আজ , ।   
Home Blog Page 332

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই: রাকিব

আলোকিত ডেস্ক:

ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

৩ আগস্ট রবিবার জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশ শুরুতেই তিনি এ কথা বলেন।

রাকিবুল ইসলাম বলেন, দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষদাঁত উপড়ে ফেলতে পারে। ছাত্রদল সবসময় শান্তি এবং সম্প্রীতির বার্তা দেয়।

তিনি বলেন, আমরা জীবন বাজি রেখে বিগত সময়গুলোতে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়েছি। আমাদের নেতাকর্মীরা জেল-জুলুম নির্যাতন-গুম-খুনের শিকার হয়েছে। আমরা জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমবেত হয়েছি।

তিনি আরও বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যদি নির্দেশনা দেন, নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি হিসেবে থাকছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতারাও সমাবেশে বক্তব্য দেবেন।

এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিনসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা, ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ছাত্রদলের সাবেক নেতারা।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশ সঞ্চালনা করছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আলোকিত প্রতিদিন/০৩ আগস্ট ২০২৫/মওম 

রাশিয়ায় ৬০০ বছর পর বিরল অগ্ন্যুৎপাতেই ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে ৬০০ বছর পর অগ্নুৎপাত হয়েছে। আর বিরল এই অগ্নুৎপাতটির সঙ্গে সম্প্রতি দেশটির দূরপ্রাচ্যে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের সম্পর্ক থাকতে পারে।

এমনটাই জানিয়েছেন রাশিয়ার বিজ্ঞানীরা। ৩ আগস্ট রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সংবাদমাধ্যমটি বলছে, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএ এবং বিজ্ঞানীরা রবিবার এ তথ্য জানিয়েছেন। আগ্নেয়গিরি বিষয়ক কামচাটকা রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা বলেন, “ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে এটিই গত ৬০০ বছরের মধ্যে প্রথম ঐতিহাসিকভাবে নিশ্চিত হওয়া অগ্নুৎপাত।”

তিনি জানান, গত বুধবারের ভূমিকম্পের সঙ্গে এই অগ্নুৎপাতের সংযোগ থাকতে পারে। ওই ভূমিকম্পের পর ফরাসি পলিনেশিয়া এবং চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি হয়েছিল। একইসঙ্গে কামচাটকা উপদ্বীপের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লিউচেভস্কয়তেও অগ্নুৎপাত শুরু হয়।

রাশিয়ার আগ্নেয়গিরি  এবং ভূকম্পন ইনস্টিটিউটের টেলিগ্রাম চ্যানেলে গিরিনা জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে সর্বশেষ লাভা উদগিরণ ঘটেছিল ১৪৬৩ সালে, প্লাস/মাইনাস ৪০ বছরের ভেতরে। এরপর আর কোনো অগ্নুৎপাতের তথ্য পাওয়া যায়নি।

রাশিয়ার জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানিয়েছে, অগ্নুৎপাতের পর প্রায় ৬ হাজার মিটার (৩.৭ মাইল) উচ্চতা পর্যন্ত ছাইয়ের স্তম্ভ আকাশে উঠেছে। অগ্নেয়গিরিটির উচ্চতা ১৮৫৬ মিটার।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ছাইয়ের মেঘ পূর্বদিকে প্রশান্ত মহাসাগরের দিকে সরে গেছে এবং সেদিকে কোনো জনবসতি নেই। এছাড়া এই অগ্নুৎপাতের ঘটনায় উড়োজাহাজ চলাচলের জন্য অরেঞ্জ অ্যালার্ট কোড জারি করা হয়েছে। আকাশপথে চলাচলে উচ্চ ঝুঁকির আশঙ্কা থাকলে এই সতর্কতা জারি করা হয়।

আলোকিত প্রতিদিন/০৩ আগস্ট ২০২৫/মওম 

শেখ হাসিনা পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার : অ্যাটর্নি জেনারেল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সূচনা বক্তব্য রাখছেন।

সূচনা বক্তব্য শুরুর আগে ট্রাইব্যুনালের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আজকের দিনটি ঐতিহাসিক। পৃথিবীর ইতিহাসে শেখ হাসিনার মতো কোনো স্বৈরাচারের জন্ম হয়নি। তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মিথ্যাবাদী স্বৈরাচার।

অ্যাটর্নি জেনারেল বলেন, কোনো স্বৈরাচারকে মিথ্যার ওপর পিএইচডি করতে হলে তাকে শেখ হাসিনার কাছে শিখতে হবে। পৃথিবীর সব স্বৈরশাসকের যদি কোনো সমিতি করা হয়, শেখ হাসিনা হবেন তার সভাপতি। বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বৈরাচার এবং তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই। এ সময় অ্যাটর্নি জেনারেল পৃথিবীর কোন স্বৈরাচারের কী পরিণতি হয়েছে, তা আদালতের সামনে তুলে ধরেন।

৩ আগস্ট রবিবার বেলা সাড়ে ১১টায় বিচারপতি মো.গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি শুরু হয়। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহাম্মদ মোহিতুল হক।

এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে, গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন ৩ আগস্ট দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্যও দিন ধার্য করা হয়। এর মাধ্যমে জুলাই গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

গত ১ জুলাই এ মামলায় অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করেন প্রসিকিউশন। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেদিন আদালতে শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার এবং মিজানুল ইসলাম। যা সব গণমাধ্যমে সম্প্রচার করা হয়।

আলোকিত প্রতিদিন/০৩ আগস্ট ২০২৫/মওম 

পূর্ব টাঙ্গাইলের ত্রাস তোফাজ্জল গ্রেফতার

রহমান উজ্জ্বল:

টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে পূর্ব-টাঙ্গাইলের ত্রাস, হত্যাসহ বহু মামলার আসামি তোফাজ্জল হোসেন (৩৮) গ্রেফতার হয়েছে। গত রাত (২আগস্ট) আটটার দিকে র‍্যাব ১৪, সি পি সি- ৩, টাঙ্গাইল এর একটি আভিযানিক দল তাকে কালিহাতি উপজেলা ও টাঙ্গাইল সদর উপজেলার মধ্যবর্তী ভুক্তা বাজার (কালিহাতি) এলাকা থেকে আটক করে।
এক সময়ের দরিদ্র সিএনজি ড্রাইভার তোফাজ্জল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে আলাদিনের চেরাগ পেয়ে যায়। অশিক্ষিত তোফাজ্জল বাংলা ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়।  বাগিয়ে নেয় কালিহাতি উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ। তৎকালীন এমপি সোহেল হাজারীর আশীর্বাদপুষ্ট তোফাজ্জল এরপর থেকে আরও বেশি বেপরোয়া হয়ে ওঠে। এলাকার মানুষকে কারণে-অকারণে মারধর করে ভয়ার্ত পরিবেশ সৃষ্টি করে রাখা, অন্যের জমি দখল, অন্যের জমি থেকে জোর করে মাটি বা বালু বিক্রি করা, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন ও বিক্রি , মাদক, কিশোর গেং- এরকম হেন কোন অপরাধ ছিল না যেখানে তোফাজ্জল ছিল না । তোফাজ্জলের অবৈধ টাকার কাছে প্রশাসনসহ অনেকেই তখন আত্মসমর্পণ করে । অনেকেই কোণঠাসা হয়ে পড়ে। শেষ পর্যন্ত তোফাজ্জল এতই বেসামাল ও লাগামহীন হয়ে পড়ে যে ,সে প্রকাশ্যে বলে বেড়াতো – আমি কিছুই কেয়ার করি না। গত কোরবানির ঈদের সময়ও তোফাজ্জল তার প্রতীবেশি আত্মীয়দের শারীরিকভাবে প্রচণ্ড রকমভাবে জখম করে । র‍্যাব -১৪, সিপিসি- ৩ , টাঙ্গাইল এক প্রেস রিলিজ এর মাধ্যমে জানায়- ২০২৪ সালের ৪ আগস্ট টাঙ্গাইল শহরের জেলা সদর রোডে আন্দোলনরত ছাত্র -জনতার উপর হামলার ঘটনায় এজাহার নামীয় আসামি হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।   র‍্যাব এর প্রেস রিলিজ এবং প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়- বিগত বছরের ৪ আগস্ট জেলা সদর রোডের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজের সামনে থেকে এজাহার নামীয় তোফাজ্জল ও তার দুষ্কৃতকারী সঙ্গীরা পিস্তল, শর্টগান ইত্যাদি আগ্নেয়াস্ত্র প্রদর্শন এবং ব্যবহার করে।  এ সময় তারা আন্দোলনরত ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিতে হামলা চালায়।  এ সময় উক্ত মামলার বাদী লাল মিয়াসহ আরো বহু মানুষ গুরুতররূপে আহত হয়। হামলার পর হামলাকারিরা রেলস্টেশন রোড, টাঙ্গাইল মেডিকেল কলেজের পাশের রোড, নতুন বাস স্ট্যান্ডের রোডগুলো ধরে পূর্ব টাঙ্গাইলের দিকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামি তোফাজ্জলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/0৩ আগস্ট ২০২৫/মওম 

মার্তার ম্যাজিকসহ রুদ্ধশ্বাস লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন ব্রাজিল

ক্রীড়া ডেস্ক:

নির্ধারিত সময়ে ৩-৩ ও  অতিরিক্ত ৩০ মিনিট পর ৪-৪ সমতায় ছিল ব্রাজিল এবং কলম্বিয়ার লড়াই। নারী কোপা আমেরিকার রুদ্ধশ্বাস এই ফাইনালের ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে কলম্বিয়াকে হারিয়ে নবমবারের মতো কোপার শিরোপা জিতল ব্রাজিলের মেয়েরা। এই মহাদেশীয় মঞ্চেও স্বপ্নভঙ্গ হলো কলম্বিয়ার।

ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে গতকাল শনিবার মধ্যরাতে ফাইনালের মহারণে নেমেছিল ব্রাজিল-কলম্বিয়া। এই ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ। নির্ধারিত ৯০ মিনিটে প্রতিবারই লিড নিয়েছে কলম্বিয়া। পাল্টা লড়াইয়ে ম্যাচে ফেরে সেলেসাওরা। অতিরিক্ত সময়ের খেলায় ব্রাজিল এগিয়ে গেলেও ছাড় দেয়নি কলম্বিয়ান মেয়েরা। আবার ৪-৪ সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে রেকর্ড সর্বোচ্চ চ্যাম্পিয়নদের জয় নিশ্চিত হয়েছে।

এর আগে ৮ গোলের ম্যাচটিতে ব্রাজিলের পক্ষে কিংবদন্তি মার্তা ভিয়েরা জোড়া এবং অ্যাঞ্জেলিনা, আমান্দা একটি করে গোল করেন। বিপরীতে কলম্বিয়ার পক্ষে একবার করে স্কোরশিটে নাম তোলেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। তাদের আরেকটি গোল আসে ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী অবদানে। ম্যাচজুড়ে বল দখল এবং শটে অবশ্য আধিপত্য ছিল সেলেসাও মেয়েদের। ৬০ বলের পজেশন ছাড়াও ২১ শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে। বিপরীতে কলম্বিয়ার ১৪ শটের ৬টি ছিল লক্ষ্যে।

Image

নারী ফুটবলে ছয়বারের বর্ষসেরা খেলোয়াড় মার্তা অবশ্য এই ম্যাচেও বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। ৮২ মিনিটে মাঠে নেমেই ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে গোল করেন তিনি। ১০৫ মিনিটে মার্তার দ্বিতীয় গোলই মূলত ব্রাজিলকে ফাইনালে প্রথমবার লিড পাইয়ে দেয়। যদিও ১০ মিনিট পর সেই গোল শোধ করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যায় কলম্বিয়া। অবশ্য ৩৯ বছর বয়সী অন্যতম বিশ্বসেরা তারকারই জয় হয়েছে। অথচ প্যারিস অলিম্পিকের পরই অবসরের ঘোষণা দিয়েছিলেন মার্তা, কোচ আর্থুর ইলিয়াস এবং ব্রাজিলের প্রয়োজনে খেলছেন এখনও।

এর আগে নয় আসরের আটটিতেই চ্যাম্পিয়ন হয়ে দক্ষিণ আমেরিকান নারী ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিল ব্রাজিল। দশম আসরে তারা আরও এক ধাপ এগিয়ে গেল। যদিও সেলেসাও দল এবং কিংবদন্তি মার্তার বিশ্বসেরা হওয়ার আক্ষেপ এখনও ঘুচেনি। বিশ্বকাপে তাদের সেরা অর্জন ২০০৭ আসরে রানার্সআপ। এর বাইরে তিনবার ব্রাজিলিয়ান মেয়েরা অলিম্পিক ফাইনাল থেকে রৌপ্য (রানার্সআপ) নিয়ে ফিরেছে।

Image

কোপার ফাইনালে ব্রাজিলের জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক লোরেনা দ্য সিলভা। পেনাল্টি শ্যুটআউটে তিনি দুটি গোল বাঁচিয়েছেন। যা টানা পঞ্চমবার কোপার ফাইনালে জয় নিশ্চিত করেছে ব্রাজিলের। একইসঙ্গে তারা কলম্বিয়াকে ৫ ফাইনালের ৪টিতেই তিক্ত হারের স্বাদ দিয়েছে।

আলোকিত প্রতিদিন/0৩ আগস্ট ২০২৫/মওম 

বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে জবাই করে হত্যা

মোঃ আমির হোসেন:

পটুয়াখালীর বাউফলে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। ১ আগস্ট শুক্রবার রাত দেড়টার দিকে ৪ বছরের শিশু সন্তান সারফরাজ আহম্মেদ সাকলাইনকে সঙ্গে নিয়ে বাউফল থানায় এসে খুনের দায় স্বীকার করেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। পুলিশ জানায় চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তানসহ বাউফল উপজেলার চন্দ্রপাড়া গ্রামে মো. জসিম উদ্দিন বেপারীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহ চলছিল বেশ কিছুদিন ধরে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ওই কলহের জেরে স্বামী সরোয়ার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে ৪টি কোপ দেন। ঘটনাস্থলেই মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা-জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার। পরে বিবেকের তাড়নায় শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন। বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। শিশুটিকেও পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার জানিয়েছেন, স্ত্রী পরকীয়ায় জড়িত সন্দেহেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম 

বাংলাদেশের শুল্ক কমায় ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের পণ্যে পারস্পরিক শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনেছে যুক্তরাষ্ট্র। এরপরই ১ আগস্ট শুক্রবার ভারতের পোশাক বাজারের শেয়ারে দরপতন হয়েছে।

গত ৮ জুলাই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তিনি জানান, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তবে আলাপ আলোচনার পর তিনি এ শুল্ক ২০ শতাংশে নামিয়ে এনেছেন।

অপরদিকে ভারতের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যা আজ থেকে কার্যকর হয়েছে।বাংলাদেশ যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করে। ভারত দীর্ঘদিন ধরেই এ বাজারটি ধরার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তি এবং শ্রমের সহজলভ্যতার কারণে বাংলাদেশ এগিয়ে আছে। তবে গত মাসে যখন বাংলাদেশের ওপর ট্রাম্প ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেন তখন ভারতের বাজার বাংলাদেশের চেয়ে এগিয়ে যায়। ওই সময় দেশটির পোশাকের বাজারের শেয়ারের দামও বৃদ্ধি পায়। কিন্তু নতুন শুল্ক ঘোষণার পর পাল্টে যেতে থাকে চিত্র।

বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেওয়ার পরই ভারতের কেপিআর মিলসের শেয়ার ৫ শতাংশ, ওয়েলসপুন লিভিংয়ের শেয়ার ২ শতাংশ, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ার ০ দশমিক ৮ শতাংশ, পিয়ার্ল গ্লোবালের শেয়ার ৩ দশমিক ৭ শতাংশ, গোকূলদাস এক্সপোর্টের শেয়ার ২ দশমিক ৬ শতাংশ, কিটেক্স গার্মেন্টসের শেয়ার ৩ দশমিক ২১ শতাংশ এবং বর্ধমান টেক্সটাইলের শেয়ার ২ দশমিক ৮ শতাংশ কমে যায়।অপরদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান বাণিজ্য চুক্তি করেছে। এরফলে দেশটির পণ্যে ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটি। যেখানে গত এপ্রিলে আরোপ করা হয়েছিল ২৯ শতাংশ শুল্ক। এছাড়া পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তেল অন্বেষণেও চুক্তিবদ্ধ হয়েছে যুক্তরাষ্ট্র।

এদিকে শুল্কে যে সর্বশেষ পরিবর্তন যুক্তরাষ্ট্র এনেছে এতে দেখা গেছে, ৫০টিরও বেশি দেশের শুল্ক আগের তুলনায় কমানো হয়েছে। যারমধ্যে দক্ষিণ এশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলো রয়েছে। এই অঞ্চলের মধ্যে শুধুমাত্র ব্যতিক্রম ভারত। যেখানে দেশটির ওপর পূর্বে ঘোষিত ২৫ শতাংশ শুল্ক বহাল রাখা হয়েছে।

সূত্র: আপস্টক্স

আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম 

বাংলাদেশের ওপর নিবিড়ভাবে নজর রাখছি : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশের ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ভারতের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার জন্যই নয়াদিল্লি বাংলাদেশের যে ব্যাপারে বিশেষ ভাবে মনযোগী বলেও উল্লেখ করেছেন তিনি।

ভারতের পার্লামেন্ট লোকসভায় বর্ষাকালীন অধিবেশন চলছে। অধিবেশনে তাকে বিজেপির এক এমপি বলেন—সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যায়ে সালতানাত-ই-বাংলা নামের একটি ইসলামপন্থি গোষ্ঠী তথাকথিত ‘গ্রেটার বাংলাদেশ’ নামের একটি মানচিত্র প্রকাশ করে। ভারতের একাধিক রাজ্য সেই মানচিত্রে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে প্রদর্শন করা হয়। “বিভিন্ন সূত্রে জানা গেছে যে সালতানাত-ই-বাংলা নামের এই গোষ্ঠীটি তুরস্কভিত্তিক এনজিও তার্কিশ ইউথ ফেডারেশনের সহায়তা এবং মদতপুষ্ট। আমরা এ ব্যাপারে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি”, অধিবেশনে বলেন ওই এমপি।

জবাবে জয়শঙ্কর বলেন, “আমরা এ ইস্যুতে বাংলাদেশের সরকারের সঙ্গে যোগাযোগ করেছি। সরকারি ফ্যাক্টচেকার প্ল্যাটফরম বাংলাফ্যাক্টের বরাত দিয়ে বাংলাদেশের সরকার আমাদের জানিয়েছে যে ২০২৫ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল। ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন, তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে ‘সালতানাত-ই-বাংলা’ নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই।”

“আমরা জাতীয় স্বার্থ সংক্রান্ত বিষয়গুলোতে বাংলাদেশের প্রতি বিশেষভাবে মনোযোগী। ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের ওপর আমরা নিবিড় নজর রাখছি এবং অভ্যন্তরীণ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা এগোচ্ছি”, বলেন জয়শঙ্কর।

আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম 

ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের কূটনৈতিক বিজয়: প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের জন্য কূটনৈতিক বিজয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমরা গর্বের সঙ্গে বাংলাদেশের শুল্ক আলোচক দলকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি অর্জনের জন্য অভিনন্দন জানাই। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়।

১ আগস্ট শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, শুল্ক হার প্রত্যাশিতের চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে এনে আমাদের আলোচকরা অসাধারণ কৌশলগত দক্ষতা এবং বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং উন্নয়নের প্রতি অটুট প্রতিশ্রুতি প্রদর্শন করেছেন।প্রফেসর ইউনূস বলেন, ফেব্রুয়ারি মাস থেকে তারা নিরলসভাবে কাজ করে গেছেন এবং শুল্ক, অশুল্ক বাধা এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়সহ জটিল এক আলোচনার প্রক্রিয়া দক্ষতার সঙ্গে অতিক্রম করেছেন। তারা যে চুক্তিটি অর্জন করেছেন, তা আমাদের প্রতিযোগিতামূলক সুবিধা ধরে রেখেছে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকারের সুযোগ বৃদ্ধি করেছে এবং আমাদের মৌলিক জাতীয় স্বার্থ রক্ষা করেছে।

তিনি আরও বলেন, এই অর্জন শুধু বাংলাদেশের বৈশ্বিক অঙ্গনে ক্রমবর্ধমান শক্তিকে তুলে ধরে না, বরং আরও বৃহত্তর সুযোগ। দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির দরজাও উন্মোচন করে। বাংলাদেশের ভবিষ্যৎ নিঃসন্দেহে উজ্জ্বল। আজকের এই সাফল্য আমাদের জাতির দৃঢ়তা ও আরও শক্তিশালী অর্থনৈতিক ভবিষ্যতের সাহসী দৃষ্টিভঙ্গির এক শক্তিশালী প্রমাণ।

আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম 

আনোয়ারায় ৯৭ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

মুহাম্মদ এনামুল হক:

চট্টগ্রামের আনোয়ারায় ৯৭ তম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া (রহ:) উচ্চ বিদ্যালয় হলরুমে পাঁচদিন ব্যাপী স্কাউট ইউনিট লিডারের বেসিক কোর্স অনুষ্ঠান উদ্বোধন করেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। স্কাউটস উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কাউটস জ্ঞান অর্জন বিতরণ ও জীবনে স্কাউটের প্রয়োজনীয়তা উপভোগ করার নিমিত্তে এই কোর্স দীর্ঘদিন পর উপজেলা স্কাউটের কমিশনার ও চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওসমান গনি’র সার্বিক সহযোগিতা ও ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোর্স লিডার বোয়ালখালী হাজী মোহাম্মদ জানে উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও স্কাউটর প্রবীর কান্তি মজুমদার, উত্তর কাট্টলি মোস্তফা হাকিম উচ্চ বিদ্যালয়ের স্কাউটর সাবিনা ইয়াসমিন সিকদার, চট্টগ্রাম ন্যাশনাল পাবলিক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ ও স্কাউটর গিয়াস উদ্দিন, আনোয়ারা মেরিন একাডেমি স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ও স্কাউটর যুবরাজ চন্দ্র দাস, বোয়ালখালী গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর প্রঞ্জীব বড়ুয়া, বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর ইমরান হাসান রাসেল, হাটহাজারি কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর ইমরান হোসাইন, উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর মোহাম্মদ রাহাত উল্লাহ্, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর সঞ্জিব সিংহ, আলহাজ্ব এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্কাউটর গুলশান আরা। গতকাল বৃহস্পতিবার ৩১ জুলাই (২০২৫) সমাপনী দিবসে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. এ কে এম সামছুদ্দিন আজাদ, প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ও রোভার প্রফেসর মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউটের সহ-সভাপতি মোহাম্মদ ফেরদৌস হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, আনোয়ারা উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।

আলোকিত প্রতিদিন/0১ আগস্ট ২০২৫/মওম