আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 272

আজ থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা: জেলেদের দুশ্চিন্তায়

প্রতিনিধি,পাথরঘাটা (বরগুনা):
আজ ৪ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে সারাদেশের নদী ও সমুদ্র উপকূলে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি ২২ দিনের জন্য নিষিদ্ধ করেছে সরকার। মা-ইলিশ সংরক্ষণের এই অভিযান চলবে আগামী ২৬ অক্টোবর পর্যন্ত।
পাথরঘাটায় সরকারি নিবন্ধিত জেলের সংখ্যা ১৬ হাজার ৮২০ জন। এর মধ্যে ১১ হাজারের বেশি জেলে গভীর সমুদ্রগামী। নিষেধাজ্ঞা অমান্য করলে জরিমানা ও কারাদণ্ডসহ শাস্তির বিধান রয়েছে।
এই সিদ্ধান্তে বিপাকে পড়েছেন উপকূলের জেলেরা। তারা বলছেন, মাছ ধরা বন্ধ থাকায় সংসার চালানো কঠিন হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল সহায়তা দেওয়ার ঘোষণা থাকলেও তা তাদের চাহিদার তুলনায় অপ্রতুল।
বিশেষজ্ঞদের মতে, এ অভিযানে সফল হতে হলে আইন প্রয়োগের পাশাপাশি প্রকৃত জেলেদের সহায়তা নিশ্চিত করা জরুরি। অন্যদিকে জনপ্রতিনিধিরা সহায়তা কার্যকরভাবে বিতরণের ওপর জোর দিয়েছেন।
পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম জানান, ৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নদী-উপকূলে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম

সুন্দরবনের জাহাঙ্গীর বাহিনীর আস্তানা  থেকে জিম্মি জেলে সহ অস্ত্র গোলা বারুদ উদ্ধার করলো কোষ্টগার্ড

এস কে সিরাজ:
সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত জাহাঙ্গীর বাহিনীর আস্তানা হতে অস্ত্র-গোলাবারুদসহ জিম্মি থাকা ৪ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
৩ অক্টোবর শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত জাহাঙ্গীর বাহিনী শিবসা নদী সংলগ্ন আড়বাউনি খাল এলাকায় কয়েকজন জেলেকে জিম্মি করে রেখেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ৩ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার ভোর ৫ টায় কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ড আভিযানিক দল ডাকাতদের আত্মসমর্পণ আহ্বানের উদ্দেশ্যে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। পরবর্তীতে ডাকাতরা বোট ও জিম্মিদের রেখে বনের ভেতর পালিয়ে যায়। আভিযানিক দল ডাকাতদের বোট তল্লাশি করে ১টি একনলা বন্দুক, ২টি এয়ারগান এবং ৩ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে। এসময় জিম্মি থাকা ৪ জন জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেদের জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের ১০ দিন ধরে জিম্মি করে রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন করছিলো।
উদ্ধারকৃত জেলে এবং জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম

সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউরোপ ক্রমাগত সামরিকীকরণের পথে এগোচ্ছে এবং এর জবাবে রাশিয়া ‘গুরুত্বপূর্ণ ও কঠোর’ পদক্ষেপ নেবে।

একইসঙ্গে তিনি বলেছেন,ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চলছে, তা আসলে ‘অর্থহীন হিস্টেরিয়া’। এছাড়া সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে বলেও মন্তব্য করেছেন তিনি।

৩ অক্টোবর শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। বৃহস্পতিবার রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগরপাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন বলেন, “তারা (ন্যাটো) নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে। যদি সত্যিই বিশ্বাস করে, তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য, কারণ এই বাজে কথায় আস্থা রাখা যায় না। আর যদি না বিশ্বাস করে, তাহলে তারা কেবল অসৎ।”

ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পাল্টা জবাব দেবে দ্রুতই। পুতিন উদাহরণ টেনে বলেন, “জার্মানিতে বলা হচ্ছে তাদের সেনাবাহিনী ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হবে। খুব ভালো। আমরা সেটা শুনেছি এবং দেখছি এর মানে আসলে কী।”

তিনি আরও বলেন, “রাশিয়া কখনো দুর্বলতা বা দ্বিধা দেখাবে না। যা ঘটছে, আমরা তা উপেক্ষা করতে পারি না।”

২০২২ সালে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তলানিতে নেমে গেছে। এর ফলে ইউরোপ তাদের প্রতিরক্ষা জোরদার করছে। ডেনমার্কের আকাশে ড্রোন ও এস্তোনিয়া এবং পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় ইউক্রেন যুদ্ধ সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়তে পারে, এমন আশঙ্কা আরও বেড়েছে।

ইউক্রেন ও কিছু ন্যাটো মিত্র অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করছে। তবে মস্কো তা অস্বীকার করে বলছে, ইউরোপ কেবল ভিত্তিহীন অভিযোগ তুলছে। পুতিন অভিযোগ করেন, ইউরোপ ইচ্ছাকৃতভাবে ‘হিস্টেরিয়া’ তৈরি করছে যাতে সামরিক ব্যয় বাড়ানো যায়। তিনি বলেন, “শান্ত হোন, রাশিয়া কোনো হুমকি নয়।”

পুতিন বলেন, ইউরোপ ‘নিরন্তর উত্তেজনা বাড়ানোর’ নীতি অনুসরণ করছে এবং এর কারণেই ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হচ্ছে। তার দাবি, “সব ন্যাটো দেশই এখন আমাদের সঙ্গে যুদ্ধ করছে এবং তারা আর তা লুকাচ্ছে না। গোয়েন্দা তথ্য সরবরাহ ও অস্ত্র পাঠানোর মাধ্যমে তারা বাস্তবে যুদ্ধেই অংশ নিচ্ছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে পুতিন জানান, আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে তার সঙ্গে ইউক্রেন যুদ্ধের সমাধান ও দুই দেশের সম্পর্ক পুনরায় ভালো করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, “ট্রাম্প এমন একজন মানুষ, যিনি কথা শুনতে পারেন।”

তবে এখন পর্যন্ত মস্কো ইউক্রেনের সঙ্গে কোনো সমঝোতার ইঙ্গিত দেয়নি। বরং তাদের অবস্থান স্পষ্ট— কিয়েভকে অবশ্যই ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং কিছু ভূখণ্ড ছাড়তে হবে।

এদিকে পুতিন ইউক্রেনকে সতর্ক করে বলেন, রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকায় হামলা চালিয়ে ইউক্রেন বিপজ্জনক খেলা খেলছে। তিনি ইঙ্গিত দেন, এর জবাবে রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পারমাণবিক স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে।

আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম

দেশজুড়ে ভারী বর্ষণের শঙ্কা, সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক:

উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ভারতের উড়িষ্যা উপকূল অতিক্রম করে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত রয়েছে এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় থাকায় আগামী কয়েক দিন ধরে বৃষ্টিপাতের প্রবণতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

৩ অক্টোবর শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।আরও বলা হয়েছে আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

৪ অক্টোবর ও ৫ অক্টোবর সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন  ৬ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সবশেষ পঞ্চম দিন ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তবে এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও জানানো হয়েছে।

আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম

মারুফার বোলিংয়ে মুগ্ধ হয়ে মালিঙ্গা যে মন্তব্য করলেন 

ক্রীড়া ডেস্ক:

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দারুণ সূচনায় আলো ছড়িয়েছেন বাংলাদেশ পেসার মারুফা আক্তার। তার আগুনঝরা স্পেল মুগ্ধ করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গাকেও।

বাংলাদেশ একাদশে একমাত্র বিশেষজ্ঞ পেসার ছিলেন মারুফা। ম্যাচের প্রথম ওভারেই পরপর দুই বলের জাদুতে সাজঘরে ফেরান পাকিস্তানের দুই ব্যাটার সিদরা আমিন ও ওমাইমা সোহেলকে। সুইং আর নিখুঁত নিয়ন্ত্রণে পাকিস্তানি টপ অর্ডারকে ভড়কে দিয়েছেন এই তরুণী। মুহূর্তেই বিশ্বজুড়ে দর্শকদের নজরও কাড়েন।

মালিঙ্গা নিজেও জানেন ‘জাদুকরি বল’ কাকে বলে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করতে ভোলেননি তিনি। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে শ্রীলঙ্কান তারকা লিখেছেন, ‘একেবারে নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

তিনি ইঙ্গিত করছিলেন সেই নিখুঁত ইন সুইংকে, যেটিতে সিদরা আমিনকে বোল্ড করেছেন মারুফা। অনেকে ইতোমধ্যেই বলছেন, এটি হতে পারে বিশ্বকাপের সেরা বল।

শুধু মালিঙ্গাই নন, মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মিতালি রাজও, ‘ও অনেক সুইং পেয়েছে, কিন্তু শুধু সুইং পেলেই হবে না—ঠিক লাইন ও লেন্থে বল করতে হবে। মারুফা সেটা করেছে, আর তার পুরস্কারও পেয়েছে। টানা দুই উইকেট, প্রায় হ্যাটট্রিকের সামনে ছিল। আগেও আমি তাকে দেখেছি, দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপে ধারাভাষ্য দিতে গিয়ে তার গতি এবং বোলিং অ্যাকশন আমাকে মুগ্ধ করেছিল। আজকের প্রথম ওভারে যা দেখলাম, একজন ফাস্ট বোলারের স্বপ্নের শুরু। একাদশে একমাত্র পেসার হয়েও দুই বড় উইকেট তুলে নেওয়া দারুণ মুহূর্ত বাংলাদেশ দলের জন্য।’

আলোকিত প্রতিদিন/০৩ অক্টোবর ২০২৫/মওম

ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, প্রাইভেট কার জব্দ

মামুন আহমেদ জয়, ঢাকা। ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, চারটি লোহার রড, একটি ছুরি এবং একটি হাতুড়ি জব্দ করা হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) রাত আড়াইটার দিকে। ধামরাই থানার এসআই কাওসার সুলতান সঙ্গীয় ফোর্সসহ ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকার আটা-ময়দা-সুজি মিলের সামনে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সদস্যকে আটক করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ মিজানুর রহমান (৪২), পিতা: মৃত মান্নান হাওলাদার
২. হাফিজুর রহমান টুকু (৪৭), পিতা: হাবিবুর রহমান সিকদার
৩. ইমরান বেপারী, পিতা: কাঞ্চন বেপারী
৪. ইলিয়াস কাজী (৩৫), পিতা: শামসু কাজী
৫. মনির হোসেন (৪৫), পিতা: সুরুজ্জামাল
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ধামরাই ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি করে আসছিল।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, “গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করা হয়েছে।”
আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুরে গাছায় মারধরের অভিযোগে মামলা না নিয়ে জিডি এন্ট্রি

বিশেষ  প্রতিনিধি ঃ
গাজীপুর মহানগরের গাছা থানায় মারধর ও হত্যাচেষ্টার গুরুতর অভিযোগ দায়েরের পরও মামলা না নিয়ে ছয় দিন পর সাধারণ ডায়েরি (জিডি) এন্ট্রি করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী মোঃ সোহেল রানা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে উত্তর খাইলকুর এলাকায় পানির পাইপলাইন ও দেয়াল প্লাস্টারের কাজ চলাকালে স্থানীয় ফরহাদ আলী, তার ছেলে ফারুক হোসেন ও স্ত্রী শাহিদা বেগম বাধা দিয়ে তাকে গালাগাল ও মারধর করে। এসময় সোহেলের মা আমেলা খাতুন ছুটে এলে তার ওপরও হামলা চালানো হয়। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগে বলা হয়, বিবাদীরা এলাকায় মাদকাসক্ত ও উশৃঙ্খল হিসেবে পরিচিত, তাদের নামে একাধিক মামলা রয়েছে। ঘটনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ ভুক্তভোগীর কাছে সংরক্ষিত আছে।
সোহেল রানা জানান, তিনি ঘটনার পরপরই থানায় মামলা করতে গেলে পুলিশ নানা টালবাহানা করে। অবশেষে ২ অক্টোবর সাধারণ ডায়েরি (জিডি নং-৭৭) এন্ট্রি করে তাকে শান্তনা দিয়ে থানা থেকে বিদায় দেয়।
এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের গুরুতর ঘটনার পর মামলা না নিয়ে শুধু জিডি এন্ট্রি করা ভুক্তভোগীদের প্রতি অবিচার। তারা অবিলম্বে সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জিডি করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে মামলার পরিবর্তে শুধু জিডি এন্ট্রি হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব!

বিশেষ প্রতিনিধি, রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে সন্ধ্যা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মানুষের মনের আসুরিক প্রবৃত্তি কাম, ক্রোধ, হিংসা, লালসা বিসর্জন দেওয়াই মূলত বিজয়া দশমীর মূল তাৎপর্য।

 

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে যা তার বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

ঢাকের বাদ্য আর গান-বাজনা ছাড়া বিদায়ের করুণ ছায়ায় সারিবদ্ধভাবে একে একে বুড়িগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হয় প্রতিমা। একই সময়ে তুরাগ নদীতে চলে বিসর্জন। সড়কে পুলিশের টহল ও নদীতে ছিল নৌপুলিশের টহল। ফায়ার সার্ভিসের টিমও দায়িত্ব পালন করে।
 

পরে শত শত ট্রাক প্রতিমা নিয়ে সদরঘাটের উদ্দেশে রওনা দেয়। ঢাকেশ্বরী থেকে শুরু করে প্রতিমা যাত্রাটি শহীদ মিনার, হাইকোর্ট, পুলিশ হেড কোয়ার্টার, গোলাপ শাহ মাজার, কোর্ট এলাকা হয়ে সদরঘাট পৌঁছে। রাস্তায়, বিভিন্ন ভবনে পুলিশ ছিল সতর্কাবস্থায়। রাস্তার পাশে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অধিকাংশ মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হলেও ঢাকেশ্বরী মন্দিরের প্রতিমাটি রেখে দেওয়া হয়। কিন্তু পূজার কাজে ব্যবহৃত দেবীর ফুল, বেলপাতা ও ঘট বিসর্জন দেওয়া হয়।

প্রথা অনুযায়ী প্রতিমা বিসর্জনের পর সেখান থেকে জল এনে (শান্তিজল) মঙ্গল ঘটে নিয়ে তা আবার হৃদয়ে ধারণ করা হয়। আগামী বছর আবার এ শান্তিজল হৃদয় থেকে ঘটে, ঘট থেকে প্রতিমায় রেখে পূজা করা হবে। রামকৃষ্ণ মিশনে সন্ধ্যা আরতির পর মিশনের পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এরপর ভক্তরা শান্তিজল গ্রহণ করেন ও মিষ্টিমুখ করেন।

সারা দেশে এ বছর ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগরে পূজার সংখ্যা ২৫৮টি। এসব মণ্ডপে শারদীয় উৎসব নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি পূজা উদযাপন কমিটিও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। প্রতিটি মণ্ডপে মণ্ডপে লাগানো হয় সিসিটিভি ক্যামেরা এবং স্বেচ্ছাসেবক কমিটি করা হয় মণ্ডপ পাহারার জন্য।

আলোকিত প্রতিদিন/এপি

নকলায় প্রেসক্লাবের সাংবাদিকদের পূজা পরিদর্শন ও সাথে মতবিনিময়

বিশেষ প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পূর্বক সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় সভা করেছেন নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন।
বুধবার দিনে ও দিবাগত রাতে প্রেসক্লাব পরিবার উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালিমাতা মন্দির পূজা মন্ডপ, গনপদ্দী দক্ষিণ পরি পোদ্দারের বাড়ী দুর্গাপূজা মন্ডপ, গনপদ্দী শীলবাড়ী দুর্গাপূজা মন্ডপ ও গনপদ্দী দক্ষিণ সাহাপাড়া দুর্গাপূজা মন্ডপ, বাদাগৈড় শ্রী শ্রী রক্ষাকালি মাতা মন্দির পূজা মন্ডপ ও চন্দ্রকোনার দেববাড়ী পূজা মন্ডপসহ বেশ কয়েকটি মন্ডপ পরিদর্শন করেন। সংশ্লিষ্ট পূজা মন্ডপ পরিচালনা পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তারা।
পূজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলু, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাজহারুল ইসলাম লালন, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবজিৎ পোদ্দার ঝুমুর ও সদস্য সচিব আশীষ কুমার সাহা, উপজেলা কেন্দ্রীয় কালীমাতা মন্দির পূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি শ্রী উত্তম কুমার বণিক ও সাধারণ সম্পাদক শ্রী সুরঞ্জিত কুমার বণিক, পরি পোদ্দারের বাড়ী দুর্গাপূজা মন্ডপ পরিচালনা পরিষদের সভাপতি প্রবল পোদ্দারসহ সংশ্লিষ্ট পূজা মন্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও কমিটির অন্যান্য সদস্যগন, স্থানীয় পূজারী ও ভক্তবৃন্দ, আনসার ও গ্রাম পুলিশ সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন।
তথ্য মতে, এ বছর পৌরসভায় ৩টি, গনপদ্দী ইউনিয়নে ৫টি, নকলা ইউনিয়নে ২টি, উরফা ইউনিয়নে ৩টি, বানেশ্বরদীতে ১টি, পাঠাকাটা ইউনিয়নে ২টি, চরঅষ্টধর উইনিয়নে ২টি ও চন্দ্রকোনা ইউনিয়নে ২টি মন্ডপে পূজা ও দুর্গোৎসব উদযাপন করা হচ্ছে। তবে উপজেলার গৌড়দ্বার ও টালকী ইউনিয়নে মন্ডপ স্থাপন না হওয়ায় সেসব এলাকার পূজারীরা পাশের এলাকার সুবিধাজনক মন্ডপে পূজা করবেন।
আলোকিত প্রতিদিন/এপি

রূপগঞ্জের তারাব বিশ্বরোডে ময়লার ভাগাড়, দূর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা

নজরুল ইসলাম বাদল:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড বাসস্ট্যান্ডের পিছনে এবং তারাব কবরস্থানের সামনে গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। প্রতিদিন এখানে অগণিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। ফলে পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে তীব্র দূর্গন্ধ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা যাত্রীবাহী বাস, মিনিবাস, কোস্টার, সিএনজি ও লেগুনা এ ব্যস্ততম বাসস্ট্যান্ডে প্রতিনিয়ত যাত্রী তুলছে ও নামাচ্ছে। শত শত যাত্রীকে প্রতিদিন এই এলাকায় দাঁড়াতে হয়। কিন্তু দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা তো দূরের কথা, নাক-মুখ চেপেও যাত্রীদের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। অনেক যাত্রীকে বমি করতে দেখা গেছে।
এ ভোগান্তি থেকে রেহাই পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারাও। চারটি মসজিদ, দুটি কবরস্থান ও প্রায় দশ হাজার পরিবার এই এলাকায় স্থায়ীভাবে বসবাস করছে। এলাকাবাসীর অভিযোগ, ভাগাড়ের কারণে চারপাশে ছড়িয়ে পড়ছে রোগ-ব্যাধি। হাঁচি-কাশি, শ্বাসকষ্টসহ নানা অসুখ-বিসুখে মানুষ আক্রান্ত হচ্ছে।
 সামান্য বৃষ্টি হলেই পানি জমে গিয়ে পাশের মসজিদ ও কবরস্থান তলিয়ে যায়। কবরস্থানে ময়লার পানি ঢুকে পড়ায় স্থানীয় মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে ধর্মীয় পরিবেশ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
স্থানীয় সমাজসেবক মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “ময়লার ভাগাড়ের কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে এবং কবরস্থানের পবিত্রতা নষ্ট হচ্ছে। অথচ সামান্য দূরে এ স্থান নির্ধারণ করলেই এমন সমস্যার সৃষ্টি হতো না।”
এমন ক্ষোভ প্রকাশ করেছেন আরও অনেকে। অভিজ্ঞ মহলের মতে, পরিকল্পিতভাবে ময়লার ডাম্পিং স্পটটি দ্রুত অন্যত্র সরিয়ে নেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

আলোকিত প্রতিদিন/০২ অক্টোবর ২০২৫/মওম

 

– Advertisement –