আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2539

সুন্দরগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সংবাদদাত, গাইবান্ধাঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রোজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ছামিউল ইসলামকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত গৃহবধূ রামধন গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। অভাবের কারণে ঢাকায় পোষাক শ্রমিকের কাজ করতেন গৃহবধূ রোজিনা। আর তার স্বামী ছামিউল ইসলাম ঢাকায় কাঠমিস্ত্রীর কাজ করতেন। দু’জনের মধ্যে দা¤পত্য কলহ চলে আসছিল। প্রায় একমাস আগে ঢাকা থেকে রোজিনা তার বাবার বাড়িতে চলে আসে। পরে  ছামিউল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় সালিশের মাধ্যমে রোজিনাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। পারিবারিক বিষয়ে ২৪ জুলাই শুক্রবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ মারার কথা বলে রোজিনা বেগমকে বাহিরে নিয়ে যায় ছামিউল। বাড়ির পাশেই বিলের মাঝে নিয়ে গিয়ে কাঠমিস্ত্রীর কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রোজিনাকে হত্যা করে ছামিউল। রোজিনা বেগমের চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এলে ছামিউল তাদেরকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয়। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছামিউল পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

টাঙ্গাইলে আইজিপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করলেন পুলিশ সুপার

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ‘আইজিপি’ বেনজীর আহমেদ এর পক্ষ থেকে পানিবন্দি অসহায়-হতদরিদ্র ২’শ ৫০টি বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বিপিএম। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সাংসদ ছোট মনির, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শাহিনুল ইসলাম ফকির, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ত্রাণের মধ্যে- ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ টি শাড়ী, ১ টি লুঙ্গি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ১ লিটার তেল ও ১ টি সাবান ছিল।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

কুতুবদিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক 

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে আব্দুল আলিম ওরফে আব্দুইয়া (৪২) নামে এক ব্যক্তিকে ইয়াবা বিক্রির দায়ে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাতে বড়ঘোপ ইউনিয়নের বড়ঘোপ বাজারে অভিযান পরিচালনা করে ২৩ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। আব্দুইয়া উত্তর বড়ঘোপ ইউনিয়নের লাল ফকির পাড়া এলাকার গোলাম রশিদের ছেলে। শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি এ কে এম সফিকুল আলম চৌধুরী। ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় আব্দুইয়াকে গ্রেফতার করা হয়েছে। সে একজন খুচরা ইয়াবা বিক্রেতা। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ২৫ জুলাই বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। এছাড়া তার বিরুদ্ধে মাদক আইনে কুতুবদিয়া থানায় বেশ কয়েকটি মামলাও রয়েছে।’

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫২০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৮৭৪ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৫২০ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২১ হাজার ১৭৮ জনে। শনিবার (২৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৬১৫টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয় ১০ হাজার ৪৪৬টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ এক হাজার ৪৮০টি। নতুন নমুনা পরিক্ষায় করোনা ধরা পড়েছে ২ হাজার ৫২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ২১ হাজার ১৭৮ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী ৯জন। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৮৭৪ জন। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪১৪ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২২ হাজার ৯০ জনে। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৪ দশমিক ১২ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ০৮ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ২০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’ ২০/এসএএইচ

পেটের পীড়ার চিকিৎসার জন্য লন্ডন গেলেন তামিম

নিজস্ব প্রতিবেদকঃ দেশের নামি ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তামিম ইকবালের শরীরে কোনো সমস্যা নেই অথবা থাকলেও সেটি নির্ণয় করা সম্ভব হচ্ছে না। কিন্তু হুট করেই প্রচণ্ড পেটের ব্যথায় ভোগেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম। যা একপ্রকার শয্যাশায়ী করে ফেলে তাকে। যার ফলে বেশ কয়েকজন ক্রিকেটার যখন ব্যক্তিগত উদ্যোগে একক অনুশীলনে মাঠে ফিরেছেন, তখন পেটের পীড়ার চিকিৎসার কথাই ভাবতে হচ্ছে তামিমকে। আর এক্ষেত্রে দেশে উপায়ন্ত করতে না পেরে বাধ্য হয়েই লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তামিম। আজ শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম। দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ক্রিকেট অন্তঃপ্রাণ সংগঠক ওয়াসিম খান। তিনি আজও তামিমকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। এদিকে যুক্তরাজ্য সরকারের নিয়মানুযায়ী লন্ডন পৌঁছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তামিম। তাকে আগে নিজ খরচে থাকতে হবে দুই সপ্তাহের সেলফ কোয়ারেন্টাইনে। এ সময়ের মধ্যে তার মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ দেখা না দিলেই বাইরে বের হওয়ার অনুমতি পাবেন। প্রসঙ্গতঃ মাসখানেক যাবত পেটের পীড়া ভোগাচ্ছে তামিম ইকবালকে। প্রায়ই পেটে অসহনীয় ব্যথা অনুভব করছেন। করোনার ভেতর দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোয় আছে ঝক্কি। তাই প্রথমে দেশেই বিশেষজ্ঞদের শরণাপন্ন হওয়ার চেষ্টায় ছিলেন দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা। কিন্তু দেশে পরীক্ষানিরীক্ষার পর স্থানীয় চিকিৎসকরা সেভাবে রোগ ধরতে পারেননি। তাই বিদেশে চিকিৎসা করানোর সিদ্ধান্ত তামিম ইকবালের। পেটের ব্যথা থেকে মুক্তি পেতে চিকিৎসার জন্য দেশসেরা ওপেনারের প্রথম পছন্দই ছিল লন্ডন এবং লন্ডন যাওয়ার ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার চেষ্টাও চলছিল কদিন ধরেই। তা চূড়ান্ত হতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন তামিম।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

লাদাখের সীমান্ত থেকে সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত-চীন

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লাদাখের যে এলাকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাত হয়েছিল দু’দেশই সেখান থেকে পুরোপুরি সেনা সরিয়ে নিতে রাজি হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে সেনা সরিয়ে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে যে, দু’দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ও দু’দেশের সামগ্রিক উন্নতির জন্য সীমান্তে শান্তি বজায় রাখা জরুরি। সে কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনারপর শুক্রবার (২৪ জুলাই) সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে একমত হয় ভারত ও চীন। গত ১৪ জুলাই সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকের পর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে অনুযায়ী সেনা সরানোর কাজ হয়নি। তাই নতুন করে আরও একবার বৈঠক হয়েছে। এবারের বৈঠকে দু’দেশই জানিয়েছে যে, তারা সেনা সরিয়ে নেবে। ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দু’দেশ সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। কিন্তু কীভাবে সেনা সরিয়ে নেওয়া হবে তা নিয়ে দু’দেশের সেনা পর্যায়ে খুব শিগগিরই আরও একটি বৈঠক হবে। সেখানেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একটি বিবৃতিতে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সীমান্ত এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে রাজি হয়েছে চীন। দু’দেশের মধ্যে চুক্তি অনুযায়ী যেন শান্তি বজায় থাকে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৫ জুলাই থেকে দু’দেশের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছে। অবশেষে দু’পক্ষই এ বিষয়ে একমত প্রকাশ করেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গত ৫ জুলাই প্রায় দু’ঘণ্টা ধরে ফোনে কথা বলেছেন। সে সময় পূর্ব লাদাখে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘাত ও সীমান্তে উত্তেজনা প্রশমন নিয়ে আলোচনা হয়। তারপরেই ৬ জুলাই থেকে কূটনৈতিক স্তরের আলোচনা শুরু হয় দু’দেশের মধ্যে। কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, অবশেষে শুক্রবার দু’দেশই সিদ্ধান্ত নিয়েছে যে, এতদিন দু’দেশের মধ্যে উচ্চপর্যায়ের যে বৈঠক হয়েছে সেই সিদ্ধান্তগুলো কার্যকর করতে হবে। তারপরেই দু’দেশ সিদ্ধান্ত নেয় যে খুব তাড়াতাড়ি ভারত ও চীনের সেনা পর্যায়ের আরও একটি বৈঠক হবে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে কীভাবে ও কখন সেনা সরিয়ে নেবে দু’দেশ। এই সিদ্ধান্ত কার্যকর ও সীমান্তে শান্তি বজায় রাখতে দু’দেশকেই সমানভাবে এগিয়ে আসতে হবে বলে ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

বীরগঞ্জে টিএমএসএস-এর উদ্যোগে ঘরবন্দি ১৫২টি পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): বীরগঞ্জে টিএমএসএস কর্তৃপক্ষ ১৫২টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল এগারোটায় ফাতেমাতু জহুরা হাসপাতাল প্রাঙ্গণে ১৫২টি পরিবারের মাঝে চাল, ডাল, মিষ্টি কুমড়া, আলু-পটল, সাবান ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করেন বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের করিমপুর গ্রামে প্রতিষ্ঠিত টিএমএসএস কর্তৃপক্ষ। ফাতেমাতু জহুরা হাসপাতালের পরিচালক মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০নং মোহনপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন টিএমএসএস নীলফামারী জোনাল ম্যানেজার রেজওয়ান আলী, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ আবেদ আলী, আবাশিক মেডিকেল অফিসার ডাঃ সাফায়েত হোসেন, সাংবাদিক ও কলামিষ্ট মোঃ মোশাররফ হোসেন এবং ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস খানসামা শাখা প্রধান মোকছেদুল হক, মেডিকেল অফিসার ডাঃ সালসাবিন বিনতে ইসলাম, ডাঃ আসিব হাসান সহ এসময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, নার্স-আয়াসহ এলাকার গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ

 

আশুলিয়ায় জিরাবো উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও ঈদগাহ মাঠ’র কাজের উদ্বোধন 

প্রতিনিধি, সাভারঃ সাভারের আশুলিয়ায় জিরাবো উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ ও জিরাবো জয়ণ্ডন্নেছা জামিয়াতুল উলুম মাদ্রাসা ঈদগাহ মাঠের কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জিরাবো স্কুল মাঠে এ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব তাই বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধা সামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মঞ্জু, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, স্থানীয় আওয়ামী লীগ নেতা দেওয়ান লিয়াকত, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাজু দেওয়ানসহ অনেকেই।

 

আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ

 

টাঙ্গাইলে ভ্যান চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের বাসাইলে মজিবর রহমান (৪০) নামের এক ভ্যান-রিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে ঝিনাই নদীর তীরবর্তী উপজেলার আদাজান ব্রিজ এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মজিবর রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার রামপুর গ্রামের শামছুদ্দিন ফকিরের ছেলে। মজিবর জেলার কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার ঈদগাহ মাঠ এলাকায় ভাড়া বাসা নিয়ে ভ্যান-রিকশা চালাতেন। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বলেন, গত ১৯ জুলাই মজিবর কালিহাতী উপজেলার এলেঙ্গা এলাকায় নদীর পাড়ে ঘুড়ি ওড়াচ্ছিলেন। এসময় ঘুড়িটি নদীতে পড়ে যায়। পরে তিনি ঘুড়ি উদ্ধারের জন্য নদীতে নেমে ডুবে যায়। এরপর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারে ব্যর্থ হন। পরে মরদেহটি নদীর পানিতে ভেসে উপজেলার আদাজান এলাকায় এসে আটকে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি জানান।

 

আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ

ফুলবাড়ীতে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ ও বিজিবি অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গামোড় সড়ক থেকে তাদেরকে দুইকেজি গাঁজাসহ আটক করে ফুলবাড়ী থানার এসআই প্রভাত ও এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার খড়িবাড়ী বাজার সংলগ্ন রাবাইতারী এসবি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ভাঙ্গামোড় সড়কে গোপন সংবাদের ভিত্তিতে ওঁতপাতে ফুলবাড়ী থানা পুলিশের এসআই প্রভাত ও এএসআই সিরাজুল ইসলামসহ পুলিশের একটি টিম। এসময় পুলিশের পাতানো ফাঁদে জরিয়ে পরে দুই মাদকব্যবসায়ী। পুলিশ তাদের দুই কেজি গাঁজাসহ আটক করে থানায় নিয়ে আসে। আটক মাদকব্যবসায়ীদের নিকট হতে দুই কেজি গাঁজা, একটি মোটর বাইক ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটরি মিস্ত্রিপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে রুবেল হোসেন চোকা (২৪) ও আজোয়াটারি (কলমদারটারি) গ্রামের আমিনুল ইসলামের ছেলে নুর আলম(২০)। অপরদিকে কাশিপুর বিওপি বিজিবি সদস্যদের পৃথক এক অভিযানে গংগার হাট বাজারের কাছ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নাগেশ্বরীর এগার মাথা গ্রামের বাসিন্দা শফিকুল ইসলামের ছেলে শাহরিয়ার আহমেদ(১৮) কে ৫২ পিচ ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজীব কুমার রায় বলেন, আটক মাদকচোরাকারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এসময় মাদকবিরোধী অভিযানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ফুলবাড়ীকে মাদকমুক্ত করতে পুলিশি অভিযানের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িত কাউকেই বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না।

 

আলোকিত প্রতিদিন/২৪ জুলাই’২০/এসএএইচ