আজ রবিবার, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 302

পাইলস কেন হয়, লক্ষণগুলো কী!

আলোকিত ডেস্ক, পায়ুপথের রোগগুলোর মধ্যে পাইলস ও ফিস্টুলা অন্যতম। এই রোগে অনেক ভোগান্তি পোহাতে হয়। সঠিক সময়ে রোগ শনাক্ত করে চিকিৎসা না নিতে পারলে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। অনেক সময় ক্যান্সারও হতে পারে।

সাধারণত বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে। যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয়। এর নাম হেমোরয়েডস বা পাইলস।

যখন আপনার পায়ুপথে এসব শিরার সংক্রমণ এবং প্রদাহ হয়, চাপ পড়ে তখন হেমোরয়েডস বা পাইলসে প্রদাহ হয়।  যাকে সাধারণ ভাষায় অর্শ্বরোগ বলা হয়ে থাকে।

পাইলসের কারণ ও লক্ষণ নিয়ে বিস্তারিত জানিয়েছেন ইডেন মাল্টিকেয়ার হাসপাতালের বৃহদান্ত ও পায়ুপথ সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ কে এম ফজলুল হক।

যেসব কারণে পাইলস হয়-পাইলসের প্রধান কারণগুলো হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠকাঠিণ্যে ভোগা, পুরনো ডায়রিয়া, মলত্যাগে দীর্ঘক্ষণ টয়লেটে বসে থাকা ও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। এছাড়া পারিবারিক ইতিহাস, আঁশযুক্ত খাবার কম খাওয়া, ভারি মালপত্র বহন করা, স্থুলতা, কায়িক শ্রম কম করা।গর্ভকালীন সময়ে, পায়ুপথে যৌনক্রিয়া, যকৃত রোগ বা লিভার সিরোসিস ইত্যাদি কারণে পাইলসের আশংকা বেড়ে যায়।

সর্বোপরি পোর্টাল ভেনাস সিস্টেমে কোনো ভাল্ব না থাকায় উপরিউক্ত যে কোনো কারণে পায়ু অঞ্চলে শিরাগুলোতে চাপ ফলে পাইলস সৃষ্টি হয়।

লক্ষণ গুলো হচ্ছে জেনে নিন-

পাইলসের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে- পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা বেদনা, অস্বস্তি থাকে না, অন্যদিকে পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায় বা শৌচ করা টিস্যুতে তাজা রক্ত লেগে থাকে, মলত্যাগে ব্যথা লাগা, পায়ুর চারপাশে এক বা একের অধিক থোকা থোকা ফোলা থাকে।পাইলস সাধারণত তিন ধরনের হয়ে থাকে।  যথা-* পায়ুপথের বহিঃঅর্শরোগ

* পায়ুপথের অন্ত বা ভেতরের অর্শরোগ

* আবার কখনও দুই অবস্থা একসঙ্গেও থাকতে পারে।পায়ুপথের ভেতরের অর্শরোগ বা পাইলস ফুলে মলদ্বারের বাইরে বের হয়ে আসাকে ৪টি পর্যায় ভাগ করা হয়।* প্রথম পর্যায় (পাইলস ফুলে বাইরে বের হয়ে আসে না বা প্রলেপস হয় না)

* দ্বিতীয় পর্যায় (পায়খানার পর পাইলস ফুলে বাইরে বের হয়ে আসে এবং তারপর আপনা-আপনি ঠিক হয়ে যায়)

* তৃতীয় পর্যায় (পাইলস ফুলে বাইরে বের হয়ে আসে এবং নিজে ঠিক করতে হয়)

* চতুর্থ পর্যায় (পাইলস ফুলে বাইরে বের হয়ে আসে বা প্রলেপস হয়ে এবং তা আর নিজে ঠিক করা যায় না)

চিকিৎসা

প্রাথমিকভাবে রোগীর মলদ্বার ও আশপাশের অংশ ভালোভাবে পরীক্ষা করা হয়, বাহ্যিক পাইলস বা ফুলে যাওয়া শিরা দেখা যায় কিনা সেটিও পরীক্ষা করেন বিশেষজ্ঞ চিকিৎসক। পাইলস শনাক্ত, ধরন এবং রোগের পরিস্থিতির জানার জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

পাইলসের চিকিৎসা মূলত নির্ভর করে রোগের ধরণ ও স্তরের উপর। ব্যথা কমাতে ব্যথানাশক ওষুধ, ফোলা কমাতে ও কোষ্ঠাকাঠিন্য দূর করতে সেই অনুযায়ী ওষুধ দেওয়া হয় রোগীকে। এছাড়া প্রয়োজন অনুযায়ী অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় পাইলস রোগীকে।

একইসঙ্গে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন ও খাদ্যাভাস মেনে চলতে হবে। পায়ুপথের যেকোনো সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

অপু বিশ্বাস ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি: পরীমনি!

বিনোদন, ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা অপু বিশ্বাস। সিনেমাঙ্গনে যেমন তিনি শিরোনামে থাকেন, রাজনীতির মাঠেও পদচারণা করে নাম তুলেছিলেন আলোচনায়। আওয়ামী লীগ সরকারের আমলে সরকারি অনুদানের সিনেমা থেকে শুরু করে সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ঝাঁপ—সবখানেই ছিল অপুর সরব উপস্থিতি। শেখ হাসিনার চরিত্রে ‘হাসু’ নামে সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছিলেন তিনি।

তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই চরিত্র আর করতে চান না অপু। এরপর তিনি দাবি করছেন, রাজনীতি তার জীবনে একেবারেই নেই।কিন্তু এই চিত্রনায়িকাকে এবার দেখা গেল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে! কুষ্টিয়ার কুমারখালীতে বিএনপির ওই অনুষ্ঠানের যোগদানের ছবি প্রকাশ্যে আসতেই অপুর রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল চর্চা। আর এ চর্চা আরও একটু এগিয়ে দিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ নিয়ে একটা পোস্ট দেন পরীমনি। সেখানে তিনি অপু বিশ্বাসের রাজনীতির সঙ্গে ধর্ম পালনের বিষয়টি টেনে এনে তাকে কটাক্ষ করেছেন। যদিও পোস্টে কারও নাম উল্লেখ করেননি পরীমনি। তবে নেটিজেনদের বুঝতে বাকি নেই যে, পরীমনি পোস্টটি অপু বিশ্বাসকে ইঙ্গিত করেই দিয়েছেন।
কারণ সাম্প্রতিক সময়ে একমাত্র অপু বিশ্বাসকেই দেখা গেছে বিএনপির মঞ্চে, যে একসময় আওয়ামী লীগের হয়েও সক্রিয় ছিলেন। অন্যদিকে বিপরীত ধর্মে বিয়ে করেও আলোচিত এই নায়িকা। তাই পরীর পোস্ট যে অপুকে ঘিরেই, তা আর বলার অপেক্ষা রাখে না।নিজের পোস্টে পরীমনি লিখেছেন, ‘আগে ছিল ৬ মাস হিন্দু, ৬ মাস মুসলিম। এখন ৬ মাস আওয়ামী লীগ ৬ মাস বিএনপি।
পল্টিবাজ, সুবিধাবাদী কারে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন। বাপরে বাপ কী জিনিস এটা।’এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরের পর চিত্রনায়ক নিরব হোসেনকে সঙ্গে নিয়ে কুষ্টিয়ার খোকসায় আয়োজিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে শোডাউন, ভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন অপু বিশ্বাস।

আলোকিত প্রতিদিন/এপি

চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা হবে, উপদেষ্টা শেখ বশির উদ্দিন!

আতিয়ার রহমান রাজু, আক্কেলপু প্রতিনিধি : অন্তবর্তী সরকারের বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি ও টিসিবি মাধ্যমে ন্যায্য মূল্যে আলু ক্রয় করা হবে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে হেলিকপ্টারযোগে অবতরণের পর স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
এ সময় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ বশির উদ্দিন বলেন, হিমাগারে সংরক্ষিত আলুর মূল্য নির্ধারণে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাজার স্থিতিশীল রাখা ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, দেশের চাহিদা পূরণের পর অতিরিক্ত আলু রপ্তানি করা গেলে সংকট অনেকটাই নিরসন হবে এবং কৃষকেরা লাভবান হবেন
পরবর্তীতে তিনি মর্তুজাপুর মাদ্রাসায় জুমার নামাজ আদায় করেন এবং প্রয়াত শ্বশুর সাবেক সংসদ সদস্য আব্দুর রাজ্জাক আকন্দের কবর জিয়ারত করেন।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আলোকিত প্রতিদিন/এপি

নির্বাচনে দায়িত্ব পালনের জন্য দেড় লাখ পুলিশ পাবে বিশেষ প্রশিক্ষণ

আলোকিত ডেস্ক, আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে পুলিশের দেড় লাখের বেশি সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে।

আজ শুক্রবার বাসসকে এ তথ্য জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন।

তিনি আরো বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব ধরনের প্রশিক্ষণ দেব বলে তিনি জানান।

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত এ কর্মকর্তা আশা করেছেন, আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে। তার বিভাগ গত তিন মাসে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শ নিয়ে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করেছে।

জিয়া উদ্দিন বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ও অতিরিক্ত আইজিপি (এইচআর)-এর নেতৃত্বে তৈরি প্রশিক্ষণ কোর্সটি ‘দারুণ’। কোর্সটি নির্বাচনের সময় যেকোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করতে পুলিশ সদস্যদের প্রস্তুত করবে। বাংলাদেশ পুলিশের দেশজুড়ে ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রেই নির্বাচনী দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হবে।

জিয়া উদ্দিন বলেন, গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে মডিউল অনুযায়ী ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরির পরিকল্পনাও রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা বলেন, নির্বাচনের সময় সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার জন্য বাস্তবমুখী মহড়া প্রশিক্ষণ দেওয়া হবে সব ট্রেইনারকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে অনুষ্ঠানের আয়োজন করবে পুলিশ সদর দপ্তর।

আলোকিত প্রতিদিন/এপি

বিশ্বমঞ্চে শি জিনপিংয়ের শক্তি প্রদর্শন ও কূটনৈতিক দাপট

আন্তর্জাতিক ডেস্ক:

সম্প্রতি ভ্লাদিমির পুতিন ও কিম জং উনকে পাশে নিয়ে রাজধানী বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে হাজির হন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

বিশ্লেষকদের মতে, টানা কূটনৈতিক কার্যক্রমের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন— দেশে ও বিশ্বমঞ্চে এখনো তিনিই ‘একচ্ছত্র নিয়ন্ত্রণে’। ৫ সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, ২০১৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান উপলক্ষে আয়োজিত প্রথম সামরিক কুচকাওয়াজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার দুই পূর্বসূরিকে পাশে বসিয়ে নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা দিয়েছিলেন। এক দশক পর, তৃতীয় মেয়াদে ক্ষমতায় থেকে দেশে তার বিরোধীদের সরিয়ে দিয়ে গত বুধবার ৮০তম বার্ষিকীর কুচকাওয়াজে তার পাশে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিদেশি অতিথিদের মাঝে বসানো হয়েছিল চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদেরও।

কুচকাওয়াজের আগে শি জিনপিং অংশ নেন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলনে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার বৈঠকও হয়। এর আগে তিনি তিব্বত সফর করেছিলেন। আর এটি ছিল বিরল ঘটনা।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বয়স এখন ৭২ বছর। তার এই বয়স ও উত্তরসূরি প্রসঙ্গ নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, টানা কূটনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তা খানিকটা প্রশমিত হয়েছে। একই সঙ্গে দেশের অর্থনৈতিক মন্থরতার চাপ থেকেও মনোযোগ সরিয়ে দিতে পেরেছেন জিনপিং।

বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে মঞ্চে উঠতে গিয়ে শি জিনপিং ও পুতিনকে অঙ্গ প্রতিস্থাপন ও মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে কি না, তা নিয়ে আলাপ করতে শোনা যায়।

এশিয়া সোসাইটির গবেষক নিল থমাস বলেন, “এসব কূটনৈতিক পদক্ষেপ প্রমাণ করে, কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ রাজনীতিতে শি জিনপিংই একচ্ছত্র নিয়ন্ত্রণে আছেন। পূর্বসূরিদের মতো প্রবৃদ্ধি দিয়ে বৈধতা অর্জন সম্ভব না হওয়ায় তিনি জাতীয়তাবাদকে সামনে আনছেন।”

শি জিনপিং এবার উপস্থিত হয়েছিলেন ধূসর মাও স্যুট পরে— যা তার পাকা চুলের সঙ্গে মিলিয়ে এক প্রবীণ রাষ্ট্রনায়কের ইমেজ তৈরি করে। এক দশক আগের তার নিজের কালো পোশাকের সঙ্গে এর ছিল তীব্র বৈপরীত্য।

অন্যদিকে প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের ভূমিকা সীমিত হয়ে গেছে। তিনি কেবল মালয়েশিয়া ও উজবেকিস্তানের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। উচ্চপর্যায়ের বৈঠকগুলো সামলান পার্টির কেন্দ্রীয় সচিবালয়ের প্রধান চাই ছি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সাম্প্রতিক বৈঠকগুলো উন্নয়নশীল দেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করেছে এবং শান্তিপূর্ণ উন্নয়ন ও সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং।

গত সপ্তাহে চীন সফর করা অনেক দেশের ওপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করেছেন। এর মধ্যে ভারতও রয়েছে। দেশটি এখনও রাশিয়ার তেল কিনছে। উল্লেখযোগ্য মুহূর্তে দেখা যায়— মোদি ও পুতিন হাত ধরে শি জিনপিংয়ের সঙ্গে আলাপ করছেন।

বিশ্লেষকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের ব্যর্থতা যে তারা ভারতকে পুরোপুরি রাশিয়া-চীন বিরোধী শিবিরে টানতে পারেনি। এক কৌশলগত পরামর্শক সংস্থার পরিচালক ইভেন পে বলেন, “এসসিওর এই প্রদর্শিত ঐক্যের অন্যতম চালিকাশক্তি আসলে যুক্তরাষ্ট্রের নীতি।”

ট্রাম্প কুচকাওয়াজকে “চমৎকার” বলে প্রশংসা করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করে লিখেছেন, চীন, পুতিন ও কিম মিলে “যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে”। তবে ক্রেমলিন বলেছে, তারা ষড়যন্ত্র করছে না, বরং ট্রাম্পের মন্তব্য ছিল ব্যঙ্গাত্মক।

বিশ্লেষকরা বলছেন, টানা কূটনৈতিক কর্মযজ্ঞ চীনের সেই বার্তাই জোরালো করেছে যে তারা উন্নয়নশীল বিশ্বের নির্ভরযোগ্য অংশীদার হতে চায়। বিনিয়োগ, নতুন উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তারা নিজেদের অবস্থান শক্ত করছে।

চায়না-গ্লোবাল সাউথ প্রজেক্টের প্রধান এরিক ওল্যান্ডার বলেন, “যুক্তরাষ্ট্রকে যখন অনেক দেশ ক্রমবর্ধমান আক্রমণাত্মক শক্তি হিসেবে দেখছে, তখন চীন নিজেদেরকে তুলনামূলক স্থিতিশীল বিকল্প হিসেবে তুলে ধরছে। তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের স্বপ্নকে সামনে রেখে চীনের প্রস্তাবনা ভবিষ্যতমুখী মনে হচ্ছে।”

তবে শি জিনপিংয়ের সামনে এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে। আর তা হচ্ছে- বিরাট জোটের ভেতর দ্বন্দ্ব সামলানো এবং ২০২৭ সালে সম্ভাব্য চতুর্থ মেয়াদে ক্ষমতায় থেকে নিজের অবস্থান আরও দৃঢ় করা।

চীনের দীর্ঘদিনের নীতি, সীমান্ত বিরোধ বা ভর্তুকি দিয়ে সস্তা পণ্য রপ্তানি— এসব বিষয় বিশ্বমঞ্চে দ্বন্দ্ব বাড়িয়েই চলবে। আর ভারতের সঙ্গে তার টানাপোড়েন এক বৈঠকেই মিটে যাবে না।

মহানবী (সা.)-এর আদর্শ নিজেদের জীবনে প্রতিফলনের আহ্বান: তারেক রহমান!

বিশেষ প্রতিনিধি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা সবাই যেন নিজেদের জীবনে মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমার প্রতিফলন ঘটাতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা এক বাণীতে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দুনিয়াতে আগমনের আনন্দ ও তার জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। তিনি বলেন, পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর আগমন দিবস মর্যাদাপূর্ণ, গুরুত্ববহ এবং আনন্দের। মহানবীর (সা.) আবির্ভাবে মানবজাতি অন্ধকার যুগ থেকে মুক্তি ও কল্যাণের সন্ধান পায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাসুলের (সা.) দেখানো পথে মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে। নিজের যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দুঃখ-যন্ত্রণা ভোগ করে তিনি তার ওপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, হযরত মুহাম্মদ (সা.) হলেন ‘রহমাতুল্লিল আলামীন’ বা সৃষ্টিকুলের জন্য রহমত।

তারেক রহমান বলেন, আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি, মহানবী (সা.)-এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। তিনি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোকিত প্রতিদিন/এপি

বিসিবি সভাপতিকে হুম#কি, গানম্যান চেয়ে মন্ত্রণালয়ে চিঠি!

ক্রীড়া ডেস্ক: অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে নিরাপত্তা শঙ্কায় পড়েছেন বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য তাকে ফোনে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বিসিবি সভাপতি থানায় জিডি করেছে।

এই পরিস্থিতিতে তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিসিবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গানম্যান নিয়োগের জন্য চিঠি পাঠানো হয়েছে।

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আমিনুল ইসলাম এই হুমকির বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কয়েক দিন আগে অজ্ঞাত নম্বর থেকে ফোনে হুমকি দেওয়া হয়। ফোনে বলা হয়, ‘ইলেকশন না করলে ভালো হয়।’ এ ঘটনায় তিনি ভয়ও পাচ্ছেন।

আলোকিত প্রতিদিন/এপি

৬ সেপ্টেম্বর সুর সম্রাট আলাউদ্দিন খাঁর মৃত্যুবার্ষিকী 

মোঃ আনোয়ার হোসেন:
নবীনগরে (৬/৯/২৫) উপমহাদেশের বিখ্যাত সংগীতজ্ঞ সুর সম্রাট আলাউদ্দিন খাঁর ৫৩ তম মৃত্যুবার্ষিকী। উপমহাদেশের দ্রৌপদী সংগীতের আলাউদ্দিন ঘরনার স্রষ্টা, সর্ব বাদ্যযন্ত্র বিশারদ আলাউদ্দিন খাঁ সাবেক ত্রিপুরা জেলার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর উপজেলার শিবপুর গ্রামে ০৮ অক্টোবর ১৮৬২ সালে জন্ম গ্রহণ করেন।
মৃত্যু : ০৬ সেপ্টেম্বর ১৯৭২ খ্রি. (মাইহার, ভারত)। তাঁর পিতার নাম- সাবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ। মাতার নাম- সুন্দরী বেগম।
পাঁচ ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়, দুই বোন
স্ত্রীর নাম- মদনী বিবি, এক পুত্র (আলী আকবর, দুই কন্যা (সরিজা ও রৌশন আরা /অন্নপূর্ণা)।
সংগীতের প্রতি প্রগাঢ় নেশায় পাঠশালার চার দেয়ালের বাঁধন তার নিকট অসহ্য লাগত। তাই মায়ের অসুখের সুযোগে ১২ টাকা নিয়ে ০৮ বছর বয়সে গভীর রাতে কলকাতার  উদ্দেশ্যে বাড়ি ছাড়েন।
তিনি মনমোহন দেব নাম ধারণ করে ওস্তাদ নুলো বাবুর নিকট যন্ত্র সঙ্গীত চর্চা শুরু করেন। সংগীত সাধনার নেশায় বাসর রাতে স্ত্রীকে রেখে দ্বিতীয়বারের মত পালিয়ে কলকাতায় আসেন।
হজ্ব করতে গিয়ে বাকী জীবন মক্কায় থাকার উদ্দেশ্যে পালিয়ে থাকার চেষ্টা করেন। সৌদি সরকারের সহায়তায় ভারত সরকার তাঁকে ফিরিয়ে আনেন। উস্তাদ ওয়াজির খাঁ-র নিকট বীণা শিক্ষার মাধ্যমে তাঁর ৩৩ বছরের সংগীত শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে। তিনি ১৯৫৪ সালের শেষ বারের মত তার জন্মস্থান শিবপুরে আসেন।
 কর্মযজ্ঞ: তিনিই প্রথম রাগ সংগীতকে রাজ দরবার থেকে সর্বত্র ছড়িয়ে দিয়ে গণমুখী করে তোলেন। জীবনের প্রথম প্রতিযোগিতা কলকাতায় “সর্ব ভারতীয় সংগীতা-নুষ্ঠানে” স্বর্ণ পদকে ভূষিত হন। ১৯৩৬ সালে বিশ্ব ভ্রমণে বের হলে লন্ডনের অনুষ্ঠানের তার কর্মযজ্ঞে মুগ্ধ হয়ে বৃটেনের রানী “সুর সম্রাট” উপাধী প্রদান করেন।
মায়ের একান্ত ইচ্ছায় শিবপুরে পুকুর খননসহ পাকা মসজিদ নির্মাণ করেন। তিনি ভারতের কেন্দ্রীয় শিক্ষা কমিশনের প্রভাবশালী সদস্য ছিলেন। তার সৃষ্ট উল্লেখযোগ্য রাগ গুলো হল- মদিনা মঞ্জুরী, শোভাবতী, ধবলশ্রী,ভুবেনশ্বর,দুর্গেশ্বরী, হেমন্ত, উমাবতী, প্রভাবতী, হেম বেহাগ, নাগার্জুন ইত্যাদি।
তিনি রাষ্ট্রীয় বিরল সম্মান সূচক পদ্মভূষণ, পদ্মবিভূষণ, দেশীকোত্তম, ডক্টর ডিগ্রি, ফেলোশীপসহ উল্লেখযোগ্য সম্মানে ভূষিত হন।

মোদির সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক শেষ’,এটা সবার জন্য শিক্ষা: মার্কিন নিরাপত্তা উপদেষ্টা

প্রথম দফায় ট্রাম্প প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা বোল্টন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্টের কড়া সমালোচক। তিনি বলেন, “ট্রাম্পের ব্যক্তিগতভাবে মোদির সঙ্গে সম্পর্ক একসময় খুব ভালো ছিল। তবে সেটা এখন শেষ হয়ে গেছে। এটা সবার জন্য শিক্ষা — যেমন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের জন্যও — যে ব্যক্তিগত সম্পর্ক সাময়িক সুবিধা দিলেও খারাপ পরিস্থিতি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না।”

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ট্রাম্প। এলবিসি-তে দেওয়া সাক্ষাৎকারের সঙ্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বোল্টন অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের কারণে ভারত-মার্কিন সম্পর্ক কয়েক দশক পিছিয়ে গেছে। এতে মোদি আরও কাছে চলে গেছেন রাশিয়া ও চীনের। তার ভাষায়, “বেইজিং নিজেকে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে।”

উল্লেখ্য, সম্প্রতি বোল্টনের মেরিল্যান্ডের বাড়ি ও ওয়াশিংটনের অফিসে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। গোপন নথি ব্যবহারের অভিযোগে ফৌজদারি তদন্তের অংশ হিসেবে এই তল্লাশি অভিযান চালানো হয়।

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। এ ঘটনায় কমপক্ষে ২ হাজার ২০৫ জন নিহত এবং ৩ হাজার ৬৪০ জন আহত এবং ৮ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আফগানিস্তানে সংঘঠিত ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান এবং জরুরি চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় দুর্যোগ মোকাবিলায় আফগান জনগণের জন্য জরুরি মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ।

৫ সেপ্টেম্বর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। আইএসপিআর জানায়, আজ সকাল ৮টায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রীসহ আফগানিস্তানের কাবুলের উদ্দেশ্যে রওনা করে। ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষধ। এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর পরিবহন বিমানটি আজই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স এবং পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আলীমুল আমীন বিমানটি বাংলাদেশ ত্যাগের পূর্বে প্রেস ব্রিফিং করেন। এ সময় সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।