আজ শনিবার, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 270

নবীনগরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা ‘ব্যাংক লুটেরা ও মাফিয়া চক্র এস আলম গ্রুপ কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের’ অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে।
৬ অক্টোবর  সোমবার দুপুরে নবীনগর প্রেস ক্লাবের সামনে ইসলামী ব্যাংকের গ্রাহক ও সাধারণ মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে
বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।
এসময় মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে ও মু. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমির হোসাইন, আব্দুল কাইয়ুম মাস্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ইসলামী ব্যাংকে যারা লুট করেছে, তাদের বিচার করে আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে হবে। পাশাপাশি ব্যাংকটিকে এস আলমের প্রভাবমুক্ত করে শরিয়াহভিত্তিক ন্যায্য ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান তারা।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ নিয়োগ বাতিল এবং দুর্নীতিবাজদের বিচারের আওতায় না আনা হয়, তবে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট*ক

মামুন আহমেদ জয়, ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চড় চৌহাট গ্রামে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ অক্টোবর) রাতে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তির নাম রাহিম (৩৫)। তিনি চড় চৌহাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় রাহিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ বলেন, “অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রাহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
স্থানীয়দের দাবি, রাহিম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
আলোকিত প্রতিদিন/এপি

মুরাদনগরে দাফনের ১৯ দিন পর স্কুলছাত্রী সোহাগীর মরদেহ উত্তোলন

নাজমুল হাসান:

কুমিল্লার মুরাদনগরে দাফনের ১৯ দিন পর আদালতের নির্দেশে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহাগী আক্তারের (১৩) মরদেহ কবর থেকে উত্তোলন করেছে প্রশাসন।

৬ অক্টোবর সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়নের কামারচর কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সোহাগী কামারচর গ্রামের আল-আমীনের প্রথম স্ত্রীর বড় মেয়ে এবং কামারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর সোহাগীর রহস্যজনক মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে কোনো প্রকার পুলিশকে না জানিয়ে তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়। এতে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য এবং সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, সোহাগীকে তার সৎ মা ও পিতা দীর্ঘদিন ধরে নির্যাতন করতেন। ঘটনার দিনও নির্যাতনের এক পর্যায়ে তারা তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখেন বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের নানা কালু মিয়া দুই দিন পর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে সোহাগীর পিতা আল-আমীন ও সৎ মাকে প্রধান আসামি করা হয়।

আদালতের নির্দেশে সোমবার সকালে প্রশাসনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান, থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান বলেন, “আদালতের নির্দেশে সোহাগীর লাশ উত্তোলন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “গত ২০ সেপ্টেম্বর নিহতের নানা কালু মিয়া দুইজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা পাঠানো হয়েছে। তদন্তের রিপোর্ট এলে ঘটনার মূল রহস্য উদঘাটন হবে।”

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

কুমিল্লা হোমনায় বজ্রপাতে ২বোন সহ ৩জনের মৃত্যু

এম কে নুর আলমঃ
কুমিল্লা হোমনায় বজ্রপাতে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা।
নিহতদের মধ্যে দুই নারী জাকিয়া ও মমতাজ আপন দুই বোন এবং অপর এক ব্যাক্তি রাশেদ মিয়া।
জানা যায়, রবিবার বিকাল ৩টার দিকে ভবানীপুর ঘাটে খেয়ার পারাপারের জন্য তারা অপেক্ষা করছিলেন। এসময় বজ্রপাতের কবলে পড়ে ৩ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। দুই নারীর বাড়ি নালা দক্ষিণ গ্রামে। রাশেদের বাড়ি খোদেদাউদপুর গ্রামে।
স্থানীয় বাসিন্দা আবুল কাশেম জানান, হোমনা উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগরার চর যাবার সময় যাত্রীরা ঘাটে অপেক্ষারত অবস্থায় বজ্রপাতের শিকার হয়।  এতে ঘটনাস্থলে দুই নারী মারা যায়। অপর এক পুরুষকে গুরুতর আহত অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
হোমনা থানার উপপরিদর্শক জীবন বিশ্বাস জানান, বজ্রপাতে ৩ জনের মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি। ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।
আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

নেপালে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ নেপালে ভারী বর্ষণ, আকস্মিক বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৫১ জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের মুখপাত্র শান্তি মাহাত রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে শান্তি মাহাতো বলেন,“শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে রাজাধানী কাঠমান্ডুসহ বিভিন্ন জেলায়। সব নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পাহাড়ি এলাকায় ভূমিধস এবং আকস্মিক বন্যা হয়েছে বলে আমরা খবর পেয়েছি। এ সব দুর্যোগে নিহত হয়েছেন ৫১ জন এবং এখনও নিখোঁজ আছেন ৪ জন।

নিহত ৪২ জনের মধ্যে ৩৭ জনই নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের। ইল্লাম জেলা প্রশাসনের কর্মকর্তা সুনিতা নেপাল বলেছেন, “এই প্রাণহানির কারণ ভূমিধস। ইল্লামের বিভিন্ন এলাকায় ভূমিধস হচ্ছে। এতে অনেক এলাকায় রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং উদ্ধারকারী বাহিনীর সদস্যদের পায়ে হেঁটে যেতে হচ্ছে। এ কারণে তৎপরতায় গতি আনা যাচ্ছে না।” বাকি নিহতরা উদয়পুর, পঞ্চধর, রাওতাহাট এবং খোটাং জেলার বাসিন্দা।

রাজধানী কাঠমান্ডুর অবস্থাও ভালো নয়। কাঠমান্ডু এবং তার আশপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়ে গেছে। এতে এসব নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে ইতোমধ্যে প্লাবন দেখা দিয়েছে।

উদ্ধার তৎপরতায় গতি আনতে সেনাসদস্য এবং সেনাবাহিনরি হেলিকপ্টার ও স্পিডবোট ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সুনীতা নেপাল।

এদিকে প্রবল বর্ষণ এবং ভূমিধসের কারণে রাজধানী কাঠামান্ডুসহ বিভিন্ন জেলার হোটেলে আটকা পড়েছেন শত শত পর্যটক। এদের অনেকেই ভারতীয়। সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দশিন উপলক্ষে নেপালে এসেছিলেন তারা।

সূত্র : এনডিটিভি

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

আমরা সুষ্ঠু-সুন্দর ও স্বচ্ছ নির্বাচন করতে চাই : সিইসি

আলোকিত প্রতিবেদক:

আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চান উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আমরা সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে চাই, এটা কোনও কথার কথা নয়। এ ক্ষেত্রে আমরা মিডিয়াকে পার্টনার হিসেবে পেতে চাই।

৬ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত সংলাপের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আজকের সংলাপ শুধু আনুষ্ঠানিকতা নয়। আপনাদের মতামত নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। সবার জন্য সমান সুযোগ সৃষ্টিতে আপনাদের সহযোগিতা লাগবে। মিসইনফরমেশন, ডিসইনফেমেশন এড্রেস করার জন্য আপনাদের গুরুত্ব অনেক।

এএমএম নাসির উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক গুরুত্বপূর্ণ কাজ শেষ করে ফেলেছি। ভোটার তালিকা হালনাগাদ করে ফেলেছি। ২১ লাখের বেশি মৃত ভোটার চিহ্নিত করেছি, যাদের অনেকে ভোট দিয়ে যেতো, মিডিয়ায় এমন নিউজ দেখেছি। ৪৩ লাখের বেশি ভোটযোগ্যদের তালিকাভুক্ত করতে পেরেছি। নারী-পুরুষের ব্যবধান ৩০ লাখ ছিল। এখন ১৮ লাখে নেমে এসেছে। মানুষ বিশেষ করে নারীরা যে ভোটার হতে আগ্রহ হারিয়ে ফেলেছিল আমরা আলোড়ন সৃষ্টি করতে পেরেছি।

তিনি বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি। ভোটের দায়িত্বে যারা থাকেন প্রায় ১০ লাখ লোক, আইনশৃঙ্খলা বাহিনীকে, সরকারি চাকরিজীবী, হাজতিদের ভোটের আওতায় আনবো। আমরা এবার এটা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি, আইনে আগেও ছিল। আপনাদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু-সুন্দর নির্বাচন করতে পারবো না।

সিইসি বলেন, আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যেতে চাই। একবারে স্বচ্ছভাবে, আয়নার মতো করে নির্বাচন করতে চাই। এর জন্য আপনাদের সহায়তা ও পরামর্শ আমরা চাই।

তিনি আরও বলেন, আমরা একটা রেগুলার ট্রান্সপারেন্ট ওয়েতে আগাতে চাই। তাই আমাদের সচিব, কমিশনারদের বলা আছে যাতে তারা নিয়মিত ব্রিফিং করেন।

ইসির ভারপ্রাপ্ত সচিব কে এম আলী নেওয়াজের সঞ্চালনায় সভায় চার নির্বাচন কমিশনার, ইসির কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আলোকিত প্রতিদিন/০৬ অক্টোবর ২০২৫/মওম

দ্রুতই দেশে ফিরে আসব, নির্বাচনে অংশ নেব: তারেক রহমান

বিবিসি বাংলা: তারেক রহমান আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলার সাথে যোগ দেবার জন্য।

তারেক রহমান: আপনাদেরকেও অনেক ধন্যবাদ, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য।

বিবিসি বাংলা: আপনি কেমন আছেন? আপনার সময় কেমন যাচ্ছে?

তারেক রহমান: আলহামদুলিল্লাহ আমি শারীরিকভাবে খুব ভালো আছি। সময় তো স্বাভাবিকভাবে ব্যস্তই যাচ্ছে। ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি, বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত ১৭ বছর ধরে বাংলাদেশেই রয়ে গিয়েছি আমার মনে হয়।

বিবিসি বাংলা: আমরা এমন একটা সময় আপনার সাথে কথা বলছি যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বললে ভুল বলা হবে না। ২০২৪ সালে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যে আপনি আপনার অনেক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়েছেন, কথা বলেছেন, নিয়মিতই কথা বলে যাচ্ছেন। কিন্তু গণমাধ্যমের সাথে আপনি এই দীর্ঘ সময় কথা বলেননি। এতদিন ধরে আপনি কথা বলেননি কেন?

তারেক রহমান: ব্যাপারটা বোধহয় এরকম না, ব্যাপারটা বোধয় একটু ভিন্ন। আসলে আমি কথা ঠিকই বলেছি। আমি দীর্ঘ ১৭ বছর এখানে আছি এই দেশে, প্রবাস জীবনে, তবে আমার উপরে যখন দলের দায়িত্ব এসে পড়েছে তারপর থেকে আমি গ্রামে-গঞ্জে আমার নেতাকর্মীসহ তাদের সাথে বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষ যখন যেভাবে অংশগ্রহণ করেছে আমি সকলের সাথে কথা বলেছি।

আপনারা নিশ্চয়ই জানেন বিগত স্বৈরাচার সরকারের সময় কোর্ট থেকে রীতি মতন একটা আদেশ দিয়ে আমার কথা বলার অধিকারকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি যদি গণমাধ্যমে কিছু বলতে চাইতাম, হয়তো গণমাধ্যমের ইচ্ছা ছিল ছাপানোর, গণমাধ্যম সেটি ছাপাতে পারতো না তখন।

আমি একবার প্রেসক্লাবে কথা বলেছিলাম। তখন পরের দিন দেখলাম যে প্রেসক্লাবে একটি তখনকার যেই প্রেসক্লাবের যারা সদস্য ছিলেন বা কমিটি ছিল, তারা একটি মিটিং ডেকে একটি সভা করে সিদ্ধান্ত নেয় যে, তারা তখন আমাকে আইনের দৃষ্টিতে ফেরারী বলা হয়েছিল যে, সেরকম কোন ব্যক্তিকে তারা প্রেস ক্লাবে কথা বলতে দিবে না। এভাবে তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে।

বিবিসি বাংলা: আমি অবশ্য সাক্ষাৎকারের কথা বলছিলাম যে, প্রশ্নোত্তরের বিষয়টি মানে বিশেষ করে গত এক বছরে। বাংলাদেশে গণঅভ্যুত্থানের এক বছর পেরিয়ে গেছে এবং অনেকের ধারণা ছিল আওয়ামী লীগ সরকারের পতনের পর আপনি দেশে এসে স্বশরীরে দলের নেতৃত্ব দেবেন। গত এক বছরে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে এসেছে এবং এখনো আসছে যে আপনি এখনো দেশে ফেরেননি কেন। কেন আপনি এখনো দেশে ফেরেননি?

তারেক রহমান: কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশআল্লাহ দ্রুতই ফিরে আসবো।

বিবিসি বাংলা: সেটা কবে আমরা কি জানতে পারি?

তারেক রহমান: দ্রুতই মনে হয়। দ্রুতই ইনশাআল্লাহ ফিরবো নিজের মাতৃভূমিতে।

বিবিসি বাংলা: নির্বাচনের আগে কি তাহলে আপনি দেশে আসবেন এমন সম্ভাবনা বলা যায়?

তারেক রহমান: রাজনীতি যখন করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাভাবিক, নির্বাচনের সাথে রাজনৈতিক দল রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রত সম্পর্ক। কাজেই যেখানে একটি প্রত্যাশিত, জনগণের প্রত্যাশিত নির্বাচন হবে, সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো? আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে, ইচ্ছা থাকবে, আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত যে প্রত্যাশিত নির্বাচন জনগণ চাইছে। সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সাথে জনগণের মাঝেই থাকবো ইনশাআল্লাহ।

বিবিসি বাংলা: একটা বিষয় যেটা আপনার দল থেকে, মাঝে দলের নেতাদের কেউ কেউ কখনো কখনো বলেছেন যে একটা নিরাপত্তার শঙ্কার কথা বলেছেন আপনি না আসার পেছনে, আপনি কি কোনও ধরনের শঙ্কা বোধ করেছেন এর মধ্যে?

তারেক রহমান: বিভিন্ন রকম শঙ্কার কথা তো আমরা অনেক সময় বিভিন্ন ব্যক্তির কাছে তো শুনেছি। সরকারেরও বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও তো অনেক সময় অনেক শঙ্কার কথা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

হঠাৎ গুগল ট্রেন্ডিংয়ে রুনা খান

বিনোদন ডেস্ক:

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। সবসময় তিনি নিজেকে ভক্তদের মাঝে ভিন্নভাবে উপস্থাপন করে থাকেন। বিভিন্ন সময় খোলামেলা পোষাকে হাজির হন। তার একটি চমৎকার দিক হলো, যেকোনো লুকে তিনি নজর কাড়েন। অভিনয় ও ফটোশুটেও অংশ নিতে দেখা যায় এ অভিনেত্রীকে। এবার ‘সূর্য দেবী’ রূপে ধরা দিয়ে নেটিজেনদের মাঝে বেশ কটাক্ষের শিকার হয়েছেন। এ ঘটনায় রুনা খানকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। এর মাঝেই হঠাৎ তিনি গুগল ট্রেন্ডিং-এ চলে এসেছেন।

যেখানে দেখা যায়, হাজার হাজার পাঠক তাকে নিয়ে গুগলে সার্চ দিয়েছে। মূলত গত ১২ সেপ্টেম্বর সোনারগাঁর শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘরে অনুষ্ঠিত হয় ফ্যাশন শো ‘সোনায় বোনা গল্প’। বড় সরদারবাড়ির খিলানের সামনের জায়গাটি হয়ে ওঠে ফ্যাশন র‍্যাম্প। এতে অংশ নেন রুনা।

‘আমি ঢাকা’ ও ‘বি হিয়ার নাউ’ এর যৌথ উদ্যোগে এই আয়োজন করা হয়। এই কর্সেট পোশাকে ‘সূর্য দেবী’ রূপে ফটোশুট করেছিলেন রুনা খান। যা নিয়েই নেটিজেনদের মাঝে চলছে, আলোচনা-সমালোচনা।

উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে রুনা খানের কর্মজীবন শুরু হয়। তিনি ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তিনি গহীন ‘বালুচর’ ও ‘ছিটকিনি’ ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

আলোকিত প্রতিদিন/০৫ অক্টোবর ২০২৫/মওম

আওয়ামী লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার ডিবি

এমএইচ চৌধুরীঃ
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় গোপন মিটিং করে ঝটিকা মিছিলের প্রস্তুতি কালে ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেফতারকৃতরা হলেন- ১। সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ এনামুল কবীর ইমন (৫১) ২। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দপ্তর সম্পাদক এমদাদুল হক (৫৫) ৩। বনানী থানা তাঁতি লীগের সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন (৩৮) ৪। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মিরাজ হোসেন মনি (৩০) ৫। ঢাকা মহানগরীতে সাম্প্রতিক সময়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী বেলাল আহমেদ নাহিয়ান ওরফে বিপ্লব (৩২) ৬। জয়পুরহাট সদর উপজেলার আমদই ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহানুর আলম সাবু (৫৩) ৭। মতিঝিল থানা ৯ নং ওয়ার্ড দৈনিক বাংলা ডিডিএস ইউনিট যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম লিটন হোসেন (৩৭) ও ৮। চকবাজার থানা ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদ (৪৫)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ০১:০৫ ঘটিকায় ডিবি সাইবার দক্ষিণ বিভাগ কর্তৃক ধানমন্ডি থানাধীন ধানমন্ডি ৭ নং রোড এলাকায় অভিযান পরিচালনা করে এনামুল কবীর ইমনকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১১:৩৫ ঘটিকায় ডিবি সাইবার বিভাগ কর্তৃক ভাষানটেক এলাকায় অভিযান পরিচালনা করে এমদাদুল হককে গ্রেফতার করে। একই তারিখ ১১:২০ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগ কর্তৃক মহানগরীর মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মোশাররফ হোসেনকে গ্রেফতার করে। অপরদিকে রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি আভিযানিক টিম যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপার এলাকায় অভিযান পরিচালনা করে কাজী মিরাজ হোসেন মনিকে গ্রেফতার করে। ডিবি তেজগাঁও বিভাগের অপর একটি টিম মোহাম্মদপুরের টিক্কাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় বেলাল আহমেদ  নাহিয়ান ওরফে বিপ্লবকে গ্রেফতার করে।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা আনুমানিক ০৬:১০ ঘটিকায় ডিবি গুলশান ডিভিশনের একটি টিম তেজগাঁও থানাধীন তেজকুনিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহানুর আলম সাবুকে গ্রেফতার করে। একই তারিখ রাত আনুমানিক ০৮:৩০ ঘটিকায় ডিবি লালবাগ বিভাগ কর্তৃক বায়তুল মোকাররম পল্টন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নূরে আলম লিটন হোসেনকে গ্রেফতার করে এবং রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় ডিবি রমনা বিভাগের একটি টিম চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আমিনুল হক মুরাদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
আলোকিত প্রতিদিন/০৫ অক্টোবর ২০২৫/মওম

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত এবং লাখ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। রোববার রাতভর রাশিয়ার হামলায় প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্নের এই ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন।

এদিকে, মস্কোর হামলার পর নিজেদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড। একই সঙ্গে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্ররাও যুদ্ধবিমান মোতায়েন করেছে।

রবিবার রাতভর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভ ছিল রাশিয়ার হামলার প্রধান লক্ষ্য। ওই অঞ্চলের প্রধান মাকসিম কোজিৎস্কি বলেছেন, সেখানে চারজন নিহত ও অনেকে আহত হয়েছেন। জাপোরিঝিয়াতেও রুশ হামলায় একজনের প্রাণহানি ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, রাশিয়া ইউক্রেনের অবকাঠামো লক্ষ্য করে ৫০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৫০০টি অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছে। তবে রোববার রাতের হামলার বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনও মন্তব্য করেনি।

জেলেনস্কি বলেছেন, ইভানো-ফ্রাঙ্কিভস্ক, চেরনিহিভ, সুমি, খারকিভ, খেরসন, ওডেসা এবং কিরোভোহরাদ অঞ্চলেও হামলা চালিয়েছে রুশ বাহিনী। তিনি বলেন, আমাদের আরও সুরক্ষা প্রয়োজন এবং প্রতিরক্ষা চুক্তিগুলোর দ্রুত বাস্তবায়ন দরকার। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সুরক্ষা দরকার।

ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘‘আকাশপথে একতরফা যুদ্ধবিরতি সম্ভব এবং সেটিই প্রকৃত কূটনীতির পথ উন্মুক্ত করতে পারে।’’ এই হামলার মাত্র কয়েকদিন আগে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন, রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেবে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পোল্যান্ডের সামরিক বাহিনী বলেছে, ‘‘পোলিশ  এবং মিত্রবাহিনীর বিমান আমাদের আকাশসীমায় টহল দিচ্ছে। এছাড়া  স্থলভিত্তিক প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।’’

রবিবার ইউক্রেনের স্থানীয় সময় ভোর ৫টা ১০ মিনিটের দিকে ইউক্রেনজুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের বিমান হামলার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। ইউক্রেনের বিমানবাহিনী রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিষয়ে সতর্ক করে দেওয়ার পর ওই সাইরেন বাজানো হয়।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া। রাতে রুশ হামলায় জাপোরিঝিয়া, চেরনিহিভ ও সুমি অঞ্চলের বিদ্যুৎকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

জাপোরিঝিয়ার গভর্নর ইভান ফেদোরভ বলেন, ‘‘এই অঞ্চলের একটি বিদ্যুৎকেন্দ্র আক্রান্ত হওয়ার পর ৭৩ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।’’ তিনি বলেন, হামরায় একজন নিহত ও অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরীও রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসস্তূপে পরিণত একটি বহুতল ভবন ও পুড়ে যাওয়া গাড়ির ছবি প্রকাশ করেছেন ফেদোরভ।

চেরনিহিভ ও সুমি অঞ্চলে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয়। লভিভের মেয়র আন্দ্রি সাদোভি বলেছেন, পোল্যান্ড সীমান্ত থেকে ৭০ কিলোমিটার দূরের শহরটির কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথমে ড্রোন এবং পরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য সক্রিয় করা হয়েছে।

ন্যাটোর আরেক সদস্য রাষ্ট্র লিথুয়ানিয়া আকাশে অজ্ঞাত বস্তু দেখা যাওয়ার পর কয়েক ঘণ্টার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে দেশটি। সম্প্রতি ডেনমার্ক, নরওয়ে এবং জার্মানিতেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসের প্রধান বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে পুনরায় চালু করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, ভিলনিয়াসমুখী একাধিক বেলুন শনাক্ত হওয়ায় বিমান চলাচল স্থগিত ও কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে।

সূত্র : বিবিসি, এএফপি।

আলোকিত প্রতিদিন/০৫ অক্টোবর ২০২৫/মওম