আজ , ।   
Home Blog Page 358

অবরুদ্ধ গাজায় গণহত্যা নিয়ে বিশ্ব নির্বিকার থাকতে পারে না : প্রেসিডেন্ট লুলা

আন্তর্জাতিক ডেস্ক:

 

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ড চলমান গণহত্যার প্রতি বিশ্ব উদাসীন থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

তিনি বলেছেন, গাজায় ইসরায়েলের চালানো গণহত্যার বিরুদ্ধে বিশ্বকে অবশ্যই প্রতিক্রিয়া দেখাতে হবে, নির্বিকার থাকা চলবে না। ৬ জুলাই রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। স্থানীয় সময় রবিবার রাজধানী রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রেসিডেন্ট লুলা দা সিলভা বলেন, “ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করছে এবং ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে, আমরা এ ব্যাপারে উদাসীন থাকতে পারি না।”

প্রেসিডেন্ট লুলার এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন কাতারে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা পুনরায় শুরু হয়েছে।

হামাস সম্প্রতি জানিয়েছে, তারা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি সংক্রান্ত এক প্রস্তাবের ব্যাপারে মধ্যস্থতাকারীদের কাছে “ইতিবাচক” জবাব দিয়েছে।

উল্লেখ্য, ব্রাজিল শুরু থেকেই গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়ে আসছে এবং যুদ্ধবিরতির পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। প্রেসিডেন্ট লুলা এর আগেও গাজায় ইসরায়েলের আচরণকে “গণহত্যার মতো অপরাধ” বলে উল্লেখ করেছিলেন।

যদিও আন্তর্জাতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, তবুও ইসরায়েল গাজায় গণহত্যার ধারা অব্যাহত রেখেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় এ পর্যন্ত ৫৭ হাজার ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গত নভেম্বরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও চলছে আন্তর্জাতিক বিচার আদালতে।

আলোকিত প্রতিদিন/০৭ জুলাই ২০২৫/মওম 

এসএসসি পরীক্ষার ফল ১০ জুলাই !

আলোকিত ডেস্ক, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানান তিনি।

গত ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছে।

চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন।
 
আলোকিত প্রতিদিন/এপি

ফার্মগেটে বাস থেকে ককটেল নিক্ষেপ, কলেজ শিক্ষার্থীসহ আহ*ত ৩!

বিশেষ প্রতিনিধি, রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। এর মধ্যে একজন তেজগাঁও কলেজের শিক্ষার্থী আছে, বাকি দুজন হলেন হোটেল কর্মী ও ফুচকা বিক্রেতা।

 প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, রাত সাড়ে দশটার দিকে গাবতলী থেকে সায়েদাবাদ গামী আট নম্বর বাসটি ফার্মগেট বাস স্ট্যান্ডে আসলে বাসের ভিতর থেকে ককটেল দুটি ছুড়ে মারা হয়। এর মধ্যে একটি ককটেল কলেজের ওই শিক্ষার্থীর পায়ে এসে বিস্ফোরিত হয়।

গুরুতর আহত কলেজ শিক্ষার্থীকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে স্থানীয় আল রাজি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তেজগাঁও থানার ওসি সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানাল, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে।

আলোকিত প্রতিদিন/এপি

৫ মাসে নিখোঁজ ৫০০ বিবাহিত নারী , নেপথ্যে ফেসবুক-টিকটক!

আলোকিত ডেস্ক, ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত মহকুমা যেন ধীরে ধীরে রহস্যময় এক সামাজিক ধাঁধায় পরিণত হচ্ছে। গত পাঁচ মাসে এক অভাবনীয় ঘটনাক্রমে প্রায় ৫০০ বিবাহিত নারী নিখোঁজ হয়েছেন বলে পুলিশ সূত্র জানিয়েছেন । সাম্প্রতিক সময়ে এই ঘটনা দেশটির সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গৃহবধূরাও কি আজকাল সংসার ছাড়ছেন স্বেচ্ছায়?’—এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বারাসাতবাসীর মুখে মুখে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত, নিখোঁজ হয়েছেন মোট ৫৩৬ জন তরুণী, যার মধ্যে প্রায় ৯০ শতাংশই বিবাহিত। দীর্ঘদিন ধরে গৃহবধূদের নিখোঁজ হওয়ার ঘটনা সামনে এলেও, সম্প্রতি একাধিক স্থানীয় ফেসবুক পেইজে এই নিয়ে পোস্ট ঘুরতে শুরু করে। সেইসব পোস্টে বলা হয়েছে, সমাজের তথাকথিত ‘স্থিতিশীল’ পরিবার থেকেও নারীরা সংসার ফেলে অন্য জীবন বেছে নিচ্ছেন।যানা গেছে, কারও প্রেম পরিণত হয়েছে বাড়ি ফেলে পালানোয়, কেউ আবার মোবাইল ফোনে গড়ে ওঠা পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছেন।

কেউ পালিয়েছেন বাইক থাকা যুবকের হাত ধরে, আবার কেউ স্বামীরই ব্যবসায়ী বন্ধুর সঙ্গে। পুলিশের দাবি, অধিকাংশ ক্ষেত্রেই সাইবার প্ল্যাটফর্মে আলাপ হওয়া পুরুষদের সঙ্গেই পালিয়ে যাচ্ছেন নারীরা। অনেক ক্ষেত্রে সন্তান রেখেই ঘর ছেড়ে চলে গেছেন তারা। সন্তান ও পরিবারের প্রতি কোনও দায়বদ্ধতা না থাকায়, তা সমাজে বড় ধরনের প্রভাব ফেলছে বলে মত সমাজতাত্ত্বিকদের।
এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে প্রশ্ন উঠেছে—এটা কি টাকার মোহ, না কি দীর্ঘদিনের দাম্পত্য বিষণ্ণতার ফল? মোবাইল আর সোশ্যাল মিডিয়া কি নিঃসঙ্গ গৃহবধূদের জন্য হয়ে উঠেছে নতুন পালাবার পথ? বারাসাতের এই রহস্যজনক ‘গৃহবধূ নিখোঁজ’ ট্রেন্ড ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। বিশেষ করে দেগঙ্গার এক জনপ্রিয় পেজে বিষয়টি শেয়ার হওয়ার পর থেকে তা ঘুরে বেড়াচ্ছে নানান ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপ চ্যাটে।

পুলিশ ও সমাজবিদরা একমত—এটা শুধু নিখোঁজ হওয়ার ঘটনা নয়, এটা এক বড় সামাজিক সংকেত, যা নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে।

সূত্র : আজকাল

আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে লেপ-তোশক তৈরির তুলার গোডাউনে আগু*ন

কামাল হোসেন, গাজীপুর সদর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলার মনিপুর শ্যামলী মোড় এলাকায় একটি লেপ-তোশক তৈরির তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার (৬ জুলাই) সকাল ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও আশপাশের দোকানিরা আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে চেষ্টা চালান।
খবর পেয়ে রাজেন্দ্রপুর মর্ডান ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত গোডাউনের মালিক কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা আব্দুল মজিদ। তিনি জানান ২০০৬ সাল থেকে মনিপুর এলাকায় লেপ-তোশক তৈরির কারখানা চালিয়ে আসছিলেন। আগুনে তার গোডাউনের সব তুলা ও তৈরির সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ফলে তার ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক রাকিবুল হাসান বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । তবে বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জের আরিচা ঘাটে ১৮০০ পিস ইয়াবাসহ আটক ১

আঞ্চলিক প্রতিনিধি: 
মানিকগঞ্জের আরিচাঘাটে ১৮শ’ পিস ইয়াবা বহনকালে বিপ্লব ত্রিপুরা (২৭) নামে এক ব্যাক্তি গ্রেফতার শিবালয় থানা পুলিশ। শনিবার গভির রাতে তাকে আটক করে রবিবার (৬ জুলাই) দুপুরে কোর্টে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। আটক বিপ্লব ত্রিপুরা ওরফে হোসেন আব্দুল্লাহ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা গ্রামের বিমল ত্রিপুরার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কে শিবালয় থানার গেইটের সামনে চেকপোস্টে যানবাহন তল্লাসী চালানো হয়। এ সময় একটি সিএনজি থামার সংকেত দিলে সিএনজিতে থাকা দৌড়ে একযাত্রী পালানোর চেষ্টা করে। তাকে ধরে জিজ্ঞাসাবাদে জিন্সের প্যান্টের গোপন পকেটে থাকা ওই পরিমান নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃত আসামী টেননাফ থেকে অবৈধ ইয়াবা বিক্রির জন্য পাবনার সুজানগর উপজেলার সৌক্ষেতুপাড়া গ্রামের নার্গিস আক্তারের উদ্দেশ্যে যাচ্ছিল বলে পুলিশকে জানায়।
বিষয়টি নিশ্চিত করে এসআই সুমন চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে টহল পুলিশের একটি দল যানবাহন তল্লাশি কালে সিএনজি আরোহী বিপ্লবকে নিষিদ্ধ মাদকসহ আটক করা হয়। তাকে ২০১৮ সালের মাদকদ্রব্য আইন ৩৬(১), ১০(ক)/৪১ ধারায় মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম

পবিত্র আশুরা উপলক্ষে মানিকগঞ্জের গড়পাড়ায় ইমামবাড়ী থেকে ১০১তম শোক মিছিল

মো: মহিদ: 
১০ই মহররম। পবিত্র আশুরা। বিশ্ব জুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবে ধর্মপ্রাণ মুসলমানরা পালন করে থাকেন। মহান আল্লাহ্ রহমত ও ক্ষমা পাওয়ার আশায় এদিন ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দান-খয়রাত ও জিকির-আজকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মানিকগঞ্জের ঐতিহ্যবাহী গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফ থেকে শোক মিছিল অনুষ্ঠিত হবে। রোববার বিকেল ৩টায় ১০ই মহরম উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের আলিনগর গ্রাম থেকে ১০১তম শোক মিছিল শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। শোকাবহ এই মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গড়পাড়া ইমামবাড়ির ভক্ত ও আশেকানরা ইতোমধ্যেই বিভিন্ন অঞ্চল থেকে দরবারে এসে জমায়েত হতে শুরু করেছেন। রাজবাড়ী, গোয়ালন্দ, ফরিদপুর, টাঙ্গাইল, গাজীপুর, পাবনাসহ আরো বেশ কিছু জেলা এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ হাজার ভক্তবৃন্দের উপস্থিতির আশা করছেন দরবার কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ শোক মিছিল মানিকগঞ্জে আশুরা পালনের এক অনন্য নিদর্শন। তাজিয়া, আলম ও নিশানসহ নানা অনুষঙ্গ নিয়ে শোক মিছিলে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ। ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারবর্গের কারবালায় শাহাদাত স্মরণে প্রতিবছর মহররম মাসজুড়ে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফে ধর্মীয় অনুষ্ঠান, মজলিশ ও জিকির-আজকারের আয়োজন হয়ে থাকে। আজকের শোক মিছিলে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোক, শিক্ষা ও আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র আশুরার এই আয়োজন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করছে বলে মনে করেন স্থানীয়রা। ইমামবাড়ি কর্তৃপক্ষ জানায়, এবারের শোক মিছিল হবে আরও জাঁকজমকপূর্ণ ও হৃদয়ছোঁয়া। ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে তা হবে এক অপার আবেগময় মিলনমেলা। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে স্থানীয় স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে, পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও থাকবে পর্যাপ্ত নিরাপত্তা। উল্লেখ্য, ঐতিহ্যবাহী গড়পাড়া ইমাম বাড়ী দরবার শরীফ ১৯২১ সালে প্রতিষ্ঠা করেন হযরত শাহ্ খলিলুর রহমান। খলিলুর রহমানের মৃত্যুর পর তার পরবর্তী বংশধররাই এখন এই দরবারে পরিচালনা করে আসছেন।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম

ফুলবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষক পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাসান ফখরুল :
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার কে আই কামিল মাদ্রাসা হল রুমে উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আঃ হক সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবাব মাওঃ মোঃ ইউনুস আলী।
উক্ত সভায় বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন, ধুরধুরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল জিয়াউল হক, ফুরকানাবাদ মাদ্রাসার শফিকুল ইসলাম, ছনকান্দা মাদ্রাসার সুপার সানাউল্লাহ, চান্দের বাজার মাদ্রাসার সহ সুপার রহমতুল্লাহ প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলা শাখার সহসভাপতি (১) মাওলানা নুরুল ইসলাম বলেন, আমরা গত ষোল থেকে সতেরো বছর কোরান হাদিস নিয়ে তেমন কোন তৎপরতা চালাতে পারিনি, এখন যেহেতু আবার সুদিন এসেছে তাই আমরা সম্মিলিতভাবে বসে আগামী দিনে কিভাবে মাদ্রাসার উন্নতি করা যায়, ছাত্র-ছাত্রীদের কিভাবে পাঠদান করলে মান উন্নয়ন হবে সেই লক্ষে আমরা এগিয়ে যেতে চাই। তিনি সকলের প্রতি আহ্বান করেন আগামী দিনে যেন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই সংগঠনকে বহুদূর এগিয়ে নিতে পারি।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম

চট্টগ্রামের রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা!

আলোকিত ডেস্ক, চট্টগ্রামের রাউজান উপজেলায় গুলিবিদ্ধ হয়ে সেলিম (৪০) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। আজ রবিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ই্উনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমসের পাড়া এলাকার আমির হোসেনের ছেলে।

এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একে একে ছুটে আসেন স্বজনরা। স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে তখন।

স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটতে পারে। সেলিম যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে স্থানীয়রা জানান।

নিহতের স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, ‘আমাদের এক আত্মীয় মারা গেছেন। আমার স্বামীর সঙ্গে সেখানে আমি আর আমার এক মেয়েসহ গিয়েছিলাম। সকালে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে চলে আসার সময় ওষুধ কেনার জন্য ঈষাণ ভট্টের হাট বাজারে যাই। এমন সময় একটি সিএনজিচালিত অটোরিকশা করে দুই জন বোরকা পরাসহ কয়েকজন দুর্বৃত্ত ছিল। এসেই আমার স্বামীর মাথায় গুলি করে পালিয়ে যায়। আমি আর আমার মেয়ে মোটরসাইকেলের পেছনে ছিলাম। আমরাও মোটরসাইকেলসহ নিচে পড়ে যাই। হামলাকারীদের মধ্যে একজন ইলিয়াস নামের লোক আছে। বাকিদের দেখলে আমি চিনতে পারবো।’

 রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, ‘রাউজান কদলপুর ইউনিয়নের ঈষাণ ভট্টের হাট এলাকায় সেলিম নামে এক ব্যক্তি দুর্বৃত্তের গুলিতে আহত হন। পরে তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

আলোকিত প্রতিদিন/এপি

ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন 

আবু সাঈদ (সৌরভ):
অবৈধভাবে ফসলি জমির মাটি ও নদী তীরবর্তী ফসলি জমির বালু কেটে নেওয়ার প্রতিবাদে চর আবদুল্লায় বালু ইজারাদার মনির হোসেন ও প্রশাসনের নিরবতার বিরুদ্ধে মানববন্ধন করেছে ৬ টি সমাজের ঐক্যবদ্ধ এলাকাবাসী। মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহর সাধারণ মানুষ নিজেদের ভিটে মাটি রক্ষায় ৬ ই জুলাই রবিবার দুপুর ১২ টায় চর আবদুল্লাহর নদীর পাড়ে ফসলি জমির সামনে এ মানববন্ধন করে। প্রশাসনের কাছে গিয়েও কোন প্রতিকার না পাওয়ায় মানববন্ধন করেছে এলাকাবাসী। কয়েকদিন আগেও এলাকাবাসী একত্রিত হয়ে বালু খেকোদের দাওয়া করে চর আবদুল্লাহ থেকে বিতাড়িত করে। কিন্তু ইজারাদার স্থানীয় প্রসাশনকে ম্যানেজ করে কয়েক দিন পর পর চর আবদুল্লাহ এসে বালু কাটে।
এলাকাবাসীর ভাষ্য ও ইজারারা নথি সুত্রে জানা যায়, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সর্বমোট ৮,১২,৫০০০০ ( আট কোটি বার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মেসার্স মনির এন্টারপ্রাইজ কে মুন্সীগঞ্জ সদর উপজেলার ভাষাণচর মৌজায় ১ নং খতিয়ানের ১২০ একর জায়গা বালুমহালের জন্য ইজারা দেয়। কিন্তু ইজারাদার মনির হোসেন  অবৈধভাবে আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামের ভিতরে এসে ফসলি জমির বালু ও মাটি কাটে।
স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি। বরং প্রশাসন স্থানীয়দের ইজারাদারের সাথে বালু কাটার সমঝোতা করে দেয়।
এলাকাবাসীর দাবী, তাদের ফসলি জমি রক্ষায় এবং তাদের পিতা মাতার ভিটে মাটি রক্ষায় কর্তৃপক্ষ দ্রুত কার্যকর ভূমিকা পালন করবে। সেই সাথে প্রধান উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার হস্তক্ষেপে কামনা করেন।
আলোকিত প্রতিদিন / ৬ জুলাই ২০২৫ / আর এম