আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 284

এশিয়া কাপে যে পরিসংখ্যানে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক, এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান দল। এই জয়ে সুপার ফোরে দুই ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট ২। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচের ফলাফলের ওপর দলটির অনেক কিছু নির্ভার করছে এখন।

পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, তবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে প্রবল। অন্যদিকে, বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তবে তাদেরও পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হবে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

তবে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তবে দুই ম্যাচে তাদের পয়েন্ট হবে ৪। এরপর পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকার কাছে হারে, তবে পাকিস্তান নিশ্চিতভাবেই ফাইনালে উঠবে।

অন্যদিকে, পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকাকে হারায় (বাংলাদেশের কাছে হারের পর), তাহলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দলেরই পয়েন্ট হবে ৪। শ্রীলংকা থাকবে শূন্য পয়েন্টে। সে ক্ষেত্রে নেট রান রেট হিসেব করে ঠিক হবে কোন দুই দল খেলবে ফাইনালে।

আর যদি পাকিস্তান বাংলাদেশর কাছে হেরে যায় এবং ভারত তাদের বাকি দুই ম্যাচেই (বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে) হারে, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফাইনালে চলে যাবে। তখন ভারত, পাকিস্তান ও শ্রীলংকার পয়েন্ট হবে সমান ২, আর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে নেট রান রেটে।

আজ বুধবার ভারত মুখোমুখি হবে বাংলাদেশের, বৃহস্পতিবার পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে লড়বে ভারত ও শ্রীলংকা।

আলোকিত প্রতিদিন/এপি

থেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয় থেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে তার পথপ্রদর্শক ভূমিকা এবং মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থেয়ারওয়ার্ল্ডের চেয়ার ও গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের নির্বাহী চেয়ার সারা ব্রাউন। অনুষ্ঠানে শিক্ষার রূপান্তরমূলক শক্তিকে বিশেষভাবে তুলে ধরা হয়।

অধ্যাপক ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা দেওয়া হয়। তবে দারিদ্র্য দূরীকরণে মাইক্রোক্রেডিট কার্যক্রম এবং শিক্ষাকে তার কেন্দ্রীয় অংশে অন্তর্ভুক্ত করার আজীবন সংগ্রামের কারণে ইউনূসের স্বীকৃতি বেশি গুরুত্ব পায়। 

গর্ডন ব্রাউন পুরস্কার প্রদানকালে বলেন, গত পঞ্চাশ বছরে বেসরকারি খাতে কোনো প্রকল্প মানুষের দারিদ্র্যমুক্তিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগের মতো কার্যকর ভূমিকা রাখেনি। তিনি অধ্যাপক ইউনূসকে বিশ্বব্যাপী এক পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেন।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। তিনি বলেন, ‘যদি আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য উন্মুক্ত হয়, তবে পৃথিবীতে কেউ আর গরিব থাকবে না। আমি মাইক্রোক্রেডিটের প্যাকেজে শিক্ষাকে যুক্ত এবং নারীদের সহায়তা করেছি, যাতে তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে।’

তিনি বলেন, মাইক্রোক্রেডিটের সুযোগ নিয়ে বহু নারী তাদের পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করেছেন এবং সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। শিক্ষার প্রচলিত ধ্যানধারণাকে প্রশ্নবিদ্ধ করে অধ্যাপক ইউনূস বলেন, ছোটবেলা থেকেই শিশুদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার শিক্ষা দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহার করার শিক্ষা দিতে হবে। ‘বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমন এক স্থান, যেখানে মানব সমস্যার সমাধান শুধু উৎসাহিতই নয়, প্রত্যাশিতও হবে,’ যোগ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘মানবসমাজের সব সমস্যারই ব্যবসায়িক সমাধান সম্ভব।

আলোকিত প্রতিদিন/এপি

কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

ঢাকা জেলা প্রতিনিধি, মামুন আহমেদ জয়: গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক রুবেল আহমেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে তিনি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। এ সময় কয়েকজন বখাটে তরুণী উত্যক্ত করলে তিনি প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলার সময় প্রাণ বাঁচাতে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়দের এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।

রুবেল আহমেদ অভিযোগ করে বলেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জের ঘিওরে ডাকাতের হামলায় গৃহবধূর প্রাণহানি!

মানিকগঞ্জ থেকে মিজানুর রহমান খান কুদরত : মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পশ্চিম বাইলজুড়ী গ্রামে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের মতে, গভীর রাতে একদল ডাকাত গ্রামে প্রবেশ করে রাশিদা বেগমের বাড়িতে হানা দেয়। তারা স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করার সময় তাকে হত্যা করে।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ জানান, রাশিদা দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে আসেন এবং সাত বছর আগে পশ্চিম বাইলজুড়ীতে বসবাস শুরু করেন। তার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডানে অবস্থান করছেন। ঘটনার রাতে রাশিদা একাই বাড়িতে ছিলেন, তবে ভাইয়ের মেয়ে ও নাতি পাশের ঘরে ঘুমাচ্ছিলেন।

এ হত্যাকাণ্ডে এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। ঘিওর থানার ওসি (তদন্ত) কোহিনূর ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

আলোকিত প্রতিদিন/এপি

মানিকগঞ্জ পদ্মায় নৌ-চ্যানেলের নামে চাঁদাবাজি

মানিকগঞ্জ প্রতিনিধি: পদ্মা নদীতে গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেলের বাইরে অবৈধভাবে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ইজারাদারের বিরুদ্ধে। নৌযান মালিক-শ্রমিকরা জানায়, ইজারার শর্ত ভঙ্গ করে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে। এতে পরিবহন খরচ বেড়ে গিয়ে পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণে প্রভাব পড়ছে, বাড়তি বোঝা বহন করতে হচ্ছে ভোক্তাদের।

বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, প্রায় ৫ কোটি ৩১ লাখ টাকায় গ্রুপ অন সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরে ইজারা নেয়। তবে শর্ত অনুযায়ী চার্জ আদায় করার সুযোগ কেবল গোয়ালন্দ-পাকশি নৌ-চ্যানেলে সীমাবদ্ধ। কিন্তু ইজারাদার মানিকগঞ্জ আরিচা পাটুরিয়ার লোক দিয়ে পাটুরিয়া-দৌলতদিয়ার মাঝ নদীসহ বিভিন্ন স্থানে জোরপূর্বক তিন হাজার টাকা আদায় করছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অস্ত্রধারী লোকজন দিয়ে ভীতি সৃষ্টি করে টাকা আদায় করা হয়। প্রতিবাদ করলে নৌশ্রমিকদের মারধরও করা হয়। এ ঘটনায় পাটুরিয়া নৌ থানায় অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি পুলিশ।

বিআইডব্লিউটিএ আরিচা বন্দর কর্মকর্তা সুব্রত রায় বলেন, সীমানার বাইরে চার্জ আদায়ের সুযোগ নেই। অভিযোগের বিষয়ে হেড অফিস ও নৌ-পুলিশকে অবহিত করা হয়েছে। প্রমাণ মিললে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোসা: ইয়াসমিন খাতুনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আপনার মাধ্যমে জানতে পারলাম নৌ চ্যানেলের বাইরে গিয়ে চাঁদা আদায় করে। আমি খোঁজ নিয়ে দেখব তারা যদি অবৈধ কাজ করে তাহলে আমি আইনগত ব্যবস্থা নেব।

আলোকিত প্রতিদিন/এপি

তারেক রহমানের ৩১ দফার মধ্যে ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ: আমিনুল হক

ইমরান হোসেন : বিশেষ প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভবিষ্যৎ রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনের রোডম্যাপ সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশের সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোয় একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে, যেখানে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রূপনগর ট ব্লক ইসলামিয়া স্কুল মাঠে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি পোস্ট ফুটবল টুর্নামেন্ট–২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আমিনুল হক বলেন, খেলাধুলা হচ্ছে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের অন্যতম কার্যকর মাধ্যম। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে বিএনপি খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ করে তোলা হবে। তিনি আরও জানান, খেলাধুলার মাধ্যমে সামাজিক পরিবর্তনের পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোতেও ইতিবাচক রূপান্তর আসবে। তিনি ঘোষণা দেন, আগামী ২৭ সেপ্টেম্বর জিয়া উদ্যানের লেকে দেশের বরেণ্য সাঁতারুদের অংশগ্রহণে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৯ সেপ্টেম্বর জিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন মৃত্যু ভয় কে উপেক্ষা করে যিনি জুলাই বিপ্লবে সাহসী ভুমিকা রেখেছেন,ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ। তিনি বলেন, যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য খেলাধুলাকে যুবসমাজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে। মিরাজ আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, আর সেই স্বপ্ন বাস্তবায়নে দলীয় নেতাকর্মীরা সর্বশক্তি নিয়োজিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহাবুব আলম মন্টু প্রমুখ। এরআগে সকালে পল্লবীর লালমাটিয়া উচ্চ বিদ্যালয়ে স্কুল অভিভাবক প্রতিনিধি ও শিক্ষকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

অবৈধ লটারির টিকিট বিক্রি, বিক্রেতার ৭ দিনের কা*রাদণ্ড

শফিউল মন্ডল, তারাগঞ্জ : রংপুরের তারাগঞ্জে খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলায় অবৈধ লটারির টিকিট বিক্রির দায়ে মেহেদুল ইসলাম (৩৭) নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা এ দণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বদরগঞ্জ উপজেলার খোলাহাটি ক্ষুদ্র ও কুটির শিল্প বাণিজ্য মেলার লটারির টিকিট তারাগঞ্জের বালাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিক্রি করছিলেন মেহেদুল ইসলাম। এ সময় স্থানীয়রা তাকে আটক করে ইউএনওকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানে প্রায় ৫০০ লটারির টিকিট জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
দণ্ডপ্রাপ্ত মেহেদুল ইসলাম উপজেলার ইকরচালী ইউনিয়নের দক্ষিণ হাজীপুর গ্রামের আব্দুস সামাদ মিয়ার ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, “লটারির টিকিট বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। খবর পেয়ে অভিযান চালানো হয়। সাক্ষীদের বক্তব্য শুনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

শাপলা প্রতীক না পেলে কীভাবে নির্বাচন হয় দেখে নেব: সারজিস আলম!

আলোকিত ডেস্ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারতে পারে।।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেসবুকের এক পোস্টে তিনি এসব কথা বলেন। অনেকে মনে করছেন, নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিম নিক্ষেপের ঘটনাকে ইঙ্গিত করে তিনি এ পোস্ট দিয়েছেন।

সারজিস লিখেছেন, এই পা-চাটা দালাল এবং জনতার ভয়ে জান নিয়ে পালিয়ে যাওয়া তাদের মা হাসিনা- হাজারের অধিক খুনের নির্দেশ দাতা। বিগত ১৭ বছরে এই দেশে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, লুটপাট, ধর্ষণ থেকে শুরু করে এমন কোনো ঘৃণিত কাজ ও অন্যায় নেই, যা তারা করেনি।

এই অসভ্য জানোয়ারদের বিন্দুমাত্র অনুশোচনা নেই। দালালি করতে করতে আর পা চাটতে চাটতে এরা এদের বিবেকবোধ হারিয়ে ফেলেছে। এরা এদের পরিবার ও আত্মীয়-স্বজনের জন্য অভিশাপ।’

তিনি আরও লেখেন, এই নরপশুদের আর ছাড় দেওয়ার সুযোগ নেই। যারা অর্থসহ বিভিন্ন সুযোগ-সুবিধার বিনিময় এই শয়তানদের আশ্রয় দিয়েছেন এবং দিচ্ছেন তারা সাবধান হয়ে যান। সুযোগ পেলে এই কালো সাপগুলো আপনাদেরই ছোবল মারবে।

আলোকিত প্রতিদিন/এপি

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার: ডিএমপি

এমএইচ চৌধুরীঃ
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় এসএম হল শাখার ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেটসহ ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলো-১। খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬) ২। যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১১ নং বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫) ৩। ঢাকা মহানগর সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪ নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগ সহ-সভাপতি মো: আমিনুল হক ফয়সাল (৪৫) ৪। ছাত্রলীগের সক্রিয় কর্মী মো: আকাশ (২৫) ৫। ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো: মুরসালিন তালুকদার (৩৪) ৬। আওয়ামীলীগের সক্রিয় কর্মী মো: রিপন (৩৮) ৭। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭) ৮। বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি, আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো: মাহবুবুল ইসলাম (৩৪) ৯। বরগুনা জেলা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও আমতলী উপজেলা আওয়ামীলীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬) ১০। ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এএসএম আল সনেট (৩৬) ১১। লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো: বেলাল হোসেন তুহিন (২৯) ১২। মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো: আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও ১৩। তিতুমীর কলেজ শাখা সাবেক ছাত্রলীগ সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল আনুমানিক ০৪:০০ ঘটিকায় ডিবি সাইবার এন্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ বাড্ডা থানাধীন লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে গ্রেফতার করে। একই দিন দুপুর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় মতিঝিল থানার মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেফতার করে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৮.০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মোঃ আমিনুল হক ফয়সালকে ও আজকে দুপুর ১২۔০০ টায় আনুমানিক বাড্ডা থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আকাশকে গ্রেফতার করে ডিবি ওয়ারী বিভাগ। অপরদিকে সন্ধ্যা আনুমানিক ০৬.৩০ ঘটিকায় ডিবি-তেজগাঁও বিভাগ মোঃ মুরসালিন তালুকদারকে গ্রেফতার করে।
অপরদিকে, সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় ডিবি সাইবার বিভাগ বনশ্রী এলাকা থেকে মোঃ রিপন, মোঃ মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে ও রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ধানমন্ডি এলাকা থেকে মুহম্মদ আনিসুর রহমান গ্রেফতার করে। এএসএম আল সনেটকে রাত আনুমানিক ০৮:২০ ঘটিকায় রমনা থানার বেইলি রোড এলাকা থেকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত (২৩ সেপ্টেম্বর) আনুমানিক ০১:২৫ ঘটিকায় ডিবি-লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম রসুলবাগ এলাকা থেকে মোঃ বেলাল হোসেন তুহিনকে ও সকাল ০৭:১৫ ঘটিকায় মুগদা থানা এলাকা থেকে মোঃ আরশেদ আলী বিশ্বাসকে গ্রেফতার করে। একই দিন সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকায় রামপুরা থানা এলাকা থেকে অভিমুন্য বিশ্বাস অভিকে গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম। গ্রেফতারকৃত মোঃ মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনা আমতলী থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম

তারেক রহমানের অর্থায়নে গাবতলীতে ক্যান্সার রোগীদের পাশে বগুড়া জেলা যুবদল

মাজেদুর রহমানঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক নির্দেশনায় অসহায় ও দুরারোগ্য রোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বগুড়া জেলা যুবদল। মঙ্গলবার সকালে গাবতলী উপজেলার বিভিন্ন গ্রামে ছুটে গিয়ে চারজন ক্যান্সার ও হৃদরোগে আক্রান্ত রোগীর বাড়িতে চিকিৎসা সহায়তা পৌঁছে দেন সংগঠনের নেতাকর্মীরা।
এই মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সহায়তা প্রদান করা হয় লাংলু গ্রামের দক্ষিণপাড়ার ক্যান্সার রোগী রেজাউল করিম, মধ্যপাড়ার সীমা খাতুন, গোয়ালপাড়ার ওমেদ আলী এবং কৃষ্ণচন্দ্রপুরের কানিপাড়া হাট এলাকার হৃদরোগে আক্রান্ত আকমাত উল্লাহর নাতীর জন্য। এছাড়াও লাংলুহাট হাজিবিবি হায়েতুন্নেসা কাওমী মাদ্রাসার এতিম শিশুদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করা হয়।
সহায়তা প্রদানকালে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “তারেক রহমান সবসময় গাবতলীর মানুষের খোঁজখবর রাখেন। তাঁর নির্দেশেই আমরা আজ এই সহায়তা নিয়ে এসেছি।” তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনায় সকলের দোয়া চান।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে, যাতে তিনি দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”
এই মানবিক কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদত হোসেন সোহাগ, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, যুবদল নেতা সুমন, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজুনু, যুগ্ম আহ্বায়ক রুহিন হাসান রুহিন, আনোয়ার হোসেন, দক্ষিণপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিঠু ও যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম মানিকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই উদ্যোগটি শুধু চিকিৎসা সহায়তা নয়, বরং একটি বার্তা—মানবতার পাশে দাঁড়ানোই রাজনীতির প্রকৃত উদ্দেশ্য।
আলোকিত প্রতিদিন/২৩সেপ্টেম্বর ২০২৫/মওম