আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 260

রূপনগরে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে আগুন, নিহত ৯ জন

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নয়জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন।

১৪ অক্টোবর মঙ্গলবার ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম  এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত আগুনের ঘটনায় নয়জন নিহত হয়েছেন। সদর দপ্তর থেকে একটি সার্চিং টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে সার্চ করার জন্য। এই বিষয়ে এই মুহূর্তে আর বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই। পরে বিস্তারিত তথ্য জানানো হবে।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের জানান, আগুন লাগা গার্মেন্টসের দ্বিতীয় তলা থেকে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে কাজ করছে।

 

১৪ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

আলোকিত প্রতিদিন/১৪অক্টোবর ২০২৫/মওম

ইতালি প্রস্তুত ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে:মেলোনি

আন্তর্জাতিক ডেস্ক:
শিগগিরই স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইতালি। দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন।
সোমবার লোহিত সাগরের তীরবর্তী মিসরীয় পর্যটন শহর শারম আল শেখে অনুষ্ঠিত ‘গাজা শান্তি সম্মেলন’-এ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলোনি। সেখানে দেওয়া ভাষণে তিনি বলেছেন, “ইতালি গাজায় যুদ্ধবিরতির অপেক্ষায় ছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ— এ ইস্যুতে একটি সময়োপযোগী পরিকল্পনা প্রস্তাব করার জন্য। এখন আমরা দেখব-পরিকল্পনাটির সম্পূর্ণ বাস্তবায়ন ঘটে কি না। যদি ঘটে, সেক্ষেত্রে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আমাদের সামনে আর কোনো বাধা থাকবে না।”

“অর্থাৎ এক কথায় বললে, ইতালি ফিলিস্তিনকে স্বীকৃতি প্রস্তুত এবং বর্তমানে আমরা এর খুব কাছাকাছি আছি।”

তিনি আরও বলেন, ইতালির লক্ষ্য হলো একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রগঠন এবং যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠনে অংশ নিতে ইতালি আগ্রহী।

মেলোনি বলেন, “ইতালি তার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত। আজ একটি ঐতিহাসিক দিন। আমি খুবই গর্বিত যে এই সম্মেলনে ইতালির উপস্থিতি আছে।”

দুই বছর সংঘাতের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় সমর্থন জানিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল ও গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। ইতোমধ্যে নিজের কব্জায় থাকা ২০ জন ইসরায়েলি জিম্মির সবাইকে মুক্তি দিয়েছে হামাস। বিনিময়ে ৩ হাজার ৭০০ কারাবন্দি ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজা থেকে সেনা প্রত্যাহারও শুরু করেছে ইসরায়েল।

গাজায় যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন মেলোনি। তিনি বলেছেন, “গাজায় যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিশাল সাফল্য। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যস্থতার ক্ষেত্রেও আমরা তাকে সফল দেখতে চাই।”

সূত্র : আনাদোলু এজেন্সিৎ

আলোকিত প্রতিদিন/১৪অক্টোবর ২০২৫/মওম

সোনারগাঁয়ে বিএনপির ব্যাতিক্রমী মুক্ত আলোচনা ও ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ 

ফয়সাল আহমেদ: 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নারীদের অংশগ্রহণে একটি ব্যাতিক্রমী উঠান বৈঠক,মুক্ত আলোচনা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেছে উপজেলা মহিলা দল।
১৩ অক্টোবর সোমবার বিকেলে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটি এলাকার মতিউর রহমান হাই স্কুল প্রাঙ্গণে এ ব্যাতিক্রমী সভা অনুষ্ঠিত হয়।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের পুত্র ও নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের সহধর্মিণী সাদিয়া ইসলাম জুঁই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোন মারিয়া ইসলাম মুন্নি। তারা সভায় এলাকার সাধারণ নারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
সাদিয়া ইসলাম জুঁই বলেন,“আজকের নারী শুধুমাত্র সংসার সামলায় না, দেশও সামলায়। আমরা চাই এমন বাংলাদেশ, যেখানে আমাদের সন্তানেরা নিরাপদ থাকবে, যেখানে ভোট দিতে পারব নিজের ইচ্ছায়, যেখানে ন্যায়ের শাসন ফিরবে। বিএনপি সেই স্বপ্নের রাজনীতি করছে—মানুষের অধিকার ফিরিয়ে আনার রাজনীতি।” আপনাদের সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করার অনুরোধ করছি।
মারিয়া ইসলাম মুন্নি  তাঁর আবেগঘন বক্তব্যে বলেন,“এই দেশটা আমাদের, কিন্তু আজ আমরা আমাদেরই অধিকার থেকে বঞ্চিত। আমাদের মা-বোনেরা কষ্টে আছে, ন্যায্য মূল্য পাচ্ছে না। তাই ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটা আমাদের বাঁচার স্বপ্ন। আমরা সবাই মিলে সেই স্বপ্ন বাস্তবায়ন করব।”তারেক রহমানের সে স্বপ্ন বাস্তবায়নে  আমার বাবা তার পুরো জীবন  আপোষহীনভাবে জনগণের স্বার্থে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন। আশা করি আপনারা বিএনপির পাশে থাকবেন। একই সাথে সোনারগাঁ আসনটি তারেক রহমানকে উপহার দিবেন।
এসময় অন্যান্য বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচারের পথে ফিরবে। জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া দেশের মুক্তি নেই।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈদ্দ্যেরবাজার ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন,  মোস্তাক হোসেন, রাকিব হাসান,  কাউসার আহমেদ, সোহেল প্রধান, সেলিম হোসেন দিপু, কালাম হোসেন জয়, আরিফুল ইসলাম,মাসুম বিল্লাহ,আলিনুর বেপারী,মাহফুজ,আমিনুল ইসলাম,আরিফুল ইসলাম রাজ, আরাবীসহ কয়েক’শ নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে উপস্থিত নারীদের হাতে হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরন ও ধানের শীষে ভোট দেয়ার আহবান করেন৷
আলোকিত প্রতিদিন/১৪অক্টোবর ২০২৫/মওম

এই গুণী অভিনে*তার দ্রুত আরোগ্য কামনা করছি : শাবনূর!

বিনোদন ডেস্ক, ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় চিত্রনায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রধান ইলিয়াস কাঞ্চন। খবরটি প্রকাশ্যে আসতেই এই তারকাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন শিল্পী, পরিচালক, প্রযোজক থেকে সাধারণ ভক্তরা এর সাথে তার রোগ মুক্তির কামনা জানিয়েছেন।

এই নায়কের দ্রুত সুস্থতা কামনা করে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা শাবনূর। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘বর্ষীয়ান অভিনেতা, শ্রদ্ধাভাজন ইলিয়াস কাঞ্চন ভাই গুরুতর ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে কিছুদিন থেকে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন। মানুষের তরে নিবেদিতপ্রাণ এই মানুষটির অসুস্থতার খবর শুনে মনটা অত্যন্ত ভারাক্রান্ত। তিনি চলচ্চিত্রের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। বিশেষ করে দীর্ঘদিন থেকে ‘নিরাপদ সড়ক চাই’ সামাজিক আন্দোলন চালিয়ে আসছেন তিনি।

এরপর শাবনূর আরো লিখেন, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাওয়া এই গুণী অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের সবার প্রার্থনা ও ভালোবাসায় তিনি এই কঠিন সময় পার করে ইনশাআল্লাহ ফিরে আসবেন।’

গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। তিনি বর্তমানে লন্ডনের হার্লি স্ট্রিট ক্লিনিকে অনকোলজিস্ট ড. ভিনায়ার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। গত আগস্টে তার মাথায় অস্ত্রোপচার হয় এবং বর্তমানে তিনি টার্গেট থেরাপি নিচ্ছেন।

আলোকিত প্রতিদিন/এপি

এনসিপি প্রতীক না নিলে ইসি নিজের মতো করে সিদ্ধান্ত নেবে

আলোকিত প্রতিবেদক:

 নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আগামী ১৯ অক্টোবরের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিধিমালার প্রতীকের তালিকা থেকে পছন্দের প্রতীক না জানালে কমিশন নিজের মতো করে সিদ্ধান্ত নেবে।

১৪ অক্টোবর মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ইসি সচিব বলেন, ১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। নয়তো ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।

জামায়াতসহ কয়েকটি দলের গণভোট আয়োজনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। সেই অনুযায়ী কাজ করবে ইসি।

বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

আলোকিত প্রতিদিন/১৪অক্টোবর ২০২৫/মওম

‘মার্চ টু সচিবালয়’কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হাজার হাজার শিক্ষক

আলোকিত ডেস্ক:

২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষক। কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন তারা।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ চিত্র দেখা গেছে। জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্য সচিব শিক্ষক আবুল বাশার বলেন, আমাদের দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুর করব।তিনি আরো বলেন, শিক্ষকদের উপর পুলিশ হামলা চালিয়েছিল। আজকে আমাদের উপর হামলা করলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

dhakapostশিক্ষকরা জানান, আমাদের কর্মবিরতি চলবে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে ও পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সোমবার সকাল থেকে সারাদেশের সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানে স্কুল–কলেজে ক্লাস কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

আন্দোলনরত শিক্ষকরা জানান,সরকারের প্রস্তাবিত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত এবং অবাস্তব’। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতি বাস্তবায়নের দাবি জানিয়েছেন।

dhakapostগত রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের সরাতে গেলে ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।

রবিবার ও সোমবার রাতভর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করেন শিক্ষকরা। কেউ প্লাস্টিকের চট বিছিয়ে, কেউ ব্যানার মাথার নিচে দিয়ে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।

অন্যদিকে, সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা বর্তমানে কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা প্রতিদিন নিয়মিতভাবে বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না, পাঠদান কার্যক্রমেও অংশ নিচ্ছেন না। অফিসকক্ষে বসেই তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

এছাড়া বিভিন্ন স্থানে শিক্ষকরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়েও প্রতিবাদ করছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ঢাকায় অবস্থানরত আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানিয়ে অসংখ্য পোস্ট দিচ্ছেন।

আলোকিত প্রতিদিন/১৪অক্টোবর ২০২৫/মওম

সাদুল্লাপুরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফারুক পুনরায় গ্রেফতার

মোঃ ফিরোজ প্রধান, সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহেল কবীর ফারুক (৫০) কে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা পরিষদ চত্বরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।
আটক শহীদুল্লাহেল কবীর ফারুক শুধু আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতা নন, তিনি পেশায় একজন শিক্ষকও। তিনি সাদুল্লাপুর উপজেলার ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং খোর্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের মোশাররফ হোসেন নওশার ছেলে।
পুলিশ জানায়, ফারুকের বিরুদ্ধে গত বছরের ২৬ আগস্ট গাইবান্ধা জেলা শহরে বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। ওই মামলায় আগেও তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। পরে ২০২৪ সালের ২২ ডিসেম্বর জেলা শহরের পলাশপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তিনি জামিনে মুক্তি পান।
ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “জামিনে মুক্তির পর শহীদুল্লাহেল কবীর ফারুক এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছিলেন এবং গোপনে বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন বলে তথ্য পাওয়া যায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আবারও আটক করা হয়।”
তিনি আরও জানান, ফারুককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে, এবং মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।
স্থানীয় রাজনৈতিক মহলে ফারুকের গ্রেফতার নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ একে আইনগত প্রক্রিয়ার অংশ বলে দাবি করলেও, দলীয় সূত্রে জানা গেছে—স্থানীয় রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হতে পারে এ ঘটনার পর।
আলোকিত প্রতিদিন/এপি

এমপিওভুক্ত শিক্ষকদের ‘মা*র্চ টু সচিবালয়’ কর্মসূচি আজ!

বিশেষ প্রতিনিধি, ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন হাজার হাজার শিক্ষকরা।

আজ দুপুর ১২টায় ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১২টার পরও তাদের শহীদ মিনারে অবস্থান করতে দেখা গেছে। শিক্ষকরা জানিয়েছেন, একটু পরেই সচিবালয়ের দিকে মার্চ করবেন তারা।

এদিকে সারা দেশে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন সমমনা শিক্ষক-কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত শিক্ষকরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন করতে কিছুক্ষণের মধ্যে সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ যাত্রা শুরু করবেন তারা। আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে শিক্ষকদের ওপর হামলা করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব শিক্ষক আবুল বাশার। জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের অবস্থান কর্মসূচিতে বলেন।

আলোকিত প্রতিদিন/এপি

ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার

মামুন আহমেদ ঢাকা- ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। বুধবার (১৫ অক্টোবর ২০২৫) ভোরে যাদবপুর ইউনিয়ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসেবন ও মাদকদ্রব্য হেফাজতের অভিযোগে তাদের আটক করে ধামরাই থানা পুলিশ।
অভিযানে অংশ নেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাফিজুর রহমান, এসআই (নিঃ) মো. রিয়াজুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃতরা হলেন—
১. কহিল মোল্লা (৬৫), পিতা- মৃত কদম আলী, সাং- যাদবপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ২. আমিনুল ইসলাম (২৫), পিতা- হারুন মিয়া, সাং- যাদবপুর, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ৩. মজনু মিয়া (৪২), পিতা- মৃত চান্দু মিয়া, সাং- খাগুরিয়া, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ২ মাস বিনাশ্রম কারাদণ্ড)। ৪. কানন হোসেন (২৭), পিতা- হাসান আলী, সাং- ধামরাইল, থানা- ধামরাই, জেলা- ঢাকা (সাজা: ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড)। মোবাইল কোর্টে তাদের দোষ স্বীকারের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এই সাজা প্রদান করা হয়। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
আলোকিত প্রতিদিন/এপি

তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন,চারজনকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি:
গাজীপুর মহানগরীতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। দিনব্যাপী চলা এই অভিযানে দুইটি স্থানে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি চারজনকে মোট ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা যায়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গাছা থানার বড়বাড়ি এলাকার দুটি স্থানে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং পুলিশের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার সুমি রাণী দাস।
অভিযান শেষে তিনি জানান, অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে তিনটি বাড়ির মালিককে ১ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া, অভিযান কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
তিতাস গ্যাসের জয়দেবপুর বিপণন কার্যালয়ের প্রকৌশলী (ব্যবস্থাপক) মোস্তফা মাহবুব জানান, অভিযানে প্রায় ৭০টিরও বেশি চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি আরও বলেন, “অবৈধ গ্যাস সংযোগের ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
তিনি সতর্ক করে বলেন, কোনো ব্যক্তি, ঠিকাদারি প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কার্যালয়ের কারও বিরুদ্ধে যদি অবৈধ সংযোগে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/১৩অক্টোবর ২০২৫/মওম