আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2536

ফরিদপুর চিনিকলে ঈদ বোনাস ও বেতনের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সংবাদদাতা, মধুখালী(ফরিদপুর): ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের ৮ শতাধিক শ্রমিক কর্মচারীদের ঈদুল আযহার বোনাস ও মে, জুন, জুলাইসহ মোট তিন মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯ টা হতে ১০ টা পর্যন্ত চিনিকলের প্রধান ফটকে শ্রমিক কর্মচারী কর্তৃক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদ, সাধারন কাজল বসু, সহ সভাপতি মনিরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক আব্দুল বারিক, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু মিয়া, শ্রমিক নেতা আবুল বাসার বাদশা প্রমুখ। সমাবেশ পরবর্তী একটি বিক্ষোভ মিছিল চিনিকলের এমডি ভবন, প্রধান সড়ক, প্রধান গেট প্রদক্ষিণ করে। চলতি বছর ফরিদপুর চিনিকলের ৪ হাজার ৫ শত ৪৩ হাজার মেট্রিকটন চিনি উৎপাদন করেছে। শ্রমিক কর্মচারীদের বোনাস বাবদ প্রায় ৭৫ লক্ষ টাকা ও তিন মাসের বকেয়া বেতন ভাতার টাকার পরিমান প্রায় ৩ কোটি টাকা।  এ ছাড়া অবসর প্রাপ্ত শ্রমকি কর্মচারীদের বকেয়া গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড,মজুরি কমিশনের প্রায় ২৫ কোটি টাকা পাওনা রয়েছে। শ্রমিক নেতৃবৃন্দ চিনি শিল্পকে টিকিয়ে রাখতে ও বেতন ভাতা পরিশোধের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে। এদিকে ঈদের আগেই বেনাস ও বেতন ভাতা পরিশোধের দাবি জানান তারা।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

টাঙ্গাইলের জেলা প্রশাসক আতাউল গনি করোনায় আক্রান্ত

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। সরকারি বাসভবনে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছেন। গতকাল রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল হাতে আসে। রোববার টাঙ্গাইলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুনের করোনা শনাক্ত হয়। এরপরে জেলা প্রশাসকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় আরও ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৫১৫। এর মধ্যে চিকিৎসাধীন আছে ৬৩৭ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৫৩ জন এবং মারা গেছেন ২৫ জন।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই২০/এসএএইচ

 

 

মডার্না এবং ফাইজারের শেষ ধাপের ভ্যাকসিন দেওয়া হচ্ছে ৬০ হাজার মানুষকে

আন্তর্জান্তিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের বাসিন্দা সাবানাহ। সোমবার সকাল পৌনে সাতটার দিকে করোনাভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিনের প্রথম শট তিনি নিয়েছেন। মানবদেহে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার জন্য একেবারে শেষ ধাপে বৃহৎ পরিসরে পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি মডার্না। ৩০ হাজার মানুষের দেহে এই ভ্যাকসিনটির প্রয়োগ শুরু হয়েছে; সাবানাহ সেই ৩০ হাজার জনের মধ্যে ভ্যাকসিন নেয়ায় প্রথম। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন পরীক্ষা কার্যক্রমকে একটি মাইলফল হিসেবে দেখা হচ্ছে। শেষ ধাপের এই পরীক্ষায় ৩০ হাজার জনের অর্ধেক স্বেচ্ছাসেবীকে ভ্যাকসিনটি দেয়া হবে; বাকিরা পাবেন প্ল্যাসেবো। এদিকে, মার্কিন আরেক ফার্মাসিউটিক্যাল জায়ান্ট কোম্পানি ফাইজার বলছে, বিশ্বের বিভিন্ন দেশের অন্তত ১২০টি স্থানে তাদের তৈরি করোনা ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে। মার্কিন এই কোম্পানিও বিশ্বে ৩০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের পরিচালক অ্যান্থনি ফাউসি সম্মেলনে বলেছেন, ভ্যাকসিনোলজির ইতিহাসে আজ আমরা সত্যিকারের এক ঐতিহাসিক কর্মসূচিতে অংশগ্রহণ করছি। তিনি বলেন, একেবারে মৌলিক বিজ্ঞান থেকে বৃহৎ পরিসরের তৃতীয় ধাপে সুরক্ষা ও কার্যকারিতার পরীক্ষায় পৌঁছানো এবং ভ্যাকসিন তৈরিতে যুক্তরাষ্ট্র কখনই তড়িঘড়ি করেনি। আগামী নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন কার্যকর হবে কিনা সেব্যাপারে মডার্নার গবেষকরা বলতে পারবেন বলে ধারণা দিয়েছেন ফাউসি। তিনি বলেছেন, এটি এক ধরনের সম্ভাবনা। তবে শিগগিরই এ ব্যাপারে জানা যাবে বলে ভবিষ্যদ্বাণী করেন তিনি। অন্যদিকে, ফাইজারের কর্মকর্তারা বলেছেন, আগামী অক্টোবরের মধ্যেই মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের জন্য কর্তৃপক্ষের অনুমোদন চাইতে সক্ষম হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি। ভ্যাকসিন তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এ দুই কোম্পানি ও যুক্তরাষ্ট্র সরকার বলছে, নজিরবিহীন গতিতে ভ্যাকসিন তৈরির প্রচেষ্টা এগিয়ে নেয়া হলেও এর সুরক্ষার ব্যাপারে কোনও ধরনের ছাড় দেয়া হয়নি। ফাউসি বলেন, ভ্যাকসিনের সুরক্ষা অথবা বৈজ্ঞানিক মানদণ্ডের ক্ষেত্রে কোনও আপস করা হবে না। মার্কিন এই ভ্যাকসিন কয়েক সপ্তাহের ব্যবধানে দুই ডোজ প্রয়োগ করা হবে। পরে ভ্যাকসিন পরীক্ষায় অংশ নেয়া স্বেচ্ছাসেবীরা নভেল করোনাভাইরাসে আক্রান্ত কিংবা অসুস্থ হয়ে যান কিনা তা যাচাই করে দেখবেন গবেষকরা। তৃতীয় ধাপের এই পরীক্ষায় ভ্যাকসিন সফল হলে বছরে ৫০০ মিলিয়ন ডোজ উৎপাদনের পরিকল্পনা করছে মডার্না। ২০২১ সালের মধ্যে মার্কিন এই কোম্পানি ১ বিলিয়ন ডোজ উৎপাদন করবে বলে জানিয়েছে। বৃহৎ পরিসরে পরীক্ষা কার্যক্রমে সহায়তা করতে মার্কিন সরকার মডার্নাকে আরও ৪৭২ মিলিয়ন মার্কিন ডলার অনুমোদন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটি ভ্যাকসিন ছাড়াও শেষ ধাপের পরীক্ষায় পৌঁছেছে চীনের দুটি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি ভ্যাকসিন। করোনাভাইরাস মহামারির অবসানের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে শতাধিক ভ্যাকিসিন তৈরির প্রকল্প চলমান রয়েছে। তবে এখন পর্যন্ত কোনও ভ্যাকসিনই চূড়ান্ত ধাপের পরীক্ষা শেষ করতে পারেনি। চলতি বছরের শেষের দিকে করোনার যেকোনও কার্যকর ভ্যাকসিন চলে আসতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা প্রত্যাশা করেছেন। গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনার প্রথম উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বর্তমানে তা বিশ্বের দুই শতাধিক দেশে ছড়িয়েছে। এতে আক্রান্ত মানুষের সংখ্যা দেড় কোটি ছাড়িয়েছে এবং প্রাণ হারিয়েছেন আরও ৬ লাখ ৫৬ হাজারের বেশি।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই২০/এসএএইচ

 

দেশে করোনায় মৃতের সংখ্যা ৩ হাজার, নতুন মৃত্যু ৩৫ এবং শনাক্ত ২৯৬০

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ৯৬০ জন। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ হাজার জনে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি ৮১টি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১২ হাজার ৭১৪টি নমুনা। দেশে এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৩৭ হাজার ১৩১টি। নতুন নমুনা পরীক্ষায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ২ হাজার ৯৬০ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ২৯ হাজার ১৮৫ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার মানুষ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৩১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৭ হাজার ৪১৪ জনে। গত ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে পুরুষ ২৬ জন ও নারী ৯জন। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ১০ জন, ষাটোর্ধ্ব ১৩ জন, সত্তরোর্ধ্ব তিনজন এবং ৮০ বছরের বেশি বয়সী চারজন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ১২ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের চারজন, সিলেট বিভাগের চারজন, রাজশাহী বিভাগের তিনজন, বরিশাল বিভাগের তিনজন, ময়মনসিংহ বিভাগের দুইজন এবং রংপুর বিভাগের দুইজন ছিলেন। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ২৮ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৫ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৫ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই২০/এসএএইচ

কুতুবদিয়ায় চোলাই মদসহ নারী মাদক ব্যবসায়ী আটক 

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় চোলাই মদসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে কুতুবদিয়া থানা পুলিশ। রবিবার (২৬ জুলাই) সাড়ে ৯টায় উপজেলার বড়ঘোপ ইউনিয়নের জেলেপাড়ায় অভিযান পরিচালনা করে একই ইউনিয়নের নারী মাদক কারবারি গীতা রাণী দাস (৫২) কে ৮ লিটার চোলাই মদসহ আটক করে অফিসার ইনচার্জ একেএম সফিকুল আলম চৌধুরীর নেতৃত্বে এসআই সঞ্জয় সিকদার, এসআই মোস্তাক আহমদ, এএসআই প্রভাকর বড়ুয়া এবং এএসআই আনোয়ারসহ সঙ্গীয় ফোর্সরা। আটককৃত নারী মাদক কারবারি একই ইউনিয়নের বাবুল ধুপির স্ত্রী। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বসত বাড়ী থেকে লোকানো অবস্থায় ৮ লিটার চোলাই মদসহ হাতেনাতে গীতা রাণীকে আটক করা হয়। সিডি এমএস পর্যালোচনা করলে দেখা যায় তার বিরুদ্ধে কুতুবদিয়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ধৃত নারী মাদক কারবারি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।  কুতুবদিয়াকে মাদক,জলদস্যুমুক্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিকসহ মডেল উপজেলা রুপান্তরে সুযোগ্য পুলিশ সুপার এবিএম মাসুদ হোসাইন বিপিএম ( বার) এবং কুতুবদিয়া মহেশখালী সার্কেল এএসপি রতন কুমার দাশগুপ্তের নির্দেশে বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ ১৬ ই ডিসেম্বরের মধ্যে কক্সবাজারকে মাদকমুক্ত করার নিমিত্তে কুতুবদিয়া উপজেলাকেও  সুযোগ্য পুলিশ সুপারের ঘোষণাকে সামনে রেখে যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে । সার্বিক দায়িত্ব পালনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ  

 

 

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সংবাদদাত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত আকারে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি পালন করা হয়। সোমবার (২৭ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের শহীদ মনিমুল হক সড়কে অবস্থিত জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা এবং স্বেচ্ছাসেবক লীগের পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভা শেষে মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বাস। জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান টিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফায়জার রহমান কনক, কৃষকলীগ নেতা রুহুল আমিন, আল মাসুম মিলন, মিনার আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ

 

গাইবান্ধায় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

সংবাদদাত, গাইবান্ধাঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বজ্রপাতে নুর মোহাম্মদ (৩৯) ও লালচান মিয়া (১৮) নামের দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুর মোহাম্মদ এরেন্ডাবারী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের মৃত ইনসাফ আলীর ছেলে ও লালচান মিয়া মৃত বাহার উদ্দিনের ছেলে।এলাকাবাসী বলেন সোমবার দুপুরের দিকে বৃষ্টির সময় নুর মোহাম্মদ ও লালচান মিয়া বাড়ির পাশের জলাশয়ে পাট ধোয়ার কাজ করছিলেন। এসময় হঠাৎ করে বিকট শব্দে বজ্রপাতে নুর মোহাম্মদ ও লালচান মিয়া ঘটনাস্থলে মারা যায়।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ

অর্থাভাবে মেধাবী আশামনির ডাক্তার হওয়ার আশা ভঙ্গের উপক্রম

সংবাদদাত, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে পিএসসিতে জিপিএ ৪.৭৫, জেএসসিতে জিপিএ ৫ এবং এসএসসিতে বিজ্ঞান বিভাগ নিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হওয়া মেধাবী ছাত্রী আশামণির লেখাপড়া পারিবারিক অসচ্ছলতার কারণে বন্ধ হওয়ার উপক্রম। আশামনি উপজেলার সদর ইউনিয়নের ঠোস বিদ্যাবাগীশ গ্রামের আজিত মিয়ার মেয়ে। ছোট বেলা থেকেই অত্যন্ত মেধাবী আশামণি। দারিদ্র্যতার সাথে লড়াই করে সে চালিয়ে গেছে তার পড়া-লেখা। সে পানিমাছকুটি মডেল সরকারী  প্রাথমিক বিদ্যালয় হতে পিএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭৫ ও জেএসসি পরীক্ষার  জিপিএ ৫ পেয়েছিল। ফুলবাড়ী জছিমিঞা সরকারী মডেল উচ্চ বিদ্যালয় হতে এবারের এসএসসি পরীক্ষায় (বিজ্ঞান বিভাগ) জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করে। আশামণির স্বপ্ন সে লেখাপড়া শেষ করে একদিন ডাক্তার হবে। দেশের মানুষের সেবা করবে। তবে তার সে স্বপ্নের পথে বড় বাঁধা অভাব। ইতিমধ্যেই তার দিনমজুর পিতা খরচ যোগাতে অপারগতা প্রকাশ করে তার লেখাপড়া বন্ধ করে দেয়ার কথা বলেছে। সরেজমিনে গিয়ে আশা মনির মায়ের সাথে কথা হলে তিনি বলেন, আমাদের ভিটেবাড়ীর সাড়ে তিন শতাংশ জমি ছাড়া আর কোন জমিজমা নাই। পরিবারে চারজন সদস্যদের খরচ যোগাতে আশার বাবা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন।তার যা আয় হয় তা দিয়ে কোনমতে খেয়ে না খেয়ে দিন কাটাই।শতকষ্টেও এতোদিন আশামনি লেখাপড়া বন্ধ করেনি। সে লেখাপড়া শেষ করে মানুষের মত মানুষ হতে চায়।তবে এখন আমরা তার লেখাপড়ার খরচের হিসাব শুনে দিশেহারা। তার কলেজে ভর্তি হতে যা টাকা লাগে এবং বই পত্র কেনার খরচ।এতো টাকার যোগান দেয়া তার বাবার পক্ষে কোন ভাবেই সম্ভব না। এই অবস্থায় আশামনির ডাক্তার হওয়ার স্বপ্নকে বাস্তব করতে তার লেখাপড়ার খরচের যোগান দিতে সমাজে সহৃদয়বান ব্যাক্তিদের  সহযোগীতা কামনা আশামনি ও তার পরিবারের।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ

 

“বীরগঞ্জ উপজেলায় গোলাপগঞ্জ হাট” উপর ভিতর দুটোই সদরঘাট

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): প্রবাদ বাক্যের কথায় প্রচলন রয়েছে উপরে ফিটফাট ভিতরে সদর ঘাট এখানে তা সম্পূর্ন বিপরীত। উপরে ফিটফাটের পরিবর্তে উপজেলার গোলাপগঞ্জ হাট উপর ভিতর দুটোই সদর ঘাট। সরেজমিনে দেখা যায় হাটবাজার উন্নয়নে সরকারি অর্থের বরাদ্দ কাগজে কলমে থাকলেও বাস্তবে তার প্রতিফলন লক্ষ্য করা যায়নি। পানি নিষ্কাসনের ড্রেনেজ ব্যবস্থা পুরো অকেজো। সব্জীর দোকানগুলোর টিনের চালা ছোট ছোট  ছিদ্র হয়ে মাকড়সার জালে পরিনত হয়েছে। প্রতি নিয়তই হোটেল রেস্তোরাঁয় ও দোকানদারদের ব্যবহার্য্য নোংরা পানি নিষ্কাসনের ড্রেনেজ ব্যবস্থা পুরো অকেজোর কারণে রাস্তার উপরে ফুসে উঠছে। এমন কোন পথচারী নাই যার পায়ে নোংরা পানির ছোঁয়া লাগেনা। বৃষ্টির সামান্য বর্ষণে পুরো হাটবাজার ময়লা আবর্জনার পানিতে প্লাবিত হয়। কোথাও কোথাও ২/৩ ফুট পানির উচ্চতা বৃদ্ধি পায়। ১১নং মরিচা ইউনিয়ন ভূমি অফিসে পশ্চিম পাশে রাস্তা সংলগ্ন ড্রেনটি হাট-বাজারের ময়লা আবর্জনায় পরিত্যক্ত হয়ে পড়েছে। যাহা মেরামত করা অতিব জরুরী হয়ে পড়েছে। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী মৌখিক অভিযোগ করে বলেন যে বর্ষা মৌসুমে আমাদের কষ্টের সীমা থাকেনা। খাজনা নেয়ার লোক প্রতিদিন পাওয়া যায় কিন্ত হাট-বাজার মেরামত কর্তৃপক্ষের দেখা বছরেও মেলেনা। অথচ প্রতি বছর হাট ডাকের মাধ্যমে প্রায় কোটি টাকার রাজস্ব আদায় অব্যাহত রয়েছে। যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হাটবাজার ব্যবসায়ীগন দ্রুততার সহিত হাট-বাজার সেটের পুনঃ নির্মাণ ও নোংরা পানি নিষ্কাসনের ড্রেনেজ ব্যবস্থার কাজ করার জোর দাবী জানান।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ

 

আশুলিয়ায় পুলিশের কনস্টেবলসহ ৪ ভুয়া ডিবি আটক

প্রতিনিধি, সাভারঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজীর অভিযোগে পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ। এর আগে রবিবার (২৬ জুলাই) বিকেলে আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার শ্যামপুর গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে আশুলিয়া থানার কনস্টেবল (১২৭৩) মো. মমিনুল ইসলাম (৩৫), নীলফামারীর ডিমলা বন্দর খড়িবাড়ি গ্রামের আব্দুল লতিফের ছেলে হামিদ (৩২), গাইবান্ধা জেলা সদরের চৌদ্দগ্রামের মৃত তোফাজ্জলের ছেলে ওয়াহেদ (৪০) ও জামালপুর জেলার মেলান্দহ থানার চরগুহিন্দি গ্রামের সুরুজ শেখের ছেলে ওয়াজেদ শেখ (২৩)। তারা সবাই আশুলিয়ার বাইপাইলের বিভিন্ন এলাকায় ভাড়া থাকতেন। র‌্যাব জানায়, ভুক্তভোগী নুর আলমের মৌখিক অভিযোগের ভিত্তিতে জামগড়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পরিচয় দানকারী ও দেশীয় অস্ত্রধারী ৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি সাদা রংয়ের নোয়া মাইক্রো, ২ টি বড় ছোরা, ১ টি বড় হাসুয়া, ১ টি বড় ড্যাগার, ১ টি লোহা কাটার, ১টি মটোরোলা ওয়াকিটকি সেট, ১টি হ্যান্ডকাফ, ১ টি পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার ১ টি, ১ টি সিগন্যাল লাইট, ৪৮০ গ্রাম গাঁজা, ১৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৬ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, ৩৭ হাজার জাল টাকা, মাদক বিক্রিত নগদ ২৮ হাজার ৮১৫ টাকা, বিভিন্ন রংয়ের ৭ টি মানিব্যাগ ও ১২ টি মোবাইল সেট জব্দ করা হয়। র‌্যাব-৪, সিপিসি-২ এর অতিরিক্ত পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জমির উদ্দীন আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, মাদকদ্রব্য বিক্রয় ও জাল নোট রাখার অপরাধে আশুলিয়া থানায় ৪ টি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪, সিপিসি-২ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

আলোকিত প্রতিদিন/২৭ জুলাই’২০/এসএএইচ