আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2483

২০২০ সালে ইসরায়েলের হাতে হত্যার শিকার ২৭ ফিলিস্তিনি, এর মধ্যে ৭ জনই শিশু

গত কয়েক দশক ধরে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞ অব্যাহত ছিল ২০২০ সালেও। এবছর ইসরায়েলিরা হত্যা করেছে অন্তত ২৭ ফিলিস্তিনিকে, এদের মধ্যে সাতজনই ছিল শিশু। সম্প্রতি এ তথ্য জানিয়েছে বি’স্লেম নামে একটি ইসরায়েলি মানবাধিকার সংস্থা।

গত সোমবার বি’স্লেমের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২০ সালে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের মধ্যে একজন গাজা উপত্যকায়, ২৩ জন পশ্চিম তীরে (পূর্ব জেরুজালেমসহ) এবং তিনজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলের মধ্যে।

দখলকৃত পশ্চিম তীরে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর মধ্যে ১৬টির তদন্ত করেছে বি’স্লেম। তারা জানিয়েছে, এসব ঘটনায় ফিলিস্তিনিদের যখন হত্যা করা হয়, তখন অন্তত ১১জনই ইসরায়েলি বাহিনী বা অন্য কারও জন্য কোনও ধরনের বিপদের কারণ ছিলেন না। অর্থাৎ, একেবারে নিরস্ত্র নিরপরাধ মানুষদেরই হত্যা করেছে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি বর্বরতার উদারহরণস্বরূপ ইয়াদ হালাক নামে এক ফিলিস্তিনি যুবকের ঘটনা উল্লেখ করেছে বি’স্লেম। ৩২ বছর বয়সী এ যুবক ছিলেন বুদ্ধিপ্রতিবন্ধী, পড়াশোনা করতেন পূর্ব জেরুজালেমের একটি প্রতিবন্ধী স্কুলে।

ঘটনার দিন ইসরায়েলি সেনারা ইয়াদের কাছে অস্ত্র রয়েছে সন্দেহ করে থামতে বললে তিনি ভয় পেয়ে ছুটতে শুরু করেন। পরে একটি ডাস্টবিনের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়। স্কুল থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে পড়েছিল ইয়াদের প্রাণহীন দেহ।

ইয়াদ হালাকের বাবা জানিয়েছেন, তার ছেলের শারীরিক বয়স ৩২ হলেও মনের দিক থেকে বয়স ছিল আট বছরের শিশুর মতো। বাস্তব জীবনের বিপদ সম্পর্কে বোঝার ক্ষমতা ছিল না ইয়াদের। তারপরেও ইসরায়েলি হানাদারদের গুলিতে প্রাণ দিতে হয়েছে তাকে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

করোনার মধ্যেও গত ১০ বছরে শেয়ারবাজারে সর্বোচ্চ লেনদেন

নতুন বছরের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে মূল্য সূচকের বড় উত্থান প্রবণতা দেখা দিলেও শেষ পর্যন্ত তা বড় পতনে রূপ নিয়েছে। ভোজবাজির মতো মূল্য সূচক এমন বদলে যাওয়ার দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

এদিন শেয়ারবাজারে লেনদনের শুরু হতেই ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৫ পয়েন্ট বেড়ে যায়। এক পর্যায়ে বেলা ১১টা ৫০ মিনিটে ১৭৮ পয়েন্ট বেড়ে যায় সূচকটি।

লেনদেনের প্রথম দুই ঘণ্টায় মূল্য সূচকের এমন বড় উত্থান হলেও লেনদেনের শেষে তা ভোজবাজির মতো বদলে গিয়ে বড় পতন হয়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪২ পয়েন্ট কমে ৫ হাজার ৬০৯ পয়েন্টে নেমে গেছে।

ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১৯ পয়েন্ট কমে ১ হাজার ২৭৮ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ পয়েন্টে উঠে এসেছে।

সবকটি মূল্য সূচকের পতনের পাশাপাশি ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনের লেনদেন শেষে বাজারটিতে লেনদেনে অংশ নেয়া ১১৩ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ১৯৭টি এবং ৫০টির দাম অপরিবর্তিত রয়েছে।

মূল্য সূচক ভোজবাজির মতো বদলের দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৫৪৬ কোটি ৮২ লাখ টাকা, যা ২০১০ সালের ৭ অক্টোবরের পর সর্বোচ্চ। ২০১০ সালের ৭ অক্টোবর ২ হাজার ৮০১ কোটি টাকার লেনদেন হয়।

১০ বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেনের দিনে টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রবির শেয়ার। কোম্পানিটির ২৫৬ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার লেনদেন হয়েছে ১৬৪ কোটি ৭৩ লাখ টাকার। ১৩৭ কোটি ১২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বেক্সিমকো।

এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আইএফআইসি ব্যাংক, লাফার্জহোলসিম, লংকাবাংলা ফাইন্যান্স, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, কেপিসিএল এবং অ্যাকটিভ ফাইন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১৫৫ কোটি ৪৯ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৯টির এবং ৬৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

এবার করোনা হানা দিয়েছে বার্সার শিবিরে

নিজস্ব প্রতিবেদক: বার্সেলোনা ভক্তদের জন্য আবারো দুঃসংবাদ। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে হানা দিয়েছে ক্লাবটিতে। বার্সেলোনার কোচিং স্টাফদের দুজনের কোভিড-১৯ পজিটিভ আসায় বন্ধ করে দিতে হয়েছে অনুশীলন। নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে খবরটি নিশ্চিত করেছে বার্সা।

ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়, দুজনের করোনা শনাক্তের ব্যাপারটি ক্রীড়া ও স্বাস্থ্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মঙ্গলবার লা লিগার নিয়ম মেনে সবার পরীক্ষা করা হবে। আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। অনুশীলনের নতুন সময় ও বিলবাওয়ের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনের বিষয়ে জানিয়ে দেওয়া হবে।

উয়েস্কার বিপক্ষে জয়ের পর আগামীকাল বুধবার ( ৬ জানুয়ারি) রাতে অ্যাথলেটিকো বিলবাওয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল বার্সেলোনার। তখনই এল দুঃসংবাদ। এর ফলে ম্যাচের আগে অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। বিলবাওর বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে বার্সেলোনার সব খেলোয়াড় ও কোচিং স্টাফের পুনরায় করোনা পরীক্ষা করা হবে। রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেবে বার্সা।

লা লিগায় বেশ উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বার্সেলোনা। টানা ছয় ম্যাচ অপরাজিত দলটি। কিন্তু ঘরের মাঠে পয়েন্ট খুইয়েছে ভ্যালেন্সিয়া ও এইবারের বিপক্ষে। টানা দুই জয়ের পর কিছুটা আত্মবিশ্বাসী হয়ে ওঠা দলটাকে এবার নতুন করে ভাবতে হচ্ছে করোনা নিয়ে।

লা লিগার শীর্ষে থাকা অ্যাতলেটিকোর চেয়ে ১০ পয়েন্ট পিছিয়ে মেসির দল। এখন পর্যন্ত ১৬ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ২৮। অন্যদিকে, তাদের চেয়ে এক ম্যাচ কম খেলেও ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাতলেটিকো মাদ্রিদ। এছাড়া রিয়াল মাদ্রিদ আছে তালিকার দুইয়ে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

ব্যাটিংয়ে কিউইদের তিন সেঞ্চুরি, বোলিংয়ে পাকিস্তানের চারটি

নিজস্ব প্রতিবেদক: ক্রাইস্টচার্চ টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে দাঁড়াতেই পারছে না পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচের তৃতীয় দিন শেষে ইনিংস ব্যবধানে জয়ের সব বন্দোবস্ত করে ফেলেছে স্বাগতিকরা। অন্যদিকে ব্যাটিংয়ের পর ফিল্ডিংয়ে নেমেও হতাশায় নিমজ্জিত হয়েছে সফরকারী পাকিস্তান।

ম্যাচের প্রথম দিন ২৯৭ রানে অলআউট হয়েছে পাকিস্তান। দ্বিতীয় দিন ৩ উইকেট হারিয়ে ২৮৬ রান করে থামে নিউজিল্যান্ড। আজ (মঙ্গলবার) ম্যাচের তৃতীয় দিন দলীয় সংগ্রহটাকে ৬৫৯ রানে নিয়ে ইনিংস ঘোষণা করেছে কিউইরা। জবাবে ৮ রান তুলতে ১ উইকেট হারিয়েছে পাকিস্তান। ইনিংস পরাজয় এড়াতে আরও ৩৫৪ রান করতে হবে তাদের।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিন ব্যাটসম্যান। অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেছেন ২৩৮ রানের ইনিংস। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্থ ডাবল সেঞ্চুরি। তার সঙ্গে ৩৬৯ রানের রেকর্ড জুটি গড়া হেনরি নিকলস ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ১৫৭ পর্যন্ত। অন্যদিকে প্রথম সেঞ্চুরি করা ড্যারেল মিচেল অপরাজিত ছিলেন ১০২ রানে।

কিন্তু বল হাতে রান বিলানোর হিসাবে সেঞ্চুরি করেছেন পাকিস্তানের চার বোলার। শাহিন শাহ আফ্রিদি ৩৫.৫ ওভারে ১০২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট, ২৮ ওভারে ১০৬ রানে ২ উইকেট শিকার ফাহিম আশরাফের, নাসিম শাহ ২৬ ওভারে ১৪১ রান দিয়েও উইকেট পাননি।

অভিষিক্ত স্পিনার জাফর গোহারের খরচ ৩২ ওভারে ১৫৯ রান। আরেক পেসার মোহাম্মদ আব্বাস ৩৪ ওভারে দিয়েছেন ৯৮ রান। টেস্ট ক্রিকেটে কোনো ইনিংসে উইকেট না পাওয়া বোলারদের মধ্যে দ্বিতীয় বাজে ইকোনমির নজির গড়েছেন নাসিম। তিনি আজ ওভারপ্রতি রান দিয়েছেন ৫.৪২ করে। এ তালিকায় সবার ওপরের নামটি ইয়াসির শাহর (৩২ ওভারে ১৯৭ রান)।

সুবিধাজনক অবস্থানে থেকে দিনের খেলা শুরু করে নিজেদের জুটিটাকে আজ ৩৬৯ রান পর্যন্ত নিয়ে গেছেন উইলিয়ামসন ও নিকলস। নিউজিল্যান্ডের পক্ষে এটি চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। দুজনই জীবন পেয়েছেন অন্তত তিনবার করে। ডাবল সেঞ্চুরি করার পথে টেস্ট ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন উইলিয়ামসন।

নিকলস-উইলিয়ামসন জুটি ভাঙার পরেও আরও ২১৯ রান করেছে নিউজিল্যান্ড। যেখানে ছিল উইলিয়ামসন ও মিচেলের ১৩৩ রানের ষষ্ঠ উইকেট জুটি। এছাড়া অবিচ্ছিন্ন জুটিতে মাত্র ৮.১ ওভারে ৭৪ রান যোগ করেন জেমিসন ও মিচেল। শেষপর্যন্ত নিউজিল্যান্ড থামে ৬ উইকেটে ৬৫৯ রানে, মিচেল ১০২ ও জেমিসন ২২ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড পায় ৩৬২ রানের বিশাল লিড। এর জবাবে খেলতে নেমে দিনের শেষভাগে ১১ ওভারে ৮ রান করতে পেরেছে পাকিস্তান। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও শূন্য রানে আউট হয়েছেন শান মাসুদ। আরেক ওপেনার আবিদ আলি ৭ ও নাইটওয়াচম্যান মোহাম্মদ আব্বাস ১ রানে অপরাজিত রয়েছেন।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

নতুন দল ঘোষণায় নেই মাশরাফি

নিজস্ব প্রতিবেদক: মাশরাফি বিন মর্তুজাকে বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য প্রাথমিক ওয়ানডে ও টেস্ট দল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ২৪ জনের ওয়ানডে দলে নতুন মুখ রয়েছেন ছয়জন।

সোমবার দুপুরে এক সংবাদ বিবৃতির মাধ্যমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াড: মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ চৌধুরী রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী আশা’র মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (০৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন নাট্যনির্মাতা রোমান রুনি।

তিনি জানান, সোমবার রাতে শুটিং থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আশার মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ একটি হাসপাতালের মর্গে রাখা আছে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: রাজধানীর টেকনিক্যাল মোড়ে সড়ক দুর্ঘটনায় আয়শা আক্তার (২২) নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করে দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহান আহমেদ জানান, সোমবার দিনগত রাত ১টা থেকে ২টার মধ্যে মিরপুর টেকনিক্যাল মোড়ে কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আয়শা। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

এসআই সোহান বলেন, মৃত আয়শার বাবার নাম আবুল কালাম। তিনি আগে ইডেন কলেজে পড়তেন। তবে, বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারে পড়ছিলেন। থাকতেন রূপনগর ২০ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায়। রাতে তিনি কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি। কোন যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আলোকিত প্রতিদিন/৫ জানুয়ারি’২১/এমজ

মানিকগঞ্জে নানা আয়োজনে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

সৈয়দ এনামুল হুদা: নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শিক্ষা শান্তি প্রগতি, ছাত্রলীগের মূলনীতি এ স্লোগানকে প্রতিপাদ্য করে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী এ সংগঠনটি ৭৪ বছরে পা রেখেছে। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সোমবার (৪ জানুয়ারি) সকাল ১০টায় ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ করে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ। এরপর মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি কাজী রাজু আহমেদ বুলবুল এবং সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে এক মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত ও কেক কাটা শেষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাধারন সম্পাদক আব্দুস সালাম পিপি, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট বাদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট আবুবক্কর সিদ্দিক খান তুষার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা, সাবেক সাধারণ সম্পাদক মহিদুজ্জামান মহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাসহ মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় কাজী রাজু আহমেদ বুলবুল বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ দেশের যেকোনো সংকটময় মুহুর্তে জনসেবায় নিয়োজিত ছিলো এবং আগতদিনগুলিতেও বাংলাদেশ ছাত্রলীগের একমাত্র অভিভাবক জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে দেশের সেবায় নিয়োজিত থাকবে। তিনি আরও বলেন, ছাত্রলীগে কোনো ধরনের বিতর্কিতদের স্থান দেওয়া হবেনা। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

আলোকিত প্রতিদিন/৪ জানুয়ারি’২০/এসএএইচ

ফুলবাড়ীতে তিন গ্রুপের ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলা আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তিন গ্রুপে বিভক্ত হয়ে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছেন। ৪ জানুয়ারি সকাল ১১টায় প্রথম পর্যায়ে উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন ও ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে আনন্দ মিছিল, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও সমাবেশ কর্মসূচি পালিত হয়।
এরপরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, জেলা পরিষদ সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনের নেতৃত্বে সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, আলোচনা সভা ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেককেটে পৃথক কর্মসূচি পালন করেন।

সবশেষে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সরকার মনোয়ার পাশা, ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি এমদাদুল হক মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেন।

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি পালনে যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় ফুলবাড়ী থানা পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। পৃথক পৃথক কর্মসূচি পালিত হলেও ফুলবাড়ীর কোথায়ও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

আলোকিত প্রতিদিন/৪ জানুয়ারি’২১/এমজ

কুড়িগ্রামে মাটি চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুরে মাটি চাপা পড়ে জাহাঙ্গীর আলম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার বিকেলে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায়। তিনি বলদি পাড়া গ্রামের মেরাজ উদ্দিনের পুত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম রামদাস ধনিরাম এলাকার প্রভাষক মমিনুল ইসলাম প্লাবনের নির্মানাধীণ বহুতল ভবনের পিলারের নিচে মাটি কাটার কাজ করছিলেন। এসময় আকস্মিকভাবে মাটি চাপা পড়েন তিনি। পরে লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আলোকিত প্রতিদিন/৪ জানুয়ারি’২১/এমজ