আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2494

গাইবান্ধা জেলা বারের নির্বাচনী তফশীল তিনদিনের মধ্যে ঘোষণা না করলে কর্মবিরতির হুশিয়ারী

সাইফুল মিলন, গাইবান্ধা: গাইবান্ধা জেলা বারের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে তিনদিনের মধ্যে নির্বাচনী তফশীল ঘোষণা না করলে কর্মবিরতির হুশিয়ারী দিয়েছেন গাইবান্ধা জেলা বারের সাধারণ আইনজীবীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) সকালে জেলা বারের সামনে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন আইনজীবীরা। দুই বছর আগে গাইবান্ধা জেলা বারের বর্তমান কমটিরি মেয়াদ শেষ হলেও তারা নির্বাচন অনুষ্ঠান না করে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন বক্তারা। এর আগে এসব অনিয়মের অভিযোগ এনে কমিটি থেকে দুই জন সহ-সভাপতি পদত্যাগ করেন। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এ্যাড. সিদ্দিক হোসেন সেলিম, এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, এ্যাড. নিরঞ্জন কুমার ঘোষ, এ্যাড. আশরাফ আলী, এ্যাড. সরওয়ার হোসেন বাবুল, এ্যাড. জাহাঙ্গীর হোসেন, এ্যাড. মুরাদ জামান রব্বানী, এ্যাড. মাজহারুল ইসলাম সোহেল। অবিলম্বে জেলা বারের সকল আয় ব্যয়ের হিসাব প্রকাশ,গঠনতন্ত্র মোতাবেক নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন, আইনজীবি সুপার মার্কেটের অধিগ্রহন বাবদ প্রাপ্ত অর্থ সমুহ আইনজীবিদের কল্যাণে সুষ্ঠ ব্যবহার নিশ্চিতসহ বিক্ষোভ থেকে বিভিন্ন দাবী জানান আইনজীবীরা।

আলোকিত প্রতিদিন/২৬ নভেম্বর’২০/এসএএইচ

নোয়াখালী বেগমগঞ্জের আলোচিত অস্ত্রধারী ইমন গ্রেফতার

সংবাদদাতা, নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলোচিত রয়েল গ্রুপের সেকেন্ড ইন কমান্ড মো. ইমন হোসেন ইছা আলমকে সোমবার রাতে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, ইমনের বাড়ি বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামে। অন্য দুইজন হলেন, উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের নুর হোসেন জাবেদ ও পৌরসভার হাজীপুর এলাকার আব্দুর রহমান রুবেল। দেশব্যাপী আলোচিত বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পরপরই রয়েল বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক মুজাহিদপুরের সাহাব উদ্দিনসহ একই এলাকার এস এম রানা ওরফে মেন্টাল রানা, বিপ্লব, রোমন, শাকিল, ইমন, আদর, নোমান, হৃদয়, জাবেদ, সামছু, ফরহাদ, রুনু ইসলাম ও শামীমের গ্রেফতারের দাবি তোলেন এলাকাবাসী। এদের গ্রেফতারের দাবিতে মুসুল্লিরা এলাকায় বিক্ষোভ করেন। এছাড়া তাদের অস্ত্র হাতে মহড়া দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই পুলিশ এদের ধরতে মাঠে নামে।বেগমগঞ্জ থানার ওসি জানান, ইমনকে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী গভীর রাতে বেগমগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুজাহিদপুর এলাকার একটি মাছের খামারে অভিযান চালিয়ে একটি দেশি পাইপগান ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে এক বছর এক মাসের সাজাপ্রাপ্ত আসামি নুর হোসেনকে উপজেলার নাজিরপুর থেকে এবং তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহমান রুবেলকে পৌরসভার হাজীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তবে তারা কোন মামলায় সাজাপ্রাপ্ত তা নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে তিন জনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আলোকিত প্রতিদিন/২৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

প্রতিনিধি, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভা নির্বাচনে মঙ্গলবার সকালে প্রতিদ্বন্দী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ করেন নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মোত্তালিব। মেয়র পদে আ’লীগের প্রার্থী অাবু বকর প্রধান নৌকা, বিএনপি আবুল কালাম ধানের শীষ ও জাপা মুজিবুর রহমান দলীয় প্রতীক লাঙ্গল বরাদ্দ পান। অন্যদের মধ্যে আ.লীগের  বিদ্রোহী গোলাম সরোয়ার প্রধান বিপ্লব নারিকেল গাছ, স্বতন্ত্র হাবিবুর রহমান ইসলাম জগ ও স্বতন্ত্র মো. আমিনুল ইসলাম দুদু পেয়েছেন কম্পিউটার প্রতীক। এর আগে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোমবার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন নেন। ওই পৌরসভায় বর্তমানে মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করবেন। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে  পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। আগামী ১০ ডিসেম্বর এ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

আলোকিত প্রতিদিন/২৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

সাভারে মেয়ে ও তার স্বামীর অত্যাচারের হাত থেকে বাঁচতে বাবা-মায়ের সংবাদ সম্মেলন 

প্রতিনিধি, সাভার: সাভারে জমি সংক্রান্ত ব্যাপারে মেয়ে ও মেয়ের জামাইয়ের অত্যাচার থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বাবা-মা। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সাভার থানা রোডের ইয়াং কিং রেস্তোরায় এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বাবা আজিজুর রহমান রফিক ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম। সংবাদ সম্মেলনে আজিজুর রহমান রফিক বলেন, আমার মেয়ে শিল্পী আক্তার শীলা (৩৫) ও তার স্বামী আলী ইমরান তুষার (৪২) আমার অপর দুই মেয়ে ও তার মাকে দেওয়া ৫ শতাংশ জমি জবরদখলের চেষ্টা করছে গত ১ বছর থেকে। জমি না পেয়ে আমাদের বাড়িতে থেকেই আমাদের নানাভাবে অত্যাচার করছে। আমি তাদের হাত থেকে বাঁচতে চাই। এসংক্রা ব্যাপারে কোর্টে ও থানায় মামলাসহ সাধারন ডায়েরি করেও কোন ফল হয় নি।সাধারন ডায়েরি সূত্রে জানা যায়, সাভারের গেন্ডা মৌজার আর এস দাগ ৪২২, খতিয়ান ১২৮ জমির পরিমান ৫.২৫ শতাংশ এবং আর এস দাগ নং ২৬৯ আরএস ১৬৪২ খতিয়ান জমির পরিমান ২ শতাংশ হেবা মুলে প্রাপ্ত হয়ে ভোগ দখলে আছে হোসনেআরা বেগম। তার সৎ ময়ে শিল্পী আক্তার শীলা ও তার স্বামী আলী ইমরান তুষার এই জমি জোরপূর্বক দখলের জন্য বিভিন্ন সময়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ হুমকি প্রাদান করে আসছে। এই জমি তাদের নামে দলিল করে দেওয়ার চাপ সৃষ্টি করে। চলতি বছরের গত ২৩ সেপ্টেম্বর রাত সারে ১০ টার দিকে বিবাদীসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জন সাথে নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের ভয়ভীতি দেখায় এবং বাসার তালা ও সিসি ক্যামেরা ভাঙ্গচুর করে। এছাড়া বিভিন্নভাবে আমাদের ওপর অত্যাচার করে। আনোয়ারা বেগম জানান, তাদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। মেয়ে ও মেয়ের স্বামীর হাত থেকে বাঁচার জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

আলোকিত প্রতিদিন/২৪ সেপ্টেম্বর’২০/এসএএইচ

আশুলিয়ায় নিখোঁজের ১০দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার : আটক-১

মো: আলী হোসেন, সাভার : আশুলিয়ায় নিখোঁজের ১০ দিন পর একটি জঙ্গল থেকে সোহেল মিয়া (১৯) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সজীব মিয়া (২০) নামের এক যুবককে আটক করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকালে আশুলিয়ার গৌরিপুর এলাকার একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোহেল মিয়া আশুলিয়ার পলমল পোশাক কারখানায় চাকরি করতো বলে জানা গেছে। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। আটক সজিব বগুড়া জেলার শাহজাদপুর থানার দুরুলিয়া পশ্চিম পাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ১০ দিন আগে সোহেল মিয়া নিখোঁজ হলে তার ভাই আশুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে তদন্তে নামে আশুলিয়া থানা পুলিশ। তদন্তের এক পর্যায়ে আশুলিয়ার টঙ্গাবাড়ির একটি জঙ্গল থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সজিব মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। আটকরা দুই জন মিলে সোহেল মিয়াকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অপর জনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। আশুলিয়া থানার উপ-পরিদর্শক জনাব জসিম জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে’।

আলোকিত প্রতিদিন/ ২২ নভেম্বর-২০২০/জেডএন

ডিএএমএম মানিকগঞ্জ শাখার উদ্যোগে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে দারুল আজহার মডেল মাদরাসা মানিকগঞ্জ শাখার উদ্যোগে সিরাতুন্নবী (স) উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় জেলা শহরের ওয়্যারলেছ গেটে অবস্থিত মাদরাসা ক্যাম্পাসে এ পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রিন্সিপাল মাওঃ শেখ মাহবুবুর রহমানের পরিচালনায় এবং সাবেক জেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্নাফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। এসময় অনুষ্ঠানে ৭০জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের পুরস্কার বিতরণ করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, এনপিআই মানিকগঞ্জের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ইন্জিঃ ড. ফারুক হোসেন, সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক সাইদুস সাকলাইন, পিজি হাসপাতালের ডাঃ এমদাদুল হক, ফিরোজা জেনারেল হসপিটালের চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আব্দুর রশিদ, বাংলদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন সরকার, মানিকগঞ্জ কোর্ট মসজিদের খতিব মুফতি রফিকুল ইসলাম, মাওঃ জাবের আল সাফা, মুফতি ইব্রাহীম খলীল, মাও: তানজিল আহমদ, মাও: আনিসুর রহমান আনাস, মাও: আব্দুল আউয়াল। এছাড়াও মাদরাসার সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবক এবং স্থানীয় মুরুব্বী ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ

মার্কিন নির্বাচনে পাঁচ জালিয়াতির অভিযোগ কতটা সত্য?

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (যিনি গত ৩ নভেম্বরের নির্বাচনে হেরে গেছেন) এবং তার নির্বাচনী দল এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানতে অস্বীকৃতি জানিয়ে এর বিরুদ্ধে নানা ধরনের চ্যালেঞ্জ অব্যাহত রেখেছেন। কিন্তু তারা যেসব জালিয়াতির অভিযোগ তুলছেন, তার পক্ষে কি প্রমাণ আছে?

গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবী রুডি গিলিয়ানি জালিয়াতির অনেক অভিযোগ তুলে ধরেন। ট্রাম্পও প্রথম থেকেই (বস্তুত নির্বাচনের আগে থেকেই) নির্বাচনে জালিয়াতির নানা অভিযোগ তুলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির রিয়েলিটি চেক টিম জালিয়াতি এবং অনিয়মের প্রধান অভিযোগগুলো খতিয়ে দেখেছে।

অভিযোগ ১: ডেমোক্র্যাটদের ব্যাখ্যাহীন ভোটের জোয়ার
প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্যরা বেশ কয়েকটি অভিযোগ তুলেছেন যে, ভোট গণনার সময় তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের পক্ষে হঠাৎ করে বিপুল সংখ্যায় ভোট আসতে শুরু করে।

গত ১৯ নভেম্বরের এক সংবাদ সম্মেলন রুডি গিলিয়ানি একই অভিযোগের পুনরাবৃত্তি করে বলেন যে, ডেট্রয়েটের এক ভোট গণনা কেন্দ্রে একদিন সকালে হাজার হাজার অতিরিক্ত ব্যালট এসে হাজির হয়। সেখানকার একজন ভোট কর্মীর দাবির ভিত্তিতে গিলিয়ানি এই অভিযোগ তোলেন। ওই ভোট কর্মীর দাবি, তিনি সেখানে দুটি ভ্যান আসতে দেখেন, যেগুলোতে খাবার আনার কথা থাকলেও ভ্যান দুটি থেকে তিনি ‘কোন খাবার নামাতে দেখেননি। অথচ কাকতালীয়ভাবে তখন গুঞ্জন ওঠে মিশিগানে আরও এক লাখ বেশি ব্যালট খুঁজে পাওয়া গেছে। সবশেষ ভ্যানটি সেখান থেকে চলে যাওয়ার দুঘণ্টা পার হয়নি তখনো।’ কিন্তু এই অভিযোগটিসহ অন্য আরও কিছু অভিযোগ ১৩ নভেম্বর একজন বিচারক তার রায়ে বাতিল করে দেন এই বলে যে, এগুলো বিশ্বাসযোগ্য নয়। রিপাবলিকানদের তরফ থেকে এরকম আরও অভিযোগ তোলা হয়েছিল গুরুত্বপূর্ণ কিছু রাজ্যে, যেখানে দুই প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল। তাদের অভিযোগ ছিল, এসব রাজ্যে হঠাৎ করে ডেমোক্র্যাটদের পক্ষে ভোটের জোয়ার দেখা গেছে; যা নির্বাচনে জালিয়াতি পরোক্ষ ইঙ্গিতবহ অভিযোগ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে, এ জন্য দায়ী ছিল প্রকৃতপক্ষে কাগজপত্রের ভুল বা সফটওয়্যারের ত্রুটি, যা ধরা পড়ার পর সংশোধন করা হয়েছিল। এখানে আরও একটি বিষয় বলা দরকার। এবারের নির্বাচনে রেকর্ড সংখ্যক মানুষ ডাকযোগে ভোট দিয়েছেন। আর এদের বিরাট সংখ্যাগরিষ্ঠ অংশ ডেমোক্র্যাট সমর্থক। এসব ভোট গণনায় সময় লেগেছে বেশি আর নির্বাচনের পরদিন এসব ব্যালট এক করে ফল প্রকাশ করা হচ্ছিল ধাপে ধাপে। ফলে হঠাৎ করেই জো বাইডেনের পক্ষে ভোট হঠাৎ উর্ধ্বমুখী হয়েছিল। আর এটা সত্যি নয় যে, এসব অতিরিক্ত ভোটের সবই জো বাইডেন পেয়েছেন। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পেরও অনেক ভোট ছিল।

অভিযোগ ২: ভোট গণনার সময় সেখানে যেতে দেয়া হয়নি
ট্রাম্প এবং তার আইনজীবীরা অন্য অভিযোগ তুলেছিলেন যে, ফিলাডেলফিয়া এবং ডেট্রয়েটের মতো কিছু ডেমোক্র্যাটশাসিত নগরীতে ভোট গণনার স্থানে রিপাবলিকান ভোট পর্যবেক্ষকদের প্রবেশাধিকার ছিল না। ভোট কেন্দ্রে ব্যালট গণনার সময় সেখানে ভোট পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়, যাতে নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করা যায়। বেশিরভাগ রাজ্যেই পর্যবেক্ষকদের এই সুযোগ দেয়া হয়, যদি কিনা তারা নির্বাচনের আগের দিন নিবন্ধন করেন। আর ভোট পর্যবেক্ষকরা সাধারণত কোন একটি দলের সঙ্গে যুক্ত থাকেন।কিছু এলাকায় ভোট পর্যবেক্ষকদের সংখ্যা সীমিত রাখা হয়েছিল। এর কারণ ছিল মূলত করোনাভাইরাস। কিন্তু ডেট্রয়েট এবং ফিলাডেলফিয়াতে দুটি দলের পর্যবেক্ষকদেরই ভোট গণনা পর্যবেক্ষণের সুযোগ দেয়া হয়েছে। ডেট্রয়েটে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান— এই দুটি দলের ১৩০ জনের বেশি পর্যবেক্ষককে ভোট গণনার স্থানে যেতে দেয়া হয়েছিল। পেনসিলভানিয়ায় এই অভিযোগটি রাজ্যের সুপ্রিম কোর্টে নেয়া হয়েছিল। কিন্তু ১৭ই নভেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয় যে, পোস্টাল ভোট গণনার সময় পর্যবেক্ষকরা কতটা কাছাকাছি গিয়ে তা দেখতে পারবেন, সেটার সীমা বেঁধে দিয়ে পেনসিলভানিয়া রাজ্যের কর্মকর্তারা কোন আইন ভঙ্গ করেননি।

অভিযোগ ৩: ট্রাম্পের পক্ষে দেয়া ভোট বাইডেনের পক্ষে গোণা হয়েছে
প্রেসিডেন্ট ট্রাম্পের করা একটি অভিযোগের পুনরাবৃত্তি করে তার লিগ্যাল টিম । এই অভিযোগে বলা হচ্ছে যে, জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এ রকম কিছু গুরুত্বপূর্ণ রাজ্যের ভোট গণনা ব্যবস্থায় সমস্যা ছিল। এসব রাজ্যে ট্রাম্পের পক্ষে পড়েছে এমন লাখ লাখ ভোট তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের পক্ষে গণনা করা হয়েছে। এই অভিযোগের প্রমাণ নেই এবং প্রেসিডেন্ট ট্রাম্পের লিগ্যাল টিম এর পক্ষে কোন প্রমাণ হাজিরও করেননি। মূলত একটি রক্ষণশীল সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকান নিউজ নেটওয়ার্ক (ওএএনএন)’ ভোট গণনার মেশিন ‘ডোমিনিয়ন ভোটিং মেশিনের’ ব্যাপারে এই অভিযোগ করেছিল। প্রেসিডেন্ট ট্রাম্প সেই অভিযোগেরই পুনরাবৃত্তি করেছিলেন। যুক্তরাষ্ট্রের সর্বত্র ভোট গণনায় এই মেশিনটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ওয়ান আমেরিকান নিউজ নেটওয়ার্কের সংবাদ প্রতিবেদনে এই অভিযোগটি করা হয়েছিল ‘এডিসন রিসার্চ’ নামক একটি নির্বাচন পর্যবেক্ষক গোষ্ঠীর উদ্ধৃতি দিয়ে। এডিসন রিসার্চ নাকি ‘অযাচাই-কৃত তথ্য’ বিশ্লেষণ করে দেখতে পেয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে পড়া লাখ লাখ ভোট এভাবে উল্টে দেয়া হয়েছে। কিন্তু এডিসন রিসার্চের প্রেসিডেন্ট ল্যারি রসিন বলেছেন, এ রকম কোন রিপোর্ট তারা তৈরিই করেননি। আর কোন ভোট জালিয়াতির প্রমাণও তাদের কাছে নেই। ডোমিনিয়ন ভোটিং সিস্টেমও একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘ডোমিনিয়ন মেশিনে ভোট পাল্টে দেয়া হয়েছে বা ভোট মুছে ফেলা হয়েছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা শতভাগ মিথ্যা।

অভিযোগ ৪: ভোটিং মেশিনগুলোর মালিকানা ডেমোক্র্যাটদের হাতে

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও অভিযোগ করেছিলেন যে, ডোমিনিয়ন ভোটিং সিস্টেমের মালিকানা কট্টর বামপন্থীদের হাতে। ট্রাম্পের লিগ্যাল টিমও ইঙ্গিত দিচ্ছিলেন যে, এই কোম্পানির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বিল ও তার স্ত্রী সাবেক প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং অন্যান্য ডেমোক্র্যাটিক রাজনীতিকের সম্পর্ক আছে। কিন্তু এক বিবৃতিতে ডোমিনিয়ন ভোটিং সিস্টেম জানিয়েছে, এটি একটি দলনিরপেক্ষ মার্কিন কোম্পানি। তাদের মালিকানার সঙ্গে ক্লিনটনদের বা ন্যান্সি পেলোসি বা অন্য কোন শীর্ষ ডেমোক্র্যাটিক নেতার কোন সম্পর্ক নেই। তবে এখানে একটা পার্থক্য মনে করিয়ে দেয়া খুব গুরুত্বপূর্ণ। ডোমিনিয়নের সরাসরি মালিকানার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিযোগ করেছেন, তার সঙ্গে এই কোম্পানি বিভিন্ন দাতব্য কাজে বা লবি করার জন্য যে অর্থ খরচ করেছে, তার পার্থক্য আছে। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটিক এই উভয় দলকেই ডোমিনিয়ন চাঁদা দিয়েছে। তবে তাদের মতো একটি কোম্পানি সরকারি ব্যবসা পাওয়ার জন্য এরকম লবি করা যুক্তরাষ্ট্রে অস্বাভাবিক কিছু নয়। ২০১৪ সালে ডোমিনিয়ন ক্লিনটন ফাউন্ডেশনের তহবিলে চাঁদা দেয়। কিন্তু এই কোম্পানি আবার সিনেটে রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককোনেলের জন্যও চাঁদা দিয়েছে। পেলোসির ব্যাপারে যে গুজব শোনা যায়, তা মূলত তার সাবেক চীফ অব স্টাফ নাদিম এলশামি ডোমিনিয়নে যোগ দেয়ায়। কিন্তু ডোমিনিয়ন এর আগে রিপাবলিকান পার্টির সঙ্গে যুক্ত লোকজনকেও চাকুরিতে নিয়েছে।

অভিযোগ ৫: হাজার হাজার মৃত মানুষ ভোট দিয়েছে
ট্রাম্প ও তার সমর্থকদের অভিযোগ, এবারের নির্বাচনে হাজার হাজার মৃত মানুষের পক্ষে ব্যাপক সংখ্যায় ভোট দেয়া হয়েছে। জোর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এ রকম রাজ্যগুলোতে এভাবে হাজার হাজার ভোট পড়েছে। বিবিসির রিয়েলিটি চেক টিম মিশিগানে এ রকম দশ হাজার মানুষের একটি তালিকা যাচাই করে দেখেছে। এই তালিকার সবাই মৃত হলেও তাদের নামে ভোট দেয়া হয়েছে। কিন্তু এই তালিকায় আসলে মৌলিক ত্রুটি আছে। অন্যান্য মৃত ভোটের তালিকা যাচাইয়ের পর সেখানেও একই জিনিস দেখা গেছে। এমন কোন প্রমাণ পাওয়া যায়নি যে মৃত লোকদের নামে ব্যালট পেপার নিয়ে ব্যাপক হারে ভোট জালিয়াতি করা হয়েছে। ফক্স নিউজের একজন উপস্থাপক টাকার কার্লসন একবার ট্রাম্পের নির্বাচনী টিমের করা এ রকম একটি অভিযোগের পুনরাবৃত্তি করেছিলেন। পরে অবশ্য তিনি এর জন্য ক্ষমাও চান। ট্রাম্পের নির্বাচনী টিম জর্জিয়ায় মাত্র একজন ‘মৃত ভোটারের’ কথা উল্লেখ করেছিল, কিন্তু পরে দেখা গেল সেই লোকও আসলে জীবিত। মার্কিন নির্বাচনে অতীতেও ঘটা ঘটনায় মনে হয়েছে যে, কোন মৃত লোক বুঝি ভোট দিয়েছেন। কিন্তু এ রকম ঘটনা যে ব্যাপকভাবে ঘটেছে তার প্রমাণ নেই। মূলত কাগজপত্রের ভুলে এ রকম হয়ে থাকে। ভোটটি হয়তোবা বৈধ। অথবা হয়তো একই পরিবারের একই নামের আরেকজন সদস্য তার ব্যালটে এই ভোট দিয়েছেন।

সূত্র : বিবিসি বাংলা

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ

 

 

দেশের সব বিভাগেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের আটটি বিভাগের প্রায় সব বিভাগেই সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ২৮ জনসহ এ পর্যন্ত ৬ হাজার ৩৫০ জনের  মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮৮১ (৭৬ দশমিক ৮৭ শতাংশ) এবং নারী এক হাজার ৪৬৯ জন (২৩ দশমিক ১৩ শতাংশ)। করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আটটি বিভাগের মধ্যে সাত বিভাগ- ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে তিনজন, খুলনায় দুজন, বরিশালে দুজন, সিলেটে একজন ও রংপুরে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে শুধু ময়মনসিংহ বিভাগে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি। রোগতত্ত্ববিদরা বলছেন, কয়েকদিন আগেও ঢাকা-চট্টগ্রামসহ হাতেগোনা তিন-চারটি বিভাগে করোনায় মৃত্যু হতো। সম্প্রতি প্রায় সব বিভাগে সংখ্যায় কম হলেও করোনায় মৃত্যু বাড়ছে। সঙ্গে বেড়েছে শনাক্ত হওয়া রোগীর সংখ্যাও। গত এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুহার বেড়েছে ৪২ দশমিক ৭৪ শতাংশ। ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধান, ঘন ঘন হাত সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে ধৌত করা এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখাসহ প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে না চললে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন রোগতত্ত্ববিদরা। বিভাগীয় মৃত্যুর পরিসংখ্যানের দিক থেকে ঢাকা বিভাগে সর্বোচ্চসংখ্যক তিন হাজার ৩৪৯ জন (৫২ দশমিক ৭৪ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ১৩০ জনের (২ দশমিক ০৫ শতাংশ) মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৩১ জন (১৯ দশমিক ৩৯ শতাংশ), খুলনা বিভাগে ৪৮৬ জন (৭ দশমিক ৬৫ শতাংশ), রাজশাহী বিভাগে ৩৮৮ জন (৬ দশমিক ১১ শতাংশ), রংপুর বিভাগে ২৯০ জন (৪ দশমিক ৫৭ শতাংশ), সিলেট বিভাগে ২৬২ জন (৪ দশমিক ১৩ শতাংশ) এবং বরিশাল বিভাগে ২১৪ জনের (৩ দশমিক ৩৭ শতাংশ) মৃত্যু হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ১১৭টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৪৫৮টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৬ লাখ ৩৫ হাজার ২০২টি। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৮৪৭ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯২১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৬০ হাজার ৩৫২ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৬১ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৯০ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৯৩ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৩ শতাংশ।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ

মোংলায় র‍্যাবের অভিযানে দেশী মদ ও বিদেশী বিয়ারসহ আটক -১

প্রতিনিধি, মোংলা: মোংলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশী মদ ও বিদেশী বিয়ারসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব- ৬ এর সহকারী পরিচালক (লিগ্যাল এন্ড মিডিয়া)  মাহবুব-উল-আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২১ নভেম্বর) বিকালে মোংলার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডালিম শিকদার (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮ বোতল দেশী মদ ও ৭ ক্যান বিদেশী বিয়ার জব্দ করা হয়। আটক ডালিম শিকদার পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা বাজার এলাকার সৈয়দ শিকদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মোংলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান র‍্যাব কর্মকর্তা মাহবুব- উল- আলম।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ

ফরিদপুর চিনিকলে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবিতে ফটক সভা অনুষ্ঠিত

সংবাদদাতা, ফরিদপুর: মধুখালীতে অবস্থিত বৃহত্তর ফরিদপুরের একমাত্র ভারী শিল্প ‘ফরিদপুর চিনিকল’। চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীদের ৫ মাসের বকেয়া বেতনসহ অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীদের গ্র্যাচুইটি, আখচাষীদের আখের মূল্য পরিশোধ, চিনিশিল্প বন্ধের প্রক্রিয়া বাতিলকরণ, আসন্ন (২০২০-২০২১) আখ মাড়াই মৌসুমের পূর্বে যাবতীয় মালামাল সরবরাহ করা,আখ উৎপাদনের স্বার্থে সার,বীজ,কীটনাশকসহ জরুরী উপকরণ সরবরাহ করার দাবিতে কেন্দ্রিয় আখচাষী ফেডারেশন ও কেন্দ্রিয় শ্রমিক কর্মচারী ফেডারেশনের সিদ্ধান্ত মোতাবেক আজ শনিবার সকাল ১০ টায় চিনিকলের প্রধান ফটকে বিশাল “ফটক সভা’ অনুষ্ঠিত হয়। চিনিকল শ্রমজীবী ইউনিয়ন এবং আখচাষী কল্যান সংস্থার যৌথ আয়োজনে শ্রমজীবী ইউনিয়নের সভাপতি শাহ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসুর সঞ্চলনায় ‘ফটক সভা’য় বক্তব্য রাখেন শ্রমিক নেতা মনিরুল ইসলাম,সুভায় রায়,আব্দুল বারিক, আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি শফিকুল ইসলাম,সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম,আখচাষী নেতা আকরাম হোসেন মিয়া, জহুরুল হক, ওহিদুজ্জামান বাবলু মিয়া,আব্দুল হাই বাঁশি,উসমান গনি, শ্রমিক নেতা মনিরুজ্জামান মিন্টু,মোক্তার হোসেন,উজ্জল শেখ, শাহিন মিয়া প্রমুখ। বক্তারা ৫ দফা দাবি মেনে নিয়ে চিনিকলগুলো সচল রাখার আহবান জানান,অন্যথায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচী দেওয়া হবে বলে ঘোষনা দেওয়া হয়। ফটক সভা শেষে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

আলোকিত প্রতিদিন/২১ নভেম্বর’২০/এসএএইচ