আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 283

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ২৪৪ নেতাকর্মী গ্রেপ্তা*র!

আলোকিত ডেস্ক, রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 বুধবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি আরো বলেন, আজ রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়। এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে। আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে পুলিশ।

নজরুল ইসলাম বলেন, এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আইনের আওতায় আনা হয়েছে ।

আলোকিত প্রতিদিন/এপি

ভোটারদের পছন্দের শী*র্ষে বিএনপি : জরিপ

বিশেষ প্রতিনিধি, বাংলাদেশে পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে প্রায় ৩৯ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে এগিয়ে রেখেছে বলে এক জরিপের ফলাফলে উঠে এসেছে।

 

জরিপ অনুযায়ী, ৩৯ দশমিক ১ শতাংশ ভোটার বিএনপিকে পরবর্তী সরকার গঠনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন। এরপর ২৮ দশমিক ১ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১৭ দশমিক ৭ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে আছে আওয়ামী লীগ। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪ দশমিক ৯ শতাংশ এবং অন্যান্য দল ১০ দশমিক ২ শতাংশ সমর্থন লাভ করেছে।

গত মার্চের তুলনায় বিএনপি, জামায়াত ও এনসিপির সমর্থন কিছুটা কমেছে, তবে আওয়ামী লীগের সমর্থন বেড়েছে। আঞ্চলিক চিত্রে বিএনপি এগিয়ে আছে চট্টগ্রাম (৪৯.৯ শতাংশ), সিলেট (৪৪.৭ শতাংশ), ময়মনসিংহ (৪৫.৭ শতাংশ), রাজশাহী (৪৪.৪ শতাংশ), খুলনা (৪৩.৩ শতাংশ) ও ঢাকা (৪০.৮ শতাংশ)–এ।

রংপুরে (৪৩.৪ শতাংশ) এগিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর বরিশালে (৩১.৯ শতাংশ) এগিয়ে আওয়ামী লীগ।

বিএনপি কম শিক্ষিত গোষ্ঠীর মধ্যে বেশি সমর্থন পাচ্ছে, আর জামায়াত উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে প্রভাবশালী।

ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সরওয়ার বলেন, মার্চের তুলনায় আওয়ামী লীগের ভোট শেয়ার বেড়েছে ৪.৮ শতাংশ, তবে অধিকাংশ দলের ক্ষেত্রে সমর্থন কমেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ এম শাহিন, ভয়েস ফর রিফর্মের ফাহিম মাশরুর, ব্রেইনের শফিকুর রহমান এবং ডেইলি স্টারের জায়মা ইসলাম।

 

উল্লেখ্য, জরিপটি ২–১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের আট বিভাগ, ৬৪ জেলা ও ৫২১টি প্রাথমিক নমুনা ইউনিট থেকে করা হয়। এতে ১০ হাজার ৪১৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহর এলাকা থেকে।

আলোকিত প্রতিদিন/এপি

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের ডিসি

সাইফুল ইসলাম সবুজ:
স্পেশাল অলিম্পিকস বাংলাদেশ এর একজন কৃতী ক্রীড়াবিদ হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও স্বর্ণপদক জয়ী বাকপ্রতিবন্ধী মোঃ আব্দুল কাদের স্মরণ এর পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
বাকপ্রতিবন্ধী মোঃ আব্দুল কাদের স্মরণ টাঙ্গাইল সদরের গালা ইউনিয়নের বেলটিয়াবাড়ী গ্রামের মোঃ সোলায়মান হোসেন এর ছেলে এবং টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। তিনি ২০১৫ সালে আমেরিকায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক, ২০১৯ সালে আবুধাবিতে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড সামার গেমস এর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে ৩টি স্বর্ণপদক ও ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস এর চ্যাম্পিয়ন হয়ে ১ টি স্বর্ণপদক লাভ করেন। তার জীবনের এসব গৌরবময় অর্জনের জন্য  তাকে ২০২০ সালে জাতীয় ক্রীড়া পদক-এ ভূষিত করা হয়।
সম্প্রতি মালেশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকস এশিয়া প্যাসিফিক রিজিওনাল গেমস-এ অংশ গ্রহণ করার জন্য টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক তাকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।  টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে মোঃ আব্দুল কাদের স্মরণ আজ ২৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসক শরীফা হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক শরীফা হক মোঃ আব্দুল কাদের স্মরণকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম

কুড়িগ্রামে ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

জি এম রাশেদুল ইসলাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজন ঐতিহ্যবাহী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র সংলগ্ন বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেলা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে, ল্যাম্ব হাসপাতালের বাস্তবায়ন ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অর্থায়নে ব্যতিক্রমী বৌ শ্বাশুড়ির মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে বউ শ্বাশুড়ির মেলার শুভ  উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ার হোসেন, মেডিকেল অফিসার (মা ও শিশু স্বাস্থ্য)পরিবার পরিকল্পনা মোছা : ফেরদৌসী খাতুন, প্রজেক্ট অফিসার (ল্যাম্ব) বাদল এককা, জেলা এসআরএইচ কো-অডিনেটর ড:সমাশ্রী রায়। এ সময় আরও উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রাঘবীর চন্দ্র বর্মন, উপসহকারী কমিউনিটি  মেডিকেল অফিসার মো: নুর ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শীকা মোছা : খাদিজা খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম জেলা (পরিবার পরিকল্পনা) সহকারী পরিচালক মো: মেজবাহ উদ্দিন বলেন, ‘বউ-শাশুড়ির সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক করার পাশাপাশি নারীদের স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এ মেলার মূল উদ্দেশ্য। পরিবার পরিকল্পনা ও মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতা গড়ে উঠলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
অংশগ্রহণকারী বউ নুরনাহার ও শাশুড়ি জমিলা  বেগমসহ অনেকেই বলেন, ‘আগে আমরা লজ্জা ও সংকোচের কারণে গর্ভকালীন ও স্বাস্থ্যবিষয়ক আলোচনা শাশুড়ির সঙ্গে করতাম না। তারা আরও জানান
এ মেলার মাধ্যমে আমরা মা ও শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারলাম। এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্কের দূরত্ব কমায় না, নারীর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছি।
মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ, ফিস্টুলা ও অন্যান্য স্ত্রীরোগ বিষয়ে পরামর্শ ও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেলায় ছিল পরিবার পরিকল্পনা পরামর্শ কর্নার, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা কর্নার, ফিস্টুলা কাউন্সেলিং কর্নার, ভায়া (জরায়ুমুখ ক্যানসার) পরীক্ষা কর্নার, প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা কর্নার ও কিশোরী কর্নার।
দিনব্যাপী এই মেলায় বিভিন্ন বয়সী প্রায় আড়াই শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম

নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর দুই সদস্য গ্রেফতার

এমএইচ চৌধুরীঃ
রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের দুই সদস্য’কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আমজাদ হোসেন বুখারী ( ২২) ও  ২। মাহদী হাসান (২২) ।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ০৬:৩০ মিনিটে মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নীচ থেকে তাদেরকে গ্রেফতার করে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল থানাধীন সিটি সেন্টারের সামনে মেট্রোরেলের নিচে ৬১৭ নং পিলারের গায়ে উল্লিখিত আসামীগণসহ আরও ৭/৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠন “হিযবুত তাহরীর, উলাই’য়াহ বাংলাদেশ”এর পোস্টার লাগানোর চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০টি ‘হিযবুত তাহরীর/উলাইয়াহ বাংলাদেশ’ লেখা পোস্টার উদ্ধার করা হয়।পুলিশের উপস্থিতি দেখে সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও ৭/৮ জন পালিয়ে যায়।
উদ্ধারকৃত পোস্টারে লেখা ছিল, “হে দেশবাসী, দালাল শাসক গোষ্ঠী আমাদের সামরিক বাহিনীকে মার্কিনীদের স্বার্থে ব্যবহার করার বন্দোবস্ত করছে, সামরিক বাহিনীকে নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়ান।”
মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা নিষিদ্ধ ঘোষিত “হিযবুত তাহরীর” সংগঠনের সমর্থক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম

মাদারীপুরে অগ্রণী ব্যাংক পিএলসি আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে টাউন হল মিটিং ও ব্যবস্থাপক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

নাহিদ তালুকদার:
অগ্রণী ব্যাংক পিএলসি ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও মাদারীপুর অঞ্চলের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনাকে কেন্দ্র করে টাউন হল মিটিং (মিট দ্যা বরোয়ার) ও ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার অগ্রণী ব্যাংক পিএলসি মাদারীপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সার্কেলের মহাব্যবস্থাপক জনাব সুপ্রভা সাঈদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সার্কেলের উপ-মহাব্যবস্থাপক জনাব সাবিনা সুলতানা এবং সহকারী মহাব্যবস্থাপক জনাব অমল চন্দ্র সিকদার।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান জনাব মনজুর হোসেন। বক্তারা অগ্রণী ব্যাংকের সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, নতুন পরিকল্পনা বাস্তবায়ন,সহ গ্রাহকসেবা আরও সহজতর করার কৌশল এবং ব্যাংকের ভাবমূর্তি উজ্জ্বল করতে করণীয় বিষয়গুলো তুলে ধরেন।
সভায় মাদারীপুর অঞ্চলের বিভিন্ন শাখার ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম

আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

আলোকিত প্রতিবেদক:

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্র সফরকালে বিশ্বকে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে অবহিত করবেন। প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।’২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।’

প্রেস সচিব বলেন, ‘মূল বার্তা হলো— ১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং উৎসবমুখর হবে।’

শফিকুল আলম জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন।

এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।

প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে। আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি তারা কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এখন দেখুন আওয়ামী লীগের অবস্থান কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।’

নিউজ:বাসস

আলোকিত প্রতিদিন/২৪সেপ্টেম্বর ২০২৫/মওম

এশিয়া কাপে যে পরিসংখ্যানে দাঁড়িয়ে বাংলাদেশ-ভারত-পাকিস্তান-শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক, এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকাকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে পাকিস্তান দল। এই জয়ে সুপার ফোরে দুই ম্যাচ থেকে পাকিস্তানের পয়েন্ট ২। তবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের শেষ ম্যাচের ফলাফলের ওপর দলটির অনেক কিছু নির্ভার করছে এখন।

পাকিস্তান যদি বাংলাদেশকে হারায়, তবে তাদের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে প্রবল। অন্যদিকে, বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তবে তাদেরও পয়েন্ট হবে ২। সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটি হবে কার্যত ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াই বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।

তবে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে জিতে যায়, তবে দুই ম্যাচে তাদের পয়েন্ট হবে ৪। এরপর পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকার কাছে হারে, তবে পাকিস্তান নিশ্চিতভাবেই ফাইনালে উঠবে।

অন্যদিকে, পাকিস্তান যদি বাংলাদেশকে হারায় এবং ভারত শ্রীলংকাকে হারায় (বাংলাদেশের কাছে হারের পর), তাহলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দলেরই পয়েন্ট হবে ৪। শ্রীলংকা থাকবে শূন্য পয়েন্টে। সে ক্ষেত্রে নেট রান রেট হিসেব করে ঠিক হবে কোন দুই দল খেলবে ফাইনালে।

আর যদি পাকিস্তান বাংলাদেশর কাছে হেরে যায় এবং ভারত তাদের বাকি দুই ম্যাচেই (বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে) হারে, তবে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফাইনালে চলে যাবে। তখন ভারত, পাকিস্তান ও শ্রীলংকার পয়েন্ট হবে সমান ২, আর দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারিত হবে নেট রান রেটে।

আজ বুধবার ভারত মুখোমুখি হবে বাংলাদেশের, বৃহস্পতিবার পাকিস্তান খেলবে বাংলাদেশের বিপক্ষে। আর শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে লড়বে ভারত ও শ্রীলংকা।

আলোকিত প্রতিদিন/এপি

থেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড পেলেন প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে নিউইয়র্কে অনুষ্ঠিত থেয়ারওয়ার্ল্ডের বার্ষিক উচ্চপর্যায়ের গ্লোবাল এডুকেশন ডিনারে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসকে দেওয়া হয় থেয়ারওয়ার্ল্ডের আনলক বিগ চেঞ্জ অ্যাওয়ার্ড। শিক্ষা ও সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে তার পথপ্রদর্শক ভূমিকা এবং মানবকল্যাণে আজীবন প্রতিশ্রুতির স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা বিষয়ক বিশেষ দূত ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন এবং থেয়ারওয়ার্ল্ডের চেয়ার ও গ্লোবাল বিজনেস কোয়ালিশন ফর এডুকেশনের নির্বাহী চেয়ার সারা ব্রাউন। অনুষ্ঠানে শিক্ষার রূপান্তরমূলক শক্তিকে বিশেষভাবে তুলে ধরা হয়।

অধ্যাপক ইউনূসের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপো গ্রান্ডিকেও সম্মাননা দেওয়া হয়। তবে দারিদ্র্য দূরীকরণে মাইক্রোক্রেডিট কার্যক্রম এবং শিক্ষাকে তার কেন্দ্রীয় অংশে অন্তর্ভুক্ত করার আজীবন সংগ্রামের কারণে ইউনূসের স্বীকৃতি বেশি গুরুত্ব পায়। 

গর্ডন ব্রাউন পুরস্কার প্রদানকালে বলেন, গত পঞ্চাশ বছরে বেসরকারি খাতে কোনো প্রকল্প মানুষের দারিদ্র্যমুক্তিতে গ্রামীণ ব্যাংকের উদ্যোগের মতো কার্যকর ভূমিকা রাখেনি। তিনি অধ্যাপক ইউনূসকে বিশ্বব্যাপী এক পথপ্রদর্শক হিসেবে অভিহিত করেন।

পুরস্কার গ্রহণকালে অধ্যাপক ইউনূস বলেন, খাদ্য, স্বাস্থ্যসেবা ও শিক্ষার মতো ঋণও একটি মৌলিক মানবাধিকার। তিনি বলেন, ‘যদি আর্থিক ব্যবস্থার দরজা সবার জন্য উন্মুক্ত হয়, তবে পৃথিবীতে কেউ আর গরিব থাকবে না। আমি মাইক্রোক্রেডিটের প্যাকেজে শিক্ষাকে যুক্ত এবং নারীদের সহায়তা করেছি, যাতে তারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে পারে।’

তিনি বলেন, মাইক্রোক্রেডিটের সুযোগ নিয়ে বহু নারী তাদের পরিবারকে দারিদ্র্য থেকে মুক্ত করেছেন এবং সন্তানদের শিক্ষার সুযোগ করে দিয়েছেন। শিক্ষার প্রচলিত ধ্যানধারণাকে প্রশ্নবিদ্ধ করে অধ্যাপক ইউনূস বলেন, ছোটবেলা থেকেই শিশুদের সৃজনশীলতা ও উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলার শিক্ষা দেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ব্যবসাকে মানবকল্যাণের শক্তি হিসেবে ব্যবহার করার শিক্ষা দিতে হবে। ‘বিশ্ববিদ্যালয় হওয়া উচিত এমন এক স্থান, যেখানে মানব সমস্যার সমাধান শুধু উৎসাহিতই নয়, প্রত্যাশিতও হবে,’ যোগ করেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, ‘মানবসমাজের সব সমস্যারই ব্যবসায়িক সমাধান সম্ভব।

আলোকিত প্রতিদিন/এপি

কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, আহত ৩

ঢাকা জেলা প্রতিনিধি, মামুন আহমেদ জয়: গাজীপুরের কাশিমপুরে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাভার প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্সসহ তিনজন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় রুবেল আহমেদের ডান হাত ভেঙে যায়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০–২৫ জনের একটি সংঘবদ্ধ দল লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক রুবেল আহমেদ ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সাংবাদিক রুবেল আহমেদ প্রিন্স বলেন, নবীনগর-চন্দ্রা মহাসড়কের খানাখন্দ নিয়ে তিনি প্রতিবেদন তৈরির কাজ করছিলেন। এ সময় কয়েকজন বখাটে তরুণী উত্যক্ত করলে তিনি প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বখাটেরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। হামলার সময় প্রাণ বাঁচাতে তারা কেপিজে হাসপাতালের ফটকের ভেতরে আশ্রয় নেন। কিন্তু হামলাকারীরা টেনে-হিঁচড়ে বের করার চেষ্টা করে। পরে স্থানীয়দের এগিয়ে আসায় তারা পালিয়ে যায়।

রুবেল আহমেদ অভিযোগ করে বলেন, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরিফ ব্যাপারীর ভাতিজা রিমেলের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/এপি