আজ , ।   
Home Blog Page 359

সিরাজগঞ্জে প্রান্তিক পোল্ট্রি খামারিদের নিয়ে উঠান বৈঠকে উপদেষ্টা ফরিদা আখতার

ওয়াসিম সেখ: 
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সরকার পোল্ট্রি খাতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক খামারিদের ক্ষমতায়ন ও প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। হাঁস-মুরগি পালনের আধুনিক প্রযুক্তি ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে উঠান বৈঠক কার্যকর ভূমিকা রাখবে।
রোববার (৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক খামারিদের নিয়ে অনুষ্ঠিত এই উঠান বৈঠক অনু‌ষ্ঠিত হয়।
উক্ত বৈঠকটি ইউটিসি উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত হয়। এতে গ্রামের নারী-পুরুষ খামারিরা হাঁস-মুরগি পালন সংক্রান্ত নানা সমস্যা ও অভিজ্ঞতা তুলে ধরেন। উপদেষ্টা মনোযোগ সহকারে সেসব শুনেন এবং পরামর্শ দেন।
উপদেষ্টা আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল করতে ক্ষুদ্র খামারিদের প্রযুক্তিগত সহায়তা ও ঋণ সুবিধা সহজলভ্য করার লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। নারী খামারিদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উঠান বৈঠকে খামারিরা ভ্যাকসিন, খাওয়ানোর নিয়ম, বাজারজাতকরণ এবং হাঁস-মুরগির রোগব্যাধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। শেষে উপদেষ্টা খামারিদের ধৈর্য ও পরিশ্রমের প্রশংসা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম

টাঙ্গাইলে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত 

সাইফুল ইসলাম সবুজ :
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইলে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. জহিরুল ইসলাম রাসেল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার(০৭ জুলাই) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার দেউলাবাড়ি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নোয়াখালীর সেনবাগ উপজেলার মুক্তারবাড়ি চাঁদপুর গ্রামের জসিম উল্যার ছেলে।
পুলিশ জানায়, গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদ পরিদর্শন শেষে ধনবাড়ি হয়ে ফেরার সময় দেউলাবাড়ি এলাকায় পৌছালে লিংক রোড থেকে আসা একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালক রাসেল রাস্তায় পড়ে যায়। এসময় অপরদিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/ ৬ জুলাই ২০২৫/ আর এম

আসুন, বিভেদ নয়, দলকে প্রাধান্য দিয়ে আদর্শিক রাজনীতিতে বলীয়ান হই”: জামাল হোসেন

প্রতিনিধি,সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভোয়ালিয়াপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৪ জুলাই) বিকেল ৪টায় সাতকানিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া পৌরসভা বিএনপি’র সাবেক সিনিয়র সদস্য ও ৮ নম্বর ওয়ার্ডের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। যৌথভাবে সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সাবেক সদস্য ইফতেখার মোস্তফা সম্রাট এবং সাতকানিয়া পৌরসভা যুবদলের আহ্বায়ক এস. এম. জাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সফল আহ্বায়ক জামাল হোসেন।
প্রধান অতিথি বলেন,
“ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি কিংবা গ্রুপ-উপগ্রুপের রাজনীতি বাদ দিয়ে আসুন শহীদ জিয়ার আদর্শে বলীয়ান হয়ে দলের রাজনীতি করি। দলের মধ্যে বিভেদ ও বিভাজনের রাজনীতি পরিহার করি। ব্যক্তি নয়, দলকে প্রাধান্য দিয়ে দলীয় সিদ্ধান্তকে সম্মান ও শ্রদ্ধা জানিয়ে সাংগঠনিক শৃঙ্খলা মেনে এক ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও সুসংগঠিত করি। আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় তরান্বিত করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এহেসান মোল্লা,
সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গোলাম রসুল মোস্তাক,
সাতকানিয়া পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এইচ. এম. রফিক,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার,
পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাঈনুদ্দীন মোহাম্মদ জাহেদ,
সৈয়দ বাহাউদ্দীন বুলু,
গোলাম মোস্তাফা বাবুল,
জয়নাল আবেদীন, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ নাসের, মাসুকুর রহমান, মিন্টু, মোস্তাফিজ, লিটন সওদাগর, সৈয়দ হোসেন, জামাল, মোহাম্মদ নজরুল,
দক্ষিণ জেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল,
সাতকানিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রবিউল হোসেন পারভেজ, মাহমুদুল হক বাদশা,
পৌরসভা স্বেচ্ছাসেবকদল নেতা আবু সাঈদ রাসেল,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কবির,
আনিসুর রহমান আনাস, মোহাম্মদ তোহা, মোহাম্মদ আসিফ, মিশকাত, তাজরান, আজিমুর রহমান আজিম, ইমতিয়াজ, আতিক প্রমুখ।
আলোকিত প্রতিদিন/০৬ জুলাই ২০২৫/মওম 

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী এলাকা পরিদর্শন 

সাইফুল ইসলাম সবুজ, টাঙ্গাইল: টাঙ্গাইল সদর-৫ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নির্বাচনী এলাকা পরিদর্শন করেন।  (৬ জুলাই) রবিবার দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়ন ও বাঘিল ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে জনসাধারণের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, টাঙ্গাইল সদর থানা বিএনপির সভাপতি আজগর আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট আজিমুদ্দিন বিপ্লব,  জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, সাবেক ছাত্রদল নেতা নুরুল ইসলাম, সদর থানা বিএনপি’র সহ-সভাপতি কামরুল ইসলাম, ওমর, স্বেচ্ছাসেবক দল নেতা মনিরুজ্জামান জুয়েল, সদর থানা যুবদলের আহ্বায়ক কবিরুজ্জামান, শহর বিএনপির সদস্য সচিব মীর সজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

খাদ্যের অভাবে কঙ্কালসার হয়ে গেছে গাজার শিশুরা!

আলোকিত ডেস্ক, ফিলিস্তিনি ভূখণ্ডে সকল প্রকার আন্তর্জাতিক সহায়তা বন্ধ করে রেখেছে ইসরায়েল। ফলে গাজায় ফুরিয়ে গেছে শিশুখাদ্য। দখলদার বাহিনী বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষুধাকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তারা। পরিস্থিতি এতোটাই খারাপ যে, সেখানকার শিশুদের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে।

খাদ্যের মারাত্মক ঘাটতির কারণে শত শত শিশু মৃত্যুঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন গাজার চিকিৎসকরা।

 

তিনি আরও বলেন, ‘কী ভয়াবহ পরিস্থিতি তা বর্ণনা করার ভাষা আমার নেই। এই মুহূর্তে আমাদের হাতে প্রায় এক সপ্তাহের মতো ফর্মুলা (শিশুখাদ্য) আছে। কিন্তু হাসপাতালে ভর্তি শিশুদের বাইরেও অনেক শিশু আছে, যাদের জন্য কোনো দুধই নেই। ভয়াবহ ব্যাপার চলছে এখানে।’

পাঁচ সন্তানের জননী ২৭ বছর বয়সী হানাআ আল-তাওয়িল বর্তমানে নুসেইরাত শরণার্থী শিবিরে বাস করছেন। এই নারী জানান, তিনি নিজেই পর্যাপ্ত খাবার পান না। তাই নিজের সন্তানের জন্য বুকের দুধও তৈরি হচ্ছে না। ১৩ মাস বয়সী সন্তানের জন্য শিশুখাদ্য খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন এই মা।

এতো দিন বিশেষজ্ঞরা বারবার যে দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছিলেন, আজ তা বাস্তবে রূপ নিয়েছে।

গাজার ত্রাণ বিতরণ কার্যক্রম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে খাবারকে মানুষ মারার কৌশল হিসেবে বাস্তবায়নের চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী।

শিশুদের অবস্থার ভয়বহতা বর্ণনা করতে গিয়ে এক ডাক্তার বলেন, ‘ওরা শুধু চামড়া ও হাড্ডিসার হয়ে গেছে।’

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৬ ফিলিস্তিনি শিশু অনাহারে মারা গেছে।

আলোকিত প্রতিদিন/এপি

সরাইল শাহবাজপুরে  ৯ বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলেছে দুর্বৃত্তরা 

শওকত আলী ক্রাইম রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল এ প্রবাসীর ৯ বছরের মেয়েকে হত্যা করে লাশ ফেলে যায় মসজিদের দোতলায়।
আজ রোববার (৬জুলাই) সকালে  উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলীপাড়া মসজিদের দোতলা থেকে শিশুটির লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ।
নি’হত শিশুর নাম ময়না আক্তার (৯)। সে শাহবাজপুর চন্দু মিয়া পাড়ার প্রবাসী মোঃ রাজ্জাক মিয়ার মেয়ে।
পরিবারের লোকজন জানান, ময়না গতকাল শনিবার নিখোঁজ হয়। আজ সকালে ফজর নামাজের পর শিশুরা মসজিদে মক্তব পড়তে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায় ময়নার লাশ দেখতে পায়।
এদিকে ধারণা করা হচ্ছে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, তবে বিষয়টি পরিস্কার নয়। লাশ উদ্ধারের পর সরাইল থানাপুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ও পিবিআই পুলিশের একটি টিম ঘটনাস্থলে আসে।
এবিষয়ে সরাইল সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব তপন সরকার বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছি। সরাইল থানাপুলিশ ও পিবিআই পুলিশের একটি টিম একযোগে তদন্ত করছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য এই মসজিদের ইমাম ও মুয়াজ্জিন-কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে ।
আলোকিত প্রতিদিন/এপি

‘ছাত্রী মোটা না চিকন’ ইমোতে দেখতে চাওয়া সেই ইবি শিক্ষক বরখাস্ত!

বিশেষ প্রতিনিধি, ইমোতে ছাত্রীকে ‘মোটা না চিকন’ এমন আপত্তিকর মন্তব্য করে দেখার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। শুধু তা-ই নয়, হোয়াটসঅ্যাপ-ম্যাসেঞ্জারে ছাত্রীদের উদ্দেশে চলতো কুরুচিপূর্ণ বার্তা ও ভিডিও কলের মাধ্যমে অশালীন কথাবার্তা। এসব অভিযোগের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে আজিজুল ইসলামের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ছাত্রীদের যৌন হয়রানি, ক্লাসে পোশাক ও শরীর নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনৈতিক বার্তা পাঠানো এবং ভিডিও কলে আপত্তিকর আলাপচারিতার মতো একাধিক অভিযোগ উত্থাপিত হয়েছে আজিজুল ইসলামের বিরুদ্ধে। এসব অভিযোগে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে, পাশাপাশি সংবাদ মাধ্যমেও তা প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে। ফলে প্রশাসন তাকে ৫ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

এ বিষয়ে বিভাগের সভাপতি বরাবর গত ২২ জুন লিখিত অভিযোগ দেন কয়েকজন ছাত্রী। এরপর ২৮ জুন তাকে বিভাগের সব ধরনের একাডেমিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা এতে অসন্তুষ্ট থেকে তার স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামে এবং ২ জুলাই উপাচার্যের কাছে নতুন করে অভিযোগ জমা দেয়।

ঘটনার তদন্তে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চার সদস্যের কমিটি গঠন করেছেন। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগের অধ্যাপক ড. নাজিমুদ্দিনকে। অন্যান্য সদস্যরা হলেন—লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. ফকরুল ইসলাম, বাংলা বিভাগের অধ্যাপক ড. খোন্দকার আরিফা আক্তার এবং আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। কমিটিকে আগামী ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, “আমরা চিঠি পেয়েছি। তদন্ত একটি আইনগত প্রক্রিয়া, যথাযথভাবে তথ্য-প্রমাণ সংগ্রহ করে নির্ধারিত সময়েই রিপোর্ট জমা দেওয়া হবে।

আলোকিত প্রতিদিন/এপি

আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে : তানজিন তিশা

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে মার্কিন মুলুকে বাস করছেন অভিনেতা জায়েদ খান। সেখানে বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত পারফর্ম করছেন তিনি। ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এর মধ্যেই নতুন এক ভূমিকায় দেখা মিলবে এই নায়কের। নিউইয়র্ক থেকে প্রকাশিত গণমাধ্যম ঠিকানা-টিভিতে টক শো নিয়ে হাজির হচ্ছেন জায়েদ।  এর শিরোনাম ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’।

এই অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে জায়েদ খান নিয়মিত থাকছেন। প্রতি শুক্রবার রাতে দর্শকদের সামনে নতুন নতুন অতিথি নিয়ে হাজির হবেন তিনি। যার শুরুটা করেছেন অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে।

জায়েদের সেই অনুষ্ঠানে হাজির হয়ে ব্যক্তিজীবনের বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তিশা। যেখানে উঠে এসেছে অভিনেত্রীর ক্যারিয়ার পরিকল্পনা, তাকে নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবের উত্তরও।

জায়েদের এই টকশোতে তিশার কাছে জানতে চাওয়া হয়, ‘পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও?’— তিশা অকপটে জবাব দেন, ‘আই উইল বি আ মাদার।  আমি বিয়ে করবো। মা হবো।’
তিশা বলেন, ‘দেখুন এভাবে হয় তো কেউ বলবে না, যেভাবে আমি বলেছি। কারণ, মানুষের প্রফেশনাল লাইফের সঙ্গে পারসোনাল লাইফটাও গুরুত্বপূর্ণ। সেটিকে এড়িয়ে চলার সুযোগ নেই। লুকানোরও কিছু নেই।’

অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়, তোমাকে নিয়ে ছড়িয়ে পড়া একটি গুজব সম্পর্কে বলো— জবাবে তিশা বলেন, ‘অনেক গুজব শুনেছি। তবে এর মধ্যে একটা হচ্ছে- আমার নাকি দুইটা বিয়ে হয়েছে, তিন নম্বর বিয়ের অনুসন্ধান চলছে! আর, আমার একটা বেবি আছে, যাকে তার দাদির কাছে লুকায় রাখছি।’

তানজিন তিশা বলেন, ‘এসব গুজব শুনে আমি আমার পরিবার, সকলে মিলে অনেক হাসছি। কারণ ওই বেবিটা আমার বোনের।

আলোকিত প্রতিদিন/০৫ জুলাই ২০২৫/মওম 

 এসআই সেজে থানায়, স্যার’ ডাকেই ধরা পড়লেন ভুয়া নারী এসআই

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
ঘটনাটি ঘটে গত ৩ জুলাই (বৃহস্পতিবার) রাত ১০টার দিকে। জানা যায়, পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে জয়দেবপুর থানায় আসেন তানিয়া (২৭)। অভিযোগের আড়ালে তিনি পুলিশের ইউনিফর্ম পরে নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) পরিচয় দেন এবং একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করায় কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।
সন্দেহ হলে এক নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হয়। পরে জানা যায়, তিনি কোনোভাবেই পুলিশের সদস্য নন। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং আবু তালেবের মেয়ে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের ব্যবহারিত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় ও সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেইসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তার একটি সংসার রয়েছে এবং তিনি এক পুত্রসন্তানের জননী।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, “তানিয়া নামে এক ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছে, বা কোনো অপরাধে জড়িত ছিল কি না—তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।” এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
আলোকিত প্রতিদিন/এপি

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় অন্তত ৬১৩ জন নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের মানবাধিকার দফতর জানিয়েছে, ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্র এবং অন্যান্য সংস্থা পরিচালিত মানবিক সহায়তা বহরের আশপাশে অন্তত ৬১৩ জন নিহত হয়েছেন। ৪ জুলাই শুক্রবার জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, আমরা ৬১৩টি হত্যার ঘটনা নথিভুক্ত করেছি। এটি ২৭ জুন পর্যন্ত হিসাব। এরপর আরও কিছু ঘটনা ঘটেছে।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাতিসংঘ-নেতৃত্বাধীন ব্যবস্থাকে এড়িয়ে জিএইচএফ যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা এবং লজিস্টিক কোম্পানির সহায়তায় গাজায় ত্রাণ সরবরাহ করছে।

ইসরায়েলের দাবি, জাতিসংঘ-নেতৃত্বাধীন ব্যবস্থায় হামাস জঙ্গিরা ত্রাণ ছিনিয়ে নিচ্ছে। তবে জাতিসংঘ এই জিএইচএফ পদ্ধতিকে বিপজ্জনক এবং মানবিক নিরপেক্ষতার নীতিমালার লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

রাভিনা শামদাসানি আরও বলেন, জিএইচএফ ত্রাণ বিতরণ কেন্দ্র এবং মানবিক সহায়তা বহরের আশপাশে হামলা চালাচ্ছে ইসরায়েল। এসব মানবিক সংস্থার মধ্যে জাতিসংঘও রয়েছে। িজিএইচএফ মে মাসের শেষ দিকে গাজায় খাদ্য প্যাকেট বিতরণ শুরু করে। সংস্থাটি একাধিকবার দাবি করেছে যে তাদের বিতরণ কেন্দ্রে কোনও হামলার ঘটনা ঘটেনি।

তবে জাতিসংঘের মানবাধিকার দফতর (ওএইচসিএইচআর) জানিয়েছে, ৬১৩ জন নিহতের মধ্যে ৫০৯ জন নিহত হয়েছেন জিএইচএফ বিতরণকেন্দ্রগুলোর আশেপাশে।

ওএইচসিএইচআর বলেছে, তাদের এই হিসাব বিভিন্ন উৎস থেকে সংগৃহীত। যেমন: হাসপাতাল, কবরস্থান, পরিবার, ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ, এনজিও এবং স্থলভিত্তিক অংশীদারদের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে এ হিসাব করেছে তারা।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা নতুন নতুন প্রতিবেদন যাচাই করছে এবং এখনও নির্দিষ্টভাবে জানাতে পারছে না যে ঠিক কোথায় কতজন নিহত হয়েছেন।

জিএইচএফ আগেই রয়টার্সকে জানিয়েছিল, তারা পাঁচ সপ্তাহে ৫ কোটির বেশি খাবার সরবরাহ করেছে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মাঝে। সংস্থাটির অভিযোগ, অন্যান্য ত্রাণ সংস্থাগুলোর প্রায় সব ত্রাণ লুটপাট হয়ে গেছে। ইসরায়েল ১৯ মে গাজার উপর প্রায় ১১ সপ্তাহের ত্রাণ অবরোধ তুলে নেয়।

তবে জাতিসংঘের মানবিক সমন্বয় দফতর রয়টার্সকে জানিয়েছে, কিছু সহিংস লুটপাট এবং ট্রাক চালকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

মানবিক বিষয়ক সমন্বয় দফতরের মুখপাত্র এরি কানেকো এক বিবৃতিতে রয়টার্সকে বলেন, একটি দখলদার শক্তি হিসেবে, ইসরায়েলের দায়িত্ব গাজার জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করা। এর মধ্যে পড়ে -একাধিক ক্রসিং ও রুট ব্যবহার করে আরও বেশি জরুরি ত্রাণ প্রবেশ করতে দেওয়া- যাতে মানবিক চাহিদা পূরণ করা যায়।

এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনীর ত্রাণ সমন্বয় সংস্থা। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সোমবার স্বীকার করেছে যে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুই বছরব্যাপী ইসরায়েলের সামরিক অভিযানে গাজার অধিকাংশ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ২০ লাখেরও বেশি বাসিন্দা গৃহহীন হয়েছে। ফলে খাদ্য এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মারাত্মক সংকট দেখা দিয়েছে।

আলোকিত প্রতিদিন/০৫ জুলাই ২০২৫/মওম