আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2535

দেশে করোনায় আরও ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ৩০০৯

সৈয়দ এনামুল হুদাঃ দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাসে আক্রান্ত হিসেবে আরও ৩ হাজার ৯জন শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে ভাইরাসটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা ৩ হাজার ৩৫ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি নতুন সংযুক্ত একটিসহ ৮২টি পিসিআর-ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৫৩টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ১২৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১১ লাখ ৫১ হাজার ২৫৮টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার নয়জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৩২ হাজার ১৯৪ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৩৫ জনের। ফলে ভাইরাসটিতে মোট মারা গেলেন ৩ হাজার ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৮৭৮ জন। দেশে এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ২৯২ জনে। বুলেটিনে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৩০ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৭ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৫৬ দশমিক ১১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই’২০/এসএএইচ

 

ভারতে মুম্বাইয়ের বস্তির প্রায় ৫৭ শতাংশই করোনায় সংক্রমিত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ের বস্তিতে বসবাসকারী প্রায় ৫৭ শতাংশই সংক্রমিত হয়েছেন করোনাতে। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া নিয়ে মুম্বাইয়ের পৌর এলাকায় সম্প্রতি করা সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। প্রায় সাত হাজার মানুষের উপর চালানো এই সমীক্ষায় দেখা গেছে, মুম্বাইয়ের বাসিন্দাদের ছয় ভাগের এক ভাগ বা প্রায় ১৬ শতাংশ বাসিন্দা আক্রান্ত হয়েছেন কোভিডে। নীতি আয়োগ, গ্রেটার মুম্বাই পৌর কর্পোরেশন ও টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ যৌথ ভাবে এই সেরোলজিক্যাল সমীক্ষা চালিয়েছিল। সমীক্ষার জন্য এই মাসের প্রথম দু’সপ্তাহ ধরে নমুনা সংগ্রহ করা হয়েছিল। মুম্বাই পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবীরা সংগ্রহ করেছিলেন সেখানকার বাসিন্দাদের রক্তের নমুনা। সেরোলজিক্যাল সমীক্ষায় রক্তের নমুনা সংগ্রহ করে চিকিৎসকরা রক্তে অ্যান্টিবডির উপস্থিতি পরীক্ষা করেন। কেউ কোনও রোগে আক্রান্ত হলে তাঁর শরীরে ওই রোগের অ্যান্টিবডি তৈরি হয়। অর্থাৎ সংশ্লিষ্ট অ্যান্টিবডির উপস্থিতি অতীতে ওই রোগে আক্রান্ত হওয়া বোঝায়। এই ধরনের সমীক্ষার মাধ্যমে কত জন আক্রান্ত হয়েছেন তাঁর পাশাপাশি, কোনও গোষ্ঠীর মানুষ কতটা হার্ড ইমিউনিটির দিকে এগিয়েছেন তাও বোঝা যায়। এই সমীক্ষা দেখিয়েছে, অ্যান্টিবডির উপস্থিতি মহিলাদের মধ্যে কিছুটা হলেও বেশি। পাশাপাশি আক্রান্ত হওয়া একটি বিশাল অংশের রোগের কোনও লক্ষণ ছিল না বলেও জানা গেছে। ইতিমধ্যেই মুম্বাই শহরে করোনা আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। প্রায় ছ’হাজার জন প্রাণও হারিয়েছেন এই রোগের কবলে। মঙ্গলবার ৭১৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এই সংখ্যা গত দু’মাসের নিরিখে সর্বনিম্ন। যার জেরে সেখানে সেই শহরে মোট আক্রান্ত হলেন এক লক্ষ ১০ হাজার ৮৪৬ জন। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই’২০/এসএএইচ

 

জি-৭-এ রাশিয়াকে অন্তর্ভুক্ত করার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি

আন্তর্জাতিক ডেস্কঃ শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এ রাশিয়াকে ফের অন্তর্ভুক্ত করার ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে জার্মানি। ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে আগ্রাসনের জবাবে জি-৭ থেকে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল। তবে রাশিয়া আবার উল্টো বলছে, জি-৭ এ তারা আর যোগ দেবে না। রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, ২০ জাতির জোট জি-২০ তে যোগ দিয়ে দেশটি সন্তুষ্ট রয়েছে তাই আর জি-সেভেনে যোগ দেয়ার পরিকল্পনা করছে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জি-সেভেনে যোগ দেয়ার বিষয়ে কোনো উদ্যোগ নেননি কিংবা এ জোটে যোগ দেয়ার বিষয়ে কাউকে তিনি কোনো অনুরোধও করেননি। এর আগে সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস এক বিবৃতিতে বলেছেন, জি-সেভেনে রাশিয়ার নতুন করে যোগ দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখান করা হয়েছে। পেসকভ জোরালো ভাষায় বলেন, জি-২০ তে যোগ দিয়ে রাশিয়া এ জোটের তৎপরতায় খুবই সন্তুষ্ট এবং বিশ্ব অর্থনৈতিক উন্নয়নের কেন্দ্রে থেকে সম্ভবত আধুনিক বাস্তবতাকে সামনে রেখে কাজ করছে জি-২০। অন্যদিকে, জি-সেভেনের আন্তর্জাতিক গুরুত্বের ঘাটতি রয়েছে কারণ এই জোট চীন, ভারত, ব্রাজিল ও তুরস্কের মতো দেশকে বাইরে রেখেছে। একই দিন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ভাইস চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগের মাধ্যমে দেয়া পোস্টে বলেছেন, জি-সেভেন হচ্ছে রাশিয়ার জন্য একটি সেকেলে জোট এবং এই জোটে ফেরা রাশিয়ার জন্য অপ্রয়োজনীয় একটি বিষয়। সূত্র : পার্স টুডে।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই’২০/এসএএইচ

 

পশুর হাটে চিকিৎসার জন্য ডিএসসিসির ভেটেরিনারি মেডিকেল টিম

নিজস্ব প্রতিবেদকঃ ঈদুল আজহা উপলক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় অস্থায়ী পশুর হাটে পশুর চিকিৎসার জন্য দুটি ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে। ডিএসসিসি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা বিগ্রেডিয়ার জেনারেল শরীফ আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ বি এম শফিকুল ইসলাম এবং ডা. এস এম আমিনুল ইসলামের নেতৃত্বে ৩ সদস্য করে কেন্দ্রীয়ভাবে গঠিত পৃথক দুইটি মেডিকেল টিম আজ বুধবার থেকে অস্থায়ী গরু ছাগলের হাটে পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল প্রথম টিমের সদ্যদের মধ্যে রয়েছেন ডিএসসিসির অঞ্চল ৪ ভেটেরিনারি কর্মকর্তা ডা. এ বি এম শফিকুল ইসলাম, অঞ্চল ২ এর ভেটেরিনারি পরিদর্শক দেলোয়ার হোসেন মোল্লা এবং অঞ্চল ৪ এর ভেটেরিনারি পরিদর্শক শফিকুল ইসলাম। অন্যদিকে ভ্রাম্যমাণ ভেটেরিনারি মেডিকেল ২য় টিমের সদস্যদের মধ্যে রয়েছে ডিএসসিসির অঞ্চল ৩ এর ভেটেরিনারি কর্মকর্তা ডা. এস এম আমিনুল ইসলাম, অঞ্চল ৪ এর জবাইখানা পরিদর্শক ফরিদ আহমেদ এবং অঞ্চল ৩ এর সীলম্যান ও ভেটেরিনারি পরিদর্শক অব্দুল আজীজ।

 

আলোকিত প্রতিদিন/২৯ জুলাই’২০/এসএএইচ

জয়পুরহাটে ৫৩৮ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক বিক্রেতা আটক

সংবাদদাতা, জয়পুরহাটঃ প্রতিনিধিঃ জয়পুরহাটে বিপুল পরিমাণ ফেন্সিডিল গাঁজাসহ লাল মিয়া (২৮) নামে এক মাদক বিক্রেতাকে  আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  মঙ্গলবার (২৮ জুলাই) সকালে  কালাই উপজেলার  নান্দাইল দিঘী এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক বহনকারী একটি পিক-আপ ও জব্দ করেছে র‌্যাব। আটক লাল মিয়া, মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্যয়পুর গ্রামে আলাল মিয়ার ছেলে। জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ বলেন, আটক লাল মিয়া দীর্ঘদিন ধরেই মাদক বিক্রি করে আসছিলো। একটি পিক-আপ ভ্যানে করে গাঁজা ও ফেন্সিডিল গুলো রাজধানী ঢাকাতে নিয়ে যাচ্ছিল সকালে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৩৮ বোতল ফেন্সিডিল, এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। ক্যাম্প কমান্ডার আরো জানান, লাল মিয়া দীর্ঘদিন ধরেই নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল  বিভিন্ন উপায়ে অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি রাজধানী ঢাকাতে নিয়ে গিয়ে বিক্রি করতো। দীর্ঘদিন ধরেই পুলিশ তাকে খুঁজছিল। অবশেষে সে ধরা পড়লো।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

মানিকগঞ্জে তিনটি নদীর পানি অব্যাহত বৃদ্ধি, তলিয়ে গেছে অফিস-আদালত

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জে যমুনা নদীর পানি না বাড়লেও আভ্যন্তরীর নদী পদ্মা, ধলেশ্বরী ও কালীগঙ্গার পানি বেড়েই চলেছে। এসব নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কালীগঙ্গা নদীর পানি তরা পয়েন্টে পাঁচ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ১১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একদিনের ব্যবধানে ধলেশ্বরী নদীর পানি জাগীর পয়েন্টে ৪ সেন্টিমিটার বেড়ে তা বিপদসীমার ১০০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে পানি পরিমাপ করে দেখা গেছে যমুনা পানি স্থির অবস্থায় রয়েছে। তবে তা বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘ মেয়াদী এ বন্যায় ছয় লাখেরও বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। অধিকাংশ বাড়িঘর, রাস্তাঘাট, হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান তলিয়ে গেছে। জেলা ও দায়রা জজকোর্ট, পুলিশ লাইন্স, কারাগারসহ জেলা শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অফিস চত্বর পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, জ্বালানি ও খাদ্য সংকট। জেলা প্রশাসনের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের  পক্ষ থেকে ত্রাণসহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় কম বলে জানান বানভাসি মানুষেরা। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমির হোসেন বলেন, ইতোমধ্যে জেলার বিভিন্ন উপজেলার বন্যাদুর্গত এলাকায় ১০ হাজার পরিবারকে চাল, শুকনো খাবার, শিশু খাদ্য ও গোখাদ্যের জন্য নগদ টাকা দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে ভিজিএফ কার্ডধারী এক লাখ সাত হাজার ৮৫৩ জন দু:স্থ ব্যক্তিকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে। জেলা প্রশাসক এস এম ফেরদৌসসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে এসব ত্রাণ বিতরণ করছেন। বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক ড. বেনজির আহমেদ এবং বাংলাদেশ পুলিশ স্টাফ কলেজের রেক্টর ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের পক্ষ থেকে হরিরারমপুরের দুর্গম চরাঞ্চলের তিন শত বন্যার্ত ব্যক্তির প্রত্যেকের হাতে একটি করে শাড়ি ও লুঙ্গি, দুটি সাবান,  পাঁচ কেজি চাল,  এক লিটার তেল, আধা কেজি লবণ ও  এক কেজি ডাল তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

সাভারে কোরবানির পশুর হাট উদ্বোধন করলেন ত্রাণ প্রতিমন্ত্রী

আলী হোসেন, সাভারঃ সাভারে একটি কোরবানির পশুর হাট উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সাভারের ঢাকা আরিচা মহাসড়কের রেডিওকলোনী এলাকায় ফিতা কেটে এ গরুর হাট উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লা, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, হাটটির ইজারাদার নিজাম উদ্দিন টিপুসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

 

কলাপাড়ায় গরুর হাটে ছাত্রলীগের নামে চাঁদাবাজী রুখে দিল পুলিশ

সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় গরু বাজারে ছাত্রলীগ নেতার চাঁদাবাজী রুখে দিল পুলিশ। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমানের উদ্দ্যেগে পুলিশ মো. আলামিন (২৫) ও মো. মাসুম সর্দার (২০) নামের দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করে মঙ্গলবার আদালতে সোপর্দ করে। এ ঘটনায় কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে বাদী হয়ে কলাপাড়া পৌর ছাত্রলীগ সম্পাদক মো: জুয়েল রানা সহ ৬জনের নামে একটি চাঁদাবাজী মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত চাঁদাবাজ আলামিন নাচনাপাড়া এলাকার মো: হেলাল মুন্সির ছেলে এবং মাসুম সরদার নীলগঞ্জ ইউনিয়নের রহমতপুর এলাকার মো: সিদ্দিক সরদারের ছেলে। জানা যায়, নীলগঞ্জ ইউনিয়নের পাখীমারা বাজারে স্থানীয় জনসাধারণ পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল রানা ও তার ক্যাডারদের হাতে বেশ কিছুদিন ধরে চাঁদাবাজীর শিকার হচ্ছিল। জনসাধারন তাদের গবাদিপশু বাজারে এনে কেনা-বেঁচা করতে গেলে পৌর ছাত্রলীগ সম্পাদক জুয়েল ও তার সহযোগীদের চাঁদা দিতে বাধ্য করতো। এনিয়ে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার শেষবিকেলে কলাপাড়া থানা পুলিশ পাখীমারা বাজারে অভিযান চালিয়ে দু’চাঁদাবাজকে উত্তোলনকৃত চাঁদার টাকাসহ হাতে নাতে আটক করে। এসময় ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়। কলাপাড়া থানার উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, ’পাখীমারা বাজার উপজেলা প্রশাসন থেকে কোন ইজারা দেয়া না হলেও ছাত্রলীগ নেতা জুয়েল ও তার সহযোগীরা জনসাধারনের কাছ থেকে গরু প্রতি নূন্যতম ১হাজার ও ছাগল প্রতি ৫শ’ টাকা হারে বলপূর্বক আদায় করতে থাকে। দাবীকৃত টাকা না পেলে জনসাধারনকে ভয়ভীতি প্রদর্শন করে। জনসাধারনের অভিযোগের প্রেক্ষিতে সোমবার বাজার থেকে দুই চাঁদাবাজকে হাতে নাতে আটক করা হয়েছে।’ কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পাখিমারা বাজারে কোন ইজারা নেই । এ হাট থেকে খাজনা আদায়ের নামে চাঁদা আদায়ে জনসাধারন বিড়ম্বনার শিকার হওয়ায় আইনী পদক্ষেপ নেয়া হয়েছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতা জুয়েল রানা ও তার অপর সহযোগীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলছে। উল্লেখ্য, কলাপাড়া থানা পুলিশ ২০১৯ সালের ১৬ মার্চ পৌরশহরের হোটেল রুবানের সামনে থেকে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা জুয়েল রানাকে গ্রেফতার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জুয়েল’র নামে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এছাড়া জুয়েলের নামে ছাত্রলীগ নেতা পরিচয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের অসংখ্য অভিযোগ রয়েছে।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

শিবগঞ্জে মুক্তিযোদ্ধা নাজিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সংবাদদাত, চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭০) বছর। এর আগে সোমবার রাজশাহীর মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না….রাজিউন)। তিনি দীর্ঘদিন পুলিশে কর্মরত ছিলেন। পুলিশ থেকে অবসরে যাবার পর বাড়িতেই ছিলেন। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. সাকিব-আল-রাব্বি’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের জানাযায় অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার  সাকিব-আল-রাব্বি, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন, সাবেক উপজেলা ত্রাণ বিষয়ক কমান্ডার জোবদুল হক, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানকমান্ডের সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা। স্থানীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুলের পক্ষে দাফন সম্পন্ন কাজে পরিবারের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল রাব্বি।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ

ফুলবাড়ীতে গরীব অসহায়দের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে আসন্ন ঈদুল আযহা, বন্যা ও করোনা পরিস্থিতিতে গরীব অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার ছয়টি ইউনিয়নে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে চাল বিতরণ কার্যক্রম। বিতরণের ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ৫ হাজার ১৬০ জনের মাঝে এবং নাওডাঙ্গা ইউনিয়নের ২ হাজার জনের মাঝে এবং ২৭ ও ২৮ জুলাই ২ হাজার ৪০০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বড়ভিটা ইউনিয়নের ৫ হাজার ৫৫০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী সদর ইউনিয়নে ২৭ জুলাই হতে ৬ হাজার ৬৩৪ জনের মাঝে চাল বিতরণ অব্যাহত আছে। কাশিপুর ইউনিয়নে  ৫ হাজার ২৮৪ জন ও শিমুলবাড়ী ইউনিয়নের ৩ হাজার ৩৩০ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব ও ট্যাগ অফিসারগণ। এছাড়া বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত। ঈদের প্রাক্কালে উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০ হাজার ৩২৮ জনের মাঝে ১০ কেজি করে মোট ৩০৩ দশমিক ২৮০ মেট্টিকটন চাল বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত।

 

আলোকিত প্রতিদিন/২৮ জুলাই’২০/এসএএইচ