আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 285

তারেক রহমানের অর্থায়নে গাবতলীতে ক্যান্সার রোগীদের পাশে বগুড়া জেলা যুবদল

মাজেদুর রহমানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনায় অসহায় ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে চারজন ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।
এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সহায়তা প্রদান করা হয় লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। এছাড়াও লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমান সবসময় গাবতলীর মানুষের খোঁজখবর রাখেন। তাঁর নির্দেশেই আমরা আজ এই সহায়তা নিয়ে এসেছি।” তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের দোয়া চান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, যাতে তিনি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
এই মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজুনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান রুহিন, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই উদ্যোগটি শুধু চিকিৎসা সহায়তা নয়, বরং একটি বার্তা—মানবতার পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

ঢাকা-আরিচা মহাসড়কে, থামছেই না মৃত্যুর মিছিল!

ঢাকা জেলা প্রতিনিধি- মামুন আহমেদ জয়, ঢাকা-আরিচা মহাসড়ক, যা রাজধানী ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করে, গত এক বছরে দুর্ঘটনা ও প্রাণহানির একটি প্রাণঘাতী “মিছিল” হয়ে দাঁড়িয়েছে। একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, চলতি বছরে এই মহাসড়কে অন্তত ৩৯টি বড় দুর্ঘটনায় ২৯ জন নিহত এবং অনেকে আহত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের খারাপ অবকাঠামো, গর্ত, বেপরোয়া গতি, অদক্ষ চালক, অনিয়মিত ওভারটেকিং এবং ফুটওভারব্রিজ ও জেব্রা ক্রসিংয়ের অভাব দুর্ঘটনার মূল কারণ। পাশাপাশি, নিয়মিত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ করছে।

স্থানীয়রা জানাচ্ছেন, ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। পথচারী এবং ছোট যানবাহনের চালকরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে রয়েছে। হাইওয়ে পুলিশও জানিয়েছে, দুর্ঘটনার সংখ্যা কমানোর জন্য প্রশাসনের তৎপরতা অপরিহার্য।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগের দুর্ঘটনায় মৃত্যুর হার দেশের মধ্যে সর্বোচ্চ, যেখানে প্রতি ১০০টি দুর্ঘটনায় গড়ে ১০২.৪ জনের মৃত্যু ঘটছে। সচেতন মহল বলছেন, মহাসড়কে দুর্ঘটনা রোধ করতে সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ, সড়ক সংস্কার, সড়কচিহ্ন, ফুটওভারব্রিজ ও জনসচেতনতা বৃদ্ধি অত্যাবশ্যক।

আলোকিত প্রতিদিন/এপি

রোলার ভাড়ায় ফের দেশ সেরা টাঙ্গাইল এলজিইডি 

সাইফুল ইসলাম সবুজ:
ঙ্গাইল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) রোলার মেশিন(রাস্তা সমান করার যন্ত্র) ভাড়ার মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরে দেশের জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে- যা তাদের এ বছরও ‘দেশ সেরা’ অবস্থান নিশ্চিত করেছে। একই খাতে টাঙ্গাইল এলজিইডি গত চার অর্থবছর ধরে টানা প্রথমস্থান অধিকার করছে। ২০২৪-২৫ অর্থবছরে ল্যারেটরী টেস্ট খাতেও রেকর্ড সৃষ্টি করেছে। এই অর্জনের কারণ হিসেবে নির্বাহী প্রকৌশলীর সঠিক তত্ত্বাবধান ও তদারকি এবং সম্মিলিত কার্য পরিচালনা (গ্রুপ ওয়ার্ক) করায় এ রেকর্ড সৃষ্টি করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।
টাঙ্গাইল এলজিইডি সূত্রে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির অধীনে ২০২৪-২৫ অর্থ বছরে দুই হাজার ৬৭৮ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলিত মূল্যের বিপরীতে ১৯টি প্রকল্প গ্রহণ করা হয়। এরমধ্যে দুই হাজার ২৮৯ কোটি ৯৯ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের ৮২ শতাংশ(গড় হার) সম্পন্ন করা হয়েছে। এরমধ্যে ২৭৮ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ৭২৬ টাকা সড়ক উন্নয়নের বিপরীতে রোলার ভাড়ায় রাজস্ব আয় হয়েছে দুই কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৮৩৩ টাকা।
টাঙ্গাইল ভ্রমণ।
সূত্রমতে, রোলার ভাড়ায় ২০২৪-২৫ অর্থবছরের জুলাই মাসে ৩৭ কোটি ৩০ লাখ ৫৬ হাজার ৯৭৪ টাকা সড়ক উন্নয়ন কাজে ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩১ লাখ ২২ হাজার ২৪৮ টাকা। আগস্ট মাসে ৫ কোটি ৬ লাখ ৮২ হাজার ২০০ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ৩২৫ টাকা। সেপ্টেম্বর মাসে ১৬ কোটি ১৫ লাখ ৭৩ হাজার ৯২৫ টাকার বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১৮ লাখ ১২ হাজার ৫১৭ টাকা। অক্টোবর মাসে ১৯ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৯৭৭ টাকার বিপরীতে ১৮ লাখ ৭৬ হাজার ৯৬২ টাকা রাজস্ব আয় হয়েছে। নভেম্বর মাসে ১৫ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৩৯৮ টাকার সড়ক উন্নয়ন কাজে ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ১৭ লাখ ৫৪ হাজার ৪০৯ টাকা। ডিসেম্বর মাসে ১২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ৪৯ টাকা ব্যয়ের বিপরীতে ১১ লাখ ৪৬ হাজার ২১৭ টাকা রাজস্ব আয় হয়েছে।
জানুয়ারি মাসে ৩৯ কোটি ৬ লাখ ৬৪ হাজার ৭১৫ টাকা ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৩৮ লাখ ৩৯ হাজার ৩৪১ টাকা। ফেব্রæয়ারি মাসে ২৩ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৩৯৭ টাকা ব্যয়ের বিপরীতে ২৫ লাখ ৩৬ হাজার ৯১৬ টাকা রাজস্ব আয় হয়েছে। মার্চ মাসে ২৮ কোটি ৪১ লাখ ৩২ হাজার ৩৮৪ টাকা ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ৪৩ লাখ ৪ হাজার ৯৫৬ টাকা। এপ্রিল মাসে ২২ কোটি ৪৩ লাখ ৮৬ হাজার ৬১০ টাকা ব্যয়ের বিপরীতে রাজস্ব আয় হয়েছে ২৩ লাখ ৯৬ হাজার ৮৮৫ টাকা। মে মাসে ২৫ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৬৫৭ টাকা ব্যয়ের বিপরীতে ৩০ লাখ ১৮ হাজার ৬৫৮ টাকা রাজস্ব আয় হয়েছে। এ অর্থ বছরের শেষ অর্থাৎ জুন মাসে ৩৩ কোটি ৮ লাখ ২৬ হাজার ৪৪০ টাকা সড়ক উন্নয়ন ব্যয়ের বিপরীতে রোলার ভাড়ায় ২৬ লাখ ৮৩ হাজার ৩৯৯ টাকা রাজস্ব আয় হয়েছে।
এলজিইডির বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, টাঙ্গাইল এলজিইডির ফোরম্যান খুবই তৎপর। রাস্তার কাজের জন্য রোলার মেশিন চাইলে তিনি আশপাশে থাকা মেশিনই কাজের সাইটে পাঠিয়ে দেন। এতে রোলার মেশিনের জন্য কাজ বন্ধ রাখতে হয় না। বাড়তি খরচও গুনতে হয়না। তারা রোলার মেশিনের সার্ভিস নিয়ে খুবই সন্তুষ্ট।
টাঙ্গাইল এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল এলজিইডি রোলার মেশিন ভাড়া দিয়ে ধারাবাহিকভাবে রেকর্ড সৃষ্টি করছে। ২০২৪-২৫ অর্থ বছরে দেশের জেলাগুলোর মধ্যে শ্রেষ্ঠ হয়েছে। এরআগে একটানা ২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২০২২ এবং ২০২০-২০২১ অর্থ বছরেও রোলার মেশিন ভাড়ায় রাজস্ব আয়ে রেকর্ড সৃষ্টি করে।
তিনি জানান, নির্বাহী প্রকৌশলী মহোদয়ের নির্দেশে রোলার মেশিনগুলো সব সময় সচল রাখা এবং কোন রোলার মেশিন বিকল হলে সঙ্গে সঙ্গে মেরামত করে কাজের উপযোগী করা এবং ঠিকাদাররা চাওয়ামাত্র রোলার মেশিন রাস্তায় পাঠানোর কারণে এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে।
টাঙ্গাইল এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান জানান, রোলার মেশিন ভাড়া এবং ল্যাবরেটরী টেস্ট ফি আদায়ে টাঙ্গাইল এলজিইডি ধারাবাহিকভাবে নজির সৃষ্টি করেছে। সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা টিমওয়ার্কের মাধ্যমে দিনের কাজ দিনে করার নীতি গ্রহণ করায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। আগামি দিনগুলোতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল এলজিইডি ২০২৩-২৪ অর্থবছরে ৬৪৬ কোটি ৪৯ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ের বিপরীতে রোলার মেশিন ভাড়ায় রাজস্ব আয় হয় চার কোটি ৩০ লাখ ৯৩ হাজার ৬০ টাকা। ২০২২-২৩ অর্থ বছরে জুলাই থেকে জুন পর্যন্ত ২৬১ কোটি ৮ লাখ ৫ হাজার ৯০৬ টাকার উন্নয়ন কাজের বিপরীতে দুই কোটি ২৬ লাখ ১৯ হাজার ৫৩ টাকা রাজস্ব আয় হয়। ২০২১-২০২২ অর্থ বছরে ১৭৯ কোটি ২৯ লাখ ৭৪ হাজার ৩২১ টাকার উন্নয়ন কাজের বিপরীতে রোলার মেশিন ভাড়া দিয়ে এক কোটি ৫৮ লাখ ৯০ হাজার ৬৭২ টাকা রাজস্ব আয় করে।
২০-২০২১ অর্থ বছরে ১৬৬ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ১৬৭ টাকার উন্নয়ন কাজের বিপরীতে এক কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৫৬৯ টাকা রোলার মেশিন ভাড়ায় রাজস্ব আয়ের মাধ্যমে রেকর্ড সৃষ্টি করে।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

ইরানে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের বাদানুবাদের মধ্যেই দেশটিতে ৮টি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে রাশিয়া। এ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তিটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং চলতি সপ্তাহেই তাতে স্বাক্ষর করবে মস্কো এবং তেহরান।

ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির রাষ্ট্রায়ত্ত পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম ইরনাকে এ তথ্য জানিয়েছেন।গত রবিবার এক সরকারি সফরে মস্কো গিয়েছেন তিনি।

ইরনাকে মোহাম্মদ এসলামি জানান, এর আগে তেহরানকে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছিল মস্কো এবং তেহরান তাতে সম্মতি দেয়। এ ইস্যুতে বিস্তারিত আলোচনার জন্যই মস্কো গিয়েছেন এসলামি এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেই তেহরানে ফিরবেন তিনি।

রাশিয়ার প্রস্তাবিত আটটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের সম্মিলিত উৎপাদন ক্ষমতা হবে ২০ গিগাওয়াট অর্থাৎ ২০ হাজার মেগাওয়াট।

ইরানের পরমাণু কর্মসূচী নিয়ে গত কয়েক বছর ধরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে পশ্চিমা বিশ্ব। গত ৬ জুন জাতিসংঘের পরমাণু শক্তি পর্যবেক্ষণ সংস্থা (আইএইএ) এক প্রতিবেদনে উল্লেখ করে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুত আছে এবং সেগুলো ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ। এই বিশুদ্ধতার মান যদি ৯০ শতাংশে উন্নীত করা যায়, তাহলে অনায়াসেই তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব।

এই প্রতিবেদন প্রকাশের ৬ দিনের মধ্যে ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল এবং পরে তাতে যোগ দেয় যুক্তরাষ্ট্রও। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তবে ইরানের সেই ৪০০ কেজি ইউরেনিয়াম কোথায় আছে, তা এখনও জানা যায়নি। অভিযানের পর থেকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের সঙ্গে যখন বাদানুবাদ চলছে ইরানের, সে সময়েই দেশটিতে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে রাশিয়া।

সূত্র : এএফপি

আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

দেবিদ্বারে যানজট সৃষ্টিকারী বাসকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

নাজমুল হাসান:

কুমিল্লার দেবিদ্বার উপজেলার নিউমার্কেট চত্বরে কুমিল্লা–সিলেট মহাসড়কে নির্ধারিত স্থানে পার্কিং না করে যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ৪টি গাড়িকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সড়কে অনিয়মিত পার্কিংয়ের কারণে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, নিউমার্কেট চত্বর এলাকায় নিয়মিতভাবে মহাসড়কে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়, এতে দীর্ঘ যানজট তৈরি হয়। প্রশাসনের এমন পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

নোয়াখালীতে টাইফয়েড টিকাদান নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিনিধি,নোয়াখালী:

ইপিআই কর্মসূচীর আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কর্মসূচী সফল করার লক্ষ্যে ইউনিসেফের সহযোগিতায় ও নোয়াখালী জেলা তথ্য অফিসের আয়োজনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকদের সাথে দিনব্যাপী মতবিনিময় সভার আয়োজন করা হয়।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে আলোচনা সভায় সিনিয়র তথ্য অফিসার মো: মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা:মরিয়ম সিমিন।

এতে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মো: জাহাঙ্গীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইশরাত নাসিমা হাবিব,ইসলামিক ফাউন্ডেশন নোয়াখালী জেলার উপপরিচালক আবদুল্লাহ আল মাসউদ,গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: উজ্জ্বল হোসেন,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা: যীশু দাস।
বক্তারা  বর্তমান বিশ্বে টাইফয়েডে আক্রান্ত বিশাল জনগোষ্ঠীর ক্রমবর্ধমান হারের কারণ উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন। সরকারের নীতিনির্ধারকদের উদ্যেগের ফসল হিসেবে দেশব্যাপী এই টিকাদান কর্মসূচী বলে জানান।তারা আরো জানান,তাদের কর্মসূচী ১২ অক্টোবর থেকে আঠারো কর্মদিবস চলবে।
প্রথম ১০দিন চলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এর পরের ২ সপ্তাহ চলবে কমিউনিটিতে। ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোর কিশোরীকে এই টিকাদান কর্মসূচীর আওতায় আনা হবে।ইপিআই সকল কেন্দ্রে সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকাদান চলবে।এই সময়ে এর পাশাপাশি অন্যান্য টিকাদান কর্মসূচী চলমান থাকবে বলে সভায় জানানো হয়।
তবে টিকাদানের জন্য প্রতিটি শিশু কিশোরীর সরকারি রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আসতে হবে।সভায় আরো জানানো হয়,এই টিকাটির বড়ো কোনো পাশ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এর আগে পাকিস্তান,আফ্রিকার কয়েকটি দেশে টাইফয়েডের গণটিকা দিয়ে খারাপ কোনো খবর পাওয়া যায়নি।তারপরও তাঁরা এই বিষয়ে একটি জেলা ভিত্তিক টীম ছাড়াও উপজেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসক রয়েছেন।খবর পাওয়ার সাথে সাথে রেসপন্স করতে পারবেন।নোয়াখালী জেলায় এখন পর্যন্ত এই টিকাদানে রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় তেমন সাড়া পাওয়া যায়নি।এক্ষেত্রে উপস্থিত সাংবাদিকদের জোরালো সহযোগীতা কামনা করেছেন আয়োজকেরা।
পরে এই বিষয়ে জেলার সিনিয়র সাংবাদিকরা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে  রেজিষ্ট্রেশন সংক্রান্ত আর্থিক অনিয়মের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে এর শাস্তির দাবি করেন।পরে উপস্থিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলা শিক্ষা অফিসার বিষয়টি দেখবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সিনিয়র সচিব

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রতীকের নির্ধারিত তালিকায় শাপলা প্রতীক না থাকায় এনসিপিকে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন, ‘আমাদের ১১৫টি প্রতীকের তালিকায় শাপলা প্রতীক নেই। নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকেই প্রতীক নিতে হয়। তাই এনসিপি চাইলে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে।’

আখতার আহমেদ জানান, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চলমান আছে। নিবন্ধন-সংক্রান্ত নথিপত্র এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে। তবে প্রতীক সংক্রান্ত সমন্বয় কার্যক্রম ইতোমধ্যে এক ধাপ এগিয়েছে।

সচিব আরও বলেন, ‘এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু তালিকায় শাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে।’

তিনি জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সুশীল সমাজ, শিক্ষক, নারী নেত্রী, সাংবাদিক, রাজনৈতিক দল এবং নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। পূজা এবং ছুটির দিন বিবেচনায় নিয়ে ধাপে ধাপে এসব আলোচনার সময়সূচি নির্ধারণ করা হবে।

প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রমও এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন আখতার আহমেদ। তিনি বলেন, ‘প্রতিদিন নতুন খবর তৈরি করা যায় না। তবে আমরা নির্বাচনী প্রস্তুতির প্রতিটি ধাপে গণমাধ্যমকে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করছি।’

নির্বাচন কমিশন তফসিলে নতুন করে ৪৬টি প্রতীক যুক্ত করে। এই ৪৬টি প্রতীক যুক্ত হওয়ার আগে ইসির তফসিলে ৬৯টি প্রতীক ছিল। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১১৫টি প্রতীক আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়। আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পারত। তবে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো প্রতীক নিয়ে সুপারিশ করেনি। নতুন ৪৬টিসহ ইসির প্রতীক দাঁড়াচ্ছে ১১৫টি:-

আপেল, আনারস, কোদাল, খাট, টেবিল ঘড়ি, ফ্রিজ, মোড়া, ট্রাক, বক, মোরগ, আম, খেজুর গাছ, টেলিফোন, বাঘ, রকেট, আলমিরা, গরুর গাড়ী, টেলিভিশন, বই, রিক্সা, ঈগল, গাভী, ডাব, বটগাছ, লাউ, উটপাখি, গামছা, ঢেঁকি, বাঁশি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, তবলা, বেঞ্চ, লাঙ্গল, একতারা, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, তারা, বাইসাইকেল, সোনালী আঁশ, কবুতর, কলম, ঘোড়া, থালা, বালতি, সেলাই মেশিন, চাকা, দাঁড়িপাল্লা, বেলুন, সোফা, কলস, চার্জার লাইট, দালান, বৈদ্যুতিক পাখা, সিংহ, কলার ছড়ি, চাবি, দেওয়াল ঘড়ি, মই, কাঁঠাল, চিংড়ি, দোয়াত কলম, মগ, স্যুটকেস, হরিণ, কাঁপ-পিরিচ, চেয়ার, দোলনা, মাইক, হাত (পাঞ্জা), কাস্তে, চশমা, ধানের শীষ, মটরগাড়ি (কার), হাতঘড়ি, কেটলি, ছড়ি, নোঙ্গর, মশাল, হাতপাখা, কুমির, ছাতা, নৌকা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, প্রজাপতি, মাছ, কলা, কুড়াল, জাহাজ, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, ফুলের টব, মোমবাতি, কুঁড়ে ঘর, টেবিল, ফুলের মালা, মোবাইল ফোন, হাতি, হাতুড়ী, হারিকেন, হক্কা, হেলিকপ্টার।

আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওরে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল ডাকাত গ্রামের আমির মাস্টারের পাশের বাড়িতে হানা দেয়। এ সময় বাধা দিলে তারা গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “ডাকাতরা ঘরে ঢুকে লুটপাট চালায়। এ সময় গৃহবধূ রাশিদা বেগমকে হত্যা করে তারা। তিনি জানান, প্রায় ৩০ বছর আগে স্বামী নকুমুদ্দিনের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় রাশিদার। এরপর জীবিকার তাগিদে তিনি জর্ডান যান। দীর্ঘ প্রবাস জীবন শেষে প্রায় এক দশক আগে দেশে ফিরে আসেন। তার গ্রামের বাড়ি কুমুরিয়ায়। তবে সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ী গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। তিনি জানান, রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। পশ্চিম বাইলজুড়ী গ্রামে তিনি একাই থাকতেন। ঘটনার রাতে তার ভাইয়ের মেয়ে এবং নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। ঘিওর থানার ওসি (তদন্ত) কনিমূর ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এনেছি। ঘটনার প্রাথমিক তদন্তকাজ শুরু হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

প্রধান উপদেষ্টার সঙ্গে বেলজিয়ামের রানি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ও আইএমএফ এমডির সাক্ষাৎ

আলোকিত ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ড,ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের(আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

নিউইয়র্ক সময় ২২ সেপ্টেম্বর সোমবার  জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের সাইডলাইনে আলাদা আলাদা এসব সাক্ষাৎ হয়। সাক্ষাতে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে সোমবার বিকেলে নিউইয়র্কে এসে পৌঁছান প্রধান উপদেষ্টা। বিকেল ৩টায়(নিউইয়র্ক সময়) এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীরা নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

আজ পাকিস্তান-শ্রীলঙ্কার ‘বাঁচামরার’ লড়াই!

স্পোর্টস ডেস্ক: দুই দলের অবস্থা প্রায় একইরকম। এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরপর্বে পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরে বসেছে । উভয়েরই ব্যাটিং নিয়ে সমস্যা আছে। উভয় দলই বোলিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে খেই হারাচ্ছে।

কিন্তু এশিয়া কাপে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে দুই দলেরই আজ জয়টা ভীষণ প্রয়োজন বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। বলা যায় অনেকটা ডু অর ডাই বা বাঁচামরার ম্যাচ। কেননা টানা দুই ম্যাচ হারলে ফাইনালে খেলার সম্ভাবনা অনেকটাই মলিন হয়ে যাবে। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মাঠে গড়াবে হাইভোল্টেজ এই ম্যাচ।

শ্রীলঙ্কা ও পাকিস্তান অনেকদিন হলো টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়নি। সর্বশেষ তারা খেলেছিল ২০২২ সালে। অথচ ২০১০-এর দশকে তারা প্রায় নিয়মিতভাবেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতো।

বর্তমানে শক্তিমত্তায় দুই দলকেই প্রায় একইরকম মনে হচ্ছে। পাকিস্তানের ব্যাটিং ফায়ারপাওয়ারে সমস্যা। শ্রীলঙ্কারও একই সমস্যা। পাকিস্তানের র‍্যাঙ্কিং সপ্তম, শ্রীলঙ্কার অষ্টম। দুই দলই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আজ।

ফলে আবুধাবিতে আজ মরণপণ লড়াই করতে চাইবে দুই দলই। কেননা টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নাই পাকিস্তান-শ্রীলঙ্কা কারোরই।

আলোকিত প্রতিদিন/এপি