আজ , ।   
Home Blog Page 333

নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না : প্রেস সচিব

আলোকিত প্রতিবেদক:

আগামী পাঁচ-ছয়টা দিন খুবই ক্রুসিয়াল উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নির্ধারিত সময়েই হবে, একদিনও দেরি হবে না।

৩১ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, একটা বিষয়ে নিশ্চিত থাকেন ইলেকশন (নির্বাচন) দেরি হবে না। ইলেকশন প্রফেসর ইউনূস যে সময় বলেছেন, তার থেকে একটা দিনও দেরি হবে না।

প্রেস সচিব বলেন, তিনি (ড. ইউনূস) প্রথমে বলেছিলেন এপ্রিলের প্রথমে। তারপর আমরা লন্ডনে বলেছি যদি অনেকগুলো সংস্কার হয় কাজগুলো এগিয়ে যায় সেক্ষেত্রে এটা ফেব্রুয়ারিতে হবে। আমরা সেই জায়গায় এখনো আছি। এটা একটা দিনও দেরি হবে না।

তিনি বলেন, যাই হোক না কেন, যেভাবেই জুলাই সনদ হোক না কেন এটার প্রভাব গিয়ে ইলেকশনে পড়বে না। ইলেকশন তার সময় মতো হয়ে যাবে। এটুকু আমরা বলতে পারি। এ বিষয়ে প্রফেসর ইউনূস খুবই দৃঢ়ভাবে তার অবস্থান এখানে এবং পুরো কেবিনেটের এখানে দৃঢ় অবস্থান।

প্রেস সচিব আরও বলেন, আমাদের কেবিনেটে যারা আছেন, তারা আগে অনেক কাজে নিয়োজিত ছিলেন। তারা তাদের পুরোনো কাজে ফিরে যেতে চাচ্ছেন।

তিনি বলেন, আমাদের এক বছর হয়ে গেলো। আমরা কতটুকু সফল, কতটুকু ব্যর্থ আপনারা জাজ করবেন। কিন্তু আমার মনে হয়, আমরা যে ভয়ানক রকমের একটা ভূমিকম্পে.. মানে ভূমিকম্পে যেমন একটা দেশ ছারখার হয়ে যায়, সেরকম একটা দেশকে আমরা পেয়েছি। সেই জায়গায় এই সরকার চেষ্টা করেছে, দেশটাকে আবার গ্রোথের জায়গায় ফিরিয়ে আনতে। সেই জায়গায় আমি মনে করে এই অন্তর্বর্তী সরকার খুবই সফল।

শফিকুল আলম বলেন, সব মন্ত্রণালয়ে কাজ হয়েছে। আমি বলবো খুবই সিরিয়াস কাজ হয়েছে। বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমি মনে করি এগুলো খুবই যুগান্তকারী পদক্ষেপ। এ কাজগুলো সামনে আরও সাহায্য করবে।

তিনি বলেন, বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা আইন ছিল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট। বাংলাদেশের ইতিহাসে এর থেকে বাজে ল (আইন) আসেনি। এটা ছিল বাংলাদেশের মহাচুরির বন্দোবস্তের একটা ল। একটা ল-কে সামনে রেখে এত চুরি.. আমরা রিপোর্ট করেছি লাখ কোটি টাকা চুরি হয়েছে এই একটিমাত্র ব্লক ব্যবহার করে। আমি আর আমার দুলাভাই মিলে সিদ্ধান্ত নেবো, কোথায় কে কোনটা কাজ পাবে। কোনো ট্রেন্ডার প্রসেস নেই, আইনের প্রতি মিনিমাম কোনো নজর নেই। ওই আইনটা বাতিল করা হয়েছে আমাদের দায়িত্ব নেওয়ার ১০ দিনের মাথায়। আমরা প্রতিদিন নতুন নতুন সিদ্ধান্ত নিচ্ছি।

শফিকুল আলম আরও বলেন, পুলিশ আমাদের একটা ডকুমেন্ট দিয়েছে ২১ পাতার, কী কী কাজ করেছে। আপনি গত এক বছরে পুলিশকে দেখেছেন মারণাস্ত্র ব্যবহার করতে। আগে কলোনিয়ান একটা ক্রাউড কন্ট্রোলের ল ছিল, সে অনুযায়ী করতো। এখন আমরা যেটা করেছি আন্তর্জাতিকভাবে যেটা গ্রহণযোগ্য, ইউএন (জাতিসংঘ) যেটা বলে সেই কাজটা করছি।

প্রেস সচিব বলেন, আমাদের বড় একটা সাফল্য স্থিতিশীলতা আনা। ভয়ঙ্কার রকমের একটা দুর্যোগের থেকে একটা দেশকে স্থিতিশীলতায় আনা খুবই কষ্টসাধ্য একটা কাজ। এই সরকার সেটা করতে পেরেছে। আপনারা অনেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেন। আমরা পুলিশকে বলেছি- আপনার যা পরিসংখ্যান আছে সবাইকে দেন। এটা যদি দেখায় ডাকাতি বাড়ছে, দেখুক। আমাদের গোপন করার কিছু নেই।

তিনি বলেন, আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখছি, স্থিতিশীল অবস্থায় আছে। হ্যাঁ, একটা-দুইটা হঠাৎ জঘন্য খুন দেখে অনেকে আঁতকে উঠছেন, বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আমি আপনাদের বলবো পরিসংখ্যান দেখেন। আমি বলবো আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা স্থিতিশীল অবস্থায় আসছে এবং সামনে আরও উন্নতি হবে। পুলিশের আত্মবিশ্বাস বাড়ছে ।

প্রেস সচিব আরও বলেন, প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকার এই দেশটাকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে এসেছে। মূল্যস্ফীতি ৮ শতাংশের কাছাকাছি এসেছে। মূল্যস্ফীতি কমিয়ে আনা কত বড় কষ্টসাধ্য বিষয় অনেকে এটা বুঝতে পারেন না। মূল্যস্ফীতি আটকে থাকলে তাকে নিচে নামিয়ে আনা খুবই কষ্টসাধ্য বিষয়। এই সরকার সেটা বাস্তবায়ন করতে সফল হয়েছে।

তিনি বলেন, টাকা-ডলারের বিনিময় হার স্থিতিশীল হয়েছে। রিজার্ভ বাড়ছে। রিজার্ভ বাড়ার জন্য অবশ্যই আমরা আমাদের প্রবাসী ভাইদের ক্রেডিট দেই। বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে, সেটা রিজার্ভ বাড়তে সাহায্য করেছে। এনবিআরে আমরা হস্তক্ষেপ করে কিছু সংস্কার এনেছি। এনবিআরের সংস্কারের সুফল সামনে সবাই পাবেন। বিডাতে আমরা সংস্কার এনেছি, এটা সুফল আসতে শুরু করেছে। আমরা মনে করি আগামী সরকারের আমলে বিদেশ থেকে খুব ভালো বিনিয়োগ আসবে।

আলোকিত প্রতিদিন/৩১জুলাই ২০২৫/মওম 

সাভারের বিরুলিয়া ইউনিয়ন ঢাকা ২ আসনে অন্তর্ভুক্ত করায় ভোটাররা ক্ষোভ প্রকাশ করেন

শহিদুল্লাহ সরকার:
সাভারের বিরুলিয়া ইউনিয়ন ঢাকা ২ আসনে অন্তর্ভুক্ত করায় বিরুলিয়ার ভোটাররা ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা বিরুলিয়াবাসী ঢাকার পাশ্ববর্তী এলাকায় ১৯ আসনে ছিলাম ভালো ছিল, কিন্ত নির্বাচন  কমিশন সংসদীয় আসনের সীমানা নির্ধারন করে আমাদের চর এলাকায় কেরানীগঞ্জের সাথে সংযুক্ত করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাই, বিরুলিয়া ইউনিয়ন কে ঢাকা ১৯ আসনে পুর্ণ বহাল রাখতে প্রধান নির্বাচন কমিশন কে আহবান জানান।
আলোকিত প্রতিদিন/৩১জুলাই ২০২৫/মওম 

উরুগুয়েকে ৫-১ গোলে বিধ্বস্ত করে কোপা ফাইনাল ও অলিম্পিকে ব্রাজিল

আগেরদিন গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। আগামী শনিবার দিবাগত রাতে কোপার শিরোপা নির্ধারণী ফাইনালে লড়বে ব্রাজিল ও কলম্বিয়ার মেয়েরা। অবশ্য এই দুটি দেশই গ্রুপপর্বে একসঙ্গে ছিল, পরস্পরের দেখায় খেলার নিষ্পত্তি হয় ড্র দিয়ে। এখন পর্যন্ত উভয় দলই অপরাজেয়। ব্রাজিল ৫ ম্যাচের চারটিতে (আরেকটি ম্যাচ ড্র) এবং কলম্বিয়া তিন ম্যাচে (ড্র দুটিতে) জিতেছে।

প্রথমার্ধেই ব্রাজিলিয়ান মেয়েরা জয়ের কক্ষপথ তৈরি করে ফেলেছিল। আর্থুর ইলিয়াসের শিষ্যদের সামনে উরুগুয়ান মেয়েরা ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছিলেন না। যদিও পঞ্চম মিনিটে প্রথম সুযোগটিই ছিল উরুগুয়ের সামনে। আকুইনোর ক্রসে বল পেয়ে ওয়েন্ডি কারবালো শট নেন, সেটি বেশ ভালোভাবেই ঠেকিয়েছেন ব্রাজিল গোলরক্ষক ক্লদিয়া। একাদশ মিনিটে সেলেসাও কিংবদন্তি মার্তার ক্রস আমান্দা গুতিয়েরেসের হেড হয়ে উরুগুয়ের জালে জড়ায়।

মিনিট দুয়েক বাদেই ফের ব্রাজিলের গোল। বক্সের ভেতর বল পেয়ে এবার স্কোরবোর্ডে নাম তোলেন গিও গারবেলিনি। ২৬ মিনিটে তৃতীয়বার ম্যাচে লিড নেয় ব্রাজিল। এবার কিংবদন্তি মার্তার সামনে সুযোগ করে দেয় পেনাল্টি। যেখানে তিনি সফল স্পট কিক নিয়েছেন। ৩-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটেই কিছুটা হেলেদুলে খেলতে থাকা ব্রাজিলের বিপক্ষে ব্যবধান কমায় উরুগুয়ে। যদিও তাতে ব্রাজিল ডিফেন্ডার ইসা হাসই বিব্রতকর অবস্থায় পড়েন। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে জড়ান নিজেদের জালে।

Image

উরুগুয়ের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। উল্টো ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখায় ১০ জনের দলটি আরও কোণঠাসা হয়ে পড়ে। যার সুফল পুরোপুরি আদায় করে নিয়েছে ব্রাজিল। ৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে ব্যক্তিগতভাবে দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেছেন। দুদিনিয়া ৮৬ মিনিটে ঠোকেন শেষ পেরেক, বক্সের ভেতর থেকে তার নেওয়া শট ঠেকানো কঠিন ছিল উরুগুয়ে কিপারের জন্য। স্কোরলাইন পরিণত হয় ৫–১ এ।

আলোকিত প্রতিদিন/৩০জুলাই ২০২৫/মওম 

১১ মাসেও নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়া জনগণের প্রত্যাশার পরিপন্থি: ফারুক

আলোকিত ডেস্ক:

বর্তমান সরকারের ক্ষমতায় আসার ১১ মাস পার হলেও এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি, যা জনগণের প্রত্যাশার পরিপন্থি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।

৩০ জুলাই বুধবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ফারুক বলেন, দেশের প্রতিটি গ্রামগঞ্জ, চা দোকান, মহল্লায় এখন একটি প্রশ্ন– আপনারা তো কারো পক্ষের লোক না, তাহলে কেন এখনো নির্বাচনের তারিখ ঘোষণা হচ্ছে না? শাহাবুদ্দিন আহমেদ মাত্র তিন মাসের মাথায় এরশাদের ১০ বছরের দমন-নিপীড়নের অবসান ঘটিয়ে নির্বাচন দিয়েছিলেন। কিন্তু আজ ১১ মাসেও নির্বাচন বিলম্বিত হচ্ছে।

তিনি বলেন, আমরা তো রাজনৈতিক পরিবার থেকে এসেছি। আমাদের নেতা শহীদ জিয়া দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। আমাদের নেত্রী এরশাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছেন। স্বাধীনতার ঘোষকের সন্তান ১৬টি বছর দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য কাজ করছেন। আমাদের তরুণ প্রজন্মের নেতাদেরকে দিয়ে আন্দোলন সংগ্রামকে ত্বরান্বিত করে আপনাদেরকে সহায়তা করে হাসিনাকে বিদায় করেছে। সেই ফল কি আজকে ১১ মাসে আমরা পেয়েছি?

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, জামায়াতে ইসলামী, আপনারা কোনো একসময় আমাদের বন্ধুও ছিলেন। অবহেলা করি না, করতেও চাই না। কিন্তু মনে দুঃখ হয়, যখন দিল্লির বিরুদ্ধে লড়াই করেছি, সে লড়াইয়েও আপনারা একসময় আমাদের বন্ধু ছিলেন। কিন্তু ঠিক যেই মুহূর্তে বাংলাদেশের মানুষ একটি নির্বাচনের জন্য প্রস্তুত, ঠিক সেই মুহূর্তে কিছু রাজনৈতিক দল নানা অজুহাত দিচ্ছে। কখনো বলছে পিআর, কখনো বলছে সংবিধান সংশোধন না হলে নির্বাচনে যাবে না। এসব অজুহাত জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া আর কিছু নয়।

ফারুক বলেন, বিএনপি কোনো অন্যায়ের পক্ষপাতী নয়। আমাদের কর্মীরা যদি ভুল করে, তারেক রহমান নিজে ব্যবস্থা নিয়েছেন, বহিষ্কারাদেশ দিয়েছেন। তারপরও আমাদের বদনাম দেওয়া হচ্ছে। দেশের ব্যবসা-বাণিজ্য ধ্বংস করেছে আওয়ামী লীগ-যুবলীগ।আয়োজক সংগঠনের সভাপতি ডা. এম ইসলাম বাদল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামান মনির, লায়ন সোলায়মান তালুকদার, রফিকুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/৩০জুলাই ২০২৫/মওম 

বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক:

 

১৯০০ সাল থেকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ভূমিকম্পের রেকর্ড রাখা শুরু করে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)। সেই রেকর্ড বলছে, বুধবার বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প দেখেছে রাশিয়া।

আজ বুধবার রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প এবং তারপর ৬ দশমিক ৯ এবং ৬ দশমিক ৩ মাত্রার দু’টি ‘আফটার শক’ হয়। ভূমিকম্পটির এপিসেন্টার বা উৎপত্তিস্থল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

এক বিবৃতিতে ইউএসজিএস জানিয়েছে, শক্তি ও ধ্বংসক্ষমতার বিবেচনায় কামচাটকার এই ভূমিকম্প বিশ্বের ইতিহাসে ষষ্ঠ। এর আগে ২০১০ সালে চিলিতে এবং ১৯০৬ সালে ইকুয়েডরে এই মাত্রার ভূমিকম্প হয়েছিল।

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি ইউএসজিএসের এই তথ্যের সত্যতা স্বীকার করেছেন। বিবিসিকে তিনি বলেন, “আমাদের রেকর্ড বলছে, ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পটি হয়েছিল চিলিতে। বিওবিও অঞ্চলে। ১৯৬০ সালে চিলির বিওবিও অঞ্চলে হওয়া সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ৫।”

বুধবারের ভূমিকম্পের পর সুনামির আঘাত এসেছে জাপানে। বিবিসির তথ্য অনুসারে, সুনামির পর  ৪ মিটার (১২ ফুট) উচ্চতার একের পর এক ঢেউ আছড়ে পড়ে জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোর উপকূলে। বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুসারে, রাশিয়ায় ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অঞলজুড়ে জারি করা হয়েছে সুনামি সতর্কতা।

ইতোমধ্যে জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই, লস অ্যাঞ্জেলেসে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে সাগরে সুনামি পরিস্থিতি থাকার আশঙ্কা আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় তিনি বলছেন, “ সরকারের হালনাগাদ তথ্য সম্পর্কে খোঁজখবর রাখুন। ভয় পাবেন না। দৃঢ় এবং নিরাপদ থাকুন।”

আলোকিত প্রতিদিন/৩০ জুলাই ২০২৫/মওম 

সেই বৈষম্যবিরোধী ‘সমন্বয়ক’ রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষ্যম্যবিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকার চেক ও এফডিআরের নথি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

৩০ জুলাই বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া ন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাদের মধ্যে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি পৃথক মামলা রজু প্রক্রিয়াধীন।

২৮ জুলাই সোমবার রাতে রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রায় ২০ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ।

গত ২৬ জুলাই রাজধানীর গুলশান-২ নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে গ্রেফতার হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাসহ পাঁচ জন। ওই ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয়। সিদ্দিক আবু জাফরের দায়ের করা মামলায় রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন– কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং আমিনুল ইসলাম।

এদিকে, মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। একইসঙ্গে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের চার জনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়। বর্তমানে রিমান্ডে থাকা চার জন হলেন– আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব ও মো. ইব্রাহিম হোসেন।

অন্যদিকে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদাবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন।

আলোকিত প্রতিদিন/৩০জুলাই ২০২৫/মওম 

ঘিওরে যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধি,ঘিওর (মানিকগঞ্জ):

মানিকগঞ্জের ঘিওরে “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ চাই” এবং আওয়ামী ফ্যাসিবাদ ও তাদের দোসরদের দেশবিরোধী অপতৎপরতা রোধে ঢাকা আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বানিয়াজুরী বাসস্টেশন এলাকায় বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান নান্নুর সঞ্চালনায়ে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোঃ রাজা মিয়া, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম তুহিন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক বদরুল হাসান রবিন, তরিকুল ইসলাম নাঈম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আব্দুর রাজ্জাক, বানিয়াজুরী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: নাজমুল ইসলাম নাদিম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আজমীর খান প্রমূখ। এ সময় বক্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে দেশ নিয়ে চক্রান্তকারী আওয়ামী দোসরদের প্রতিহত করার ঘোষণা দেন।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম 

ফার্মগেটে এক্সপ্রেসওয়ের পিলারে বিআরটিসি দোতলা বাসের ধাক্কা

আলোকিত ডেস্ক:

রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে সঙ্গে ধাক্কা খায়। এসময় বাসটি এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে যায়।

২৯ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ সামনের দিকে ভেঙে যায়। এ ঘটনায় একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া সংবাদমাধ্যমে বলেন, ‘‘একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।’’ বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘বিআরটিসির দুইটি দোতলা বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় সড়কে পাশাপাশি চলছিল। এ সময় ডান পাশে চলতে থাকা বাসটির দোতলার ছাদ এক্সপ্রেসওয়ের পিলারে সজোরে ধাক্কা খেয়ে র‌্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। ধাক্কায় বাসটির দোতালার ছাদ বিধ্বস্ত হয়ে একপাশে ভেঙে পড়ে। তবে দোতালায় বেশি যাত্রী না থাকায় কেউ তেমন হতাহত হননি। পরে দোতলা থেকে জানালা দিয়ে যাত্রীদে নিচে লাফিয়ে নেমে আসতে দেখা যায়।”

এই দুর্ঘটনার ফলে রাজধানীর ওই ব্যস্ততম সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। তবে কিছুক্ষণের মধ্যে দুর্ঘটনায় পড়া বাসটি সরিয়ে নেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম 

চীন-বাংলাদেশ ও পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ তৃতীয় পক্ষবিরোধী জোট নয়: চীনা রাষ্ট্রদূত

আলোকিত প্রতিবেদক:

চীন, বাংলাদেশ এবং পাকিস্তানের ত্রিপক্ষীয় উদ্যোগ কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয়। এ‌টি নি‌য়ে অন্য কোনো দেশের উদ্বেগের কিছু নেই।

২৯ জুলাই মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এসব কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন।

তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশ, চীন ও ত্রিপক্ষীয় আলোচনা চলছে। এ উদ্যোগের কেন্দ্রে রয়েছে অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি। এটি কোনোভাবেই তৃতীয় কোনো পক্ষবিরোধী জোট নয় এবং এ নিয়ে দক্ষিণ এশিয়ার কোনো দেশ আনুষ্ঠানিকভাবে কোনো উদ্বেগ প্রকাশ করেনি। এ‌টি নি‌য়ে অন্য কোনো দেশের উদ্বেগেরও কিছু নেই।

চীনা রাষ্ট্রদূত বলেন, এর লক্ষ্য– উন্নত, সমৃদ্ধ প্রতিবেশী গড়ে তোলা এবং তাদের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা।

মার্কিন শুল্ক নি‌য়ে এক প্রশ্নের জবাবে ইয়াও ও‌য়েন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যারিফ নীতি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের সঙ্গে সাংঘর্ষিক। এতে ক‌রে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে।

তিস্তা বহুমুখী প্রকল্পের অগ্রগতি নি‌য়ে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে চীন পুরোপুরি প্রস্তুত। এখন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশকে।

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম 

নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বীরের সম্মান পাচ্ছেন বাংলাদেশি দিদারুল

আন্তর্জাতিক ডেস্ক:

মৃত্যুর আগ পর্যন্ত সাহসিকতার সঙ্গে নিজের দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দাদের কাছে বীরের সম্মান পাচ্ছেন নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলাম (৩৬)। নিউইয়র্কের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস দিদারুলের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে এরিক অ্যাডামস বলেছেন, “তিনি এই শহরকে ভালবাসতেন এবং আমরা জানতে পেরেছি যে তিনি বিশ্বাসী ছিলেন, ঈশ্বরের প্রতি অনুগত ছিলেন এবং ধর্মনিষ্ঠ জীবনযাপন করতেন।”

“তিনিই আসলে এই শহরকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের নিউইয়র্কার, এমন একজন নিউইয়র্কার যিনি সততা এবং দায়িত্বের সঙ্গে নিজের পেশাগত কর্তব্য পালনের পাশাপাশি হৃদয় দিয়ে এই শহরকে ভালবাসতেন। আমি তার পরিবারের সঙ্গে গতকাল সোমবার রাতেই দেখা করেছি এবং বলেছি যে তিনি একজন বীর ছিলেন এবং আমরা তাকে নিয়ে গর্বিত।”

গতকাল সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানে একটি বহুতল ভবনে ঢুকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন শেন ডেভন তামুরা নামের ২৭ বছর বয়সী এক যুবক। সে সময় নিজ দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা দিদারুল ইসলাম। এছাড়া আরও ৩ জন নিহত হয়েছেন।

ওই যুবককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং প্রাথমিকভাবে জানা গেছে যে শেন তামুরা মানসিকভাবে অসুস্থ।

নিউইয়র্ক পুলিশও দিদারুলের প্রশংসা করে বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, “দিদারুল ইসলাম পুলিশ বিভাগকে তার সেরা পারফরম্যান্স দিয়েছেন। নিউইয়র্কের বাসিন্দাদের বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যু আমাদেরকে শোকস্তব্ধ করে দিয়েছে। আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং তার উত্তরাধিকারকে আমরা সবসময় সম্মান জানাব।

দিদারুল ইসলাম নিউইয়র্কের ব্রঙ্কসে ৪৭ নম্বর প্রিসিংক্ট এলাকার পুলিশ কর্মকর্তা ছিলেন। ২০২১ সালে তিনি নিউইয়র্ক পুলিশে যোগ দেন।

দিদারুল ইসলাম বিবাহিত ছিলেন। নিউইয়র্ক সিটি পুলিশের কমিশনার জেসিকা টিস্চ জানিয়েছেন, দিদারুল এবং তার স্ত্রীর দুই ছেলে আছে এবং এই দম্পতি তাদের তৃতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন। দিদারুলের স্ত্রী আট মাসের গর্ভবতী।

সূত্র : নিউইয়র্ক পোস্ট

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই ২০২৫/মওম