আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2549

সুন্দরগঞ্জে বিল থেকে শিশুর লাশ উদ্ধার

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে আবির হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের চাকলিয়ার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন রামভদ্র গ্রামের খয়বর হোসেনের ছেলে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, বিকালে শিশু আবির হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজির পর রাতে চাকলিয়ার বিল বিলে তার মরদেহ ভাসতে দেখা যায়। লাশ উদ্ধার করে ১৩ জুলাই সোমবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

গাইবান্ধায় আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত, মোট ৪৭৪

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৯ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭৪ জনে। রবিবার (১২ জুলাই) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১, পলাশবাড়ীতে ৪ ও গাইবান্ধা সদর উপজেলার ৪ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১৯৮, গাইবান্ধা সদরে ৮৬, ফুলছড়িতে ২৪,সাঘাটায় ৩১, পলাশবাড়ীতে ৫৭, সুন্দরগঞ্জে ৩২ এবং সাদুল্লাপুর উপজেলায় ৪৬ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০৬ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৪৯ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ৩ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিইন/১৩ জুলাই’২০/এসএএইচ

কলাপাড়ায় শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার রাস্তার সংস্কার কাজ অব:শেষে শুরু

সংবাদদাতা,কলাপাড়া (পটুয়াখালী):  পটুয়াখালী জেলার কলাপাড়ার লালুয়া ইউনিয়নের বানাতীবাজার থেকে শের-ই-বাংলা নৌ-ঘাটিতে যাওয়ার ইটের রাস্তাটির সংস্কার কাজ শুরু করা  হয়েছে। কলাপাড়া উপজেলা পরিষদ, বেসরকারী সংস্থা আভাসসহ স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগীতায় সড়কটির সংস্কারের কাজ শুরু করা হয়। রাস্তাটির বেহাল দশা নিয়ে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশ করলে বিষয়টি সকলের নজরে আসে। এলাকাবাসী উপজেলা পরিষদসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সূত্রমতে জানা যায়, দীর্ঘদিনধরে এ রাস্তাটি বেহাল অবস্থায় ছিলো। এতে পায়রা বন্দরের শের-ই-বাংলা নৌঘাটিসহ লালুয়া ইউনিয়নের ৫/৬ টি গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশিত হলে সকলের নজরে আসে। কলাপাড়া উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান শাহিনা পারভিন সীমা তার পরিষদের অর্থ থেকে রাস্তাটি সংস্কারের জন্য ১ লক্ষ টাকা বরাদ্ধ দেন। কিন্তু সে অর্থ দিয়ে রাস্তাটি আংশিক সংস্কার সম্ভব হয়। পরবর্তীতে একটি বেসরকারী সংস্থা আভাস রাস্তাটি সংস্কারের জন্য ৬০ হাজার টাকা প্রদান করেন। এছাড়াও স্থানীয় ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো: লিটন সাউগার ব্যক্তিগতভাবে ৪০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দিয়ে ও নিজে তদারকী করে সড়কটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা করছেন বলে জানা যায়। এতে এলাকাবাসী অর্থ সহায়তাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দা কুদ্দুস হাওলাদার বলেন, সংবাদকর্মীদের সংবাদ পরিবেশনের জন্য খুব দ্রুত রাস্তাটি সংস্কার কাজ শুরু হয়েছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এছাড়াও যাদের আর্থিক সহায়তায় রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়েছে তাদের প্রতিও এলাকাবাসী আন্তরিক কৃতজ্ঞতা জানায়। লালুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. লিটন সাউগার বলেন, রাস্তাটি খানা-খন্দ হয়ে একটি মরন ফাঁদে পরিণত হয়েছিল। উপজেলা পরিষদের মাধ্যমে ১ লক্ষ টাকার কাজ হলেও তাতে রাস্তাটির সামান্য সংস্কার সম্ভব হয়। পরে বেসরকারী সংস্থা আভাসের বরাদ্ধের সাথে আমিও ব্যক্তিগতভাবে ৪০ হাজার টাকা সহায়তা দিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করছি। রাস্তাটির যে নাজুক অবস্থা তাতে সামান্য অর্থ দিয়ে সংস্কার সম্পূর্ণ সম্ভব নয়। কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা বলেন, রাস্তাটি নাজেহাল অবস্থা দেখে আমার উপজেলা পরিষদ হতে কিছু বরাদ্ধ দিয়েছি। সড়কটির সংস্কার সম্পূর্ণ করতে আরো অর্থের প্রয়োজন। রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা পরিষদের পরবর্তী বাজেটে আরো কিছু বরাদ্ধ রাখা হবে বলে তিনি জানান।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

বড়াইগ্রামে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদদাতা,নাটোরঃ নাটোরের বড়াইগ্রামে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আবুল কাশেম (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার নগর ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আবুল হাশেমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুটি পাশ্ববর্তী খালার বাড়িতে যাচ্ছিলো। এসময় আবুল কাশেম তাকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। এসময় শিশুটি কান্না শুরু করলে তাকে ছেড়ে দেয়। ঘটনাটি ওই শিশু বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। পরে শিশুটির মা থানায় অভিযোগ দিলে আবুল কাশেমকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় ইউপি সদস্য আবু সাঈদ বলেন, আবুল কাশেম প্রায়ই এধরণের কর্মকান্ড করে থাকে। তাকে আটকের পরে আরও ৩/৪ জন অভিভাবক অভিযোগ নিয়ে থানায় যাচ্ছে বলে শুনেছি। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলিপ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কাশেমকে গ্রেফতার করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

 

গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারী ও আখচাষীদের মানববন্ধন ও বিক্ষোভ 

সংবাদদাতা,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে থালা হাতে চিনিকল এলাকায় এ মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করেন রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু প্রমূখ। শেষে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা ও আখচাষীদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। বক্তারা বেতনভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যুমুক্ত করণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন। সমাবেশ থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘণ্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখচাষীদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্নদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

সাভারের আশুলিয়ায় তরুনীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার-৩

প্রতিনিধি,সাভারঃ সাভারের আশুলিয়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে আশুলিয়া ক্লাসিক পরিবহনের চালকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক সুদীপ কুমার দাস। এর আগে রবিবার (১২ জুলাই) গভীর রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার কাশীয়ানি থানার মহির উদ্দিনের ছেলে সহিদুল ইসলাম (২৮), কিশোরগঞ্জ জেলার বাজিদপুর থানার গাজারিয়ার গ্রামের ফেরদৌসের ছেলে ও আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনের চালক আরিফ (১৮) এবং লক্ষীপুর জেলা সদর থানার যোগমেন গ্রামের কামরুল ইসলামের ছেলে সজীব (১৯)। পুলিশ জানায়, পূর্ব পরিচয় সূত্রে রবিবার রাতে ওই নারীর সাথে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় দেখা হয় অভিযুক্তদের সাথে। ওই নারীসহ তারা তিনজন আশুলিয়ার পলাশবাড়ী সড়ক দিয়ে হেটে যাওয়ার পথে সড়কের পাশে দাড়িয়ে থাকা আশুলিয়া ক্ল্যাসিক পরিবহনে জোরপূর্বক ওঠায়। পরে ধর্ষণের চেষ্টা করলে ভুক্তভোগী নারীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। এসময় ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পুলিশ। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার দাস বলেন, খবর পেয়ে তিনজনকে আটক করে থানায় আনা হয়। ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়৷

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যানের সাথে ইউপি চেয়ারম্যানদের ভুল বোঝাবুঝির অবসান

প্রতিনিধি,টাঙ্গাইলঃ টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যানের সাথে ইউপি চেয়ারম্যানদের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। সোমবার (১৩ জুলাই) অভিযোগকারী ইউপি চেয়ারম্যানগণ অভিযোগ প্রত্যাহারের জন্য একটি লিখিত আবেদন করেছেন। দরখাস্তসূত্রে জানা গেছে, গত ৭ জুলাই টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারীর বিরুদ্ধে ১১ জন ইউপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী বরাবরে একটি লিখিত অভিযোগ করেছিলেন। বস্তুত অভিযোগগুলো তৈরি হয়েছিল সমন্বয়হীনতার কারণে। পরবর্তীতে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আগামি দিনগুলোতে একাত্ম হয়ে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে এই ভুল বোঝাবুঝির অবসান হয়। সোমবার (১৩ জুলাই) এবিষয়ে, ১ নং মগড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম, গালা ইউপি চেয়ারম্যান রাজ কুমার সরকার, ঘারিন্দা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুল বারেক,সিলিমপুর ইউপি চেয়ারম্যান মো. সাদেক আলী, পোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান মো. আজমত আলী, দাইন্যা ইউপি চেয়ারম্যান মো. লাভলু মিয়া লাবু, বাঘিল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ, কাকুয়া ইউপি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী জিন্নাহ, হুগড়া ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জাল হোসেন খান তোফা, কাতুলী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন ও মাহমুদনগর ইউপি চেয়ারম্যান মো. মাজেদুল রহমান তালুকদার স্বাক্ষরিত অভিযোগ পত্র প্রত্যাহারের আবেদন করেন। এ ব্যাপারে ১ নং মগড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম বলেন, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজাহান আনসারী প্রকৃত পক্ষেই সৎ, পরিশ্রমী ও সাদা মনের একজন মানুষ। শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে আমাদের সাথে ভুল বোঝাবুঝির কারণে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ইউপি চেয়ারম্যানরা একটি অভিযোগ করেছিলাম। পরবর্তীতে জরুরী বৈঠকের মাধ্যমে সকল ভুল বোঝাবুঝির নিরসন হয় বলে জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

 

 

যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুলের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক, বনানীতে দাফন আগামীকাল

নিজস্ব প্রতিবেদকঃ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী, বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আগামীকাল মঙ্গলবার রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। এদিন বাদ জোহর যমুনা ফিউচার পার্কের সামনে সীমিত পরিসরে তার জানাজা অনুষ্ঠিত হবে। সোমবার (১৩ জুলাই) বিকেলে যমুনা গ্রুপের পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, চীনের তিনটি হাসপাতালের বিশেষজ্ঞ টিম, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের বিশেষজ্ঞ টিম এবং এভারকেয়ার হাসপাতালের ১০ জন বিশেষজ্ঞ টিমের প্রাণান্ত চেষ্টার পরও আমরা বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের চেয়ারম্যানকে বাঁচাতে পারলাম না। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ড. মোহাম্মদ আলমগীর বলেন, মরহুমের নামাজের জানাজা অত্যন্ত সীমিত পরিসরে যমুনা ফিউচার পার্কের সামনে আগামীকাল বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর মরহুমকে মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে। সোমবার (১৩ জুলাই) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই বরেণ্য শিল্পপতি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন সরকারের মন্ত্রী-এমপি, বিরোধীদলীয় উপনেতাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। গত ১৪ জুন নুরুল ইসলাম বাবুলের করোনা পজিটিভ ধরা পড়ে। ওইদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তার চিকিৎসায় এভারকেয়ারের চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ড এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। তার স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের সদস্য সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার তিন মেয়ে- রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক। যমুনা গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ। ১৯৭৪ সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প ও সেবাখাতে গড়ে তোলেন ৪১টি প্রতিষ্ঠান। বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছে এই যমুনা গ্রুপে। এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবাখাতে শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি। ইলেকট্রনিক্স, বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, নির্মাণ এবং আবাসন খাতে ব্যবসায় শীর্ষস্থানে রয়েছে এই গ্রুপ। দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম বাবুল একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা তিনি। সর্বশেষ করোনার চিকিৎসায় কুড়িলে ৩০০ ফিটের কাছে আন্তর্জাতিক মানের হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলেন। ইতোমধ্যে এর প্রাথমিক আলোচনাও শেষ করেছিলেন। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদানও দিয়েছিলেন তিনি। এছাড়া করোনা মোকাবিলায় সহজ ও সুলভমূল্যে যমুনা তৈরি করছে হ্যান্ড স্যানিটাইজার। গুণগত মানের দিক থেকে যমুনা গ্রুপ স্বাস্থ্যসম্মত পিপিই তৈরি করছে।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

 

ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ ২৮ হাজার আক্রান্ত, মৃত ৫০০

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে লাগামহীন গতিতে বাড়ছে করোনা (কোভিড-১৯) ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় পুরোনো সব রেকর্ড গুঁড়িয়ে দেশটিতে নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ২৮ হাজারের বেশি, এর মধ্যে এক মহারাষ্ট্রেই আক্রান্ত হয়েছেন প্রায় আট হাজার। সোমবার (১৩ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২৮ হাজার ৭০১ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশটিতে মোট ৮ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হলেন। ভারতে এ পর্যন্ত ২৩ হাজার ১৭৪ জন প্রাণ হারিয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন অন্তত ৫০০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন অন্তত সাড়ে পাঁচ লাখ করোনা রোগী। সোমবার পর্যন্ত সেখানে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ০১ শতাংশ। ভারতে এ পর্যন্ত যত মানুষের নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে ১৩ দশমিক ০৯ শতাংশ করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে থাকা রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৭ হাজার ৮২৭ জন। এছাড়া, তামিলনাড়ুতে ৪ হাজার ২৪৪, কর্ণাটকে ২ হাজার ৬২৭, অন্ধ্র প্রদেশে ১ হাজার ৯৩৩ এবং দিল্লিতে একদিনে ১ হাজার ৫৭৩ নতুন করে আক্রান্ত হয়েছেন।

সূত্র: এনডিটিভি

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ

দেশে করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৯৯ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৩৯১ জনে। সোমবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৭৭টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৯ লাখ ৫২ হাজার ৬৪৭টি । নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৯৯ জন। ফলে দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৯ জন। দেশে এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২ হাজার ৩৯১ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৭০৩ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৮ হাজার ৩১৭ জনে। গত ২৪ ঘণ্টায় যে ৩৯ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ৩০ জন পুরুষ এবং ৯জন নারী। তাদের মধ্যে শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন, ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৬জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন, ষাটোর্ধ্ব ১১ জন, সত্তরোর্ধ্ব ৩জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। এদের ১৯ জন ঢাকা বিভাগের,৫জন চট্টগ্রাম বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের, ৭ জন খুলনা বিভাগের, ৩জন বরিশাল বিভাগের এবং দুজন করে রংপুর ও সিলেট বিভাগের বাসিন্দা ছিলেন। বুলেটিনে আরো জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ। দেশে এ পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ এক হাজার ৮৯০জন এবং নারী ৫০১ জন। পুরুষ ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ২০ দশমিক ৯৫ শতাংশ নারী।

 

আলোকিত প্রতিদিন/১৩ জুলাই’২০/এসএএইচ