আজ , ।   
Home Blog Page 345

গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে ভারত!

আলোকিত ডেস্ক, গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে বুধবার দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজনের প্রাণহানি ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা দিনভর তাণ্ডব চালিয়েছেন।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে উঠে এসেছে গোপালগঞ্জের সহিংসতার এ ঘটনা। সেখানে সাংবাদিকরা এই সহিংসতার বিষয়ে নয়াদিল্লির প্রতিক্রিয়া জানতে চাইলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই।

সংবাদ সম্মেলনে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের বিষয়েও ভারতের প্রতিক্রিয়া জানতে চান এক সাংবাদিক। ওই সাংবাদিক বলেন, বাংলাদেশে বিশ্বাসযোগ্য, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত বলে ভারত বারবার বলেছে। বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একটি প্রধান রাজনৈতিক দল আগামী বছরের শুরু কিংবা ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন আয়োজনের বিষয়ে একমত হয়েছে। আপনি কী এটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ইতিবাচক মনে করেন?

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার। আমরা বারবার বলেছি, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা এমন নির্বাচনকে স্বাগত জানাই; যা গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সকল পক্ষকে এতে অন্তর্ভুক্ত করে।

সংবাদ সম্মেলনে অপর এক সাংবাদিক গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনা নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চান। রণধীর জয়সওয়াল বলেন, আমরা আমাদের অঞ্চলের সব ঘটনাপ্রবাহ ঘনিষ্ঠভাবে অনুসরণ করি এবং যা ঘটছে তা বিবেচনায় নিই। প্রয়োজনে আমাদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নিই।

বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য ভ্রমণ, মেডিক্যাল ইমার্জেন্সি এবং শিক্ষাসহ বিভিন্ন উদ্দেশ্যে উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান অব্যাহত রেখেছে।

এই বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, আমরা বাংলাদেশে ভিসা দিচ্ছি। নানা কারণেই ভিসা দেওয়া হচ্ছে, উল্লেখযোগ্যসংখ্যক দেওয়া হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিভিন্ন কারণে ভিসা দিয়ে আসছি। যেমন, ভ্রমণ, চিকিৎসার জরুরি প্রয়োজনে, শিক্ষার্থীদের জন্য ইত্যাদি। আমরা উল্লেখযোগ্যসংখ্যক ভিসা প্রদান করছি।

তবে ভারত সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশিদের ঠিক কত সংখ্যক ভিসা দিয়েছে, সেই নির্দিষ্ট সংখ্যা জানাতে পারেননি তিনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সঠিক সংখ্যাটি আপনাদের পরে জানাতে হবে। এটা আমাকে জেনে বলতে হবে তিনি জানান।

আলোকিত প্রতিদিন/এপি

গোপালগঞ্জে বাড়লো কারফিউয়ের সময়!

আলোকিত ডেস্ক, গোপালগঞ্জে চলমান কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে আরো জানানো হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে চলমান কারফিউ শুক্রবার সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা গেছে। এরপর আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে।
দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে।

 

প্রসঙ্গত, গতকাল বুধবার গোপালগঞ্জে পদযাত্রা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এ কর্মসূচিতে হামলা করে আওয়ামী লীগ-ছাত্রলীগ। এর জেরে প্রথমে ১৪৪ ধারা, পরে কারফিউ জারি করে বাংলাদেশ সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে ঘরে ফিরে আসবো: নাহিদ ইসলাম 

প্রতিনিধি,ফরিদপুর: 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন,গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো। আমরা গোপালগঞ্জ আবারো যাব এই যাওয়া শেষ যাওয়া নয়। আজ (১৭ জুলাই বৃহস্পতিবার) ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, গোপালগঞ্জ এখন ফ্যাসিবাদ এবং ডেভিলদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে। গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক।
গোপালগঞ্জের অপকর্মের জুলাই পদযাত্রা থামবে না। আমরা তিন আগস্টের মধ্যে সারা বাংলাদেশের পদযাত্রা শেষ করব। ফরিদপুরবাসী, আমরা ফরিদপুরের জন্য লড়াই করতে এসেছি। এখানে আমাদের অন্যান্য সহযোগী বন্ধুরা রয়েছে।
এর আগে বেলা ২টায় ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা।
এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন কর্মী ও সমর্থকেরা। সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা.তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্যরা।
আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

গোপালগঞ্জের হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ

সাইফুল ইসলাম সবুজ:
গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে জেলা আমীর আহসান হাবীব মাসুদের নেতৃত্বে একটি মিছিল শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে শুরু হয়ে পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর আহসান হাবীব মাসুদ, জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারী আব্দুর রাজ্জাক, শহর জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন, জামায়াতের সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল।
বক্তারা বলেন, ফ্যাসিবাদের প্রেতাত্মারা গোপালগঞ্জ থেকে আবারও মাথাচাড়া দিয়ে উঠার ষড়যন্ত্র করছে। এনসিপির প্রোগ্রামে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা স্বাভাবিক নয়। এটি বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। সুতরাং জুলাই আন্দোলনের সহকর্মীদের বিভেদ ভুলে আবারও ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে হবে ।
বক্তারা আরও বলেন, ভারতের গোলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে ভূমিকা পালন করতে হবে। গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

১৭ বছরের কিশোরকে নিয়ে পালালেন ৪০ বছরের গৃহবধূ!

আলোকিত ডেস্ক, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটেছে অপ্রত্যাশিত এক ঘটনা। ৪০ বছর বয়সী গৃহবধূ তাসলিমা খাতুন প্রতিবেশী ১৭ বছরের কিশোর মেহেদী হাসানের সঙ্গে পালিয়ে গেছেন। এমন খবরে পুরো এলাকায় নেমে এসেছে চরম চাঞ্চল্য।

দুই সন্তানের জননী তাসলিমা দীর্ঘ ২২ বছরের সংসার ফেলে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তুলে পালিয়ে যাওয়ায় হতবাক স্থানীয় বাসিন্ধারা।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মেহেদী হাসান সম্পর্কে তাসলিমার নাতি-সমতুল্য। ছোটবেলা থেকেই মেহেদী তার নানাবাড়িতে বড় হলেও বর্তমানে তিনি নিজ গ্রাম বাবরাতেই স্থায়ীভাবে বসবাস করছেন। পার্শ্ববর্তী বাড়ির হওয়ায় তাসলিমা ও মেহেদীর মধ্যে নিয়মিত দেখা-সাক্ষাৎ হতো। সময়ের সঙ্গে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা, যা একপর্যায়ে পরিণত হয় পরকীয়ায়।

তাসলিমার স্বামী মান্নান মিস্ত্রী বলেন, “গত ১১ জুলাই রাতে আমি পাশের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ে স্ত্রীকে মেহেদীর সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলি। তখন ভেবে ছিলাম, বিষয়টি গোপন রাখলে হয়তো সংসার টিকে যাবে। কিন্তু পরদিন সকালে দেখি, মেহেদী আমার স্ত্রীকে নিয়ে পালিয়েছে। এখন আমার ছোট ছেলে না খেয়ে কাঁদছে। এই অবস্থায় আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। আমি এর ন্যায়বিচার চাই।

ঘটনার পর মেহেদীর বাবা টোটন মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার ছেলের সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। মেহেদীর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয় বাসিন্দারা বলছেন, একজন প্রাপ্তবয়স্ক নারী কীভাবে একজন নাবালকের সঙ্গে প্রেমে জড়াতে পারেন, সেটি সমাজের জন্য লজ্জাজনক ও চিন্তার বিষয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সামাজিক ও পারিবারিক মূল্যবোধের এমন চরম অবক্ষয়ের ঘটনায় এলাকাবাসীর পাশাপাশি সচেতন নাগরিকরাও উদ্বেগ প্রকাশ করছেন। বিশেষজ্ঞরা বলছেন, নাবালকদের সুরক্ষা নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও সচেতন এবং দায়িত্বশীল হতে হবে আরো।

আলোকিত প্রতিদিন/এপি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যর প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

শহিদুল্লাহ সরকার:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যর প্রতিবাদে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা যুবদল।  ১৬ জুলাই বুধবার দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নবীনগর চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে ঢাকা আরিচা মহাসড়কের নবীনগর স্মৃতিসৌধের সামনে গিয়ে শেষ হয়। এসময় তারেক রহমানকে নিয়ে ও বিএনপি’র কোন নেতাকে নিয়ে কেউ কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করলে তাকে কঠোরভাবে দমন ও দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার যুব দলের নেতারা। এসময় ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ,সাধারণ সম্পাদক আইয়ুব খান ও ঢাকা জেলা যুবদল নেতা ইয়ার মোঃ ইয়াসিন সরকার শাওনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মিছিলে এসময় ঢাকা জেলার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। ভক্স পপ আইয়ুব খান সাধারণ সম্পাদক ঢাকা জেলা যুবদল।
আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

নির্বাচন ঠেকাতে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করছে একটি মহল: বিএনপি

আলোকিত প্রতিবেদক:

আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সভায় এমন দাবি উঠে এসেছে।

১৬ জুলাই বুধবার রাতে গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এই মতামত আসে।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্ব সভায় অংশ নেয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়,  ড.আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভা শেষে দেওয়া বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সভায় গতকাল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সভায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্বৃত্ত এবং সমর্থকদের হামলায় ৪ জন  নিহতের ঘটনায় বিএনপি গভীর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। এই হামলাকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করা হয় সভায়।

আরও বলা হয়, পতিত ফ্যাসিস্ট হাসিনা সমর্থকেরা পরিকল্পিতভাবে গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী জাতীয় নাগরিক পার্টির সমাবেশে আক্রমণের ঘটনা ঘটায়। ফলশ্রুতিতে সরকারকে ১৪৪ ধারা ও কারফিউ জারি করতে হয়। যা এই মূহুর্তে গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করবার নীল নকশা বলে মনে করা হয়। এই প্রসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার সমালোচনা করে।

সভায় নেতারা আশা করে রাজনৈতিক দলগুলো অত্যন্ত সর্তকতার সঙ্গে তাদের কর্মসূচী নির্ধারণ করবে, অন্যথায় গণতন্ত্র বিরোধী শক্তিকে সুযোগ করে দেওয়া হবে।

বিএনপির মহাসচিব আরও বলেন,সভায় জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে সালাহ উদ্দিন আহম্মেদ সভাকে বিস্তারিত অবহিত করেন। আজ রাতে আবার স্থায়ী কমিটির সভায় ঐক্যমত্য কমিশনের বৈঠকের বিষয় নিয়ে আবার আলোচনা হবে।

গণতন্ত্রে উত্তরণের পথকে বিঘ্নিত করার জন্য এবং আগামী ফেব্রুয়ারি মাসে প্রতিশ্রুত জাতীয় সংসদ নির্বাচনকে ব্যাহত করবার জন্য একটি মহল পরিকল্পিতভাবে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, মবোক্রেসি, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ইত্যাদি অপরাধ মূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে। অযোগ্যতা এবং নির্লিপ্ততা পরিস্থিতিকে আরও অবনতির দিকে নিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা গণমাধ্যমে শুধুই কথাই বলছেন কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য অতিদ্রুত সব ব্যবস্থা নিতে সরকারকে আহ্বান জানানো হয় বৈঠকে।

মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে ‘সম্পূর্ণ অন্যায়ভাবে’ জড়িয়ে কয়েকটি রাজনৈতিক দলের শিষ্টাচার বিবর্জিত বক্তব্য এবং প্রোপাগান্ডা গোটা জাতিকে স্তম্ভিত করেছে বলে উল্লেখ করেন সাবেক এই মন্ত্রী। তিনি বলেন, বিশেষ করে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তরুণ জনপ্রিয় নেতা তারেক রহমান সম্পর্কে রাজনৈতিক শিষ্টাচার বিবর্জিত যে সব অশ্লীল বক্তব্য গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছে।

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন পেলো তিনটি অধ্যাদেশ

আলোকিত ডেস্ক:

উপদেষ্টা পরিষদের সভায় তিনটি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে। ১৭ জুলাই প্রধান বৃহস্পতিবার উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে এ অধ্যাদেশগুলো অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।বৈঠকে ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া লেজিসলেটিভ এবং সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

এছাড়া ‘ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং লেজিসলেটিভ এবং সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

অতি-গোঁড়া দলের পদত্যাগের ফলে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেতানিয়াহুর সরকার

আন্তর্জাতিক ডেস্ক:

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের গুরুত্বপূর্ণ জোট দল অতি-গোঁড়া শাহস পার্টি সরকার থেকে পদত্যাগ করেছে। এতে করে ইসরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন নেতানিয়াহু।

অতি-গোঁড়া শাহস পার্টি ১৬ জুলাই বুধবার জানিয়েছে, ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে কাজ করার আইনের দীর্ঘ দ্বন্দ্বের জেরে তারা সরকার থেকে পদত্যাগ করেছে।  চলতি সপ্তাহের শুরুতে আরেকটি অতি-গোঁড়া দল নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করে।

সংখ্যাগরিষ্ঠতা হারানোয় যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহুকে এখন সরকার চালাতে হিমশিম খেতে হবে।

তবে শাহস পার্টি জানিয়েছে, নেতানিয়াহুর জোট সরকার ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু তারা করবে না। এছাড়া কিছু আইন পাসের ক্ষেত্রে নেতানিয়াহুকে সহায়তা করবে এবং সরকারের পতন হয় এমন কিছুও তারা করবে না।

এদিকে এ মাসের শেষ দিকে তিন মাসের বিরতিতে যাচ্ছে ইসরায়েলি সংসদ নেসেট। এতে করে নেতানিয়াহুকে অন্তত তিন মাস সরকার পতন নিয়ে কোনো চিন্তা করতে হবে না।

শাহস পার্টি নেতানিয়াহুর সরকার থেকে পদত্যাগ করার পর ইসরায়েলের বিরোধী দলীয় নেতা একটি ভিডিও প্রকাশ করেছেন। তিনি বলছেন, এখন নেতানিয়াহু ‘অবৈধ সংখ্যলঘু’ সরকার পরিচালনা করছে। তিনি বলেন, এ সরকার এখন কিছুই করতে পারবে না। না পারবে গাজা যুদ্ধ নিয়ে সিদ্ধান্ত নিতে; না পারবে সৌদি সিরিয়ার সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনা চালাতে। নেতানিয়াহুর এ সরকার সব ধরনের বৈধতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম 

শ্রীলঙ্কার বিপক্ষে জয় জুলাই শহীদদের উৎসর্গ করলেন লিটন

ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে দেশ এবং বিদেশ মিলিয়ে প্রথমবার টি-টোয়েন্টিতে সিরিজ জিতেছে বাংলাদেশ। ঐতিহাসিক এই জয় ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের প্রতি উৎসর্গ করার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘এখন যেহেতু জুলাই মাস, আজ ১৬ জুলাই, শহীদদের উদ্দেশ্যে এই সিরিজটা আমরা উৎসর্গ করতে চাই।’

সিরিজ জিতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাস শোনা গেছে লিটনের কণ্ঠে, ‘প্রথমত যেকোনো সিরিজ জয়ই ভালো অনুভূতি অধিনায়কের জন্য। আমি মনে করি, আপনারাও অনেক খুশি। বাংলাদেশি সমর্থক যারা ক্রিকেট লাভার, তারাও অনেক খুশি যে আমরা শ্রীলঙ্কার মাঠে এসে ম্যাচ (সিরিজ) জিততে পেরেছি। অনেক খুশি আমি।’

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরই বিপক্ষে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজের সঙ্গে সদ্য সমাপ্ত সিরিজের তুলনা করে লিটন বলেছেন, ‘দুই সিরিজই আমার কাছে অনেক বড়। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে তাদেরকে হারানো একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমরা সবাই জানি ওয়েস্ট ইন্ডিজ কেমন দল। টি-টোয়েন্টিতে ওদের সঙ্গে একটা ট্যাগ যায়। শ্রীলঙ্কার মাঠেও স্বাগতিকদের সঙ্গে একই তকমা থাকে। ওরা যথেষ্ট ব্যালেন্সড টিম। দুইটা সিরিজ আমার কাছে একইরকম।

দ্বিতীয় ওয়ানডে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ফরম্যাটটিতে সিরিজ জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু লঙ্কান ভূমিতে প্রথম সিরিজ জয়ের সেই সুযোগ টাইগাররা কাজে লাগাতে পারেনি। একই দৃশ্যপট তৈরি হয় টি-টোয়েন্টিতেও। যেখানে শেষ দুটি ম্যাচ জিতে টি-টোয়েন্টিতে এমনকি লঙ্কান ভূমিতে প্রথমবার সিরিজ জিতে ইতিহাস গড়ল লিটন দাসের দল।

প্রসঙ্গত, আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন শেখ মেহেদি। জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৩ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম।

আলোকিত প্রতিদিন/১৭জুলাই ২০২৫/মওম