আজ , ।   
Home Blog Page 335

কানাডায় দাবানল,নিউ ইয়র্কে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:

কানাডার দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। এর ফলে বায়ু দূষণজনিত স্বাস্থ্য সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ। ২৬ জুলাই শনিবার লং আইল্যান্ড, নিউ ইয়র্ক সিটি মেট্রো, লোয়ার হাডসন ভ্যালি, আপার হাডসন ভ্যালি এবং অ্যাডিরন্ড্যাকস এলাকায় এই সতর্কতা জারি করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নিউ ইয়র্ক রাজ্যের পরিবেশ সংরক্ষণ এবং স্বাস্থ্য বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এই সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, এই অঞ্চলগুলোর বায়ুমান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

কানাডার দাবানলের কারণে হাজার হাজার মানুষকে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হয়েছে। সেখানকার ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়ায় বিভিন্ন এলাকায় বায়ু দূষণ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

শনিবার নিউ ইয়র্ক রাজ্যের বেশিরভাগ এলাকায় বায়ু মান সূচক ১০০ এর ওপরে থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সূচক ১৩৫ পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে। নিউ ইংল্যান্ডের কিছু অংশেও সতর্কতা জারি করা হয়েছে।বায়ুমান সূচক বাতাসে দূষণের তীব্রতা পরিমাপ করে এবং স্বাস্থ্যঝুঁকি নির্ধারণ করে। সূচক যত বেশি হয়, বাতাস ততই শ্বাস নেওয়ার জন্য অনিরাপদ হয়ে ওঠে।

এটি প্রথমবার নয় যে, কানাডার দাবানলের ধোঁয়ার কারণে মার্কিন কর্তৃপক্ষ বায়ুমান সতর্কতা জারি করেছে।

জুলাইয়ের মাঝামাঝি সময়ে শিকাগোর জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয়েছিল।

এই দাবানলের ধোঁয়ার রাজনৈতিক প্রভাব ওয়াশিংটন পর্যন্ত পৌঁছেছে। জুলাইয়ের শুরুতে কংগ্রেসের ছয়জন সদস্য কানাডার রাষ্ট্রদূতকে চিঠি দিয়ে অভিযোগ জানান যে দাবানলের ধোঁয়া আমেরিকানদের জন্য গ্রীষ্ম উপভোগ করা কঠিন করে তুলছে।

বর্তমানে কানাডায় ৫৫০টিরও বেশি সক্রিয় দাবানল রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মনিটোবা প্রদেশে রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গত এক বছরে দেশজুড়ে ৬.১ মিলিয়ন হেক্টর (১৫ মিলিয়ন একর) জমি দাবানলে পুড়ে গেছে।

মে ও জুন মাসের দাবানলে সাসকাচোয়ান এবং মনিটোবা প্রদেশে প্রায় ৩০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করে।

বিজ্ঞানীরা দাবানলের ঋতু ক্রমাগত তীব্রতর হওয়াকে জলবায়ু পরিবর্তনের সঙ্গে নিয়মিতভাবে সংযুক্ত করে আসছেন। এছাড়া বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, কানাডা বিশ্ব গড় হারের দ্বিগুণ হারে উষ্ণ হচ্ছে এবং এর আর্কটিক অঞ্চলগুলো বিশ্ব গড় হারের প্রায় তিনগুণ হারে উত্তপ্ত হচ্ছে।

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম 

সোমবার রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় সনদ পাঠানো হবে : আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক:

রাষ্ট্র সংস্কার নিয়ে চলমান সংলাপের সমাপ্তি টানা এখন কমিশনের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।তিনি বলেছেন, আমাদের লক্ষ্য জাতীয় সনদে স্বাক্ষর করা। সনদের প্রাথমিক খসড়া কমিশন তৈরি করেছে। ২৮ জুলাই সোমবারের মধ্যে সে খসড়া দলগুলোকে পাঠানো হবে। মতামত দিলে সেটা সন্নিবেশিত করা হবে।

২৭ জুলাই রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন আলী রীয়াজ। আজকের দিনের আলোচ্য সূচি—রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত মূলনীতি এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। চলমান এই সংলাপে আওয়ামী লীগ এবং তাদের মিত্র জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিকরা ছাড়া ৩০টি দল অংশ নিচ্ছে।

খসড়া নিয়ে সংলাপে আলোচনা করা হবে না জানিয়ে আলী রীয়াজ বলেন, যদি বড় রকমের মৌলিক আপত্তি ওঠে তাহলে আলোচনায় আনব, না হলে আনব না। আপনাদের পক্ষ থেকে মতামত দেওয়া হলে তা সন্নিবেশিত করে প্রাথমিক সনদে… সেখানে ভূমিকা পটভূমি থাকবে এবং কমিটমেন্টের জায়গা থাকবে। জাতীয় সনদ স্বাক্ষরের জন্য সংলাপে একটি দিন বরাদ্দ করা হবে।

আলোচনা ৩১ জুলাইয়ের মধ্যে শেষ করা হবে জানিয়ে তিনি বলেন, ১০টি বিষয়ে আমরা ঐকমত্যে এসেছি। ৭টি বিষয় অসমাপ্ত আছে, ৩টি বিষয়ে আলোচনা হয়নি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় সংলাপে উপস্থিত আছেন ঐকমত্য কশিনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আইয়ুব মিয়া।

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম 

২০২৪ সালে বিএনপির আয় ১৫ কোটি ৬৫ লাখ, ব্যয় ৪ কোটি ৮০ লাখ টাকা

আলোকিত প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে ২০২৪ সালের আয় ও ব্যয়ের হিসাব জমা দিয়েছে। ওই হিসাবে আয় দেখানো হয়েছে ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা। আর ব্যয় দেখানো হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২০ টাকা। এছাড়াও ব্যাংকে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা জমা রয়েছে বলে উল্লেখ করা হয়।

২৭ জুলাই রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে হাজির হয়ে ইসি সচিব আখতার আহমেদের কাছে বিএনপির এই আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা দেয় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দল।

পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, ‘যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, তারা নির্বাচন বানচালে চক্রান্ত করতে পারে। সেগুলো সরকারকে মোকাবিলা করতে হবে। জনগণ প্রত্যাশা করে একটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করবে বর্তমান কমিশন।’ অতীতে মেরুদণ্ডহীন লোকদের নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে আওয়ামী লীগ কারচুপির ভোট করেছিল বলেও অভিযোগ করেন রিজভী।

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় রয়েছে।’ তাই বর্তমান কমিশন সুষ্ঠু নির্বাচন করবে বলেও প্রত্যাশা বিএনপির এই জ্যেষ্ঠ নেতার।

এর আগে ২৬ জুলাই শনিবার  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, আগামীকাল ২৭ জুলাই  রবিবার বিএনপির একটি প্রতিনিধি গত পঞ্জিকা বছরের (২০২৪ সাল) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য নির্বাচন কমিশনে আসবে।

গত ৭ জুলাই ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের চিঠি দেওয়া হয়নি।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব দলগুলোকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী পর পর তিন বছর দলের আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে।

বর্তমানে ইসিতে আওয়ামী লীগসহ নিবন্ধিত দল ৫১টি হলেও আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ৫০টি দলকে চিঠি দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই ২০২৫/মওম 

ক্রীড়া ও ভাষা শিক্ষাকে বাধ্যতামূলক করতে চায় বিএনপি: আমিনুল হক

ইমরান হোসেন:
বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি স্কুলে পাঠ্যবইয়ে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে এবং শিক্ষা ব্যবস্থায় আনা হবে আমূল পরিবর্তন—এ কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার দুপুরে মিরপুর গার্লস আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পল্লবী ও রূপনগর থানার এসএসসি/সমমান পরীক্ষায় ২০২৫ সালে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আমিনুল হক তার নিজস্ব ব্যবস্থাপনায় ঢাকা-১৬ এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ, ক্রেস্ট, ডায়েরি ও নগদ অর্থ বিতরণ করেন।
তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেখানে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনের কথা বলা হয়েছে। প্রত্যেকটি স্কুলে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষাও পাঠ্যসূচিতে যুক্ত করা হবে।”
খেলার মাঠ না থাকা স্কুলে অবকাঠামো নির্মাণের কথাও উল্লেখ করে তিনি বলেন, “শারীরিক ও মানসিকভাবে সুস্থ প্রজন্ম গড়তে খেলাধুলার বিকল্প নেই। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলার সুযোগ তৈরি করতে হবে।”
শিক্ষার সার্বজনীনতা নিয়ে আমিনুল হক বলেন, “আমাদের শিক্ষাব্যবস্থা এখনো নিম্নআয়ের মানুষের জন্য সহজলভ্য নয়। বিএনপি ক্ষমতায় গেলে সেই বৈষম্য দূর করে শিক্ষাকে সবার নাগালের মধ্যে নিয়ে আসবে।”
অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন, পল্লবী-রূপনগর এলাকার চারটি কলেজে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা ভর্তি হলে কোনো ভর্তি ফি দিতে হবে না এবং ফল ধরে রাখতে পারলে মাসিক বেতনও মওকুফ করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নিজের লক্ষ‌্য নির্ধারণ করে কঠোর পরিশ্রম করলে সফলতা আসবেই। সততা ও নিষ্ঠার সঙ্গে এগিয়ে গেলে আল্লাহর রহমত সঙ্গে থাকবে।”
অনুষ্ঠানে মাইলস্টোন স্কুলের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
স্বৈরাচার ও শিক্ষার দলীয়করণের সমালোচনা করে আমিনুল হক বলেন, “গত ১৭ বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ ও রাজনৈতিক প্রভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। বিএনপি এসব প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে চায়।”
তিনি আরও বলেন, “এদেশের মানুষ গত ১৫ বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছি, যার মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে।”
শেষে তিনি বলেন, “আমরা সকলের সহযোগিতায় একটি মানবিক, মাদকমুক্ত ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই।”
পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক ও স্কুলের বিদ্যুৎহিতৈষী সদস্য মোকছেদুর রহমান আবিরের সঞ্চালনায় পল্লবী মাজেদুল ইসলাম মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদ উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মীরপুর গার্লস আইডিয়াল কলেজের সভাপতি অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের হিতৈষী সদস্য ইয়াছিন আলী, অধ্যাপক সালমা আক্তার, মীরপুর গার্লস আইডিয়াল কলেজের অধ্যক্ষ ডক্টর মোস্তারী আহমেদ। উপস্থিত ছিলেন বিএনপি ঢাকা মহানগর উত্তর যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিম এর সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

ভুল ট্রেনে উঠে সংঘবদ্ধ ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩

প্রতিনিধি,টাঙ্গাইল:
টাঙ্গাইলের এক যুবতীকে (২২) গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। ২৬ জুলাই শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত  নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। গ্রেপ্তারকৃতরা পেশায় সিএনজি চালক।
পুলিশ জানায়,,২৫ জুলাই শুক্রবার রাতে ওই যুবতি ব্রাক্ষ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে  রাজধানী  ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়েন। এক পর্যায়ে  তিনি ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে অন্যযাত্রীদের কাছে জানতে পারেন তিনি   টাঙ্গাইলে এসে পড়েছেন। পরে ওই যুবতী  রাত সাড়ে ১২ টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন। এসময় তিনি  স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশের এক সদস্য সিএনজি চালক দুলালকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেয়ার কথা বলেন। এ সময় ওই যুবতীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পিছনে কাঠবাগানে নিয়ে দুলাল ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়ার অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া এবং সজিব খান তাকে ধর্ষণ  করে।
এ ঘটনার পর ওই যুবতী শনিবার  ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানালে তারা থানা পুলিশকে জানায়। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন,বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি এবং আমাদের সহযোগিতায় থানা পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হবে।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শহিদুল্লাহ সরকার: 
২৬শে জুলাই শনিবার দুপুরে আশুলিয়া মডেল টাউন ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের গুরুত্বপূর্ণ দিকসমূহ তুলে ধরা হয়, যা তাদের একাডেমিক যাত্রার সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রহিম আফরোজ বাংলাদেশ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম। এসময় ইস্টার্ন ইউনিভার্সিটির চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, মনিরুজ্জামান মোল্লা, সাবেক চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ ইঞ্জিনিয়ার,খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয় কালচার ক্লাবের পরিচালনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও প্রতিভার অনন্য প্রকাশ ঘটায়। এটি ছিল ২০২৫ শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে এক আনন্দমুখর ও অনুপ্রেরণাদায়ক দিন। অনুষ্ঠানে নবাগত এবং বর্তমান শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন কলেজের অধ্যক্ষ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং নবাগত শিক্ষার্থীদের অনেক অভিভাবক এসময় উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

বনবিভাগের জায়গা নিয়ে এসিল্যান্ডের বিরোধ:বজ্রকন্ঠে ধমকের সুরে শাসাচ্ছেন ডিএফওসহ বন কর্মকর্তাদের 

নিজস্ব প্রতিবেদকঃ
রামুতে  বনবিভাগের নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ নিয়ে প্রকাশ্যে উপজেলা প্রশাসন এবং বনবিভাগে তুমুল বাগবিতণ্ডা  নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের মাঝে  চরম ক্ষোভ তৈরি হয়েছে।
প্রতিবেদকের হাতে আসা ৪৮ সেকেন্ড এর একটি ভিডিওতে দেখা গেছে, রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ জাহিদ রাতুল বজ্রকন্ঠে ধমকের  সুরে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)র মো. নূরুল ইসলাম ও কক্সবাজার সদর রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক সহ বনকর্মীদের শাসিয়ে  কথা বলতেছেন। প্রকাশ্যে স্থানীয় বাসিন্দা, পর্যটক, গণমাধ্যম কর্মীর  সামনে এসিল্যান্ড এবং বনকর্মীদের মধ্যে  বাগবিতণ্ডা চলে। পরে কক্সবাজার জেলা প্রশাসনের হস্তক্ষেপে বাগবিতণ্ডা থামেন। তবে এসিল্যান্ড এর আচরণ নিয়ে শুক্রবার দুপুরের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের মাঝে  চরম ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে কক্সবাজারের পর্যটন স্পষ্ট হিমছড়ি এলাকায়।
ঘটনার সময় ঘটনাস্থলে অবস্থান করা কয়েকজন গণমাধ্যম কর্মী জানিয়েছেন, যেই পরিমাণ এসিল্যান্ড মারমুখী আচরণ করেছে সেক্ষেত্রে  বনকর্মীরা ক্ষিপ্ত হলে দুই ডিপার্টমেন্টের মধ্যে বড় ধরনের সংঘাত হত।

সূত্র বলছে, মেরিন ড্রাইভে হিমছড়ি ঝর্ণাকে কেন্দ্র করে বনবিভাগের অধিনে হিমছড়ি জাতীয় ‍উদ্যান, বনবিভাগের প্রশিক্ষণ কেন্দ্র নিসর্গ এবং রামু উপজেলা প্রশাসনের অধিনে হিমছড়ি বাজার, পার্কিং, পাবলিক টয়লেটকে ঘিরে আশে-পাশের জায়গা নিয়ে এমন বিরোধের সৃষ্টি হয়েছে। যা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম সোহেল জানিয়েছেন, হিমছড়ি ঝর্ণাটি বনবিভাগের পক্ষে ইজারা প্রদান করা হয়। আর এই ঝর্ণার সামনের বাজার, পার্কিং ইজারা প্রদান করে রামু উপজেলা প্রশাসন। হিমছড়ি বাজারের পূর্বে গত ৪ বছর আগে এনজিওর অর্থায়নে একটি পাবলিক টয়লেট রয়েছে। যা প্রতি বছর ইজারা দেন উপজেলা প্রশাসন। সম্প্রতি পর্যটন স্পট ঝর্ণার কিছু সংস্কার কাজ শুরু করে বনবিভাগ। এ সংস্কারের অংশ হিসেবে নতুন গেইট নিমার্ণের জন্য পাবলিক টয়লেটের কিছু অংশ বৃহস্পতিবার সকালে ভেঙ্গে দেয় বনবিভাগ। বিষয়টি অবহিত হওয়ার পর রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি ঘটনাস্থলে এসে টয়লেট ভেঙ্গে দেয়ার কারণ জানতে চায় বনবিভাগের কর্মকর্তার কাছে। বনবিভাগ গেইট নিমার্ণের প্রয়োজন এবং টয়লেটটি বনবিভাগের জমিতে রয়েছে বলে দাবি করেন। এরপর সহকারি কমিশনার ভূমি হিমছড়ি ঝর্ণার উত্তর পাশে বনবিভাগের প্রশিক্ষণ কেন্দ্র নিসর্গর পাশে অবস্থিত কিছু স্থাপনা ১ নম্বর খাস খতিয়ানের দাবি করে  ভাঙচুর চালায়।  বিষয়টি জানাজানির পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ঘটনাস্থলে গেলে তর্কের সৃষ্টি হয়।

কক্সবাজার রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. হাবিবুল হক জানান, নিসর্গ পুরোটাই বনবিভাগের ২ নম্বর খতিয়ানের অধিনে। যেখানে থাকা বন পাহারার গোল ঘর, ঘেরা-বেড়া, হিমছড়ি জাতীয় উদ্যানের সাইনবোর্ডটি ভেঙ্গে দিয়েছেন সহকারি কমিশনার ভূমি। অথচ দীর্ঘদিন ধরে বনবিভাগের জমিতে পাবলিক টয়লেটটি পরিচালিত হলেও কোন হস্তক্ষেপ করা হয়নি। ঝর্ণার প্রবেশ গেইট নিমার্ণের কারণে তার কিছু অংশ ভাঙ্গতে হয়েছে। তিনি আরো বলেন, গেজেট নোটিফিকেশন মূলে রিজার্ভ ফেরস্ট এবং প্রটেক্টেড এরিয়া হিসাবে ঘোষিত।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানিয়েছেন, শত ভাগ বনবিভাগের জমিতে সহকারি কমিশনার ভূমি ভাংচুর করেছে। এতে বনবিভাগের ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে যাওয়ার পর প্রকাশ্যে অপদস্থ করা হয়েছে। বিষয়টি ইতিমধ্য উর্ধ্বতন মহলকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে জেলা প্রশাসক উদ্যোগ গ্রহণ করেছে। কি করে দেখা যাক। না হয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন মহল নিদের্শ প্রদান করেছেন।

এ প্রসঙ্গে রামু উপজেলার সহকারি কমিশনার ভূমি মো. সাজ্জাদ জাহিদ রাতুলের মুঠোফোনে একাধিক ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এমনকি প্রতিবেদকের পরিচয় নিশ্চিত করে হোয়াটসঅ্যাপ এসএমএস দিলে কোন সাড়া মিলেনি।

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানিয়েছেন, এখানে বনবিভাগে এবং প্রশাসন উভয় পক্ষের জায়গা রয়েছে। আমরা উভয় পক্ষে সরকারের স্বার্থে কাজ করছি। বিষয়টি নিয়ে সহকারি কমিশনার ভূমির সাথে বনভিাগের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। আমি জানার পর ঘটনাস্থলে গিয়ে এর নিরসন করেছি। তিনি বলেন, এখানে বিরোধের কিছু না। উভয় পক্ষ তো সরকারের জন্য কাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আসা একটু বিব্রতকর বলে জানান তিনি।

এদিকে রামুর এসিল্যান্ডের এমন মারমুখী আচরণ জাতীয় টেলিভিশন, বিভিন্ন  গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নেট দুনিয়ায়  ভাইরাল হয়।ঘটনাটি জনগণের মাঝে চরম ক্ষোভ বিরাজ করেছে। অবিলম্বে তারা এসিল্যান্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনের তড়িৎ হস্তক্ষেপ কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

দেশের সাধারণ মানুষ তো জানেই না, আনুপাতিক পদ্ধতি আসলে কী: মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:
বাংলাদেশে এখন নির্বাচন এবং রাষ্ট্রব্যবস্থাকে ঘিরে জগাখিচুড়ি পরিস্থিতি সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু রাজনৈতিক দল এখন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (পিআর) নির্বাচনের কথা বলছে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষ তো জানেই না—এই পদ্ধতি আসলে কী। এমনকি যারা এ পদ্ধতির পক্ষে মত দিচ্ছেন, তাদের অনেকেও এ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন না।’
২৬ জুলাই শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই বিপ্লব: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের সাধারণ মানুষ জানে, একটি রাজনৈতিক দল একজন প্রার্থী দেবে, সেই প্রার্থীর প্রতীক হবে—ধানের শীষ, কলাপাতা, দাঁড়িপাল্লা কিংবা অন্য কিছু। মানুষ তাকে ভোট দেবে, এবং সে প্রতিনিধি নির্বাচিত হবে। এখন কেউ কেউ বলছেন, নির্বাচন আনুপাতিক হারে হওয়া উচিত। কিন্তু “আনুপাতিক” বলতে কী বোঝায়—সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে বেশিরভাগই বলতে পারবে না।’
তিনি আরও বলেন, ‘আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, যারা বিষয়গুলো বোঝার চেষ্টা করি, তারা জানি—ভোট হবে, জনগণ ভোট দেবে, যে দল বেশি ভোট পাবে, তারা পার্লামেন্টে যাবে। কিন্তু আমাদের সমাজে মানুষ একজন প্রতিনিধি খোঁজে, একটি নেতৃত্ব খোঁজে, যার কাছে তার প্রয়োজনীয়তা বা দাবি তুলে ধরতে পারে। সেই কাঠামো আনুপাতিক পদ্ধতিতে বাস্তবায়ন সম্ভব নয়। এ কারণেই আমরা বলেছি—নিম্নকক্ষের নির্বাচনে আমরা আনুপাতিক পদ্ধতির চিন্তা করি না।’

বিএনপির নেতাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘দল পরিচালনায় যারা আসবেন, তাদের সৎ ও আদর্শবান হতে হবে। জিয়া পরিষদ যখন গঠিত হয়, তখন এর মূল উদ্দেশ্য ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও আদর্শ তুলে ধরা। আমি পরিষদের সঙ্গে যখন কথা বলি, বারবার বলি—আপনাদের দায়িত্ব শুধু স্লোগান দেওয়া নয়। আপনাদের কাজ জিয়াউর রহমানের দর্শন এবং চিন্তা গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করে জনগণের সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ প্রজন্মকে তা জানানো।’

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, ‘আজ গোটা জাতি এক গভীর সংকটে। এখন আমরা গণতন্ত্রে উত্তরণের পথ খুঁজছি। আওয়ামী লীগ যেভাবে দেশের ক্ষতি করেছে, তা সহজে পূরণযোগ্য নয়। তারা বিচারব্যবস্থা, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য—সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। শুধু তা-ই নয়, রাজনৈতিক দলগুলোকেও দুর্বল করে দিয়েছে।’

ফখরুল বলেন, ‘দীর্ঘ ১৫ বছর ধরে দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রপন্থী রাজনৈতিক দলগুলোর কাঠামোকে ভেঙে ফেলা হয়েছে। অর্থনীতিকেও চরমভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এখন যে অন্তবর্তীকালীন সরকার ড. ইউনূসের নেতৃত্বে কাজ করছে, তারা একটি সংস্কারমুখী কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে, যা গণতন্ত্র ফিরিয়ে আনতে সহায়ক হবে—আমরা আগে থেকেই এ প্রয়োজনটা উপলব্ধি করেছি। আমাদের এমন একটি রাষ্ট্রকাঠামো তৈরি করতে হবে, যেখানে ঘুষ-দুর্নীতির সুযোগ না থাকে।’ ২০১৬ সালেই আমরা বলেছিলাম—কীভাবে একটি কার্যকর সংস্কারের মাধ্যমে দেশে পরিবর্তন আনা সম্ভব। এখন সংস্কার নিয়ে যে আলোচনা হচ্ছে, আমরা অনেক আগেই তা বলেছিলাম। উচ্চকক্ষসহ সংসদ কাঠামো, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার—সবই আমাদের প্রস্তাবে ছিল।’

তিনি বলেন, ‘২০২২ সালে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছিলেন, যেখানে রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরা হয়েছিল। সংস্কার রাতারাতি সম্ভব নয়। কেউ কেউ ভাবেন—দুই-চারটি বৈঠক করে জনগণকে বার্তা দিলেই সংস্কার হয়ে যাবে। বাস্তবতা তা নয়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি ধাপে ধাপে বাস্তবায়ন করতে হয়। কাল সকালে আপনি চাইলে পুলিশ ঘুষ খাওয়া বন্ধ করে দেবে—এমনটা আশা করা অবাস্তব।’

আমলাতন্ত্রকে উন্নয়নের পথে অন্যতম বড় বাধা উল্লেখ করে তিনি বলেন, ‘আমলাতন্ত্র এখন উন্নয়নের পথে অন্যতম প্রধান প্রতিবন্ধক। রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে শিক্ষা ও সচেতনতাকে কেন্দ্র করে দেশ পরিচালনায় অংশ নেওয়া। আমাদের যখন নির্বাচনের কথা বলি, অনেকে বলেন—বিএনপি শুধু নির্বাচন চায়। কিন্তু কেন চাই? কারণ, জনগণের প্রতিনিধি নির্বাচিত না হলে পার্লামেন্টে যাবে কীভাবে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসন প্রতিষ্ঠা হবে কোথা থেকে? বিদেশ থেকে ভাড়া করে আনা কিছু মানুষ দিয়ে দেশ চালানো যায় না।’

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

ইতালির রাস্তায় মুখ থুবড়ে পড়ে বিমান: আগুন ধরে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক:
সড়কে দুরন্ত গতিতে ছুটছিল গাড়ি। আচমকই সেখানে মুখ থুবড়ে পড়ে ছোট আকারের একটি উড়োজাহাজ এবং সঙ্গে সঙ্গেই তাতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি এ দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ওই দুর্ঘটনায় বিমানের চালক এবং তাঁর সঙ্গিনী, অর্থাৎ একমাত্র যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। এছাড়া দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাওয়ার সময়ে আহত হয়েছেন দু’টি গাড়ির চালকও। তবে তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল।

উত্তর ইতালির লম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের একটি হাইওয়েতে ঘটেছে এই কাণ্ড। মঙ্গলবার সকালে ব্যস্ত সেই হাইওয়েতে প্রচণ্ড গতিতে আছড়ে পড়ে ইতালির একটি ফ্রেসিয়া আরজি আল্ট্রালাইট উড়োজাহাজ। ভিডিয়োতে দেখা গেছে যে রাস্তায় ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে গিয়েছে।

বিমান বিধ্বস্তের পর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বিমানের চালক সার্জিও রাভাগলিয়া (৭৫) এবং তার বান্ধবী অ্যান মারি ডি স্টেফানো’র (৬০)। সার্জিও পেশায় আইনজীবী এবং শৌখিন পাইলট ছিলেন। তিনি এবং অ্যান উভয়েই লম্বার্দির রাজধানীশহর মিলানের বাসিন্দা ছিলেন।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে,  সড়কে বিমানটিকে জরুরিকালীন অবতরণ করানোর চেষ্টা করছিলেন পাইলট। কিন্তু তার পরিবর্তে বিমানটি ভেঙে পড়ে রাস্তায়। ভিডিয়োতে দেখা গিয়েছে, দুর্ঘটনার মুহূর্তে জ্বলন্ত বিমানটির পাশ দিয়ে দ্রুত গতিতে ছুটে যাওয়া কয়েকটি গাড়ি। সেগুলোর মধ্যে দু’টি গাড়ির চালক আহত হয়েছেন।

বিমান ভেঙে পড়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং দমকলবাহিনী। যও তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে বিমানটি। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই ঘটনার তদন্ত শুরু করেছে। বিমানটির রক্ষণাবেক্ষণের নথি খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, গত জুন মাসে অহমদাবাদের লোকালয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। সেটির গন্তব্য ছিল লন্ডনের অদূরে গ্যাটউইক । ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ২৬০ জনের। নিহতদের মধ্যে বিমানটির যাত্রী ছিলেন ২৪১ জন।

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ইচ্ছুক ব্রা‌জিল

আলোকিত প্রতিবেদক:

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে একটি বাণিজ্য চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গালিপোলো।

ব্রাজিলে নবনিযুক্ত বাংলা‌দেশের রাষ্ট্রদূত মো. তৌহিদুল ইসলামের সঙ্গে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক বৈঠকের পর প্রেসিডেন্ট এ আগ্রহের কথা জানান। ২৬ জুলাই শনিবার ব্রাজিলের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞ‌প্তিতে এ তথ্য জানায়।বিজ্ঞ‌প্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে বর্তমান বার্ষিক বাণিজ্যের পরিমাণ চার বিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বিশেষত যুক্তরাষ্ট্র উভয় দেশের ওপর যে উচ্চ শুল্ক আরোপ করতে চলেছে, এ কারণে এমন প্রেক্ষাপটে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য সমঝোতার প্রয়োজনীতা রাষ্ট্রদূত বিস্তারিতভাবে তুলে ধরেন।

তিনি উভয় দেশের পারস্পারিক আরোপিত ট্যারিফ কমিয়ে আনা, এলসি খোলার সমস্যা সমাধানসহ দ্বি-পাক্ষিক বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সম্ভাব্য একটি বাণিজ্য চুক্তির রূপরেখা প্রণয়নে একটি ধারণাপত্র উপস্থাপন করেন।

প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল শিগ‌গিরই ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশকে একটি বাণিজ্য চুক্তির সমঝোতা স্মারকের খসড়া পাঠাবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়। ধারণাপত্রে সন্নিবিষ্ট তথ্যের পাশাপাশি দেওয়া অন্যান্য বিষয়াবলী অর্ন্তভুক্ত থাকবে।

দূতাবাস বল‌ছে, এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি ঐতিহাসিক সুযোগ। বিশ্বব্যাপী বাণিজ্য সংকোচনের প্রেক্ষাপটে এলডিসি পরবর্তী বাংলাদেশের বাণিজ্যিক চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলের এগিয়ে আসা দেশের অর্থনীতির জন্য একটি অনন্য সুযোগ এবং সম্ভাবনা সৃষ্টি করেছে।

সব  ঠিকঠাক থাকলে এ বছরের শেষের দিকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল-বাংলাদেশ বাৎসরিক দ্বি-পক্ষীয় বৈঠকে এ চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভবনা রয়েছে।

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই ২০২৫/মওম