আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2550

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ হাজার আক্রান্ত, মৃত ৫০০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লাগামহীন গতিতে বাড়ছে করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দেশটিতে নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮ হাজারের বেশি, এর মধ্যে এক মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার। সোমবার (১৩ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৭০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশটিতে মোট ৮ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। ভারতে এ পর্যন্ত ২৩ হাজার ১৭৪ জন প্রাণ হারিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৫০০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অন্তত সাড়ে পাঁচ লাখ করোনা রোগী। সোমবার পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০১ শতাংশ। ভারতে এ পর্যন্ত যত মানুষের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১৩ দশমিক ০৯ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮২৭ জন। এছাড়া, তামিলনাড়ুতে ৪ হাজার ২৪৪, কর্ণাটকে ২ হাজার ৬২৭, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৯৩৩ এবং দিল্লিতে একদিনে ১ হাজার ৫৭৩ নতুন করে আক্রান্ত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

দেশে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৯৯ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৯১ জনে। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৫২ হাজার ৬৪৭টি । নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯ জন। ফলে দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। দেশে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯১ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭০৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৩১৭ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯জন নারী। তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৬জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব ৩জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। এদের ১৯ জন ঢাকা বিভাগের,৫জন চট্টগ্রাম বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ৩জন বরিশাল বিভাগের এবং দুজন করে রংপুর ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। বুলেটিনে আরো জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০জন এবং নারী ৫০১ জন। পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ নারী।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

কক্সবাজারে পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করলেন-সিনিয়র সচিব হেলালুদ্দীন 

প্রতিনিধি,কক্সবাজারঃ কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়ায় পানি সরবরাহ প্রকল্পের আওতায় কক্সবাজার পৌরসভায় পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দেশের ৩৭ টি উপজেলায় বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের আওতায় কক্সবাজারে পাইপলাইন স্থাপন কাজের উদ্বোধন করেছেন-স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।  উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পৌর মেয়র মুজিবুর রহমান ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক এবং কক্সবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ঋত্বিক চৌধুরী প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

 

আশুলিয়ায় অপহরণের তিনদিন পর অপহৃত উদ্ধার, অপহরণকারী ৩ সদস্য গ্রেফতার

প্রতিনিধি,সাভারঃ সাভারের আশুলিয়ায় অপহরণের প্রায় ৩ দিন পর অপহৃত শফিকুল ইসলামকে উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (১২ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম। এর আগে শনিবার (১১ জুলাই) গভীর রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাগানবাড়ি আবুল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ঘাগইর গ্রামের রেনু মিয়ার ছেলে তারেকুর রহমান তারেক (২২), পঞ্চগড় জেলার বদানপাড়া গ্রামের ফুল মিয়ার ছেলে জাহিদ হাসান (৩২) এবং পঞ্চগড় জেলার বিদ্যাভিটা গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও জাহিদ হাসানের স্ত্রী আঞ্জুয়ারা (২৫)। তারা সকলেই আশুলিয়ার বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলো। অপহৃতের ছেলে রাশেদুল জানায়, ঘোষবাগ এলাকার আল-আমীনের বাড়িতে ভাড়া থেকে তার ফুফু পোশাক কারখানায় চাকরি করেন। গত ৯ জুলাই সেখানে বেড়াতে গেলে অপহরণের শিকার হন তার বাবা শফিকুল ইসলাম। তার বাবাকে অপহরণ করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এসময় পৃথকভাবে ১২ হাজার ৫০০ টাকা প্রদান করা হয়। পরে থানায় অভিযোগ দায়ের করলে মুক্তিপণ প্রদান করার ফাঁদ পেতে অপহরণকারী ৩ জনকে আটক করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজহারুল ইসলাম জানান, অপহরণের শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। একই সাথে চক্রটির ৩ সদস্যকে গ্রেফতারের পর পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

 

ফুলবাড়ীতে প্রেসক্লাবের পক্ষ থেকে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান

সংবাদদাতা,ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষথেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট হল রুমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপুর সভাপতিত্বে এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীর বিদায় সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়। ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য দৈনিক সংবাদের প্রতিনিধি আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক প্রভাষক আফরোজ জাহান সেতু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, প্রচার সম্পাদক আল হেলাল চৌধুরী, দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, কার্যকরী সদস্য আল মানুম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শেষে ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষথেকে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম চৌধুরীকে পৃথক ফুলের শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই২০/এসএএইচ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত, ৩০ গ্রাম প্লাবিত

সংবাদদাতা,গাইবান্ধাঃ গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্র নদের পানি। গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা, যমুনা, ঘাঘট ও করোতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ৩০ গ্রাম প্লাবিত হয়ে ক্রমেই অবনতির দিকে যাচ্ছে বন্যা পরিস্থিতি। ডুবে যাওয়া বাড়িঘর ছেড়ে গবাদি পশু নিয়ে অনেকেই আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। বন্যার পানির চাপে হুমকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।  ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রমের ফলে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। সুন্দরগঞ্জ উপজেলার বেলকা, তারাপুর, হরিপুর, কঞ্চিবাড়ী, চন্ডিপুর, কাপাসিয়া, শ্রীপুর, ফুলছড়ি উপজেলার গজারিয়া, খাটিয়ামারী, গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, গিদারী, মোল্লারচর ও সাঘাটা উপজেলার কয়েকটি ইউনিয়নের নীচু ও চরাঞ্চলের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন বলেন, বন্যা কবলিতদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সবসময় প্রস্তুত আছে। এছাড়া বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, নতুন করে পানি বৃদ্ধির ফলে ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাঁধ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

 

 

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৭ জনের মৃত্যু, শনাক্ত ২৬৬৬

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসের আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৬৬৬ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়লো ১ লাখ ৮৩ হাজার ৭৯৫ জনে। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৫২ জনে। রোববার (১২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১১ হাজার ২১০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯টি নমুনা। ফলে এ নিয়ে দেশে মোট ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৬৬৬ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৩ হাজার ৯৭৫ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৪৭ জনের। ফলে এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু হলো ২ হাজার ৩৫২ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৫৮০ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৩ হাজার ৬১৪ জনে। দেশে ২৪ ঘণ্টায় যে ৪৭ জনের মৃত্যু হয়েছে, তাদের ৩৬ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী ২জন, ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, ষাটোর্ধ্ব ১৪ জন, সত্তরোর্ধ্ব ৬জন এবং ৮০ বছরের বেশি বয়সী ২জন ছিলেন। ২৩ জন ঢাকা বিভাগের, ৬জন চট্টগ্রাম বিভাগের, ৪জন রাজশাহী বিভাগের, ৪জন সিলেট বিভাগের, ৬জন খুলনা বিভাগের, ২জন রংপুর বিভাগের এবং ২জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। ৪৩ জন মারা গেছেন হাসপাতালে এবং ৪জনের মৃত্যু হয়েছে বাসায়। দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫৪ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই২০/এসএএইচ

লা লিগায় ভায়োদলিদের বিপক্ষে বার্সার জয়, শিরোপার আশা বাঁচিয়ে রাখলো বার্সেলোনা

ক্রীড়া ডেস্কঃ লকডাউনের পর মাঠে ফিরে তিনটি ম্যাচ ড্র করেই মূলত শিরোপা স্বপ্ন ম্লান করে ফেলেছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব বার্সেলোনা। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ টানা ৮ ম্যাচ জিতে চলে গেছে শিরোপার অনেক কাছে। রিয়ালের কাজ আরও সহজ হয়ে যেত যদি শনিবার রাতে হেরে যেত বার্সেলোনা। তবে তা হয়নি। রিয়াল ভায়োদলিদের মাঠে খেলতে গিয়ে কোনোমতে ন্যুনতম ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। গোলবারের নিচে মার্ক টের স্টেগান নামক দেয়াল না দাঁড়ালে হয়তো হেরেই যেত কাতালান ক্লাবটি। তবু শেষ পর্যন্ত কষ্টার্জিত জয়ে শিরোপা সমীকরণ এখনও বাঁচিয়ে রেখেছে বার্সেলোনা। ভায়োদলিদের বিপক্ষে ১-০ গোলে জয়ের পর ৩৬ ম্যাচে বার্সেলোনার সংগ্রহ ৭৯ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে রিয়ালের ঝুলিতে রয়েছে ৮০ পয়েন্ট। অর্থাৎ বাকি থাকা তিন ম্যাচে রিয়াল যদি ৫ পয়েন্ট পায়, তাহলে কোন সমীকরণ ছাড়াই চ্যাম্পিয়ন হবে জিদানের শিষ্যরা। অন্যদিকে লিগের দুই ম্যাচ বাকি থাকা বার্সার শিরোপা সমীকরণ এখন নিজেদের দুই ম্যাচ জেতার পর, রিয়ালের ৫ পয়েন্ট হারানো। বর্তমান ফর্মের বিচারে যা একপ্রকার অসম্ভবই বলা চলে। কেননা নিজেদের শেষ ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্টই পেয়েছে রিয়াল। যা তাদের নিয়ে গেছে শিরোপার এত কাছে। শিরোপার কঠিন সমীকরণ মাথায় নিয়ে ভায়োদলিদের মাঠে খেলতে নেমে নিজেদের চিরচেনা ফুটবলের ধারেকাছেও যেতে পারেনি বার্সেলোনা। ম্যাচের ১৫ মিনিটে লিওনেল মেসির এসিস্টে গোল আর্তুরো ভিদাল। এটিই হয়ে থাকে ম্যাচের ফল নির্ধারক গোল। চলতি লিগে ভিদালের এটি অষ্টম গোল। অন্যদিকে লিওনেল মেসির এসিস্ট সংখ্যা বেড়ে হয়েছে ২০। একই মৌসুমে ২০ গোল ও ২০ এসিস্টের অনন্য অর্জনে পৌঁছেছেন তিনি। এর আগে ২০০২-০৩ মৌসুমে থিয়েরি অরি করেছিলেন একই কীর্তি। ম্যাচের বাকি সময়ে যেন এই এক গোলের লিড বাঁচানোর দিকেই মনোযোগী ছিল বার্সেলোন। যার সুযোগে বেশ কিছু জোরাল আক্রমণ করেন ভায়োদলিদ। যা প্রতিহত হয় বার্সেলোনার রক্ষণভাগে। দলকে পূর্ণ ৩ পয়েন্ট পাইয়ে দিতে ভূমিকা রাখেন জার্মান গোলরক্ষক টের স্টেগান।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

ব্রাজিলে করোনায় আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়ালো, একদিনে মৃত্যু ১০৭১

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার (১১ জুলাই) দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৭১ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৬৯ জনে। ওয়ার্ল্ডোমিটারসের তথ্যমতে, ব্রাজিলে সর্বশেষ একদিনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬ হাজার ৪৭৪ জন। ফলে এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৪০ হাজার ৮১২ জনে। কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোও। গত মঙ্গলবার করোনা পজিটিভ শনাক্ত হন তিনি। তবে, করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে বোলসোনারো বলেছেন, তিনি এরইমধ্যে বেশ ভালো অনুভব করছেন এবং হাইড্রোক্সিক্লোরোকুইনের তৃতীয় ডোজ নিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে খ্রিস্টান নারীর আত্মহত্যা

সংবাদদাতা,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক খ্রিস্টান নারী আত্মহত্যা করেছেন। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের বাহিমালী খ্রীস্টান পল্লীতে নিজ ঘরে গলায় ওড়না পেচিয়ে আড়ার সাথে ঝুলে এ আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত জেনি বেবী কস্তা (৪০) ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর তৌহিদুল ইসলাম বলেন, জেনি বেবী ঢাকায় একটি বেসরকারী কম্পানিতে চাকুরী করতেন। করোনা মহামারীতে বাড়ি চলে আসে। প্রায় ১৬ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয় এরপর আর বিয়ে করেন নাই। নিঃসন্তান এই নারী তার ছোট ভাই বিলাশ কস্তার সাথেই থাকতেন। বিলাশ ঢাকায় একটি বাইং হাউজে চাকুরী করেন। শুক্রবার বেবীর ভাইবউ বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যায়। এসময় বেবী একই বাড়িতে ছিলেন। দুপুরে কোন এক সময় সে নিজ ঘরে আড়ার সাথে ওড়নায় ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে উপজেলা জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে পারিবারিক কলহের জের ধরে হায়াত আলী (৬০) একজন আত্মহত্যা করেছেন। হায়াত ওই গ্রামের সকি প্রামাণিকের ছেলে। ওসি (তদন্ত) ইন্সপেক্টর সুমন আলী জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোরসদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১২ জুলাই’২০/এসএএইচ