আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2548

স্বাধীনতার ইশতেহার পাঠক সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ মহান স্বাধীনতার ইশতেহার পাঠক, বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য জানিয়েছেন। শায়রুল জানান, আগামীকাল বুধবার (১৫ জুলাই) বনানী কবরস্থানে শাহজাহান সিরাজকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ফখরুল। শাহজাহান সিরাজ ১৯৪৩ সালের ১ মার্চ টাঙ্গাইলের কালিহাতীতে আব্দুল গণি মিয়া ও রহিমা বেগম দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনবিরোধী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার মধ্যদিয়ে শাহজাহান সিরাজ ছাত্র-রাজনীতিতে প্রবেশ করেন। সেই সময় তিনি টাঙ্গাইলের করটিয়া সা’দত কলেজের ছাত্র ছিলেন। এরপর তিনি ছাত্রলীগের মাধ্যমে ছাত্র-রাজনীতিতে উঠে আসেন। ১৯৬৪-৬৫ এবং ১৯৬৬-৬৭ দুই মেয়াদে তিনি করটিয়া সা’দাত কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। একজন সক্রিয় ছাত্রনেতা হিসেবে তিনি ১১ দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে অংশ নেন। এরপর তিনি ১৯৭০-৭২ মেয়াদে অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’র (যার অন্য নাম নিউক্লিয়াস) সক্রিয় কর্মী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতা। শাহজাহান সিরাজ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। মুক্তিযুদ্ধের সময় যাদের ‘চার খলিফা’ বলা হতো শাহজাহান সিরাজ ছিলেন তাদেরই একজন। ১৯৭১ সালের ১ মার্চ তিনি সিরাজুল আলম খান, শেখ ফজলুল হক, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, আবদুল কুদ্দুস মাখন, নূরে আলম সিদ্দিকী, আ স ম আবদুর রব প্রভৃতি ছাত্রনেতাদের পাশাপাশি স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠনে অগ্রণী ভূমিকা রাখেন। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। সেখান থেকেই পরদিন স্বাধীনতার ইশতেহার পাঠের পরিকল্পনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী ৩ মার্চ পল্টন ময়দানে বিশাল এক ছাত্রসমাবেশে বঙ্গবন্ধুর সামনে স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। এরপর যুদ্ধ শুরু হলে তিনি ‘বাংলাদেশ লিবারেশন ফোর্স’ (বিএলএফ) বা মুজিব বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব নেন। মুক্তিযুদ্ধের পর শাহজাহান সিরাজ সর্বদলীয় সমাজতান্ত্রিক সরকার গঠনের পক্ষে অবস্থান নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনে ভূমিকা পালন করেন, যা ছিল স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা সহকারী সাধারণ সম্পাদক হন শাহজাহান সিরাজ। পরে জাসদের সভাপতি নির্বাচিত হন তিনি। জাসদের মনোনয়নে তিনবার তিনি জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। শাহজাহান সিরাজ ১৯৯৫ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপিতে যোগ দেন। তিনি বিএনপির মনোনয়নেও একবার একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বেগম খালেদা জিয়া সরকারের বন ও পরিবেশসহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এক সময়ের রাজনৈতিক সহকর্মী, সাবেক ছাত্রনেত্রী রাবেয়া সিরাজের সঙ্গে ১৯৭২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহজাহান সিরাজ। তাদের একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার স্ত্রী রাবেয়া সিরাজ একজন শিক্ষিকা এবং রাজনীতিবিদ।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

চাঁপাইনবাবগঞ্জে সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সংবাদদাতা,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে শান্তিমোড়স্থ একটি হোটেলে মৃত্যু বার্ষিকী পালন করে জাতীয় পার্টি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এসময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাজাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মৃত্যুবার্ষিকী ও স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম সোনা। আরও উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য গোলাম রাব্বানী, সাবেক কমিশনার মুক্তিযোদ্ধা রানাসহ জেলা জাতীয় পার্টির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। স্বরণসভায় শাজাহান আলী বলেন, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, পল্লী উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, রবিবারের পরিবর্তে শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণাকারী, দেশের ২২টি জেলাকে ৬৪ জেলায় রুপান্তরকারী, উপজেলা সৃষ্টিকারী, দেশকে ইসলামী রাষ্ট্র ঘোষনাকারী আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদকে হারিয়ে দেশের অপুরণীয় ক্ষতি হয়েছে। তিনি চলে গেলেও রেখে গেছেন তার দেশপ্রেম, দেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর স্বপ্ন। তার স্বপ্নের উন্নয়নের বাংলাদেশ গড়তে পারলেই তাঁর আত্মা শান্তি পাবে। তিনি জাতীয় পার্টির পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য সকলকে আহবান জানান। তিনি স্বপ্নদ্রষ্টা মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্বরণসভার শেষে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও দেশ এবং জাতীর মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলাম।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

দিনাজপুর চক্ষু হাসপাতালে অজ্ঞাত কারণে সদস্যপদ স্থগিত,উন্মুক্তের দাবী জেলাবাসীর

প্রতিনিধি,দিনাজপুরঃ  দীর্ঘ ১০ বৎসর যাবৎ দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে রহস্যজনক কারণে সদস্য অন্তর্ভুক্তি করা হচ্ছে না। প্রতি বছর মে মাসে কমিটির বার্ষিক সাধারণ সভায় সদস্য অন্তর্ভুক্তির আলোচনা হলেও অজ্ঞাত কারণে বন্ধ রয়েছে। জেলা প্রশাসক সভাপতি ও সাধারণ সম্পাদক ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানীসহ ১৩ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। প্রতি বৎসর বার্ষিক সাধারণ সভায় কমিটিতে সাধারণ সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আশ্বাস প্রদান করা হলেও তা কার্যকরী করা হয় না। যার কারণে দীর্ঘ ১০ বৎসর ধরে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভূক্ত হয়নি। নতুন সদস্য কেন নেয়া হচ্ছে না এ ব্যাপারে কমিটির অনেকের সাথে আলাপকালে তারা জানান, দীর্ঘদিন ধরে কার্যকরী কমিটির বার্ষিক সাধারণ সভায় আলোচনা হলেও যৌক্তিক কারণ ছাড়াই সাধারণ সদস্য নেয়া হচ্ছে না। প্রতি বৎসরের ন্যায় এবারও ৩০ মে বার্ষিক সাধারণ সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির ব্যাপারে আলোচনা হয়। বার্ষিক আলোচনা সভায় বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি দিনাজপুরের সভাপতি সুযোগ্য জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে জোর দাবী উঠলে তিনি বাস্তবায়ন করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। তিনি আরও বলেন, কেন ১০ বৎসর যাবৎ নতুন সদস্য অন্তর্ভুক্তি করা হচ্ছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে নতুন সদস্য অন্তর্ভুক্তি না হওয়ায় গাওসুল আজম বিএনএসবি চক্ষু হাসপাতালটি আধুনিকায়নে বাধাগ্রস্ত হচ্ছে। অপরদিকে কমিটির সাধারণ সম্পাদক পদ এক শ্রেণির পেশাজীবির কাছে কুক্ষিগত হয়ে থাকার কারণে কমিটির সদস্যরা একই মুখ বার বার দেখছে। দিনাজপুরবাসীর দাবী কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হোক তাহলে বিএনএসবি চক্ষু হাসপাতালটি আধুনিকায়নে আলোর মুখ দেখবে। জানা গেছে, ১৩ সদস্য বিশিষ্ট কমিটিতে রয়েছেন মাত্র ২শত ২৯ জন আজীবন সদস্য এবং ২শত ৬ জন সাধারণ সদস্য , ১০ বৎসর ধরে এই অবস্থা বিরাজ করলেও এ ব্যাপারে মাথা ঘামাতে দেখা যাচ্ছে না। কমিটিতে সাধারণ সদস্য উন্মুক্ত করার জোর দাবী জানিয়েছেন জেলার সচেতন মহল।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

দেশে করোনায় আরও ৩১৬৩ জন আক্রান্ত, মৃত্যু ৩৩ এবং সুস্থ ৪৯১০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৪২৪ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ১৬৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৫৩টি নমুনা। ফলে এ নিয়ে দেশে নমুনা পরীক্ষা করা হলো মোট ৯ লাখ ৬৬ হাজার ৪০০টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১৬৩ জন। ফলে দেশে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৯০ হাজার ৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। দেশে এ নিয়ে মোট মৃত্যু হলো ২ হাজার ৪২৪ জনের। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৯১০ জন। ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ তিন হাজার ২২৭ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ৪জন, পঞ্চাশোর্ধ্ব ৬জন, ষাটোর্ধ্ব ৯ জন, সত্তরোর্ধ্ব ১১ জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। ১৩ জন ছিলেন ঢাকা বিভাগের, ৩জন চট্টগ্রাম বিভাগের, ৪জন রাজশাহী বিভাগের, ৫জন সিলেট বিভাগের, ৫জন খুলনা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন বরিশাল বিভাগের। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় মৃত্যু হয়েছে ৪জনের। বুলেটিনে তিনি আরো জানান, দেশে ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৬৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত রোগী বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই২০/এসএএইচ

শার্শায় হ্যান্ডক্যাপ নিয়ে পলাতক মাদক ব্যবসায়ী ৭ঘণ্টা পর আটক

সংবাদদাতা,বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার গোগায় মেহেদি হাসান (২৬)নামে এক মাদক ব্যবসায়ী পুলিশের হ্যান্ডক্যাপসহ পালিয়ে যাওয়ার ৭ ঘন্টা পর আটক করতে সক্ষম হয়ে সফলতা অর্জন করেছে শার্শা থানা পুলিশ। মেহেদি হাসান গোগা গ্রামের গাইন পাড়ার কোরবান আলীর ছেলে। সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা গোগা গাইনপাড়ায় মাদক ব্যবসায়ী মেহেদি হাসানের বাড়িতে হানা দেয়। এসময় অভিযান চালিয়ে ঘরের ভিতর থেকে ১৩০ বোতল ফেন্সিডিলসহ মেহেদি হাসান ও তার মা এবং আরো তিনজন মাদক পাচারকারী মহিলাসহ মোট ৫জনকে আটক করে। এসময় এএসআই আকবর মাদক ব্যবসায়ী মেহেদির হাত পিছনে দিয়ে হ্যান্ডক্যাপ লাগিয়ে দেয় এবং আটক ৪জন মহিলা মাদক ব্যবসায়ীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এসময় সুযোগ বুঝে মাদক ব্যবসায়ী মেহেদি এএসআই আকবারের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্হায় পালিয়ে যায়। এএসআই আকবর ঘটনাস্হল থেকে এসময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ মেহেদির মা রোজিনা খাতুন (৪৮),যশোর কোতয়ালী থানার শংকরপুর এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী আসমা খাতুন (৩৫), যশোর করবালা এলাকার ছিকুর মেয়ে ফাতেমা খাতুন (৪০), যশোর চাচড়া রায়পাড়া তুলোতলার কামরুলের স্ত্রী রওশন আরা (৪৫) মোট ৪জনকে আটক দেখিয়ে শার্শা থানায় সোপর্দ করে। এসময় এএসআই আকবর হ্যান্ডক্যাপ পরিহিত অবস্হায় পালিয়ে যাওয়া মেহেদিকে আটক করতে পারেনি বলে জানা যায়। এব্যাপারে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্হায় পালিয়ে যাওয়া মেহেদির আটকের বিষয়ে এএসআই আকবরকে একাধিক বার ফোন দিয়ে জানতে চাইলেই বারবার ফোনের লাইন কেটে দেয়।পরে অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি। এব্যাপারে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, তিনি কেশবপুর নির্বাচনী এলাকায় আছেন। ঘটনার পরপরই মেহেদিকে আটক করতে এএসপি নাভারন সার্কেল জুয়েল ইমরান এবং শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলমের নেতৃত্বে এলাকায় পুলিশের সাড়াশি অভিযান শুরু হয়ে যায়। একপর্যায়ে সড়াশি অভিযানের দীর্ঘ ৭ ঘন্টাপর বিকাল ৫ টার দিকে উপজেলার আমলাই গ্রামের একটি ঘের থেকে মাদক ব্যবসায়ী মেহেদিকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় আটক করা হয়। এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ বদরুল আলম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন , ঘটনাস্হল থেকে হ্যান্ডক্যাপ নিয়ে মাদক ব্যবসায়ী মেহেদি পালিয়ে গেলে পুলিশের সাড়াশি অভিযান চালিয়ে বিকাল ৫টার সময় আমলাই গ্রামের একটি ঘের থেকে হ্যান্ডক্যাপ পরিহিত অবস্থায় তাকে আটক করা হয়। এব্যাপারে শার্শা থানায় মাদকদ্রব্য আইনে ৫জনকে আসামী করে মামলা দায়ের করে যশোর কোর্টে প্রেরণ করা হবে বলে ওসি বদরুল আলম জানান।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

অল্প বয়সেই চুল পাকছে ! কারি পাতা ব্যবহারেই সমাধান

নিজস্ব প্রতিবেদকঃ কর্মব্যস্ত জীবন। অবসাদ। স্ট্রেস। আর তার ফল অল্প বয়সেই চুল পেকে যাওয়া। অনেক ক্ষেত্রেই জিনগত কারণে অর্থাৎ পারিবারিক সূত্রে অল্পবয়সে চুল পেকে যাওয়ার ধাঁচ রয়েছে। কারও ক্ষেত্রে চুল পাকার মূলে রয়েছে পেটের সমস্যা। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিন্তু স্ট্রেস, ড্রায়ারের ব্যবহার, স্টাইলিং প্রোডাক্টের ব্যবহার, রোদে বেশি ঘোরাঘুরির কারণেও চুল পেকে যায়। এটি সহজেই আটকানো যেতে পারে। প্রাথমিক পর্যায়ে অকালপক্কতা নিরাময়ের জন্য একটি পাতা অত্যন্ত কাজে আসে। সেটি কারি পাতা। এই কারি পাতা যদি চুলের গোড়ায় লাগানো যায়, তা পুষ্টি বৃদ্ধি করে। নতুন চুলও গজায়। চুলের স্বাস্থ্যও ভাল থাকে। তাই নিজেকে খানিকটা সময় দিতেই পারেন। বাড়িতেই বানিয়ে নিতে পারেন কারি পাতার হেয়ার মাস্ক।

এই হেয়ার মাস্কের জন্য প্রয়োজন
• দু টেবিল চামচ নারকেল তেল
•  ১০-১২টি কারি পাতা

পদ্ধতি
• নারকেল তেল গরম করে নিতে হবে প্রথমে। এরপরই বার্নার বন্ধ করে পাতাগুলো দিয়ে দিতে হবে। পাতার গন্ধ ও পুষ্টিগুণ যাতে পুরোপুরি তেলের সঙ্গে মিশে যায়, সেই সময়টুকু দিতে হবে। অন্তত ২০ মিনিট। এর পর তেল পুরোপুরি ঠাণ্ডা হয়ে গেলে ঈষদুষ্ণ তেল ভাল করে মাথার চুলে ও চুলের গোড়ায় ম্যাসাজ করতে হবে।
• সারারাত সেই তেল মাথায় রেখে পরদিন শ্যাম্পু করা যেতে পারে। একই সঙ্গে পানি পাতিলেবু দিয়ে কন্ডিশনিংও করে নিতে হবে।
• ছুটির দিনে হাতে সময় অনেকটাই বেশি। সেক্ষেত্রে এই তেল মেখে তার পর কাজকর্ম সেরে গোসলের সময় মাথা ধুয়ে নিলেও উপকার মিলবে।
• আরও একটু বেশি ফল পেতে ধোওয়ার আগে চুলে ভিটামিন-ই তেল ব্যবহার করতে পারেন। চুল নরম হবে।
• বাড়িতে কারি পাতা থাকলে আজ থেকেই শুরু করে ফেলুন চুলের য্ত্ন নেওয়া।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

করোনা পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সে স্বাস্থ্যকর্মীদের বেতন বাড়লো ৮ বিলিয়ন ইউরো

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সে স্বাস্থ্যসেবা খাতে যারা কাজ করছেন তাদের বেতন প্রায় ৮ বিলিয়ন ইউরো বাড়ানো হয়েছে। করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে সৃষ্ট এই মহামারি পরিস্থিতিতে তাদের ভূমিকা বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। খবর বিবিসির। গত প্রায় সাত সপ্তাহ ধরে এই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ট্রেড ইউনিয়নের সঙ্গে দর কষাকষি চলছিলো। অবশেষে সোমবার এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হলো। সরকার ও সাধারণ মানুষ উভয়পক্ষ থেকেই তাদের কাজের প্রতি সম্মান দেখানো হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসে ফ্রান্সে প্রায় ৩০ হাজারের মতো মানুষ মারা গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দুই লাখের বেশি। ইউরোপের যেসব দেশ করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে তার মধ্যে অন্যতম ফ্রান্স। এদিকে নতুন এই পদক্ষেপ সম্পর্কে ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেন, এটা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে এক বিবৃতিতে বলেন, যারা এই করোনা মহামারিতে সরাসরি লড়াই করে যাচ্ছেন তাদের জন্য এটাই প্রথম কোনো স্বীকৃতি। যে পরিমান বেতন বৃদ্ধি করা হয়েছে তার মধ্যে অধিকাংশই নার্স, চিকিৎসা কর্মী এবং নন-মেডিকেল স্টাফদের জন্য। আর ৪৫০ মিলিয়ন ইউরো বরাদ্দ রাখা হয়েছে চিকিৎসকদের জন্য।

 

আলোকিত প্রতিদিনি/১৪৫ জুলাই’২০/এসএএইচ

 

গ্রানাডাকে হারিয়ে লা লিগার শিরোপা থেকে ২ পয়েন্ট দূরে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্কঃ ম্যাচের বাকি তখন ৫ মিনিট, রিয়াল মাদ্রিদ এগিয়ে ২-১ গোলে। জোরালো এক আক্রমণ করে স্বাগতিক গ্রানাডা। প্রথম চেষ্টায় তা পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি গোলরক্ষক থিবো কর্তোয়া। ফিরতি শটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল গ্রানাডা, একদম গোললাইন থেকে তা ফিরিয়ে দেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস। আর এর মাধ্যমেই নিশ্চিত হয় রিয়ালের মূল্যবান ৩টি পয়েন্ট। যা তাদের শিরোপা স্বপ্নকে নিয়ে এসেছে একদম হাতের মুঠোয়। লিগের ৩৬ ম্যাচ শেষে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট, বার্সার ঝুলিতে রয়েছে ৭৯। ফলে বাকি থাকা দুই ম্যাচে বার্সেলোনা পূর্ণ ৬ পয়েন্ট পেলেও কোন কাজ হবে না, যদি রিয়াল তাদের দুই ম্যাচ থেকে মাত্র ২ পয়েন্ট পেয়ে যায়। অর্থাৎ মাত্র ২ পয়েন্ট পেলেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে রিয়ালের। যা হতে পারে বৃহস্পতিবার ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচেই। ঘরের মাঠে সেদিন জয় পেলেই ২০১৬-১৭ মৌসুমের পর ফের লিগ চ্যাম্পিয়ন হবে রিয়াল। তাদের শিরোপা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে গ্রানাডার মাঠ থেকে ২-১ গোল জয় নিয়ে ফেরায়। সোমবার রাতের ম্যাচে মাত্র ১৬ মিনিটের মধ্যেই জোড়া গোল করে জিনেদিন জিদানের শিষ্যরা। দাপট দেখায় প্রথমার্ধের প্রায় পুরোটা সময়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়েছিল গ্রানাডা। তবে পারেনি রিয়ালের করা দুই গোলের জবাব দিতে। ম্যাচের ১০ মিনিটের মাথায় একক প্রচেষ্টায় প্রথম গোল করেন ফারল্যান্ড মেন্ডি। এর মিনিট ছয়েক পর লুকা মদ্রিচের বাড়ানো বল থেকে ব্যবধান দ্বিগুণ করেন করিম বেনজেমা। লিগে এটি তার ১৯তম গোল। প্রথমার্ধে আরও কিছু সুযোগ এসেছিল রিয়ালের সামনে। তবে কাজে লাগাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে ফিরে মাত্র ৫ মিনিটের মধ্যেই রিয়ালকে এক গোল শোধ করে দেয় গ্রানাডা। মাঝমাঠে ক্যাসিমেরোর ভুলে বল পান ইয়াঙ্গেল হেরেইরা। তার পাস ধরে কর্তোয়াকে পরাস্ত করেন ডারউইন ম্যাচিস। টানা ৫০৭ মিনিট নিজের অক্ষত রাখার পর গোল হজম করেন কর্তোয়া। এরপর আরও কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি গ্রানাডা।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

 

সুন্দরগঞ্জে বিল থেকে শিশুর লাশ উদ্ধার

সংবাদদাতা,গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বিল থেকে আবির হোসেন (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের চাকলিয়ার বিল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত আবির হোসেন রামভদ্র গ্রামের খয়বর হোসেনের ছেলে। সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহাবুর রহমান বলেন, বিকালে শিশু আবির হোসেন নিখোঁজ হয়। অনেক খোঁজা খুঁজির পর রাতে চাকলিয়ার বিল বিলে তার মরদেহ ভাসতে দেখা যায়। লাশ উদ্ধার করে ১৩ জুলাই সোমবার সকাল ১১টার দিকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

আলোকিত প্রতিদিন/১৪ জুলাই’২০/এসএএইচ

গাইবান্ধায় আরও ৯ জনের শরীরে করোনা শনাক্ত, মোট ৪৭৪

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় আরও ৯ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৭৪ জনে। রবিবার (১২ জুলাই) নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১, পলাশবাড়ীতে ৪ ও গাইবান্ধা সদর উপজেলার ৪ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। গাইবান্ধায় করোনা আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ১৯৮, গাইবান্ধা সদরে ৮৬, ফুলছড়িতে ২৪,সাঘাটায় ৩১, পলাশবাড়ীতে ৫৭, সুন্দরগঞ্জে ৩২ এবং সাদুল্লাপুর উপজেলায় ৪৬ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০৬ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ২৪৯ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১০ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪,গাইবান্ধা সদরে ১, সাদুল্লাপুরে ১,পলাশবাড়ীতে ৩ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জনের মৃত্যু হয়েছে।

 

আলোকিত প্রতিইন/১৩ জুলাই’২০/এসএএইচ