আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 249

ধামরাইয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ঢাকা জেলা প্রতিনিধি:মামুন আহমেদ জয়,“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”-এই স্লোগানকে সামনে রেখে ঢাকার ধামরাইয়ে উদযাপিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫।

২২ অক্টোবর, বুধবার সকালে ধামরাই উপজেলা প্রশাসন ও বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ধামরাই পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার সভাপতি এম.এ. নাহিদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ, ধামরাই থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আহমেদুল হক তিতাস, ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরিফুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমানো সম্ভব। এজন্য চালক, যাত্রী ও পথচারী সবাইকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান তারা। নিরাপদ সড়ক গড়ার প্রত্যয়ে আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে জিয়াউর রহমান ২% সুদে ক্ষুদ্র ঋণ দিয়েছিলেন: মির্জা ফখরুল

আলোকিত ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২ শতাংশ সুদে ক্ষুদ্র ঋণ প্রদান করেছিলেন।

তিনি বলেন, ‘আমাদের দলের প্রতিষ্ঠাতা যখন ক্ষমতায় ছিলেন, তিনি দেশের পিছিয়ে থাকা এলাকাগুলোতে উদ্যোক্তা তৈরির জন্য ২ শতাংশ সুদে ক্ষুদ্রঋণ প্রদানের ব্যবস্থা করেছিলেন। ফলে ওই অঞ্চলের উদ্যোক্তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছিল। যারা জাতীয়তাবাদে বিশ্বাসী,যারা সত্যিই জনগণের কল্যাণ,দেশের কল্যাণ এবং বিভিন্ন সম্প্রদায়ের কল্যাণ চায়, তারাই এমন উদ্যোগ নেয়।’

গতকাল গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তা, নেতা এবং কর্মীদের সঙ্গে এক আলোচনায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

ক্ষুদ্র জাতিগত গোষ্ঠীর উদ্যোক্তাদের সমস্যাগুলো শোনার পর বিএনপির এই সিনিয়র নেতা তাদের আশ্বস্ত করে বলেন, ‘যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নারী উদ্যোক্তাদের জন্য আর্থিক প্রতিষ্ঠান থেকে সহজ এবং কম সুদে ঋণ সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হবে।’

মির্জা ফখরুল বলেন যে, ‘বিএনপি সর্বদা ক্ষুদ্র জাতি গোষ্ঠীর পাশে থাকবে। বিএনপি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সঙ্গে কাজ করবে, তাদের স্বার্থের কথা বলবে, তাদের মৌলিক চাহিদা পূরণে এবং রাজনীতিতে প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেবে।’

বিএনপি মহাসচিব আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সময়কালেও নারী উদ্যোক্তাদের সমর্থনকে অগ্রাধিকার দেওয়া হতো।

এ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য বিজন কান্তি সরকার, ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের সভাপতি মৃগেন হাগিদক, ছোট জাতিগত গোষ্ঠীর নারী উদ্যোক্তা সান্তানু স্নিতা নকরেক ও স্বপ্না আজিম এবং অন্যান্য ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সদস্যরা উপস্থিত ছিলেন ।

সূত্র: বাসস।  

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

নির্বাচনের কাজ ন্যায় ও আইনসম্মতভাবে করতে হবে, কোন চাপের কাছে নতি স্বীকার নয়: সিইসি

আলোকিত প্রতিবেদক:

উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনকালীন যে ধরনের কাজের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায় সঙ্গতভাবে, আইনসম্মতভাবে ও প্রফেশনালি পালন করতে হবে। কোনও প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে।

২২ অক্টোবর বুধবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই। যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল, সেই জাতি তত সভ্য বলে আমরা মনে করি। আমাদের এই কালচারটা কাল্টিভেট করতে হবে। ‘আমরা রুল অব ল’ চাই, ‘নট রুল বাই ল’ শাসন করার জন্য বানানো আইন চাই না। নির্বাচনকালীন যে ধরনের কাজের দায়িত্বই পড়ুক না কেন, তা ন্যায়ানুগভাবে, আইনসম্মতভাবে, নিউট্রালি এবং প্রফেশনালি পালন করতে হবে।

তিনি বলেন, নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস। আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্বটা মূলত আপনাদের ওপরে নির্ভর করে… আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, আমাদের প্রিজাইডিং অফিসারের সঙ্গে সমন্বয়, পুলিং অফিসারের সঙ্গে সমন্বয়… এ সার্বিক সমন্বয়টা আপনাদের খুব সিরিয়াসলি করতে হবে।

কোনও চাপের কাছে নতি স্বীকার না করার কথা উল্লেখ করে সিইসি বলেন, আপনারাও কোনও প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না, কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না। সম্পূর্ণভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন। নির্বাচন কমিশনও কারো কোনও অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কমিশনও কর্মকর্তাদের কোনও অন্যায় আদেশ বা হুকুম দেবে না। প্রচলিত আইন অনুযায়ী নির্দেশনা যাবে বলে নিশ্চিত করেন তিনি।

কোনও সংকট দেখা দিলে তা শুরুতেই মোকাবিলা করার কথা উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, শুরুতেই যাতে এটা ট্যাকেল করা যায় সেই চেষ্টা আপনারা করবেন। 

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, ট্রেনিংটা কিন্তু একদম পুরা ক্যারিয়ারব্যাপী চলে, মানুষের শেখার কিন্তু শেষ নাই। এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে এখান থেকে অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে হবে।

সিইসি বলেন, আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংযোজন করা হবে। এছাড়াও, প্রশিক্ষণে কোনও গ্যাপ থাকলে বা কোনও টপিক বাদ পড়ে গেলে, অনলাইনে কানেক্ট করে সেই গ্যাপ পূরণ করে দেওয়া হবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচিতে চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

সাদুল্লাপুরে পবিত্র কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক

মোঃ ফিরোজ প্রধান ,সাদুল্যাপুর: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনী গ্রামে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে মিলন মিয়া (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২০ অক্টোবর) রাতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। মিলন মিয়া তার স্ত্রীর কাছে গচ্ছিত কিছু টাকার হিসাব চান। বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিলন মিয়া তার স্ত্রী শাহিনুর বেগমকে বলেন—“ঘর থেকে কোরআন এনে মাথায় রেখে টাকার হিসাব দাও।” কিন্তু স্ত্রী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তা করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে মিলন মিয়া ঘরে রাখা পবিত্র কোরআন শরীফ হাতে নিয়ে ছুড়ে ফেলেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর রাতেই স্থানীয়রা বিষয়টি জানাজানি করেন। পরদিন সকালে খবরটি গ্রামে ছড়িয়ে পড়লে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। ক্ষুব্ধ গ্রামবাসীরা মিলন মিয়াকে আটক করে গণধোলাই দেন। পরে স্থানীয় মুরব্বি ও জনপ্রতিনিধিরা বিষয়টি শান্ত করেন এবং অভিযুক্ত মিলন মিয়াকে পুলিশে সোপর্দ করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব তাজ উদ্দিন খন্দকার জানান, অভিযুক্ত মিলন মিয়ার স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) পবিত্র কোরআন অবমাননার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

বাঘা প্রেসক্লাবে প্রশাসন-সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্রাদুল আলিম (বাঘা- রাজশাহী) প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকের সাথে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) । মঙ্গলবার(২১ আক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় বাঘা  প্রেসক্লাব কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, বাঘা  প্রেসক্লাবের আহ্বায়ক, প্রবীণ সাংবাদিক  আব্দুল লতিফ মিঞা।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি,বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা  দোলন কান্তি চক্রবর্তী। উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শাম্মী আক্তার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। প্রশাসনের পাশাপাশি সাংবাদিকরা দায়িত্বশীলভাবে কাজ করলে দেশের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা ডলি বলেন,  জনগণের সমস্যা অভিযোগ ও প্রত্যাশা সাংবাদিকদের মাধ্যমেই প্রশাসনের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই গঠনমূলক সংবাদ ও ইতিবাচক সমালোচনার মাধ্যমে সমাজের পরিবর্তন আনা সম্ভব।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান , অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক নুরুজ্জামানের সঞ্চলনায়  বক্তব্য রাখেন, আসলাম আলী, আশরাফুল ইসলাম, আমানুল হক আমান, গোলাম তোফাজ্জল কবীর মিলন। সাংবাদিকরা দেশ ও জনকল্যাণে, নাগরিক সেবার বিভিন্ন দিক তুলে ধরেন।
উপস্থিত ছিলেন, সাইদুর রহমান, লালন উদ্দিন, ফজলুর রহমান মুক্তা, সুব্রত কুমার, আব্দুল হামিদ মিঞা, মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, নাহিদ ইসলাম প্রমুখ।
আলোকিত প্রতিদিন/এপি

১৫ সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কা*রাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের!

বিশেষ প্রতিনিধি, মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এর আগে বুধবার সকাল সোয়া ৭টার দিকে বাংলাদেশ জেল প্রিজন ভ্যানের সবুজ একটি গাড়িতে করে কড়া নিরাপত্তার মাধ্যমে সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হয়।

যে ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৪ জন কর্মরত আছেন। একজন এখন অবসরকালীন ছুটিতে।

যাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, তারা হলেন- র‍্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম, ব্রিগেডিয়ার কে এম আজাদ, কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও কর্নেল আনোয়ার লতিফ খান (এখন অবসরকালীন ছুটিতে); র‍্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন, লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম, বিজিবির সাবেক কর্মকর্তা মেজর মো. রাফাত-বিন-আলম।

ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্রস*হ মানব পাচারকারী আটক, ছয় ভুক্তভোগী উদ্ধার!

হেলাল উদ্দিন, টেকনাফ, টেকনাফের রাজারছড়ার  গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ একজন মানব পাচারকারী ও ডাকাত চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। এ সময় মানবপাচার চক্রের হাতে বন্দী  থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফের রাজারছড়া  এলাকার মো. হোছনের ছেলে মো. রুবেল (২০)।
উদ্ধারকৃতরা  হলেন, টেকনাফের শাহ পরীরদ্বীপ মাঝেরপাড়া এলাকার জিয়াবুল হোসেনের ছেলে রাসেল (১৭), রামু খুনিয়াপালং এলাকার মো. সুলতানের ছেলে শাহরিয়াজ ইমন (১৯), উখিয়া জালিয়াপালং মনখালির ৯ নম্বর ওয়ার্ডের  রফিকের ছেলে মো. ফয়সাল (১৭), উখিয়া মনখালির মো. ইলিয়াসের ছেলে মো. এহসান (১৬), উখিয়া বালুখালি ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাসিম উল্লাহর ছেলে নজিম উল্লাহ (১২) এবং একই ক্যাম্পের জাফর আলমের ছেলে শহিদুল আমিন (১৫)।
টেকনাফ-২ বিজিবির একটি টিম মঙ্গলবারে এই অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় অস্ত্রধারী মানবপাচার চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে চারটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে, চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। অভিযান চলাকালে মানবপাচার চক্রের হাতে বন্দী থাকা ছয়জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কৃতদের মধ্যে দুইজন রোহিঙ্গা ও চারজন বাংলাদেশি নাগরিক।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার কৃত ভুক্তভোগীদের  রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে পাহাড়ে ডেকে নিয়ে মালয়েশিয়া পাঠানোর কথা বলে তিন দিন ধরে বন্দী করে রাখে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করেছে। আটক মানব পাচার কারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি

সাভার আশুলিয়া সিটি করপোরেশনের উদ্যোগ নিয়েছে সরকার 

শহিদুল্লাহ সরকার, সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা চলতি মাসের ১২ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানা গেছে। সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথম পক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এই প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার।
প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাভারের আশুলিয়া অঞ্চলে বিপুল সংখ্যক গার্মেন্টস শিল্প, শ্রমিকবসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতাও ইউনিয়ন পরিষদের নেই। ফলে আশুলিয়া এলাকার জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

আজকেও দর্শক নেই মিরপুরে, গ্যালারিতে দুয়োধ্বনি!

ক্রিকেট, প্রথম ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম দেখেছিল অন্যরকম এক চিত্র। বাংলাদেশের ম্যাচ, অথচ নেই দর্শক। দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (২১ অক্টোবর) একই চিত্র দেখা গেছে। বরং, প্রথম দিনের তুলনায় আজ দর্শক সংখ্যা কম৷ একটু কষ্ট করলে আঙুলে গোনা যাবে দর্শক সংখ্যা।

 

প্রথম ম্যাচে জয়ের পর আজ বাংলাদেশের লক্ষ্য সিরিজ নিশ্চিত করা। স্পিননির্ভর কালো উইকেটের সুবিধা নিয়ে প্রথম ম্যাচে দাপুটে জয় পায় বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডেতে বোলিং বিভাগকে আরো শক্তিশালী করতে একজন বাড়তি স্পিনার নিয়ে মাঠে নেমেছে।

আলোকিত প্রতিদিন/এপি

HSC 2025 এ মাদারীপুর জেলায় সর্বোচ্চ নাম্বার পাওয়া ছাত্রী!

আসাদ ফকির, উপজেলা প্রতিনিধী, এইচএসসিতে মাদারীপুর জেলার সেরা মাইমুনা তাবাসসুম অর্পা,
২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে মাদারীপুর জেলায় সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে মাইমুনা তাবাসসুম (অর্পা)। মাদারীপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এ মেধাবী শিক্ষার্থী গোল্ডেন জিপিএ-৫ (A+) পেয়ে জেলায় প্রথম স্থান অধিকার করেছে। তাঁর মোট প্রাপ্ত নম্বর ১১৯০।
মাইমুনা তাবাসসুম মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের বাসিন্দা মো. মোকলেছুর রহমান মুকুল মোল্লা ও মোসা. লুবনা চৌধুরী দম্পতির কন্যা। ব্যবসায়ী বাবার কন্যা অর্পা এর আগে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় মাদারীপুর ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে ১,২৪৩ নম্বর অর্জন করে মাদারীপুর জেলার মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিলেন। ধারাবাহিক এই সাফল্য তাঁর অধ্যবসায়, মেধা ও দায়িত্ববোধের উজ্জ্বল প্রমাণ রেখেছে। ভবিষ্যতে তিনি একজন চিকিৎসক হয়ে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে চান বলে জানিয়েছেন।  প্রভাষক মো. আসাদুজ্জামান বলেন, “অর্পার এই কৃতিত্ব আমাদের কলেজের গৌরব বৃদ্ধি করেছে। তার নিষ্ঠা ও অধ্যবসায় ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।এদিকে মাদারীপুর সরকারি কলেজ ও ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকেও তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দুটির শিক্ষকরা বলেন, অর্পার ধারাবাহিক সাফল্য জেলার শিক্ষার্থীদের নতুন করে অনুপ্রাণিত করবে বলে আমার বিশ্বাস।
আলোকিত প্রতিদিন/এপি