আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2518

ফুলবাড়ীতে অগ্নিকান্ডে ৮ টি বসতঘর পুড়ে ছাই

সংবাদদাতা, ফুলবাড়ী(কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৩ পরিবারের ৮ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ছিট রাবাইতারী গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ওই গ্রামের আলতাফ হোসেনের বসতঘরে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই তা আশপাশের বাড়ীঘরে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি নাগেশ্বরী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দেড় ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।কিন্তু ততক্ষণে আলতাফ হোসেনের ৫ টি, জমেলা বেওয়ার ২টি, রাশেদা বেওয়ার ১টি বসতঘর ও ঘরের আসবাব পত্র পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমন জানান, সন্ধ্যা সাতটার দিকে আমরা মোবাইল কলের মাধ্যমে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত এখানে চলে আসি। কিন্তু গাড়ি যাতায়তের উপযুক্ত রাস্তা না থাকায় ঠেলাগাড়ীতে করে আমাদের যন্ত্রাদি ঘটনা স্থলে নিতে হয়েছে। এতে আগুন নেভানোর কাজ আরম্ভ করতে দেরি হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় ৩ টি পরিবারের ৮ টি বসত ঘর ও আসবাব পত্র পুড়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানান তিনি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

আলোকিত প্রতিদিন/৩১ আগস্ট’২০/এসএএইচ

 

দিনাজপুরে জাতীয় পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ(দিনাজপুর): দিনাজপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে জাপা ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট)  বিকেল ৫ টায় দিনাজপুর প্রেসক্লাবে এম আব্দুর রহিম মিলনায়তনে এ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য  রংপুর বিভাগের অতিরিক্ত মহাসচিব জননেতা ব্যারিষ্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা জাপার সংগ্রামী সাধারণ সম্পাদক আহম্মেদ শফি রুবেল। কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক বোচাগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলে্‌ন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাপার সহ-সভাপতি এ্যাড. নুরুল ইসলাম (৪)। জেলা জাপার সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ নুরুল ইসলাম (১) এর সভাপতিত্বে ও  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জেলা জাপার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম। পার্বতীপুর উপজেলা  থেকে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির  সমাজকল্যাণ সম্পাদক সোলায়মান সামি। জেলা জাপার সহ-সভাপতি এ্যাড. আমিনুল হক পুতুল, মহিলা সম্পাদিকা ও কেন্দ্রীয় নেত্রী পৌর কাউন্সিলর রোকেয়া বেগম লাইজু, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ নাসিম খান পিরু, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর মোঃ আনিসুজ্জামান মিলন, জেলা ছাত্র সমাজের সভাপতি মোঃ ফরহাদ হোসেন সহ অন্যান্য জেলা জাপার নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির তথ্য ও গবেষণা সম্পাদক অাখতারুজ্জামান তুহিন, জাতীয় ছাত্র সমাজের বিভাগীয় নেতা অারিফ অাহম্মেদ, জেলা জাতীয় ছাত্র সমাজের ফরহাদ হোসেন, ছাত্র সমাজের কেন্দ্রীয় কমিটির সদস্য নিহাল হোসেন  অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় সদস্য  ও জেলা জাপার যুগ্ন সাধারণ সম্পাদক এ্য্যাডভোকেট সুধীর চন্দ্র শীল।প্রধান অতিথি এমপি ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী বলেন, এরশাদ সরকারের আমলে মানুষ শান্তিতে ছিল, মানুষ এখন একটি ভালো রাজনৈতিক প্লাটফর্ম খুঁজছে। জাতীয় পার্টি একদিন ক্ষমতায় আসবে বলে আমরা বিশ্বাস করি। তিনি বলেন জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় দল। বহু মানুষ আওয়ামী লীগ ও বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করতে আগ্রহী। এরশাদের গৌরবময় উজ্জল ইতিহাস মানুষকে জানাতে হবে। দেশের জন্য হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক কিছু করে গেছেন। এরশাদ ক্ষমতায় থাকা কালে উপজেলা পরিষদ গঠন করেছেন, জাপা দেশ ও জনগণের কল্যাণের জন্য চিন্তা করছে। তিনি বলেন, রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা সবাই সুসংগঠিত থাকলে এরশাদ বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তা একদিন অবশ্যই বাস্তবায়িত হবে।

 

আলোকিত প্রতিদিন/৩০ আগস্ট’২০/এসএএইচ

 

সাভারে শোকাবহ আগস্ট শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধ, সাভারঃ সাভারে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে শোকাবহ আগস্ট শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় এ আলোচনা সভা,দোয়া মাহফিল, চাউল ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন,ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আলম,ইউপি সদস্য আলমাস মোল্ল্যা,ফিরোজ কাজল,রফিকুল ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদী পরিবারসহ ২১শে গ্রেনেড হামলায় শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।পরে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণসহ শতাধিক অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়।

 

আলোকিত প্রতিদিন/৩০ আগস্ট’২০/এসএএইচ

 

আজ কবি মোজাফফার বাবু’র আবির্ভাব দিবস

জাকারিয়া নূরী : আজ ২৮ আগস্ট কবি ও কথা সাহিত্যিক এবং আশির দশকের প্রগতিশীল ছাত্র নেতা মোজাফফার বাবু’র জন্মবার্ষিকী। তার পিতা মানবতাবাদী নতুন সমাজের দিশারী,আদর্শে অবিচল এমন একজন বিরল ব্যক্তিত্ব মাস্টার ইমান আলী এবং মাতা শেফালী খাতুন। আজকের এই দিনে যশোর সদরের খড়কির সার্কিট হাউজের বাড়িতে তিনি জন্মগ্রহণ করেন। চার ভাই এক বোনের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ।
বালক বেলা থেকে কবি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করেন। ছোটবেলা থেকে নিজ উদ্যোগে ‘ঘোপ শিশু-সংঘ’  নামে সরকারের নিবন্ধনকৃত সংগঠন গড়ে তোলেন। তার প্রথম কবিতা ‘ভিক্ষুক’ পঞ্চম শ্রেণিতে পড়াকালীন সময়ে প্রকাশিত হয়। বিভিন্ন দিবসের রচনা ও নির্দেশনায় একুশের ডাক স্বাধীনতা বাংলার শহীদ মিনার শিরোনামে নাটিকা মঞ্চস্থ হয়েছে। ঢাকা ড্রামা সার্কেলের পক্ষ থেকে মহিলা সমিতির মঞ্চের মঞ্চ নাটক ও ‘যদি কিছু মনে না করেন’ টিভি অনুষ্ঠানেও অভিনয় করেছেন।
পলিটেকনিক ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইন কমার্স কলেজে পড়াশোনা করা অবস্থায় তিনি বিপুল ভোটে ছাত্র সংসদের সভাপতি নির্বাচিত হোন। শিল্প-সংস্কৃতির মানুষ মোজাফফার বাবু স্কুল, কলেজ,  বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াতে ও শিল্পে অর্জন করেছেন বেশ কিছু পুরস্কার। অন্যধারা সাহিত্য সংসদের সাহিত্য সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ‘সম্মাননা স্মারক-২০২০’ গ্রহণ করেন। এছাড়াও তিনি পেয়েছেন ভিন্নমাত্রা মিডিয়া ভিশনের অ্যাওয়ার্ড-২০১৯। লেখালেখির পাশাপাশি তিনি গান বা আবৃত্তি  শুনতে এবং বর্তমান বিশ্বের অবস্থা ও বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে জ্ঞান রাখতে পছন্দ করেন।
তার দাম্পত্য জীবনে রয়েছেন তার সহধর্মিণী ফেরদৌস মোজাফফার এবং তার দুই মেয়ে মাশরী মোজাফফার ও মাহীন মোজাফফার।
কবি মোজাফফর বাবুর জন্মস্থানে বহু রাজনৈতিকের পদধূলি পড়েছে। তার বাবার রাজনৈতিক চিন্তা চেতনা দর্শনের কারণে তাদের বাড়িতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ইব্রাহিম খাঁ, সুধীর বাবু, প্রতাপ উদ্দীন আহাম্মেদ, মুহাম্মদ সুলতানসহ আরো অনেকের পদচারণা ছিলো ।
বইমেলায় তার প্রকাশিত গ্রন্থ সমূহ :
১. গল্পের বই :  উলুখাগড়াদের গল্প।
২. উপন্যাস : তালুক
৩. কবিতার বই : কফি হাউসের আবছায়া।
এ ছাড়া ও বিভিন্ন কবিতা, ছড়া, গল্প ও সামাজিক অবক্ষয়ের উপর লেখা দৈনিক আলোকিত প্রতিদিন,  সাপ্তাহিক অন্যধারা, online Red Times  সহ বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে ।
বর্তমানে তিনি উপন্যাস ও কবিতার পাশাপাশি গল্প এবং নাটক নিয়ে লিখছেন।
আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট-২০২০/জেডএন

কাঁধে ব্যথা ও ফ্রোজেন শোল্ডার : সতর্কতা ও সমাধান । ডা: মোহাম্মদ আহাদ হোসেন

কাঁধে ব্যথা ও ফ্রোজেন শোল্ডার : সতর্কতা ও সমাধান
ডা: মোহাম্মদ আহাদ হোসেন

কাঁধ বা শোল্ডার আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ন অংশ। আমাদের সকল কাজের জন্য হাতের সাহায্য নিয়ে থাকি। হাত নাড়াচাড়ার সাথে কাঁধের নাড়াচাড়া খুবই স্বাভাবিক। এজন্য কাধের কোনো সমস্যা বা ব্যথা হলে তা থেকে হাতের মুভমেন্ট বাধা গ্রস্থ হয়। আর গঠনগতভাবে কাঁধ ইনজুরি বা আঘাতের জন্য ঝুঁকিপূর্ণ। কাঁধে ব্যথা খুবই সাধারণ একটি বিষয়। আন্তর্জাতিক পরিসংখ্যানে প্রতি হাজার মানুষের মধ্যে ১৫ জন প্রতি বছর কাঁধে ব্যথার সমস্যায় ভূগে থাকেন।  একটু অসাবধানতা থেকেই কাঁধ ক্ষতিগ্রস্থ হতে পারে। কীভাবে কাঁধে ব্যথা বা ইনজুরি হয় এবং কীভাবে আমরা এর থেকে সাবধান থাকতে পারি এই বিষয়ে আজকের লেখা।

শুরুতেই কাঁধের গঠন সম্পর্কে একটু ধারনা দেই। আমাদের কাঁধ বা শোল্ডার কাঁধের একটি হাঁড় ও বাহুর একটি হাড় নিয়ে গঠিত। সাথে কিছু মাংসপেশি ও লিগামেন্ট থাকে যা শোল্ডার জয়েন্টকে শক্তিশালী করে। এখানে কাঁধের হাঁড়ে একটি ক্যাপসুল থাকে ও বাহুর হাড়ে একটি বলের মতো অংশ থাকে যা ওই ক্যাপসুলের মধ্যে আটকে থাকে। জয়েন্টটি ঝুলন্ত থাকার কারণে ও বেশি ব্যবহার হওয়ার কারণে ইনজুরির ঝুকিতে থাকে।

কাঁধে ব্যথার কারণ কী ?
যে কোনো রোগের কারণ ছাড়াও ব্যথার মূল তিনটি কারণ হচ্ছে মাংসপেশী বা লিগামেন্টস ইনজুরি, হাড় ভেঙ্গে যাওয়া বা ক্ষতিগ্রস্থ হওয়া এবং স্নায়ুতে চাপ বা ক্ষতিগ্রস্থ হওয়া। এই কারণগুলো বিভিন্ন কারণে হয়ে থাকে।

আঘাত জনিত ব্যথা কীভাবে হয় ?
আঘাত পাওয়া যে কোনো ব্যথার অন্যতম কারণ। আঘাতের কারণে মাংসপেশী, লিগামেন্টসে বড় ধরনের বা ছোট ধরনের ইনজুরি হতে পারে। কাঁধ বা শোল্ডার জয়েন্টকে ঘিরে রাখে চারটি টেন্ডন বা লিগামেন্টস। এগুলোকে একত্রে বলে রোটেটর কাফ। আঘাতের কারণে এই রোটেটর কাফের যে কোনো লিগামেন্ট ইনজুরি হতে পারে। যে কারণে সাময়িক কাঁধে বা শোল্ডারে যে কারণে সাময়িক ব্যথা হতে পারে। ইনজুরি ঠিক হওয়ার জন্য পর্যাপ্ত সময় বা বিশ্রাম না দিলে বা নিয়োমিতভাবে ব্যথার অঙ্গ দিয়ে কাজ চালিয়ে গেলে সেই ইনজুরি থেকে দীর্ঘ মেয়াদী ব্যথা বা ক্রনিক পেইন হতে পারে। আবার অত্যাধিক ভারী জিনিস তুলতে যেয়ে বা জোরে হাত টানের কারণে শোল্ডার ডিসলোকেশন বা ছুটে যেতে পারে। যে সকল আঘাতের কারণে শোল্ডারে ইনজুরি হতে পারে।

  • বাচ্চাদের জন্মের সময় শোল্ডারে ইনজুরি সহ হাঁড় ভেংগে যেতে পারে।
  • ছোট বাচ্চাদের হাত ধরে উঠানোর সময় জোরে টান লাগলে শোল্ডার এ ইনজুরিসহ ডিসলোকেশন হতে পারে। সেক্ষেত্রে বাচ্চাদের কাঁধ ধরে উঠাতে পারেন।
  • অত্যাধিক ভারী জিনিস তোলার কারণে মাংসপেশী ও লিগামেন্টস ইনজুরি হতে পারে।
  • ব্যায়াম করার সময় অধিক চাপের কারণে মাংসপেশী বা লিগামেন্টস ইনজুরি হতে পারে।
  • ক্রিকেট খেলায় যারা স্পিডে বল করে তাদের ইনজুরি হতে পারে।

কাঁধের হাড় ফেটে যাওয়া বা ভেঙ্গে যাওয়া :
আঘাতে থেকে অনেক সময় হাড় ভেঙ্গে যেতে পারে বা ফেটে যেতে পারে। সেক্ষেত্রে প্রচন্ড ব্যথা অনুভূত হয়। অনেক সময় সূক্ষ্ম ফাটল খেয়াল করা হয় না। সেক্ষেত্রে তা দীর্ঘ মেয়াদী ব্যথায় রূপান্তর হতে পারে। কাঁধের হাঁড়ের ইনজুরির মধ্যে সাধারণভাবে ক্লাভিকল বা কলার বোন ইনজুরি হয়ে ব্যথা হতে পারে। আবার কাঁধের হাঁড় বিশেষ করে বাহুর হাঁড় ফেটে বা ইনজুরিতে ব্যথা হতে পারে। সাধারণত বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের ইনজুরি হতে পারে। অস্টিও পোরোসিসের কারণে হাঁড় ভংগুর হয়ে থাকে। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ি ক্যালসিয়াম ও ভিটামিন ডি খাওয়ার দরকার হতে পারে।
ফ্রোজেন শোল্ডার :
ফ্রোজেন শোল্ডার কাঁধের একটি সাধারণ সমস্যা। সাধারণত মাঝ বয়েসী থেকে অধিক বয়েসীদের এটা হতে পারে। এক্ষেত্রে কাঁধের জয়েন্টে প্রথম দিকে ভেতরের আবরনীতে প্রদাহ হয়ে ব্যথা অনুভূত হয়। যে কারণে হাত নাড়াচাড়া করা থেকে বিরত থাকেন আক্রান্ত ব্যক্তি। দীর্ঘদিন এই সমস্যা থাকলে কাঁধের জয়েন্ট শক্ত হয়ে যায়। তখন চাইলেও নাড়ানো যায় না। প্রচন্ড ব্যথা হয়।

কারা ফ্রোজেন শোল্ডারের জন্য ঝুঁকিতে থাকেন ?

  • বয়স ৪০ বা তার ঊর্ধ্বে তারা এই সমস্যার জন্য ঝুঁকিতে থাকেন।
  • যে সকল কারণে শোল্ডারের মুভমেন্ট কমে যায়। যেমন- রোটেটর কাফ ইনজুরি, হাত ভেঙ্গে যাওয়া, স্ট্রোকের কারণে ও অপারেশন জনিত কারণে দীর্ঘদিন শোল্ডারের মুভমেন্ট কমে যাওয়া।
  • বিভিন্ন রোগের কারণে হতে পারে। যেমন- ডায়াবেটিস, থাইরয়েড গ্রন্থির রোগ, হার্টের রোগ, যক্ষ্মা ও পারকিন্সন রোগ।
  • যারা দীর্ঘদিন অস্টিওয়ারথ্রাইটিস বা রিউম্যটয়েড আরথ্রাইটিসে ভূগে থাকেন তাদের ক্ষেত্রেও এই সমস্যা হতে পারে।

কীভাবে ফ্রোজেন শোল্ডার থেকে রক্ষা পাওয়া যায় ?
একটু সতর্ক থাকলেই আমরা এই সমস্যা থেকে বেঁচে থাকতে পারি। আঘাত জনিত সমস্যা থেকে বেঁচে থাকার চেষ্টা করা। নিয়মিত শোল্ডারের ব্যায়াম শোল্ডারকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কাঁধ বা শোল্ডার যেহেতু গুরুত্বপূর্ণ একটি অঙ্গ তাই এর কোনো সমস্যাকে হালকা করে না দেখা। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়া। শুধু ব্যথার ঔষুধ খেয়ে চিকিৎসা নিজে নিজে না করা। এখন সমস্যা হচ্ছে যদি ফ্রোজেন শোল্ডার হয়ে যায় তবে কী করার আছে? এক্ষেত্রে সমাধান হচ্ছে শোল্ডারকে মুভমেন্ট করানো। যেহেতু ব্যথা হয়। ব্যথা দূর করে নিতে হবে। সেক্ষেত্রে যারা ব্যথার চিকিৎসা করেন তাদের পরামর্শ নিয়ে লোকাল ইনজেকশন নিয়ে ব্যথা কমিয়ে নিয়ে নিয়োমিত এক্সারসাইজ করে এই ফ্রোজেন শোল্ডার থেকে রেহাই পেতে পারেন। নিয়োমিত ফিজিওথেরাপি এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।

বাইসেপস টেনডিনাইটিস :
আমাদের কাঁধে বা শোল্ডারে রোটেটর কাফের চারটি মাংশপেশীর শেষের অংশ বা টেনডন ঘিরে রাখে। বাইসেপস টেনডন তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। এটি সামনের দিক থেকে শোল্ডারকে রক্ষা করে। কোনো কারণে এটি আঘাত প্রাপ্ত হলে যেমন- অত্যাধিক ভারী কিছু উপরে তোলা, বার বার মাথার উপরের দিকে হাত জোরে জোরে ঘোড়ানো অথবা সরাসরি কোনো আঘাতে এতে প্রদাহ হয় ও ব্যথা হয়। সঠিক চিকিৎসার মাধ্যমে এটি সমাধান না করলে এটি শোল্ডারের দীর্ঘ মেয়াদী ব্যথার কারণ হতে পারে।

বাইসেপস টেনডিনাইটিস চিকিৎসা পদ্ধতি :
আমরা অন্যান্য ব্যথায় ব্যায়ামের কথা বলি। কিন্তু বাইসেপস টেনডিনাইটিস হলে ব্যায়াম করা যাবে না। তাই এটা নির্ণয় করা জরুরী। যারা ব্যথার চিকিৎসা করেন তারা দেখে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হতে পারেন। আবার প্রয়োজনে আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত হওয়া যায়। নিশ্চিত হওয়ার পর আমরা ব্যথামুক্ত ছোট্ট ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা করে থাকি ও কিছু দিন বিশ্রাম দিয়ে থাকি। যদি দীর্ঘ মেয়াদী ব্যথা হয় সেক্ষেত্রে আমরা পিআরপি চিকিৎসা দিতে পারি।

কাঁধের অস্টিও আরথ্রাইটিস :
এটা কাঁধে ব্যথার অন্যতম একটি কারণ। এক্ষেত্রে কাঁধের জয়েন্টের ভেতরের আবরনীতে প্রদাহ হয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে। এটা বোঝার জন্য খেয়াল রাখতে হবে যাদের এই ধরনের সমস্যা আছে তাদের শরীরের অন্যান্য জয়েন্টও ব্যথায় আক্তান্ত হতে পারে। এক্ষেত্রে জয়েন্ট ফুলে যায় ও প্রচন্ড ব্যথা হয়। ওষুধ সেবন ও নিয়োমিত এক্সারসাইজ এক্ষেত্রে উন্নতি এনে দিতে পারে। এ সকল রুগীদের বারবার জয়েন্টে ইনজেকশন নেয়াও ক্ষতিকর হতে পারে। তাই সাময়িক ব্যথা উপশমের জন্য বারবার ইনজেকশন নেয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সঠিক রোগ নির্ণয় না করে জয়েন্টে কোনো ধরনের ইনজেকশন জয়েন্টে মারাত্মক ইনফেকশনের কারণ হতে পারে।

কাঁধের ব্যথায় পিআরপি :
পিআরপি হচ্ছে প্লাটিলেট রিচ প্লাজমা। পিআরপি চিকিৎসা ঘাড়ের ব্যথাসহ অন্যান্য ব্যথার চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আমাদের শরীরের নিজেস্ব উপাদান দিয়ে চিকিৎসা করা হয়। এতে যাকে দেয়া হবে তার শরীর থেকে ২০ সিসি রক্ত নিয়ে সেটা মেশিনে দিয়ে রক্ত থেকে প্লাজমা আলাদা করা হয়। এই প্লাজমায় প্লাটিলেটসহ অনেক গ্রোথ ফ্যাক্টর থাকে। এটা ইনজুরির জায়গায় দিলে সেখানে লোকাল গ্রোথ ফ্যাক্টর রিলিজ করে স্থায়ী ক্ষত পূরণে সাহায্য করে। এটা নিয়ে এখনো গবেষণা চলছে। ব্যথা নিরাময়ের স্থায়ী চিকিৎসায় এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শোল্ডারের ব্যথায় এক্সারসাইজ :
যে কোনো ব্যথায় এক্সারসাইজের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এক্সারসাইজের মাধ্যমে মাংসপেশীগুলো স্ট্রেস নেয়ার ক্ষমতা বাড়ে। রক্ত চলাচল বাড়ে। এর ফলে টেনডন ও লিগামেন্টস নিউট্রিশন পায় ও ভালো থাকে। জয়েন্টের মুভমেন্ট স্বাভাবিক থাকে। স্ট্রেস নেয়ার ক্ষমতা বাড়ে। এছাড়াও এক্সারসাইজের মাধ্যমে শরীর থেকে এনডরফিন নামক পদার্থ রিলিজ হয় যা ন্যাচারাল ব্যথা নাশক হিসাবে কাজ করে। এক্সারসাইজের মাধ্যমে এনকেফালিন নামক পদার্থ রিলিজ হয় যা মানসিক চাপ মুক্ত রাখতে সাহায্য করে।

যে সকল এক্সারসাইজ আমাদের শোল্ডারকে ভালো রাখতে পারে তাদের মধ্যে উল্লেখ যোগ্য কয়েকটি হলো :

  • শোল্ডার ওয়ার্ম আপ : শোল্ডারকে রিল্যক্স করুন। কয়েকবার সামনের দিকে কয়েকবার পেছনের দিকে ঘুরিয়ে আনা নেয়া করুন। ১৫-৩০ সেকেন্ড ধরে করুন।
  • এক্রোজ দা চেস্ট স্ট্রেস : আপনার ডান হাতটি সোজা করে আপনার বুকের বরাবর রাখুন। এবার বাম হাত দিয়ে ডান হাতের কনুই বরাবর ধরে বুকের বাম পাশের দিকে চাপ দিন ও ধরে রাখুন ১০-১৫ সেকেন্ড। পদ্ধতিটি উভয় হাত ব্যাবহার করে ৩-৫ বার করুন।
  • শোল্ডারের পেছনের দিকের অংশে স্ট্রেস : আপনার ডান হাত দিয়ে বাম শোল্ডারকে ধরুন বা স্পর্শ করুন। এবার বাম হাত দিয়ে কনুইয়ের পেছন থেকে চাপ দিন ও ধরে রাখুন ১০-১৫ সেকেন্ড। অপর হাতে বিষয়টি একইভাবে করুন। পুরো পদ্ধতিটি ৩-৫ বার করুন।
  • ট্রাই সেপস স্ট্রেস : এটাতে বাহুর পেছনের মাংশপেশীতে স্ট্রেস দেয়া হয়। আপনার ডান হাত উঁচু করে ডান হাত দিয়ে ডান শোল্ডারকে পেছনের অংশ স্পর্শ করুন। এবার বাম হাত দিয়ে চাপ দিন ও ধরে রাখুন ৫-১০ সেকেন্ড। এভাবে অপর পাশে করুন।
  • রোটেটর কাফ স্ট্রেস : ডান হাত শোল্ডার ও কনুই বরাবর ৯০ ডিগ্রি কোণে বা সমকোনে রাখুন। এবার বাম হাত দিয়ে বাহু বরাবর ধরে বাম পাশে চাপ দিন একই সাথে ডান হাত ডান দিকে নেয়ার চেষ্টা করুন একই সাথে হাত সোজা রাখুন। ৩-৫ সেকেন্ড ধরে রাখুন। অপর হাত দিয়ে একইভাবে করুন। ৩-৫ বার পদ্ধতিটি করুন।
  • পেক্টরালিস স্ট্রেস : আপনার দুই হাত পেছনের দিকে নিন। দুই হাতের তালু একত্রিত করুন। এবার দুই হাত সোজা করুন ও ধরে রাখুন ৫-১০ সেকেন্ড।
  • আপার ট্রাপ স্ট্রেস : বাম হাত বাম উরুর নিচে রাখুন। ডান হাত দিয়ে মাথার উপর দিয়ে কান স্পর্শ করুন। এবার মাথা ও ঘাড়কে ডান পাশে চাপ দিন ও ধরে রাখুন ৫-১০ সেকেন্ড। এভাবে বাম পাশে করুন। পুরো প্রক্রিয়াটি ২-৩ বার করুন। এতে শোল্ডার ও নেক স্ট্রেস হবে। মাথায় ও ঘাড়ে রক্ত চলাচল বেড়ে যাবে।

কখন ব্যায়াম করবেন না :

  • ব্যায়ামের সময় হাতে বা কাঁধে ব্যথা হলে।
  • ফ্রোজেন শোল্ডার অনুভব হলে।
  • হঠাৎ আঘাত পেলে।
  • অতিরিক্ত চাপের এক্সারসাইজ করবেন না যাতে এক্সারসাইজের মাধ্যমে ইনজুরি হতে পারে।

অধিক বয়স্করা কীভাবে ব্যায়াম করবেন :
যারা অধিক বয়স্ক তারা বের হতে পারেন না বা বিভিন্ন সমস্যার কারণে বাসায় থাকতে হয় তারা বিভিন্ন জয়েন্টসের ব্যথায় ভূগে থাকেন। কারণ তাদের জয়েন্টসগুলো মুভমেন্ট হয় না। এদের ক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি তাকে বা তার জয়েন্টসগুলো মুভমেন্ট করিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে খুব সাবধানের সাথে করাতে হবে। তাদের ক্ষেত্রে স্টেস এর মুভমেন্ট করানো যাবে না। শুধু স্বাভাবিক মুভমেন্ট করাতে হবে।

শেষ কথা :
আমাদের শরীর ঠিক রাখার জন্য বিভিন্ন জয়েন্টসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে হাত ও পায়ের জয়েন্টসের ভূমিকা অপরিসীম। কারণ সব সময়ই আমরা এদের সাহায্যে চলাফেরা করি। হাত ও পায়ের জয়েন্টস ক্ষতিগ্রস্থ হলে আমরা শারীরিক মানাসিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারি। তাই এসকল জায়গা আক্রান্ত হওয়ার আগেই সতর্ক হতে হবে। কোনো কারণে আক্রান্ত হয়ে গেলে সঠিক চিকিৎসা নেয়া অত্যন্ত জরুরি। ভুল চিকিৎসার কারণে হাত ও পায়ের জয়েন্টসের কোনোটি ক্ষতিগ্রস্থ হলে সারা জীবনের জন্য আফসোস করতে হতে পারে।

সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন।

(লেখক : কনসালটেন্ট ও পেইন ফিজিশিয়ান
কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা।)

 

 

আলোকিত প্রতিদিন/২৮ আগস্ট-২০২০/জেডএন

পটুয়াখালীর বাউফলে সন্ত্রাসী রাজিবের হাতে ছাত্রদল নেতা শাওন খুন

মু. হেলাল আহম্মেদ (রিপন), পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদল নেতা মো: শাওন খন্দকারকে (২৩)  ছুরিকাঘাত করে হত্যা করেছে রাজিব রাজা (২৪) নামের এক ঘাতক। অভিযুক্ত  রাজিবকে এ ঘটনায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার বিলবিলাস বাজারে এ ঘটনাটি ঘটে। নিহত শাওন খন্দকার টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের এমএসএস বিভাগের ছাত্র এবং উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। তার বাবার নাম জাকির হোসেন সেন্টু খন্দকার বলে জানা যায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় বিলবিলাস বাজারে মদনপুরা গ্রামের ফয়েজ রাজার ছেলে রাজিবের চোখে টর্স লাইটের আলো মারার ঘটনাকে কেন্দ্র করে শাওন ও রাজিবের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন রাজিব টর্স দিয়ে শাওনের মাথায় আঘাত করে। সোমবার বেলা ১১ টার দিকে বিলবিলাস বাজারে চা খেতে এসেছিল শাওন। এ সময়ে রাজিবের সঙ্গে শাওনের সঙ্গে দেখা হলে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে আবার কথা কাটাকাটি হয় । এক পর্যায়ে রাজীব শাওনের পেটে ও ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
এছাড়া আরও জানা গেছে, খুনি রাজিব একজন দাগী আসামী। ঢাকাতে প্রবাসী খুনের আসামী ছিলেন তিনি। পরে আদালতের জামিনে এসে নিজ বাড়ি তথা বাউফলের মদনপুরা সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলছেন বলে জানায়।
এ ব্যপারে বাউফল থানার তদন্ত ওসি আল মামুনকে ঘটনার বিসয় জানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন, এ ঘটনায় খুনি রাজিবকে আটক করেছে পুলিশ এবং লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন

সাভারে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত

মো: আলী হোসেন, সাভার : সাভারে ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ আগস্ট সোমবার বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের যাদুরচর এলাকায় অনুষ্ঠানটি সম্পন্ন হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।

এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম সহ তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সকলকে ভুরিভোজ সহ প্রায় এক শতাধিক অসহায় বন্যা কবলিত ও হতদরিদ্রের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন

টাঙ্গাইলে কর্মহীন শ্রমজীবীরা মাছ শিকারে ব্যস্ত

সবুজ সরকার, টাঙ্গাইল : মহামারী করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবিরা দীর্ঘদিন ধরে অলস সময় পার করছে। ফলে টাঙ্গাইলের নদী-নালা, খাল-বিলে মাছ শিকারিদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন ব্রিজ, কালভার্ট ও স্রোতের মুখে শিবজাল, ধর্মজাল নিয়ে ওঁৎ পেতে বসে আছেন মাছ শিকারিরা। অনেকে এ মাছ বিক্রী করে তাদের দৈনন্দিন চাহিদাও মেটাচ্ছেন। সাম্প্রতিক সময়ে ভারী বর্ষনে নদ-নদী প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হওয়ায় ছোট থেকে শুরু করে সব বয়সের লোক এ মাছ ধরায় ব্যস্ত।
এবারের বন্যায় টাঙ্গাইল জেলার প্রায় গ্রামের মানুষই পানি বন্দী হয়ে পড়েছে। অন্য বছরের তুলনায় এবার নদী-নালায় আগাম পানি আসায় কর্মজীবী মানুষের কাজকর্ম না থাকায় ব্যস্ত সময় পাড় করছেন।
টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা গ্রামের কয়েকজনকে ধর্মজাল ও শিবজাল দিয়ে মাছ শিকার করতে দেখা যায়। বর্ষার পানিতে মাছ শিকারে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছের দেখাও মিলছে। তাই উৎসব মূখর পরিবেশে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে এলাকার তরুণ, যুবক, প্রবীন বয়স্করাও। অনেকে সখের বশবর্তী হয়েও মাছ শিকারে নেমেছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, করোনায় মানুষের কর্মসংস্থান ও আয়ের উৎস কমে যাওয়ার কারণে অধিকাংশ মানুষ বর্ষার নতুন পানিতে মাছ শিকারে নেমে পড়েছে। নদী এলাকার গ্রামগুলোতে জাল তৈরিতে ব্যস্ত সময় পার করছে অনেকেই।
বিশেষ করে প্রতিদিন বিকেলে এসব জালে মাছ শিকার দেখতে এলাকার অনেক নারী-পুরুষ সেখানে ভিড় জমায়। ওই জায়গাগুলোতে মাছ শিকারের মহোৎসব থাকায় এখন অনেকটা বিনোদন স্পটে পরিণত হয়েছে। ঘারিন্দা এলাকার মাছ শিকারি বিপ্লব মিয়া জানায়, করোনায় কামাই রুজি না থাকায় প্রতিদিন মাছ ধরি। নিজের চাহিদা মিটিয়ে কিছু মাছ বিক্রি করে সংসার ভালই চলছে।
এ বিষয়ে, জেলা মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা জানান, বর্ষা মৌসুমে মৎস্যজীবিরা মাছ শিকার করে সংসার চালাতে পারলেও শুষ্ক মৌসুমেও তাদের সহায়তা করা প্রয়োজন বলে দাবি করেন।

 

আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন

জয়পুরহাটে করোনা প্রতিরোধে অরবিট সমাজকল্যাণ সংস্থার স্বাস্থ্য উপকরণ বিতরণ

রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট : জয়পুরহাটে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন অরবিট সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রম এবং করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সদর উপজেলার কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে বিতরণীতে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. উম্মে কুলসুম। বিশেষ অতিথির বক্তব্য দেন জয়পুরহাট লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সাধারণ সম্পাদক লুৎফে আকবর চৌধুরী রাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অরবিট সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রাশেদ বিশ্বাস, প্রত্যাশা সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, মেরি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মেহেরুন নেছা মেরী, শিক্ষার্থী সাজ্জাদ হোসেন, সুলতানা প্রমূখ। অনুুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীসহ প্রায় দুইশত নারী-পুরুষ অংশগ্রহণ করে এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে মাক্স, সাবান, ভিটামিন সি, জিঙ্ক ট্যাবলেট বিতরণ করা হয়। প্রধান অতিথি করোন ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে অধিক যত্নবান হওয়া এবং স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন

আউশ ধানের ভালো দাম পেয়ে খুশি নওগাঁর কৃষক

সুদাম চন্দ্র, নওগাঁ : নওগাঁ জেলার রাণী নগর উপজেলায় চলতি মৌসুমে রোপা আউশ ধানের ভালো দাম পেয়ে খুশি কৃষকরা। ৩ বারের বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এবার আউশ মৌসুমে ফলনও হয়েছে খুব ভালো। তাই ধানের এই দামের বাজার অব্যাহত থাকলে বন্যার ক্ষতি কৃষকরা অনেকটাই পুষে নিতে পারবেন বলে আশা প্রকাশ করছে কৃষি বিভাগ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আউশ মৌসুমে উপজেলার মোট ১ হাজার ৪শ ২৫ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে। এর মধ্যে শতাধিক বিঘা জমির ধান বন্যার পানিতে নষ্ট হয়েছে। তবুও উপজেলার এক ডালা, পারইল, বড়গাছা, সদর ইউনিয়নগুলো উচু হওয়ার কারণে বন্যার পানিতে এইসব এলাকার ধান বন্যায় তেমন আক্রান্ত হয়নি। এবার হেক্টর প্রতি ৩.২টন হারে আউশ ধানের ফলন হয়েছে। এ পর্যন্ত ৪শ ৫০ হেক্টর জমির ধান কর্তন করা হয়েছে। আর কিছু দিনের মধ্যেই কৃষকরা আউশ ধান কর্তন করে রোপা আমন ধান রোপণ করা শুরু করবেন। সম্প্রতি উপজেলা কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে আউশ ধান কর্তন করেছে। বর্তমান বাজারে প্রতি মণ আউশ ধান ৯৫০-১০০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
একডালা গ্রামের কৃষক ফেরদৌস হোসেন, ভেটি গ্রামের আলীসহ অনেক কৃষকরাই জানান যে- আউশ ধান চাষে খরচ একবারেই নেই বললেই চলে। পানি সেচ দিতে হয় না, বালাইনাশক তেমন ব্যবহার করতে হয় না। তাই আউশ ধান চাষ করে কৃষকরা অনেকটাই লাভবান হন। এছাড়াও বর্তমানে বাজারে ধানের দামও ভালো পাওয়া যাচ্ছে। তাই আমরা কৃষকরা আউশ ধানের ফলন ও দামে অনেক খুশি।
উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, আমন ধানে কিছুটা সেচ দিতে হলেও আউশ ধানে তেমন একটা পানি সেচ দিতে হয় না। এবার উপজেলার অধিকাংশ জমিতে ব্রিডধান ৪৮,৮২ জাতের ধান চাষ করায় কৃষকরা অধিক ফলন পেয়েছে। কারণ এই জাত উচ্চ ফলনশীল হাইব্রিড ধানের জাত। তবে বন্যার কারণে যেসব জমির ধান নষ্ট হয়ে গেছে কৃষকরা এখন সেসব জমিতে আমন ধান রোপণ করতে শুরু করেছে। এছাড়াও আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সব সময় কৃষকদের নানা রকমের পরামর্শ প্রদানে কাজ করছি।

আলোকিত প্রতিদিন/২৫ আগস্ট-২০২০/জেডএন