আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2538

কোরবানির পশুর হাট মনিটরিং করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের টিম

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ঈদ-উল-আজহা উপলক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য বিষয় তদারকির জন্য ৮টি মনিটরিং টিম গঠন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। প্রত্যেক টিমে মন্ত্রণালয়ের একজন করে উপসচিবকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন হাটের জন্য ১৮টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রমের জন্য ৪টি কোরবানির হাট ব্যবস্থাপনা মনিটরিং টিম ও ১টি কন্ট্রোল রুম ব্যবস্থাপনা টিম গঠন করেছে অধিদপ্তর। এছাড়াও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে সারাদেশের কোরবানির পশুর হাটের জন্য ১ হাজার ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। পাশাপাশি এ সকল কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় মনিটরিং টিমও গঠন করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

১৯৫০ সালের রেকর্ডে ভাগ বসালেন লুকাকু

ক্রীড়া ডেস্কঃ ইতালিতে এসেই যেন নিজের খোলস ছেড়ে বের হয়েছেন রোমেলু লুকাকু। একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সমর্থকদের মন জুগিয়ে নিচ্ছেন। এবার তো দারুণ এক রেকর্ডই গড়ে নিলেন। জেনোয়ার বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে ইন্টার মিলানের হয়ে জোড়া গোল করেছেন এই বেলজিয়াম তারকা ফরোয়ার্ড। আর তাতেই ১৯৫০ সালের পর প্রথম নেরাজ্জুরি ফুটবলার হিসেবে অ্যাওয়ে ম্যাচে ১৫ গোল করে অসাধারণ এক কীর্তি গড়েন তিনি। সিরি’আ লিগের ম্যাচে খেলার ৩৪ মিনিটে দলকে লিড এনে দেন লুকাকু। দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস সানচেজ। আর যোগ করা সময়ে জোড়া গোল পূর্ণ করে ইন্টারের জয় নিশ্চিত করেন তিনি। ইতালিয়ান শীর্ষ লিগে এনিয়ে অ্যাওয়ে ম্যাচে ১৫টি গোল করলেন লুকাকু। যেটি ৭০ বছর পর কোনও নেরাজ্জুরি খেলোয়াড় করে দেখালেন। যেখানে ১৯৫০ সালে গড়া স্তেফানো নায়েরসের রেকর্ডে ভাগ বসালেন তিনি। করোনাভাইরাসের কারণে তিন মাস লিগ স্থগিত হওয়ার পর ফের শুরু হলে ফর্মে তুঙ্গে দেখা যায় লুকাকুকে। মধ্য জুন থেকে নিজের শেষ ৯ ম্যাচে ৬টি গোল করেছেন তিনি। যেখানে সিরি’আতে এখন পর্যন্ত করেছেন ২৩টি গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে তার গোলসংখ্যা ২৯। এদিকে শনিবারের এ জয়ে লিগ টেবিলের দ্বিতীয়স্থানে উঠে এল ইন্টার। যদিও অ্যান্তোনিও কোন্তের দলের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা খুবই কম। যেখানে শীর্ষে থাকা জুভেন্টাস নিজেদের শেষ তিন ম্যাচের একটিতে জিতলেই শিরোপার উৎসব করবে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

ভোলায় করোনা শনাক্তে ল্যাব স্থাপন

নিজস্ব প্রতিবেদকঃ করোনা (কোভিড-১৯) ভাইরাস শনাক্তে নতুন করে স্থাপন করা হয়েছে আরও একটি আরটি-পিসিআর ল্যাবরেটরি। বরিশালের ভোলায় চালু হয়েছে নতুন এ ল্যাব। এ নিয়ে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে মোট পরীক্ষাগারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১টিতে। রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৮১টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৮টি নমুনা। এর মধ্যে নতুন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৫৭ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫৪ জন। ফলে এ নিয়ে মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

বিমান চলাচলে ২২ দেশকে সবুজ সংকেত দিয়েছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্কঃ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ধীরে ধীরে বিমানবন্দর চালু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। করোনা মহামারির কারণে কয়েক মাস ধরেই দেশটিতে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ছিল। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৫ আগস্ট থেকে পুনরায় দেশটির বিমানবন্দরগুলো চালু হতে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের বিমান সংস্থাকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জর্ডানের বিমানবন্দরগুলো প্রস্তুত আছে। সিভিল এভিয়েশন রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান হাইথাম মিসতো জর্ডানের টিভি চ্যানেল আল মামলাকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। নির্দিষ্ট কিছু দেশের জন্য জর্ডানের বিমানবন্দরগুলো খুলে দেওয়া হচ্ছে। তবে এক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানানো হয়েছে। জর্ডানের তথ্য বিষয়ক মন্ত্রী আমজাদ আল আদাইলেহ জানিয়েছেন, স্বাস্থ্যগত বিভিন্ন বিধি-নিষেধ অনুযায়ী দেশের বিমানবন্দরগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হবে। তবে কিছু নির্দিষ্ট দেশের ফ্লাইট চলাচল করতে পারবে। এক্ষেত্রে ২২টি দেশকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এসব দেশের সঙ্গে জর্ডানে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। যেসব দেশ থেকে জর্ডানে বিমান আসা যাওয়া করতে পারবে সেগুলো হলো- অস্ট্রেলিয়া, কানাডা, চীন, সাইপ্রাস, ডেনমার্ক, এস্তোনিয়া, জর্জিয়া, জার্মানি, গ্রীনল্যান্ড, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুনিয়া, মালয়েশিয়া, মাল্টা, মোনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, তাইওয়ান এবং থাইল্যান্ড। সবুজ সংকেত পাওয়া এসব দেশ থেকে যেসব পর্যটকরা জর্ডানে ভ্রমণ করবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বলে জানানো হয়েছে। তবে তাদের অবশ্যই ভ্রমণের আগে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এছাড়া সবুজ সংকেত পাওয়া দেশগুলোর তালিকা প্রতি দু’সপ্তাহ পর পর পরিবর্তন হতে পারে বলেও জানানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই২০/এসএএইচ

 

দেশে করোনায় মারা গেলেন আরও ৫৪ জন, শনাক্ত ২২৭৫

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯)ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ২ হাজার ২৭৫ জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৯২৮ জনে। রোববার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৪৪১টি নমুনা সংগ্রহ করা হয় এবং ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ১১ হাজার ৫৫৮টি। নতুন পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ২ হাজার ৯২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৭৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ২৩ হাজার ৮৮২ জনে। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১০ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই২০/এসএএইচ

 

বীরগঞ্জে ঢেপা নদীতে গোসল করতে গিয়ে কিশোর ফাহিমের মৃত্যু

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার ঢেপা নদীতে গোসল করতে গিয়ে কিশোর ফাহিম ইসলাম (১৩)’র সলিল সমাধি ঘটে। উপজেলার ৬নং নিজপাড়া ইউনিয়নের নিজপাড়া কালিনগর গ্রাম নিবাসী রাজমিস্ত্রি আশরাফুলের ছেলে বীরগঞ্জ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্র ফাহিম বাড়ীর পাশে ঢেপা নদীতে প্রতিদিনের ন্যায় গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হঠাৎ প্রবল স্রোতের টানে পানির নীচে তলিয়ে যায়। সংবাদ পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা নদীতে অনুসন্ধান করে অনেক খোঁজাখুজির পর ফাহিমের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। ফাহিমের লাশ উদ্ধারের পর জানাযা ও দাফন সম্পন্ন করা হয়েছে। কিশোর ফাহিমের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

চাঁপাইনবাবগঞ্জে গরু-ছাগলের হাটে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ঐতিহ্যবাহী সোমবারের গরু-ছাগলের হাটে ক্রেতাদের নিকট থেকে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগি ক্রেতারা সাংবাদিকদের নিকট নির্ধারিত খাজনার চেয়ে অতিরিক্ত খাজনা নেয়া হচ্ছে মর্মে ইজারাদারদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগে জানা যায়, গরু প্রতি ৭ শত টাকা ও ছাগল প্রতি ৫ শত টাকা পর্যন্ত খাজনা নেয়া হচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, হাটগুলোতে খাজনা তালিকার কোন বিলবোর্ড নেই। তাছাড়া করোনাকালে সামাজিক দূরুত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছেনা। এ প্রসঙ্গে রহনপুর গরু-ছাগল হাটের ইজারাদার আবুল খায়ের সুমন জানান, পূর্বে কম থাকলেও বর্তমানে গরু প্রতি ৫ শত টাকা ও ছাগল প্রতি ২ শত ৫০ টাকা করে খাজনা নেয়ার বিধান রয়েছে। তিনি রাজশাহীতে অবস্থান করেন বিধায় খাজনা বেশী নেয়ার তথ্য তার জানা নেই। তবে তার অংশীদার ও প্রতিনিধিগণ যদি খাজনা বেশী নিয়ে থাকেন তাহলে তা সংশোধন করা হবে। ক্রেতাদের নিকট দেয়া খাজনা রশিদে খাজনার পরিমাণ না থাকার বিষয়ে তার দৃষ্টি আর্কষণ করা হলে তিনি জানান, তারা অনেক হাটের ইজারাদার হলেও কোথাও কোন রশিদে টাকার পরিমাণ উল্লেখ করে না। এ প্রসঙ্গে রহনপুর পৌর মেয়র তারিক আহম্মেদ জানান, জেলা প্রশাসন কর্তৃক গরু প্রতি ৫ শত টাকা ও ছাগল প্রতি ৩ শত টাকা খাজনা নেয়া নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত খাজনার চেয়ে কেউ বেশী নিলে এবং খাজনা রশিদে টাকার পরিমাণ উল্লেখ না করার কোন অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাজনা আদায়ের বিষয়টি সঠিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

 

কলাপাড়ায় কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে সংখ্যালঘু, মসজিদ-মদ্রাসার জমি দখলের অভিযোগ

সংবাদদাত, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়, মসজিদ, মাদরাসার সম্পত্তি জোর-জবরদখলসহ অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী প্রতিষ্ঠান ও পরিবারবর্গ। শনিবার (২৫ জুলাই) দুপুরের কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনিবুর রহমান। এসময় সুনির্মল হাওলাদার, হাজী ওয়াজেদ আলী মাস্টারবাড়ী মসজিদ কমিটির হারুন হাওলাদার, হাজী ওয়াজেদ আলী ওয়াকফ স্টেট’র এম রিফাত ইসলাম, খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন হাওলাদার উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মনিবুর রহমান বলেন, কলাপাড়া পৌর-কৃষকলীগ সভাপতি এসএম মরতুল্লা সৌরভ ওরফে মনু সিকদার দলীয় ক্ষমতার অপব্যবহার করে মসজিদ, মাদরাসা, সংখ্যালঘু মানুষের জমি দখল ও চাঁদাবাজি করে আসছেন। এলাকার হিন্দু ও মুসলিম উভয় সম্প্রদায়কে দমনপীড়ন করছেন। বয়োজ্যেষ্ঠসহ বিভিন্ন বয়সী মানুষকে শারীরিক নির্যাতন, সাধারণ মানুষের প্রাপ্য টাকা না দেওয়া,  মাদক ও অনৈতিক কর্মকান্ড তার নিত্যদিনের কাজ। মনিবুর রহমান আরো বলেন, তার মা নুরজাহান সিকদারের জমির সাথে খেপুপাড়া নেসারুদ্দিন ফাযিল মাদরাসার সুবিধার্থে মাদরাসার স্থাবর সম্পত্তির এওয়াজবদল হয়। এওয়াজ বদলের পর ১৯৫৩ সাল থেকে তারা বাড়ীঘর নির্মাণ করে বসবাস করছে। একই সম্পত্তি থেকে আল-হেরা জামে মসজিদ ও দারুল ইহসান মডেল মাদরাসায় ও দারুল ইহসান হিফজুল কুরআন মাদরাসায় জায়গা দান করেছি। চলমান এসব প্রতিষ্ঠানগুলো নিচু পতিত জমি, বালু ভরাট করলে লোভাতুর দৃষ্টি পরে সৌরভ সিকদারের। জমি দখলের উদ্যেশে প্রকাশ্যে একদল গুন্ডা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে কাজ বন্ধ করে দেয়, প্রতিষ্ঠানের সাইনবোর্ড পুকুরে ফেলে ২লাখ টাকা চাঁদা দাবী করে। অন্যথায় মারধোর ও হত্যার হুমকি দেয়। সৌরভের সাথে জমির কোনো ধরণের সম্পর্ক না থাকলেও সম্পূর্ণ দলীয় ক্ষমতা প্রয়োগ করে জোর-জবর দখল করার জন্য গত ছয়মাস ধরে তাদের পরিবারকে হয়রানী করছে। এনিয়ে ওই জমিতে কলাপাড়া বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালতের চিরন্তন নিষেধাজ্ঞা মামলা চলমান রয়েছে। যার মামলা নং ১৯৩/২০। হিন্দু পরিবার পরিমল গংদের পক্ষ থেকে সুনির্মল হাওলাদার বলেন, বাবা কালিকান্তের ক্রয়সূত্রে পাওয়া জমি ৭০ বছর ধরে ভোগ দখলে থাকলেও কয়েক বছর আগে জমির সীমানা ভেঙ্গে দিয়েছে সৌরভ। জমিতে ঘর তুলতে গেলে বাধা প্রদান করে। ২০১১ সাল থেকে মামলা (মামলা-৩৭/২০১১) চললেও তার হামলার ভয়ে মুখ খুলতে পারছি না। খেপুপাড়া নেছারুদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন হাওলাদার লিখিত বক্তব্যে বলেন, ৭২ বছরের দখলকৃত মাদরাসা ক্যাম্পাসের ভিতরের ৯৮৩ নং দাগের ২.২৭ একর জমি ২০০৯ সাল থেকে দখলে নেওয়ার জন্য সৌরভ ও তার পরিবার বিভিন্ন মানুষের নামে সাইনবোর্ড টানিয়ে হয়রানি করছে। বিভিন্ন সময় অধ্যক্ষসহ-শিক্ষকদের লাঞ্চিত করেছে। প্রকাশ্যে দিবালোকে হামলার চেষ্টাও করেছে। শিক্ষার্থীরা এর প্রতিবাদে অতীতে মানববন্ধন করেছে একাধিকবার। হাজী ওয়াজেদ আলী মাস্টারবাড়ী মসজিদ কমিটির হারুন হাওলাদার বলেন, ২০১৭ সালে মসজিদের জমি দখলের জন্য বে-আইনিভাবে অনুপ্রবেশ করলে সৌরভ সিকদারসহ সকল বিবাদীদের নামে মসজিদ কর্তৃপক্ষ ১১/২০১৯ নং ভায়োলেশন মামলা দাখিল করে। যা বর্তমানে আদালতে চলমান রয়েছে। এ বিষয়ে এসএম মরতুল্লা সৌরভ ওরফে মনু সিকদার বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। পারিবারিক বিরোধকে পুজি করে তার পরিবারের দীর্ঘদিনের ক্লিন ইমেজের রাজনৈতিক পরিচয়কে বির্তকিত করার জন্য একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএই

কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ সদস্যের স্বেচ্ছায় প্লাজমা দান

সংবাদদাতা, কুমিল্লাঃ “এগিয়ে আসছে করোনা জয়ী পুলিশ প্লাজমায়, বাঁচুক অন্যের জীবন, জাগ্রত মানবতায়, দৃঢ় হোক পুলিশ-জনতা বন্ধন।” ওই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৫ জুলাই) সকালে জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম’র ডাকে সাড়া দিয়ে জেলার ১৭ টি উপজেলার করোনা আক্রান্ত ৫৬ জন পুলিশ সদস্য যারা করোনা যুদ্ধে জয়লাভ করেছেন এবং পূর্ণ সুস্থ আছেন তারা স্বেচ্ছায় মানবতার পাশে ২য় বারের মত কুমিল্লা জেলা পুলিশ সদস্যদের মধ্যে থেকে প্লাজমা ডোনেটের জন্য এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ- ব্লাড ব্যাংকে। এ বিষয়ে জানতে চাইলে জেলা পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম বলেন, মাবতার সেবায় আজ জেলার ৫৬ জন করোনাজয়ী পুলিশ সদস্য স্বেচ্ছায় প্লাজমা ডোনেটের জন্য বাংলাদেশ পুলিশ-ব্লাড ব্যাংকে যাচ্ছেন । এর আগে গত ৯ জুলাই প্রথমবারের মত ২৭ জন পুলিশ সদস্য প্লাজমা ডোনেট দান করেছিলেন কুমিল্লা থেকে। প্লাজমা ডোনেট দান করারপর পূর্বের ২৭  জন সদস্য কেমন আছেন ? জানতে চাইলে তিনি বলেন- সবাই সুস্থ ও ভালো আছেন। বৈশ্বিক মহামারী করোনায় যেমনটা ক্ষতি করছে তেমনি মানবতার সেবায় মানবদরদী ‘মানুষ’ মানুষের পাশে দাড়িয়েছে। মানবতার ভালোবাসার জয়ে জয়ী হউক করোনায় আক্রান্ত মানুষ। ওই মহৎ উদ্যোগকে হৃদয় ভরে গ্রহণ করে জেলার সফল পুলিশ সুপার সৈয়দ নজরুল ইসলাম ২য় বারের মত  ৫৬ জন প্লাজমা ডোনেট দানকারী পুলিশ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপারসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ

যমুনায় পানি বৃদ্ধি, মানিকগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, গৃহবন্দী ৪০ হাজার পরিবার

প্রতিনিধি, মানিকগঞ্জঃ গত চারদিন আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি কমলেও শুক্রবার (২৪ জুলাই) আবার পানি বাড়তে শুরু করেছে। মানিকগঞ্জের আভ্যন্তরীন কালিগঙ্গা, ধলেশ্বরী, ইছামতি নদীতে পানি বেড়েছে। এতে করে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক ফারুক হোসেন জানিয়েছেন, শুক্রবার (২৪ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ছয় সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।’ সদর ও সাটুরিয়া উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলা শহরের পৌর এলাকার বেশীরভাগ পাকা ও কাঁচা সড়ক পানিতে ডুবে গেছে। পানি ঢুকে পড়েছে বহু বাড়িঘরেও। পৌর এলাকার শিববাড়ি এলাকার বাসিন্দাদের কলা গাছের ভেলা বানিয়ে চলাচল করতে দেখা যায়। পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকার দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে ঘরের ভেতর মাচা বানিয়ে বসবাস করছেন। জেলার সাত উপজেলার মধ্যে সিংগাইর ছাড়া বাকী ছয়টি বন্যা কবলিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৫০ লাখ মানুষ। চরাঞ্চলের বানভাসী মানুষ রয়েছে দুর্ভোগে। জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী জেলার ২৮ হাজার হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০ হাজার ৯৫১টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ১৯টি আশ্রয়কেন্দ্রে ৬৪৭টি পরিবার আশ্রয় নিয়েছে। উপজেলাগুলোর পাশাপাশি মানিকগঞ্জ পৌর এলাকায় পানি বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি।’ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমির হোসেন জানিয়েছেন এ পর্যন্ত সাড়ে তিন শ মেট্রিক টন চাল, তিন হাজার প্যাকেট খাবার, গোখাদ্যের জন্য ছয় লাখ ও শিশু খাদ্যের জন্য দুই লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ইতোমধ্যে ১৭০ মেট্রিক টন চাল, দুই হাজার তিনি শ প্যাকেট খাবার, শিশু খাদ্যের জন্য দেড় লাখ নগদ টাকা ও গোখাদ্যের জন্য দেড় লাখ টাকা বিতরণ করা হয়েছে। এ ছাড়া,  আসন্ন ঈদকে সামনে রেখে, ভালনারেবল গ্রæপ ডেভেলপমেন্ট (ভিজিডি) প্রকল্পের আওতায় জেলার লক্ষাধিক ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে।’

 

আলোকিত প্রতিদিন/২৫ জুলাই’২০/এসএএইচ