আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2583

সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৮০ হাজার টাকাসহ গাজা সম্রাট হালিম গ্রেফতার

সংবাদদাতা,সাতক্ষীরাঃ গাজা ও নগদ টাকাসহ সাতক্ষীরার তালায় গাজা সম্রাট আব্দুল হালিম গ্রেফতার হয়েছে। খুলনার লবনচরা ক্যাম্পের র‌্যাব-৬’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করারপর তাকে তালা থানায় সোপর্দ করেন।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামের মৃত কওছার শেখ’র ছেলে আব্দুল হালিম বেনাপোলে বসবাস করে এবং মাঝে মাঝে গাজা এনে এলাকায় বিক্রি করে।এবার গাজা নিয়ে এলাকায় আসলে র‌্যাব-৬ এর একটি দল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মোবারকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে আব্দুল হালিমকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১ কেজি ৯শ গ্রাম গাজা, নগদ ৮০ হাজার ৫শ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে। এদিন রাতে র‌্যাব ধৃত হালিমকে তালা থানায় সোপর্দ করে। এঘটনায় র‌্যাব-৬ এর ডিএডি রাজু আহম্মেদ বাদী হয়ে তালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (১/২০) মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, গাজা সম্রাট আব্দুল হালিম দীর্ঘদিন ধরে যশোরের বেনাপোলে বসবাস করছিলেন।। তিনি এবং তার স্ত্রী দীর্ঘদিন যাবৎ বেনাপোল থেকে গাজা এনে তালাসহ আশপাশের এলাকায় পাইকারি বিক্রয় করতেছিলেন। হালিমের এক চাচা তালার মোবারকপুরে কপোতাক্ষ নদের ধারে বসবাস করে এবং সেখানে দীর্ঘদিন ধরে গাজার ব্যবসা চালাচ্ছে। ওই চাচা ইতোমধ্যে পাইকগাছা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন। এছাড়া হালিমের স্ত্রী মাদকসহ গ্রেফতার হবার ৩ মাস পর গত ২০দিন আগে জামিনে মুক্তি পেয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ

হুমকির মুখে সুন্দরগঞ্জের ঘাঘট ব্রীজের সংযোগ সড়ক

সংবাদদাতা, সুন্দরগঞ্জ(গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে ঘাঘট ব্রীজের সংযোগ সড়কে গর্তের সৃষ্টি হওয়ায় দূর্ভোগে পড়েছে পথচারিরা। হুমকির মূখে রয়েছে পাকা সড়ক ও ব্রিজ। যেকোনো মুহুর্তে সম্পূর্ণ সড়ক ধ্বসে যেতে পারে। উপজেলার বামনডাঙ্গা বন্দর থেকে নগর কাটগড়া হাট হয়ে ঘাঘট ব্রিজ পর্যন্ত পাকা রাস্তাটি চলাচলের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এই রাস্তাটি ঘাঘট নদীর ব্রিজ হয়ে মিঠাপুকুর উপজেলা দিয়ে রংপুর শহর যাতায়াতের অন্যতম মাধ্যম। এ উপজেলার ১৫ টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নের জনগণ এই রাস্তা দিয়ে রংপুর যাতায়াত করে। এ বছরে বন্যা আসার আগেই টানা ভারী বর্ষনে ঐতিহ্যবাহী নগর কাটগড়া হাটের যোগাযোগ সড়কে ঘাঘট ব্রিজ সংযোগস্থলে পাকা সড়ক ধ্বসে খাদের সৃষ্টি হয়। রাস্তাটি জনগণের জন্য অতীব জরুরী হলেও মেরামত করার উদ্যোগ এখনো নেয়া হয়নি। যার কারণে মালবাহী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ধীরে ধীরে আরো ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাটি যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এ রাস্তা দিয়ে বামনডাঙ্গা ডিগ্রী কলেজ, কাটগড়া উচ্চ বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, বামনডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, বামনডাঙ্গা শিশু নিকেতন, রুপসী বাংলা বিদ্যাপীঠ এবং মেধা বিকাশ শিক্ষালয়ের কয়েক হাজার শিক্ষার্থী ও শিক্ষকসহ স্থানীয় জনগণ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। এ অবস্থায় আবার বন্যা এলে রাস্তা ধ্বসে যাওয়ার আশঙ্কা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, ইট বহনকারী ভটভটি গাড়ি পার হতে না পেরে ইট নামিয়ে ব্রিজ পার হবার চেষ্টা করছে। কাটগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রামানিক জানান, রাস্তাটি গত কয়েক দিনের বর্ষনে খাদের সৃষ্টি হয়েছে।
বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান নজমুল হুদা জানান, ‘অতি বর্ষনে এ ইউনিয়নের কয়েক জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। পর্যায়ক্রমে সবগুলোই মেরামত করা হবে।’ উপজেলা প্রকৌশলী আবুল মনসুর বলেন, ‘জনগুরুত্বপূর্ণ রাস্তাটির কাজের জন্য আমরা ইতোমধ্যেই উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব প্রেরণ করেছি।’

 

আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ

ছাঁটাইয়ের প্রতিবাদে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

সংবাদদাতা,ভালুকা(ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কটন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (৪ জুন)দুপুরে উপজেলার হবিরবাড়ি আমতলী এলাকায় অবস্থিত কটন গ্রুপের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানায়, সকালে কারখানার গেইটে গেলে কর্তৃপক্ষ তাদেরকে কাজে যোগ দিতে দেয়নি। বিনা নোটিশে সরকারি নিয়ম না মেনে তাদেরকে চাকরি থেকে ছাটাই করার পায়তারা করছে কারখানা কর্তৃপক্ষ। ময়মনসিংহ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আলী পাঠান জানান, কটন গার্মেন্টস কর্তৃপক্ষ সকালে কিছু শ্রমিকদেরকে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়।

 

আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ

কৃষি কাজ করেও জিপিএ-৫ পেয়েছে মনিকা, অর্থাভাবে পড়াশোনা অনিশ্চিত

সংবাদদাতা,গাইবান্ধা: মেয়ে হয়েও বাবার সাথে ক্ষেতে কৃষি কাজ করে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে মনিকা রাণী মন্ডল। পিতা অনন্ত কুমার মণ্ডল পেশায় একজন কৃষক। কৃষি ফসল বিক্রি করে কোনো মতে সংসার চালান তিনি। সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে মনিকা। অনন্ত কুমার মণ্ডলের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে। পড়াশোনার পাশাপাশি বাবাকে সহযোগিতা করার জন্য প্রায়ই মাঠে কৃষি কাজ করতেন মনিকা।সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। একই বিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং সাধারণ গ্রেডে বৃত্তি পায় তিনি। এছাড়া সাদুল্যাপুরের হবিবুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০১৪ সালে পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ পায় মনিকা। এসএসসিতে মনিকার জিপিএ ৫ পাওয়ার ব্যাপারে সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা খাতুনের অনেক অবদান। বিদ্যালয়ে পাঠদানের পাশাপাশি মনিকাকে আলাদা করে বাসায় বিনা বেতনে পড়ান তিনি। পড়ালেখা করে ডাক্তার হতে চায় মনিকা রাণী মন্ডল। কিন্তু অভাবের কারণে এখন ভালো কোনো কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে তার। মা সাবিত্রী রাণী বলেন, অভাবের কারণে ছেলেকে পড়াশোনা করাতে পারিনি। কিন্তু মনিকা ভালো ছাত্রী হওয়ার কারণে পড়াশোনার ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকরা অনেক সহযোগিতা করেছে। মেয়ে এসএসসিতে ভালো ফলাফলও করেছে। কিন্তু এখন মেয়েকে কলেজে ভর্তি করাতে অনেক টাকার প্রয়োজন। সেই টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।সাদুল্যাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী বলেন, মনিকা লেখাপড়ায় অত্যন্ত মেধাবী।

 

আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ

২৪ ঘন্টায় আরও মৃত্যু ৩৫, আক্রান্ত ২৪২৩

সৈয়দ এনামুল হুদা: গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৩৫ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনায় মোট মৃত্যুবরণ করলেন ৭৮১ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪২৩ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫৭ হাজার ৫৬৩ জনে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
তিনি ৫০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তের জন্য গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১২ হাজার ৬৯৪টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩ লাখ ৫৮ হাজার ২৭৭টি। নতুন পরীক্ষায় করোনার উপস্থিতি পাওয়া গেছে আরও ২ হাজার ৪২৩ জনের দেহে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৫৬৩ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এদের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৬ জন নারী। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৭৮১ জনে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫৭১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৬১ জনে।
নতুন করে যারা মারা গেছেন তাদের ২৯ জন পুরুষ এবং ছয়জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ২১, চট্টগ্রাম বিভা‌গে ৯ , সিলেট বিভাগে ২ এবং রাজশাহী, বরিশাল ও খুলনা বিভাগে ১ জন করে রোগীর মৃত্যু হয়েছে। ২২ জন মারা গেছেন হাসপাতালে, ১২ জন বাড়িতে এবং ১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়ারপর মৃত ঘোষণা করা হয়। বয়সের দিক থেকে ২১ থেকে ৩০ বছরের তিনজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১৪ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব দুজন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৪ জুন ‘২০/এসএএইচ

মানিকগঞ্জে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৩ , মোট ১৯৯

মানিকগঞ্জ,প্রতিনিধিঃ মানিকগঞ্জে ২৪ ঘন্টায় আরোও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন । ফলে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯৯ জনে ।
বুধবার (০৩ জুন) সন্ধ্যায় মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন ।
সিভিল সার্জন জানান, আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ৫২ , মানিকগঞ্জ সদর উপজেলায় ৪৮, ঘিওর উপজেলায় ৩৭ , সাটুরিয়া উপজেলায় ২৮ , হরিরামপুর উপজেলার ২২ , শিবালয় উপজেলায় ১০ এবং দৌলতপুর উপজেলায় ২জন। সর্বমোট জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে ১৯৯ জন আক্রান্ত হয়েছে । তিনি বলেন, এ পর্যন্ত মোট দুই হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে দুই হাজার ৩৭৫টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৯৯ জনের দেহে। আক্রান্তরা জেলার বিভিন্ন হাসপাতালে এবং ১১৪জন নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। আর এপর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৪২জন। স্বাস্থ্য বিধি না মানলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও তিনি জানান।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু, মোট আক্রান্ত ৪৬

সংবাদদাতা,সাতক্ষীরা: করোনা (কভিড -১৯) ভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলশনে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।জানা যায়, (৩ জুন) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
মৃত নারীর নাম আখিরন বিবি (৪৩) তিনি সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা গ্রামের শাজাহান আলীর স্ত্রী ও বিনেরপোতা গ্রামের রহমত আলীর মেয়ে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডাঃ ভবতোষ কুমার মন্ডল জানান, জ্বর, শ্বাসকষ্ট এবং ডায়াবেটিস নিয়ে আখিরন বিবি বুধবার বেলা ১১ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। তবে ভর্তির সময়ে তার ডায়বেটিসের মাত্রা খুব বেশী ছিল (৪০ পয়েণ্ট)। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডাঃ ভবতোষ জানান, তার নমুনা সংগ্রহ করে খুলনা পিসিআর ল্যাবে পাঠানোর প্রস্তুতি চলছে। এছাড়া যথাযথ নিয়ম মেনেই তার লাশ দাফন করা হবে।
এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জনের রিপোর্টই নেগেটিভ এসেছে। এদিকে সাতক্ষীরা জেলায় বুধবার পর্যন্ত মোট ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

 

আলোকিত প্রতিদিন /৩ জুন ‘২০/এসএএইচ

আলোকদিয়ায় অসহায়দের পাশে এমপি দুর্জয়, সহযোগিতা পেলো ৫ শত পরিবার

সৈয়দ এনামুল হুদা: মানিকগঞ্জের শিবালয়ে করোনা (কভিড-১৯) ভাইরাসের প্রকোপের কারণে কর্মহীন অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। জানা যায়, আজ (৩ জুন) বুধবার দুপুরে উপজেলার আলোকদিয়ার চরের ৫ শত পরিবারের মাঝে এ খাদ্যদ্রব্য বিতরণ করেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিসিবির পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয়। এসময় নাঈমুর রহমান দুর্জয় বলেন, বাংলাদেশ সরকার অনেকগুলি শর্ত সাপেক্ষে লকডাউন খুলে দিয়েছে। আপনারা সবসময় সচেতন থাকবেন কারণ করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে সচেতন হতে হবে।পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং বেশি বেশি সাবান পানি দিয়ে হাত ধোবেন আর যথাসম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন।
বিসিবির পরিচালক দুর্জয় আরো বলেন, আপনারা সকলে রাষ্ট্রীয় নির্দেশনা অনুযায়ী এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনাযুদ্ধেও জয়ী হবো ইনশাআল্লাহ।
সর্বশেষ দুর্জয় সকলের নিকট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের জন্য দোয়া প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন, শিবালয় উপজেলা নিবার্হী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, শিবালয় উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহাবুবুর রহমান জনি, সাবেক ভাইস চেয়ারম্যান আলী আহসান মিঠু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মনিরুল ইসলাম মনি, স্বেচ্ছাসেবকলীগ নেতা এনামুল ইসলাম সাকিব, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদ আব্বাস আকাশসহ অনেকেই।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে ফুলছড়ির মানুষ, বন্ধ নৌ-রুট সচল

সংবাদদাতা,গাইবান্ধা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধির ফলে বন্ধ নৌ-রুটগুলো ফের সচল হওয়ায় স্বস্তি ফিরে এসেছে গাইবান্ধার ফুলছড়ির চরাঞ্চলে বসবাসরত মানুষের। স্বাভাবিকভাবে চলাচল করছে আন্তঃজেলা ও অভ্যন্তরীণ নৌ-রুটে ইঞ্জিনচালিত নৌকা। বর্ষা মৌসুমে নৌকায় যাতায়াত সহজ হলেও নভেম্বর মাসের পর পানি শুকিয়ে গেলে নদীর বুকে জেগে ওঠে ধু-ধু বালুচর। তখন বাজার-ঘাট, লেখাপড়াসহ প্রয়োজনীয় কাজ করতে চরাঞ্চলের মানুষের দুর্ভোগের শেষ থাকে না। সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় অসুস্থ রোগীদের নিয়ে। মাইলের পর মাইল হেঁটে উপজেলা সদরে যাতায়াত করতে হয়। পাশাপাশি বন্ধ হয়ে যায় বিভিন্ন জেলার সঙ্গে বাণিজ্যিক নৌ চলাচল। মূল ভূখন্ড থেকে ব্রহ্মপুত্র নদবেষ্টিত ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর ও ফুলছড়ি ইউনিয়ন একেবারে বিচ্ছিন্ন। এ তিন ইউনিয়ন একেবারেই দুর্গম চরাঞ্চল। অবশিষ্ট গজারিয়া, উড়িয়া ও কঞ্চিপাড়া ইউনিয়নেরও কিছু অংশ চরাঞ্চল। এ উপজেলায় দুই লক্ষাধিক মানুষের বসবাস। এর মধ্যে চরাঞ্চলেই অর্ধেকের বেশি মানুষ বাস করে।
জানা গেছে, গত কয়েকদিনের বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বৃদ্ধি পাওয়ায় ফুলছড়ি-বালাসী, গজারিয়া-গলনা, হাজিরহাট-ফজলুপুর, সিংড়িয়া-ঝানঝাইর, গুনভরি-কালাসোনা এবং আন্তঃজেলা নৌ-রুট ফুলছড়ি ঘাট-গুঠাইল, বালাসীঘাট- বাহাদুরাবাদ, সৈয়দপুর-রাজীবপুর, তিস্তামুখ ঘাট-আমতলী, তিস্তামুখ ঘাট- সারিয়াকান্দিসহ ছোট-বড় আরও ১৫টি নৌ-রুটে যাত্রী ও পণ্যবাহী নৌ-যান চলাচল শুরু হয়েছে। তিস্তামুখ ঘাট ও বাহাদুরাবাদ ঘাট নৌরুটে চলাচলকারী নৌকার মাঝি আমিরুল ইসলাম বলেন, কয়েকদিন ধরে ব্রহ্মপুত্রে পানি বৃদ্ধি পাওয়ায় পণ্যবোঝাই যাত্রী নিয়ে স্বাভাবিকভাবে নৌকা চলাচল করতে পারছি।
এ বিষয়ে ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল বলেন, পানি বৃদ্ধির ফলে ফজলুপুর, ফুলছড়ি, গজারিয়া ও এরেন্ডাবাড়ীর আন্তঃ ইউনিয়ন রুটের সবক’টি নৌ-রুট চালু হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষসহ ব্যবসায়ীদের এখন আর দুর্ভোগে পড়তে হবে না। অল্প সময়ে নদী পারাপার হতে পারবেন। শুকনো মৌসুমে এ মানুষগুলোই মাইলের পর মাইল বালুচর হেঁটে যাতায়াত করতেন।

 

আলোকিত প্রতিদিন /৩ জুন ‘২০/এসএএইচ

অনুষ্ঠিত হলো দিনাজপুর ফুলবাড়িয়া প্রেসক্লাবের বিদায় এবং নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

সংবাদদাতা,দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়িয়া প্রেসক্লাবের সাবেক কমিটির বিদায় এবং নতুন নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান। আজ (৩ জুন) বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইনিস্টিটিউট হলরুমে প্রেসক্লাবের বিদায়ী এবং বর্তমান সভাপতি অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিদায়ী নির্বাহী পরিষদের সভাপতির প্রতিবেদন পাঠ করেন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠ করেন ওয়াহিদুল ইসলাম ডিফেন্স এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পাঠ করেন আনন্দ কুমার গুপ্ত।এসময় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাধারণ সম্পাদক ওহায়েদুল ইসলাম ডিফেন্স, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মাস্টার, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, দপ্তর সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, প্রকাশনা সম্পাদক ডাক্তার সোলায়মান মন্ডল, কার্যকরী সদস্য আল মামুন প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন, সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু (দৈনিক ইত্তেফাক ও দ্য নিউ নেশন), জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশিদ (দৈনিক ভোরের কাগজ ও দ্য অবজারভার), সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার (দৈনিক সৃজনী), সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (মুভি বাংলা টিভি), সহ-সভাপতি মতিউর রহমান মুকুল (দৈনিক বিজনেস বাংলাদেশ), সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স (দৈনিক আমাদের সময়), যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল (দৈনিক ডেল্টা টাইমস), সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মাস্টার (দৈনিক প্রতিভা), সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু (মাইটিভি), সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান (আমাদের প্রতিদিন), কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত (দৈনিক সকালের সময়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্লাবন শুভ (দৈনিক সকালের সময়), দপ্তর সম্পাদক আল আমিন (দৈনিক নবরাজ), প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী (আই টিভি ও দৈনিক আমাদের কন্ঠ), প্রকাশনা সম্পাদক প্রকাশনা সম্পাদক ডাক্তার সোলায়মান মন্ডল (দৈনিক দেশবার্তা), মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু (দৈনিক কালজয়ী), পাঠাগার সম্পাদক রাসেল পারভেজ (দৈনিক সবুজ নিশান), সাংস্কৃতিক সম্পাদক মোশারফ হোসেন (দৈনিক নওরোজ) ও ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক (দৈনিক নতুন স্বপ্ন)। এছাড়াও ছয় সদস্য বিশিষ্ট নির্বাচিত কার্যকরী সদস্যরা হলেন, চন্দ্রনাথ গুপ্ত চাঁন্দা (দৈনিক স্বদেশ প্রতিদিন), আব্দুল কাইয়ুম (দৈনিক দেশ মা), রাজু কুমার গুপ্ত (দৈনিক দেশ মা), আশরাফ পারভেজ (দৈনিক সংবাদ), কমল চন্দ্র রায় (বিজয় টিভি) ও আল মামুন (দৈনিক নতুন সময়)।

 

আলোকিত প্রতিদিন/৩ জুন ‘২০/এসএএইচ