকে এক ব্যক্তিকেন্দ্রিক, জনবিচ্ছিন্ন এবং দমনমূলক প্রতিষ্ঠান থেকে পরিবর্তন করে জনগণের মঙ্গলের জন্য তাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত এক সংবেদনশীল ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের গুরু দায়িত্ব বর্তমান সরকারের কাঁধে এসে পড়েছে। ‘আমাদের এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করতে হবে, যাতে ভবিষ্যতে স্বৈরাচার আর কখনও এ দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তাই জুলাই গণঅভ্যুত্থান পালনের এইদিনে আমরা সেই জাতীয় প্রত্যাশাকে সম্মানের সঙ্গে স্মরণকরি’, যোগ করেন তিনি।

প্রায় ১৫ বছরের শাসনামলে, বিশেষ করে শেষ এক দশকে, যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা অবৈধভাবে জনগণের উপর শাসন চালিয়ে মতপ্রকাশের স্বাধীনতাসহ সব নাগরিক অধিকার হরণ করেছে জানিয়ে তিনি বলেন, ‘তারা গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নিপীড়নের সংস্কৃতি চালু করেছে, এবং বিনা বিচারে নাগরিকদের বন্দি করে রেখেছে। তারা সংসদ, বিচারব্যবস্থা, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।’

তিনি বলেন, ‘একের পর এক নির্বাচনের নামে প্রহসন অনুষ্ঠান করেছে। এমনকি শেষ পর্যায়ে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে রাষ্ট্রীয় ও দলীয় বাহিনী ব্যবহার করে তারা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। পতিত সরকারের সেই সদস্যদের এবং তাদের সহযোগীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কঠিন  কাজ আমরা শুরু করতে পেরেছি।’

তিনি বলেন, ‘আর সেই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে শিক্ষার এক বিশাল ভূমিকা রয়েছে। সমাজে বৈষম্য নিরসন এবং সমতা আনতে শিক্ষার কোনও বিকল্প নেই। সীমিত সময়ের  মধ্যেও এই সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। যেখানে সকল স্তরের মানুষ— শিশু থেকে শুরু করে প্রান্তিক জনগোষ্ঠী পর্যন্ত— জ্ঞান, ন্যায় এবং নৈতিকতার চর্চায় অংশ নিতে পারে।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান আমাদের শুধু একটি নতুন দেশ দিয়েছে তা নয়, নতুন স্বপ্নও দেখিয়েছে। আমাদের তরুণেরা যেন কেবল এই দেশকেই নয় বরং নেতৃত্ব দিতে পারে বিশ্বমঞ্চেও— সেই প্রস্তুতি গড়ে তুলবে শিক্ষা।’

চেক প্রদান অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. লুৎফর রহমান এবং ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম।

আলোকিত প্রতিদিন/০১ জুলাই ২০২৫/মওম