আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2564

রাঙ্গাবালীতে আ.লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

সংবাদদাতা,রাঙ্গাবালী (পটুয়াখালী): সংকটে, সংগ্রামে ও অর্জনে গণমানুষের পাশে আওয়ামীলীগ আজ ৭১ বছর। এই মন্ত্র নিয়ে আজ মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থকময় করার উপলক্ষকে কেন্দ্র করে রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক আলহাজ্ব মু. সাইদুজ্জামান খাঁন এর নির্দেশনায় রাঙ্গাবালী উপজেলা পরিষদ চত্বরে জনসাধারণের মাঝে বৃক্ষরোপণসহ বিতরণ কর্মসূচী পালন করা হয়। বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে করোনা প্রাদুর্ভাবের কারণে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান সমাপ্ত করা হয়। এসময় প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাঁতীলীগসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

 

সুন্দরগঞ্জে পাট চাষীদের মাঝে সার বিতরণ

সংবাদদাত,সুন্দরগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার সুন্দরগঞ্জে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে পাট চাষীদের মাঝে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদ মাঠে পাট অধিদপ্তরের আওতাধীন ২০১৯-২০ অর্থ বছরের বরাদ্দ থেকে প্রকল্পভূক্ত ২’শ ৭০ জন পাট চাষীকে ১২ কেজি করে সার বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্যাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাইদুল হক বীর, ইউপি সচিব আলতাফ হোসেন প্রমূখ। উল্লেখ্য, পাট চাষীদের প্রত্যেককে টিএসপি ৩, এমওপি ৩ ও ইউরিয়া ৬ কেজি করে মোট ১২ কেজি রাসায়নিক সার দেয়া হয়।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

মানিকগঞ্জের সাটুরিয়ায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের ভাটারা এলাকা থেকে শেফালী রাণী শীল (২০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। শেফালী রাণী শীল ওই এলাকার রুবী শীলের মেয়ে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, সকালে স্থানীয়দের দেয়া খবরের উপর ভিত্তি করে নিজ বাড়ি থেকে শেফালী রাণী শীল নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। শেফালী রাণী শীল মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামী ফোকরা অস্ত্রসহ গ্রেফতার

সংবাদদাতা, বগুড়া : বগুড়ায় যুবলীগ নেতা আবু তালেব হত্যা মামলার প্রধান আসামীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া । সোমবার বিকেল ৫টায় র‌্যাব-১২ স্পেশাল ক্যাম্পের সদস্যরা নওগাঁ জেলার বদলগাছী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত প্রধান আসামী ফিরোজ হোসেন ফকির ওরফে ফোকরা (২৫) সাবগ্রাম আকাশতারা এলাকার শাহাজাহান পাঠার ছেলে।
র‌্যাব-১২ বগুড়া কার্যালয় সূত্র জানা যায়, যুবলীগ নেতা তালেব হত্যার পরের দিন তার স্ত্রী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এতে গ্রেফতারকৃত প্রধান আসামী ফোকরাসহ তিন জনের নাম উলে­খ করে অজ্ঞাতনামা ৭-৮ জনকে আসামী করা হয়। হত্যাকান্ডের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের পাশাপাশি আসামীদের গ্রেফতারে অভিযানে নামে র‌্যাব-১২।  গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হলে প্রাথমিকভাবে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।
এরপর সোমবার রাত ১২ টায় র‌্যাব-১২ বগুড়া একটি টিম তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে যায়। এক পর্যায়ে আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে সদর থানার মাটিডালি-বনানী ২য় বাইপাস এলাকার কর্ণপুর পূর্বপাড়ার একটি কবরস্থানের পরিতক্ত জায়গা থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি চাকু, ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২ টি মোবাইল ও ৩ টি সিমকার্ড উদ্ধার করে। এ অস্ত্রগুলো সব তার বলে আসামি স্বীকার করে।
র‌্যাব-১২ বগুড়া স্পেশাল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মোস্তাফিজুর রহমান আলোকিত প্রতিদিন-কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান আসামীকে আমরা গ্রেফতার করেছি। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকারও করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

আলোকিত প্রতিদিন/২৩ জুন-২০২০/জেডএন

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও মৃত্যু ৪৩, আক্রান্ত ৩৪১২

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়ালো ১ হাজার ৫৪৫ জনে। একই সময়ে করোনার আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জন। ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়ালো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন যুক্ত তিনটিসহ মোট ৬৫টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৫৬৩টি নমুনা সংগ্রহ করা হয়।এর মধ্যে পরীক্ষা করা হয় ১৬ হাজার ২৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৬ লাখ ৪৪ হাজার ১১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জন। ফলে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দারালো ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যুবরণ করলেন ১ হাজার ৫৪৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮৮০ জন।এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৪৭ হাজার ৬৩৫ জন।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন ‘২০/এসএএইচ

কক্সবাজারে করোনায় আক্রান্ত হয়ে আইনজীবীর মৃত্যু

প্রতিনিধি,কক্সবাজারঃ মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজারে আইনজীবীর মৃত্যু হয়েছে। সোমবার (২২জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত ছালামত উল্লাহ রানা (৫৭) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী। তিনি যুগান্তর কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক শফিউল্লাহ শফির মেজভাই ।এ ছাড়া তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ছিলেন। তার গ্রামের বাড়ি মহেশখালী উপজেলায়। তার মৃত্যুর বিষয়ে সাংবাদিক শফি জানান, গত শুক্রবার রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতাল থেকে তাকে (ছালামত উল্লাহ রানা) গুরুতর অবস্থায় চট্টগ্রামে স্থানান্তর করা হয়। তখন থেকে তিনি চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। এদিকে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শনিবার তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। করোনা শনাক্ত হওয়ার দুদিনের মাথায় মৃত্যু হয় কক্সবাজারের আদালত অঙ্গনে পরিচিত এই মুখের।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

নাটোরে ৮১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা,নাটোরঃ নাটোরে ২ মনের অধীক গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী ট্রাক চালক ও হেল্পারকে আটক করেছে র‌্যাব। সোমবার (২২ জুন) রাত সাড়ে ১০ টার দিকে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাসে অভিযান চালায় র‌্যাব-০৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এসময় একটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৮১ কেজি গাঁজাসহ চালক ও হেল্পারকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট গ্রামের কবির হোসেনের ছেলে স্বপন(৩৫) এবং পাটেশ্বরী গ্রামের আইয়ুব আলীর ছেলে শাহজালাল(২০)। র‌্যাব জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল  সোমবার রাত সাড়ে দশটায় নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস মোড়ে অভিযান চালায়। এসময় একটি ট্রাকে তল্লাশী করে ৮১ কেজি গাঁজাসহ স্বপন ও শাহজালালকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় ট্রাকসহ অন্যান্য কাগজপত্র। এ ব্যাপারে নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

গাইবান্ধায় আরও ৫ জন করোনায় আক্রান্ত, মোট ২১৬

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৫ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত ব্যাক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১৬ জনে। গত (২২ জুন) সোমবার নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪ ও গাইবান্ধা সদর উপজেলার ১ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ৯৫ জন, গাইবান্ধা সদরে ৩১, ফুলছড়িতে ৮, সাঘাটায় ১৫, পলাশবাড়ীতে ২২, সুন্দরগঞ্জে ১৭ এবং সাদুল্লাপুর উপজেলায় ২৮ জন রয়েছে। গত ১৫ দিনে গাইবান্ধায় ১৩২ জনের শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া যায়। করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে ৪২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ১৬৮ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৬ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ২ জন, সাদুল্লাপুরে ১ জন,পলাশবাড়ীতে ২ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

আগামীর জন্য দরকার শক্তিশালী প্রশাসন-আলী ইমাম মজুমদার

সংবাদদাতা,কুমিল্লাঃ মহামারী করোনা ভাইরাসের ফলে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবন যাত্রা। সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে বন্ধ রয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম। সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে চিন্তা আর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দল (Social Research Group) এর নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ওয়েবনারের (ওয়েব সেমিনার) ১৩ তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ‘মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের জন্য নতুন প্রতিবন্ধকতা’ নিয়ে ভার্চুয়াল আলোচনার প্লাটফর্ম জুমে, গ্রুপের উদ্যোগে (১৯ জুন) শুক্রবার সন্ধ্যা সাতটায় ওয়েবেনার, (ওয়েব সেমিনার) অনুষ্ঠিত হয়। ওই ওয়েবনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রি পরিষদ সচিব আলী ইমাম মজুমদার। তার আলোচনায় মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের প্রতিবন্ধকতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। বিশ্ববিদ্যালয়ের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায় তিনি বলেন, ‘শক্তিশালী প্রশাসন ছাড়া বাংলাদেশ সরকার আগামী দিনের প্রতিবন্ধকতা মোকাবলা করতে পারবেন না।’ ওই প্রেস বিজ্ঞপ্তির আলোচনার  তথ্য মোতাবেক (২০ জুন) রাত প্রায় সাড়ে নয় টায় ওই সাবেক মন্ত্রি পরিষদের সচিবকে বর্তমান প্রশাসনের কর্ম দক্ষতার বিবরণী কেমন ? তা জানতে চাইলে তিনি বলেন – ভালো, তবে আরও সমৃদ্ধি হলে উন্নয়নের ধারা উন্নতি করা সম্ভব। এছাড়াও উক্ত ওয়েবনারে মহামারী পরবর্তী সময়ে আমলাতন্ত্রের নতুন প্রতিবন্ধকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group)  সমন্বয়ক এবং একই বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা’র পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ

 

যুক্তরাষ্ট্রে কে হচ্ছেন জো বাইডেনের সহযাত্রী ভাইস প্রেসিডেন্ট

সংবাদদাতা,নিউইয়র্ক: মিশেল ওবামা, কমলা হ্যারিস, গ্রেচেন হোয়াইটমায়ার, ট্যামি ডাকওয়ার্থ, এলিজাবেথ ওয়ারেন, ট্যামি বল্ডউইন, ক্রিশ্চেন সিনেমা, ভ্যাল ডেমিংস, মিশেলে লুজান গ্রিশাম, স্ট্যাসি আব্রামস, কেইসা ল্যান্স বটমস, সুসান রাইস। একগুচ্ছ নাম। যুক্তরাষ্ট্রে প্রভাবশালী একগুচ্ছ নারীর নাম। এর মধ্য থেকে ভাইস প্রেসিডেন্ট পদে কাকে বেছে নেবেন ডেমোক্রেট দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী জো বাইডেন? যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই এই আলোচনা জোরালো হচ্ছে। এখানে স্মরণ করা যেতে পারে মার্চে ডেমোক্রেট দলের প্রাইমারি বিতর্কের চূড়ান্ত দিনগুলোর কথা। সেখানে জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন পেলে রানিংমেট বা ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বেছে নেবেন একজন নারীকে। এখন তার দলের মনোনয়ন নিশ্চিত। তাই তিনি কাকে ভাইস প্রেসিডেন্ট পদে বাছাই করবেন সেই আলোচনা জোরালো হয়েছে।মার্কিন সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
তার চারপাশে প্রায় এক ডজন নারীর নাম। তিনি যদি প্রতিশ্রুতি রক্ষা করেন তাহলে এটা হবে তার দলের জন্য ভাইস প্রেসিডেন্ট পদে একজন নারীকে মনোনয়ন দেয়ার তৃতীয় ঘটনা। এর চার বছর আগে প্রেসিডেন্ট পদে প্রথম নারী হিসেবে তার দল থেকে মনোনয়ন পেয়েছিলেন সাবেক ফার্স্টলেডি, পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আগামী আগস্টের শুরুর দিকে এবার প্রেসিডেন্ট নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর নাম ঘোষণার কথা জো বাইডেনের। তার আগে পর্যন্ত আলোচনায় থাকা নারীদের এক নজর দেখে নেয়া যাক।

কমলা হারিস: ভাইস প্রেসিডেন্ট পদে সামনের সারিতে সম্ভাব্য নামগুলোর মধ্যে রয়েছেন কমলা হারিস। তিনি মার্কিন সিনেটর। ক্যালিফোর্নিয়ার এটর্নি জেনারেল এবং সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট এটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রয়েছে বৈচিত্রপূর্ণ ব্যাকগ্রাউন্ড। তার মা ভারতের। পিতা জ্যামাইকার। তিনি এবার প্রেসিডেন্ট নির্বাচনে দল থেকে মনোনয়ন চেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে সরে যান।
গ্রিচেন হোয়াইমায়ার: তিনি মিশিগানের গভর্নর। কয়েক মাস আগেও তাকে নিয়ে তেমন আলোচনা ছিল না। এরপরই করোনা ভাইরাসের মহামারি আঘাত করে। তার রাজ্যে এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়ায় তিনি হয়ে ওঠেন পরিচিত মুখ। কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের সমালোচনা করতে থাকেন। নিজের রাজ্যে তিনি সামাজিক দূরত্ব এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেন। তার রাজ্য করোনা ভাইরাসের হটস্পট হয়ে ওঠায় এমন সিদ্ধান্ত নেন তিনি। এতে তার বিরুদ্ধে রক্ষণশীলরা ক্ষুব্ধ প্রতিবাদ করতে থাকে। ফলে ডেমোক্রেটদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। তার রাজ্যে সামান্য ভোটের ব্যবধানে ২০১৬ সালের নির্বাচনে ডনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হয়েছিলেন হিলারি ক্লিনটন। এই রাজ্যকে প্রেসিডেন্ট নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। ফলে জো বাইডেন যাতে আগের নির্বাচনের পুনরাবৃত্তি না ঘটে সেই চিন্তা করতে পারেন। ফলে তিনি বেছে নিতে পারেন হোয়াইটমায়ারকে।
ট্যামি ডাকওয়ার্থ: তিনি ইলিনয় থেকে নির্বাচিত একজন জুনিয়র সিনেটর। ইরাক যুদ্ধের সঙ্গে যুক্ত হয়ে গেছে তার নাম। তিনি ইরাকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার চালাচ্ছিলেন। তখন তা গুলি করে ভূপাতিত করে বিদ্রোহীরা। এতে ট্যামি ডাকওয়ার্থ তার দুটি পা-ই হারান। সে অবস্থায়ই তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন। একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে অবসরে যান। এরপর তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামার ডিপার্টমেন্ট অব ভেটেরান অ্যাফেয়ার্সে অ্যাসিসট্যান্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য ছিলেন। তারপর ২০১৬ সালে সিনেট সদস্য নির্বাচিত হন। থাইল্যান্ড বংশোদ্ভূত প্রথম মার্কিন নারী হিসেবে তিনি প্রথম মার্কি কংগ্রেসে পা রাখেন। পাশাপাশি দু’পা হারানো প্রথম নারী হিসেবে কংগ্রেসে যোগ দেন। সিনেটে দায়িত্বে থাকা অবস্থায় ২০১৮ সালে প্রথম নারী হিসেবে তিনি প্রথম সন্তান প্রসব করেন। ইলিনয় হলো ডেমোক্রেটদের নিরাপদ রাজ্য। এখানে তাকে বেছে নিতে পারেন জো বাইডেন।
এলিজাবেথ ওয়ারেন: এবার প্রেসিডেন্ট নির্বাচনে দলের মনোনয়ন লাভের ফ্রন্টরানার ছিলেন শুরুর দিকে। ২০১৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত বিভিন্ন জনমত জরিপে তিনি ছিলেন সবাইকে ছাড়িয়ে শীর্ষে। প্রথম দিকে প্রাইমারি নির্বাচন এবং জনতার সমর্থন তাকে স্বস্তিদায়ক একটি অবস্থায় নিয়ে গিয়েছিল। এরপরই তার সমর্থন কমতে থাকে। সমর্থন যেতে থাকে সিনেটর বার্নি স্যান্ডার্সের পক্ষে। উঠে আসতে থাকেন পিটি বুটিগিগ। অনেক উদারপন্থি আশা করতে থাকেন যে, তিনি স্যান্ডার্সকে অনুমোদন দিন। এক পর্যায়ে মার্চের শুরুতে তিনি নির্বাচন থেকে সরে যান। এখন তার মতো একজন ঝানু রাজনীতিককে জো বাইডেনের রানিংমেট হিসেবে দেখতে চাইতে পারেন ডেমোক্রেটরা।
ট্যামি বল্ডউইন: চার বছর আগে নির্বাচনের সময় কখনোই উইসকনসিনে নির্বাচনী প্রচারণা চালান নি বলে কড়া সমালোচনা আছে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে। এর ফলে তিনি ডেমোক্রেটিকদের নিরাপদ ঘাঁটি বলে পরিচিত এই গুরুত্বপূর্ণ রাজ্যে পরাজিত হন বলে অভিযোগ আছে। ডেমোক্রেটরা এবার সেই ভুল না করার আহ্বান জানিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন এই রাজ্য থেকে ট্যামি বল্ডউইনকে বেছে নিতে। তিনি দ্বিতীয় মেয়াদে এই রাজ্যের একজন সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ১৪ বছর এ রাজ্য থেকে প্রতিনিধি পরিষদের দায়িত্ব পালন করেছেন। তাকে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে তা হবে ঐতিহাসিক। কারণ তিনি প্রকাশ্যে একজন সমকামী। তাকে মনোনয়ন দেয়া হলে তিনি হবেন একটি বড় দল থেকে প্রথম সমকামী নারী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।
কিশ্চেন সিনেমা: তিনি অ্যারিজোনার। এই রাজ্যটি নির্বাচনে জয়ের জন্য গুরুত্বপূর্ণ। জো বাইডেন রাজনৈতিক যে উদারতা দেখিয়েছেন, অভিবাসন নিয়ে ট্রাম্পের সঙ্গে তার যে পার্থক্য, তাতে এই রাজ্যটি ডেমোক্রেটদের দিকে ঝুঁকে পড়েছে বলে মনে হয়। এক্ষেত্রে একটি কৌশল হতে পারে এই রাজ্য থেকে একজনকে ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন দেয়া। সেক্ষেত্রে ক্রিশ্চেন সিনেমা হতে পারেন উত্তম বাছাই। ২০১৮ সালে অ্যারিজোনায় প্রথম ডেমোক্রেট হিসেবে এই রাজ্যে ৩০ বছরের মধ্যে প্রথম ডেমোক্রেট হিসেবে সিনেটর নির্বাচিত হন। তিনি তরুণ, বুদ্ধিদীপ্ত, রাজনৈতিক প্রজ্ঞাময়।
ভ্যাল ডেমিংস: তিনি কংগ্রেসে ডেমোক্রেট দলের ব্যাকবেঞ্চার হিসেবে পরিচিত। গত বছরও তিনি খুব কম পরিচিত ছিলেন। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিবাসন প্রক্রিয়ায় তাকে ম্যানেজার হিসেবে বেছে নেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। ফলে সবার নজরে পড়ে যান তিনি। রাতারাতি তিনি সুপরিচিত হয়ে ওঠেন। তিনি ফ্লোরিডার অরল্যান্ডেতে সাবেক প্রলিশ প্রধান, কৃষ্ণাঙ্গ। জর্জ ফ্লয়েড হত্যাকা- নিয়ে যখন যুক্তরাষ্ট্রে উত্তাল তখন ভাইস প্রেসিডেন্ট পদে তিনি হয়তো জো বাইডেনের রাডারে ধরা পড়ে যেতে পারেন।
মিশেলে লুজান গ্রিশাম: প্রাইমারি নির্বাচনের সময় হিস্প্যানিকরা জো বাইডেনের ভোটিং ব্লকের দুর্বল জায়গা হয়ে ওঠে। ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নেভাদার মতো রাজ্যগুলোতে বার্নি স্যান্ডার্স টপকে যান জো বাইডেনকে। এই রাজ্যগুলো হয়ে উঠতে পারে নভেম্বরের নির্বাচনে ব্যাটলগ্রাউন্ড। যদি এসব রাজ্যে সমর্থন বাড়ানোর সিদ্ধান্ত নেন জো বাইডেন তাহলে তিনি বেছে নিতে পারেন নিউ মেক্সিকোর প্রথম মেয়াদের গভর্নর মিশেলে লুজান গ্রিশামকে।
স্ট্যাসি আব্রামস: আলোচনায় রয়েছেন স্ট্যাসি আব্রামস। তিনি ১০ বছর ধরে প্রতিনিধি পরিষদে জর্জিয়া থেকে প্রতিনিধিত্ব করেছেন।
কেইশা ল্যান্স বটমস: তিনি আটলান্টার মেয়র। জর্জ ফ্লয়েড মৃত্যুকে কেন্দ্র করে যখন উত্তাল চারদিক তখন তিনি সবকিছু ম্যানেজ করেছেন সমতা ভিত্তিতে।
সুসান রাইস: বিস্ময়করভাবে এই তালিকায় স্থান পেয়েছে সুসান রাইসের নাম। তিনি নির্বাচিত কোনো পদে দায়িত্ব পালন করেন নি। এমনকি কোনো সাধারণ প্রচারণার অভিজ্ঞতা নেই তার। তুলনামুলকভাবে তিনি মার্কিনিদের কাছে কম পরিচিত। তার পরিচয় তিনি একজন কূটনীতিক। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে তিনি দায়িত্ব পালন করেছেন। প্রথমে জাতীয় নিরাপত্তা উপদেষ্ট পড়ে। পরে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে। তাকে বেছে নিলে পররাষ্ট্র নীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন।
মিশেল ওবামা: সাবেক ফার্স্টলেডি। তার প্রতি মার্কিন জনগণের বিপুল সমর্থন ও ভালবাসা আছে। তিনি বিশ্বজুড়ে একটি স্বীকৃতি মানুষ। তাকে বাছাই করা হলে, জো বাইডেনের চেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করতে পারেন।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুন’২০/এসএএইচ