আজ শুক্রবার, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2528

সাভারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

প্রতিনিধি, সাভারঃ সাভার পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ই আগস্ট) দুপুরে পৌরসভার ১নং ও ৯নং ওয়ার্ড এলাকায় প্রায় দুইশতাধিক পরিবারের মাঝে দুই টন চাল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কালে সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি বলেন, পৌরসভার ১নং ও ৯নং ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।পৌরসভার মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে পর্যায় ক্রমে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হবে। এসময় উপস্থিত ছিলেন, সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গনি,পৌর আওয়ামী লীগের যুব ও ক্রাড়া বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য রমজান আহম্মেদসহ আরো অনেকে।

 

আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট’২০/এসএএইচ

 

নগরকান্দায় আজান দেয়া অবস্থায় পিতাকে জবাই করে হত্যা চেষ্টায় পুত্র আটক

সংবাদদাতা, ফরিদপুরঃ ফরিদপুরের নগরকান্দায় পিতাকে জবাই করে হত্যা চেষ্টায় পুত্র স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ। জানা যায়, উপজেলার গোড়াইল গ্রামের আছির উদ্দীন ফকির গোড়াইল রব্বানী বাড়ীর জামে মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত আছেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মসজিদে গিয়ে ফজরের আজান দিচ্ছিলেন।
এলাকাবাসি জানান, আজানের মাঝামাঝির দিকে তার পুত্র লস্করদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শহীদুল ইসলাম মসজিদের মধ্যেই তাকে জবাই করে হত্যার চেষ্টা করে। হঠাৎ আজান বন্ধ হওয়ায় মাইকে তার গোংড়ানির শব্দ পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে শহীদুল পালিয়ে যায়। এলাকাবাসী তাকে আহত অবস্থায় উদ্ধার করে নগরকান্দা হাসপাতালে আনলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। পারিবারিক ও গ্রামবাসী সূত্রে জানা যায় , জমিজমা সংক্রান্ত ব্যাপারের জের ধরেই পুত্র শহিদুল তার পিতার উপর এই জঘন্য হামলা চালিয়েছে বলে ধারণা করছেন । নগরকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিরাজ হোসেন জানান, ঘটনার খবর পেয়েই নগরকান্দা থানা পুলিশ শহিদুলকে আটক করতে সক্ষম হয় এবং তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট’২০/এসএএইচ

 

কক্সবাজার রুমালিয়ারছড়ার তানভীর ৫০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক 

প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজার শহরের উত্তর রুমালিয়ার ছড়া এলাকার মো. তানভীর (৩৬) কে ৫০ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক করেছে র‌্যাব-৭। বুধবার (১২ আগস্ট) চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা ক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক তানভীর কক্সবাজার সদরের রুমালিয়াছড়া গ্রামের মো. মফিদুল আলমের ছেলে। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান চট্টগ্রাম হয়ে ঢাকা পাচার হবে। চালানটি ধরতে র‌্যাব-৭ এর একটি দল কর্ণফুলীর শিকলবাহা ক্রসিং এলাকায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের একটি বিশেষ চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী লন্ডন পরিবহন নামের একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে বাসের চালক গাড়িটি র‌্যাবের চেকপোস্টের সামনে থামান। র‌্যাব সদস্যরা বাসের ভেতর ও যাত্রীদের তল্লাশী শুরু করলে বাসের ভেতরে থাকা একজন যাত্রী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার সঙ্গে থাকা ব্যাগে পাওয়া যায় ৫০ হাজার পিস ইয়াবা। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। আটক তানভীর র‌্যাবের কাছে স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কক্সবাজর থেকে ইয়াবা কিনে তা নানান কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছে। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১৩ আগস্ট’২০/এসএএইচ

 

 

নোয়াখালীতে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় পুকুরের পানিতে ডুবে হুমায়রা আক্তার (৪) ও আব্দুল মাজেদ (৬) নামের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাইবোন। বুধবার (১২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ড সুন্দলপুর এলাকার তারা খাঁর বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, ওই বাড়ির হাফেজ আহমদের মেয়ে হুমায়রা ও গুলজার হোসেনের ছেলে আব্দুল মাজেদ। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে অন্য শিশুদের সাথে বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল হুমায়রা ও মাজেদ। দুপুরের পর থেকে পরিবারের লোকজন তাদের ২ জনকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এর এক পর্যায়ে তাদের ঘরের পাশের পুকুর ঘাটের পানিতে দু’জনের ভাসমান লাশ দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন।স্থানীয়দের ধারণা পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে দুপুরের কোন একসময় পুকুরে পড়ে মারা যায় তারা। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আলোকিত প্রতিদিন/১২ আগস্ট’২০/এসএএইচ

 

বীরগঞ্জে মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতার

শাহিনুর ইসলাম,বীরগঞ্জ (দিনাজপুর): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মামুনকে গ্রেফতার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। জানা যায়, বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মতিন প্রধান এর নির্দেশে থানার এস,আই মোঃ নজমুল হক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত পৌনে ১০টায় উপজেলার নিজপাড়া ইউনিয়নের মুন্সিপাড়া মাদ্রাসা মোড়ে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয় করার সময় ১০০ গ্রাম গাঁজাসহ নিজপাড়া ইউনিয়নের নোখাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মোঃ মামুন ইসলাম (৩০)কে আটক করে। বীরগঞ্জ থানার এস,আই মোঃ নজমুল হক বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় মামলা দায়ের করে। যাহার মামলা নং -৩, তারিখ ১২/৮/২০২০। এ ব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুল মতিন প্রধান সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে মামুন ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদককের বিরুদ্ধে কোনো আপস করা হবে না । গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে।

 

আলোকিত প্রতিদিন/১২ আগস্ট’২০/এসএএইচ

 

টাঙ্গাইলে চুরি করা গরুর ট্রাক উল্টে পাঁচটি গরুর মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতীতে চুরি করা গরুর ট্রাক উল্টে খাদে পড়ে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে। চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের উপজেলার নারান্দিয়া ইউনিয়নের যদুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো. মুরাদ বলেন, বুধবার ভোরে একটি গরুর ট্রাক অজ্ঞাত স্থান থেকে ঢাকায় যাচ্ছিল। ট্রাকটি ত্রিফল (তাবু) দিয়ে ঢাকা ছিল। পরে ট্রাকটি ভূঞাপুর-টাঙ্গাইল সড়কের কালিহাতী উপজেলার যদুরপাড়া এলাকায় এসে উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা পাঁচটি গরু মারা যায়। এছাড়া চারটি গরু জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের নম্বর দেখা যায়নি। ধারনা করা হচ্ছে গরুগুলো চুরি করা হয়েছিল। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে।

 

আলোকিত প্রতিদিন/১২ আগস্ট’২০/এসএএইচ

মধুখালীতে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

সংবাদদাতা, মধুখালী(ফরিদপুর): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস সামাজিক দুরত্ব বজায় রেখে পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) মধুখালী আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান বাবলু মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম পাঁচু, বন ও পরিবেশ সম্পাদক মো. ইউসুফ মোল্যা, সাহিত্য সম্পাদক ছাদেকুর রহমান, সদস্য আব্দুল হান্নান মোল্যা প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১২ আগস্ট’২০/এসএএইচ

কক্সবাজার জেলা যুবলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা ২৯ আগস্ট 

প্রতিনিধি, কক্সবাজারঃ স্বাধীনতার মহান স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী- জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) বিকাল ৪টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে আগামী ২৯ আগস্ট ২০ইং, রোজ শনিবার, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আগামী ২৯ আগস্ট, বিকাল ৩টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। দিনব্যাপী গৃহিত কর্মসূচির মধ্যে আরো রয়েছে- সকাল ৭টায় জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত ও উত্তোলন। সকাল সাড়ে ৭টায় কালো বেইজ ধারণ, সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন। সকাল ১০টায় বৃক্ষরোপণ কর্মসূচী। দুপুর ১২টায় এতিমদের মাঝে খাবার পরিবেশন। উক্ত প্রস্তুতি সভায় জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল-এর সঞ্চালনায়- উপস্থিত ছিলেন হুমায়ুন কবির হিমু, জাহেদ ইফতেখার, ফরিদুল আলম, তাজ উদ্দিন সিকদার তাজমহল, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক ডালিম বড়–য়া, আসাদ উল্লাহ সিআইপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন- কুতুব উদ্দিন, এড. নুরুল ইসলাম সায়েম, আনোয়ার করিম, মো: সিরাজদৌল্লাহ, ইউছুপ নবাব শাহ, আলী আহমদ, নুরুল আলম, আমির হোসেন, শওকত আলী মানিক, এড. রবিউল এহসান, ইসমাইল সাজ্জাদ, মুমিনুল হক, মো: দিদারুল ইসলাম রুবেল, আহসান সুমন, মুহাম্মদ ফারুক, জুনায়েদ কবির জুয়েল, মোনাফ সিকদার, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আরাফাত রিগ্যান, এড. শামসুল আলম, এড. আরিফুল মোস্তফা, নাছিরুল ইসলাম সিকদার, রউফ নেওয়াজ ভুট্টো, মাসেকুর রহমান, রেজা আল নাহিয়ান, জমির হোসেন, কাজী দিদারুল আলম, এড. ফয়সাল, আবুল কাসেম, মিজান উদ্দিন সিকদার, মিজানুর রহমান হিমেল, সাজ্জাদ পারভেজ নয়ন, শেখ শহীদুল ইসলাম বাবুল, আতা উল্লাহ আতিক, কাইয়ুম হুদা বাদশা, আরিফ উল্লাহ খান, নবী হোসেন, আব্দু শুক্কুর খন্দকার, আবদুল আহমদ প্রমুখ-সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত তারিখে দিনব্যাপী কর্মসূচীতে- জেলা যুবলীগের সর্বস্তরের নেতা-কর্মী এবং সকল উপজেলা/পৌরসভার সভাপতি/সাধারণ সম্পাদক, আহ্বায়ক/যুগ্ম-আহ্বায়কবৃন্দদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখার সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

 

আলোকিত প্রতিদিন/১২ আগস্ট’২০/এসএএইচ

 

 

গাইবান্ধায় বন্যায় আড়াই হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি

সংবাদদাতা, গাইবান্ধাঃ গাইবান্ধায় ভয়াবহ বন্যায় ধান-পাট, সবজিসহ ২ হাজার ৫৩৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। ফলে প্রায় ২৭ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। চলতি বছরে গাইবান্ধার সদর, ফুলছড়ি, সুন্দরগঞ্জ, সাঘাটা, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও গোবিন্দগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ফসল দীর্ঘদিন তলিয়ে থাকার কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়। গাইবান্ধা কৃষি অফিস সূত্রে জানা যায়, স¤প্রতি বয়ে যাওয়া বন্যায় জেলায় পাট ১ হাজার ৯৮০ হেক্টর, আমন বীজতলা ৮২ হেক্টর, আউশ ধান ১৬০ হেক্টর, সবজি ২৬৮ হেক্টর তীল ৩০ হেক্টর, চীনা বাদাম ১৩ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। গাইবান্ধা কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য সরকারিভাবে ১০৫ একর জমিতে ও ভাসমান ১০০টি আমন বীজতলা প্রস্তুত রয়েছে। এছাড়াও ১ হাজার ২০০ বিঘাতে মাসকলাই এবং স্বল্প-মধ্য মেয়াদী সবজির বীজ ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিতরণ করা হবে।

 

আলোকিত প্রতিদিন/১১ আগস্ট’২০/এসএএইচ

টাঙ্গাইলে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল আলম তালুকদার (৭১) নামের এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।  নিহত ব্যক্তি এলেঙ্গা পৌরসভা চেচুয়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কামাল হোসেন বলেন, উত্তরবঙ্গগামী একটি পিকআপ ভ্যান মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড ওভারব্রীজের নিচে পথচারী শামসুল আলম তালুকদারকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘাতক পিকআপকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

 

আলোকিত প্রতিদিন/১১ আগস্ট’২০/এসএএইচ