আজ সোমবার, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2509

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

নিজস্ব প্রতিবেদকঃ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি বাংলাদেশের ১৩তম অ্যাটর্নি জেনারেল ছিলেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭১ বছর। মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বলেছেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। এর আগে জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তাকে। ওইদিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এদিকে ১৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়। ২০ সেপ্টেম্বর করোনা (কোভিড-১৯) পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাখা হয়েছিল আইসিইউতেই। সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, সংবিধানের এয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ অসংখ্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

কক্সবাজারের ৮ থানার নবাগত ওসিদের কর্মস্থলে যোগদান

আবু সায়েম, কক্সবাজারঃ বহুল আলোচিত কক্সবাজার জেলার আট থানায় নতুন আট পুলিশ পরিদর্শককে ওসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা শনিবার নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। গত ২৪ সেপ্টেম্বর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক( ডিআইজি) এক আদেশে এই আট কর্মকর্তাকে ওসি হিসেবে পদায়ন করেন। বহুভাবে আলোচিত ও ইয়াবার জন্য ব্যাপক পরিচিতি পাওয়া সীমান্ত থানা টেকনাফের ওসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে সিরাজগঞ্জ জেলা পুলিশে কর্মরত মোহাম্মদ হাফিজুর রহমানকে। এছাড়া সাতক্ষীরার শেখ মুনিরউল গিয়াসকে কক্সবাজার সদর মডেল থানা, সুনামগঞ্জের আহম্মদ সনজুর মোরশেদকে রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া থানা, নওগাঁর মোহাম্মদ আবদুল হাইকে মহেশখালী থানা, গোপালগঞ্জের শাকের মুহাম্মদ জুবায়েরকে চকরিয়া থানা, নীলফামারীর কে এম আজমিরুজ্জামানকে রামু থানা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইফুর রহমান মজুমদারকে পেকুয়া থানা ও মৌলভীবাজারের মো. জালাল উদ্দীনকে দ্বীপ উপজেলা কুতুবদিয়া থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে তাদের ২৯ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামকে একই পদে কক্সবাজার জেলা পুলিশের প্রশাসন শাখায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলামকে কক্সবাজার সদর সার্কেলে, চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার পংকজ বড়ুয়াকে কক্সবাজার সদরে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামকে মহেশখালী সার্কেলে, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কাজী শাহাবুদ্দীন আহমদকে কক্সবাজার ট্রাফিক বিভাগে, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. তফিকুল ইসলামকে চকরিয়া সার্কেলে ও খাগড়াছড়ি জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম শাহনেওয়াজকে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে। ডিএমপিতে বদলি হওয়া কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, ‘আমিসহ ছয় জন আজ শনিবার দায়িত্ব হস্তান্তর করব। বাকি অপরজন ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপার কালকে দায়িত্ব বুঝিয়ে দিবেন। আজ নবনিযুক্ত আট থানার ওসিরা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন।’ পুলিশ সদর দপ্তর ইতোমধ্যে কক্সবাজার জেলা পুলিশে নতুন ৪০ জন পরিদর্শক, ১০ জন ট্রাফিক পরিদর্শক, ১৮৯ জন উপপরিদর্শক, ৮ জন ট্রাফিক সার্জেন্ট, ৫ জন শহর উপপরিদর্শক, ১৬৯ জন সহকারী উপপরিদর্শক, ১৯জন শহর সহকারী উপপরিদর্শক, ৫০ জন নায়েক ও ১ হাজার ৭ জন কনস্টেবল পদায়ন করেছে।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ 

 

নোয়াখালীতে এনএসআই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজি, প্রতারণা ও ব্যবসায়ীদের হুমকির অভিযোগে শরিফুল হাসান (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ ও এনএসআই সদস্যরা। আটক হাসান উপজেলার জয়াগ ইউনিয়নের মাওতলা গ্রামের সানা উল্লার ছেলে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোনাইমুড়ী থানার ওসি গিয়াস উদ্দিন জানান, হাসানের বিরুদ্ধে এনএসআই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়,নানা অজুহাতে সরকারী লোক পরিচয় দিয়ে মানুষের সাথে প্রতারণা ও ব্যবসায়ীদের হুমকি দেয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও এনএসআই জেলা কার্যালয়ের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে থানার হাট থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

বীরগঞ্জের বেশকিছু অঞ্চল বন্যার পানিতে প্লাবিত

শাহিনুর ইসলাম, বীরগঞ্জ (দিনাজপুর): কয়েকদিনের টানা প্রবল বর্ষণ আর উজানের পানি প্রবাহের কারনে বীরগঞ্জে উপজেলায় কিছু কিছু অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর, ২নং পলাশবাড়ী, ৩নং শতগ্রাম, ৪নং পাল্টাপুর, ৫নং সুজালপুর, ৬নং নিজপাড়া, ৭নং মোহাম্মদপুর, ৮নং ভোগনগর, ৯নং সাতোর ও ১১নং মরিচা ইউনিয়নে কয়েক দিনে অবিরাম টানা বৃষ্টিতে শত শত বাড়িতে মানুষগুলি পানি বন্দি অবস্থায় অবস্থান করছে। মাটির কাঁচা ঘরগুলি ভেঙ্গে পড়েছে। বর্তমানে বীরগঞ্জ পৌর শহেরর ৪ নং ওয়ার্ডের কুমারপাড়া ও স্লুইচগেটপাড়া, নিজপাড়া ইউনিয়নের দাসপাড়া ও পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ ও কাজল গ্রামে অনেক পরিবার এখনোও পানি বন্দী অবস্থায় রয়েছে। বীরগঞ্জ পৌরসভার আংশিক বন্যার পানিতে প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে প্রকল্প বাস্তবায়ন অফিসার সহ বীরগঞ্জ উপজেলা প্রশাসন বন্যা কবলিত এলাকা সমুহ পরিদর্শন করেছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

মানিকগঞ্জের ঘিওরে মানববন্ধনে বাধা এবং সাংবাদিকদের উপর হামলাঃ আটক ১

প্রতিনিধি, মানিকগঞ্জঃ মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাদকদ্রব্য ব্যবসা ও দেহ ব্যবসার জন্য দপ্তরী কাম নৈশপ্রহরী মো: জাফরকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টার মত ঘটনা ঘটেছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মো: জাফরকে বহিষ্কারে দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছিল গ্রামবাসী। এসময় দপ্তরীর পক্ষে আব্দুল কুদ্দুস মন্ডল ও রেজা মন্ডল বিক্ষোভ ও মানববন্ধনে বাধা, সাংবাদিকদের উপর হামলা, ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সাংবাদিকদের উপর হামলা ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টার ঘটনায় জড়িত থাকার দায়ে আব্দুল কুদ্দুস মন্ডলকে আটক করেছে ঘিওর থানা পুলিশ। দুপুর ২টার দিকে আরটিভি ও ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে ঘিওর থানায় একটি মামলা করে। ঘটনার সাথে জড়িত থাকায় ঘটনাস্থল থেকে আব্দুল কুদ্দুস মন্ডলকে আটক করেছে পুলিশ। এছাড়াও বাকী আসামীদের গ্রেফতার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। উল্লেখ্য, মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকসহ সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি মো: ইউসুফ আলী,আরটিভি ও ডেইলী স্টার পত্রিকার জেলা প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম বিশ্বাস ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মো: আকরাম হোসেনকে লাঞ্চিত ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন সাবেক স্থানীয় ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো: রেজাউল করিম রেজা মন্ডল ও আওয়ামীলীগের সহসভাপতি মো: আব্দুল কুদ্দুস মন্ডলসহ আরও কয়েকজন।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

সাভারে র‌্যাব-৪ এর অভিযানে মাদকসহ আটক-২

প্রতিনিধি, সাভারঃ সাভারে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করে সাভার মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব-৪। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভার চাপাইন এলাকার চৌরাস্তায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৪। গ্রেফতাররা হলেন- চাপাইন এলাকার হারুন ওর রশিদের ছেলে ফিরোজ ওরফে জুয়েল (৩৩) ও  কুমিল্লা জেলার দাউদকান্দি থানার জগৎপুর এলাকার গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবু ওরফে রুহান (৩৭)। তারা সাভারের চাপাইন এলাকার আজমলের বাড়িতে ভাড়া থাকতো। র‌্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।  এসময় তাদের হেফাজতে থাকা ২৩ পিস ইয়াবা, ১ বোতল বিদেশি মদ ও বিয়ার ক্যানসহ মাদক বিক্রির নগদ ১ হাজার ৩০ টাকা উদ্ধার করা। গ্রেফতাররা বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলো বলে জানা গেছে। স্থানীয়রা আরও জানান র‍্যাবের হাতে গ্রেফতার রুহান সাভার সিটি সেন্টারের কাপড় ব্যবসায়ী এবং এই কাপড় ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে সাভারে দাপিয়ে বেড়াতেন। এসব তথ্য নিশ্চিত করেছেন সিপিসি ২, র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি জমির উদ্দিন।

আলোকিত প্রতিদিন/২৭ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

গাইবান্ধায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা

সংবাদদাতা, গাইবান্ধাঃ ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে গাইবান্ধা সদর থানায়। যাহার মামলা নং ৪৫। মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মা বিলকিস বেগম বদী হয়ে এই মামলা দায়ের করেন। তবে অভিযুক্ত মাসুম মিয়া (২৬) কে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সাকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার। অভিযোগ সূত্রে জানা গেছে, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের দরিদ্র পরিবারের ষষ্ঠ শ্রেনির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় চাচা মাসুম। গত ২২ সেপ্টেম্বর সকালে বাড়িতে এসে নিজের কাজের জন্য দড়ি চায় চাচা মাসুম। সেই ছাত্রীকে দড়ি খোঁজার কথা বলে ঘরে ডেকে আনে। ঘরে আসার সাথে সাথে অসৎ উদ্দেশ্যে মাসুম পাঞ্জা দিয়ে ধরে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দেয় এবং শ্লীলতাহানি ঘটায় ওই ছাত্রীর। এমতঅবন্থায় ছাত্রীর আত্মচিৎকারে ছোট ভাই দৌড়াইয়া ঘরে গিয়ে বলে চাচ্চু ছেড়ে দাও আপুকে। এসময় আশেপাশের লোকজন উপস্থিত হলে কৌশলে পালিয়ে যায় মাসুম। এদিকে অভিযুক্ত মাসুম মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।

আলোকিত প্রতিদিন/২৬ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

নোয়াখালীর সেনবাগে কলেজ ছাত্রীর আত্মহত্যা, লাশ উদ্ধার

সংবাদদাতা, নোয়াখালীঃ নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউপির হিরাপুর গ্রাম থেকে নুসরাত জাহান মিম (২০) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ।মিম ঐ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ব্যাপারী বাড়ীর প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে।শনিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, শুক্রবার রাত ৯টার দিকে নিজ বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কলেজ ছাত্রী মিম। পুলিশ খবর পেয়ে মিমের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৬ সেপ্টেম্বর’২০/এসএএইচ

কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদ ও মানববন্ধন   

প্রতিনিধি, কক্সবাজারঃ কক্সবাজারের প্রাচীনতম ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্সের সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদসহ মসজিদ কমিটির কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ভয়েস ওয়ার্ল্ড২৪ ডটকম ও দৈনিক আজকের কক্সবাজার বার্তা পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিত, কটূক্তিপূর্ণ, ষড়যন্ত্রমূলক ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আসরের নামাজের পর মসজিদের মূল ফটকে দাঁড়িয়ে প্রতিবাদমূলক মানববন্ধনে মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা ছাড়াও সাধারণ মুসল্লিরা অংশ গ্রহণ করেন। তারা  বলেন, বদর মোকাম মসজিদ পরিচালনায় বর্তমান কমিটি যোগ্যতার সাথে কাজ করছে। অল্প সময়ে মসজিদের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দূর দূরান্ত থেকে মুসল্লীরা নামাজ পড়তে বদর মোকাম ছুটে আসেন।আগের কমিটির পরিচালিত মসজিদের অভ্যন্তরিন এবং বাহ্যিক চিত্র  এবং বর্তমান কমিটির পরিচালিত মসজিদের উন্নয়নের  দৃশ্যমান পরিলক্ষিত হয়েছে। কিন্তু কতিপয় মহল মসজিদের উন্নয়ন চিত্র এবং ঐতিহ্যবাহী বদর মোকাম জামে মসজিদের সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকসহ কমিটির কয়েকজনের নামে সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং । তিনি বলেন, আল্লাহর ঘরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের পরিণতি ভাল হবে না।সঠিক সত্য যাচাই না করে আল্লাহর ঘর ও আল্লাহর ঘরের পরিচালনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে এমন সংবাদ কোনোভাবেই কাম্য নয়। মসজিদ কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, মসজিদ কমিটির মধ্যে কোন বিভেদ বিভক্তি নেই। আমরা ঐক্যবদ্ধ ভাবে মসজিদের উন্নতির জন্য কাজ করছি। মসজিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য কিছু লোককে দায়ী করে তিনি বলেন, মসজিদের ধারাবাহিক উন্নতি সহ্য করতে না পেরে ষড়যন্ত্রকারীরা এসব অপপ্রচার চালাচ্ছে। মসজিদ কমিটির সাথে সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিরা সাংবাদিকদের বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করেছে। তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে তাদের মুখোশ উম্মোচন করা হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদ কমিটির উপদেষ্টা মাওলানা এসএম আতিকুর রহমান। কমিটির সদস্য এ কে রাসেল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন- সহসভাপতি আবদুল মঈন শমসের মঈন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান সাউদ, সহসাধারণ সম্পাদক রাকিবুস সাত্তার, পেশ ইমাম ও খতীব মাওলানা আবদুল খালেক নিজামি, মাওলানা মুফতি এমদাদ উল্লাহ, কমিটির সদস্য মোঃ শাহজাহান, এসএম মিজানুর রহমান, আবদুল কাইয়ুম জুয়েল, আব্দুল কাদের সোহেল, জসিম উদ্দিন, নকিবুস সাত্তার, আবু আদনান সাউদ, আবদুল্লাহ আল মুকিত, কফিল উদ্দিন, কর্মকর্তা মাওলানা নুরুল হক চকোরি, মুয়াজ্জিন হাফেজ মাওলানা খালিদ সাইফুল্লাহ, ক্বারি মুজিবুল্লাহ, মুসল্লীদের মধ্যে একে মাহফুজুল হক, মাওলানা কুতুব উদ্দিন, পিএমখালীর সাবেক মেম্বার মুহাম্মদ সুলতান, ক্বারি আবদুর রশিদ, মুহাম্মদ হাদিদ, আবদুল্লাহ আল মামুন, মাওলানা নুরুল আবছার।

আলোকিত প্রতিদিন/২৬ সেপ্টেম্বর’২০/এসএএইচ

 

 

শ্রীপুরে পুলিশের অস্ত্র গুলি ছিনতাইঃ অভিযানে উদ্ধার, মামলা ও গ্রেফতার-৫

আলমগীর হোসেন, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে আটক ব্যাক্তিদের উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা, অস্ত্র ও গুলি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পরে অভিযান চালিয়ে তিন ঘন্টা পর অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। আটকের ঘটনায় কুমিল্লার দ্বেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মৃত আয়েত আলী মুন্সির ছেলে আবুল হোসেন বাদী হয়ে তাদেও নামে মামলা দায়ের করে। এ সময় পুলিশের একজন উপ-পরিদর্শক, একজন কনস্টেবল, একজন আনসার সদস্যসহ সাতজন হন। আহতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম-২, কনস্টেবল খোরশেদ আলম, আনসার সদস্য সুকুমার রায়। উদ্ধারকৃতদের মধ্যে আহত আবুল হোসেন রনি, ফয়সাল আহমেদ, আবুল কালাম ও অমর বেপারী। তারা কুমিল্লা জেলার দেবীদ্বার, হোমনা ও লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার বাসিন্দা। তারা বিদেশে লোক পাঠানো প্রতিষ্ঠান ঢাকার “রাখা ইন্টারন্যাশনাল কোম্পানীতে” চাকুরী করেন। আহতদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে রৌশনী (৪০), নাজমুল হকের স্ত্রী মনীষা মনি (২৫), গাজীপুর সদর উপজেলার নয়নপুর (দিঘলা) গ্রামের আফসার উদ্দিনের ছেলে ফরহাদ (১৮), নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহোড়া গ্রামের জাফর মোল্লার ছেলে তাজুল ইসলাম (২৪) ও ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ গ্রামের সোলায়মানের ছেলে আব্দুর রহমান (২০)। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন ও উদ্ধারকৃতদের দেয়া ভাষ্যমতে, উদ্ধারকৃৃত আবুল হোসেন রনি বিদেশে লোক পাঠিয়ে থাকেন। নোয়াগাঁও গ্রামের ওই পরিবারের দুজনকে দুবাই পাঠানোর কথা বলে চলতি বছরের ফেব্রæয়ারীতে দুই লক্ষাধিক টাকা নেন। করোনার কারনে বিদেশে পাঠাতে না পারায় রৌশনীর পরিবার তাদের টাকা ফেরত চান। আবুল হোসেন রনি কিছু টাকা ফেরতও দেন। আরও লোক পাঠানোর কথা বলে খবর পাঠিয়ে তাদেরকে কুমিল্লা থেকে শ্রীপুরের নোয়াগাঁও গ্রামের রৌশনীর স্বামী মৃত আব্দুর রহমানের বাড়িতে আসতে বলেন। গত বৃহষ্পতিবার কুমিল্লা থেকে আবুল হোসেন রনি ও মালেক নামে দু’জন নোয়াগাঁও রৌশনীর স্বামী মৃত আব্দুর রহমানের বাড়িতে আসেন। পরে তাদেরকে ওই বাড়িতে আটক করে মারধোর করে বাড়ি থেকে আরও টাকা নিয়ে আসার জন্য বলেন। পরে তারা ফোনে যোগাযোগ করলে বিষয়টি মীমামংসার জন্য কুমিল্লা থেকে তাদের আরও তিনজন শুক্রবার শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে আসেন। পরে তাদেরকেও আটক করে মরাধোর করা হয়। এক পর্যায়ে তাদের মধ্য থেকে মালেক নামে একজন পালিয়ে রক্ষা পান। আটককৃতদের মধ্য থেকে একজন কৌশলে ট্রিপল নাইনে ফোন করে পুলিশকে খবর দেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পুলিশের একটি দল তাদের উদ্ধার করতে যায়। এসময় পুলিশ দেখে রৌশনীর বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়। পরে তারা পুলিশ সদস্যদের মারধোর করে একটি শটগান ও আট রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন ছিনিয়ে নেয়। পরে শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেনসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা বিশেষ অভিযান পরিচালনা করেন। ওই রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, তিন পুলিশ সদস্য ও আটককৃত চারজনকে উদ্ধার করেন। ওসি জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজন, চিহ্নিত ২৪ জন ও অজ্ঞাতনামা কমপক্ষে ১৫ জনসহ ৪০ জনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। আহত উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ওই মামলার বাদী। আটক করে রাখার ঘটনায় উদ্ধারকৃত আবুল হোসেন রনি গং আরেকটি পৃথক মামলা করেছেন।

আলোকিত প্রতিদিন/২৬ সেপ্টেম্বর’২০/এসএএইচ