আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2567

গাইবান্ধায় আরও ৩ জন করোনায় আক্রান্ত, মোট ২০৭

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৩ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়ালো ২০৭ জনে। গত (২০ জুন) শনিবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ২ ও সুন্দরগঞ্জ উপজেলার ১ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৯০ জন, গাইবান্ধা সদরে ৩০, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৫, পলাশবাড়ীতে ২২, সুন্দরগঞ্জে ১৭ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৫ জন রয়েছে। গত ১৩ দিনে গাইবান্ধায় ১২৩ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৩৩ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ২ জন, সাদুল্লাপুরে ১ জন,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২১ জুন’২০/এসএএইচ

বৃষ্টিতে পানির নীচে রহনপুর পৌরসভার রাস্তাঘাট, ভোগান্তিতে এলাকাবাসী

সংবাদদাতা,চাঁপাইনবাবগঞ্জ: টানা কয়েকদিনের প্রবল বর্ষণে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটগুলো জলাবদ্ধ হয়ে পড়েছে। জলাবদ্ধতার কারণে রাস্তাঘাটগুলো পানির নীচে তলিয়ে যাওয়ার উপক্রম হয়ে পড়ায় পৌরবাসির নানা দূর্ভোগের সৃষ্টি হয়েছে। রাস্তার পাশের ড্রেনের ব্যবস্থা না থাকায় পানি জমে থাকছে রাস্তার উপরে। অথছ ১ম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও এসব বিষয়ে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। পৌরবাসী বঞ্চিত হচ্ছে নানা নাগরিক সেবা থেকে। সরেজমিন এলাকা ঘুরে দেখা যায়, পৌর এলাকার বাগানপাড়া মহল্লার খাদেম মেম্বারের বাড়ি সংলগ্ন রাস্তা, হঠাৎপাড়া-১ মহল্লার মখলেস মোড় থেকে জাকিরের বিস্কুট ফ্যাক্টরী পর্যন্ত সংযোগ রাস্তা, খোয়াড়মোড়, রহমতপাড়ার বাগানপাড়া,ঋষিপাড়া থেকে মতিরমোড়, বড়বাজার, উদয়নগর, নুনগোলা, স্টেশনপাড়া, বাবুরঘোন মহল্লার বিভিন্ন স্থানে রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। পৌর ৭নং ওয়ার্ডের হঠাৎপাড়ার মহল্লার প্রায় ৬০টি পরিবার বৃষ্টির কারণে পানি বন্দি হয়ে আছে। এলাকাবাসীর মতে, রাস্তার পাশের ড্রেন নির্মাণ অতীব জরুরী। তাছাড়া বৃষ্টির পানির তীব্রতায় রাস্তায় গর্ত সৃষ্টি হচ্ছে। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে রহনপুর পৌর সচিব খাইরুল হক জানান, আগামী অর্থ বছরের আগস্ট/সেপ্টেম্বরে বিভিন্ন মহল্লায় ড্রেনসহ রাস্তা নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে।  পৌর মেয়র তারিক আহমদ বলেন, করোনা পরিস্থিতির কারণে দু:স্থ মানুষদের ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান থাকায় উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। তবে কিছুটা স্বাভাবিক হলেই রাস্তাঘাট ও ড্রেন নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

সাভারে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

প্রতিনিধি,সাভার: সাভারে প্রধানমন্ত্রীর নির্দেশানুযায়ী বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে।  শনিবার (২০ জুন) দুপুরে সাভারের তেতুঁলঝোড়া স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচীর উদ্ধোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় বনজ, ফলজ এবং ঔষধি গাছ রোপন করেন তিনি। ঢাকা জেলা স্বেচ্ছাসেকলীগ উত্তরের পক্ষথেকে পরে উপজেলার বিভিন্নস্থানে আরও ১ হাজার গাছ রোপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ উত্তরের সাধারন সম্পাদক সায়েম মোল্লা, সহ-সভাপতি আবুল হোসেন, রঞ্জিত সাহা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন, তেতুলঝোড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগ উত্তরের প্রচার সম্পাদক জাবেদ হোসেন, অর্থ সম্পাদক মাহবুব আলী, তেতুঁলঝোড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নাজমুল হোসেন, সাধারন সম্পাদক রাশেদ মোল্লাসহ আরও অনেকেই । সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে আওয়ামীলীগ ও এর সহযোগী অঙ্গসংগঠন বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় ঢাকা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে এ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, করোনা মহামারিতে প্রথম সারির যোদ্ধা স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নির্মল রঞ্জন গুহসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আজ করোনা ভাইরাসে আক্রান্ত। তবুও জীবনের মায়া না করেই আজ দেশের অসহায় মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ আওয়ামীলীগ। প্রকৃতি বাচাঁতে হলে গাছের কোন বিকল্প নেই বলেও জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

রাঙ্গাবালীতে শুরু হয়েছে বিট পুলিশিং সেবা

সংবাদদাতা,রাঙ্গাবালী (পটুয়াখালী): ‘তথ্য দিন সেবা নিন’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিট পুলিশিং কার্যালয় গুলোতে শুরু হয়েছে সেবা প্রদান। এতে ঘরের সদর দরজায় যেনো মিলছে পুলিশসেবা। হাতের কাছে পুলিশ পাওয়ায় সাধারণ মানুষ সেবা নিচ্ছেন নির্ভয়ে। এতে দিন দিন কমে আসছে অপরাধ এবং অপরাধীর সংখ্যা। তথ্যসূত্রে জানা যায়, রাঙ্গাবালী উপজেলার ৫ ইউনিয়নে ৫টি বিট পুলিশিং কার্যালয় চালু করা হয়। এসব বিটে এক এক জন করে  পুলিশ অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। যারা স্থানীয়দের অভিযোগগুলো আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে প্রতিনিয়ত। এছাড়াও মাঝে মধ্যে বিট পুলিশিংয়ের কার্যালয়গুলো পরিদর্শন করেন থানার অফিসার ইনচার্জ। শুক্রবার (১৯ জুন) সকালে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের বঙ্গবাজার বিট পুলিশিং কার্যালয়ে রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ আলী আহম্মেদকে সেবা প্রদান করতে দেখা গেছে। এসময় সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ শুনে সেগুলো তাৎক্ষণিক সমাধানদেন অফিসার ইনচার্জ। রাঙ্গাবালী থানা অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ বলেন, ‘মাদক, সন্ত্রাস, ইভটিজিং, নারী নির্যাতন ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ দমনের জন্য সারাদেশে বিট পুলিশিং কার্যলায়ের ব্যাবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। সেই ধারাবাহিকতায় পটুয়াখালী পুলিশ সুপার মঈনুল হাসান স্যারের নির্দেশে রাঙ্গাবালী থানায় ৫টি বিট পুলিশিং কার্যালয় করা হয়েছে। যেখানে সার্বক্ষণিক সেবা প্রদান করছে পুলিশ। এ কারণে ইতোমধ্যে রাঙ্গাবালী থানায় অনেক প্রকার অপরাধ দমন হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

নাটোরের বড়াইগ্রামে ট্রাক চালকের আত্মহত্যা 

সংবাদদাতা,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে করোনার কারণে কর্মহীন হয়ে পড়ায় সাংসারিক অভাবে স্বামী-স্ত্রীর কলহে আত্মহত্যা করেছেন জুয়েল রানা (২৪) নামে এক ট্রাক চালক। শনিবার (২০ জুন) সকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের নওদাজোয়াড়ী গ্রামের নিজ ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। জুয়েল রানা ওই গ্রামের দুলাল হোসেন প্রামাণিকের ছেলে। স্থানীয় ইউপি সদস্য জমসেদ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, জুয়েল রানা পেশায় একজন ট্রাক চালক। করোনা মহামারীর সংকটকালে আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারিক দৈনন্দিন চাহিদা পুরণ করতে না পারায় প্রায়ই সংসারে অশান্তি কলহ লেগেই থাকতো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে পুনোরায় এ নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া হলে জুয়েল রানা নিজঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এরপর ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে বাড়ির লোকজন বুঝতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

 

 

শ্রীপুরে চাঁদা দিতে নিষেধ করায় ব্যবসায়ী নেতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

আলমগীর হোসেন,শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চাঁদা দিতে নিষেধ করায় মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকারের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২০ জুন) সকাল ১০ টায় সংগঠনের সভাপতি মোশারফ সরকার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এসময় মাওনা চৌরাস্তার ব্যবসায়ীরাও সামাজিক দূরত্ব মেনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাওনা চৌরাস্তা ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির সভাপতি মোশারফ সরকার বলেন, স্থানীয় সরকারদলীয় কর্মী ও সমর্থক জুয়েল মাহমুদ আসিফ, জাহিদুল ইসলাম জাহিদ ও ফরহাদ শেখের নেতৃত্বে মাওনা চৌরাস্তার ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করার চেষ্টা করা হয়। এ ঘটনা জানতে পেরে তিনি ব্যবসায়ীদেরকে কারো কাছে কোনো প্রকার চাঁদা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা গত ৮ জুন মাওনা চৌরাস্তায় ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মোশারফ সরকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ করে। মানববন্ধনে তারা মোশারফ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরণের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যে প্রদান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকের বিভিন্ন আইডি থেকে মোশারফ সরকারকে জড়িয়ে আপত্তিকর স্ট্যাটাস পোস্ট দেয়। এঘটনায় ব্যবসায়ী নেতা গত ১৩ জুন অভিযুক্ত তিন জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেন।  এসব ঘটনায় মোশারফ সরকার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয় ‘যাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তারা চাঁদাবাজির বিরুদ্ধে কিভাবে মানববন্ধন ও বিক্ষোভ করে’। পরে অভিযুক্ত জুয়েল মাহমুদ আসিফ ও ফরহাদ শেখ বাদী হয়ে একইদিনে ব্যবসায়ী নেতার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে শ্রীপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।  লিখিত বক্তব্যে মোশারফ সরকার আরো বলেন, মাওনা চৌরাস্তা ট্র্রাকস্ট্যান্ডে চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ ট্রাক স্ট্যান্ড কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট মালিক সমিতি মাওনা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাদী হয়ে (২০১৯ সালের ১০ জুলাই) ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামীকে করে শ্রীপুর থানায় একটি চাঁদাবাজি অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ জুয়েল মাহমুদ আসিফ, জাহিদুল ইসলাম জাহিদ ও ফরহাদ শেখের মদদপুষ্ট দুইু চাঁদাবাজ রাব্বি ও আনোয়ারকে হাতেনাতে আটক করেন। পরে তাদের সহযোগী রিপন ও সিরাজকেও গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়। তারা বর্তমানে জামিনে মুক্ত আছেন।  পুনরায় অভিযুক্তদের অনুসারী পরিবহনে চাঁদাবাজি করার সময় গত ৬ জুন মাসুদ রানা, জাকির ও সোলায়মানকে গ্রেফতার করে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে চাঁদাবাজির মামলা দায়ের করে। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। অভিযুক্তদের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/এসএএইচ

মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু ১, নতুন আক্রান্ত ২৩, মোট ৪৭২

প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৫১ বছরের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।শুক্রবার (১৯ জুন) রাত আটটার দিকে মারা যান জেলার ঘিওর উপজেলার তরা গ্রামের ওই ব্যক্তি (ফরহাদ হোসেন, পিতা-আব্দুল মান্নান)। আজ শনিবার (২০ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ। তিনি বলেন, শরীরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনি গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতালে আসলে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রাত আটটার দিকেই তিনি মারা যান।তিনি আরও বলেন, ওই ব্যক্তি এর আগে ১৬ জুন হাসপাতালে এসেছিলেন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই দিনই তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটেরে ল্যাবে পাঠানো হয়। এখনও তার রিপোর্ট পাওয়া যায়নি।’ এনিয়ে জেলায় ১৪ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। তাদের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়।একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।ফলে এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৪৭২ জনে। আজ শনিবার (২০ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।তিনি বলেন, নতুন শনাক্ত ব্যাক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৬ জন, সাটুরিয়া ও ঘিওর উপজেলায় ৫ জন করে ১০ জন, সিংগাইর উপজেলায় ৪ জন, হরিরামপুর, শিবালয় এবং দৌলতপুর উপজেলায় ১ জন করে ৩ জন।এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৭২ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৩৮ জন, সাটুরিয়ায় ৯২ জন, সিংগাইরে ৮৭ জন, ঘিওরে ৬৯ জন, হরিরামপুরে ৩৯ জন, শিবালয়ে ৩০ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন।ডা. রফিকুন নাহার বন্যা জানান, করোনায় সংক্রমিত ব্যাক্তিদের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে আইসোলেশনে আছেন ৩০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৭ জন। অন্যরা সবাই নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন ‘২০/এসএএইচ

সুন্দরগঞ্জে বজ্রপাতে দাদার মৃত্যু,নাতি আহত

সংবাদদাতা,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে মুসলিম আলী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামরুল ইসলাম (১০) আহত হন। শনিবার (২০ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে শ্রীপুর ইউনিয়ন ভেলারায় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মুসলিম আলী সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন ভেলারায় গ্রামের মৃত নছিম উদ্দিনের পুত্র। আহত কামরুল ইসলাম একই গ্রামের আশরাফুল ইসলামের পুত্র। নিহত মুসলিম আলী ও আহত কামরুল ইসলাম সম্পর্কে দাদা-নাতি। জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে ক্ষেতের কাজ ছেড়ে আশ্রয়ের জন্য দৌড়ে বাড়ীর আঙ্গিনায় পৌঁছা মাত্রই বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মুসলিম আলী। বজ্রপাতের সময় কামরুল ইসলাম আঙ্গিনায় খেলা করছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২০ জুন ‘২০/এসএএইচ

ভালুকায় প্রতিপক্ষের হামলায় স্কুল ছাত্রীসহ ৫ জন আহতের ঘটনায় সাংবাদিক সম্মেলন

সংবাদদাতা, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে কাঁঠাল পারতে বাধা দেওয়ায় প্রতিপক্ষরা কাতলামারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সুমি আক্তার (১৪) কে বেদম মারপিটসহ ৫ মহিলাকে পিটিয়ে আহত করার বিচারের দাবীতে সাংবাদিক সম্মেলন করেছে সুমির পরিবার। বর্তমানে আহত সুমি আক্তার ও ফাতেমা খাতুন ভালুকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সুমির পিতা জয়নাল আবেদীন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
২০ জুন শনিবার ভালুকা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আহত সুমির মা নুরজাহান বেগম জানান গত ১৬ জুন তাদের জমির গাছ থেকে প্রতিবেশী হালিম শিকদার ও হায়দর আলী গংরা জোর পূর্কক কাঁঠাল পেরে ভ্যানগাড়ী ভরে নিয়ে যাওয়ার সময় তার মেয়ে সুমি আক্তারসহ পরিবারের অন্যরা বাধা দেয়। এ সময় হালিম শিকদারের লোকজন সুমিকে পিটিয়ে আহত করে। ফিরাতে এসে তিনিসহ ফাতেমা (৩২), সুমাইয়া (১২) সপ্তম শ্রেণি, সখিনা (৩৫) হামলায় আহত হয়। সুমিকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় মারপিটের ঘটনাটি পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। তিনি জানান বর্তমানে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তার মেয়ে সুমির অবস্থা খুবই সংকটাপন্ন। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় সুমির পরিবার আতংকের মধ্যে দিন কাটাচ্ছে বলে তারা জানায়।

রামুতে ডিবির অভিযানে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

প্রতিনিধি, কক্সবাজার :  কক্সবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) ইকবাল হোসাইনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে  রামু উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি) ।

আটককৃত ৩ জন মাদক কারবারীর মধ্যে একজন মহিলাও রয়েছেন। ঐ মহিলার ছেলে ইয়াবা কারবারীর সাথে জড়িত এবং তার বাড়ি থেকে উদ্ধার করা হয় ১ লক্ষ পিস ইয়াবা। ধৃত তিনজন হলেন, পার্বত্য বান্দরবান জেলার আলীকদম উপজেলার আমতলী পাড়ার আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রশিদ ( ২৬), কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া শরনার্থী শিবিরের ১৫ নাম্বার এফ ব্লকের মকতুল হোসেনের ছেলে রোহিঙ্গা এনামুল হাসান (২২) এবং অপর আসামী  বান্দরবান উপজেলার দোছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ির মৃত মোহা. ইসলামের স্ত্রী মাহমুদা বেগম ( ৪১)।
এ ঘটনায় আরো ৫ জন আসামী পলাতক রয়েছেন এবং এসময় একটি ডিসকভার মোটর সাইকেলও জব্দ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ১৮ জুন ও ১৯ জুন রামু উপজেলার বিভিন্ন জায়গায় পৃথক অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের একটি চৌকস দল। এ সময় ১ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয় এবং ইয়াবা বহনে নিয়োজিত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। এ ঘটনায় ধৃত ৩ জন সহ  ৫ জনকে পলাতক আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন কক্সবাজার ডিবি পুলিশ।
আলোকিত প্রতিদিন/২০ জুন’২০/জেডএন