আজ রবিবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 2474

শ্রীপুরে বিএনপি প্রার্থীর ফলাফল প্রত্যাখান, পুনরায় নির্বাচন দাবী

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে ফলাফল প্রকাশে দুর্নীতির আশ্রয় নেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান। প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে আজ রোববার বিকেল ৪টায় সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

অপরদিকে, রোববার দুপুর ১টায় কেওয়া চন্নাপাড়া গ্রামে ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে ফলাফল কারচুপির অভিযোগ করেন।

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট কাজী খান বলেন, পৌরসভার বৈরাগীরচালা, কেওয়া পশ্চিম ও পূর্ব খন্ড, তুলা উন্নয়ন কেন্দ্র এবং গিলাচালা কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের মারধোর করে বের করে দেয়া হয়েছে। পরে প্রশাসনের সহায়তায় আবারও তাদেরকে ভেতরে ঢুকিয়ে দেয়ার পর পুনরায় বের করে দেয়া হয়েছে। ভোটারেরা ইভিএম মেশিনে ফিঙ্গার প্রিন্ট দেয়ার পর বুথে বসে নৌকা প্রতীকের কর্মী-সমর্থক ও প্রশাসনের কেউ কেউ বোতাম চেপে ইচ্ছেমতো ভোট দিয়েছেন। নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। আওয়ামীলীগের অধীনে অনুষ্ঠিত কেবলমাত্র এ নির্বাচনে সকল কেন্দ্রে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি ছিল। ইভিএম পদ্ধতিকে প্রহসন ও পাতানোর ভোট প্রক্রিয়া দাবী করে ভবিষ্যতে সকলকে ইভিএম পদ্ধতির আওতায় নির্বাচনে অংশ না নেয়ার আহবান করেন। নির্বাচনের ফলাফল পরিবর্তন করা না হলে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হতো। এ নির্বাচন প্রত্যাখান করে সুষ্ঠু নির্বাচন দাবী করছি।

তার প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আহসান কবির বলেন, বার বার চাওয়ার পরও ইভিএম মেশিন থেকে প্রিন্ট করা ফলাফল তাদের সরবরাহ করা হয়নি। হাতে লেখা ও পেনড্রাইভ থেকে পূর্বেই প্রস্তুত করা ফলাফল প্রিন্ট দেয়া হয়েছে। সংবাদ সম্মেলনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব হুমায়ুন কবির সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেব, প্রার্থীর মিডিয়াসেলের প্রধান নাহীন আহমেদ মোমতাজী, শ্রীপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আবুল কালাম আজাদ, শ্রমিকদলের আফাজ উদ্দি ও বিভিন্ন ভোটকেন্দ্রের এজেন্ট উপস্থিত ছিলেন।

৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাজী মোহাম্মদ মহসিন (পাঞ্জাবী) দুপুর ১টায় তার নিজ বাড়িতে ভোটগ্রহণ ডিজিটাল এবং সুষ্ঠু হলেও ম্যানুয়াল পদ্ধতিতে পরিবর্তিত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন। নির্বাচনের পর তার কর্মী সমর্থকদের ওপর হামলা চালানোর অভিযোগও করেন তিনি।

তিনি বলেন, এক কেন্দ্রের ফলাফল দেয়া হয়েছে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে আরেক কেন্দ্রের ফলাফল দেয়া হয়েছে নির্দিষ্ট ফরমে হাতে লিখে, তাও আবার ভুল লেখা। ফলাফল প্রক্রিয়াকরণের আগে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হছে। ভোটগ্রহণ শুরুর আগে ফলাফলপত্রে তার এজেন্টদের কাছ থেকে আগাম স্বাক্ষর নেয়া হয়েছে। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের পর ফলাফল যদি ডিজিটাল পদ্ধতিতে দেয়া হতো তাহলে তাঁর পাঞ্জাবী প্রতীক বিজয়ী ঘোষণা করতে হত।

ফলাফল প্রকাশের পর শনিবার সন্ধ্যা সাতটার দিকে তার নির্বাচনী কর্মী সমর্থকদের বাড়িতে গিয়ে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। ওই ঘটনায় চন্নাপাড়া গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী মোছা. পারভীনের ছেলে রোববার রাতেই শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করেন। এতে একই গ্রামের আফাজ উদ্দিনের ছেলে শফিক, হাসেন আলীর ছেলে মজিবুর, নাজিম উদ্দিনের ছেলে আমিনুলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কমপক্ষে ৫জনকে অভিযুক্ত করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, ঘটনা তদন্তে একজন উপ পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে।

নির্বাচনে রিটার্ণিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ সাংবাদিকদের বলেন, প্রার্থীদের অভিযোগগুলো ভিত্তিহীন। ফলাফল হাতেই লিখে দেয়ার নিয়ম। তাছাড়া যখন তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে তখনই অভিযোগ করার দরকার ছিলো। যারা অভিযোগ করেছেন তাদের অভিযোগ আমলে নিয়ে তাৎক্ষণিক সমাধান দেয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২০২১/জেডএন

আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার ৫

প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধা পৌরসভার পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকায় ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনায় র‌্যাব ও পুলিশ পৃথক দু’টি মামলা দায়ের করেছে। এর মধ্যে ৪১ জনের নাম উল্লেখ করে র‌্যাব এবং ৪৭ জনসহ  অজ্ঞাতনামা ১শ’ ৫০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। এদের মধ্যে ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে। এ দিকে মামলা দায়েরের পর ভয় ও গ্রেফতার এড়াতে পূর্ব কোমরনই কুঠিপাড়া এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে।
শনিবার গাইবান্ধা পৌরসভার নির্বাচন শেষে পূর্ব কোমরনই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের ব্যালট গননা নিয়ে উত্তেজিত জনতার সাথে আইন শৃংখলা বাহিনীর এক সংঘর্ষের ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে উত্তেজিত জনতার ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ খালেদের বাড়ি ও মটর সাইকেলসহ এলাকার কয়েকটি দোকান ভাংচুরের ঘটনা ঘটে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর একটি গাড়িতে আগুন দেয়া হয় এবং ম্যাজিষ্ট্রেটের একটি গাড়ি ভাংচুর করা হয়। আইন শৃংখলা বাহিনী অন্তত ৫০ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সে সময় ভয়ে আশপাশের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি ২০২১/জেডএন

ইউজিসি প্রতিবেদনে গবেষণা শূণ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রতিনিধি, জবি : সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউজিসির বার্ষিক প্রতিবেদন ২০১৯। প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গবেষণা সংখ্যা শূণ্য। কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মিলছে ভিন্ন তথ্য। বিশ্ববিদ্যালয়ের হিসেবে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে মোট গবেষণা প্রকল্প সংখ্যা ১৪৩ । গত ৬ জানুয়ারি প্রকাশিত ইউজিসি ৪৬তম বার্ষিক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়।
জবি ছাড়াও আরও ১৯টি বিশ্ববিদ্যালয়কে গবেষণা শূণ্য দেখানো হয়েছে। তবে ইউজিসির এমন আজগুবি তথ্য বিব্রত বোধ করছেন জবির শিক্ষক শিক্ষার্থীরা। ২০১৯ সালে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে প্রকাশিত বিশেষ জার্নালে দেখা যায়, ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষে জবির গবেষণা খাতে বরাদ্দ ছিলো ১ কোটি ২৫ লক্ষ টাকা। একই শিক্ষাবর্ষে মোট বাস্তবায়ন হওয়া প্রকল্প ছিলো ১৪৩ টি। এছাড়াও গবেষণাধর্মী গ্রন্হ প্রকাশ পেয়েছে ১০টি। আন্তর্জাতিক প্রকাশনা আছে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাসের ১টি, একই বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহর ২ টি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামীর ১টি, রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম মোঃ লুৎফুর রহমানের ২টি, একই বিভাগের ড. মোঃ শাহাজানের ৩টি।
এছাড়াও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মোট অধ্যাপকের সংখ্যা ৯৬ জন। যার মধ্যে পিএইসডি শেষ করেছেন ৯৪ জন। বাকি ২জন পিএইসডি অধ্যায়নরত। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি শিক্ষার্থী সংখ্যা যথাক্রমে, ৩৫ ও ২৮। গবেষণা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. নূর আলম আবদুল্লাহ বলেন, আমাদের ১৪৩টা গবেষণা বাস্তবায়িত হয়েছে ২০১৯ সালে। অধ্যাপকদের মধ্যে ২ জন ছাড়া সবার পিএইচডি শেষ। তবে তথ্যের গড়মিলের বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ঐসময় আমি গবেষণা দপ্তরের দায়িত্বে ছিলাম না।
এবিষয়ে ইউজিসির সদস্য ও প্রতিবেদন সম্পাদনা পরিষদের অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন বলছেন বিশ্ববিদ্যালয়ের অসহযোগীতায় এর জন্য দায়ী। তিনি বলেন, জগন্নাথের মতো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই গবেষণা থাকবে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে চিঠি দিয়ে তথ্য আহ্বান করি। অনেক বিশ্ববিদ্যালয়ের বারবার যোগাযোগ করা হলেও সাড়া মেলে না। আমাদের চেষ্টা থাকে জুন-জুলাইয়ের মধ্যে প্রতিবেদন প্রকাশ করা। কিন্তু এ ধরণের সীমাবদ্ধতার কারণে সম্ভব হয় না। আগামীতে অনলাইনে অটোমেশনের চিন্তাভাবনা আছে আমাদের, যাতে এধরণের তথ্য বিভ্রাট মুক্ত থাকা যায়।
অসহযোগিতার বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের লেখা উচিত ছিলো তথ্য পাওয়া যায়নি। আমাদের গবেষণা চালু ছিলো না আগে, এমফিল-পিএইসডি প্রোগ্রাম চালুর পর থেকে আমাদের গবেষণা শুরু হয়। ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে শিক্ষকদের গবেষণা প্রকল্প দেওয়া হয়েছে, অনেক পাবলিকেশন হয়েছে। তবে ১৯ সালের পরে আমাদের গবেষণা, প্রকাশনা আরও বেড়েছে। যেটা হয়েছে ইউজিসির সাথে তথ্য গ্যাপ হয়েছে।
আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২০২১/জেডএন

ফুলবাড়ীতে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি, (ফুলবাড়ী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের  রাবাইতারি বটতলা বাজার সংলগ্ন মাঠে জিয়াউর রহমান হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ জানুয়ারি) বাদ মাগরিব হতে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে ভাঙ্গামোড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন ২৬ কুড়িগ্রাম -২ আসনের  মাননীয় সাংসদ আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর পুত্র আলহাজ্ব আবু সুফিয়ান পাভেল।
প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ঈমাম ও ক্বারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কাউসার হোসাইন। বিশেষ বক্তা হিসেবে ছিলেন হাফেজ মাওলানা মুহাম্মদ রহমতুল্লাহ আজাদী, দিনাজপুর। আমন্ত্রিত অতিথি ছিলেন ভাঙ্গামোড় ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুল মান্নান ব্যাপারির সুযোগ্য পুত্র সমাজসেবক ও  ইউনিয়নটির চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন সুজন, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, ইউপি সদস্য হাফিজুর রহমান।
মাহফিলের উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন ভাঙ্গামোড় ইউনিয়নের এমপি প্রতিনিধি মাহফুজার রহমান, মধ্য নওদাবশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনামুল হক বসুনিয়াসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ।
রাতের কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে ইহকালে শান্তি ও পরকালে মুক্তির আশায় পবিত্র কোরআন ও হাদিসের আলোচনা শুনতে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমানেরা দলেদলে যোগদান করে পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলকে সাফল্য মন্ডিত করেন।
আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি-২০২১/জেডএন

সুনামগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর বিজয়ী যারা

প্রতিনিধি, (হাওরাঞ্চল) সুনামগঞ্জ : সুনামগঞ্জে অনুষ্ঠিত ৩টি পৌরসভা নির্বাচনে ২টিতে নৌকার প্রার্থী ও ১টিতে বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লাইনে দাড়িয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়েছেন ৩ পৌরসভার ভোটাররা। কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে এই প্রথম বারের মতো জগন্নাথপুরে ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়- সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে এবার ৩জন নির্বাচন করেছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নাদের বখত ২য় বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি ২১হাজার ৬শত ৮৬ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী মুর্শেদ আলম পেয়েছেন ৫হাজার ৮শত ৭০ভোট। আর ইসলাম আন্দোলন প্রার্থী রহমত উল্লাহ পেয়েছেন ২হাজার ৩শত ১৪ভোট।
এই পৌরসভার বিজয়ী কাউন্সিলর প্রার্থীরা হলেন- ১নং ওয়ার্ডে আব্দুল হাসনাত কাউসার, ২নং ওয়ার্ডে ইয়াসিন নুর, ৩নং ওয়ার্ডে মোশারফ হোসেন, ৪নং ওয়ার্ডে চঞ্চল কুমার লৌহ, ৫নং ওয়ার্ডে গোলাম সাবেরীন, ৬নং ওয়ার্ডে আবাবিল নুর, ৭নং ওয়ার্ডে আহসান জামিল আনাছ, ৯নং ওয়ার্ডে গোলাম আহমদ। আর ৮নং ওয়ার্ডের ভোট গননা নিয়ে দুই প্রার্থীর অভিযোগ থাকার কারণে ফলাফল জানা যায়নি। তবে সুনামগঞ্জ পৌরসভার মোট ভোটার সংখ্যা হল- ৪৭হাজার ১৫জন। মোট ভোট কেন্দ্র ২৩টি।
অন্যদিকে জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে জয়লাভ করেছেন- বিএনপির বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান আক্তার। তিনি ৮হাজার ৩শত ৭৮ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া পেয়েছেন ৮ হাজার ১৮ভোট। এক কথায় বলা চলে তাদের দুজনের মাঝে কঠিন লড়াই হয়েছে।
আর পৌর কাউন্সিল পদে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে শাহীন মিয়া, ২নং ওয়ার্ডে জিতু মিয়া, ৩নং ওয়ার্ডে আলাল মিয়া, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন, ৫নং ওয়ার্ডে শফিকুল হক, ৬নং ওয়ার্ডে কৃষ্ণ চন্দ্র, ৭নং ওয়ার্ডে সুহেল আহমদ, ৮নং ওয়ার্ডে সাফরোজ ইসলাম মুন্না, ৯নং ওয়ার্ডে ছমির উদ্দিন। আর জগন্নাথপুর পৌরসভার মোট ভোটার সংখ্যা হল- ২৮হাজার ৬শত ৪২জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১২টি।
অপরদিকে জেলার শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতক পৌরসভায় ৪র্থ বারের মতো মেয়র পদে নির্বাচত হয়েছেন- আওয়ামী লীগ প্রার্থী আবুল কালাম চৌধুরী। তিনি ১২হাজার ৮শত ২৩ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী রাশিদা আহদম ন্যান্সি পেয়েছেন ৭হাজার ৯শত ৮ভোট।
আর কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন- ১নং ওয়ার্ডে হাজী নাজিমুল হক, ২নং ওয়ার্ডে আফরোজ মিয়া, ৩নং ওয়ার্ডে লিয়াকত আলী, ৪নং ওয়ার্ডে রশিদ আহমদ খছরু, ৫নং ওয়ার্ডে ইরাজ মিয়া, ৬নং ওয়ার্ডে জসিম উদ্দিন সুমেন, ৭নং ওয়ার্ডে তাপস চৌধুরী, ৮নং ওয়ার্ডে শফিকুল ইসলাম ও ৯নং ওয়ার্ডে হাজী ছালেক মিয়া সহ সংরক্ষিত আসনে- নুরেছা বেগম, তাসলিমা জান্নাত কাকলী ও রত্না মালাকার নির্বাচিত হয়েছেন। ছাতক পৌরসভার মোট ভোটার সংখ্যা হল- ৩০হাজার ২শত ৮জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯টি।
গতকাল শনিবার রাতে জেলা নির্বাচন অফিসের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা শরীফুল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন।

আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি ২০২১/জেডএন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের মানববন্ধন

সবুজ সরকার, টাঙ্গাইল : অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবিতে টাঙ্গাইলে হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজীর (হ্যাবিট) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। রোববার (১৭ জানুয়ারি) শহরের আদালত পাড়া মসজিদ রোডে হ্যাবিটের প্রধান কার্যালয়ের সামনে সকাল ১১ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচির আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।

মানবন্ধনে বক্তারা বলেন, ‘করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রায় ১০ মাস যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার’। সেই সরকারি নির্দেশনা অমান্য করে আমাদের কাছ থেকে অতিরিক্ত বেতন আদায়ের জন্য জোড় করা হচ্ছে। বেতন না দিলে ফরম ফিলাপ করতে দেওয়া হয় না। তাই অতিরিক্ত মাসিক বেতন প্রত্যাহার করে ফরম ফিলাপের দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আলোকিত প্রতিদিন/১৭ জানুয়ারি ২০২১/জেডএন

ফুলবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ফুলবাড়ী,(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফের জেঁকে বসেছে শীত। শীতের হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বেশি ভোগান্তিতে পড়েছেন গরীব অসহায় মানুষগুলো। শীত মোকাবেলায় পর্যাপ্ত পোশাক না থাকায় শীতের তীব্রতা থেকে মুক্তি পেতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে। এমন পরিস্থিতিতে গরিব  অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতি।প্রতিষ্ঠা লাভের পর থেকেই কুড়িগ্রাম সমিতি  ধারাবাহিকভাবে গরীব অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় শনিবার ১৬ জানুয়ারি  সকাল ১১ টায় উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ী ছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার শতাধিক গরীব অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির অর্থায়নে উপকর কমিশনার মিজানুর রহমান উল্লাসের সার্বিক তত্ত্বাবধায়নে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী জছিমিঞা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাধে অন্তর রায়, ফুলবাড়ী ফুটবল ফাইটার্স একাডেমীর সাধারণ সম্পাদক বাবলু রহমান সাগর,দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান, দৈনিক আলোকিত প্রতিদিনের মোস্তাফিজার রহমান, দৈনিক আমার সংবাদের জাহাঙ্গীর আলম প্রমুখ।

 

আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি’২১/এম.জে

জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন সেই পরিস্থিতি নিরুদ্দেশ……….কুড়িগ্রামে রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি : দেশব্যাপী চলমান পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি তান্ডবের প্রতিবাদে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী। তিনি বলেন শেখ হাসিনা তার মনের মতো লোক নিয়োগ করে নির্বাচন কমিশন গঠন করেছেন। এ নির্বাচন কমিশন শেখ হাসিনার রাবার স্টাম্পের মত। অর্থাত অবৈধ ফলাফল সেটাকে বৈধতা দেবার জন্য সিল মোহর হিসেবে কাজ করছে। নির্বাচন কমিশন নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের তফশীল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয় দিনের ভোট রাতে নেয়ার জন্য। নির্বাচন কমিশনের কেউ কেউ এর আগে সরকারি জালিয়াতির বিরুদ্ধে কথা বলেছে। বর্তমান পরিস্থিতিতে বংলাদেশের নির্বাচনী ব্যবস্থা মূমুর্ষ অবস্থায় পরিণত হয়েছে। এটি নির্বাচন হয় ঠিকই, তফশিল হয় ঠিকই, কিন্তু কে জিতবেন তা নির্ধারণ হয় প্রধান মন্ত্রীর বাসা থেকে। সেখান থেকে যে তালিকা হয় সেই তালিকা কে এম নুরুল হুদা প্রকাশ করেন। এখানে সুষ্ঠু ভোট ও জনগণ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবেন সেই পরিস্থিতি এখন বাংলাদেশ থেকে নিরুদ্দেশ করে দিয়েছেন শেখ হাসিনা এবং তার নির্বাচন কামিশন।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে রুহুল কবির রিজভীর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান, শফিকুল ইসলাম বেবু, সিনিয়র যগ্ম সাধারন সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমূখ।
রিজভী বলেন, শনিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনের অধিকাংশ পৌরসভায় সরকারী দল ও প্রশসন যৌথ ভাবে বিএনপি নেতাকর্মীদের হয়রানী ও মিথ্যা মামলা দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। ভোট কেন্দ্র থেকে ধানের শীষের পক্ষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নেতাকর্মীদের কোথাও দাঁড়াতে দেয়া হচ্ছে না। উদ্বেগ জনক তথ্য হলো কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর পৌরসভার সকল কেন্দ্র দুপুর ১২টার মধ্যে দখল করে নিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এই হলো বর্তমান সরকারের নির্বাচনী ব্যবস্থা।

 

আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি’২১/এম.জে

পাবনায় জমি নিয়ে সংঘর্ষ, নিহত ২

নিজস্ব প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার নারিয়াগোদাই গ্রামে এ সংঘর্ষ হয়।নিহতরা হলেন- মুন্নাত (৪২) ও নাসির (৪০)। তারা একই এলাকার বাসিন্দা।সাঁথিয়া থানার ওসি আসাদুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বাচ্চু ও মোন্নাত গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।এ নিয়ে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ধোপাদহ ইউনিয়নের নাড়িয়াগোটাই গ্রামে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মোন্নাতে মৃত্যু হয়।এসময় গুরুতর আহত হন নাসির। তাকে উদ্ধার করে সাঁথিয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসিরকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি’২১/এম.জে

সন্তুষ্ট কাদের মির্জা

দেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ চলছে উৎসবমুখর পরিবেশে। শনিবার সকাল ৮টায় ১নং ওয়ার্ডের উদয়ন প্রিক্যাডেট একাডেমী ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে ভোট প্রদান করেন নৌকা প্রতীকের প্রার্থী আবদুল কাদের মির্জা।ভোট শেষে তিনি ভোটারদের উৎসবমুখর পরিবেশে ভোট দেয়া নিয়ে সন্তোষ প্রকাশ করেন।এ সময় কাদের মির্জা বলেন, তিনি নিজেও চেয়েছিলেন ভোটাররা যেন সুন্দর পরিবেশে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। তার প্রতিফলন দেখে তিনি আশাবাদী বাকি সময়টুকুও সুষ্ঠুভাবে ভোট হবে।এদিকে সকাল সাড়ে ৮টায় ধানের শীষে মেয়র প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী বসুরহাট এইচছি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।তিনিও সন্তোষ প্রকাশ করে বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাননি। ভোটের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তুষ্ট। বিকেল ৪টা পর্যন্ত এভাবেই ভোট চলবে বলে তিনি আশা প্রকাশ করেন। সুষ্ঠু ভোটে যে জয়ী হবে তাকে বরণ করে নেবেন বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন/১৬ জানুয়ারি’২১/এম.জে