আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2552

শিবালয়ের নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি’র টাকা ফেরতের পুন:নির্দেশ

প্রতিনিধি,শিবালয়ঃ শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের নিকট নেয়া বাড়তি টাকা ফেরত না দেওয়ায় পুন:নির্দেশ প্রদান করা হয়েছে। গত ২৪ জুন নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেনকে ৭ দিনে মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নেয়া বাড়তি টাকা ফেরতের নির্দেশ প্রধান করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার এএফএম ফিরোজ মাহমুদ। কিন্তু প্রধান শিক্ষক টাকা ফেরত না দিয়ে পত্রের মাধ্যমে গত ১ জুলাই জবাব দাখিল করেন। জবাবে টাকা ফেরতের বিষয়টি স্পষ্টভাবে বর্ণনা না করায় শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও অ্যাডহক কমিটির সভাপতি বি এম রুহুল আমিন রিমন এ পুন:নির্দেশ দেন। উল্লেখ্য, প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর নিকট থেকে দীর্ঘ কয়েক বছর যাবৎ বোর্ড নির্ধারিত ফির অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি আবুল কাশেম ও ছাত্রী অভিভাবক আঞ্জুয়ারা ইতিপূর্বে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও এ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি বরাবর অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ইউএনও ফিরোজ মাহমুদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজারকে তদন্তের নির্দেশদেন। তদন্ত শেষে ইউএনও বরাবর দেয়া প্রতিবেদনে ৮০৭ জন শিক্ষার্থীর নিকট থেকে অতিরিক্ত ৪শ’ টাকা হারে মোট ৩ লক্ষ ২২ হাজার ৮শ’ টাকা নেয়ার প্রমাণ পাওয়া যায়।

 

আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ

 

 

 

 

কলাপাড়ায় ছয় মাসে ২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতার-৫৫

সংবাদদাতা,কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চলতি ছয় মাসে ৫৫ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬৪ হাজার ৯শত ২৯ পিস ইয়াবা, ১৭ লিটার চোলাই মদ এবং ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মোট ৪৪টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কলাপাড়া থানার অন্তর্গত এলাকায় মাদক বিরোধী অভিযান জোরদার করেছে পুলিশ। অভিযান সফল করতে সোর্সের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যেখানেই মাদক সেখানেই পুলিশী এ্যাকশন। মাদক বিরোধী অভিযান, গ্রেফতার ও মাদক উদ্ধার এখন কলাপাড়া থানা পুলিশের প্রতিদিনের রুটিন ওয়ার্ক। এজন্য পুলিশ কর্মকর্তাদের উৎসাহিত করতে জেলা পুলিশ ও রেঞ্জ পুলিশের পক্ষথেকে সর্বোচ্চ গ্রেফতার ও মাদক উদ্ধারকারী পুলিশ কর্মকর্তাকে মাস ভিত্তিক ক্যাটাগরিতে সেরা মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। যাতে মাদক বিরোধী অভিযানে পুলিশ কর্মকর্তাদের আগ্রহ ও মনোবল আরও বৃদ্ধি পায়। কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সাথে কোন আপোষ নেই। সে যেই হোক, সমাজের যেকোন ক্ষমতাধর মানুষ। কাউকে ছাড় দেয়ার কোন সুযোগ নাই। মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হচ্ছে। তিনি আরও বলেন, গত ১জানুয়ারী ২০২০ থেকে ৩০ জুন পর্যন্ত ১ কোটি ৯৮ লক্ষ ৯১ হাজার ৩০০ টাকা মূল্যের ইয়াবা, গাঁজা ও চোলাই মদ জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসময় ৫৫জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা করা হয়েছে। এসকল মামলার অধিকাংশ তদন্ত প্রতিবেদন বিচারের জন্য আদালতে দাখিল করা হয়েছে। উল্লেখ্য, দেশের সীমান্তবর্তী এলাকাসহ কক্সবাজার ও টেকনাফ উপকূলে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বৃদ্ধির ফলে কুয়াকাটার সমুদ্র উপকূল এখন মাদক পাচারের অন্যতম জোন হয়ে উঠছে। গত কয়েকবছরে মহিপুর থানার অন্তর্গত সমুদ্র উপকূল থেকে র‌্যাব ও কোষ্টগার্ডের হাতে ১০/১২ লাখ পিচ ইয়াবা উদ্ধার হলেও এক্ষেত্রে মহিপুর থানা পুলিশের উল্লেখযোগ্য কোন অর্জন নেই। এমনকি মহিপুর থানার অন্তর্গত সমুদ্রপথে এসব মাদকের চালান এসে মৎস্যবন্দর মহিপুর ও কুয়াকাটা উপকূল থেকে খালাস হয়ে সড়ক পথে র‌্যাবের হাতে আটক হলেও মহিপুর থানা পুলিশ রহস্যজনক কারণে এর কোন হদিস পাচ্ছেনা।

 

আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ

 

সাভারের আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন নিহত 

প্রতিনিধি,সাভার: আশুলিয়ায় অবৈধ গ্যাস লাইন লিকেজে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের স্বামী-স্ত্রী ও ছয় বছরের শিশু সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকেই বাড়ির মালিক পলাতক রয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে ওই তিন ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নিহতের মামা আব্দুল আজিজ। নিহতরা হলেন-ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্দ্রপাশা এলাকার বাসিন্দা আবুল কাশেম (২৮)। তিনি আশুলিয়ায় কন্টিনেন্টাল নামক একটি পোশাক কারখানায় আয়রন ম্যান হিসেবে কাজ করতেন। তার স্ত্রী ফাতেমা বেগম (২২) তিনি আশুলিয়ায় সাউদান নামক পোশাক কারখানায় অপারেট পদে চাকুরি করতেন। সেই সাথে ৬ বছরের শিশু সন্তান আল-আমীনের মৃত্যু হয়েছে । তারা আশুলিয়ায় দূর্গাপুর চালা গ্রামের শহীদ হাজীর মালিকাধীন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেতন। নিহতের মামা আব্দুল আজিজ জানান, প্রতি দিনের ন্যায় শনিবার (৪ জুলাই ) সকালে কারখানায় যাওয়ার আগে রান্না করতে যান ভাগ্নে বৌ ফাতেমা । কিন্তু দিয়াশলাইট দিয়ে গ্যাসের চুলা ধরানো মাত্রই লিকেজ থেকে আগুন ধরে যায়। সেই সময় ঘরে থাকা ভাগ্নে ও ভাগ্নে বৌ এবং তাদের সন্তান অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা দগ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে শিশু সন্তান আল-আমীনের মৃত্যু হয়। পরেরদিন রবিবার (৫ জুলাই)  ভাগ্নে ও ভাগ্নে বৌ’র চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ায় পথে ভাগ্নে আবুল কাশেমের মৃত্যু হয়েছে । এরপর ময়মনসিংহ ও শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ভাগ্নে বৌ ফাতেমাকে । সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই ) বিকেলে মৃত্যু হয় ফাতেমার। এবিষয়ে আশুয়িলা থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল জানান, খবর পেয়ে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে ঘটনায় পর থেকেই বাড়ির মালিক পলাতক রয়েছে। এঘটনায় তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ

 

সাদুল্লাপুরে বজ্রপাতে একজন নিহত, আহত ২

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে মোজাহিদ মিয়া (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ২ জন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  নিহত শিশু মোজাহিদ একই গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে। বুধবার (৮ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কবিলপুর সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মোজাহিদ তার ভাই সুজন ও মেহেদী হাসানের সাথে বাড়ির পাশে একটি খালে মাছ ধরছিলো। এসময় বজ্রপাতে মোজাহিদ ঘটনাস্থলে মারা যায় এবং সুজন ও মেহেদী হাসান গুরুতর আহত হয়।

 

আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ

দেশে করোনায় আরও ৪৬ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৮৯

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৪৮৯ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে। একইসময়ে করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ১৯৭ জনে। বুধবার (৮ জুলাই) দুপুরে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অধ্যাপক নাসিমা সুলতানা জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৮৮৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৫ হাজার ৬৭২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লাখ ৮৯ হাজার ১৫২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪৮৯ জন। ফলে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭২ হাজার ১৩৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৬ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ১৯৭ জনের। তাদের মধ্যে পুরুষ ১ হাজার ৭৪১ জন ও নারী ৪৫৬ জন। তাদের মধ্যে পুরুষ ৭৯ দশমিক ২৪ শতাংশ এবং নারী ২০ দশমিক ৭৬ শতাংশ। তিনি আরো জানান, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৪৬ জনের মধ্যে ২০ বছরের বেশি বয়সী ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ৬ জন, ৮০ বছরের বেশি বয়সী ৩ জন এবং ৯০ বছরের বেশি বয়সী একজন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন, চট্টগ্রাম বিভাগের ১৪, রাজশাহী বিভাগের ৩, খুলনা বিভাগের ৯, রংপুর বিভাগের ১, সিলেট বিভাগের ৪ এবং বরিশাল বিভাগের ৩ জন রয়েছেন। এর মধ্যে ৩৮ জন মারা গেছেন হাসপাতালে বাকি ৮ জন বাসায়। দেশে করোনা (কভিড-১৯) ভাইরাসে মৃত্যুবরণকারীদের মধ্যে- ঢাকা বিভাগে ৫০ দশমিক ৮০ শতাংশ, চট্টগ্রামে ২৫ দশমিক ৯৯ শতাংশ, রাজশাহীতে ৫ দশমিক এক শতাংশ, খুলনায় ৪ দশমিক ৮২ শতাংশ, বরিশালে ৩ দশমিক ৬৯ শতাংশ, সিলেটে ৪ দশমিক ৩২ শতাংশ, রংপুরে ৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ২ দশমিক ৩৭ শতাংশ রয়েছেন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২ হাজার ৭৩৬ জন। এতে করে করোনা ভাইরাস থেকে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮০ হাজার ৮৩৮ জনে। ২৪ ঘণ্টায় যে ৪৬ জন মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ৩৮ জন এবং নারী ৮ জন। এসময় বুলেটিনে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলোনায় আক্রান্ত রোগী শনাক্তের হার ২২ দশমিক ২৬ শতাংশ। দেশে নমুনা পরীক্ষার তুলোনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩৬ শতাংশ। দেশে এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৭ দশমিক ৯৬ এবং মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/৮ জুলাই’২০/এসএএইচ

বীরগঞ্জ সোনালী ব্যাংকের কর্মকর্তারা করোনায় আক্রান্তঃ ব্যাংক লকডাউন, অর্থ সংকটে গ্রাহক

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জের সোনালী ব্যাংক শাখার একাধিক কর্মকর্তার করোনা পজিটিভ হওয়ার কারণে প্রশাসন কর্তৃক ব্যাংককে লকডাউন করা হয়েছে। এই লকডাউন আগামী ১৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। হঠাৎ লকডাউনের কারণে বীরগঞ্জ সোনালী ব্যাংকের হাজারো গ্রাহক চরম অর্থ সংকটে পড়েছে। সরকারি অবসরপ্রাপ্ত পেনসনভোগীরা টাকা তুলতে না পেরে হতাশায় পড়েছেন। অবশ্য স্থানীয় প্রশাসনের দাবী শত অসুবিধার মাঝেও জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় সোনালী ব্যাংক, বীরগঞ্জ শাখাকে লকডাউন করা হয়েছে। আগামী ১৩ জুলাই পর্যন্ত এটি কার্যকর থাকবে। ভুক্তভোগী গ্রাহকদের দাবী বিকল্প ব্যবস্থায় লেনদেন চালু করা হউক।

 

আলোকিত প্রতিদিন/৭ জুলাই’২০/এসএএইচ

দিনাজপুরে শুদ্ধাচার পুরস্কারে সুনীতি চাকমা শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

প্রতিনিধি,দিনাজপুরঃ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন ২০১৯-২০ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। রংপুর সড়ক জোনের আওতাধীন সড়ক বিভাগের ১০ জন কর্মকর্তাদের মধ্যে শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত হন তিনি। জাতীয় শুদ্ধাচার কৌশল, কর্মপরিকল্পনার অন্তর্ভূক্ত ও শুদ্ধাচার চর্চার জন্য ২০১৯-২০ অর্থ বছরে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০১৭ এর আওতায় সড়ক বিভাগ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোঃ মনিরুজ্জামানের ২০১৭ আরজেড নং স্মারকে স্বাক্ষরিত অফিস আদেশে এ পরিপত্র জারি করা হয়। দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা এর আগে আন্তরিকতা ও সততার সাথে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সড়ক ও জনপথ অধিদপ্তর নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পালন করেছেন। গত ৪ সেপ্টেম্বর ২০১৮ সালে সুনীতি চাকমা দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। দিনাজপুর জেলার সড়ক ভবনের বিভিন্ন উন্নয়নমূলক কাজে দক্ষতা ও সততার মধ্য দিয়ে অদ্যবধি কাজ করছেন তিনি। তারই ধারাবাহিকতায় সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

আলোকিত প্রতিদিন/৭ জুলাই২০/এসএএইচ

 

 

 

নোয়াখালীতে করোনায় নতুন আক্রান্ত ৩৩, মোট ২৩২৪ এবং সুস্থ হয়েছে ৫৮

সংবাদদাতা,নোয়াখালীঃ নোয়াখালীতে একদিনে নতুন করে ৩৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ফলে এতে করে জলায় ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৩২৪ জনে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ১৩ জন, বেগমগঞ্জে ৪ জন, সোনাইমুড়িতে একজন, কোম্পানীগঞ্জে ৪জন ও কবিরহাটে ১১ জন। একইসময়ে সুস্থ হয়েছেন ৫৮ জন। এতে করে জেলায় সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১১৮৩ জনে। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৫৪ জন। জেলায় ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে সদরে সর্বোচ্চ ৭০৯ জন, বেগমগঞ্জ ৬৭৬জন, চাটখিল ১৪১জন, সোনাইমুড়ীত ১২১জন, কবিরহাটে ২৫৬জন, কোম্পানীগঞ্জে ১৩১ জন, সেনবাগে ১০৪ জন, হাতিয়ায় ৩৭ জন এবং সুবর্ণচর উপজেলায় ১৪৯ জন আক্রান্ত হয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/৭ জুলাই’২০/এসএএইচ

 

নিউ জার্সির হাডসন নদী থেকে ২জন বাংলাদেশীর লাশ উদ্ধার

সংবাদদাতা,নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের হাডসন নদী থেকে বাংলাদেশি তরুণসহ এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার (৪ জুলাই) বিকেলে হাডসন নদী থেকে পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করেছে। উমাইর সালেহ নামের তরুণটির বয়স ২৩ বছর। নিউ জার্সি অঙ্গরাজ্যের এডিসন শহরের বাসিন্দা বাংলাদেশি ওই তরুণসহ অজ্ঞাত তরুনীকে খুন করে কেবা-কারা নদীতে ফেলে দিয়েছে বলে পুলিশ ধারণা করছে্ন। মার্কিন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। স্থানীয় হাডসন কাউন্টির কৌসুলি এসথার সুয়ারেজ জানান, শনিবার সকালে জার্সি সিটির মরিস ক্যানেল পার্কের অদূরে হাডসন নদীতে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন এক পথচারি। তিনি ফোন করে বিষয়টি পুলিশকে জানানোর পর পৌনে ৮টার দিকে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। সেটি ছিল এক তরুণীর মৃতদেহ, যার বয়স আনুমানিক ২২ বছর। মেয়েটি নিউ ইয়র্কের ম্যানহাটনের বাসিন্দা ছিল। তার প্রকৃত পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রায় ৫ ঘন্টা পর মরিস ক্যানেল পার্কের ৫০ ফুট দূরে হাডসন নদীতে আরেকটি মৃতদেহ ভাসতে দেখে পথচারিরা পুলিশকে খবর দেয়। পুলিশ উক্ত উদ্ধার করার পর দেখতে পায় যে সেটি এক তরুণের মৃতদেহ। তার পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায় যে, তার নাম উমাইর সালেহ এবং নিউ জার্সির এডিসন শহরে তার বাড়ি। তার পরিবারকে খবর দেয়া হলে তারা এসে মৃতদেহ শনাক্ত করেন। তার মাথায় বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। উমায়ের সালেহ’র মা একজন অভিবাসী বাংলাদেশি এবং তিনি স্কুলে শিক্ষকতা করেন। তিনি পুলিশকে জানিয়েছেন যে, তার মেধাবী ছেলে নিউ জার্সির রাটগার্টস ইউনিভার্সিটি থেকে এ বছরই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডসহ গ্রাজুয়েশন করেছে। শনিবার বিকেলে সে হাঁটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফেরেনি। সালেহ সাঁতার জানতো বলেও জানায় তার মা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।  উল্লেখ্য, নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঙ্গরাজ্যের মধ্যবর্তী নদীটির নাম হাডসন। এই নদীর পূর্বপাশে নিউ ইয়র্কের ম্যানহাটন নগরী এবং পশ্চিম তীরে নিউ জার্সি অঙ্গরাজ্যের জার্সি সিটি। প্রচুর পরিমান বাংলাদেশি সেখানে বাস করছেন।

 

আলোকিত প্রতিদিন/৭ জুলাই’২০/এসএএইচ

 

গাইবান্ধায় আরও ৮ জন করোনায় আক্রান্ত, মোট ৪২৬

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৮ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৬ জনে। সোমবার (৬ জুলাই) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে পলাশবাড়ীতে ২,সাদুল্লাপুরে ৫ ও সাঘাটা উপজেলার ১ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১৮২,গাইবান্ধা সদরে ৭২, ফুলছড়িতে ১৯,সাঘাটায় ২৮, পলাশবাড়ীতে ৫১, সুন্দরগঞ্জে ৩০ এবং সাদুল্লাপুর উপজেলায় ৪৪ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৮১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৩৫ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ৩ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৭ জুলাই২০/এসএএইচ