আজ শনিবার, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2531

কলাপাড়ায় আয়রন ব্রিজ ভাঙ্গন, দূর্ভোগে কয়েক গ্রামের মানুষ

সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত পাখিমারা থেকে কুমিরমারাসহ চারটি গ্রামে চলাচলের একমাত্র আয়রণ ব্রিজটি ভেঙ্গে নদীতে পরে গেছে। বুধবার দিবাগত রাতে হঠাৎ বিকট শব্দে ব্রিজটি ভেঙ্গে খালের মধ্যে ডুবে যায়। ১১৬ মিটার দীর্ঘ ব্রিজটির প্রায় ১০০ মিটার ধসে পড়ে ডুবে গেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আয়রন ব্রিজ ভাঙ্গার খবর শুনে কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মো: দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বৃহস্পতিবার দুপুরের দিকে পাখিমারা খালের ভেঙ্গে যাওয়া ব্রীজটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে গ্রামবাসীদের আশ্বস্ত করেন দ্রুত সময়ের মধ্যে ব্রীজটির সংস্কার কাজ সম্পন্ন করে জনসাধারনের যোগাযোগ ব্যবস্থা সচল করবেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, পাখিমারার এ আয়রন ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নীলগঞ্জ ইউনিয়নের সবজির গ্রাম খ্যাত কুমিরমারা, মজিদপুর, বাইনতলা, এলেমপুর ও ফরিদগঞ্জ গ্রামের সবজিচাষীরা এখন চরম বিপাকে পড়েছেন। কারন এ ব্রিজটি পেড়িয়ে উৎপাদিত সবজি কৃষকরা বাজারজাত করতেন। এসব গ্রামের কৃষকরা ১২ মাস সবজির আবাদ করছেন। ফলে সবজি চাষীসহ স্কুল-মাদ্রাসাগামী ছাত্র-ছাত্রী এবং সাধারণ মানুষ এখন চরম বিপাকে পড়েছেন। হতাশা ব্যক্ত করেছেন চাষীরা। সবজি চাষী জাকির হোসেন জানান, এ ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় তাদের জীবন-জীবিকায় প্রভাব পড়বে। পাখিমারা খালের ওপর ব্রিজটি ২০১৩-১৪ অর্থ বছরে নির্মিত হয়। দুই দফায় স্ট্রাকচার নির্মাণে ৩০ লাখ লাখ টাকা ব্যয় করা হয়। কলাপাড়া উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর ব্রিজটি নির্মাণ করে। পুরনো আয়রণ ব্রিজের মালামাল ব্যবহারের কারণে ব্রিজটি ধসে পড়েছে বলে স্থানীয় লোকজন জানান। এছাড়া বহু ক্রস এ্যাঙ্গেল দেয়া হয়নি। আয়রন খুটিগুলো যথাযথভাবে বসানো হয়নি বলেও জানা গেছে। তবে ওই স্পটে জরুরী ভাবে একটি গার্ডার ব্রিজ নির্মাণের দাবি করেছেন সাধারণ মানুষ। কলাপাড়া এলজিইডির প্রকৌশলী মো: দেলোয়ার হোসেন পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান,   এখানে আগে একটি কাঠের সেতু ছিল পরে উপজেলা পরিষদের সিদ্ধান্তে চাকামইয়াগামী পুরনো আয়রন ব্রিজের মালামাল দিয়ে ওই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, তিনি বিষয়টি জেনে এলজিইডি কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ

দিনাজপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিনিধি, দিনাজপুরঃ দিনাজপুরে গত বৃহস্পতিবার সকালে চাকু দিয়ে আঘাত করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তি ভাগ নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে তিনি খুন হয়েছেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে ছোট ভাই পলাতক। নিহত ব্যক্তির নাম আবদুস সালাম (৫৩)। তিনি দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পুলহাট হামজাপুর গ্রামের মৃত বদু মোহাম্মদের ছেলে। আবদুস সালামের ছেলে ফাতাউদ জামান বলেন, তাঁর দাদা বদু মোহাম্মদ সম্প্রতি মারা যান। তাঁর রেখে যাওয়া জমিজমা ভাগ-বাঁটোয়ারা করতে বুধবার রাতে বৈঠকে বসেন পাঁচ মেয়ে ও চার ছেলে। প্রতিবেশী এক ব্যক্তির বাড়িতে ওই বৈঠক চলছিল। বৈঠকে সুষ্ঠু সমাধান না হওয়ার অভিযোগ তোলেন ছোট ছেলে ফরিদুল ইসলাম। তিনি উত্তেজিত হয়ে বোনদের মারতে উদ্যত হন। এ অবস্থায় বৈঠক পণ্ড হয়ে যায়। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হন বড় ছেলে আবদুস সালাম। এ সময় প্রথমে তাঁকে হাঁসুয়া দিয়ে আঘাত করেন ফরিদুল। পরে তাঁর পেটে চাকু ঢুকিয়ে দেন। গুরুতর আহত অবস্থায় আবদুস সালামকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রে জানা গেছে, খুনের অভিযোগ ওঠা ফরিদুল শেরপুরে থাকেন। সেখানে তিনি একটি অটোরাইস মিলে কাজ করেন। ঈদের কয়েক দিন আগে স্ত্রীকে সঙ্গে নিয়ে গ্রামের বাড়িতে আসেন ফরিদুল। এরপরই এ ঘটনা ঘটল। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমেদ বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এখন পর্যন্ত খুনি ফরিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ

সালথা’য় ১৫’ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সংবাদদাতা, ফরিদপুরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ফরিদপুরের সালথা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, বিভাগদী শহিদ সৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তারিকুল ইসলাম, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবুল কালাম, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী প্রমূখ। এসময় বক্তারা বঙ্গবন্ধুর আত্ম জীবনী তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। শোকাবহ আগস্টে সমগ্র জাতির সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী, ভ্রাতৃপ্রতিম ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহ যথাযোগ্য মর্যাদা, শ্রদ্ধা, ভালোবাসা ও ভাব-গম্ভীর পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করবে। প্রতিবারের ন্যায় এবারও শোকার্ত বাঙালি জাতির সাথে একাত্ম হয়ে আওয়ামী লীগ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করে থাকে দলটি।

 

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট’২০/এসএএইচ

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাস চাপায় স্বামী-স্ত্রী নিহত, আহত ১০

প্রতিনিধি, মানিকগঞ্জঃ ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়ামুখী একটি বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সোয়া ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত এবং আহতরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে রয়েছে। বাসচাপায় নিহত ইয়াসমিন বেগম (৪০) মুলজান পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় নিহত হয় ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে চাকুরী করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইয়াসমিন দম্পতি মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন। মানিজগঞ্জ পল্লী বিদ্যুত অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃদা বলেন, সকালে পল্লী বিদ্যুত অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল যোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে গোল্ডেন পরিবহনের একটি বাসের চাপায় পিষ্ঠ হন। এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক। গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট’২০/এসএএইচ

সাভারে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার 

প্রতিনিধি, সাভারঃ সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের কর্মরত স্যামুয়েল ফলিয়া (৩০) নামের এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান। এর আগে বুধবার (৫ আগস্ট) গভীর রাতে সাভারের দড়িয়ারপুর এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ডা. স্যামুয়েল ফলিয়া এনাম মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুর জেলার মিশনপাড়া গ্রামের বাদল ফলিয়ার ছেলে। পুলিশ জানায়, গভীর রাতে স্যামুয়েল ফলিয়ার কক্ষে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারন জানা যাবে। ডা. স্যামুয়েল ফলিয়ার কক্ষ থেকে একটি সুইসাইডাল নোট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান সাভার মডেল থানার উপ-পরিদর্শক নাজিউর রহমান। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) এএফএম সায়েদ জানান, ডা. স্যামুয়েল ফলিয়ার মৃত্যু সংবাদ পেয়ে চাঁদপুর থেকে তাঁর পরিবারের সদস্যরা এসেছেন। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট’২০/এসএএইচ

 

মহেশখালীতে ভূমিদস্যুদের হামলায় আহত সহঃ রেঞ্জ কর্মকর্তার মৃত্যু 

আবু সায়েম, কক্সবাজারঃ কক্সবাজার মহেশখালীর কেরুনতলীতে ভূমিদস্যুদের হামলায় আহত সহকারী রেঞ্জ কর্মকর্তা ইউসুফ উদ্দিন টানা ৫দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩০ বছর। বৃহস্পতিবার (৬ আগষ্ট) ভোর ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার উত্তর বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা ও বিশেষ টহল দলের অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল হক। ইউসুফ উদ্দিন চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা। গত ৩০ জুলাই মহেশখালীর কেরুনতলি করইবুনিয়ায় সংরক্ষিত বনভূমির অবৈধ পানের বরজ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার হন তিনি। তাকে গুরুতর  আহত অবস্থায় ১ আগষ্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচারের পর থেকে তিনি  লাইফ সাপোর্টে ছিলেন। বন দস্যু ও দখলবাজদের   হামলায় ইউসুফ উদ্দিন ছাড়াও কেরুনতলী বন বিট কর্মকর্তা আহসানুল কবির, বন বিভাগের নৌকা চালক জিয়া রহমানসহ আরো কয়েকজন বন কর্মকর্মী আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় জড়িত ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা আসামী  করে মহেশখালী থানায় মামলা দায়ের করেন রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী।

 

আলোকিত প্রতিদিন/৬ আগস্ট’২০/এসএএইচ

 

কলাপাড়া পায়রাবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রেশিয়ানের মৃত্যু

সংবাদদাতা, কলাপাড়া(পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় পায়রাবন্দর নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নির্মাণাধীন আবাসন কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফিজ গাজী (৪৩) নামে এক ইলেকট্রেশিয়ানের মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৫টার দিকে লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া আবাসন কেন্দ্রে এ দূর্ঘটনা ঘটে। তাকে স্থানীয়রা উদ্ধার করে কজলাপাড়া হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত হাফেজগাজী বরগুনা জেলার কদমতলার ইটবাড়িয়া গ্রামের আলী আহমেদ গাজীর ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত হাফেজ গাজী আবাসন কেন্দ্রে বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় সে কোন ধরনের নিরাপত্ত াসামগ্রী ছাড়া আবাসনের বিদ্যুতের লাইনের তার জোড়া দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। কলাপাড়া হাসপাতালের চিকিৎসক ডা: ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। এঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ

ফুলবাড়ীতে শেখ কামাল’র জন্মবার্ষিকী  উপলক্ষে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ১ (এক) কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে। যুবউন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(৫ আগস্ট) বিকাল তিনটায় উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার।সভাপতিত্ব করেন তৌহিদুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার, ফুলবাড়ী। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষ্ণ মোহন হালদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সবুজ কুমার গুপ্ত, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক, কৃষি কর্মকর্তা মাহবুবুর রশীদ, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক  মিলন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকসহ অনেকে।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ

 

সাভারে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত 

প্রতিনিধি, সাভারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে সাভারে। আজ সন্ধ্যায় পৌর এলাকার ওয়াপদা রোডে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি  শওকত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাভার পৌর জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক কবির হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।দোয়া মোনাজাত শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তিনি তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে মাত্র ২৬ বছর বয়সে শাহাদত বরণ করেন তিনি।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ

 

দেশকে পিছিয়ে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ‘‘দেশকে পিছিয়ে দেয়ার জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল”। বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন পরিদর্শনে এসে একথা বলেন তিনি। পরিদর্শনকালে মন্ত্রীর সাথে ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনজুর রহমানসহ গণপূর্ত ও স্থাপত্য অধিদফতরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা। এসময় মন্ত্রী বলেন, “নবনির্মিত বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স ভবন বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে অসাধারণ সাফল্য।’’ তিনি আরও বলেন, “প্রকৌশলীরা সৎ চেতনা নিয়ে মাথা উঁচু করে দাঁড়ালে দেশের উন্নয়নে বিপ্লব ঘটে যাবে।’’ মন্ত্রী ১৪তলা ভবনটির অডিটোরিয়াম, সেমিনার কক্ষ, মাল্টিপারপাস হলরুম, ক্যাফেটেরিয়া ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। ভবনটির অনন্য স্থাপত্যশৈলী দেখে মুগ্ধ হন তিনি। জানা যায়, গণপূর্ত বিভাগের সহায়তায় এ ভবনটি নির্মানে ব্যয় হয়েছে ২২২ কোটি টাকা। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

 

আলোকিত প্রতিদিন/৫ আগস্ট’২০/এসএএইচ