আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2560

নোয়াখালীতে করোনায় পুলিশসহ নতুন আক্রান্ত ৬৬, মোট ১৯৭১

সংবাদদাতা,নোয়াখালীঃ নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৬ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ সদস্য, ব্যাংক কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯৭১ জনে। শনিবার (২৭ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সদরে ১১ জন, সুবর্ণচরে ১৯ জন, হাতিয়ায় একজন, বেগমগঞ্জে ১৩ জন, সোনাইমুড়ীতে একজন, চাটখিলে ৯জন, সেনবাগে ৩জন, কোম্পানীগঞ্জে ৯জন এবং কবিরহাট উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত এক হাজার ৯৭১, যার মধ্যে সুস্থ হয়েছেন ৮১৩ ও আইসোলেশনে রয়েছেন এক হাজার ১১৬ জন। কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে ভর্তি আছেন ৩৯ জন।সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়েলা সুলতানা ঝুমা বলেন, উপজেলায় নতুন করে আক্রান্তদের মধ্যে নয়জন পুলিশ সদস্য, দুজন ব্যাংক কর্মকর্তা ও দুজন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন। আক্রান্তদের শারীরিক অবস্থার প্রেক্ষিতে আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

 

সিংড়ায় ধর্মীয় প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, জায়গা দখল এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সংবাদদাতা,নাটোরঃ নাটোরের সিংড়ার ইটালী ইউনিয়নের বুড়ি কদমা গ্রামের মোস্তফা ও আঃ মান্নান কর্তৃক ধর্মীও প্রতিষ্ঠানের জায়গা দখল,টাকা আত্নসাৎ ও মিথ্যা মামলায় সাধারন মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছে বুড়ি কদমা গ্রামের এলাকাবাসী। শনিবার (২৭ জুন) দুপুরে বুড়ি কদমা গ্রামের রাস্তার দুই পাশে অনুষ্ঠিত দুই শতাধিক নারী পুরুষ এই মানববন্ধন কর্মসুচীতে অংশগ্রহণ করেন। এসময় বক্তব্যদেন ওই গ্রামের মসজিদ কমিটির সভাপতি হামিদুল ইসলাম, ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, কবরস্থান কমিটির সাধারন সম্পাদক আনছার আলী, মামলার ভুক্তভোগী রনি মন্ডলের স্ত্রী ছাবিনা খাতুনসহ অনেকেই। বক্তারা বলেন, আমাদের এই ছোট গ্রাম মান্নান মোস্তফার নেতৃত্বে চলত। কিন্তু তাদের নানান অনিয়ম দুর্নীতির কারণে পুরো গ্রামের সাধারন মানুষ আজ তাদের দুর্নীতির বিপক্ষে অবস্থান নিয়েছে। গ্রামের মসজিদের ক্যাশিয়ারের দায়িত্বে থাকা আঃ মান্নান মসজিদের টাকা আত্নসাৎ করেছে তার হিসাব চাইলে দেয়না। মসজিদের কাজে ব্যবহার করা রং নিয়ে নিজের বাড়ির কাজে লাগিয়েছে। গ্রামের ঈদগাহ মাঠ, মসজিদ ও কবরস্থানের জায়গা জমিদারের ২নং খাস হওয়ায় নিজের নামে পত্তন দলিল করে দখল করেছে ওই আঃ মান্নান ও গোলাম মোস্তফা। বক্তারা আরও বলেন, ৮ মাস আগে সিংড়া থানায় এক বৈঠকে ৭৫ হাজার টাকার বিনিময়ে ঈদগাহের জায়গা ছেড়ে দেন আঃ মান্নান ও গোলাম মোস্তফা। কিন্তু এখন পুনরায় তারা ওই জায়গার দলিল আছে দাবি করে ভোগ দখলের চেষ্টায় গ্রামের সাধারন মানুষকে হুমকি দিচ্ছে। তাদের এসব দুর্নীতির বিষয়ে প্রতিবাদ করায় গ্রামের নিরোহ যুবক রনি মন্ডল, হাবিল, হামিদুল ও উজ্জলকে আসামী করে মিথ্যা মামলায় হয়রানি করছে। এই মামলায় ২ জন জামিন পেলেও রনি মন্ডল এখনও জেলহাজতে বন্ধী। মামলার ভুক্তভোগী আসামী রনি মন্ডলের স্ত্রী ছাবিনা খাতুন বলেন, আমার স্বামী গ্রামের পক্ষেথেকে ধর্মীও জায়গা দখলের প্রতিবাদ করায় মামলার আসামী হয়ে এখনও হাজত খাটছে। এতে আমরা হয়রানির শিকার হচ্ছি। বক্তব্য শেষে ভুমিদস্যু গোলাম মোস্তফা ও মান্নানের কবল থেকে গ্রামের ধর্মীও জায়গা উদ্ধারসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে গ্রামবাসী। এবিষয়ে জানতে জানতে চাইলে আঃ মান্নান বলেন, আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/এসএএইচ

 

গোমস্তাপুরে পানিতে ডুবে একজনের মৃত্যু

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ (১৩) নামে যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়েনের ভিটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড  ইউপি সদস্য তোরিকুল ইসলাম জানান, শনিবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়েনের ভিটাবাড়ি গ্রামের শফিকুল ইসলাম পিনুর ছেলে আকাশ পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানান । বিকেলে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে বলে ওই ইউপি সদস্য জানান।
আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/জেডএন

কলাপাড়ায় এক মাদক ব্যবসায়ীকে আটক করলো পুলিশ

সংবাদদাতা, কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ ইব্রাহিম প্যাদা (৩৮) নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামের তার নিজ বাড়ীর সামনে থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মহিপুর থানার এসআই মো: মনির হোসেন জানান, আটককৃত ইব্রাহিম প্যাদা একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/জেডএন

ডিইউজের অ্যাম্বুলেন্স সেবা চালু করোনায় আক্রান্ত ও উপসর্গবাহী সদস্যদের জন্য

::নিজস্ব প্রতিবেদক::

করোনায় আক্রান্ত ও উপসর্গবাহী সদস্যদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে। শনিবার (২৭ জুন) ইউনিয়ন  প্রাঙ্গনে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সেবা কার্যক্রম শুরু হয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমানো সম্ভব। আমাদেরও স্বাস্থ্যবিধি মেনে প্রাদুর্ভাব থেকে বেরিয়ে আসতে হবে। সচেতনতার বিষয়টি গুরুত্ব দিতে হবে। করোনাভাইরাসের মহামারিতে পৃথিবীর অনেক উন্নত দেশ অসহায়ত্ব প্রকাশ করেছে। অথচ আমাদের দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্বেও সরকার সাহসিকতার সাথে এই করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছে ।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘করোনা পরিস্থিতিতে মুখরোচক সমালোচনা করে আজকে বাংলাদেশের মানুষকে আতঙ্কিত না করে সঠিক রাস্তায় আমাদের হাঁটতে হবে এবং সরকার যে ব্যবস্থাগুলো নিচ্ছে সেই ব্যবস্থার কোন জায়গায় ত্রুটি আছে, সেই জায়গাগুলো ধরিয়ে দেওয়ার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
করোনাকালীন গণমাধ্যম কর্মীদের ছাঁটাই বন্ধ করার জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরে শেখ হাসিনা ছাড়া এমন গণমাধ্যম বান্ধব নেতা আর আছে বলে আমার মনে হয় না। শেখ হাসিনা সাংবাদিকদের কথা যেভাবে চিন্তা করেন, সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করেন। করোনাভাইরাসের এই মহামারীতে তিনি গণমাধ্যম কর্মীদের জন্য প্রণোদনার আওতায় নিয়ে এসেছেন। গত দুই মাস যাবত সরকার এই কর্মহীন মানুষদের পাশে থেকেছেন। অনেকেই অনেক ধরণের আশঙ্কা করেছিলেন, যে এখানে বিভিন্ন ধরনের সামাজিক অস্থিরতা সৃষ্টি হবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সংবাদ পরিবেশন করে যাচ্ছেন এই দুই মাসে এমন একটি সংবাদও প্রকাশ হয়নি, যে সংবাদে সামাজিক অস্থিরতা বাড়বে।’
তিনি বলেন, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য গণমাধ্যম একটি স্তম্ভ। এটাকে দুর্বল করে বাংলাদেশে কখনও উন্নয়ন এবং অগ্রগতি হতে পারে না, এগিয়ে যেতে পারে না। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতি গণমাধ্যম তুলে ধরেছে বলেই সমগ্র পৃথিবীতে প্রশংসা হচ্ছে। কাজেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গণমাধ্যমের পাশে আছেন এবং থাকবেন।’
ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক বাদল মাদবর এসময় বক্তব্য রাখেন।

মানিকগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২৮, মোট আক্রান্ত ৫৫৫ এবং সুস্থ হয়েছে ৩৯৬

প্রতিনিধি,মানিকগঞ্জঃ মানিকগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭ স্বাস্থ্যকর্মীসহ আরও ২৮ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে। এদের মধ্যে সুস্থ হয়েছে ৩৯৬ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। বাকি ১৫৪ জনের মধ্যে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৫ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ৩ জন। এছাড়াও আক্রান্ত ১৪১ জন নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। শনিবার (২৭ জুন) দুপুর ১২টার দিকে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বিষয়টি নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ৯ জন, সিংগাইরে ৪ জন, সাটুরিয়ায় ২ জন, হরিরামপুরে ৬ জন, দৌলতপুরে একজন এবং ঘিওর ও শিবালয়ে ৩ জন করে আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন জানান, মানিকগঞ্জে এ পর্যন্ত ৫ হাজার ৭৭৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা ঢাকার বিভিন্ন ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৫ হাজার ৩১৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এতে জেলায় ৫৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে ৩৯৬ জনই সুস্থ হয়েছেন। আক্রান্ত অবশিষ্ট ১৫৯ জনের মধ্যে ১৫ জন জেলা হাসপাতালে এবং তিনজনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

 

 

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ২০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন জিএম সিরাজ এমপি

সংবাদদাতা, বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনাভাইরাস আইসোলেশন কেন্দ্রে চিকিৎিসা সেবার মান বৃদ্ধির লক্ষে ২০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করলেন বগুড়া-৬ সদর আসনের জাতীয় সংসদ সদস্য বগুড়া জেলা বিএনপির আহবায়ক গোলাম মোহাম্মদ সিরাজ।
জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে জেলা বিএনপি আহবায়ক, সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ এর নিজস্ব উদ্যোগে শনিবার বিকেল ৪টায় বগুড়া সিভিল সার্জন অফিসে ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান (তুহীন) এর নিকট বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ২০টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের টলিসহ বেশ কিছু অক্সিজেন সামগ্রী প্রদান করেন।

ডক্টরস এসোসিয়েশন অব বগুড়া (ড্যাব) বগুড়া জেলা শাখার আহবায়ক অধ্যাপক ডা: শাহ মো: শাহাজাহান আলী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে এর আগে বগুড়া করোনা আইসোলেশন কেন্দ্রে ৫০০ পিপিই প্রদান করা হয়েছিল। আজ ২০ টি অক্সিজেন সিলিন্ডারসহ অক্সিজেন সমগ্রী প্রদান করা হলো। প্রয়োজনে করোনা রোগীদের সুবিধার্থে আরও সহযোগিতার আশ্বস দিয়েছেন এমপি জিএম সিরাজ।
এসময় উপস্থিত ছিলেন ড্যাব নেতা অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিক, ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আজফারুল হাবিব রোজ, মোহাম্মাদ আলী হাসপাতাল এর তত্ত্বাবধায়ক ডা: এটিএম নুরুজ্জামান সঞ্জয়, এমপির পিএস আব্দুল আজিজ প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/জেডএন

গণমাধ্যমে অশনি সঙ্কেত, ডিইউজের হুশিয়ারি

::নিজস্ব প্রতিবেদক::
করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই,, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি ও বেআইনী ভাবে বেতন হ্রাসের পায়তারা চালানোই কঠোর হুশিয়ারি দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এসব বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কথাও জানানো হয়েছে।
ঢাকার সংবাদমাধ্যমে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু।
শুক্রবার (২৬ জুন) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘করোনা পরিস্থিতির দোহাই দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি প্রদান, বেতন হ্রাস, ঠিকা (চুক্তিভিত্তিক) সাংবাদিক নিয়োগের যে অনৈতিক আগুনে পা রাখছে, তাতে শুধু সংবাদমাধ্যমেই নয়, গোটা সমাজে অস্থিরতা ছড়িয়ে দেওয়া হবে।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘জীবিকা ধ্বংসের এ হীন ষড়যন্ত্র মূলত সমাজের অস্থিরতা তৈরির অপকৌশল। শিল্পে ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিকেই নিতে হবে। জীবিকা রক্ষার প্রয়োজনে রক্ত দিয়ে হলেও দাবি আদায়ে আরও কঠিন শপথ নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা।’
ডিইউজে নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের চাকুরি সুরক্ষাসহ গণমাধ্যম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। অবিলম্বে সরকারের নেতৃত্বে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানান ডিইউজে নেতারা।
ডিইউজে নেতারা হুসিয়ারি দিয়ে বলেন, ‘গণমাধ্যম মালিকেরা তাদের হীন পাঁয়তারা অবিলম্বে বন্ধ না করলে প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে অল্প সময়ের মধ্যে কঠিন কর্মসূচির ডাক দেওয়া হবে। যা কারো জন্যই মঙ্গল বয়ে আনবে না।’
বিবৃতিতে বলা হয়, কোনও ধরনের ঘোষণা ছাড়া দ্যা ইন্ডিপেন্ডেন্টসহ কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে। কালের কণ্ঠে গণছাটাই চলছে, নিউ নেশান, এশিয়ান এইজ, মানবজমিন পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই, বাধ্যতামূলক ছুটি পাঁয়তারা চলছে।

ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, গাইবান্ধায় ২০টি গ্রাম প্লাবিত

সংবাদদাতা,গাইবান্ধাঃ উজান থেকে নেমে আসা ঢলে গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে ৷ এতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুর ১২টায় গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমা অতিক্রমের ফলে নতুন নতুন গ্রাম প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে। ব্রহ্মপুত্র নদবেষ্টিত নিম্নাঞ্চল ফুলছড়ি উপজেলার গজারিয়া, খাটিয়ামারী, ইউনিয়নের বেশিরভাগ এলাকা ও যমুনা নদীবেষ্টিত সাঘাটা উপজেলার হলদিয়া, পালপাড়া, চিনিরপটল, চকপাড়া, পবনতাইড়, থৈকরপাড়া, বাশহাটা, মুন্সিরহাট, গোবিন্দি, নলছিয়াসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও সুন্দরগঞ্জ উপজেলার চণ্ডিপুর, কাপাসিয়া, তারাপুর, বেলকা, হরিপুর ও শ্রীপুর গ্রামে পানি ঢুকতে শুরু করেছে । তিস্তা ও ঘাঘট নদীবেষ্টিত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ২০টি গ্রাম প্লাবিত হয়েছে ৷ পানির স্রোতে বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। তাই এলাকার লোকজনের মাঝে বন্যা ও নদী ভাঙ্গন আতঙ্ক বিরাজ করছে। বসতবাড়িতে বন্যার পানি ওঠায় গবাদিপশু নিয়ে অনেকে বিপাকে পড়েছেন। তবে পানিবন্দি পরিবারের সংখ্যা বা তথ্য এখনও জেলা বা উপজেলা প্রশাসনের পক্ষথেকে জানানো হয়নি ৷ফুলছড়ির উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহাতাব উদ্দিন জানান, পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে অনেক মানুষ। পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে গত কয়েকদিনের ভাঙনে উড়িয়া ইউনিয়নের উত্তর উড়িয়া ও কাবিলপুর এলাকার ৪৬টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, গাইবান্ধায় ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি গত ১২ ঘণ্টায় ২৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ঘাঘট নদীর পানি শহর পয়েন্টে ১২ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, ঘাঘট ও যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে৷

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’ ২০/এসএএইচ

বন্যার পানিতে নদীর বাঁধ ভেঙ্গে যাওয়ায় দিনাজপুর ঘুঘুডাঙ্গায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

পিসি দাস, দিনাজপুর : দিনাজপুর সদরে ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পশ্চিম উত্তর কোণে ২০১৭ সালের আগস্টের বন্যায় নদীর বাঁধ আংশিক ভেঙ্গে যায়। বন্যার পানি মাঠের ভিতর দিয়ে ঘুঘুডাঙ্গাসহ আশেপাশের গ্রামে প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ি, গবাদিপশু, দোকানপাট, ক্ষেতের মৌসুমী ফসলসহ গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানসহ গ্রামবাসী ভেঙ্গে যাওয়া বাঁধ দ্রুত সংস্কারের জন্য দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবরে বারবার আবেদন করেও সুফল হয়নি। ২২ আগস্ট’১৭ তারিখে ৬নং আউলিয়াপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবরে বন্যা কবলিত বাঁধ নির্মাণের স্বার্থে আর্থিক অনুদানের জন্য আবেদন করেও সুরাহ হয়নি।

অবশেষে দিনাজপুর ৩ আসনের সংসদ সদস্য হুইপ ইকবালুর রহিম এমপি পরিদর্শনে এসে ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কার করার আশ্বাস দেন। কিন্তু বাঁধের সংস্কার অদ্যাবধি করা হয়নি। চলতি অর্থ বছরে জুন মাসে অতি বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে নদী ভরে গেলে ভেঙ্গে যাওয়া বাঁধের পানি স্কুল মাঠ দিয়ে গ্রামে প্রবেশ করেছে। নদীর পানি বৃদ্ধি হওয়ায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন বাবলু সাংবাদিকদের জানান, ভেঙ্গে যাওয়া বাঁধ সংস্কারের বিষয়ে নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, দিনাজপুর বরাবরে একাধিকবার আবেদন করেছি এবং নিয়মিত অফিসের সাথে যোগাযোগ করেও সুরাহা হয়নি। ইউনিয়ন পরিষদে আবেদন দিয়েও সুফল পাইনি। দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: ফইজুর রহমানের কাছে মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাঁধটি ১৯৯২ সাল পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের আওতায় ছিলো। বর্তমানে বাঁধটি আমাদের আওতায় না থাকার করণে সংস্কার করা যাচ্ছে না। তবে বাঁধটি সংস্কারের ব্যাপারে ইউপি চেয়ারম্যান কাবিখা ও কাবিটা প্রজেক্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে পারে। অত্র ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম জানান, বাঁধটি সংস্কারের জন্য পানি উন্নয়ন বোর্ড অফিস থেকে ৩০ হাজার টাকা দিতে চেয়েছিল কিন্তু আমরা গ্রহণ করিনি। নদীর পানি বৃদ্ধি পেলে বাঁধ ভেঙ্গে যাওয়ায় পানি ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠের ভিতর দিয়ে পাড়া মহল­ায় ঢুকে পড়ছে। এতে বাসা বাড়ী, গবাদি পশু, মৌসুমী ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। অতি দ্রুত এ বাঁধ সংস্কারের ব্যবস্থা করা না হলে বন্যা প্রকট আকার ধারণ করে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে। এ ব্যাপারে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুন’২০/জেডএন