আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 251

ব্রাহ্মণবাড়িয়ায় ৭কেজি গাঁজাসহ ভাই বোন গ্রেপ্তার 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ০৭ (সাত) কেজী গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে। ২০ কক্টোবর সোমবার সকালে সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটককৃত দুই মাদক কারবারি হলেন — কবির হোসেন (২৮) ও মোসাঃ আরিফা আক্তার (৩০) কবির হোসেন ও আরিফা আক্তার উভয় জেলার আখাউড়া থানার রাণীখার পূর্বপাড়া সৈয়দ বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে ও মেয়ে। যারা সম্পর্কে ভাই ও বোন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি রতেপ চন্দ্র দাশ জানান, আটকৃত আসামিদের বিরুদ্ধে অপরাধ অনুযায়ী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন/২০অক্টোবর ২০২৫/মওম

ইসিকে ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব

আলোকিত ডেস্ক:

নির্বাচন কমিশনকে (ইসি) এবার ভোটের আগে ও পরে মোট আট দিন আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে বিভিন্ন বাহিনী।

২০ অক্টোবর সোমবার নির্বাচন ঘিরে প্রাক-প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা বৈঠক শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে স্বরাষ্ট্র সচিব, ইসি সচিবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা অংশ নেন। নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে প্রায় দুই ঘণ্টা চলে এ বৈঠক।

ইসি সচিব বলেন, এবার ভোটে পাঁচ দিন আইন শৃঙ্খলা-বাহিনী রাখার পরিকল্পনা ছিল। আজ বৈঠকে আট দিন রাখার প্রস্তাব এসেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে, কোনো শঙ্কা প্রকাশ করেনি আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা কোনো উদ্বেগ প্রকাশ করেননি। নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনে বাজেটের উপর নির্ভর করবে। বাজেট বরাদ্দের বিষয়টি পরে সিদ্ধান্ত হবে। বৈঠক থেকে কোনো ধরনের দিকনির্দেশনা দেওয়া হয়নি বলেও জানান তিনি।

সচিব জানান, নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ, ড্রোন ব্যবহার নিষিদ্ধ এবং পুলিশের জন্য বডিওর্ন ক্যামেরা থাকবে।

সচিব আখতার আহমেদ বলেন, সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ৯০ হাজার থেকে এক লাখ সদস্য মোতায়েন থাাকবে। সবচেয়ে বেশি থাকবে আনসার বাহিনীর। আনসারের পাঁচ লাখ বা তার কিছু বেশি সদস্য মোতায়েন থাকবে। বিভিন্ন বাহিনী থেকে বলা হয়েছে সর্বোচ্চ যতটুকু প্রয়োজন ততটুকু থাকবে।

তিনি বলেন, সশস্ত্র বাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের অধীন নাকি গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নিয়োগ হবে তা এখনো ঠিক হয়নি। আরপিও সংশোধন হয়ে এলে সে বিষয়ে বলা যাবে।

ইসির পরিকল্পনা অনুযায়ী, আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনেও আট দিনের জন্য মাঠে নেমেছিল সশস্ত্র বাহিনী। তবে যাতায়াতের জন্য আরো পাঁচ দিন সময় নিয়েছিল। একাদশ সংসদ নির্বাচনে ১০ দিন মাঠে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী।

আলোকিত প্রতিদিন/২০অক্টোবর ২০২৫/মওম

৫ শতাংশ বাড়িভাড়া যথেষ্ট নয়, শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে:এ্যানি

আলোকিত প্রতিবেদক:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সরকারের বাড়িভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত বিষয়ে এ্যানি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করব ৫ শতাংশ এনাফ (যথেষ্ট) নয়। শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে।

এ সময় তিনি ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতকে জাতীয়করণ করা হবে। এই প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বলে জানান এ্যানি।

২০ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সংহতি জানান।

তিনি বলেন, যেভাবে গত নয়দিন ধরে আপনারা প্রখর রোদে রাজপথে অবস্থান করছেন, এটা করার কথা ছিল না। শিক্ষকরা বারবার রাস্তায় আসেন, আন্দোলন করেন, আবেদন করেন—এই অবস্থা যেন আর না হয়, সেই লক্ষ্যেই আমরা পূর্ণ জাতীয়করণের কথা বলেছি।

শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ১২ তারিখ থেকে আন্দোলন করছেন। এমন কষ্ট কেউ চায় না। আগামী দিনে যেন শিক্ষকদের আর রাস্তায় নামতে না হয়, বিএনপি সে লক্ষ্যে কাজ করবে।

এ্যানি আরও বলেন, আপনাদের যে দাবি, অন্তর্বর্তী সরকার তার কিছুটা মেনে নিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় এখনো পৌঁছায়নি। ২০ শতাংশ বাড়িভাড়া ও অন্যান্য দাবিগুলো দ্রুত মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিএনপির এই নেতা বলেন, শিক্ষকেরা জাতির আলোকবর্তিকা। তারা জাতিকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের যথাযথ মূল্যায়ন ও মর্যাদা দেওয়া বিএনপির অঙ্গীকার।

সরকারের উদ্দেশে এ্যানি বলেন, আমরা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাই। শিক্ষকদের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিতে হবে। আমরা শিক্ষকদের সঙ্গে আছি, থাকব। বিএনপি বিশ্বাস করে, জাতির উন্নয়নের চাবিকাঠি শিক্ষা। আর শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ-প্রত্যাশী জোটের ডাকে শিক্ষক-কর্মচারীরা সোমবার নবম দিনের মতো কর্মসূচি পালন করেন। জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কোনো বিশৃঙ্খলা আমাদের উদ্দেশ্য নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরব না।

আলোকিত প্রতিদিন/২০অক্টোবর ২০২৫/মওম

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা স্বামী-স্ত্রী গ্রেফতার!

আলোকিত ডেস্ক, বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন তারা। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন এই দুজন স্বামী স্ত্রী। বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে। সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।

আলোকিত প্রতিদিন/এপি

জাতীয়তাবাদী লেখক ফোরামের আয়োজনে শরতের কবিতা পাঠের অনুষ্ঠান

বিশেষ প্রতিবেদক: নীলাকাশে সাদামেঘের সাথে বনে বনে ফুটে থাকা সফেদ কাশফুলের সখ্যই আমাদের চিরচেনা  শরৎ। এই ঋতু শুধু বৈচিত্র্যময়ই নয় সৃষ্টির আনন্দে ভেসে যাবারও। শরৎরাণীকে কবিতায় গানে কথামালায় ভরিয়ে দেয়ার জন্য জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে শনিবার আয়োজন করা হয় বিশেষ শরৎ সন্ধ্যার। নগরীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রের সত্যেন বোস মিলনায়তনে ফোরামের সভাপতি কবি শাহীন রেজার সভাপতিত্বে এতে যোগ দেন দেশের বিশিষ্ট কবি সাহিত্যিক শিল্পী ও সাংবাদিকেরা।
সূচনা বক্তব্যে প্রবীণ কবি কামার ফরিদ বলেন, চিরায়ত বাংলাকে খুঁজে পাবার ঋতু শরৎ। উৎসব আনন্দে ভেসে যাবার ঋতু শরৎ। বিশিষ্ট প্রকাশক জাকির হোসাইন বলেন, শরতের নীলাকাশ আমাদের মনকে উদাস করে তোলে।সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও শিক্ষাবিদ ড.শহিদ আজাদ বলেন, লেখক ফোরাম শাশ্বত সংস্কৃতি ও ঐতিহ্যের বিকাশ ও সংরক্ষণে কাজ করে যাবে। সহ-সভাপতি কবি ও সাংবাদিক শাহীন চৌধুরী বলেন, সারা পৃথিবীতে চারটা ঋতু থাকলেও আমাদের সৌভাগ্য আমরা ছয়টি ঋতু পেয়েছি। শরত আমাদের বাড়তি পাওনা। সহ-সভাপতি কবি কামরুজ্জামান বলেন, জাতীয়তাবাদী শক্তি হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যাবে।
সহ-সভাপতি কবি ও কথাসাহিত্যিক শাওন আসগর বলেন, কবিতায় বাংলার শাশ্বত সুন্দরকে তুলে আনতে হবে। সহ-সভাপতি কবি ও সংগঠক সাজেদা হেলেন বলেন, লেখক ফোরামের জন্ম হয়েছে লেখনীর মাধ্যমে দেশের মাটি ও মানুষকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার জন্য। সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কবি ও সম্পাদক সৈয়দ রনোর সঞ্চালনায় সমাপনী বক্তব্যে কবি শাহীন রেজা বলেন, এদেশের সাহিত্য ও সংস্কৃতির জগৎ এতোদিন একটি বিশেষ মহলের নিয়ন্ত্রণে পরিচালিত হত। এই অঙ্গনে প্রকৃত জাতীয়তাবাদী শক্তিরা ছিল কোনঠাসা। একটি বিশেষ দেশের তাবেদার এই শক্তি আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে বিজাতীয় সংস্কৃতি প্রতিষ্ঠায় তৎপর ছিল।
তিনি বলেন, এই গোষ্ঠীর অপতৎপরতার বিরুদ্ধে লেখক ফোরাম রুখে দাঁড়াবে। আমাদের প্রধান কাজ দেশীয় সংস্কৃতিকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দেয়া। এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও ঋদ্ধ করা। অনুষ্ঠানে কবিতা,গান, পুথিপাঠ ও আলোচনায় অংশ নেন,যুগ্ম সাধারণ সম্পাদক কবি আবীর বাঙালি, অর্থ সম্পাদক কবি হুমায়ূন কবির সিকদার, কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি ও বিশিষ্ট পুঁথি রচয়িতা জালাল খান ইউসুফী, কবি ও চিত্রশিল্পী মনিরুজ্জামান পলাশ,  কবি তন্ময় হারিস, সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্য হাসান কামরুল, রানা হোসেন, জেসমিন দীপা, নুরুল আবছার, আতিকুজ্জামান খান, জাবেদ পাটোয়ারী, নাহিন শিল্পী, রীনা পন্ডিত, তাছলিমা আকতার, ইসমত আরা, বীথি কবির, গোলাম মাওলা শিকদার, শফিউল্লাহ মিয়া ভাই প্রমুখ। সন্ধ্যা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত চলা এ আয়োজন শাশ্বত বাংলাকে যেন টেনে এনেছিল নগর সভায়। হৃদয়ে একটি বাংলাদেশকে ধারণ করে প্রকৃত জাতিসত্বা প্রতিষ্ঠার অঙ্গীকার বুকে নিয়ে বাড়ী ফিরেছিল সবাই।
আলোকিত প্রতিদিন/এপি

সাদুল্লাপুরে ৬৬ বছরের বৃদ্ধা নারী ধর্ষণের শিকার, হাসপাতালে ভর্তি, অভিযুক্ত পলাতক

মোঃ ফিরোজ প্রধান,  গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মাঠ থেকে ছাগল আনতে গিয়ে ৬৬ বছরের এক বৃদ্ধা নারী ধর্ষণের শিকার হয়েছেন। রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের একটি কৃষিজমিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
ভুক্তভোগীকে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গাইবান্ধা সদর হাসপাতাল হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ধাপেরহাট ইউনিয়নের কৃষক আইয়ুব আলী (৪৫) মাঠে ঘাস কাটছিলেন। এ সময় ওই বৃদ্ধা ছাগল আনতে মাঠে যান। সুযোগ বুঝে আইয়ুব আলী তাকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, বৃদ্ধা বাড়ি না ফেরায় তারা খোঁজ শুরু করেন। কিছু সময় পর স্থানীয়দের সহায়তায় মাঠের পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানিয়েছেন, ভুক্তভোগীর স্বজনরা এখনও লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/এপি

জবি ছাত্রদল নেতা জুবায়েদ খুনের ঘটনায় তার ছাত্রী আ*টক!

বিশেষ প্রতিনিধি, পুরান ঢাকার আরমানীটোলায় টিউশনিতে এসে ছুরিকাঘাতে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জুবায়েদ হোসেন। গতকাল রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে সন্দেহভাজন দুই খুনিকে শনাক্ত করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে জুবায়েদ হোসেনের ছাত্রী বর্ষাকে।

জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। একই সঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন। রাতে কর্মসূচিতে যোগ দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এক বছর ধরে জোবায়েদ হোসেন পুরান ঢাকার আরমানীটোলায় ওই বাসায় বর্ষা নামের এক ছাত্রীকে ফিজিক্স, ক্যামেস্ট্রি ও বায়োলজি পড়াতেন। এদিন সন্ধ্যায় বর্ষাকে পড়াতে গিয়ে খুন হন জুবায়েদ হোসেন। অন্যদিনের মতো গতকাল সন্ধ্যায় জুবায়েদ পড়াতে যান। পরে স্থানীয় লোকজন ছয়তলাবিশিষ্ট ওই বাসার তৃতীয় তলার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বাসাটি ঘিরে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ এসে জুবায়েদের মরদেহ উদ্ধার করে। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফরেনসিক টিম আসার পর আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করা হয়।

লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে দুজনকে শনাক্ত করতে পেরেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিল্ডিংয়ের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি, খুব দ্রুত সময়ের মধ্যে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটন করা সম্ভব হবে। ঘটনার পর ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ জব্দ করে পুলিশ। জিজ্ঞাসা করে ওই ছাত্রীকে। পরে রাত ১১টার দিকে তাকে আটক করে নিয়ে যায় পুলিশ।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, কালো টি-শার্ট ও কালো ব্যাগ পিঠে দুই যুবক দৌড়ে বংশাল রোডের দিকে যাচ্ছেন। পুলিশের ধারণা, এরা হত্যাকা-ে জড়িত হতে পারে। তবে তাদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এদিন পুলিশ আসার আগে ওই ছাত্রী বর্ষার সঙ্গে কথা বলেন শাখা ছাত্রদলের সিনিয়র নেতারা। এ সময় ওই মেয়ের সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ১০ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন মুন্না। তিনি বলেন, আমি ওই মেয়ের সঙ্গে কথা বলি। যা জেনেছি তা হলোÑ বিকালে ওই ছাত্রী জুবায়েদকে কল দিয়ে জিজ্ঞেস করেছে, স্যার আজ পড়াতে আসবেন? জুবায়েদ বলে হ্যাঁ, আসতেছি। মেয়ে জিজ্ঞেস করেছে স্যার, কোথায় আছেন? জুবায়েদ বললÑ নূর বক্স লেনে ঢুকেছি। কল কেটে দিয়ে ছাত্রী জুবায়েদের লোকেশন চেক করে কনফার্ম হয় জুবায়েদ নূর বক্স লেনে প্রবেশ করেছে। এরপরই তো ঘটনাটা ঘটে। তিনি বলেন, মেয়ের বাসা পাঁচতলায়, রক্ত নিচতলা থেকে তৃতীয়তলা পর্যন্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। অথচ এই বিল্ডিংয়ের কেউ নাকি কিছুই জানে না।

এদিকে ছাত্রদল নেতা জোবায়েদ হোসাইনের খুনিকে গ্রেপ্তারের দাবিতে শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ শিবির, বাগছাস, ছাত্রফ্রন্টসহ তার সহপাঠীরা রাত ১০টার পর বিক্ষোভ মিছিল করেন। পরে তারা তাঁতীবাজার মোড় অবরোধ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। প্রশাসনের সঙ্গে আমরা সার্বক্ষণিক যোগাযোগ করছি আসামিদের গ্রেপ্তার করার জন্য। আমরা শোকাহত।

ঢাবি প্রতিনিধি জানিয়েছেন, জুবায়েদকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল। রাত ৯টা ৩০ মিনিটে মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর, হলপাড়া ঘুরে আবার টিএসসিতে যায়।

কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম বলেন, কয়েক দিন আগে এই ক্যাম্পাসের অভ্যন্তরে আমাদের সহকর্মী সাম্যকে হত্যাকা-ের শিকার হতে হলো। এর পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা পারভেজকে হত্যার শিকার হতে হলো, আর আজকে জুবায়েদকেও হত্যাকা-ের শিকার হতে হলো। এই ব্যর্থতার দায় ইন্টেরিম গভর্নমেন্টকেই নিতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

গাইবান্ধা ঘাঘট নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ!

সাদুল্যাপুর প্রতিনিধি,মোঃ ফিরোজ প্রধান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহিষবান্দী বাজার ব্রিজ সংলগ্ন ঘাঘট নদীতে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। ১৯ অক্টোবর (রোজ রবিবার) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এই আয়োজনে নদীর দুই পাড় জুড়ে জমে ওঠে উৎসবমুখর পরিবেশ। স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় আনন্দ-উচ্ছ্বাসের মেলায়। প্রতিযোগিতার উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত মনোনীত প্রার্থী।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ ফাহিম মন্ডল, অফিস সম্পাদক, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখা; পাশাপাশি স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ। অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্যের নৌকা বাইচ শুধুমাত্র একটি প্রতিযোগিতা নয়—এটি আমাদের সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। এমন আয়োজন গ্রামীণ সমাজে ভ্রাতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বাড়ায়। দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকার কয়েকটি দল। রঙ-বেরঙের নৌকা, ঢাক-ঢোলের তালে তালে বৈঠার ছন্দে যখন নৌকা এগিয়ে চলে, তখন দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে নদী তীর। শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ। আয়োজন শেষে দর্শক-অংশগ্রহণকারীদের মধ্যে তৈরি হয় আনন্দঘন পরিবেশ, যা দীর্ঘদিন মনে রাখার মতো এক সুন্দর মুহূর্ত হয়ে থাকবে সাদুল্লাপুরবাসীর কাছে।
আলোকিত প্রতিদিন/এপি

সাতকানিয়ায় বিএনপি’র গণসংযোগ ও লিফলেট বিতরণ

নুরুল ইসলাম:-
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম সাতকানিয়ায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৮ অক্টোবর শনিবার বিকেলে সাতকানিয়া পৌরসভার ২নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধি ও দলের ঘোষিত রাজনৈতিক দিকনির্দেশনা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্য তুলে ধরা হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী, মানুষের প্রাণপ্রিয় নেতা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, সাতকানিয়া উপজেলা বিএনপি’র সদ্য সাবেক আহ্বায়ক, বারবার কারানির্যাতিত জননেতা আলোজ্বলা জামাল হোসেন।
তিনি বলেন,
“তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করছে।”
গণসংযোগ ও লিফলেট বিতরণে আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান চেয়ারম্যান, পৌর বিএনপি নেতা মোহাম্মদ রফিক, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ শাহাজাহান, মোনায়েন হোসেন, ইফতেখার মোস্তফা সম্রাট, বশির আহমদ, ছাদেক আহমদ, নাসির উদ্দীন, জাহাঙ্গীর আলম, পৌর শ্রমিকদলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ছৈয়দ হোসেন, মোহাম্মদ সাব্বির, ইকবাল হোসেন রুবেল, আনিসুর রহমান আনাস, আবু সাঈদ রাসেল, মীর মোহাম্মদ আসিফ, আজিমুর রহমান আজিম, মোহাম্মদ আরফাত, আবদুল আজিজ, হেলাল উদ্দিন প্রমুখ।
এইছাড়া পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
স্থানীয় জনপদে বিএনপি’র এই ধারাবাহিক কর্মসূচি জনগণের মধ্যে নতুন উৎসাহ ও প্রত্যাশার সঞ্চার করেছে।
আলোকিত প্রতিদিন/১৯অক্টোবর ২০২৫/মওম

সত্যি বলতে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম: চিরঞ্জিত চক্রবর্তী

বিনোদন ডেস্ক:

দেশ-বিদেশের নানা প্রান্তে বহু সিনেমায় শুটিং করেছেন ওপার বাংলার অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। বিভিন্ন ধরনের অভিজ্ঞতাও হয়েছে তার। তবে কখনো কি ভূতের ভয় পেয়েছেন অভিনেতা? ভূত চতুর্দশীতে নিজের বাড়িতে কাটানো এক ভয়ঙ্কর রাতের কাহিনি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। জীবনে প্রথম এমন অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল তার।

এমনিতে নাকি কোনো কিছুতেই তেমন ভয় নেই চিরঞ্জিতের। তবে নিজের পরিচালিত সিনেমা ‘ভয়’-এর শুটিংয়ের সময়ে কিছু দৃশ্যে খানিক থমকে গিয়েছিলেন অভিনেতা। দেবশ্রী রায়, সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তীর মতো অভিনেতাদের নিয়ে সেই সময়ে পুরোদমে শুটিং চলছিল। হঠাৎ খানিক কেঁপে উঠলেন চিরঞ্জিত।

তিনি বলেন, ‘জমিয়ে শুটিং চলছিল তখন। হঠাৎ একটা জানলা খোলার দৃশ্যের শুটিংয়ের সময়ে বদলে গেল চারিদিক। সত্যি বলতে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। মনে মনে অবশ্য সেই সময় ভয়ের থেকেও আনন্দ হচ্ছিল এটা ভেবে যে দর্শকেরও নিশ্চয়ই একই অনুভূতি হবে।’

তার কথায়, ‘আমার ফ্ল্যাটে একবার অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। স্ত্রী সেই সময়ে সম্ভবত বাপের বাড়ি গিয়েছিল। আমি একা একই বাড়িতে দুটো ফ্লোরে দুটো ফ্ল্যাট আমার। সে দিন রাতে ছবি আঁকার জন্য উপরের ফ্ল্যাটে গিয়েছিলাম। চারপাশ একদম শান্ত হাতে সেরকম কোনও কাজও নেই কিন্তু কিছুক্ষণ থাকার পরেই গা ছমছম করতে শুরু করল। মনে হচ্ছিল কিছুতেই এখানে থাকাটা ঠিক হচ্ছে না। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে।’

চিরঞ্জিত বলেন, ‘তারপর থেকেই অদ্ভুত একটা আওয়াজ শুরু হয়। কিছুতেই সেই দিন কাজটা আর করতে পারলাম না। সত্যি বলতে সিচুয়েশনটা থেকে পালিয়ে এসেছিলাম। বার বার মনে হয়েছিল ঘরের ভিতরে দ্বিতীয় কেউ রয়েছে কিছু একটা তো হচ্ছে।’

এমনিতে ঘরের ভিতর খুটখাট শব্দ হলে তিনি ভাবেন, হয়তো ইঁদুর দৌড়াচ্ছে। কিন্তু ওই দিনের ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাওয়ায় ভয় পেয়ে গিয়েছিলেন অভিনেতা। তিনি বলেন, ‘নীচের ফ্ল্যাটে যেহেতু থাকি তাই ওই জায়গাটার সঙ্গে একটা কমফোর্ট জোন তৈরি হয়েছে। কিন্তু সে দিন বেডরুম থেকে দরজা খুলে দেখারও সাহস হচ্ছিল না।’

আলোকিত প্রতিদিন/১৯অক্টোবর ২০২৫/মওম