আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 248

ট্রাম্পের নিষেধাজ্ঞার সামনেও অনড় অবস্থানে পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন নিষেধাজ্ঞার মুখেও আগের অবস্থানের অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বশেষ এক ঘোষণায় দুটি বৃহত্তম রুশ তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ববাজারে তেলের দাম পাঁচ শতাংশ বৃদ্ধি পায়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পুতিন এই পদক্ষেপকে ‘অমিত্রসুলভ’ হিসেবে উল্লেখ করে বলেন, নিষেধাজ্ঞায় রুশ অর্থনীতির বড় কোনও ক্ষতি হবে না। বরং তেল সরবরাহ কমে গেলে দাম লাফিয়ে বাড়বে বলে সতর্ক করেন তিনি।

পুতিন বলেন, এটি নিঃসন্দেহে রাশিয়ার ওপর চাপ প্রয়োগের চেষ্টা। কিন্তু আত্মসম্মান আছে এমন রাষ্ট্র বা জনগণ কখনও চাপের মুখে মাথা নত করে না।

পুতিনের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি এমন মনে করেন তো ভালো! ছয় মাস পর আমি ফলাফলটা জানিয়ে দেব।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে রসনেফট ও লুকঅয়েল— যারা মিলিতভাবে বিশ্বের মোট তেল উৎপাদনের পাঁচ শতাংশের বেশি নিয়ন্ত্রণ করে। এই সিদ্ধান্তে ট্রাম্পের সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কারণ মাত্র এক সপ্তাহ আগেই তিনি বলেছিলেন, পুতিনের সঙ্গে বুদাপেস্টে শিগগিরই এক বৈঠকে বসবেন ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে।

রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞার পর চীনের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো আপাতত রাশিয়া থেকে তেল কেনা স্থগিত করেছে। অন্যদিকে, সাগরপথে রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা ভারত আমদানি ব্যাপকভাবে কমানোর প্রস্তুতি নিচ্ছে।

স্বল্পমেয়াদে রাশিয়ার অর্থনীতিতে এই নিষেধাজ্ঞার প্রভাব সীমিত হতে পারে। তবে এটি ট্রাম্পের কঠোর অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে—যার লক্ষ্য ক্রেমলিনের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে আলোচনায় বসতে বাধ্য করা।

এদিকে, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় মিত্রদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চাচ্ছে ইউক্রেন। এ বিষয়ে পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়ার ভেতরে হামলা হলে মস্কোর প্রতিক্রিয়া অত্যন্ত কঠোর, এমনকি ধ্বংসাত্মকও হতে পারে।

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর ২০২৫/মওম

ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে ঢাকার নিন্দা

আলোকিত ডেস্ক:

ফিলিস্তিনের পশ্চিম তীরে তথাকথিত ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ আরোপের লক্ষ্যে ইসরায়েলি নেসেট কর্তৃক সম্প্রতি খসড়া আইন অনুমোদনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এক বিবৃতিতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশ পুনর্ব্যক্ত করছে যে, পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কোনো অংশের ওপর ইসরায়েলের কোনো সার্বভৌমত্ব নেই।”

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ এবং সংশ্লিষ্ট জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব, বিশেষত প্রস্তাব ২৩৩৪-এর সুস্পষ্ট লঙ্ঘন করে ইসরায়েল পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের সম্প্রসারণের মাধ্যমে তার বেআইনি দখলদারিত্ব অব্যাহত রেখেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, ঢাকা আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ২২ অক্টোবর ২০২৫-এর উপদেষ্টা মতামতকেও স্বাগত জানিয়েছে। এই মতামতে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে ইসরায়েলের বাধ্যবাধকতা, যার মধ্যে যুদ্ধের অস্ত্র হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে ধরা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করছে। তাদের রয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন এবং সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার অধিকার।”

সূত্র: বাসস।  

আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর ২০২৫/মওম

সাভার উপজেলা সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব  এর বিরুদ্ধে দুদকের মামলা

শহিদুল্লাহ সরকার: 
প্রায় ১১০ কোটি টাকা বৈধ করতে গিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ফেঁসেছেন সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এমন অভিযোগে মানিলন্ডারিং আইনে মামলার পাশাপাশি প্রায় সাড়ে ৪ কোটি টাকার অবৈধ সম্পদেরও মামলা হয়েছে তার বিরুদ্ধে।
 ২২ অক্টোবর বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বাদী হয়ে মামলা দু’টি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ দপ্তর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রথম মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে ৪ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৭৯৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এজাহারে তার নামে স্থাবর এবং অস্থাবর সম্পদসহ ৬ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৪২৫ টাকার হিসাব পাওয়া যায়, যার মধ্যে বৈধ আয় পাওয়া যায় মাত্র ২ কোটি ২৮ লাখ ১৩ হাজার ৬৩১ টাকার। বাকি সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে।
দ্বিতীয় মামলায় সাভার উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও তার সহযোগী মো. জাকির হোসেনের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে অভিযোগ আনা হয়েছে।
ওই মামলার এজাহার সূত্রে জানা যায়, মঞ্জুরুল আলম রাজীব নামমাত্র রাজ রিয়েল এস্টেট, রাজ কনস্ট্রাকশন এবং রাজ লেদার লিমিটেডের ব্যাংক হিসাবে মোট ১০৯ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ১০৯ টাকা টাকা লেনদেন করে বৈধ করার চেষ্টা করেছেন আসামিরা। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধে মামলা রুজু করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/২৪ অক্টোবর ২০২৫/মওম

রসমালাই খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ হওয়ার ঘটনায় সেই বেকারী সিলগালা 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রসমালাই খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনায় অভিযুক্ত প্রতিষ্ঠান রংধনু বেকারি অ্যান্ড সুইট হাটে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২২ অক্টোবর বুধবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল বাজার এলাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। এর আগে রসমালাই খেয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি নজরে আসলে অভিযানে নামে তারা। অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটি অপরিষ্কার পরিবেশে খাবার সংরক্ষন করছে তাছাড়া মানছেনা কোন ড্রেস কোড। তাছাড়া মিস্টির সিরার উপরে ভাসছিলো তেলাপোকা।
এ অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।এ ব্যাপারে ইফতেখারুল আলম রিজভী বলেন, ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

সাগরপথে পাচারকালে ২৯ জন উদ্ধার, তিন পাচারকারী আটক!

হেলাল উদ্দিন, টেকনাফ। কক্সবাজারের টেকনাফে একদিনে পৃথক দুটি অভিযানে তিন মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। এসময় ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, (২১ অক্টোবর)  টপকনাফের রাজারছড়ায় সশস্ত্র পাচারকারীদের গোপন আস্তানা গুড়িয়ে দেওয়া হয়। এর সূত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি সমুদ্র উপকূলের দিকে নজরদারি বাড়ায়। এবং জানা যায়, ওই অভিযানে পালিয়ে যাওয়া আসামিরা সমুদ্রপথে লোকজনকে পাচারের চেষ্টা করবে।
সন্ধ্যায় মেরিন ড্রাইভ সৈকতের পয়েন্টগুলোতে বিজিবির বিশেষ টহল দলের সদস্যরা কৌশলগত নজরদারি শুরু করে। রাত গভীর হলে সমুদ্র উপকূলে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে দেখতে পান যে, মানব পাচারকারী চক্র গোপনে ২৯ জন ভুক্তভোগীকে একটি নৌযানে গভীর সাগর দিয়ে পাচারের জন্য প্রস্তুত করছে।
বিজিবির দ্রুত ও কার্যকরী হস্তক্ষেপে ২৯ জন ভুক্তভোগীকে অনিশ্চিত ও বিপজ্জনক সমুদ্র যাত্রা থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে তিনজন মানব পাচারকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আটককৃত পাচারকারীরা হলেন: টেকনাফের মহেশখালিয়া পাড়ার বাসিন্দা মো. সলিম (৩৫) ও মো. নুরুল আবছার (১৯), এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক–এ এর মনসুর আলম (২২)। এ সময় পাচারকারীদের কাছ থেকে একটি চাকু, একটি মোটরসাইকেল এবং একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত আরও ৬/৭ জন পলাতক রয়েছে।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, আজকের দিনটি টেকনাফ সীমান্তে মানব পাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর জন্য চরম দুঃসংবাদ বহন করে এনেছে। আমরা ভোরে পাহাড়ের দুর্গম চূড়ায় অভিযান চালায়। এবং সন্ধ্যায় সমুদ্র উপকূলে মানব পাচার বানচাল করেছি। বিজিবি স্পষ্ট বার্তা, টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্রের জলসীমা পর্যন্ত কোনো অপরাধীর জন্য এক ইঞ্চি জায়গাও ছাড় নেই। উদ্ধারকৃত ২৯ জন ভুক্তভোগীকে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটককৃত তিন মানব পাচারকারীর বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।
আলোকিত প্রতিদিন/এপি

গাজীপুর-১ আসনের মানুষের আস্থা হুমায়ুন কবির খান

কালিয়াকৈর প্রতিনিধিঃ শাহআলম সিকদার।ভোটের হাওয়ায় ধানের শীষের মতো দুলছে গাজীপুর-১ আসনের ভোটারদের মন। চারদিকে নির্বাচনী আমেজ, ধানের শীষের জোয়ার উঠেছে সর্বত্র। খুব শিগগিরই বাছাই হতে যাচ্ছে গাজীপুর-১ আসনে বিএনপির প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা জনসংযোগের পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন।সরেজমিনে ঘুরে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহ-সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান ভোটারদের মনে মমতায় জায়গা করে নিয়েছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বগুণে সাধারণ জনগণের মধ্যে তৈরি হয়েছে গভীর আস্থা। ভোটাররা মনে করছেন, গাজীপুর-১ আসনের দায়িত্বে থাকলে এ আসন নিরাপদ হাতে থাকবে।কালিয়াকৈরের স্থানীয় ভোটার জলিল উদ্দিন বলেন, “কেন্দ্রীয় নেতারা যদি সত্যিই জনমত ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী মনোনয়ন দেন, তাহলে জরিপে বারবার হুমায়ুন কবির খানের নামই প্রথমে আসে। নেতা হিসেবে তিনিই সবচেয়ে উপযুক্ত।”এলাকার প্রবীণ ও তরুণ কর্মীরা একবাক্যে বলছেন, হুমায়ুন কবির খান একজন কর্মীবান্ধব নেতা। দলের কঠিন সময়েও তিনি মাঠে ছিলেন, জনগণের পাশে থেকেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কারণে তার প্রতি কর্মীদের আস্থা সবচেয়ে বেশি।
কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান বলেন, “দলের জন্য অনেকেই ত্যাগ স্বীকার করেছেন। তবে যারা জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক বজায় রেখে কাজ করেছেন, তাদের মধ্যেই হুমায়ুন কবির খান এগিয়ে। জনগণের ভালোবাসা ও আস্থার বিচারে তিনিই গাজীপুর-১ আসনের সবচেয়ে উপযুক্ত প্রার্থী।”এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ভিপি শাহজাহান সিরাজ বলেন, “দলের জন্য ত্যাগী, পরীক্ষিত ও জনপ্রিয় নেতৃত্বের প্রয়োজন। হুমায়ুন কবির খান দীর্ঘদিন ধরে এলাকায় সাংগঠনিকভাবে সক্রিয় রয়েছেন। বিএনপির প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে গাজীপুর-১ আসনে দল আরও শক্ত অবস্থানে থাকবে বলে বিশ্বাস করি।”অন্যদিকে, কালিয়াকৈর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. কুহিনূর ইসলাম রাজু বলেন, “হুমায়ুন কবির খান সব সময় তরুণদের অনুপ্রাণিত করেন। তিনি ছাত্র রাজনীতি থেকেই উঠে এসেছেন, তাই তরুণ প্রজন্মের ভাবনা তিনি বোঝেন। আমরা মনে করি, তিনি মনোনয়ন পেলে গাজীপুর-১ আসনে বিএনপির পক্ষে ভোটের জোয়ার আরও বাড়বে।”এছাড়া কালিয়াকৈর গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম বলেন, “হুমায়ুন কবির খান একজন শিক্ষকবান্ধব ও মানবিক নেতা। তিনি গরীব-দুঃখী মানুষের পাশে থাকেন, রিকশাচালক থেকে দিনমজুর—সব শ্রেণির মানুষের সঙ্গে মিশে থাকেন। আমি বিশ্বাস করি, তিনি যদি গাজীপুর-১ আসনের এমপি হন, তাহলে শিক্ষার মান উন্নয়নসহ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে।ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হুমায়ুন কবির খান বহুবার রাজনৈতিক প্রতিকূলতা, মামলা ও কারাভোগের মুখোমুখি হয়েছেন। তবুও তিনি দলের প্রতি অনুগত থেকে এলাকায় সংগঠনকে সচল রেখেছেন।নিজের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমি রাজনীতি করি মানুষের ভালোবাসা ও বিশ্বাসের জোরে। আমার জীবনের লক্ষ্য গাজীপুর-১ আসনের জনগণের নিরাপত্তা, শিক্ষা ও জীবনমান উন্নয়ন। বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে আমি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকেছি। জনগণই আমার শক্তি। যদি দল ও ভোটাররা আমাকে দায়িত্ব দেয়, তবে তাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।গাজীপুর-১ আসনের সাধারণ ভোটারদের মতামত থেকে বোঝা যাচ্ছে, জনগণের সম্মতিতে এ আসনে হুমায়ুন কবির খানকেই  এগিয়ে রাখছেন —এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা।ইসি সূত্রে জানা যায়, গাজীপুর-১ আসনে এবার মোট ভোটার ৬ লাখ ৩ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ১ হাজার ৮০৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ১ হাজার ২০৮ জন।
আলোকিত প্রতিদিন/এপি

আইসিসি থেকে সুখবর পেলেন রিশাদ

ক্রীড়া ডেস্ক:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। ইতোমধ্যে দুই ম্যাচ শেষে উভয়ে ১-১ সমতায় রয়েছে। এই সিরিজে ব্যাট-বল-ফিল্ডিং প্রতিটি বিভাগেই প্রাণবন্ত পারফর্ম করছেন রিশাদ হোসেন। তারই পুরস্কার মিলেছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে। বাংলাদেশি এই লেগস্পিনার বোলিংয়ে ৬৫ এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ৮৭ ধাপ উন্নতি করেছেন।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গতকাল (মঙ্গলবার) দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ব্যাট হাতে ১৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৩৯ রান করেন রিশাদ। এরপর বোলিংয়ে ১০ ওভারে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেন। যা বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। এর আগে প্রথম ওয়ানডেতে ১৩ বলে ২৬ রান করার পর ৩৫ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রিশাদ। যা ওয়ানডেতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।

ব্যাট-বলে দারুণ সময় কাটানো রিশাদ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। বোলিং র‌্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে তার অবস্থান ৬৮তম, একইসঙ্গে বর্তমান ৪৩০ রেটিং পয়েন্ট রিশাদের ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ। এ ছাড়া ওয়ানডের অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়েও ক্যারিয়ারসেরা রেটিং ১৫১ পয়েন্ট নিয়ে ৮৭ ধাপ এগিয়ে রিশাদের অবস্থান ৩৭তম।

ওয়ানডে বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৬ ধাপ এগিয়ে ১৮তম এবং অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে নাসুম আহমেদ ১৬ ধাপ এগিয়ে ৭১তম এবং দুই ধাপ এগিয়ে ৯৬তম হয়েছেন তানভীর ইসলাম। চলমান বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে স্পিননির্ভর পিচে স্লোয়ার বোলাররা রাজত্ব করছেন। সেভাবে সুযোগ মিলছেন না পেসারদের, তারই প্রভাব হিসেবে তাসকিন আহমেদ ৪ ধাপ পিছিয়ে ৩৮, শরিফুল ৩ ধাপ পিছিয়ে ৬১ এবং তানজিম সাকিব ৬ ধাপ পিছিয়ে ৭৩–এ নেমে গেছেন।

ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাওহীদ হৃদয় (৭ ধাপ উন্নতির পর ৩৫তম), মিরাজ (২ ধাপ এগিয়ে ৬৩) ও সৌম্য সরকার (৫ ধাপ এগিয়ে ৮৬)। তবে অবনতি হয়েছে জাকের আলি (৩ ধাপ পিছিয়ে ৭৮) এবং ইনজুরির কারণে দলের বাইরে থাকা লিটন দাসের (৭ ধাপ পিছিয়ে ৯১)। ওয়ানডে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে শীর্ষে আছেন শুভমান গিল, ইব্রাহিম জাদরান ও রোহিত শর্মা। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে রাজত্ব রশিদ খান, কেশভ মহারাজ ও মহেশ থিকশানার। এ ছাড়া আজমতউল্লাহ ‍ওমরজাই, সিকান্দার রাজা এবং মোহাম্মদ নবি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন।

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

ল্যুভর জাদুঘর থেকে চুরি হওয়া অলঙ্কারের মূল্য কত, জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘর ল্যুভর থেকে সম্প্রতি যেসব অলঙ্কার চুরি হয়েছে, সেগুলোর দাম প্রকাশ করা হয়েছে। জাদুঘরের কিউরেটরের বরাত দিয়ে ফ্রান্সের অন্যতম সরকারি কৌসুঁলি লৌর বেকো গতকাল মঙ্গলবার জানিয়েছেন, চুরি হওয়া অলঙ্কারগুলের সম্মিলিত দাম কমপক্ষে ৮ কোটি ৮০ লাখ ইউরো।

বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ২৪৭ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। গতকাল মঙ্গলবার ফ্রান্সের বেতার সংবাদমাধ্যম আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বেকো বলেন, “চোররা অলঙ্কারগুলো গলিয়ে ফেলতে পারে — এই ভয়েই সেগুলোর দাম আমরা প্রকাশ করছি। আমরা তাদের এই বার্তা দিতে চাইছি যে অলঙ্কারগুলো গলিয়ে ফেললে তারা যে দাম পাবে, তার চেয়েও সেগুলো অনেক অনেক বেশি দামি।”

ল্যুভরের কিউরেটর বা রক্ষণাবেক্ষন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই দাম প্রকাশ করেছেন বলে সাক্ষাৎকারে জানিয়েছেন বেকো।

প্রসঙ্গত, ল্যুভর বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও পরিচিত জাদুঘর। সারা বিশ্বের বিভিন্ন জাদুঘরের মধ্যে ল্যুভরেই সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় হয়। প্রতিদিন ফ্রান্সে যত পর্যটক এবং দর্শনার্থী আসেন, তারা অন্তত একবারের জন্য হলেও ল্যুভরে যাওয়ার চেষ্টা করে।

প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত ল্যুভর জাদুঘর। গত ১৯ অক্টোবর স্থানীয় সময় সকালে সীন নদীর সংলগ্ন জাদুঘরের একটি বারান্দার সুরক্ষা বেষ্টনি কেটে জাদুঘরের মূল চত্বরে প্রবেশ করে । তারপর একটি কাচের জানালা ব্যাটারিচালিত ইলেকট্রিক কাটার দিয়ে কেটে জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢোকে। সেখান দিয়ে রত্ন ও অলঙ্কার বিভাগে প্রবেশ করে এসব অলঙ্কার হাতিয়ে নেয় তারা। এরপরে জাদুঘরের বাইরে বেরিয়ে মোটরবাইকে চেপে চম্পট দেয়।

অ্যাপোলো গ্যালারি এবং রত্ন ও অলঙ্কার বিভাগে কয়েক জন নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে সেখান থেকে বের করে দেওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট চার জন চোর একটি ট্রাকে করে এসেছিল। বারান্দার নিরাপত্তা বেষ্টনি কাটার জন্য মেকানিক্যাল লিফ্ট (ভাঁজ করা যায়- এমন মই) ব্যবহার করেছে তারা।

সুরক্ষা বেষ্টনি কাটতে আট মিনিট সময় নিয়েছে চোররা। চুরির পুরো ব্যাপারটি ঘটেছে খুব অল্প সময়ের মধ্যে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাদের সবার মুখ কালো মুখোশে ঢাকা ছিল।

চুরি হওয়া অলঙ্কারগুলোর মধ্যে রয়েছে নিজের স্ত্রী বা রানীকে উপহার হিসেবে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের দেওয়া নেকলেস, তার বংশধর সম্প্রাট নেপোলিন ৩— এর স্ত্রী সম্রাজ্ঞী ইউগেনির মাথার তাজ বা টিয়ারা এবং ফ্রান্সের রানী মেরি-আমেলির বেশ কিছু অলঙ্কার।

স্ত্রীকে নেপোলিয়ন বোনাপার্ট যে নেকলেসটি দিয়েছিলেন, সেটি হীরা ও পান্না দিয়ে তৈরি ছিল।

চোরেরা যে পথে পালিয়ে গেছে, সেখানে তদন্ত কর্মকর্তারা একটি মুকুট পড়ে থাকা অবস্থায় পেয়েছেন। খুব সম্ভবত চোরেরা তাড়াহুড়া করে পালিয়ে যাওয়ার সময় সেটি পড়ে যায়। মুকুটটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রশাসনের ধারণা, এই চোরেরা পেশাদার। কারণ, তারা অত্যন্ত দ্রুত ও সুসংগঠিতভাবে পুরো কাজ করেছে।

ল্যুভরে দুর্ধর্ষ এ চুরির পর বিশেষজ্ঞরা বিবিসিকে বলেছিলেন, সামগ্রীগুলো উদ্ধারের জন্য তদন্তকারীরা মাত্র এক থেকে দুই দিন সময় হাতে পাবেন। এরপর এগুলো চিরতরে হারিয়ে যেতে পারে।

সূত্র : বিবিসি

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

সেনা কর্মকর্তারা ‘নির্দোষ, হাসিনা-কামালের নি*র্দেশে’ হয়েছে: আইনজীবী

আলোকিত ডেস্ক, আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় কারাগারে পাঠানো সেনা কর্মকর্তাদের নির্দোষ দাবি করেছেন তাদের আইনজীবী।

বুধবার হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে হাজির করার করা পর তাদের কারাগারে পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

শুনানি শেষে আসামিদের আইনজীবী এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা আত্মসমর্পণ করেছেন। তারা বিচারের মুখোমুখি হতে চান। তারা এই অপরাধ ‘সংঘটিত করেন নাই’। এখানে একজন অ্যাপ্রুভার–রাজসাক্ষী–তিনি বলেছেন, যা কিছু হয়েছে সব আসাদুজ্জামান খান কামল এবং শেখ হাসিনার নির্দেশে হয়েছে। তাদের এই ঘটনার ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। “যেহেতু তাদের নাম এখানে এসেছে, চার্জ দাখিল করা হয়েছে। তারা এই ট্রায়াল ফেইস করে জনগণের সামনে দেখাবে যে তারা কতটুকু অপরাধ করেছে, করেছে কি করে নাই। তাদেরকে সাবজেলে নেওয়া হবে বলে আমরা জেনেছি।”

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ বুধবার সকালে সেনা কর্মকর্তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। আদেশের পর ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুটি মামলায় আজ ১৫ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মধ্যে ১০ জন র‌্যাবের টিএফাই সেলে নির্যাতনের মামলায়। তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

প্রধান কৌঁসুলি বলেন, দ্বিতীয় যে মামলাটি সেটি হলো জয়েন্ট ইন্টারোগেশন সেলে ২০১৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বেশ কয়েকজন বন্দিকে বন্দিশালায় আটকে নির্যাতন করা হয়েছিল। সেই অভিযোগেও যাদেরকে আটক করা হয়েছিল আদালত তাদেরকেও কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। আগামী ২০ নভেম্বর এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। এই আসামিদের গ্রেপ্তার করে আদালতে হাজিরের ব্যাপারে সেনাবাহিনী সহায়তা দিয়েছে বলে জানান তাজুল ইসলাম।

যাদের কারাগারে পাঠানো হয়েছে তাদের মধ্যে দশজন র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেলে আটকে রেখে নির্যাতনের মামলা আসামি। এই তিন মামলার ২৮ আসামির মধ্যে বাকিদের পলাতক দেখিয়ে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ছাড়া বাকি ১০ জন সাবেক সেনা কর্মকর্তা। শেখ হাসিনার সাবেক প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীও আছেন তাদের মধ্যে।

হেফাজতে থাকা ১৫ সেনা কর্মকর্তাকে বুধবার সকাল ৭টার পর কড়া নিরাপত্তার মধ্যে কারা কর্তৃপক্ষের প্রিজনভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নামিয়ে পুলিশ সদস্যরা তাদের ট্রাইব্যুনালের হাজতখানায় নিয়ে যান। এ সময় সেনা কর্মকর্তাদের সাধারণ পোশাকে দেখা যায়। মানবতাবিরোধী অপরাধের এই তিন মামলায় ২৮ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত ৮ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এরপর ১১ অক্টোবর সেনা সদরের এক সংবাদ সম্মেলনে জানানো হয় তিন মামলার ২৮ আসামির মধ্যে চাকরিতে থাকা এবং এলপিআরে যাওয়া ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। পরে তাদের রাখার জন্য ঢাকা সেনানিবাসের একটি ভবনকে অস্থায়ী ‘কারাগার’ ঘোষণা করে সরকার।

আলোকিত প্রতিদিন/এপি

টাঙ্গাইলে সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি আরিফুর,সম্পাদক শামীম

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সমাবেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো.আরিফুর রহমানকে সভাপতি ও  দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো. শামীম আল মামুনকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ লক্ষে বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের চেয়ারম্যান এটিএম মমতাজুল করিম।
সংগঠনের জেলা শাখার সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা জামায়াতের আমীর আহসান হাবিব মাসুদ, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক এম এ রৌফ, জেলা যুবদলের সদস্য সচিব খন্দকার তৌহিদুল ইসলাম বাবু, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়ক মাহমুুদুর রহমান রাসেল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক  এবং  দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি মো.শামীম  আল মামুন। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোকিত প্রতিদিন/২২অক্টোবর ২০২৫/মওম

– Advertisement –