আজ , ।   
Home Blog Page 343

জামায়াতের জাতীয় সমাবেশে বিএন‌পিকে আমন্ত্রণ জানায়‌নি 

আলোকিত ডেস্ক:

 রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি।

১৯ জুলাই শনিবার বিকেলে বিএন‌পির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জামায়াতের এই সমাবেশে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি।

জানতে চাইলে জামায়াতের না‌য়ে‌বে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তা‌হের জানান, নির্বাচনে পিআর পদ্ধতির প‌ক্ষে থাকা দলগু‌লো‌কে কেবল এই জাতীয় সমাবেশে আমন্ত্রণ করা হ‌য়ে‌ছে।

সমাবেশে যেতে গণসংহতি আন্দোলনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত। সংহতির এক নেতা জানান, সমাবেশে তাদের কেউ যাবেন না।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আমন্ত্রণ পেয়ে সমাবেশে অংশ নিয়েছেন। এছাড়াও ইসলামী দলের নেতারা এতে অংশ নিয়েছেন।

আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম

প্রধান উপদেষ্টা যেদিন নির্বাচনের কথা বলেছেন, সেদিনই নির্বাচন অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

আলোকিত ডেস্ক:

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নির্ধারিত সময় অনুযায়ীই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “আপনারা নিশ্চিত থাকুন, চিফ অ্যাডভাইজর (প্রধান উপদেষ্টা) যেদিন নির্বাচন বলেছে, সেদিনই নির্বাচন হবে।”

১৯ জুলাই শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত টেডএক্স কুমিল্লা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ময়নামতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সম্ভাবনা নাকচ করে দিয়ে শফিকুল আলম বলেন, “নির্বাচনের পরিবেশ এমনভাবে তৈরি করা হবে, যেখানে কোনো রাজনৈতিক দল কিংবা প্রতিদ্বন্দ্বীর আপত্তির সুযোগ থাকবে না এবং একদিনও পিছিয়ে যাবে না নির্বাচন।”

তিনি আরও বলেন, “এই যে গোল্ডেন জেনারেশন, যারা হাসিনার মতো একজন স্বৈরাচারকে হটাতে পেরেছে, তারা দেশটাকে মেরামত করতে পারবে। তাদের হাত ধরেই বাংলাদেশ এগিয়ে যাবে।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি জানান, রাজনৈতিক দলগুলো নিয়মিত বসছে, আলোচনা করছে। অন্য দেশের তুলনায় দ্রুত গতিতেই অগ্রগতি হচ্ছে বলে জানান তিনি। “আমরা আশা করি, খুব শিগগিরই জুলাই সনদের চূড়ান্ত রূপ দেখতে পাব,” যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেখক, সাংবাদিক, শিল্পী এবং উদ্যোক্তাসহ মোট ১০ জন বক্তা।

আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম

টাঙ্গাইলে সেতুর সঙ্গে সড়ক নেই, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্বপাশে লাউজানা গ্রামে লৌহজং নদীর উপর সেতুর সঙ্গে সড়ক নেই। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলা পরিষদ ওই সেতু নির্মাণ করে। কিন্তু স্থানীয় জনসাধারণের কাজে আসেনি। ফলে আশপাশের ৩০ গ্রামের লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছে।
জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার চিলাবাড়ী বাজারের পূর্বপাশে লাউজানা গ্রামে লৌহজং নদীর উপর জনদুর্ভোগ বিবেচনায় সদর উপজেলা পরিষদ একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয়। ২০২৩-২০২৪ অর্থ বছরে প্রায় ৯০ লাখ টাকা ব্যয়ে মেসার্স প্রত্যুষ বিল্ডার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মাণকাজটি বাস্তবায়ন করে। কিন্তু পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সেতুর ভাগ্যে জোটেনি সংযোগ সড়ক। এতদাঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা নিরসনে সেতুটি নির্মাণ করা হলেও সংযোগ সড়কের অভাবে ভোগান্তিই পোহাতে হচ্ছে।
ওই সেতুটির সংযোগ সড়ক নির্মিত হলে স্থানীয় বাইমাইল, কাগমারা, চর কাগমারা, বাসাখানপুর, চিলাবাড়ী, লাউজানা, ধরেরবাড়ী, যুগনী সহ প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষের প্রতিদিনের যাতায়াত সহজতর হতো।
স্থানীয়রা জানায়, অনেকদিন ধরে লৌহজং নদীর উপর ওই এলাকায় একটি সেতুর প্রয়োজন ছিল। স্থানীয় জনসাধারণের সেই কাঙ্খিত সেতুটি নির্মাণ করার পরও তাদের ভোগান্তি শেষ হয়নি। সরকার বিশাল অঙ্কের টাকা ব্যয়ে জনসাধারণের পারাপারের সুযোগ করে দিয়েছে। অথচ সামান্য কিছু টাকা বরাদ্দের অভাবে সংযোগ সড়ক নির্মাণ করা যায়নি। ফলে দুর্ভোগেই রয়ে গেছে প্রায় ৩০টি গ্রামের লক্ষাধিক মানুষ।
আব্দুর রহিম জানান, সেতু নির্মাণের কাজ অনেক আগেই শেষ হয়েছে।কিন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ না করায় ওই সেতু দিয়ে কোন ধরনের যানবাহন চলাচল করতে পারে না। এছাড়া নদীর দুই পাশের সেতুর ঢালে বসবাসরত মানুষ পায়েহেঁটেও চলাচল করতে পারেনা। তাদের বসতবাড়িতে যেতে হলে অনেক দূর ঘুরে যেতে হয়।
তিনি জানান, সদর উপজেলা পরিষদ এতো টাকা খরচ করে সেতুটি নির্মাণ করেছে। অথচ সামান্য কিছু টাকা বরাদ্দ করলে সহজেই সেতুর সংযোগ সড়ক নির্মাণ করতে পারে। সেতুর দুই পাশের ঢালে কিছু মাটি ফেলে চলাচলের জন্য উপযোগী করে দিতে পারে। সংযোগ সড়ক না থাকায় তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এটা কর্তৃপক্ষের গাফলাতি ছাড়া অন্য কিছু নয় বলে মনে করছেন তিনি।
এলাকার আবুল কাশেম জানান, নদীর ওপারে মসজিদ। মসজিদে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে যাতায়াত করেন। তিনি ১০-১২টি মাটির বস্তা সেতুর ঢালে ফেলে অতিকষ্টে যাতায়াত করেন। নদীর দুই পাশে রৌহজং নদীর দুই তীরে বড় বড় দুটি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুটি হাট-বাজার রয়েছে। সেতুর ঢালে সংযোগ সড়ক নির্মিত হলে সহজেই এসব প্রতিষ্ঠানে চলাচলকারীদের জন্য সহজতর হবে।
স্কুল শিক্ষার্থী আবুল হাসেম, আনছার আলী, নাজমুল ইসলাম লিমা আক্তার সহ অনেকেই জানান, তাদের বাড়ি থেকে বের হলেই লৌহজং নদী, নদীর উপর সেতু নির্মিত হয়েছে। ওই সেতু দিয়েই নদীর ওপারে যাওয়ার সহজতর একমাত্র মাধ্যম। সেতুর ওপারে ধরেরবাড়ী স্কুল। সংযোগ সড়ক না থাকায় তাদেরকে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে তাদেরকে স্কুলে যাতায়াত করতে হচ্ছে। অথচ সেতুটি পার হলেই তাদের স্কুল।
নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান প্রত্যুষ বিল্ডার্সের কর্ণধার প্রসেনজিৎ ধর জানান, সেতুটি নির্মাণের সিডিউল অনুয়ায়ী তারা কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করেছেন। উপজেলা পরিষদকে সেতুটি বুঝিয়ে দিয়ে তারা বিলের টাকা তুলে নিয়েছেন। সেতুর ঢালে সংযোগ সড়ক নির্মাণের বিষয়ে সিডিউলে কোনো উল্লেখ ছিলনা।
এবিষয়ে টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহাম্মদ জাকির হোসেন জানান, সেতুটি উপজেলা পরিষদের বরাদ্দ থেকে নির্মাণ করা হয়েছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণ করা হয়নি। তবে সংযোগ সড়ক নির্মাণে বরাদ্দের চাহিদা উপস্থাপন করা হয়েছে।
টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার জানান, সেতুটির সংযোগ সড়ক সম্পর্কে তিনি ইতোমধ্যে অবগত হয়েছেন। জানতে পেরেই তিনি এলজিইডির উপজেলা প্রকৌশলীকে সরেজমিন পরিদর্শন করে একটা প্রতিবেদন দিতে বলেছেন। মানুষের ভোগান্তি লাঘবে এ অর্থ বছরের প্রথমার্ধেই সেতুটির সংযোগ সড়ক নির্মাণ করে চলাচলের উপযোগী করা হবে।
আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম 

ফুচকা না এনে মাছ আনলেন স্বামী, অভিমানে স্ত্রীর আত্মহ*ত্যা

আলোকিত ডেস্ক, পটুয়াখালীর মহিপুরে ফুচকা না আনায় স্বামীর সঙ্গে অভিমানে গলায় ফাঁস নিয়েছেন মোসা. মারজিয়া আক্তার নামের এক গৃহবধূ। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (১৯ জুলাই) মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

মারজিয়া (১৮) ওই ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের বাসিন্দা আলম প্যাদার মেয়ে।

মারজিয়ার স্বামী জাহিদ প্যাদা তিনি বলেন, শুক্রবার রাতে মারজিয়া আমাকে ফুচকা আনতে বলেছিল। মাছের গদিতে কাজের চাপ বেশি থাকায় অনেক রাতে বাসায় ফেরায় ফুচকা আনতে পারিনি আমি। ফুচকা না এনে মাছ নিয়ে বাসায় ফেরায় সে রাগ করে বসে। মাছ কেটে ধোয়া শেষে মোবাইল হাতে নেয় আমার স্ত্রী। এত রাতে মোবাইল না দেখে আমি তাকে ঘুমাতে বলি। এতে সে রাগ করে পাশের বারান্দায় ঘুমাতে যায়। আমিও ঘুমিয়ে তখন পড়ি। সকালে ঘুম থেকে উঠে আমার স্ত্রীকে বিছানায় না দেখে বারান্দায় গিয়ে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, মহিপুর থানার দিয়ারআমখোলা গ্রাম থেকে দুপুরে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হবে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলোকিত প্রতিদিন/এপি

ইইউর নিষেধাজ্ঞায় বিচলিত নই, অভিযান চলবে ইউক্রেনে:মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে যুদ্ধর জন্য রাশিয়ার বিরুদ্ধে শান্তিমূলক পদক্ষেপ হবে গত সপ্তাহে ১৮তম রাউন্ড নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপের দেশগুলোর জোট ইইউ। এর প্রতিক্রিয়ায় সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমানে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, রাশিয়া এসব নিষেধজ্ঞায় বিচলিত নয় এবং ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান চলবে।সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় মেদভেদেভ বলেন, “আমাদের অর্থনীতি অবশ্যই টিকে থাকবে এবং ইউক্রেনীয় সেনাবাহিনীকে ছত্রভঙ্গ এবং পরাজিত করার কাজও অব্যাহত থাকবে। অদূর ভবিষ্যতে কিয়েভসহ তথাকথিত ইউক্রেনকে লক্ষ্য করে হামলার মাত্রা আরও বাড়ানো হবে।”

“এবং শুধু তাই নয়, মস্কোর উচিত হবে রাজনৈতিকভাবে ইইউ’র সঙ্গে সম্পর্কচ্ছেদ করা এবং এই ব্লকের সঙ্গে দূরত্ব বজায় রাখা।”

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের হিসেব অনুযায়ী গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইতোমধ্যে উভয়পক্ষে নিহত ও আহত হয়েছেন অন্তত ১২ লাখ মানুষ।

এই যুদ্ধের শুরু থেকেই শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে ইইউ। সর্বশেষ গত সপ্তাহের বুধবার রাশিয়ার বিরুদ্ধে ১৮ তম নিষেধাজ্ঞার প্যাকেজ ঘোষণ করেছেন ইইউ’র পররাষ্ট্র বিভাগের শীর্ষ নির্বাহী কাজা কালাস।

সেই প্যাকেজ বিশ্লেষণ করে দেখা গেছে, রাশিয়ার রাষ্ট্রয়ত্ত বিনিয়োগ তহবিল রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড এবং ২২টি রুশ ব্যাংকের সঙ্গে ইউরোপীয় ইউনিয়েনের সব ব্যাংকের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধজ্ঞা দেওয়া হয়েছে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন ব্যবহারেও।

ইউরোপে পাইপলাইন দিয়েই গ্যাস সরবরাহ করত রাশিয়া। ২০২২ সালে এক গুপ্ত হামলায় পাইপলাইনটির গুরুতর ক্ষয়ক্ষতি হয়। সেই থেকে এখনও পাইপলাইনটি অব্যবহৃত অবস্থায় আছে।

সূত্র : আরটি

আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম 

গোপালগঞ্জের ঘটনায় নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, গোপালগঞ্জে নিহতদের স্বজনরা মরদেহ নিয়ে যাওয়ায় ময়নাতদন্ত সম্ভব হয়নি। কিন্তু ঢাকায় যিনি মারা গেছেন তার ময়নাতদন্ত করা হয়েছে। তবে প্রয়োজন হলে গোপালগঞ্জে দাফন করা মরদেহ কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে।

১৯ জুলাই শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গোপালগঞ্জের ঘটনায় প্রশাসনের কোনও দায় আছে কিনা সেটাও তদন্ত কমিটি খতিয়ে দেখবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু করতে ইমিগ্রেশনে জনবলের চাহিদার বিষয়ে খোঁজ নিতে যান তিনি। তবে টার্মিনাল কবে চালু হবে বা উদ্বোধন হবে সেই তথ্য তার কাছে এখনো নেই বলেও জানান।

আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম 

জামায়াতের সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার এবং নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করাসহ ৭ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে।১৯ জুলাই শনিবার দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন সাইফুল্লাহ মানসুর। সাইমুম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে।

সাত দফা দাবিতে আয়োজিত জামায়াতের জাতীয় সমাবেশে মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের বাইরেও অবস্থান করছেন হাজার হাজার নেতাকর্মী।

dhakapost

যে সাত দফা দাবিতে অনুষ্ঠিত জামায়াতের আজকের সমাবেশ সেগুলো হলো—অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ‘জুলাই সনদ’ এবং ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিতকরণ।

dhakapost

বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আলোকিত প্রতিদিন/১৯জুলাই ২০২৫/মওম 

ভালো মানুষ না হলে, দেশ-জাতির উন্নয়ন সম্ভব না: সেনাপ্রধান!

বিশেষ প্রতিনিধি, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ভালো মানুষ না হলে, দেশ ও জাতির উন্নয়ন সম্ভব হবে না। তাই প্রথমে আমাদেরকে ভালো মানুষ হতে হবে।

আজ শনিবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সাইন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘শৃঙ্খলা মেনে চললে দেশই লাভবান হবে। উন্নয়নের জন্য প্রকৌশল শিক্ষার গুরুত্ব অপরিসীম।’ এসময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজনকে পুরস্কার দেন তিনি।

তিন দিনব্যাপী এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণাসহ নানা বিষয়ে আলোচনা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

স্বপ্নভঙ্গের অন্ধকার মুখে সামিয়া, আশার আলো দেখালো সিআরএ

মোঃজহির উদ্দিন বাবর: অটো চালক বাবা ও গার্মেন্টস কর্মী মায়ের কন্যা সামিয়ার খাতা কেনা হলেও সহসা বই জোগাড় হতো না। প্রাইভেট পড়ার কথা ভাবতে সাহসও পেতো না সে। তবু চোখে মুখে স্বপ্ন ছিল তার, অদম্য বাসনা ছিল এগিয়ে যাওয়ার। সামিয়ার এ ইচ্ছাশক্তিই তার প্রথম ধাপের সফলতা এনে দিয়েছে। এসএসসির ফলাফলে গোল্ডেন জিপিএ-৫ অর্জনের মধ্য দিয়ে এবার উচ্চ শিক্ষার স্বপ্ন দেখছে সে। বলছিলাম চট্টগ্রাম নগরীর হালিশহর বি-ব্লক তালতলা পুকুরপাড় সংলগ্ন আলমগীরের ভাড়া ঘরের বাসিন্দা অটো চালক হাবিবুর রহমান ও বিবি সায়রার কন্যা সামিয়া আক্তার শারমিনের কথা। অভাবী পরিবারের সন্তান সামিয়া সব ধরনের সুবিধা বঞ্চিত থেকেও চমৎকার ফলাফল ছিনিয়ে এনে সবাইকে অবাক করে দিয়েছে।

হাসি ফুটিয়েছে নিজ পরিবারসহ প্রতিবেশীদের মুখেও। সহপাঠী থেকে শুরু করে স্কুল শিক্ষকদের কাছেও সমীহের পাত্রী হয়ে উঠেছে সামিয়া আক্তার শারমিন। কিন্তু চারদিকের এতো এতো উচ্ছ্বাস আনন্দের মাঝেও মেধাবী এ ছাত্রীর চোখে মুখে অনিশ্চয়তার ছাপ, স্বপ্ন ভঙ্গের শঙ্কা। সামিয়া মুখ ভরে স্বস্তির বাতাস টেনে নিয়ে বলে ওঠে, ‘আমার প্রথম লক্ষ্য ছিল যেভাবেই হোক এসএসসিতে সর্বোচ্চ ভালো ফলাফল ছিনিয়ে আনা। অন্যথায় কোনোভাবেই আর পড়ালেখায় যুক্ত থাকা আমার সম্ভব হবে না। নয়তো বসতে হবে বিয়ের পিড়িতে, না হয় ঢুকতে হবে গার্মেন্টসের চাকরিতে। এ অবস্থায় পড়ালেখার মাঝেই নিজেকে উৎসর্গ করার মতো জীবন বেছে নেই আমি।’ নিজের শিক্ষা জীবনকে চলমান রাখার অদম্য বাসনায় সামিয়া দিনে-রাতে ১০ ঘণ্টা পর্যন্ত পড়াশুনার স্বতন্ত্র রুটিন বানিয়ে ফেলে।

এরপরও হাসিমুখে সংসারের কাজকর্মে অংশ নিতো সে। তার শিক্ষা যেন কোনোভাবেই পরিবারে অতি আপনজনদের কাছেও বাধা বিরক্তির কারণ না হয়- সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতো সামিয়া। এসএসসি পরীক্ষা তার কাছে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণের মতোই ছিল। শান্ত কণ্ঠে সামিয়া বলে, ‘আল্লাহর অশেষ ভাগ্যে জুটেছে আমার- এসএসসিতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে পড়ালেখা চালিয়ে যাওয়ার যৌক্তিকতাও মিলেছে পরিবারে। কিন্তু এখন আটকে যাচ্ছি আরেক অনিশ্চয়তার অন্ধকারে।’ অর্থাভাবে কলেজে ভর্তি হওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়েছে, তেমনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সাধও মিইয়ে যেতে শুরু করেছে। বাবা মায়ের অতি সামান্য আয়ে সংসারের চাকা যেখানে ঘুরতে চায় না, সেখানে মেয়েকে কলেজে ভর্তি ও পড়াশুনা চালিয়ে নেয়ার সাধ্য কোথায়? এ যেন বাবা হাবিবুর রহমানের কাছে আকাশ ছোঁয়ার মতো অকল্পনীয় ব্যাপার। এমন দিশেহারা পরিস্থিতিতে মেধাবী ছাত্রী সামিয়া আক্তার শারমিনের পাশে এগিয়ে এসেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

সিআরএ সভাপতি সোহাগ আরেফিন এবং সংগঠনের সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন যোগাযোগ করেছেন সামিয়ার পরিবারের সাথে। চট্টগ্রামের সাংবাদিক সংগঠনটি এখন অদম্য সামিয়ার স্বপ্ন জয়ের সারথি। তার কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সাধের প্রতিটি ধাপে অভিভাবকত্বের ছোঁয়া রাখতে চায় সিআরএ। মেধাবী সামিয়া এখন প্রাণ খুলে হাসে, উচ্ছ্বাসে উড়ে বেড়ায়। তার চোখ মুখ থেকে দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অন্ধকার যেন এক লহমায় উবে গেছে। সামিয়ার ভাষায়: ‘পা দিচ্ছি কলেজে, পাশেই আছে সিআরএ- আমার স্বপ্ন জয় এখন সময়ের ব্যাপার মাত্র।

সকলের আশীর্বাদ আমার আগামীর সাফল্যকে ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।’ পাশে দাঁড়ানোর আনন্দে সামিয়ার চেয়েও বেশি উচ্ছ্বাসে আছেন সিআরএ’র সাথে সম্পৃক্ত সাংবাদিকরা। সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন বলেন, ‘সামিয়া আক্তার শারমিন হচ্ছে সিআরএ’র মডেল কন্যা। আগামীর সাফল্য আর স্বপ্ন জয়ে সামিয়ার ছায়া হয়ে থাকবে চট্টগ্রামের এ সাংবাদিক সংগঠন- এটাই সবচেয়ে শান্তিময় তৃপ্তি।’ সিআরএ’র সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন বলেন, পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) গণমাধ্যমকর্মীদের কল্যাণ কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে। সিআরএ অদম্য সামিয়ার পাশে দাঁড়াতে পেরে আজ আনন্দিত। সমাজের বিত্তবানদেরও সামিয়ার পাশে দাঁড়ানো আহ্বান জানান তিনি। এসময় সিআরএ সহ সভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের রাজু, সদস্য শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: রুবেল, দপ্তর সম্পাদক মো: আশরাফ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাকিল, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন, সদস্য জহির উদ্দীন বাবর সহ আরো অনেকেই।

আলোকিত প্রতিদিন/এপি

জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার বরদাস্ত করা হবে না!

বিশেষ প্রতিনিধি, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠানে ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেছেন, “শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা কোনো ষড়যন্ত্র বা রক্তচক্ষুকে ভয় করে না।”
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে চক্রান্ত ও অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও কবিতাপাঠ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, “এ দেশে কোনো বিজাতীয় সংস্কৃতিকে লালন করতে দেয়া হবে না।”
তিনি বলেন, “এ দেশে জাতীয়তাবাদী শক্তিকে রুখে দেয়ার ক্ষমতা কারো নেই। না কোনো ফ্যাসিস্ট, না কোনো বিদেশি শক্তি। শহীদ জিয়ার আদর্শের শক্তিকে দাবিয়ে রাখার চেষ্টা এ দেশে কোনোদিনই সফল হবে না। বাংলাদেশের মানুষের একমাত্র ধ্বনি বাংলাদেশ জাতীয়তাবাদকে ঘিরেই পরিচালিত হবে এ দেশের কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতিসহ সকল কার্যক্রম।”
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কবি সৈয়দ রনোর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড. শহীদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ফরিদ ভূইয়া, কবি আবীর বাঙালি, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন, আন্তর্জাতিক সম্পাদককবি শান্তা মারিয়া, দপ্তর সম্পাদক সৈয়দ জাহিদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শাওন আশরাফ, শৃঙ্খলা বিষয়ক সম্পাদক হাসান কামরুল, গবেষণা সম্পাদক পলি রহমান।
আরো বক্তব্য রাখেন, যোগাযোগ ও মিডিয়া সম্পাদক নুরুল হোসেন কাইয়ুম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ড. দেলোয়ার হোসেন, যুগ্ম প্রচার সম্পাদক জাভেদ পাটোয়ারী, যুগ্ম দপ্তর সম্পাদক নুরুল আবছার, যুগ্ম আপ্যায়ন সম্পাদক আলমগীর সরকার লিটন, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক দীপাস আনোয়ার, যুগ্ম শৃঙ্খলা বিষয়ক সম্পাদক এম এম শাহানুর, যুগ্ম পাঠাগার সম্পাদক মুক্তা পারভীন, কবি শাহীন রিজভী, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।
এছাড়াও, অনুষ্ঠানে প্রতিবাদী গান ও কবিতায় সাড়া তোলেন সংগঠনের কবি ও সাহিত্যিকবৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি