আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2581

ভালুকায় সড়ক দুর্ঘটনায় নিহত -১

সংবাদদাতা,ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাকসাতরা এলাকায় গ্যাস সিলিন্ডার বহনকারী লড়ি ও কাভার্ড ভ্যানের সংঘষে ১ জন নিহত। সোমবার (৮ জুন) রাত আনুমানিক ১০ টায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এসআই হাদিউল ইসলাম জানান,সোমবার রাত ১০টার দিকে ঢাকা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে নাফকো কোম্পানির একটি লড়ি ময়মনসিংহ যাওয়ার পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাকসাতরা এলাকায় একটি কাভার্ড ভ্যান পিছন থেকে থাক্কা দিলে লড়িটি উল্টে গিয়ে মহাসড়কে পরে যায়। সেই সময় নাফকো কোম্পানির কর্মচারী নেপাল বনিক ঘটনাস্থলেই মারা যায়। নিহত নেপালের বাড়ী ঝালকাঠি জেলায়। তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার লিগেজ হওয়ায় বিশেষজ্ঞ এনে গ্যাস ছেড়ে দিয়ে দুর্ঘটনা কবল গাড়ীটি রাস্তা থেকে সরাতে দেরী হওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজট লেগে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ও ভালুকা ফায়ার সার্ভিস প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

বগুড়ায় করোনায় আরও আক্রান্ত ৮৮, মোট ৮৭৮

সংবাদদাতা,বগুড়া: বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৪ শিশুসহ আরও ৮৮জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বগুড়ায় এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এর মধ্যে পুরুষ ৬১জন, মহিলা ২৩জন এবং শিশু ৪জন। সোমবার (৮ জুন) দিবাগত রাত ৯টায় বগুড়ার সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) এর ১৮৮টি নমুনার ফলাফলে বগুড়ায় নতুন ৫১জন এবং টিএমএসএস এর ৭৫টি ফলাফলে বগুড়ার ৬৭ টি নমুনার মধ্যে থেকে নতুন ৩৭ জনসহ জেলায় মোট ৮৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে অত্র জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৮৭৮জনে। এদের মধ্যে ৭২জন সুস্থ এবং ৮ জনের মৃত্যু হয়েছে। ৮৮ জনের মধ্যে ১থেকে ১৮ বছরের নিচে ৪জন, ১৮ থেকে ৪০ বছরের ৩৯জন, ৪১ থেকে ৫০ বছরের ২৯জন, ৫১ থেকে ৭০ বছরের ১৪জন এবং ৭০ থেকে ৮০ বছরের ২জন রয়েছে। বগুড়ার সিভিল সার্জন ডাঃ গাউসুল আজিম জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৮জনের মধ্যে সদরেই ৭৩জন রোগী শনাক্ত হয়েছে। এরা বেশিরভাগই জলেশ্বরীতলা, নাটাইপাড়া, চেলোপাড়া, নারুলী ও ফুলবাড়ি এলাকার বাসিন্দা। অন্যান্য উপজেলাগুলোর মধ্যে শাজাহানপুরে ৭জন, নন্দীগ্রামে ৩জন, গাবতলীতে ৩জন ও আদমদীঘিতে ২জন শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে রেখে স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা দেওয়া হবে। এদের মধ্যে কারও অবস্থা জটিল হলে তাদের মোহাম্মদ আলী হাসপাতালে স্থানান্তর করা হবে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

যশোরের সাংসদ রণজিত করোনায় আক্রান্ত হয়ে সিএমএইচে

::প্রতিনিধি, যশোর::

সংসদ সদস্য রণজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৮ জুন) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টারে তার নমুনা পরীক্ষা করে রিপোর্ট পজেটিভ আসে। ওই রাতেই তাকে সিএমএইচ-এ ভর্তি করা হয়। যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন করোনাতথ্যে তার বিষয়ে নিশ্চিত করেছেন।

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিতের ছেলে বাঘারপাড়া যুবলীগ নেতা রাজিব রায় জানান, তার বাবাকে রাত একটার দিকে সিএমএইচ-এ- ভর্তি করা হয়েছে। আপাতত এই হাসপাতালেই তার চিকিৎসা চলবে। দরকার হলে ঢাকায়ও নেওয়া হতে পারে।

যবিপ্রবি জেনোম সেন্টারে সন্দেহভাজন করোনারোগীদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষার কাজে নিয়োজিত টিমের বর্তমান লিডার ড. হাসান আল ইমরান জানান, ৮ জুন সকাল সাড়ে দশটা থেকে ১১টার মধ্যে যশোরের সিভিল সার্জন আটটি নমুনা অ্যাম্বুলেন্সযোগে পাঠান। দুপুর একটার দিকে কাজ শুরু করে তার (ড. ইমরান) নেতৃত্বাধীন যবিপ্রবির একটি বিশেষ টিম। রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে রিপোর্টগুলো পরীক্ষার কাজ শেষ হয়। এর পরপরই ফলাফল জানিয়ে দেওয়া হয় সিভিল সার্জনকে।

রাত সাড়ে ১২টার দিকে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। সন্দেহ হওয়ায় সোমবার (৮জুন) ওই বাসভবন থেকে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এমপিসহ তার পরিবারের আটজনের নমুনা সংগ্রহ করেন। সেগুলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টারে পরীক্ষার জন্য পাঠানো হয়। রাতে পাওয়া ফলাফলে দেখা যায়, এমপি রণজিত করোনাভাইরাসে আক্রান্ত। তবে সাংসদ রণজিত বাদে অন্যান্যদের বিষয়ে তথ্য জানাননি তিনি।

বর্ষা ছুঁইছুঁই, কক্সবাজারে বইছে মৌসুমী বায়ু

::আবু সায়েম, কক্সবাজার::

বর্ষা মৌসুমের সপ্তাহখানেক বাকি থাককেই কক্সবাজার উপকূলে বইছে মৌসুমী বায়ু। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুতে খেলছে সাগরের ঢেউ। মাঝে মাঝেই মাঝারি ‍বৃষ্টিতে ভিজে যাচ্ছে উষ্ণ মাটি। প্রচণ্ড তাপদাহে তা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে সুযোগ করে দিচ্ছে। এদিকে মঙ্গলবারের পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, সিলেট,  খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে রাজশাহী, ঈশ্বরদী, সৈয়দপুর, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

সোমবার জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস জানান, পূবালী ও পশ্চিমা লঘুচাপের সংমিশ্রণের প্রভাবে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এ সময় বাতাসে বেশ জলীয় বাষ্প থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তিনি বলেন, ‘দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) এর প্রভাব এখনও পড়তে শুরু করেনি। এখন বর্ষা কক্সবাজার উপকূলে পৌঁছেছে। এটি আরও অগ্রসর হচ্ছে, অবস্থা অনুকূলও রয়েছে। ১২-১৮ জুনের মধ্যে দেশজুড়ে বর্ষার বিস্তার ঘটবে।’ এ আবহাওয়াবিদ জানান, বর্ষা এলেও সব সময় বৃষ্টি হবে এমন নয়। কখনও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দুর্বল থাকবে, কখনও সক্রিয় হবে। এর প্রভাবে কখনও বৃষ্টি থাকবে, কখনও থাকবে না।

চট্টগ্রামের পুলিশ কমিশনার কোভিড-১৯ পজেটিভ!

::সংবাদদাতা, চট্টগ্রাম::

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নমুনা পরীক্ষায় ফল পজিটিভ এসেছে বলে সিএমপির ঊর্ধতন কর্মকর্তারা জানিয়েছেন। সিএমপির বিশেষ শাখার উপ-কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘কমিশনার স্যারের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ এসেছে বলে আমরা মৌখিকভাবে নিশ্চিত হয়েছি। টেস্ট রিপোর্টটি এখনও হাতে আসেনি।’ তিনি বলেন, ‘গত কয়দিন ধরে উনার জ্বর ছিল। জ্বর ওঠার পর থেকে তিনি নিজ বাসাতেই আইসোলেশনে আছেন। এখন তেমন কোনো শারীরিক অসুবিধা নেই।’ পুলিশ কমিশনারের পরিবারের অন্য সদস্যদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়নি বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘উনার পরীক্ষার পর হয়ত অনুরোধ করে ফলাফল মৌখিকভাবে জেনে নিয়েছেন। তবে উনার রিপোর্ট এখনও আমাদের কাছে পৌঁছেনি। উনারা (পুলিশ কর্মকর্তারা) বলে থাকলে, সেটাই হয়ত ঠিক।’ সিএমপির জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্কর সিদ্দিকী বলেন, ‘মৌখিকভাবে জানলাম কমিশনার স্যার পজিটিভ। লিখিত প্রতিবেদন এখনও পাইনি। তবে তিনি সুস্থ আছেন।’

চট্টগ্রামে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই কমিশনার মাহবুবর রহমানের নেতৃত্বে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেওয়া, অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, সামাজিক দূরত্ব মেনে কাঁচা বাজার চালুসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।

মাস্ককাণ্ড : স্বাস্থ্যের দুই অতিরিক্ত সচিবকেও বদলি

::ডেস্ক প্রতিদিন::

কোভিড-১৯ সঙ্কটের এই সময়ে মাস্ককাণ্ডসহ নানা আলোচনার মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের পর সচিবের পর দুই অতিরিক্ত সচিবকেও সরানো হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের দুই অতিরিক্ত সচিব ইসমাইল হোসেন ও সিরাজুল ইসলামের বদলির আদেশ হয়। ইসমাইলকে ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে; সিরাজুলকে বদলি করা হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে।

করোনার কোটি ডোজ ভ্যাকসিনের উৎপাদনে ব্যয় দিতে চান বিল গেটস

নিজস্ব প্রতিবেদক: করোনা (কভিড -১৯) ভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হলে সেটি বিশ্বের দরিদ্র দেশগুলো কবে নাগাদ পাবে তা নিয়ে সংশয় রয়েছে। কিন্তু এই সংশয় দূর করতে করোনা ভাইরাসের সম্ভাব্য কার্যকর ভ্যাকসিনের কোটি ডোজ উৎপাদনের ব্যয় বহন করতে চান বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। সবচেয়ে আশাব্যাঞ্জক ভ্যাকসিনগুলোর দিকে গভীর দৃষ্টি রাখছেন মার্কিন এই ধনকুবের। কার্যকর প্রমাণিত হওয়ার আগেই উৎপাদন সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে ওষুধ কোম্পানিগুলোকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এছাড়া যেসব নিম্ন-আয়ের দেশের সামর্থ্য নেই সেসব দেশকে সম্ভাব্য ভ্যাকসিন কেনার জন্য ১০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তাও করতে চান তিনি। ভ্যাকসিন কেনার এই কাজে অলাভজনক সংস্থা গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের মাধ্যমে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে সহায়তা করার ঘোষণা দিয়েছেন মাইক্রোসফট করপোরেশনের এই সহ-প্রতিষ্ঠাতা। গত বৃহস্পতিবার করোনাভাইরাসের ভ্যাকসিন তহবিল গঠনে আন্তর্জাতিক এক সম্মেলনে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল-সহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। পরে সম্ভাব্য ভ্যাকসিনের কোটি কোটি ডোজ উৎপাদন এবং সবার জন্য তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান বিল গেটস।
তিনি বলেন, এশিয়া, ইউরোপ এবং আমেরিকায় একাধিক ভ্যাকসিন উৎপাদন কারখানা করার পরিকল্পনা রয়েছে। যদি আমরা বছরে ১০০ অথবা ২০০ কোটি ডোজ উৎপাদন করতে পারি তাহলে এর বরাদ্দে জটিল কোনও সমস্যা হবে না। এই ধনকুবের বলেন, যদি বছরে মাত্র ১০ কোটি ডোজ উৎপাদন করা যায়; তাহলে সেখানে বড় ধরনের সমস্যা দেখা দেবে। করোনার কারণে বিশ্বের দরিদ্র দেশগুলোতে জীবনরক্ষাকারী সব ধরনের ভ্যাকসিনের প্রাপ্তিতে বিঘ্ন ঘটেছে এবং এই মহামারি বৈশ্বিক নিয়মিত টিকাদান কর্মসূচি ব্যাহত করেছে। এর ফলে লাখ লাখ শিশু ডিপথেরিয়া, হাম এবং পোলিওর মতো রোগের ঝুঁকিতে পড়েছেন। তবে করোনার ভ্যাকসিন বাজারে এলে তা গাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্সের বৃহৎ পরিসরের সরবরাহ কাজে ১ দশমিক ৬ বিলিয়ন ডলার সহায়তা করবে সিয়াটলভিত্তিক বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন।
গেটস বলেছেন, এমনকি এই কাজে ব্যয়ের পরিমাণ ১০ বিলিয়ন ডলারও ছাড়িয়ে যেতে পারে। গত মাসে এক সাক্ষাৎকারে গাভির প্রধান নির্বাহী কর্মকর্তা সেঠ বার্কলি বলেন, বিশ্বে এই টিকাদান হাজার হাজার বিলিয়ন ডলার ব্যয় হতে পারে।
ডক্টরস উইদাউট বর্ডার্স বলেছে, উৎপাদন সক্ষমতা বাড়ানোর জন্য গাভি বিলিয়ন বিলিয়ন ডলার তহবিলের জোগান দেয়ার প্রস্তাব করলেও ওষুধ কোম্পানিগুলো এই ভ্যাকসিনের দাম মানুষের সামর্থ্যের মধ্যে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। বিল গেটস বলেছেন, করোনার কিছু ভ্যাকসিনের একটি ডোজের দাম ৪ থেকে ১৫ ডলার পর্যন্ত হতে পারে। মার্কিন এই ধনকুবের বলেন, তিনি পরীক্ষামূলক প্রয়োগ হয়েছে এমন আটটি ভ্যাকসিনকে আশাব্যাঞ্জক হিসেবে দেখছেন। আমরা এগুলো নিয়ে চিন্তা-ভাবনা করছি যদি কাজ করে তাহলে আমরা এগুলোতে নজর দেবো।
সূত্র: ব্লুমবার্গ।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন’২০/এসএএইচ

সাটুরিয়ায় প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় ডিজিটাল নিরাপত্তা মামলায় নারী গ্রেফতার

প্রতিনিধি,সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ আঃ কুদ্দুস মিয়ার মেয়ে পলি আক্তারকে সাটুরিয়া থানা পুলিশ গত ৪ জুন বিকেলে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করেছেন বলে জানা গেছে। আটক করার বিষয়ে সাটুরিয়া থানায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর (তদন্ত) কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান হাবিব জানান যে, তিল্লী ইউপির বিএনপি নেতা আঃ কুদ্দুস মিয়ার মেয়ে পলি আকতার তার নিজস্ব মোবাইলের ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ আঃলীগের শীর্ষ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও নানা খারাপ কটূক্তিসহ বিভিন্ন বিরূপ মন্তব্য উল্লেখ করে স্ট্যাটাস দিয়ে তার আইডিতে প্রচার-প্রকাশ করেছে। যার ফলে পরবর্তীতে এ ঘটনায় তিল্লী ইউপির ছাত্রলীগ নেতা মোঃ সোহেল রানা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে ওই কটূক্তিকারী পলি আক্তারের বিরুদ্ধে অভিযোগ এনে সাটুরিয়া থানায় মামলা দায়ের করে। যার মামলা নম্বর হচ্ছে সাটুঃ(৩) ৪/৬/২০২০ইং (ডিজিটাল নিরাপত্তা) সুতরাং ওই মামলায় তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৯ জুন ‘২০/এসএএইচ

বগুড়ায় ১৫ পুলিশ সদস্যের করোনা জয়

সংবাদদাতা,বগুড়া: বগুড়া জেলা পুলিশের ১৫ সদস্য করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। শুধু তাই নয় সুস্থ হয়ে উঠা পুলিশ সদস্যরা কাজেও যোগ দিয়েছেন। সোমবার (৭ জুন) বিকেল ৪টায় পুলিশ লাইন্স প্রাঙ্গণে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম(বার)। গত ৮ মার্চ দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর মহামারী রুপ নেওয়ায় এর সংক্রমণ বিস্তার রোধে বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম(বার) সহ সকল পুলিশ সদস্য সরাসরি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করে আসছেন। মানুষকে ঘরমুখী করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, অসহায় ও দরিদ্রদের পাশে দাঁড়ানো, অসুস্থ্য রোগীকে হাসাপাতালে ভর্তি করা, বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়ীতে খাবার পৌঁছে দেওয়া, জ্বর,সর্দি,কাশি নিয়ে মৃত ব্যক্তিদের লাশ দাফন-কাফন থেকে শুরু করে সব ধরনের কাজ করে আসছে পুলিশ সদস্যরা। যে কারণে জেলার একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ৪১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে পড়েন। আক্রান্তদের চিকিৎসার জন্য সিভিল সার্জনের তত্ত্বাবধানে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে করোনা আইসোলেশন সেন্টার বানানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ওঠেন ১৫ জন পুলিশ সদস্য। করোনা ভাইরাস জয়ী পুলিশ সদস্যরা হলেন, এসআই আব্দুল বারী, এসআই মোজাহার আলী, এসআই বাবুল হোসেন,এসআই ইলিয়াস কাঞ্চন, এটিএসআই সিরাজুল ইসলাম, নায়েক রফিকুল ইসলাম, কনষ্টেবল আজিজুল হক, সুজন কুমার, মিজানুর রহমান, অসীম কুমার, আল বাসির, তাহিদুল ইসলাম, অপ‚র্ব ইসলাম,মোছলিমা বানু,আনিছুর রহমান। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, সুস্থ্য হয়ে ওঠা ১৫ জন পুলিশ সদস্য সোমবার বিকেল থেকেই কাজে যোগ দিয়েছেন। এখনো চিকিৎসাধীন রয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপারসহ ২৬ জন পুলিশ সদস্য, বর্তমানে তারা ভালো আছেন।

 

আলোকিত প্রতিদিন/৮ জুন ‘২০/এসএএইচ

গাইবান্ধায় সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাসদ মার্কসবাদীর মানববন্ধন

গাইবান্ধা,সংবাদদাতা: জাতীয় বাজেটে বরাদ্দ থেকে জেলা-উপজেলায় করোনা টেষ্ট ও সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সুচিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সোমবার (৮ জুন) শহরের ১নং ট্রাফিক মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. আবদুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাসদ (মার্কসবাদী)’র সদস্য সচিব মনজুর আলম মিঠু, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট নেতা সবুজ মিয়া, নারীমুক্তি কেন্দ্র জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন প্রমুখ। বক্তারা করোনা মহামারি মোকাবেলায় জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ দিয়ে অবিলম্বে জেলা ও উপজেলায় করোনা টেষ্ট এবং সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস-আইসিইউ ভেন্টিলেশনের আয়োজনসহ সু-চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবী জানান। লকডাউন তুলে দিয়ে সবকিছু স্বাভাবিক করে দেয়ায় বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে দ্রুত করোনা আক্রান্তের সংখ্যা বাড়বে এবং পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠবে। সরকারের এই গনবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের তিন মাসের খাদ্য বিনামূল্যে নিশ্চিত এবং ন্যূনতম এক মাসের খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিয়ে কার্যকর লকডাউন ঘোষনার দাবী জানান। সেইসাথে বাসভাড়া বৃদ্ধির গনবিরোধী সিদ্ধান্ত বাতিল, জ্বালানি তেলের মূল্য কমানো, এনজিও ঋণ,কৃষি এবং ক্ষুদ্র-মাঝারী ব্যাবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফ করে দ্রুত সহজ শর্তে- সরকারের কাছে স্বল্পসুদে ঋণ প্রদান করারও দাবি আহবান জানান। শুধু তাই নয়, করোনা পরবর্তী মহামন্দা মোকাবেলায় চলতি ইরি-বোরো মওসুমে ন্যূনতম ৭০ লক্ষ মে. টন ধান সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করাসহ এবিসি ক্যাটাগরি করে গরীব-নিম্নবিত্ত-মধ্যবিত্তদের রেশন সরবরাহের উদ্যোগ গ্রহন করার দাবী জানান।

 

আলোকিত প্রতিদিন/৮ জুন ‘২০/এসএএইচ