আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2541

কক্সবাজারে ২ হাজার ৫ শত ইয়াবাসহ যুবক আটক  

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেরিন ড্রাইভে অভিযান পরিচালনা করে ২ হাজার ৫শত ইয়াবাসহ রামু উপজেলার রশিদ নগরের মিজানুর রহমানকে আটক করা করেছে। বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন কলাতলী বেলী হ্যাচারী মোড় মেরিন ড্রাইভ রোডস্থ শফি ভাতঘর দোকানের সামনে থেকে তল্লাশী চালিয়ে ঐ মাদক পাচারকারীকে ২ হাজার ৫শত পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। আটককৃত মিজানুর রহমান (৩২) রামু উপজেলার রশিদ নগর এলাকার মোজাহের আহমদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। ধৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদকবিরোধী প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই’২০/এসএএইচ

মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু, নতুন শনাক্ত ২০

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান । মানিকগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ৫০ বছরের ওই নারীর বাড়ি সিংগাইর পৌরসভার মধ্যসিংগাইর এলাকায়। করোনা পজিটিভ অবস্থায় ১৪ জুলাই তাকে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এনিয়ে এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা রফিকুন নাহার বন্যা জানান, মঙ্গলবার রাতে প্রাপ্ত ৯৪ জনের রিপোর্টে ২০ জনের পজিটিভ পাওয়া গেছে। এই ২০ জনসহ জেলায় এ পর্যন্ত ৮২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অবশিষ্ট ১৭৩ জনের মধ্যে ২২ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে আছেন। করোনা আক্রান্ত হয়ে ১২ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন ১৬ জন। অপরদিকে ১২৩ জন নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের শারীরিক অবস্থা ভালো রয়েছে। এ পর্যন্ত জেলায় ৭ হাজার ৪৮৯ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয় এবং ৭ হাজার ৮৪ জনের ফলাফল পাওয়া যায়। এর মধ্যে ৮২৯ জনের পজিটিভ পাওয়া গেছে।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই২০/এসএএইচ

ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি গ্রেফতার

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ফুলবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে,জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অব্যাহতভাবে পরিচালিত হচ্ছে মাদকবিরোধী অভিযান। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বালাতারি এলাকায় এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের চারজনের একটি টিম অভিযান চালায়। অভিযানে ফুলবাড়ীর কুখ্যাত মাদক ব্যবসায়ী ৫ মামলার আসামি বালাটারি গ্রামের বাসিন্দা মৃত আজাহার আলীর ছেলে আব্দুল কাদের (৩৩) ও মোক্তারাম ত্রিমোহনি গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে শফিউজ্জামান শাহিন ওরফে শাহিন আলী ওরফে মার্ডার শাহিন(৩৩) কে ২৭ ফেন্সিডিলসহ আটক করা হয়। এসময় পুলিশ তাদের দুটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন সেট জব্দ করে থানায় নিয়ে আসে। আটক শাহিনের বিরুদ্ধে ফুলবাড়ী ও কুড়িগ্রাম থানায় হত্যা, অস্ত্র ও মাদকের ১৫ টি মামলা ছিল। সে জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড আসামী ছিল। বর্তমানে সে লালমনিরহাট জেলাধীন খেদাবাঘ সেলিম নগরে তার শশুরবাড়ীতে থাকত। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হবে।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই’২০/এসএএইচ

 

 

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে, ডোনাল্ড ট্রাম্প চীনবিরোধী নানা পদক্ষেপ ততই জোরাল করছেন। বাণিজ্য যুদ্ধের পাশাপাশি দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের সম্পর্ক ইতোমধ্যে জটিল আকার ধারণ করেছে। এর মাঝে আগামী ৭২ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে মার্কিন প্রশাসন; যা চীনকে স্বাভাবিকভাবেই ক্ষেপিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে বেইজিং। চীনের সরকারি সংবাদমাধ্যমগুলোতে নির্বাচনী স্বার্থ হাসিলে ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বেপরোয়া এবং বিপজ্জনক’ এই পদক্ষেপের জন্য মাশুল গুনতে হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে। মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বাইগান হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশের পেছনে একগাদা অভিযোগ সামনে এনেছেন। বেইজিংয়ের ক্রমবর্ধমান কট্টর ও আগ্রাসী বিভিন্ন ধরনের পদক্ষেপের কারণে মার্কিন প্রশাসন হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতা, সাবেক কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা বলছেন, চীনের সাইবার ও শিল্প গুপ্তচরবৃত্তি, হংকং- জিনজিয়াংয়ে মানবাধিকারের লঙ্ঘন এবং দক্ষিণ চীন সাগরে সম্প্রসারণবাদী আগ্রাসন ঠেকাতে শক্তিশালী একটি ধাক্কার দরকার ছিল। কিন্তু হঠাৎ করেই হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পেছনে ট্রাম্পের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে অনেকেই ধারণা করছেন। তারা বলছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়াতে অত্যন্ত সুচারুভাবে বেইজিংয়ের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচনের আগে জনমত জরিপে ট্রাম্পকে এগিয়ে রাখতে চীনের বিরুদ্ধে চড়াও হওয়ার একটি গোপন রূপরেখা তৈরি করেছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা। সমালোচকরা বলছেন, করোনাভাইরাস মহামারিতে সৃষ্ট বিপর্যয় এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি মোকাবিলায় হোয়াইট হাউসের ব্যর্থতার দায় আড়াল করার চেষ্টা করছেন তারা। গত নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী জয়ের নেপথ্যে অর্থনৈতিক জাতীয়তাবাদের জোয়ার তৈরির ভূমিকা ছিল অনবদ্য; এবারও সেই ধারায় ফেরার চেষ্টা চলছে। চীনে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক বাণিজ্য সহকারী জেফ মুন বলেন, পররাষ্ট্র দফতর বলেছে যে, মেধাস্বত্ব চুরির প্রতিক্রিয়ায় হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু সাবেক এই মার্কিন বাণিজ্য সহকারীর প্রশ্ন : যদি তাই হবে, তাহলে কেন শুধুমাত্র একটি কনস্যুলেটই টার্গেট করা হলো?

তিনি বলেন, এটাই যদি আসল কারণ হয়, তাহলে সান ফ্রান্সিসকোতে সিলিকন ভ্যালির কাছে চীনা কনস্যুলেট বন্ধ করতে হবে। হঠাৎ চীনা কনস্যুলেট বন্ধ করে দেয়ার পেছনে মার্কিন প্রেসিডেন্টের রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন মুন। সিএনএনকে তিনি বলেন, চীনের বিরুদ্ধে এই পদক্ষেপ ট্রাম্পের সমর্থকদের জন্য লাল মাংসের মতো; যারা ট্রাম্পের কোভিড-১৯ মোকাবিলায় নেয়া পলিসি থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরাতে চীনের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য মুখিয়ে থাকেন। মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র মর্গান ওর্টাগাস বলেছেন, আমেরিকার মেধাস্বত্ব এবং গোপনীয় তথ্য সুরক্ষায় হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু হঠাৎ করেই কেন কনস্যুলেট বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত এল সেব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনও তথ্য দেননি তিনি। চীনের ব্যাপারে বৃহস্পতিবার বিবৃতি দেয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেওর। বেইজিংয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে মাত্রই তিনি ইউরোপ সফর শেষ করেছেন। নির্বাচনের মাত্র চার মাস আগে চীনের সঙ্গে এ ধরনের দ্বন্দ্বের পেছনে রাজনীতির গন্ধ পাচ্ছে দেশটির প্রধানবিরোধী দল ডেমোক্র্যাটও। নির্বাচন অথবা দুই দেশের সামগ্রিক দ্বন্দ্বে চীনের সাম্প্রতিক বিশেষ কোনও গোয়েন্দা তৎপরতার ব্যাপারে জানেন না বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট দলীয় সিনেটর অ্যাঙ্গুস কিং। তিনি বলেন, চীনকে মোকাবিলা করার একটি ভালো উদ্দেশ্য আছে। আমার উদ্বেগ হলো- এই উত্তেজনা বাড়িয়ে কি চীনকে মোকাবিলা করা যাবে? অথবা চার মাস পরের নির্বাচনের সঙ্গে এর কি কোনও সম্পর্ক আছে?

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই’২০/এসএএইচ

 

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২৮৫৬, মৃত্যু ৫০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ৮৫৬ জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৯২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১২ হাজার ৩৯৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৭৯ হাজার সাতটি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৮৫৬ জন। ফলে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৬ হাজার ১১০ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫০ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৮০১ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬জন। এতে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১৯ হাজার ২১০ জনে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৪১ জন এবং নারী ৯ জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব ৩জন, চল্লিশোর্ধ্ব ৭জন, পঞ্চাশোর্ধ্ব ১২ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব ৮ জন এবং ৮০ বছরের বেশি বয়সী ৪জন ছিলেন। বুলেটিনে আরো বলা হয়, করোনার নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ০৪ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ০৩ শতাংশ। শনাক্ত রোগীর বিবেচনায় এ পর্যন্ত সুস্থতার হার ৫৫ দশমিক ১৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২৩ জুলাই২০/এসএএইচ

সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৫৬

নিজস্ব প্রতিবেদকঃ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সিলেটের ও দুইজন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে বুধবার (২২ জুলাই) দুপুর পর্যন্ত মোট ১২৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেটের ৯১ জন, সুনামগঞ্জের ১৩ জন, হবিগেঞ্জের ১০ জন ও মৌলভীবাজারের ১০ জনের মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৬ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭ হাজার ৪৬ জন। বুধবার (২২ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। সবশেষ বুধবার দুপুর ১২টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলায় তিন হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে এক হাজার ৩৪৪, হবিগঞ্জে এক হাজার ৯১ এবং মৌলভীবাজারে ৮৯৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৭ এপ্রিল সিলেট বিভাগে প্রথম সুনামগঞ্জে দুই রোগী করোনাভাইরাস জয় করে বাড়ি ফেরেন। এরপর প্রতিদিনই বিভাগের বিভিন্ন জেলার রোগীরা করোনা জয় করে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগের দুই হাজার ৯০১ জন রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটের ৯৪১ জন, সুনামগঞ্জের ৯৯৬ জন, হবিগঞ্জের ৫০৬ জন ও মৌলভীবাজারের ৪৫৮ জন রয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই’২০/এসএএইচ

 

প্রভাবশালী কর্তৃক নদীর গতিপথ দখল, জমি রক্ষার দাবিতে মানববন্ধন

সংবাদদাতা, ফুলবাড়ী(দিনাজপুর): দিনাজপুরের ফুলবাড়ীতে প্রভাবশালী কর্তৃক নদীর গতিপথ দখল করে গাছ লাগানোর কারণে নদীর পানি পাড় ভেঙ্গে আবাদি জমিতে প্রবেশ করে শত-শত বিঘা জমি নদীতে পরিণত হওয়ার প্রতিবাদে জমি রক্ষার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় স্থানীয় ক্ষতিগ্রস্থ এলাকাবাসী নদীর পূর্বের সঠিক গতিপথ সৃষ্টি করে নিজ জমি উদ্ধারের দাবিতে নদীর পাড়ে সমবেত হয়ে শতশত নারী-পুরুষ ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। জানা যায়, উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের লালপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া শাখা যমুনা নদীর মূল শ্রোতে স্থানীয় প্রভাবশালী কর্তৃক বাঁধ নির্মাণ করে গাছের বাগান লাগানোর কারণে নদীর গতিপথ পরিববর্তন হয়ে নদীর পাড় ভেঙ্গে শত শত একর তিন ফসলী জমি নদীতে পরিনত হয়। সংশ্লিষ্ট ইউ,পি সদস্য মকসেদুল ইসলাম জানান, ইউপি চেয়ারম্যান আবু তাহেরর নিজস্ব লোকজন এই নদীর গতিপথ বন্ধ করে গাছের বাগান বানিয়েছেন। সে কারণে আজ এই এলাকার অনেক গরীব অসহায় মানুষের একমাত্র সম্বল জমি হারিয়ে দিশেহারা। উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি গুরুত্ব দিয়ে দ্রুত নদীর সঠিক গতিপথ উদ্ধার করে এই অসহায় মানুষগুলোকে বাঁচানোর অনুরোধ করছি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কানিজ আফরোজের সাথে কথা হলে তিনি জানান, সংশ্লিষ্ট বিষয় নিয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি । আপনাদের মাধ্যমে জানতে পারলাম। খুব দ্রুত বিষয়টি সমাধানের চেষ্টা করবো।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই২০/এসএএইচ

 

জয়পুরহাটে যুবদলের ১০টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষনা

সংবাদদাতা, জয়পুরহাটঃ জয়পুরহাট জেলা যুবদলের ৫ থানা ও পৌরসভার ১০টি ইউনিটের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছ। বুধবার (২২ জুলাই) জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনা মোতাবেক জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পুলিশি বাধার কারণে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের বাস ভবনে রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক (রাজশাহী বিভাগ) এএইচ এম ওবায়দুর রহমান সুইট এর সভাপতিত্বে কমিটি ঘোষনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র। জয়পুরহাট সদর থানার আহবায়ক হলেন- কাজী শহিদুল ইসলাম এবং যুগ্ম আহবায়ক আব্দুল মাবুদ, জয়পুরহাট পৌর আহবায়ক ইফতেখারুল আবেদীন রুপক এবং যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান। পাঁচবিবি থানার আহবায়ক এম এ মাসুম ও যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক রাজু। এছাড়াও কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর থানা ও পৌরসহ মোট ১০টি ইউনিটের ৩১ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক জানান, আগামী এক মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে প্রতিটি ইউনিটের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক তৌফিকুল ইসলামসহ জেলা যুবদলের ১০টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ। সভায় সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, বর্তমান সরকার করোনা মহামারিতে জনগণের জান ও মালের নিরাপত্তা দিতে চরম ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্যসেবার নামে লুটপাটের মহা উৎসবে মেতে উঠেছে, তাই বিভিন্ন মহলের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবী বাস্তবায়নে জেলা যুবদলের নেতা কর্মীদের আন্দোলন জোরদার করার মাধ্যমে সরকার পতনের আহবান জানান।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই২০/এসএএইচ

 

 

 

মহিপুরে দেশী চোলাই মদসহ গ্রেফতার-৩

সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): মহিপুরে দেশী ১ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আলীপুরের মুসলিশ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো- চাপাইনবাবগঞ্জের রাজারামপুর এলাকার বিপ্লব হোসেন সোহেল (২২), খুলনার সোনাডাঙ্গার নাজিরঘাট এলাকার আবদুস সালাম (২৭) ও মাদারীপুরের মধ্য খাগদী এলাকার শাকিবুল হাসান (২২)। পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল মুসলিম মিষ্টান্ন ভান্ডারের সামনে অভিযান চালিয়ে মদ কেনা বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করে। এসময় তাদের কাছ থেকে প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটারের ১ টি প্লাষ্টিক বোতলে ধারনকৃত ১ লিটার মদ জব্দ করা হয়। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, আটককৃতদের বিরেদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই২০/এসএএইচ

 

গাইবান্ধায় ব্রহ্মপুত্রের পানি এখনো বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপরে

সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কিছুটা কমলেও তিস্তা এবং করতোয়া নদীর পানি বেড়েই চলেছে। ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি কমলেও সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার বন্যা উপদ্রুত এলাকার বসতবাড়ি একটানা দীর্ঘদিন পানিতে নিমজ্জিত থাকায় বন্যা কবলিত এলাকার মানুষরা চরম দুর্ভোগের কবলে পড়েছে। বিশেষ করে কাঁচা ঘরবাড়িগুলো বন্যার পানিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে এবং পানির স্রোতে ভেসে যাওয়ায় তারা বিপাকে পড়েছে। বিভিন্ন স্থানে আশ্রয় নেয়া লোকজনরা এখনও বসতবাড়িতে ফিরে যেতে পারছে না। ফলে চরম দুর্দশার মধ্যে দিন কাটছে তাদের। সরকারি ত্রাণ তৎপরতা অপ্রতুল হওয়ায় এসব পরিবার তেমন কোন সহায়তা পায়নি। বন্যার পানির স্রোতে নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি, গোবিন্দপুর, পাতিলাবাড়ি, নলছিয়া, কালুরপাড়া ও বেড়া গ্রামের দুশতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে করতোয়া এবং তিস্তা নদীর পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। করতোয়া নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ি উপজেলার নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা নতুন করে বন্যা আতংকে রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২২ জুলাই২০/এসএএইচ