আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2556

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ৩১১৪

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯)  ভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ হাজার ৯৬৮ জনে। একই সময়ে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১১৪ জন। ফলে ভাইরাটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। শুক্রবার (৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ১৭ হাজার ৩৪৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১১৪ জন। ফলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ১ হাজার ৯৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৮ হাজার ৪৮ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৪২ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২১ থেকে ৩০ বছরের ৩ জন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ৫ জন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব ৭ জন ও ৮০ বছরের বেশি বয়সী ৩ জন রয়েছেন। ১৮ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ৩ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ৪ জন রংপুর বিভাগের, ৩ জন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৩১ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে এবং ১১ জনের মৃত্যু হয়েছে বাসায়।

 

আলোকিত প্রতিদিন/৩ জুলাই’২০/এসএএইচ

 

করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে আইডিয়া’র ‘ইমিউনিটি পিঠা’

::প্রতিনিধি, যশোর::
যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া’র কর্মীরা করোনাকালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে তৈরি করেছেন ‘ইমিউনিটি পিঠা’। পুষ্টিবিদদের পরামর্শে আইডিয়ার কর্মীরা পরিশ্রম আর গবেষণার মাধ্যমে এই পিঠা’র রেসিপি তৈরি করেছেন। যাতে ডুমুর, কালোজিরা, আদা, অলিভ অয়েল, চিকেন মিটসহ ১২টি ঔষধি মসলার সমন্বয় রয়েছে। পুষ্টিবিদরাও এটিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে উল্লেখ করেছেন।
আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে। বর্তমান বাস্তবতা হচ্ছে, এর কোনো ওষুধ বা ভ্যাক্সিন নেই। কাজেই ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ছাড়া অন্য কোনো বিকল্প নেই। এ কারণেই আইডিয়ার কর্মীরা পুষ্টি বিশেষজ্ঞদের পরামর্শে এই পিঠা তৈরি করেছে। ইমিউনিটি পিঠার উপাদানসমূহের মধ্যে রয়েছে-ডুমুর, কালোজিরা, আদা, রসুন, এলাচ, মেথি, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি, আমলকি, তুলসি পাতা ও সজিনার পাতা ও এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল। যার সবগুলাই আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বহুবিধ উপকার সাধন করে।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের প্রভাষক শুভাশীষ দাস শুভ বলেন, প্রাচীনকাল থেকেই প্রমাণিত যে নিয়মিত শরীর চর্চা ও সাধারণ সুষম খাবারের পাশাপাশি কিছু মশলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে শুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে থাকে। যেমন কালোজিরা, আদা, রসুন, হলুদ, লবঙ্গ, গোলমরিচ। এছাড়াও ডুমুর, আমলকি, তুলসি পাতা ও সজিনার পাতা এই ব্যপারে শুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইডিয়া পিঠা পার্ক উদ্ভাবিত ইমিউনিটি পিঠা এই জায়গাতেই কাজ করেছে।
যশোর ল্যাব এইড’র নিউট্রিশন ও ডায়েট কনসালটেন্ট পুষ্টিবিদ মো. মো. শাহারিয়া করিম জসি বলেন, কোভিড-১৯ এ সবচেয়ে বেশি সমস্যা শ্বাসকষ্টে। কালিজিরা শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমায়। ক্ষতিকর জীবাণু নিধন থেকে শুরু করে শরীরের কোষ ও কলার বৃদ্ধিতে সহায়তা করে। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে দৈনিক ৫ গ্রাম মেথি, ১-১.৫ গ্রাম দারুচিনি, ২-৫ গ্রাম কাচা রসুন, ২-৩ গ্রাম আদা খাওয়া উচিত। এ সকল মশলায় রয়েছে বিভিন্ন প্রকার antioxidants যেমন; কালোজিরায় আছে Phenolic amides, Flavonoids, আদায় আছে Gingerol, লবঙ্গে রয়েছে Eugenol যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে খুবই গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করে। পাশাপাশি এই সকল উপাদান সামগ্রিকভাবে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চরক্তচাপ তথা Lifestyle Disease নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। আইডিয়া পিঠা পার্ক কর্তৃক উদ্ভাবিত, আয়ুর্বেদিক উপাদান ও বিভিন্ন মশলার সমন্বয়ে সাস্থ্যসম্মতভাবে তৈরী এই পিঠা সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
এ ব্যাপারে আইডিয়া পিঠা পার্কের সমন্বয়ক সোমা খান বলেন, পিঠা পার্ক উদ্ভাবিত ইমিউনিটি পিঠা’য় ব্যবহৃত উপাদানসমূহ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে যে বিস্ময়কর ভূমিকা রাখে তা অতীতেও বিভিন্ন গবেষণায় প্রমাণিত হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি আইডিয়া ইমিউনিটি পিঠা খাদ্য হিসেবে গ্রহণে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অনেক বৃদ্ধি পাবে যা করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সহায়ক হবে। আইডিয়া পিঠা পার্কের পেজে (https://www.facebook.com/ideapithapark/) এ সম্পর্কে আরও জানতে পারবেন।
সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন আরও জানান, আমাদের পূর্ব পুরুষদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন ছিলো, সে তুলনায় আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম। কারণ তারা ছিলেন পরিশ্রমী এবং প্রাকৃতিক খাদ্যাভ্যাসে অভ্যস্ত ছিলেন। ইমিউনিটি পিঠার সকল উপাদানই প্রাকৃতিক। সকল ধর্ম গ্রন্থেই এই পিঠায় ব্যবহৃত উপাদান সম্পর্কে ইঙ্গিত দেওয়া আছে। বাস্তবিক এই প্রেক্ষাপটেই ইমিউনিটি পিঠার চিন্তা মাথায় আসে।
তিনি উল্লেখ করেন, শুধু পিঠাই নয়; আইডিয়া বিভিন্ন সামাজিক কর্মতৎপরতা নিয়ে মানুষের পাশে রয়েছে। করোনার শুরুতে মাস জুড়ে ৩৯২টি পরিবারকে সবধরণের সহযোগিতা করেছে। এছাড়া প্রতিবছর ঈদে শিশুদের বস্ত্র প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র প্রদান গৃহহীনদের গৃহ নির্মাণ, বাড়িতে বাড়িতে গাছ লাগানোসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে থাকে।

সরকার ধীরে ধীরে কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বের হয়ে আসবে-প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

সংবাদদাতা,কুমিল্লাঃ সরকার ধীরে ধীরে  কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে বের হয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি)। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group) নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় বুধবার (১ জুলাই) রাত ৯টায় ১৬তম ওয়েবনারের সেমিনারে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দলের নিয়মিত ওই ওয়েবনারে ‘বাংলাদেশের জ্বালানী খাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি)। ওয়েবনার আলোচনায় তিনি বলেন, আমাদের মত দেশে যেখানে প্রাকৃতিক সম্পদ কম সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিক্সড ফুয়েলে যাওয়া উত্তম। তিনি আরও বলেন আমাদের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যানের প্রাক্কলন অনুযায়ী আগামী ২০৪১ সালে দেশের বিদ্যুতের চাহিদা হবে ৬০ হাজার থেকে ৭০ হাজার মেগাওয়াট। এজন্য আমরা হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিদ্যুৎ-এর ব্যবহার যতবেশি বৃদ্ধি পাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে আমরা ততো ভালো অবস্থায় থাকবো, এজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকার দূর্গমচর, পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেলে বিদ্যুতের ব্যবস্থা করবে এবং বাকী অঞ্চলে বিদ্যুৎ লাইন পৌঁছে যাবে বলে অভিমত দিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিওকর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশনেন। উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

 

টেকনাফে ১৩ হাজার ইয়াবাসহ আটক ১

সংবাদদাতা,টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে এই করোনা মহামারিতেও প্রতিদিন হাজার হাজার ইয়াবা জব্দ করছে আইনশৃঙ্খলা বাহিনী।মাদকপাচারকারীরা আইনের আওতায় আসলেও প্রকৃত ইয়াবা ব্যবসায়ীরা এখনো ধরাছোঁয়ার বাহিরেই রয়েছে। এবার কোস্টগার্ড জওয়ানেরা মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে। বুধবার (১ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানীবীচ সংলগ্ন মেরিন ড্রাইভে সন্দেহভাজন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো: রফিকের ছেলে মো: ইব্রাহীম (২০) কে আটক করে। কোস্টগার্ড সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাত ৯টার দিকে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ বিসিজি ষ্টেশনের জওয়ানেরা ইনানী বীচ সংলগ্ন মেরিন ড্রাইভে সন্দেহভাজন হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মো: রফিকের ছেলে মো:ইব্রাহীম (২০) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ১৩ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

 

কালীগন্জের রেডজোনে করোনা উপসর্গে আরও একজনের মৃত্যু

সংবাদদাতা,কালীগঞ্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জের রেডজোন এলাকায় আজও একজনের মৃত্যু হয়েছে । নিহত আরমান মিয়া (৬৫) কালিগন্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের চৌড়া গ্রামের মৃত সুরত আলীর ছেলে । গত কয়েকদিন যাবৎ ঠান্ডা, জ্বর, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন । আজ বৃহস্পতিবার (২ জুলাই) ভোরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় । এনিয়ে কালীগন্জের রেডজোন ঘোষণারপর এলাকায় এপর্যন্ত তিনজনের মৃত্যু হলো। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ছাদেকুর রহমান আকন্দ জানান, নিহতের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতোমধ্যেই রেডজোন ঘোষণা করা হয়েছে । ১২ জুন থেকে শুধুমাত্র কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে লকডাউন কার্যকর রয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাককর্মীরা রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

 

ফরিদপুরের মধুখালীতে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৫

সংবাদদাতা,ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই কৃষকের নাম সিদ্দিকুর রহমান মোল্লা (৬৩)। তিনি ওই গ্রামের মৃত আদিলউদ্দিন মোল্লার ছেলে। নিহতের বুকের ডান পাশে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এ ঘটনায় আহতরা হলেন মনিরুল ইসলাম (২৫), হানিফ মোল্লা (২৫), কামরুল মোল্লা (৪০), সাহা শেখ (৫০) এবং কুদ্দুস শেখ (৩৫)। আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, কোড়কদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্তর সাথে গত ইউপি নির্বাচনে চেয়ারম্যানপদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাবেক ইউপি সদস্য মোঃ আহমেদ আলীর বিরোধ চলে আসছিলো। এর পাশাপাশি আহমেদ আলীর ওই এলাকায় তার কিছু জমি বিক্রি করে ক্রেতাদের কাছ থেকে টাকা নিলেও জমি বুঝিয়ে না দেওয়ায় এলাকাবাসী কয়েকজনের সাথে তাঁর সম্পর্ক ভালো যাচ্ছিল না। তারা পরবর্তিতে ইউপি চেয়ারম্যানের সাথে যোগ দেন। এ ঘটনা নিয়ে প্রায়ই দুইপক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে আসছিলো। ২০১৭ সালে আহমেদ পক্ষ প্রতিপক্ষের বেশ কিছু বাড়ি ভাংচুর করে। এর প্রতিবাদে মুকুল চেয়ারম্যান পক্ষ আহমেদের নির্মাণাধীন একটি পাকা দালান ভাংচুর করে এবং ছাদে কয়েকটি ছিদ্র করে দেয়। এরপর থেকে আহমেদ এলাকা ছেড়ে মধুখালী উপজেলা সদরে বসবাস করতেন। মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন নিহত সিদ্দিকুরের ছেলে আহত কামরুল জানান, তিনি ভোরে মাগুরা বাজারে মরিচ বিক্রি করতে যান। মরিচ বিক্রি করে বাড়িতে ফিরে সকাল সাড়ে ৯টার দিকে ভাত খাচ্ছিলেন। এমন সময় আহমেদের ৩০/৪০ জন সমর্থক রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তিনি যেতে অস্বীকার করলে রামদা দিয়ে কোপ দেন। তখন তার বাবা সিদ্দিকুর ও প্রতিবেশী কয়েকজন তাকে বাঁচাতে এলে তারা সকলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। এর মধ্যে সিদ্দিকুরের বুকের ডান পাশে রাম দায়ের কোপ লাগে। পরে এলাকাবাসী সিদ্দিকুরসহ আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল সাড়ে ১০টার দিকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. কবির সর্দার সিদ্দিকুরকে মৃত বলে ঘোষণা করেন। কোড়কদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন বলেন, জায়গা জমি নিয়ে বিরোধের জেরে আহমেদের সমর্থকরা সিদ্দিকুরকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে এবং তার ছেলেসহ তিনজনকে আহত করে। অভিযোগ প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য ও গত নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত আহমেদ আলী বলেন, তিনি এলাকায় নেই। বৃহস্পতিবার সকালে কাটাখালী এলাকায় সংঘর্ষ হয়েছে এবং একজন মারা গেছেন বলে তিনি জেনেছেন। তবে তিনি বলেন, জানতে পেরেছি এলাকায় ইউপি চেয়ারম্যান মুকুলের দুই দল সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, কোড়কদীর কাটাখালীতে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে ।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

 

পদ্মায় তীব্র স্রোত,পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত

প্রতিনিধি,মানিকগঞ্জঃ পদ্মায় পানি বৃদ্ধি ও মাঝ নদীতে তীব্র স্রোতের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরির প্রতিটি ট্রিপে আগের চেয়ে প্রায় দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। আর এতে করে নদীর পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়তে হচ্ছে পণ্যবাহী ট্রাকগুলোকে। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টার দিকে দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মোঃ মাহবুব হোসেন জানান, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বেড়েছে স্রোত। ফলে আগের তুলনায় ফেরিগুলোকে নদী পার হতে দ্বিগুণ সময় লাগছে। নদী পারের অপেক্ষায় সিরিয়ালে শতাধিক ট্রাক আটকে রয়েছে। তিনি বলেন, বর্তমানে এ রুটে ছোট বড় ১৪ টি ফেরি চলাচল করছে এবং দৌলতদিয়া প্রান্তে ৪ টি ঘাট সচল রয়েছে। পানি বৃদ্ধির কারণে প্রতিটি ঘাট এখন হাই ওয়াটার লেভেলে ওঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি, এখনো পানিবন্দি লক্ষাধিক মানুষ

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। গত ৩ দিনে নদ-নদীর পানি বাড়েনি। একই সঙ্গে ধীরগতিতে কমছে পানি। তবে পানি কমলেও এখনো ঘরে ফিরতে পারেনি বিভিন্ন বাঁধ ও শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নেয়া মানুষ। ২ জুলাই বৃহস্পতিবার গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোলরুম থেকে জানানো হয়, সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে ৭৩ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি বিপদসীমার ৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত (১ জুলাই) বুধবার সকাল ৯টায় ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়িঘাট পয়েন্টে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ও ঘাঘট নদীর পানি ৫০ সেন্টিমিটার বিপদসীমার উপরে ছিল। বন্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে ৫০৪ পুকুরের দুই কোটি টাকা মূল্যের মাছ। একই সঙ্গে সাড়ে ৩ হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবে গেছে। এছাড়া নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা। নদ-নদীর পানি কমলেও বসতবাড়িগুলোতে এখনো হাঁটু পানি জমে রয়েছে। এ কারণে আশ্রিত মানুষেরা এখনো ঘরে ফিরতে পারেনি। তারা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে। টয়লেট সমস্যাসহ বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে। গবাদিপশু নিয়েও বিপাকে পড়েছে বন্যা দুর্গতরা। ভাষারপাড়া বাঁধে আশ্রিত আজাহার আলী বলেন, বন্যার পানিতে ঘরবাড়ি ও ফসলি জমি পানির নীচে রয়েছে। গত ৭ দিন ধরে বাঁধে আশ্রয় নিলেও কেউ সহায়তার হাত বাড়ায়নি। গাইবান্ধা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম ইদ্রিস আলী বলেন, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রয়েছে।  ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে বন্যা কবলিত মানুষদের মাঝে সহায়তা পৌঁছানো হবে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ

 

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় ৩৮ জনের মৃত্যু ,নতুন শনাক্ত ৪০১৯

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যুবরণ করলেন ১ হাজার ৯২৬ জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৪ হাজার ১৯ জন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন একটিসহ মোট ৭০টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলেন, করোনা (কভিড-১৯) ভাইরাস শনাক্তে দেশে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় পূর্বের কিছু মিলিয়ে ১৮ হাজার ৩৬২টি।  ফলে এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ দুই হাজার ৬৫৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ১৯ জন। ফলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেছেন ৩৮ জন। দেশে এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯২৬ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৩৩২ জন। এতে করে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৬ হাজার ৪৪০ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৩৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ এবং নারী ৬ জন। এদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ৮ জন, সত্তরোর্ধ্ব ৭ জন, ৮০ বছরের বেশি বয়সী দুজন। তাদের ১১ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের, ৫ জন খুলনা বিভাগে, একজন রংপুর বিভাগের, ২ জন সিলেট বিভাগের এবং ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৩৩ জন মৃত্যুবরণ করেছেন হাসপাতালে এবং ৫ জনের মৃত্যু হয়েছে বাসায়।

 

আলোকিত প্রতিদিন/২ জুন’২০/এসএএইচ

 

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের রেকর্ড, একদিনেই ৫০ হাজারের বেশি আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে একদিনে আক্রান্তের সংখ্যায় পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৫০ হাজার ২০৩ জন। এখন পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২৬ লাখ ৮৫ হাজার ৮০৬ জন। এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২৭ লাখ ৭৯ হাজার ৯৫৩ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১ লাখ ৩০ হাজার ৭৯৮ জন। দেশটিতে এর মধ্যেই সুস্থ হয়েছেন ১১ লাখ ৬৪ হাজার ৬৮০ জন। তবে করোনার অ্যাক্টিভ কেস ১৪ লাখ ৮৪ হাজার ৪৭৫। গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি শনাক্ত হয়। এখন পর্যন্ত করোনা ভাইরাসের হানায় সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। অন্য কোনো দেশ আক্রান্ত ও মৃত্যুতে যুক্তরাষ্ট্রের ধারে-কাছেও নেই। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। তবে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এছাড়া আরও বেশ কিছু অঙ্গরাজ্যের করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রনের বাইরে চলে গেছে। ফলে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন করে করোনার বিস্তার বাড়তে থাকায় কয়েকটি রাজ্যে বিধি-নিষেধ শিথিলের পদক্ষেপ থেকে সরে এসেছে প্রশাসন। বিভিন্ন বীচ,রেস্টুরেন্ট,বার,নাইট ক্লাবসহ অনেক প্রতিষ্ঠান আবারও বন্ধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন অঙ্গরাজ্যে করোনার বিস্তার রোধে আরোপিত বিধি-নিষেধ তুলে নেয়ার পরই নতুন করে দেশটিতে করোনার প্রকোপ বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি অঙ্গরাজ্যে মহামারি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলছেন, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়ে ১০ গুণ বেশি হতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছেন, এখনই করোনার সংক্রমণের গতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে এবং জনগণ স্বাস্থ্যবিধি না মেনে চললে আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে।

 

আলোকিত প্রতিদিন/২ জুলাই’২০/এসএএইচ