আজ , ।   
Home Blog Page 354

১৩৪ প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি!

আলোকিত ডেস্ক চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে৷ এ বছর ৩ হাজার ৭১৪টি কেন্দ্রে মোট ৩০ হাজার ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন৷ এর মধ্যে ১৩৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাশ করেনি।

গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি৷ সেই হিসেবে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান বেড়েছে ৮৩টি৷

বৃহস্পতিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ এবং মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।

এদিকে এ বছর শতভাগ পাশ করেছে মোট ৯৮৪টি প্রতিষ্ঠান থেকে৷ গত বছর শতভাগ পাশ করা প্রতিষ্ঠান ছিল ২৯৬৮।

প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি। তবে সার্বিক বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার সভাকক্ষে মতবিনিময় সভা হয়।

উল্লেখ্য,চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

আলোকিত প্রতিদিন/এপি

ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন যথেষ্ট কিছু করছে না: স্পেন

ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে স্পেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এই গণহত্যা ঠেকাতে যথেষ্ট কিছু করছে না বলেও অভিযোগ করেছে দেশটি।

৯ জুলাই বুধবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না।”

তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে “২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায়” হিসেবে বিবেচিত হবে।

সানচেজ বলেন, “যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি — ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ — এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।”

তিনি বলেন, “যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।”

প্রসঙ্গত, টানা ২১ মাস ধরে ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলা এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ এবং স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম 

বাংলাদেশ-শ্রীলঙ্কা ১ম টি-টোয়েন্টির টিকিট সোল্ড আউট

ক্রীড়া ডেস্ক:

ঘরের মাঠে দারুণ সময় পার করছে শ্রীলঙ্কা। টেস্ট এবং ওয়ানডেতে সফরকারী বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির মিশনে স্বাগতিক দল। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে দুই দল মুখোমুখি লড়াইয়ে নামবে আজ।

ইতোমধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে। নিজেদের সমর্থকদের উদ্দেশে এক বার্তায় তারা আরও জানায়, আজকের ম্যাচের জন্য আর কোনো টিকিট বিক্রি হবে না, তাই কাউকে টিকিট সংগ্রহের উদ্দেশে টিকিট কাউন্টারে না আসার অনুরোধ জানানো যাচ্ছে। টিকিটধারীরা স্থানীয় সময় বিকেল ৫টা থেকে স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন বলেও জানানো হয়।

জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১১তম বৈঠক চলছে

আলোকিত প্রতিবেদক:

দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের একাদশ দিনের বৈঠক চলছে। ১০ জুলাই বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আলোচনা শুরু হয়। বৈঠকে বিএনপি, জামায়াত এবং এনসিপিসহ বি়ভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেছেন।

আজকের আলোচনার বিষয়বস্তু প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা ঘোষণা। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

উপস্থিত  আছেন যেসব দলের প্রতিনিধি:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচএম হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব জাবেদ রাসিন, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লে. (অব.) হাসান সোহরাওয়ার্দী, সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার একাংশের সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মোমিনুল আমিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।

আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিক ব্রিফ করবেন। পরে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ব্রিফ করার কথা রয়েছে।

প্রসঙ্গত, জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় সংবিধান সংশোধনের জন্য। এটির নেতৃত্বে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গত ১৫ ফেব্রুয়ারি থেকে কমিশনের কার্যক্রম শুরু হয়ে এখনো চলছে।

আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম 

জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী মামুন!

আলোকিত ডেস্ক, জুলাই আগষ্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলাম।

জুলাই গণহত্যা চলাকালীন পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।’

বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বক্তব্য দেন তিনি।

মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে সকালে জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গত ১২ মে জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। তদন্ত প্রতিবেদনে জুলাই গণহত্যার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। হাসিনা ছাড়াও এ মামলার অপর দুউ আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত ২০ এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। ওইদিন প্রসিকিউশনের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।

আলোকিত প্রতিদিন/এপি

ইসরায়েলিদের স্পেনে রেস্তোরাঁ থেকে তাড়িয়ে দিলেন ম্যানেজার

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলিরা খেতে এসেছে, এমনটি বুঝতে পেরেই রেস্তোরাঁ থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন স্পেনের এক রেস্তোরাঁ ম্যানেজার। ৯ জুলাই বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

স্পেনের কোন জায়গার ঘটনা এটি এখনো জানা যায়নি। তবে অনেকে বলছেন এটি ভিগো শহর অথবা মালাগার ঘটনা। ওই রেস্তোরাঁ ম্যানেজার ইসরায়েলিদের গাজার ‘গণহত্যাকারী’ হিসেবে অভিহিত করতে থাকেন। এ সময় বেশ কয়েকবার ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ স্লোগানও দেন তিনি।

ভিডিওতে দেখা যাচ্ছে, ম্যানেজারের ধমক খেয়ে ইসরায়েলিরা এক এক করে উঠে চলে যাচ্ছে। ওই সময় তারাও কিছু বলার চেষ্টা করছিল। কিন্তু ম্যানেজার ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান দেওয়া অব্যাহত রাখেন।

আলোকিত প্রতিদিন/ ১০জুলাই ২০২৫/মওম 

মোবাইল ফোন পড়লো সেপটিক ট্যাংকে, তুলতে নেমে ৪ তরুণের মৃ*ত্যু!

বিশেষ প্রতিনিধি, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে বিষক্রিয়ায় ৪ তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার দিবাগত রাতে উপজেলার হরিণছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনায় অপর একজনকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ বলেন, ওদের একজনের মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে গিয়েছিল।

নিহতরা হলেন— রানা নায়ক (১৭), শ্রাবণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) এবং নিপেন ফুলমালি (২৭)। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। এ ঘটনায় রবি বুনার্জী (২০) নামে আহত একজনকে জরুরি চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল  বলেন, বুধবার রাত পৌনে ১টায় প্রথমে ৪টি ডেডবডি আমাদের হাসপাতালে আসে। প্রায় এক ঘণ্টা পর আহত একজন আসে। সেপটিক ট্যাংকে একে একে চারজন মারা যাওয়ার ঘটনাটি অস্বাভাবিক। এক রিঙের একটা সেপটিক ট্যাংকে এত টক্সিক গ্যাস কী করে জমলো এটা ঠিক ক্লিয়ার করে বুঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
এদিকে, এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আমি শুনেছি এ ঘটনাটা। পরে পুলিশ হরিণছড়া চা বাগানের গিয়ে ওই ঘটনাস্থল পরিদর্শন করেছে।বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ কন্দ বলেন, হরিণছড়া বাগানের ৪ জন তরুণের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক।

তিনি আরো বলেন, এই ঘটনাটি দেখে রবি বুনার্জী নামে এক তরুণ ওই অসুস্থ হয়ে পড়া ৪ জনকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকের নিচে নামলে সেও অসুস্থ হয়ে পড়ে। সবশেষে জাস্টিন নামে এক তরুণ এসে দ্রুত রবি বুনার্জীকে উদ্ধার করলেও ওই ৪ জনকে আর উদ্ধার করতে পারেনি। পরে জাস্টিনও অসুস্থ হয়ে পড়ে।

আলোকিত প্রতিদিন/এপি

টেকনাফে বসত-ঘর থেকে ইয়াবা ও নগদ টাকাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক

হেলাল উদ্দিন, টেকনাফ। বর্ডার গার্ড বাংলাদেশ ২বিজিবি টেকনাফের হাতিয়ার ঘোনার করাচিপাড়ার  এক বসতঘরে অভিযান চালিয়ে ৮১ হাজার৩ শ’ ৫৫ পিস ইয়াবা ও নগদ ১ লাখ ১ হাজার ৯ শ’ ৭০ টাকা সহ সোনা মিয়ার স্ত্রী রুজিনা আক্তারকে আটক করে এসময় সোনা মিয়া পালিয়ে যায়।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  ৯জুলাই রাতের প্রথম প্রহরের পরবর্তী মাদকের ১টি বড় চালান মায়ানমার হতে সাগর পথে এনে পাহাড়ি অঞ্চলের বসত-বাড়িতে মওজুুদের গোপন সংবাদের ভিত্তিতে কয়েকটি বিশেষায়িত টহল দল নিয়ে টেকনাফের হাতিয়ার ঘোনার করাচিপাড়ার গহীনে পাহাড়ি এলাকা সংলগ্ন সোনা মিয়ার বসতঘরে লেঃ কমান্ডার সাদিক রাফি ও তার টহল দল তল্লাশির অভিযান করে ৮১হাজার ৩শ ৫৫পিস ইয়াবা এবং ১লাখ ১হাজার ৯শ ৭০টাকাসহ সোনা মিয়ার স্ত্রী রুজিনা আক্তার (৩৯) কে আটক করতে সক্ষম হলেও আটক মহিলার স্বামী এবং মৃত আব্দুর রশিদের পুত্র সোনা মিয়া (৩৭) পাহাড়ি পথ বেয়ে পালিয়ে যায়।
‎ইয়াবা ও নগদ টাকাসহ আটক মহিলাকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ২ বিজিবি অধিনায়ক।
আলোকিত প্রতিদিন/এপি

বরগুনায় সাংবাদিক পরিচয়ে দখল করা সংরক্ষিত বন উদ্ধার

মিরাজ হোসেনঃ বরগুনায় এনটিভির সাংবাদিক সোহেল হাফিজের দখলে থাকা সংরক্ষিত বনের জমি উদ্ধার করেছে বনবিভাগ।

বরগুনা খাজুরতলা মৌজায় পোটকাখালি এলাকায় বিষখালী ও খাকদোন নদীর মোহনায় বন বিভাগের সংরক্ষিত বন দখল করে সুরঞ্জনা নামে ইকোপার্কের বনের অংশ বুধবার অভিযান চালিয়ে উচ্ছেদ করে বন বিভাগের সদস্যরা। বরগুনা বন বিভাগের রেঞ্জার মোঃ আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

রেঞ্জার মোঃ আখতারুজ্জামান বলেন, ২০২২সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামীলীগের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এবং জেলা প্রশাসক হাবিবুর রহমানের সহযোগিতায় সংবাদিক  সোহেল হাফিজ সুরঞ্জনা নামের ওই ইকোপার্কটি নির্মাণ করেন। সুরঞ্জনা বেশকিছু অংশ সংরক্ষিত বনের মধ্যে নির্মাণ করা হয়েছিল। স্থানীয় মিজানুর রহমান নামের এক ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বনের মধ্যে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে লাল নিশান ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে বনের মধ্যে কোন ধরনের অবৈধ প্রবেশ কেউ করলে তার ব্যাপারে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

বন বিভাগের বরাবরে মিজানুর রহমান নামের ওই ব্যক্তির অভিযোগ পত্রে বলা হয়েছে- বন বিভাগের জমির বাইরে ও জেলা প্রশাসনের ১নং খাস খতিয়ানভুক্ত প্রায় ১০ একর জমি নিয়ে এনটিভি’র সাংবাদিক সোহেল হাফিজ ক্ষমতার অপব্যবহার করে বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে খাকদোন ও বিষখালী নদীর মোহনায় বন বিভাগের সৃজিত বনভূমি দখল করে বিনোদন কেন্দ্রের নামে সুরঞ্জনা নামে একটি পার্ক গড়ে তুলেছেন। পার্কের নামে সংরক্ষিত বনের অসংখ্য ছোট বড় গাছ কেটে নির্মাণ করেছেন ট্রেইল এবং ছোট ছোট রেস্ট হাউস।

স্থানীয়দের অভিযোগ, সুরঞ্জনা রিসোর্টের মধ্যে চলে নানা ধরণের অসামাজিক কার্যক্রম। ৫০০/১০০০টাকার বিনিময়ে ছোট ছোট খুপড়ি ঘরে স্কুল-কলেজের ছেলেমেয়েরা অনৈতিক কাজে লিপ্ত হয়। এছাড়াও সোহেল হাফিজের পালিত কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রয়েছে, যারা তার ছত্রছায়ায় থেকে সুরঞ্জনা পার্ক কেন্দ্রিক মাদক ব্যবসা করে থাকে। যারাই সোহেল হাফিজের অন্যায় কর্মকান্ডের প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে এই মাদকসেবীদের ব্যবহার করে বিভিন্ন ভাবে হয়রানী করে থাকে।

আওয়ামী লীগের সাবেক সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রভাব খাটিয়ে এবং বরগুনা প্রেসক্লাবের সেক্রেটারী পদের ক্ষমতায় সাংবাদিক সোহেল হাফিজ তার স্ত্রী জাফরিণ আক্তার নিতুর নামে বরগুনায় কর্মরত তৎকালীন জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানকে ম্যানেজ করে এই সুরঞ্জনা পার্ক গড়ে তোলেন।

জেলা প্রশাসক কার্যালয়ে নানা কাগজপত্রে দেখা যায়, সুরঞ্জনা ইকো ট্যুরিজম সেন্টার এন্ড রিসোর্ট এর নামে জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছেন। কিন্তু বরাদ্দের আগেই সুরঞ্জনায় অবৈধভাবে বেশ কিছু পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে।

পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম বলেন, সুরঞ্জনার বিষয়ে অভিযোগ পেয়ে তদন্ত সাপেক্ষে আমরা উচ্ছেদ করে দিয়েছি। সংরক্ষিত বনের মধ্যে স্থাপনা নির্মাণ করার কোনো সুযোগ নেই। বনের জমি নিরাপদ রাখা আমাদের দায়িত্ব। এধরণের কোনো অভিযোগ আসলে আমরা তাদেরকে কোনো ছাড় দিবো না।

উল্লেখ্য, সোহেল হাফিজ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি’তে বরগুনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ০৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ভোল পাল্টিয়ে সুবিধাজনক অবস্থান নিয়ে চলাফেরা করছেন তিনি গত বছরের ১৯ফেব্রুয়ারী বরগুনা প্রেসক্লাবের আলোচিত সাংবাদিক মাসুদ তালুকদার হত্যাকান্ডের প্রধান আসামী এই সোহেল হাফিজ। যার মামলা নং- দায়রা ৭২/২০২৫।

কক্সবাজারের রামুর চেইন্দায় ব্যক্তি মালিকানা  জমির সীমানা পিলার ভাঙচুর

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চেইন্দা লারপাড়া এলাকায় জমির সীমানা পিলার ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৬ জুলাই দিবাগত রাতে বৈরী আবহাওয়ার সুযোগে।
জমির মালিক ভুক্তভোগী হোসাইন ইসলাম বাহাদুর  গং অভিযোগ করে জানান, তারা ২০২১ সালে দি চট্টগ্রাম ক্যাথলিক ডাইয়োসিস থেকে ৪ একর ৮০ শতক জমি ক্রয় করেন। জমি ক্রয়ের পর থেকে দীর্ঘদিন ধরে তারা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছিলেন। এ পর্যন্ত ওই জমি নিয়ে কারো সাথে কোনো বিরোধ দেখা দেয়নি।
তবে গত ৬ জুন রাতের অন্ধকারে বৈরি আবহাওয়ার সুযোগে একদল দুর্বৃত্ত হঠাৎ করে জমির প্রায় ৩০টি সীমানা পিলার ভেঙে দেয়। এ ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান হোসাইন ইসলাম বাহাদুর ।
তিনি আরও  বলেন, “এঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।  সেই সাথে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে যথাযথ বিচার দাবি তাদের।
এদিকে, জমির পাশ্ববর্তী  দানেশ চৌধুরীর কিছু ওয়ারিশ দেলওয়ার চৌধুরীসহ তার সাঙ্গপাঙ্গরা  প্রথমদিকে চাঁদার জন্য কৌশলে বাঁধা দিলেও পরবর্তীতে তাদের কোনো অংশীদারত্ব না থাকায় সরে যায়। কিন্তু এ ঘটনায় তাদের হাত থাকতে পারে বলে জানান জমির মালিকগণ। ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী বাহাদুর।
প্রসঙ্গতঃ দেলওয়ার চৌধুরীকে ওই এলাকায় চাঁদাবাজ ও অসামাজিক ব্যক্তি হিসেবে তার পরিচিত রয়েছে। তিনি সরাসরি জড়িত থাকতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল।
আলোকিত প্রতিদিন/এপি