আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2537

মানিকগঞ্জে বন্যাদূর্গতদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বন্যাদূর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। সোমবার (২৭ জুলাই) দুপুরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল খান নিখিলের নির্দেশে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা ও যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি কালীগঙ্গা নদীর পাশে তরা, বানিয়াজুরী, পেঁচারকান্দা, জাবরা, ঘিওরসহ বিভিন্ন এলাকায় নৌকাযোগে বন্যাকবলিত ভাসমান ছিন্নমূল মানুষের মাঝে এসব ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা  ছাত্রলীগের সাবেক সভাপতি মো রফিকুল ইসলাম চৌধুরী রানা, ঘিওর উপজেলা যুবলীগের সভাপতি বাবুল বেপারী, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য ফিরোজ খান, জেলা যুবলীগের সাবেক সদস্য রেজাউল করিম রাজা, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপুল, জেলা যুবলীগ নেতা মাহবুব রহমান অনি, জেলা যুবলীগের সদস্য সুবল সাহা, পৌর যুবলীগনেতা মাহবুবুল হক শুভ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বিরুল হক সনি, যুবলীগ নেতা আসলাম, জুয়েল প্রমুখ। এসময় বন্যাকবলিত প্রায় এক হাজার ভাসমান পরিবারের মাঝে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট ও খাওয়ার স্যালাইনসহ বিভিন্ন শুকনা খাবার বিতরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ

 

কক্সবাজারে নির্বাচন অফিসের সহকারী মাহবুব করোনা আক্রান্ত    

প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজার সদর উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী মাহবুব আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোবাবার (২৬ জুলাই) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তার নমুনা টেস্টের রিপোর্টে ‘পজিটিভ’ আসে। কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসাইন তাঁর নিজস্ব ফেসবুক আইডি’তে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, মাহবুব আলম গত ৩/৪ দিন ধরে প্রচন্ড জ্বরে আক্রান্ত ছিলেন। মাহবুব আলম তার চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হবেন বলে জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসাইন জানিয়েছেন। মাহবুব আলমের সুস্থতার জন্য এস.এম শাহাদাত হোসাইন সবার কাছে দোয়া কামনা করেছেন।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ  

 

শিবগঞ্জে বিষপানে কৃষকের আত্মহত্যা

সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক কৃষক আত্মহত্যা করেছে। পরিবারের দাবী দেনার টাকা পরিশোধ করতে না পেরে অথবা পেটের পীড়া সহ্য করতে না পেরে বিষপানে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী কৃষক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর মুনসীপাড়া গ্রামের শুকুরুদ্দিনের ছেলে জোবদুল হোসেন (৫০)। রবিবার (২৬ জুলাই) বেলা ১১ টার দিকে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, রোববার সকালে বিশ্বনাথপুর গ্রামের ইসরাইলের ছেলে ফরিদুল ইসলাম মাছ ধরার জন্য মাঠে যাবার সময় ক্ষেতের জমিতে জোবদুলের লাশ দেখতে পেয়ে ইউপি সদস্য শফিকুল ইসলামকে অবহিত করলে ঘটনাটি জানাজানি হয়। এসময় জোবদুলের আত্মীয়স্বজনরা লাশ বাড়ি নিয়ে আসে। পরে থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। জোবদুলের স্ত্রী সাজেনুর বেগম জানান, শনিবার রাতে একসাখে ঘুমানোর পর গভীর রাতে স্বামীকে না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। সকালে স্বামীর লাশ মাঠে বেগুনের জমিতে থাকার খবর পেয়ে লাশ বাড়িতে এনে পুলিশকে খবর দেয়া হয়। তিনি আরও জানান, স্বামী কয়েকটি এনজিও ও ব্যাংক থেকে কয়েক লাখ টাকা লোন তুলে জমি বর্গা নিয়ে কৃষি কাজ করতো। তাছাড়া একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন তুলে আমার অজান্তে তার বন্ধু একই গ্রামের ফড়িংয়ের ছেলে খোকনকে ৫০ হাজার টাকা দিয়েছিল। কিন্তু খোকন কোন কিস্তি না দিয়ে বিভিন্ন টালবাহনা করেছে। তাছাড়া স্বামীর পেটের পীড়া ছিল।এ ২ কারণের জন্য আত্মহত্যা করে থাকতে পারে। অন্যদিকে বিনোদপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক ও ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, শুনেছি এনজিও ও ব্যাংকের লোন পরিশোধ করতে না পেরে জোবদুল বিষপানে আত্মহত্যা করেছে। শিবগঞ্জ থানার ওসি সামশুল আলম শাহ জানান, মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, তার অনেক লোন এবং পেটের পীড়া ছিল।তবে কি কারনে আত্মহত্যা করেছে তা ময়নাতদন্তের পর জানা যাবে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

বড়বাশালিয়া-কুইজবাড়ী সেতুর অ্যাপ্রোচে ধ্বস, হুমকির মুখে সেতু, ভোগান্তিতে এলাকাবাসী

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে লৌহজং নদীর উপর নির্মিত সদর উপজেলার বড়বাশালিয়া-কুইজবাড়ী সড়ক সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ ধ্বসে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। ভাঙ্গনের হুমকির মুখে রয়েছে সেতুটি। রোববার (২৬ জুলাই) দুপুরে সদর উপজেলার মগড়া ইউনিয়নের বড়বাশালিয়ায় এ ঘটনা ঘটে। জানা যায়, বড়বাশালিয়া-কুইজবাড়ী সেতুটি দিয়ে এলেঙ্গা, বড়বাশালিয়া, ছোটবাশালিয়া, কুইজবাড়ী, মগড়া, চরাঞ্চলসহ প্রতিদিন প্রায় লক্ষাধিক মানুষ চলাচল করে। সম্প্রতি নদীর প্রবল স্রোতে আর গত কয়েকদিনের বৃষ্টিপাতে সেতুটির অ্যাপ্রোচের উত্তর পাশে দেবে যায়। এর মধ্য দিয়েই ঝুঁকি নিয়ে সেতুটির উপর দিয়ে যান চলাচল অব্যাহত থাকে। গত কয়েকদিন যাবত নদীর পানি বাড়তে থাকায়  স্রোত্ আরো তীব্র আকার ধারণ করে। এতে সেতুর অ্যাপ্রোচ ধ্বসে যায়। সেতুর অ্যাপ্রোচ ধ্বসরোধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এলাকাবাসীর অভিযোগ, শুরুতেই স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে অবগত করানোর পরও কোন ব্যবস্থা নেয়া হয়নি। শুরুতেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ব্যবস্থা গ্রহণ করা হলে এ ঘটনা ঘটতো না। এ ব্যাপারে মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান এবং এলজিইডি’র ইঞ্জিনিয়ার ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। তারা জানিয়েছেন উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

এক বছরের মধ্যে পায়রাবন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরুপে শুরুর ঘোষনা দিলেন- নৌ প্রতিমন্ত্রী

সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী এক সক্ষিপ্ত সফরে বলেছেন, আগামী এক বছরের মধ্যে দেশের অন্যতম ও তৃতীয় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গরুপে কার্যক্রম শুরু হবে। সম্প্রতি বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের জন্য চীনা কোম্পানীর সাথে চুক্তি হয়েছে। শিঘ্রই টার্মিনাল নির্মাণের কাজ শুরু হচ্ছে। রবিবার (২৬ জুলাই) দুপুরের পর পায়রা বন্দরের হলরুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী খালিদ মাহামুদ চৌধুরী এসব কথা বলেন। তিনি বলেন, পায়রা বন্দরের শুরু থেকে এ পর্যন্ত ৭৩ টি জাহাজ পন্য খালাশের মাধ্যমে ১৭৮ কোটি টাকা আয় করেছে। এটি সূচনা মাত্র, এখান থেকে হাজার হাজার কোটি টাকা উপার্জন হবে। যে কোন বন্দরের চেয়ে এটি অধুনিক হবে। এ অঞ্চলই শুধু নয় বরং বাংলাদেশের অর্থনিতিতে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। প্রতিমন্ত্রী আরো বলেন, পায়রা বন্দর হয়েছে বলেই এখানে ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্র দৃশ্যমান। যেটা ন্যাশনাল গ্রীডে চলে গেছে। পরবর্তি আরো ১৩২০ মেগাওয়াটের কার্যক্রম চলছে। পায়রা বন্দর হয়েছে বলেই এখানে নৌ-বাহীনীর একটি বেইজ তৈরী করা হচ্ছে। পায়রা বন্দরকে ঘীরে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট হয়েছে। এখানে ইউনিভার্সিটিও হয়েছে। এর আগে পায়রা বন্দরের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বৃক্ষরোপন করেন তিনি। এসময় পটুয়াখালী- ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমান, সংরক্ষিত সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা, পায়রা বন্দরের চেয়ারম্যান কমোডর হুমায়ুন কল্লোল ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

কুড়িগ্রামে করোনা প্রতিরোধে পুলিশের ১০ হাজার মাস্ক বিতরণ

প্রতিনিধি, কুড়িগ্রামঃ ‘মাস্ক আপ কুড়িগ্রাম’ এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জেলা পুলিশ ১০হাজার মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে। রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরে এ মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাসির উদ্দিন, ড. আনোয়ার হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ মাহ্ফুজার রহমান, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব প্রমুখ। এছাড়াও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ ১১টি থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

গাইবান্ধায় তীব্র আকার ধারান করেছে নদী ভাঙ্গন, বিলীন হচ্ছে ঘরবাড়ী

সংবাদদাত, গাইবান্ধাঃ মহামারী করোনায় জনজীবন স্থবির, বন্যায় দীর্ঘদিন পানিবন্দি জীবনযাপন ও ভয়াবহ নদী ভাঙ্গনে মাথা গোজার আশ্রয় বসতভিটা হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছে। ঘরবাড়ী হারিয়ে নিঃস্ব মানুষগুলো শিশু সন্তান নিয়ে দুর্বিসহ জীবনযাপন করছে। করোনার ঝুঁকি ভুলে গিয়ে গবাদিপশু ও পরিবারের সদস্যদের সাথে গাদাগাদি বসবাস করছে। বন্যার পূর্বে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গো-গাট এলাকার বন্যা নিয়ন্ত্রন বাঁধ সংস্কার না করায় নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকালে ভাঙ্গনের কবলে পড়ে ঐতিহ্যবাহি দূর্গামন্দিরসহ ৫০টি বসতবাড়ি, কৃষি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্র, কামারজানি ইউনিয়ন পরিষদ কার্যালয়,কামারজানি বন্দর, মার্চেন্ট হাইস্কুলসহ ৫শত পরিবারের বসতবাড়ি ও আবাদি জমি ভাঙ্গনের চরম হুমকির মুখে রয়েছে। এলাকাবাসী বলেন ২০১৬ সালে গো-ঘাট গ্রামটি ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনের কবলে পড়ে। এরআগে এ গ্রামের প্রায় সহস্রাধিক পরিবারের বসত বাড়ি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মসজিদসহ অসংখ্য স্থাপনাসহ ২শত ১৫ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বন্যার স্রোতে নদী ভাঙ্গন বৃদ্ধি পাওয়ায় সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের দীঘলকান্দি, গোবিন্দপুর, পাতিলাবাড়ি, নলছিয়া, কালুরপাড়া ও বেড়া গ্রামের দু’শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফুলছড়ি উপজেলার চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝানঝাইড় কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কালাসোনা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঘাটা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যায়। হুমকির মুখে পড়েছে জিগাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চৌমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয়। গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নে গত এক সপ্তাহে বাজে চিথুলিয়া ও চিথুলিয়া গ্রামের ৩১৮টি পরিবার নদী ভাঙ্গনের ফলে গৃহহারা হয়েছে। সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর, হরিপুর ও কাপাসিয়ার পোড়ার চরে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দিয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ 

টাঙ্গাইলে স্কুল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির মেধাবী ২৩ ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রবিাবর (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে এডিবির সহায়তায় এই বাইসাইকেল বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম , উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, প্রকৌশলী আলী আকব খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

 

 

মানিকগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজের ১২ ঘন্টা পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকালে ফায়ার সার্ভিসের কর্মিরা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত রনি সদর উপজেলার বেতিলা মিতরা ইউপির আউটপাড়া গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে। নিহতের প্রতিবেশী ইকবাল মাহমুদ জানান, রনি গতকাল বিকেলে বাড়ির পাশে পুকুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে সে নিখোঁজ হয় । পরে স্বজনরা ও গ্রাম বাসী মিলে অনেক খোঁজাখুঁজি করে নিখোজের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেয়। রাত হয়ে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা আজ রোববার (২৬ জুলাই) সকালে এসে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে। মানিকগঞ্জের আরিচাঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিবর রহমান জানান ,পানিতে ডুবে যাওয়া যুবকের নিখোঁজ সংবাদ পেয়ে ডুবুরিদের নিয়ে ঘটনাস্থলে আসি । দীর্ঘ এক ঘন্টা অভিযান চালানোর পর মৃতদেহটি উদ্ধার করা হয়।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ

সাভারে বিপিএটিসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, ঘাতক স্বামী আটক

প্রতিনিধি, সাভারঃ সাভারে বিপিএটিসি কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। পরিবারের দাবী মেয়েটিকে হত্যা করে ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। এবিষয়ে মেয়েটির পিতা বাদী হয়ে স্বামী রাশেদুল ইসলামের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরেই অভিযুক্ত ঘাতক স্বামীকে আটক করে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সাভার পৌরসভাধীন ৭নং ওয়ার্ডের ডগরমোড়া এলাকার রাইসা ফার্মেসির মালিক রাশেদুল ইসলাম (৩০) এর দ্বিতীয় স্ত্রী মুক্তা পারভিন (১৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। জানা গেছে, মুক্তা পারভিন মানিকগঞ্জের শিবালয় থানার দুলাল মিয়ার মেয়ে। পরিবারের দাবি আত্মহত্যা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। মেয়েটিকে হত্যার পর ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখে তার স্বামী। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি ও পারিবারিক কলহের জেরে মেয়েটিকে হত্যা করে থাকতে পারে বলে তাদের ধারনা। এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক অপূর্ব দাস জানায়, ঘটনার দিন খবর পেয়ে রুমের তালা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরে অভিযুক্ত রাশেদুল ইসলামকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। এবিষয়ে মেয়েটির পিতা একটি হত্যা মামলার দায়ের করেছেন।

 

আলোকিত প্রতিদিন/২৬ জুলাই’২০/এসএএইচ