আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 275

দ্বিতীয় মেয়াদে কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি আবু জাফর মোল্লা

প্রতিনিধি,কুষ্টিয়া:

কুষ্টিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচনে দ্বিতীয় মেয়াদে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব আবু জাফর মোল্লা। তিনি ট্রেড গ্রুপ হতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত পরিচালক।  এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ‘এ’ গ্রুপের হাজী মেজবার রহমান ও সহ-সভাপতি নির্বাচিত হলেন ‘বি’ গ্রুপের আলহাজ্ব কাজী রফিকুর রহমান রফিক। গত রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার ভবনে এই তিন পদে মনোনয়ন ক্রয় ও জমা দেয়ার সময় ছিল। শুধুমাত্র এই তিনজন তিনটি গুরুত্বপুর্ন পদে মনোনয়ন পত্র ক্রয় করেন এবং জমা দেন। আর কোন প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন এ্যাড. মীর ছানোয়ার হোসেন এই তিনজনকে বিজয়ী ঘোষনা করেন। এর আগে শনিবার দিনব্যাপী চেম্বারের ‘এ’ গ্রুপের নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘বি’ গ্রুপের ৬টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন। ‘এ’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন- মো: ফুয়াদ রেজা ফাহিম, মো: আখতারুজ্জামান ওরফে কাজল মজমাদার, হাজী মো: মেজবার রহমান, মো: মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, মো: জিহাদুজ্জামান জিকু, ইঞ্জি: মো: শাহাবুদ্দীন, ইমরান হোসাইন, হাজী মো: রবিউর রহমান, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, উত্তম সাহা, এস এম আলমগীর আলম, মো: হামিদুর রহমান। ‘বি’ গ্রুপের নির্বাচিত পরিচালকগন হলেন, শাকিল আহমেদ জালাল, কাজী রফিকুর রহমান রফিক, রুহুল আমিন, আবু মনি জুবায়েদ রিপন, রফিকুল ইসলাম ও পারভেজ মজমাদার। এদিকে নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতিকে ফুল দিয়ে বরন করে নেন চেম্বারের নবনির্বাচিত পরিচালকগন। রবিবার বিকেলে চেম্বারের বর্তমান সভাপতি আবু জাফর মোল্লা নব নির্বাচিত পরিচালকদের ফুল দিয়ে বরন করে নেন। তিনি সকল পরিচালককে চেম্বারের আগামী দিনের সকল কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন এবং সহযোগিতার আহবান জানান। ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধ বিষয়কে গুরুত্ব দিয়ে একটি কল্যাণকর চেম্বার গঠনে বিশেষ ভূমিকা রাখবেন বলে তিনি জানান। এদিকে নির্বাচন কমিশন মীর ছানোয়ার হোসেন জানান, ‘এ’ গ্রুপের নির্বাচনে বিজয়ী ইমরান হোসেন ৯০৪ ভোট পেয়ে ৭ম স্থান লাভ করেন। তবে ভোট গ্রহন শেষে ভুলক্রমে তার প্রাপ্ত ভোট ৮৭৩ উল্লেখ করা হয়েছিল। তিনি গতকাল নির্বাচনের ফলাফল সংশোধন করে এতথ্য জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

সাঁতার শিখতে গিয়ে মর্মান্তিক মৃত্যু, সেনাবাহিনীতে যোগ দেওয়া হলো না হৃদয়ের

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের কালিহাতীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে ইউনূসুর রহমান হৃদয় (১৮) নামে সেনাবাহিনীতে সদ্য মনোনীত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদের পুকুরে এ ঘটনা  ঘটে।
হৃদয় কালিহাতী উপজেলার  বীরবাসিন্দা ইউনিয়নের পাছ জোয়াইর গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। পরিবারসহ তারা পৌর এলাকার  সাতুটিয়ায়  ভাড়া বাসায় বসবাস করতেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, হৃদয় সেনাবাহিনীর সৈনিক পদে মনোনীত হওয়ার সুবাধে মঙ্গলবার সকালে তার মায়ের সাথে উপজেলা পরিষদের পুকুরে সাঁতার শিখতে যান। গাড়ির চাকার টিউব দিয়ে সাঁতার শেখার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

জমি বিরোধে সিংগাইর এসিল্যান্ড অফিসে হামলা, আহত পাঁচজন

প্রতিনিধি,সিংগাইর (মানিকগঞ্জ): ‎ ‎

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গতকাল সোমবার উপজেলা ভূমি (এসিল্যান্ড) অফিসে হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎ ‎ভুক্তভোগী পরিবার জানায়, ১৯৯৯ সালে তাদের চাচা সিরাজ উদ্দিন একটি জমি ক্রয় করেন। জমিটি তিনি নিজের (সিরাজ উদ্দিন) নাম ও  প্রথম পক্ষের স্ত্রীর প্রথম ছেলের (সুবন) নামে রেজিস্ট্রি করেন। ২০০০ সালে প্রথম পক্ষের সন্তান মারা যান। পরবর্তীতে ২০১৫-১৬ সালের দিকে বৈধ কাগজপত্র অনুযায়ী জমিটি বিক্রি করে দেন তাদের চাচা সিরাজ উদ্দিন। ‎ ‎অভিযোগ রয়েছে, দ্বিতীয় পক্ষের আরেক সন্তান নাহিদ হাসান বর্তমানে মৃত সন্তানের নাম ব্যবহার করে উক্ত জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে ভূমি অফিসে একটি মিস কেস করা হয়। ‎ ‎ভুক্তভোগীদের দাবি, সমস্ত কাগজপত্র ও প্রমাণ তাদের পক্ষে থাকা সত্ত্বেও একদল দালাল ও প্রভাবশালীর সহায়তায় তাদের হয়রানি করা হচ্ছে। এসিল্যান্ড অফিসের নির্দেশে গতকাল সোমবার কাগজপত্র প্রদর্শনের জন্য তারা সিংগাইর এসিল্যান্ড অফিসে গেলে স্থানীয় একটি রাজনৈতিক দলের নামধারী নেতা নাহিদ হাসান (২৬), আবুল হোসেন (৪৮), শফিনুরসহ (৩৮) তাদের অনুসারী নিয়ে অফিসের ভেতরেই হামলা চালায়। এতে জুবায়েরসহ পাঁচজন গুরুতর আহত হন। আহতরা হলেন- মুসা খান,  নিরব মিয়া,  শাহ আলী,  জুবায়ের হোসেন ও সুমা আক্তার। ‎ ‎পরে এসিল্যান্ড অফিস থেকে থানায় কল দিলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। একই সঙ্গে হামলাকারীরা প্রকাশ্যে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। ‎ ‎ভুক্তভোগী পরিবার বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও নিরাপত্তা প্রদানের দাবি জানিয়েছেন।

আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

নবীনগরে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু :ফাঁড়ির ইনচার্জ গ্রেফতার 

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে আব্দুল্লাহ (২৭) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ- চোর সন্দেহে আব্দুল্লাহকে প্রথমে গ্রামবাসীরা নির্যাতন করে এবং পরে ফাঁড়িতে নিয়েও নির্যাতন করা হয়।
জানা যায়- চুরির অভিযোগে গত ২৩/৯/২৫ সলিমগঞ্জ বাজারের সিএনজি স্ট্যান্ড থেকে স্থানীয়রা তাকে আটকে মারধর করে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে সোর্পন করে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ- ফাঁড়িতে নেওয়ার পরও নির্যাতন করা হয়। কর্তৃপক্ষকে অনুমতি ছাড়া আব্দুল্লাহকে চারদিন ফাঁড়িতে আটকে রাখলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় ভাবে তিন দিন চিকিৎসার পরও অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় ২৮/৯/২৫ আব্দুল্লাহর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই সাকিল মিয়া বাদী হয়ে গত ২৯/৯/২৫ নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ছলিমগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিন, তবি মিয়া, আলামিন, আয়নাল হক সহ চারজনের নাম উল্লেখসহ আরও ২০–২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়- আসামীদের সঙ্ঘবদ্ধতায় আব্দুল্লাহকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেন পরিকল্পিত ভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আব্দুল্লার মৃত্যুর পর স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করে। উত্তেজনা বাড়ার আশঙ্কা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফাঁড়িটি বন্ধ করে সেনা মোতায়েন করে।
এ ঘটনার পর পুলিশ সুপার এহতেশামুল হক ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনায় এক পুলিশ সদস্যসহ পাঁচজনকে আসামি করে মামলা হয়েছে। ইতিমধ্যে ফাঁড়ির ইনচার্জ মো. মহিউদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

আখাউড়ায় ২৫ বিজিবি অধিনায়কের দুর্গাপূজার মন্দির পরিদর্শন 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ২৫ বিজিবি অধিনায়ক ল্যাঃ কর্নেল জব্বার আহমেদ পুজা মন্দির পরিদর্শন করেছেন । মঙ্গলবার দুপুর ১১ টার দিকে তিনি আখাউড়া পৌরশহরের রাধামাধব আখড়া পুজা মন্ডপ পরিদর্শনে আসেন। এসময় তিনি মন্দিরে অবস্থান করে পুজার কাজের নিয়োজিত থাকা পুরোহিতদের সাথে কথা বলেন এবং উপস্থিত সবার সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এর পাশাপাশি তিনি পুজা সম্পাদনে নিয়োজিত থাকা কমিটির নেতৃবৃন্দের সাথে কথা বলে সার্বিক ভালো মন্দের খোঁজ খবর নেন এবং মন্দিরের অফিস কক্ষে অবস্থান করে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন।
মন্দির পরিদর্শন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ৩টি বেইস ক্যাম্পের মাধ্যমে ৩৮টি পুজা মন্ডপে শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে পূজা উদযাপনের জন্য সার্বক্ষনিক টহল এবং প্রহরা দিয়ে যাচ্ছে  । আমাদের জানা মতে এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং সামনেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আমরা বিশ্বাস করি । এইবার প্রত্যেকেই অত্যন্ত স্বাচ্ছন্দে ও নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করবে। তিনি বলেন, বিজয়া দশমীর পরদিন পর্যন্ত বিজিবি টহল অব্যাহত থাকবে।এসময় রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, নাছরীন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত বণিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

শ্যামনগর সীমান্তে হাজারো মানুষের সুপিয় পানির ব্যবস্থা করলেন বিজিবি 

এস কে সিরাজ:
সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন উপকূলীয় কৈখালী সিমান্তে সুপিয় পানি প্রকল্প উদ্বোধন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ৩০সেপ্টেম্বর মঙ্গলবার কৈখালী এস আর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এই প্রকল্পের উদ্বোধন করেন তিনি।
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, বিজিবি হবে বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা প্রহরী ও আস্থার প্রতীক। লবনাক্ত উপকূলের মানুষদের প্রধান সমস্যা সুপেয় খাবার পানি । এখানকার মানুষ পুকুর ও বৃষ্টির পানি পান করেন। যে পানি অনিরাপদ। এ অঞ্চলের মানুষের দাবির প্রেক্ষিতে বিজিবির পক্ষ থেকে ৫৬ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি হাতে নেয়া হয়েছে। এটি বিজিবির মানবিক উদ্যোগ।
বনদস্যু নিয়ন্ত্রণ প্রসঙ্গে সাংবাদিক দের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কোস্টগার্ডও অপারেশন পরিচালনা করছে। সম্মিলিতভাবে বনদস্যু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। সেক্ষেত্রে সুনিদৃষ্ট তথ্য দিয়ে সহায়তার আহব্বান জানান বিজিবি মহাপরিচালক।
পানি প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ সময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ নওফেল মাহমুদ, সোহরাব হোসেন ভূইয়া, শরীফুল ইসলাম, নীলডুমুর ব্যাটেলিয়ন (১৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার রাজীব, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামসহ অতিরিক্ত জেলা প্রশাসক-সাতক্ষীরা, উপজেলা নির্বাহী অফিস্যার-মোছাঃ রনি খাতুন,
 শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্যা,  কৈখালী ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম, ও ইউপি সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের প্রধান হলেন সাংবাদিক খায়রুল আলম রফিক 

স্টাফ রিপোর্টারঃ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নিপীড়িত ও নানাভাবে ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”। ১ সেপ্টেম্বর সোমবার ঢাকা অফিসে “সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ”নামে একটি পেশাগত অধিকার সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয়।  দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক নাগরিক সাংবাদিক মোঃ খায়রুল আলম রফিক কে সংগঠনের প্রধান করে ১০১ সদস্য নিয়ে যাত্রা শুরু করা হয়।
এ সময় তিনি রফিক বলেন, ‘গত ১৬ বছরে নিপীড়িত ও খুন হওয়া সাংবাদিকদের তালিকা করা হচ্ছে । তিনি বলেন, ‘বিগত প্রায় ১৬ বছর ধরে বাংলাদেশে অসংখ্য সাংবাদিক ও সংবাদকর্মী নানা ধরনের নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন এবং বিভিন্ন সময় খুন হয়েছেন। কিন্তু নিপীড়িত সাংবাদিক ও খুন হওয়া সাংবাদিকের প্রকৃত সংখ্যা আমরা কেউ জানি না। আবার শুধু সাংবাদিকরা নিজেরাই নন, তাদের পরিবারের সদস্যদের পর্যন্ত মামলা, হামলা এবং হয়রানির মধ্যদিয়ে যেতে হচ্ছে।
তিনি বলেন, এ ধরনের নির্যাতিত সাংবাদিকদের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তারা যাতে যথাযথ বিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে ন্যায় বিচার এবং  ক্ষতিপূরণ পান তা নিশ্চিত করার লক্ষ্যেই এই সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। একইসঙ্গে বর্তমান এবং ভবিষ্যতে যেকোনও সরকারের সময় যাতে পেশাগত কাজের কারণে সাংবাদিকরা নিপীড়নের শিকার না হন সে জন্য কাজ করে যাবে এই সংগঠনটি।
উক্ত সংগঠনে সদস্যরা হচ্ছেন বিজ্ঞ আইনজীবী, মানবাধিকার কর্মী, সিনিয়র সাংবাদিক, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও ৬৪ জেলা থেকে ৭১ জন সাংবাদিক নিয়ে যাত্রা শুরু করা হয় । এছাড়াও প্রত্যেকটা ঘটনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আলাদা একটি তদন্ত সংস্থা করা হয়েছে। উক্ত তদন্ত সংস্থার একজন প্রধান ও ১১ জন সদস্য রাখা হবে।
আলোকিত প্রতিদিন/৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন চা*য় না: প্রধান উপদেষ্টা!

আলোকিত ডেস্ক, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচনী প্রক্রিয়ায় বাধা সৃষ্টির চেষ্টা করছিল জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, কিছু শক্তি চায় নির্বাচন যেন না হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এ বলেন।

পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের বিস্তারিত গণমাধ্যমকে জানায়।

 

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস সতর্ক করে বলেন, কিছু আন্তর্জাতিক মহল নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছিল। নির্বাচন যাতে কখনো না হয় তা নিশ্চিত করতে কিছু শক্তি দৃঢ়প্রতিজ্ঞ। আমরা জানি না তারা কার জন্য কাজ করছে। বিপুল পরিমাণ টাকা ঢালা হচ্ছে; যার সুবিধাভোগীরা দেশের ভেতরে এবং বাইরে রয়েছে। তারা ভালোভাবে প্রস্তুত, এটাই সবচেয়ে বিপজ্জনক বিষয়। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আমরা চাই ফেব্রুয়ারির নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ; যে ধরনের ভালো নির্বাচন সত্যিকার অর্থে বাংলাদেশে কখনো হয়নি। বছরের পর বছর সত্যিকারের ভোটাররা ভোট দিতে পারেনি। এবার আমরা তাদের স্বাগত জানাতে চাই, বিশেষ করে নারীদের এবং সবার অংশগ্রহণ উদযাপন করতে চাই। কীভাবে ভোট দিতে হয় তার প্রক্রিয়া জানাতে আমরা ব্যাপক প্রচারণা চালাব।

আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনের আগের এই সময়টা ‘গুরুত্বপূর্ণ’। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের বাংলাদেশ সফর অব্যাহত রাখা। প্রত্যেকবার আপনারা সফরে এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোর মুখ দেখে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর।

চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, আমরা একটি ভেঙে পড়া ব্যবস্থার মধ্যে যাত্রা শুরু করি। গত বছরের হত্যাকাণ্ড তদন্তে আমরা জাতিসংঘ মানবাধিকার কার্যালয়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। তাদের প্রতিবেদনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় উন্মোচিত হয়। এরপর থেকে আমরা জাতিসংঘ মানবাধিকার মিশন প্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করেছি, এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

জোরপূর্বক গুম তদন্তে একটি কমিশন গঠন করার কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, মানুষ ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে সামনে আসছে, একটি ঘটনার চেয়ে আরেকটি ঘটনা আরও বেশি ভয়ানক। বছরের পর বছর এই ভয়ংকর ঘটনাগুলো ঘটেছে। অনেক মানুষকে আয়না ঘরে রাখা হয়েছিল, অনেক সময় তারা জানতও না কেন সেখানে রাখা হয়েছে। কমিশন এখনও পূর্ণ প্রতিবেদন দেয়নি, তবে নিয়মিত আপডেট দিচ্ছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে সংস্কারের জন্য ১১টি কমিশন গঠন করার কথা উল্লেখ করে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন এরই মধ্যে সংস্কার প্রস্তাবসমূহ পর্যালোচনা করছে। রাজনৈতিক দলগুলোও এই প্রক্রিয়ার অংশ। আশা করছি, জুলাই সনদে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কারগুলো অক্টোবরের মধ্যে খসড়া আকারে তৈরি হবে এবং রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে।

অর্থ পাচারের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোকে কথা বলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, চুরি হওয়া অর্থ উদ্ধারের আইনি প্রক্রিয়া অত্যন্ত জটিল। আশা করি মানবাধিকার সংস্থাগুলো এ বিষয়ে আওয়াজ তুলবে, ব্যাংকগুলো যেন চুরি অর্থ লুকিয়ে রাখতে না পারে। এসব অর্থের সত্যিকারের মালিক জনগণ।

বৈঠকে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, বাংলাদেশের তরুণরা কাঠামোগত সংস্কারের জন্য আন্দোলন করেছে, যাতে দেশ আর কখনো সেই পরিস্থিতিতে না ফিরে যায় যা জুলাইয়ের মতো গণঅভ্যুত্থান সৃষ্টি করে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রবার্ট এফ. কেনেডি মানবাধিকার সংস্থার আইনজীবী ক্যাথরিন কুপার; সিভিকাস-এর সাধারণ সম্পাদক মনদীপ তিওয়ানা, ফোর্টিফাই রাইটস-এর প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা ম্যাথিউ স্মিথ; টেক গ্লোবাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক সাবহানাজ রাশিদ দিয়া; অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া বিষয়ক পরিচালক ক্যারোলিন ন্যাশ; ওহাইও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং আন্তর্জাতিক স্কলার মোহাম্মদ আশরাফুজ্জামান এবং সিভিকাস জাতিসংঘের উপদেষ্টা জেসেলিনা রানা।

আলোকিত প্রতিদিন/এপি

ইউক্রেনে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং জয় করছে রাশিয়া: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনী একটি ‘ন্যায়সঙ্গত যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে এবং এতে তারা জয়লাভ করছে। মূলত সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রুশ বাহিনী বেশ অগ্রগতি অর্জন করেছে এবং এর মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক ভিডিও বার্তায় পুতিন বলেন, “আমাদের যোদ্ধা ও কমান্ডাররা আক্রমণ চালিয়ে যাচ্ছেন, পুরো দেশ-সমগ্র রাশিয়া-এই ন্যায়সঙ্গত যুদ্ধে লড়ছে এবং কঠোর পরিশ্রম করছে।” তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং আমাদের ঐতিহাসিক ঐক্য রক্ষা করছি। আমরা লড়ছি এবং জয়লাভ করছি।”

অবশ্য দীর্ঘ আড়াই বছর ধরে চলা এই যুদ্ধের কোনো শেষ দেখা যাচ্ছে না, যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি এ নিয়ে আলাদাভাবে পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন।

ওপেন সোর্স যুদ্ধক্ষেত্রের মানচিত্র অনুযায়ী, রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ন্ত্রণ করছে, যা দেশের মোট ভূখণ্ডের প্রায় ১৯ শতাংশ। এর মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ এবং পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বড় অংশও রয়েছে।

গত সপ্তাহে ট্রাম্প তার পূর্বের অবস্থান থেকে সরে এসে বলেন, ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের সুযোগ আছে। ওয়াশিংটনও জানিয়েছে, তারা কিয়েভের টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের অনুরোধ বিবেচনা করছে। মূলত এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভূখণ্ডের গভীরে আঘাত হানা সম্ভব।

এদিকে যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকায় আরও দুটি গ্রাম তাদের নিয়ন্ত্রণে এসেছে।

এ বিষয়ে ইউক্রেনীয় কর্মকর্তারা সরাসরি মন্তব্য না করলেও প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, দোনেৎস্কের ডোব্রোপিলিয়া শহরের কাছে কিয়েভের পাল্টা আক্রমণ কিছুটা অগ্রগতি অর্জন করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তাদের বাহিনী এখন শান্দ্রিগোলোভে এবং জারিচনে নামের দুটি গ্রাম নিয়ন্ত্রণ করছে। দুটি গ্রামই স্লোভিয়ানস্ক শহরের উত্তর-পূর্বে অবস্থিত।

এছাড়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রুশ সেনারা ভবন থেকে ভবনে অগ্রসর হচ্ছে এবং শান্দ্রিগোলোভে গ্রাম নিয়ন্ত্রণে নেওয়ার পর সেখানে রুশ পতাকা উত্তোলন করছে।

আলোকিত প্রতিদিন/ ৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

হিরো আলমের অবস্থা ‘আশঙ্কাজনক’, বদলাতে হয়েছে হাসপাতাল

বিনোদন ডেস্ক:

কনটেন্ট ক্রিয়েটর এবং সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। ২৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, বেশ কয়েকজন তরুণ মোটরসাইকেলে করে এসে হিরো আলমের ওপর অতর্কিত হামলা চালায়। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হিরো আলমের স্ত্রী রিয়া মনি বিষয়টি নিশ্চিত করেছেন।

রিয়া মনি বলেন, ‘ডাক্তাররা আমাদের জানিয়েছেন দ্রুত হাসপাতাল পরিবর্তন করতে হবে। এখন হিরো আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক। যে কোনো সময় আরও খারাপ কিছু হয়ে যেতে পারে। সেজন্য আমরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে এসেছি। সবাই দোয়া করবেন যেন হিরো আলম দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট।

আরেক ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলছেন। তার মাথা, হাতসহ বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৩০সেপ্টেম্বর ২০২৫/মওম

– Advertisement –