আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 258

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ!

আলোকিত প্রতিবেদক, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট কনটিনজেন্টকে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের পুলিশের দীর্ঘদিনের ভূমিকা ও ভবিষ্যৎ অংশগ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

১৮০ সদস্যের এই কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। তারা আগামী নভেম্বরের মধ্যে দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে এই কনটিনজেন্টের অংশ হিসেবে জাতিসংঘের একমাত্র সর্ব-মহিলা পুলিশ ইউনিট মোতায়েন করা হয়েছিল।

ওই নথি অনুযায়ী, বাংলাদেশই একমাত্র দেশ যাদের পুরো কনটিনজেন্ট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ক্যামেরুন, সেনেগাল ও মিশরের মতো দেশের কনটিনজেন্ট আংশিকভাবে হ্রাস করা হবে।

জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশ সূত্র জানায়, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটের কারণেই এই সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের একজন অতিরিক্ত ডিআইজি নিশ্চিত করেছেন, জাতিসংঘের বাজেট সংকোচন ও সংস্থার জনবল কমানোর নীতির কারণে বাংলাদেশের এফপিইউ ইউনিটকে নভেম্বরের মাঝামাঝি দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “কঙ্গোতে জাতিসংঘ মিশনের পুলিশ কমিশনার আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাইনি। বাংলাদেশের এফপিইউ সব সময় ভালোভাবে দায়িত্ব পালন করেছে, তাই এই সিদ্ধান্তটি বেশ হতাশাজনক।”

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে পাঁচ বছর আগে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করা পুলিশের এক অতিরিক্ত পুলিশ সুপার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের কূটনৈতিক দুর্বলতাকেই প্রকাশ করছে।

তিনি বলেন, “জাতিসংঘ সাধারণত সদস্যসংখ্যা কমালে তা সব দেশের ক্ষেত্রেই আংশিকভাবে প্রযোজ্য হয়। কিন্তু এবার পুরো বাংলাদেশ এফপিইউকে নভেম্বরের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। এটি পুলিশের জন্য যেমন হতাশার, তেমনি জাতির জন্যও। সরকারের উচিত ছিল জাতিসংঘের সঙ্গে আলোচনায় যাওয়া।”

সূত্র জানায়, ২০ অক্টোবরের মধ্যে ১৬২ জন সদস্যকে প্রত্যাবাসন করা হবে, আর বাকি ১৮ জন প্রশাসনিক ও লজিস্টিক কার্যক্রম সম্পন্ন করে নভেম্বরের মধ্যভাগে ফিরবেন।

বর্তমান এই দলটি আগস্টে কঙ্গো পৌঁছে ১০ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু করে। মাত্র এক মাস পরই জাতিসংঘ তাদের ফেরার নির্দেশ দিয়েছে।

সূত্র জানায়, এটি ছিল জাতিসংঘের পক্ষ থেকে বিরল এক স্বীকৃতি, যা ইউনিটটির প্রতি তাদের আস্থা প্রকাশ করে।

অন্তত ১০ জন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, এ সিদ্ধান্ত জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানের জন্য বড় ধাক্কা। এক কর্মকর্তা বলেন, “তিন দশকেরও বেশি সময় ধরে এই ইউনিট দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে এনেছে। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে যদি এটি বন্ধ হয়ে যায়, তা হবে গুরুতর আঘাত।”

এক নারী সিনিয়র কর্মকর্তা বলেন, “সরকারের সক্রিয় উদ্যোগের অভাবে আমাদের পুলিশ এখন পুরোপুরি কোণঠাসা অবস্থায়, জাতিসংঘের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারছে না। অথচ নারী এফপিইউর ভূমিকা কেবল পুলিশের অর্জন নয়—এটি জাতীয় গৌরব, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরে। এটি ঠিক করতে হলে সরকারকে এখনই দৃঢ় পদক্ষেপ নিতে হবে।”

১৯৮৯ সাল থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পুলিশের প্রথম মিশন ছিল নামিবিয়ায়।

২০২৫ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২১ হাজারেরও বেশি কর্মকর্তা বিশ্বজুড়ে ২৪টি দেশে ২৬টি মিশনে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে রয়েছে কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, দক্ষিণ সুদান ও মধ্য আফ্রিকা।

আলোকিত প্রতিদিন/এপি

আমতলীতে স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের মানববন্ধন

মোঃনাজমুল আহসান (বরগুনা) শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া বৃদ্ধি, মেডিক্যাল ভাতার প্রজ্ঞাপন জারি করার দাবিতে বরগুনার আমতলীতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অংশগ্রহণ করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন আমতলী আমিনুদ্দিন মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেজাউল করিম।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশের শিক্ষকদের জীবনমান উন্নয়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বেতনে জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। এমপিওভুক্ত শিক্ষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তারা দাবি জানান, বাড়ি ভাড়া মূল বেতনের ২০% থেকে ৫০% করা হোক, উৎসব ভাতা ১০০% এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১৫০০ টাকা বৃদ্ধি করা হোক। এছাড়াও ইবতেদায়ী মাদরাসা ও স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস আলী হাওলাদার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি সহকারী অধ্যাপক মো. নুরুল আমিন, সহকারী অধ্যাপক মো. কবির হোসেন, সুপার মাওলানা মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক মো. মোয়াজ্জেম হোসেন, জামাতের আমীর মাওলানা মো. ইলিয়াস হোসেন, শিক্ষক নেতা মো. আবুল কালাম, জাহিদুল ইসলাম এবং ইসলামী আন্দোলনের যুগ্ন সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ।

মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলীর তিন রাস্তা মোড়ে সাকিব প্লাজার সামনে গিয়ে সমাপ্ত হয়।

আলোকিত প্রতিদিন/এপি

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে

আলোকিত ডেস্ক:

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ১৫ অক্টোবর বুধবার সন্ধ্যায় সাড়ে ৬টার কিছু আগে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এর আগে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫, এর স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে  ১৫ অক্টোবর বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এই অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে বুধবার সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি বৈঠক হবে বলে জানানো হয়। এ প্রসঙ্গে কমিশনের একজনের সদস্য নাম প্রকাশ না করে বলেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে, তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটি নিরসনে আজকের এই বৈঠক ডাকা হয়েছে। প্রধান উপদেষ্টা অনতিবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বৈঠকে আলোচনা করবেন।’’

যমুনায় অনুষ্ঠিত বৈঠকে কমিশনের পক্ষ থেকে বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ‍্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষর অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম

ঘিওরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা 

মো: মহিদ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক এবং সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা এলজিইডি বিভাগ এই কর্মশালার আয়োজন করে। ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী এ বিএম খোরশেদ আলম।
কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেডের টিম লিডার মহিদুর রহমান খান। এসময় অন্যান্যের মাঝে উপজেলা প্রকৌশলী মোঃ শাহীনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা খাতুন, প্রাণী সম্পদক কর্মকর্তা পার্বতী পাল, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সদর ইউনিয়নের চেয়ারম্যান অহিদুল ইসলাম টুটুলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী,ইউপি চেয়ারম্যান এবং পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ঘিওর উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও তার অবস্থার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী দিন গুলোতে অগ্রাধিকার ভিত্তিতে এডিবির অর্থায়নে কোন কোন সড়ক বাস্তবায়ন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেন আয়োজকরা।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম

রূপগঞ্জে ময়লার স্তূপ অপসারণের দাবিতে মানববন্ধন 

রিপন পাল:
ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের মোড়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা, গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় অপরিকল্পিভাবে দেওয়া ময়লার স্তুপ অপসারণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ১৫অক্টোবর বুধবার রূপগঞ্জ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে  গোলাকান্দাইল গোলচত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ আহমেদ টুটুল, বিশেষ অতিথি রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আব্দুল্লাহ, মাসুদ বাবুল, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরন, আবুল হোসেন, যুবদল নেতা আবুল কাশেম, কৃষকদল নেতা আব্দুল মোমেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ঢাক-সিলেট মহাসড়ক ও এশিয়ান বাইপাস সড়কের ভুলতা গাউছিয়া মোড় অত্যন্ত জনবহুল এলাকা। দীর্ঘদিন ধরে এখানে অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দিয়ে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লার দুর্গন্ধে সড়কে চলাচল করা যাচ্ছে না। অবিলম্বে এখানকার বর্জ্য ডাম্পিং করতে হবে। ময়লার স্তুপ অপসারণ করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য গত ৭/৮বছর ধরে ভুলতা গাউছিয়া এলাকায় অপরিকল্পিতভাবে আশপাশের মার্কেটের নির্গত ময়লার স্তুপ দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন কয়েক দফা উদ্যোগ নিলেও কোন সুফল হয়নি।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম

ডিজিটাল অর্থনীতিতে দক্ষতা অর্জনে জামালপুরে প্রশিক্ষণ কর্মশালা

প্রতিনিধি,মেলান্দহ(জামালপুর):
জামালপুর পল্লী উন্নয়ন একাডেমীর উদ্যোগে ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  ১৫ অক্টোবর বুধবার সকালে একাডেমীর হলরুমে দিনব্যাপী এ কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক আনোয়ার হোসেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল অংশ গ্রহণকারীদের ডিজিটাল প্ল্যাটফর্ম, বিশেষ করে ফেসবুক মার্কেটিং ও ভিডিও কনটেন্ট তৈরিতে দক্ষ করে তোলা, যাতে তারা দ্রুত পরিবর্তনশীল ডিজিটাল অর্থনীতিতে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অনলাইন ব্যবসা সম্প্রসারণ, ব্র্যান্ড প্রচার এবং গ্রাহক ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।
প্রশিক্ষণ প্রদান করেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাসান। তিনি প্রশিক্ষণার্থীদের ডিজিটাল মার্কেটিংয়ের আধুনিক কৌশল, বিজ্ঞাপন বিশ্লেষণ ও কনটেন্ট তৈরির বিভিন্ন ধাপ নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, এই প্রশিক্ষণ তাদের অনলাইন উদ্যোগ গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে নিজস্ব ব্যবসা পরিচালনায় নতুন দিগন্ত উন্মোচন করবে।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম

ব্যারিকেড ছুঁড়ে ফেলে এমপিওভুক্ত শিক্ষকদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক:

তিন দফা দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ১৫ অক্টোবর বুধবার দুপুরের দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ করেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করার তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। পরে দুপুর পৌনে ২টার দিকে সেখান থেকে শাহবাগ ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ অভিমুখে পদযাত্রা করেন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ছাড়াও নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

শিক্ষক নেতাদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন এবং শিক্ষা জাতীয়করণের রূপরেখা না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

১৪ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতিতে ৩ দফা দাবি আদায়ে শাহবাগ ব্লকেড কর্মসূচির ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। এরই ধারাবাহিকতায় চতুর্থ দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

উল্লেখ্য, আন্দোলন চলাকালে গত ১২ অক্টোবর রবিবার প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে পুলিশের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সারাদেশে পাঠদান বন্ধ রেখে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা।

আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম

পুরুষ ক্রিকেটারদের সমান ভাতা পাবেন বাংলাদেশ নারী ক্রিকেটাররা

ক্রিকেট নারীদল, বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি অভিযোগ করেছিলেন, বেতন, ম্যাচ ফিসহ আর্থিক সুযোগ-সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। মেয়েদের ক্রিকেটে ছেলেদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হয় না—জ্যোতির এই দাবি উড়িয়ে দেওয়ার মতো নয়। তবে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে নারী ক্রিকেটাররা এখন পুরুষ ক্রিকেটারদের সমান সুবিধা পাবেন এখন।

দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলে-মেয়ে সমান হবে বলে জানিয়েছেন বিসিবি নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।

সেখানে নিগার সুলতানা জ্যোতিদের এখন পর্যন্ত সাকল্যে দেওয়া হচ্ছিল ৭৫ ডলার। বিসিবির নারী বিভাগ জানিয়েছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম গত বোর্ড সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

নতুন বউ ঘরে রেখে বাংলাদেশকে একাই হারিয়ে দিলেন বিলাল সামি!

খেলা/ক্রিকেট, চলতি মাসের ৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসেন আফগানিস্তানের পেসার বিলাল সামি। বিয়ের দুই দিন পরই ডাক পেয়ে যান জাতীয় দলে। বিয়ের আগেও জানতেন না তার জন্য এমন কিছু অপেক্ষা করছে। দেশের দায়িত্ব পেয়ে নতুন বউ ঘরে রেখেই আফগান দলের সঙ্গে যোগ দেন সামি। রীতিমতো বিলাল সামির জীবনে সৌভাগ্য বয়ে এনেছেন তার স্ত্রী।

বাংলাদেশ সিরিজের দলে থাকারই কথা ছিল না সামির। একজনের চোটে কপাল খুলে তার। তবে, প্রথম দুই ম্যাচ একাদশের বাইরেই থাকতে হয় তাকে। শেষ ম্যাচে সুযোগ পেয়ে সেটিকে সবচেয়ে সেরা উপায়ে কাজে লাগান এই আফগান পেসার। ৩৩ রানে ৫ উইকেট নিয়ে একাই ধসে দেন বাংলাদেশের ব্যাটিং লাইনআপকে।

আন্তর্জাতিক ক্রিকেট সামির অভিষেক হয়েছে ২০২৪-এর ডিসেম্বরে। তবে সেবার এক ম্যাচের বেশি খেলার সুযোগ পাননি তিনি। অভিষেক ম্যাচে উইকেটশূন্য থাকার পর আর জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ মেলেনি তার। তবে ঘরোয়া ক্রিকেটে ছন্দে ছিলেন ২১ বছর বয়সী এই পেসার।

শান্ত, মিরাজ, রিশাদ, তানভীর ও হাসান মাহমুদকে আউট করে ফাইফার পূরণ করেন সামি। হন ম্যাচসেরাও। নিজের এমন পারফরম্যান্সে বেজায় খুশি সদ্য বিয়ে করা এই পেসার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘নিজের খেলা নিয়ে অনেক পরিশ্রম করেছি। দল আমার পাশে ছিল। কাজটা সহজ ছিল না, কারণ দলে অনেক বিকল্প আছে। নিজের সেরাটা দিতে পেরে খুবই ভালো লাগছে।

আলোকিত প্রতিদিন/এপি

নবীনগরে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বাবা নিখোঁজ,ছেলে উদ্ধার

মোঃ আনোয়ার হোসেন:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগরে গতকাল (১৪/১০/২৫) তিতাস নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বাবা-ছেলের নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের সহায়তায় ছেলে একরাম খাঁ (২২) কে জীবিত উদ্ধার করা গেলেও তার বাবা সিদ্দিক খাঁ (৫০) এখনো নিখোঁজ।
জানাযায়- সিদ্দিক খাঁ এবং তার ছেলে একরাম খাঁ নিজেদের জমিতে কাজ করতে নদীতে নামেন। হঠাৎ প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ভেসে যান। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে আকরাম খাঁকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু তার বাবা সিদ্দিক খাঁ-কে এখনো উদ্ধার করা সম্ভব হয় নাই।
নবীনগরের ফায়ার সার্ভিসকে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় তল্লাশি চালিয়েও সিদ্দিক খাঁ- কে উদ্ধার করতে পারে নাই । পরে ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা উদ্ধার অভিযানে যোগ দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর প্রশাসক রাজীব চৌধুরী বলেন- “নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি ভৈরব থেকে ডুবুরি দল এসে কাজ করছে। আশা করছি দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে”।
আলোকিত প্রতিদিন/১৫অক্টোবর ২০২৫/মওম