::নিজস্ব প্রতিবেদক::
বিভিন্ন সময়ে মামলার আসামী চট্টগ্রাম বোর্ডের অধীন নাজিরহাট বালিকা বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে নতুন করে নানা অভিযোগ উঠেছে। শিক্ষাজীবনে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনে হাতেনাতে যাকে বহিষ্কারও হতে হয়েছিল এক সময়। আবার নানা কারণে অভিযুক্ত হয়ে তাকে উঠতেও হয়েছে স্থানীয় শালিশীর কাঠগড়ায়। যদিও ‘এ সবই মিথ্যে হওয়ায় কোন অভিযোগই টেকেনি’ বলে জানান অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম। আর অভিযোগসূত্রে জানা যায়, ‘টাকার বিনিময়ে ম্যানেজ করেই সব অপকর্ম ঢেকে দিয়ে দাপটের সঙ্গে চলেন’ তিনি। এমন একজন ব্যক্তির কাছ থেকে শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই ‘ভয়ে ওই স্কুলে মেয়েকে দিতে চান না’ বলেও করেছেন মন্তব্য। শিক্ষাঙ্গনকে আতঙ্কমুক্ত করতে সব কিছু খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা।
অভিযোগে বলা হয়, মোহাম্মদ তৌহিদুল আলম ১৯৯২ সালে কুমিল্লা বোর্ডের নজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার সময় নকল করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় বহিষ্কার হন। পরে বহিষ্কারকরী এসি ল্যান্ডের সামনে প্রবেশপত্র ছেঁড়া ও শৃঙ্খলাভঙ্গের দায়ে তাকে আজীবন বহিষ্কার করা হয়। তবে পরের বছরই দাঁদ মারা (নারায়ণ হাট) উচ্চ বিদ্যালয় থেকে বিশেষ উপায়ে এসএসসিতে অংশ নেন এবং উত্তীর্ণ হন। এরপর এইচএসসি পাসও করেন। পরে তিনি আজীম নগর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতা পেশায় যোগ দেন। অভিযোগে আরও বলা হয়, শিক্ষক তৌহিদুল আলমের নামে একাধিক মামলাও রয়েছে। এছাড়া আজীমনগর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাকতায় থাকাকালীন অশালীন আচরণ ও বাসায় ছাত্রী ডেকে অনৈতিক কর্মকাণ্ডে বহিষ্কারও হন। পরে নিকট আত্মীয়ের প্রভাব খাটিয়ে নজির হাট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসাবে যোগ দেন। সেখানেও এমন কর্মকাণ্ড চালালে বহুবার শালিশী হয়। তবে প্রভাবশালী এই শিক্ষক বিশেষ প্রক্রিয়ায় সবাইকে ম্যানেজ করে মুক্ত হয়ে যান। তার নামে ফটিকছড়ি থানায় জিআর মামলা ৪৮/৯৫, নন জিআর মামলা- ৩৯/৩৫ ছাড়াও রয়েছে একাধিক জিডি।
নকল করতে গিয়ে বহিষ্কার প্রসঙ্গে অভিযুক্ত শিক্ষক মোহাম্মদ তৌহিদুল আলম বলেন, ‘সে সময় নকলের হিড়িক চলতো। আমি ক্লাসের সেকেন্ড বয় ছিলাম। কিন্তু পরীক্ষার সময় কেউ নকল আমার পায়ের কাছে ফেলে রাখে। ম্যাজিস্ট্রেট পেছন থেকে এসে আমার খাতা নিয়ে নেন এবং আমার পায়ের কাছ থেকে নকল তুলে সেটাসহ বহিস্কার করেন। অথচ আমি নকল করিনি।’ শিক্ষাকতা পেশায় থাকাকালে নানা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সুনামের সঙ্গে দীর্ঘ সাড়ে ২১ বছর ধরে শিক্ষাকতা করছি। আমার নামে খারাপ কিছু থাকলে একটি স্কুলের পর আরেকটি স্কুলে চাকরি পেতাম না। অন্যদিকে আমার বাড়ির খুব কাছাকাছি স্কুলটিতে নিশ্চয় আমাকে না জেনে, না বুঝে নিয়োগ দিত না।’ মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পারিবারিক শত্রুতার জেরে আমার পড়ালেখায় ক্ষতি করার জন্য এইচএসসি শিক্ষার্থী থাকাকালীন আমার চাচাতো ভাই একটি মামলা করেন। কিন্তু সত্যতা না থাকায় আমাকে প্রথমে জামিন এবং পরে মুক্তি দেওয়া হয়। এরপর ২০০১ সালে জোড়া খুনের একটি মিথ্যা মামলা দেওয়া হয়। কোন ভিত্তি না থাকায় আটকের পরপরই আমাদের মুক্তি দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘আমাদের সুনাম নষ্ট করার জন্য পুরাতন সেই সব শত্রুরাই এই ধরণের অভিযোগ করে থাকতে পারেন।’
মোহাম্মদ তৌহিদুল আলমের বিষয়ে নাজিরহাট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘স্কুলে কোন অভিযোগ আসেনি বা আগেও কোন অভিযোগ পাইনি। আসলে তখন তদন্ত সাপেক্ষে বলা যাবে।’
বিভিন্ন সময়ে মামলার আসামী এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, শিক্ষাঙ্গনকে আতঙ্কমুক্ত করার দবি
বিশ্ব বাবা দিবসে যশোরে পাঁচ শ্রমজীবী বাবাকে বিশেষ সম্মান
::প্রতিনিধি, যশোর::
বিশ^ বাবা দিবসে যশোরে পাঁচ শ্রমজীবী বাবাকে সম্মাননা প্রদান করেছে বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদ। বৈশ্বিক মহামারী করোনাকাল বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে এই সম্মাননা প্রদান করা হয়। ২০১৫ সাল থেকে ধারাবাহিকভাবে এই দিনে বাবাদের সম্মানিত করে আসছে এই পর্ষদ।
‘আজি শুভ দিনে পিতার ভূবনে অমৃত সদনে চলো যাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চম বারের মত উদযাপিত বাবা দিবসে সম্মানিত বাবারা হলেন, যশোর শহরের পুরাতন কসবা এলাকার ঝাঁল-মুড়ি বিক্রেতা স্বপন শেখ, বেজপাড়া শ্রীধর পুকুর পাড় এলাকার স্বর্ণ কারিগর বিষ্ণু দাস, সদর উপজেলার দাইতলা গ্রামের নছিমন চালক কবির হোসেন, বেজপাড়া বনানী রোডের ফল বিক্রেতা অজিত কুমার পাল এবং রেলগেট পশ্চিমপাড়ার সফিক ভুইঁয়া। যারা তাদের স্বল্প আয়ের মধ্য দিয়ে একাধিক সন্তানকে শিক্ষিত করে তুলেছেন এবং চিকিৎসক, শিক্ষকসহ নানা পেশায় অধিষ্ঠিত করেছেন।
রোববার (২১ জুন) সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি যশোর পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন-পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমীন বলেন, ‘বাবা-মা চিরন্তন। তাই বাবা- মাকে দিবসে স্মরণ করার বিষয় নয়। তাদের সারাবছরই খেয়াল রাখতে হবে। তবে বর্তমান সমাজে মূল্যবোধের অবক্ষয়ের কারণে অনেকে বাবা-মার কাছে ভালোমন্দ জিজ্ঞেস করাটাই ভুলে গেছেন অনেকে। এ করোনাকালে সে অবক্ষয় আরো প্রকট হয়েছে। যা কখন্ও কাম্য হতে পারে না। করোনাকালের এ দুঃসময়ে বাবা দিবস পালন ও বাবার অবদান সন্তানদের স্মরণ করিয়ে দেয়া একটি ভালো উদ্যোগ। এমন অনুষ্ঠানে বাবাদের সম্মাননা জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।’
আয়োজক কমিটির আহ্বায়ক প্রবীণ রাজনীতিক আমিরুল ইসলাম রন্টুর অসুস্থতার কারণে অনুপস্থিত থাকায় এতে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশীদ। স্বাগত বক্তব্য দেন বিশ্ব বাবা দিবস উদযাপন পর্ষদের সদস্য সচিব প্রণব কুমার দাস। সঞ্চালনা করেন যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
আয়োজক কমিটির সদস্য সচিব প্রণব কুমার দাস বলেন, ‘বাবা-মা সন্তানের জন্য এমন এক ভালোবাসার ব্যাংক যেখানে সন্তানদের জন্য রয়েছে সুদহীন নিখাঁদ স্নেহ। করোনাকালে বিধিনিষেধ থাকলেও সন্তানদের প্রতি পিতা-মাতার যে অবদান তা স্মরণ করিয়ে দিতে স্বাস্থ্যবিধি মেনে ছোট পরিসরে এ সম্মাননার আয়োজন করা হয়েছে। আমাদের প্রত্যশা সন্তানরা পিতা-মাতাকে আমৃত্যু আগলে রাখবে।’
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা শাখার বিবৃতি
সংবাদদাতা,বগুড়াঃ একাত্তর বছর পেরিয়ে বাহাত্তরে পা-রাখলো দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ। নানা চরাই উৎরাই পেরিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন এটি। আওয়ামীলীগ মানুষকে দিয়েছে একটি স্বাধীন দেশ। যার জন্য বাঙালি লড়াই করেছে দীর্ঘ ২৩ বছর। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, সর্বোপরি মহান ৭১’এ ৩০ লক্ষ মানুষের রক্ত এবং ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। যার নেতৃত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ। আওয়ামীলীগ মানুষের চিন্তা-চেতনাকে লালন করে। মানুষই আওয়ামী লীগের মূল শক্তি। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। ভৌগলিক মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। কিন্তু ৭৫’র ১৫ই আগস্ট ঘাতকের বুলেট ক্ষত-বিক্ষত করে দিয়েছিলো বাঙালির আশা-আকাঙ্ক্ষা। বাংলাদেশ দীর্ঘ ২১ বছর চলেছে উল্টো রথে। বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর অপচেষ্টা করা হয়েছিলো। মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশ থেকে নির্বাসিত করা হয়েছিলো। স্বাধীনতা বিরোধীদের গাড়িতে তুলে দেওয়া হয়েছিলো স্বাধীন বাংলাদেশের পতাকা। আর এই পরিস্থিতি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী রক্ত দিয়েছে স্বাধীনতা বিরোধী অপশক্তিদের রুখতে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কর্মসূচী বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। সকল দুর্যোগে আওয়ামীলীগ সবসময় মানুষের পাশে ছিলো। আওয়ামী লীগের লক্ষ-লক্ষ নেতাকর্মী ঝাঁপিয়ে পড়েছে যেকোনো মানবিক প্রয়োজনে। মৃত্যু জেনেও মানুষের পাশে দাঁড়াতে দ্বিধাবোধ করেনি আওয়ামীলীগের নেতাকর্মীরা। বৈশ্বিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এ কারণে একে একে আওয়ামীলীগের জনপ্রিয় নেতারা মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটার নামই আওয়ামীলীগ। আওয়ামীলীগ অতীতের ন্যায় ভবিষ্যতেও বাংলাদেশের মানুষের পাশে থাকবে সর্বক্ষণ। আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মহান এই ক্ষণে আমাদের শপথ হোক বাংলাদেশের মানুষকে রক্ষার। বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এক যুক্ত বিবৃতিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপরোক্ত কথাগুলি বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল ২৩ জুন টেম্পল রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
কলাপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সংবাদদাতা,কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় ১ কেজি গাঁজাসহ মুসা সিকদার (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চম্পাপুর ইউনিয়নের আল-আমিন মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত মুসা গলাচিপা উপজেলার নলুয়াবগী এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চম্পাপুর এলাকায় অভিযান চালিয়ে মুসা সিকদারকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগী পালিয়ে যায়। পুলিশের ধারনা মুসা দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃত মুসার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরন করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
নোয়াখালীতে করোনায় আক্রান্তদের জন্য দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিলেন ওবায়দুল কাদের
সংবাদদাতা,নোয়াখালীঃ করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নোয়াখালী কোভিড হাসপাতালের জন্য সর্বাধুনিক যন্ত্রপাতিসমৃদ্ধ দুটি আইসিইউ-ভেন্টিলেটর দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজস্ব তহবিল থেকে তিনি এ ভেন্টিলেটর দুটি প্রদান করেন। সোমবার (২২ জুন) স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কাছে ভেন্টিলেটর দুটি হস্তান্তর করেন তিনি। এসময় ওবায়দুল কাদের বলেন, নোয়াখালী কোভিড অস্থায়ী হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থাসহ নোয়াখালী সদর হাসপাতালের পুরাতন ভবন ভেঙ্গে আধুনিক মানের হাসপাতাল করার দরপত্র আহ্বান করা হয়েছে। এছাড়া নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের করোনা পরীক্ষার পরিধি আরো বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-০৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর করোনাকালীন সংকট মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রশংসা করেন। এছাড়া সরকারের পাশাপাশি জেলার সামর্থ্যবানদের স্বাস্থ্যসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
ভালুকায় পিকআপ’র চাপায় গার্মেন্টস শ্রমিকের মৃত্যু
সংবাদদাতা,ভালুকা( ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় শরীফুল ইসলাম নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আশরাফুল আলম জানান, রোববার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার জামিরদিয়া এলাকায় স্থানীয় পি.এ নীট গার্মেন্টসের শ্রমিক শরীফুলকে একটি পিকআপ চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। নিহত শরীফুল ইসলাম ত্রিশাল উপজেলার বর্মা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
গাইবান্ধায় আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট ২১১
সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৪ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বেড়ে দাড়ালো ২১১ জনে। গত (২১ জুন) রবিবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১ ও সাদুল্লাপুর উপজেলার ৩ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৯১ জন, গাইবান্ধা সদরে ৩০, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৫, পলাশবাড়ীতে ২২, সুন্দরগঞ্জে ১৭ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৮ জন রয়েছে। গত ১৪ দিনে গাইবান্ধায় ১২৭ জনের শরীরে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ২ জন, সাদুল্লাপুরে ১ জন,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
গাইবান্ধায় নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি
সংবাদদাতা,গাইবান্ধা: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে গাইবান্ধায় নদ-নদীতে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের নীচু এলাকা প্লাবিত হয়েছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গাইবান্ধায় নদী ভাঙ্গনের তীব্রতা দেখা দিয়েছে। যমুনা নদীর পানি বাড়তে শুরু করায় স্রোতের তীব্রতা বেড়ে সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের বড়মতাইড় গ্রামে ভাঙ্গন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই ইউনিয়নের প্রায় পাঁচ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। গত দুই বছরে হলদিয়া ইউনিয়নের দুটি মসজিদ, একটি কবরস্থান, ৫ কিলোমিটার পাকা রাস্তাসহ তিন শতাধিক পরিবারের বসতভিটা যমুনা নদীতে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে একটি তিনতলা মাদ্রাসা, চারটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি ঈদগাহ মাঠসহ আরও কয়েক হাজার পরিবার। ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাতলামারী ও খাটিয়ামারীর চরে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। দ্রুত ব্যবস্থা না নিলে নদীগর্ভে বিলীন হয়ে সহস্রাধিক পরিবার গৃহহীন হবে। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর,কাপাসিয়া ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোকলেছুর রহমান বলেন, নদী ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের কাজ অব্যাহত আছে। নদীতে পানি বৃদ্ধির ফলে যে সব এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে সে সব এলাকায় বালু ভর্তি জিও ব্যাগ ফালানো হবে এবং ১৪টি পয়েন্টে কাজের জন্য চাহিদাপত্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে ।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
শ্রীপুরে প্রেমিকের বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
আলমগীর হোসেন, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে প্রেমিক লাদেন হাসান সুমন শেখ ওরফে শুটার লাদেনের (২০) বিরুদ্ধে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। লাদেন উপজেলার মাওনা উত্তরপাড়া গ্রামের আকতার হোসেনের ছেলে। এ ঘটনায় ওই প্রেমিকার মা বাদী হয়ে প্রেমিকের বিরুদ্ধে রবিবার (২১ জুন) শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ প্রেমিক লাদেনকে গ্রেফতার করে সোমবার (২২ জুন) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান জানান, কিশোরী প্রেমিকার বাড়ী উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে। পরিবারের সাথে সে পাশের মাওনা ইউনিয়নের মাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুর রশীদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণীতে লেখাপড়া করে। কিশোরী স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমিক লাদেন তাকে প্রায়ই তাকে প্রেমের প্রস্তাব দিতো ও উত্যক্ত করতো। ঘটনাটি কিশোরী তার মা’কে জানালে তিনি লাদেনের বাবাকে জানান। এরপর থেকে লাদেন কিশোরীকে আরো বেশি উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে লাদেন বিয়ের আশ্বাস দিলে কিশোরীর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। কিশোরী জানায়, হাসান নামে এক বন্ধুর মাধ্যমে লাদেনের সাথে তার পরিচয় হয়। পরিচয়ের পর থেকে লাদেন তাকে প্রায়ই বিভিন্নভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করতো। এক পর্যায়ে লাদেনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায় দেড় বছর চলে তাদের এ সম্পর্ক। গত শুক্রবার (১৯ জুন) বিকেলে প্রেমিক লাদেন বিয়ে করার কথা বলে প্রেমিকাকে তাদের বাড়ী থেকে ডেকে নিয়ে শ্রীপুর পৌরসভার সিএন্ডবি এলাকার একটি পার্লারে নিয়ে যায়। সেখানে প্রেমিক তাকে ধর্ষণ চেষ্টা করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে প্রেমিক লাদেন দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় কিশোরী রাত ৮ টায় তার বাড়ীতে পৌছে। পরে ঘটনাটি তার মা’কে জানালে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হয়। স্থানীয়রা লাদেনের অভিভাবকের সাথে কয়েকদফা যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হলে কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষন চেষ্টা মামলা দায়ের করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আসামী লাদেনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ
দেশে ২৪ ঘন্টায় মৃত্যু ৩৮, নতুন আক্রান্ত ৩৪৮০
সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জন মৃত্যুবরণ করেছেন।ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ১ হাজার ৫০২ জনে। একই সময়ে এ ভাইরাসটিতে নতুন করে আরও ৩ হাজার ৪৮০ জন আক্রান্ত হয়েছেন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। সোমবার (২২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন। দেশজুড়ে ৬২টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বুলেটিনে তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ২৮৭টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৫৫৫টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮০ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো এক লাখ ১৫ হাজার ৭৮৬ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মারা গেলেন ১ হাজার ৫০২ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৭৮ জন। সব মিলিয়ে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৬ হাজার ৭৫৫ জন। ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩৩ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মাঝে ১৫ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৪ জন বরিশাল বিভাগের, ২ জন করে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের এবং ১ জন সিলেট বিভাগের। এদের মাঝে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ত্রিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব ৩ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ১ জন মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে মৃত্যু হয়েছে ২৫ জনের, বাসায় ১২ জনের এবং হাসপাতালে আনারপর ১ জনকে মৃত ঘোষণা করা হয়।
আলোকিত প্রতিদিন/২২ জুন’২০/এসএএইচ

