আজ শুক্রবার, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 244

এইচএসসি এবং সমমানের ফল প্রকাশ,পাসের হার ৫৮.৮৩ শতাংশ

সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত 

মাইনুল হাসান মজনু:
বগুড়ার সারিয়াকান্দিতে কামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৯ অক্টোবর বিকেলে কড়িতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ঠান্ডুর সভাপতিত্বে পথসভা টি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, উপজেলা বিএনপি নেতা নাইমুল হক লিটন, সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, সিরাজুল ইসলাম ফুল, কামালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খায়রুজ্জামান খাজা, সাধারণ সম্পাদক শাহ আলম,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম,  সাংগঠনিক সম্পাদক আয়োরুল আজিজ স্বপন,প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন পুটু, কামালপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা রঞ্জু সহ আরও অনেকেই। এ-সময় উপজেলা সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

ইসির নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’, গেজেট প্রকাশ

আলোকিত ডেস্ক:

নির্বাচন কমিশনের (ইসি) নতুন প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। ৩০ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশিত তালিকায় নতুন প্রতীকটি ১০২ নম্বরে যুক্ত করা হয়। এ বিষয়ে প্রকাশিত গেজেটে স্বাক্ষর করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

আগে ২৭ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আখতার আহমেদ জানিয়েছিলেন, ইসির বিধিমালায় ‘শাপলা’ প্রতীক না থাকায় জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) সেটি বরাদ্দ দেওয়া সম্ভব নয়। কমিশন নিজ বিবেচনায় নতুন একটি প্রতীক নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে বলেও তখন তিনি জানান।

আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

সঞ্চালনা করেই শতকোটি আয় সালমান খানের!

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম মৌসুম চলছে এখন। প্রতি বছরই শো এর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন বলিউড তারকা সলমন খান। নতুন সিজন শুরুর আগেই তার পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, ১০০ কোটির ওপরে পারিশ্রমিক নেন সালমান।

এই গুঞ্জনের মধ্যেই এবার মুখ খুলেছেন ‘বিগ বস’-এর প্রযোজক ঋষি নেগি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সালমানের পারিশ্রমিক নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটি সালমান ও জিও হটস্টারের মধ্যে একটি চুক্তির বিষয়। তবে আমি বলতে পারি, ‘সালমান যে পারিশ্রমিক পান, তা পাওয়ার যোগ্যতাও তার রয়েছে।’

প্রযোজক অঙ্কটি উল্লেখ না করলেও তার বক্তব্য থেকেই পরিষ্কার- সালমান খানের পারিশ্রমিক নিয়ে যে বিশাল অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা পুরোপুরি মিথ্যাও নয়।

এক দশকেরও বেশি সময় ধরে ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আছেন সালমান খান। শোয়ের জনপ্রিয়তার বড় অংশই তার উপস্থিতিকে ঘিরে তৈরি হয়েছে। নতুন সিজন শুরুর আগেই দর্শকদের মনে প্রশ্ন জাগে, এবারও কি সঞ্চালনায় থাকবেন সালমান! শেষ পর্যন্ত আগের মতোই তিনি ফিরেছেন স্বমহিমায়।

আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা : জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত 

জি এম রাশেদুল ইসলাম:
স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা,জনপ্রতিনিধিদের অঙ্গীকার শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের আয়োজন বৃহস্পতিবার দিনব্যাপী অভিনন্দন কনভেনশন সেন্টারে এই সংলাপ অনুষ্ঠিত হয়।  জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দিনের সভাপতিত্বে কুড়িগ্রাম-২ আসনের আগামী সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী জামায়াতে ইসলামী বাংলাদেশ ইয়াছিন আলী সরকার, এনসিপি-র ড.আতিক মুজাহিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের অধ্যক্ষ মুহা: নূর বখ্ত,গণ অধিকার পরিষদের আব্দুল্লাহ মিয়া বাবলু এবং সিপিবি’র নূর মোহাম্মদ আনসার ইএসডিও’র একশন টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক গোলাম ফারুক,  লাইভলিহুড এন্ড এ্যাগ্রিকালচার অফিসার সোহেল রানা প্রমুখ। অনুষ্ঠানে জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি রাজনৈতিক দল সমূহের ইশতেহারে জলবায়ু ভিত্তিক উত্থাপিত ১৫ দফা অন্তর্ভূক্তির আহবানে ১৫টি দফায় রাজনৈতিক দল গুলো স্বাক্ষর করেন।
সংলাপে জেলা ও উপজেলা জলবায়ু পরিষদের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে ১৫টি দফা  অন্তর্ভূক্তির জন্য অঙ্গীকারে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি,সুশীল সমাজ,এনজিও, সামাজিক সংগঠন,গণমাধ্যমকর্মী, ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।  অনুষ্ঠানে বক্তৃতারা বলেন,জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধি,অনিয়মিত ও তীব্র বৃষ্টিপাত, বন্যা ও ঘূর্ণিঝরের মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বৃদ্ধি, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে নদী উপচে বন্যার সৃষ্টি যা কৃষি, খাদ্য, পানীয় জল, এবং জীবনযাত্রার ওপর মারাত্মক প্রভাব ফেলছে এবং মানুষকে গৃহহীন ও স্থানান্তরিত করতে বাধ্য করছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ এবং ১৬ নদ-নদী দ্বারা বেষ্টিত কুড়িগ্রামে প্রভাব পড়তে শুরু করেছে মারাত্মক ভাবে।
দফা গুলোর মধ্যে উল্লেখযোগ্য,কুড়িগ্রামের সকল বাঁধ রক্ষা ও মেরামত, নীরিক্ষার মাধ্যমে পানি সম্পদ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সংখ্যক বাঁধ নির্মাণ, চরাঞ্চলের প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত পরিমান সোলার পাওয়ার ইরিগ্রেশন, বজ্রপাতে দুর্ঘটনায় আক্রান্ত না হতে মাঠে কৃষক আশ্রয়ঘর তৈরি ও বজ্রনিরোধক টাওয়ার স্থাপন, খেয়াঘাটে যাত্রীছাউনি স্থাপন, প্রতিবন্ধিদের বিশেষ ব্যবস্থা গ্রহণ,পরিবেশবান্ধব বৃক্ষ রোপন, আধুনিক কৃষি উৎপাদনে সিডব্যাংক কাম ইনফরমেশন সেন্টার স্থাপন, জৈব সার ব্যবহার বৃদ্ধি করা, শিক্ষার্থী, কৃষকসহ প্রান্তিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে ভালো কাজের স্বীকৃতি দেয়া এবং জলবায়ু নিয়ে কাজ করা সংস্থা গুলোকে চিহ্নিত করে শক্তিশালী করার উদ্যোগ নেয়া। সংলাপ অনুষ্ঠানটি বেসরকারি সংস্থা ইএসডিও এবং হেলভেটাস বাংলাদেশ এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি করার এখতিয়ার সরকারের নাই: বিএনপি

নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদে সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫’ শিরোনামে একটি আদেশ জারি করবে। এরূপ প্রস্তাবিত আদেশের একটি খসড়া সংযুক্তি-২ এবং সংযুক্তি-৩ এ সংযোজিত করা হয়েছে। সংবিধানের ১৫২ নম্বর অনুচ্ছেদের সংজ্ঞা অনুসারে ‘আদেশ’ আইনের মর্যাদাপ্রাপ্ত, অতএব সেটি জারি করা রাষ্ট্রপতির এখতিয়ার। বিএনপি মনে করে, সরকারের এমন আদেশ জারির এখতিয়ার নাই।

৩০ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত  ২৮ ও ২৯ অক্টোবর মঙ্গল ও বুধবার দুই দিন স্থায়ী কমিটির বৈঠক শেষে সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করে বিএনপি। মঙ্গলবার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংষ্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫’ শীর্ষক প্রস্তাবনা জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারকে দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল বলেন, ‘যে সব বিষয়ে ভিন্নমত বা নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সব সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমারা একমত হতে পারছি না।’

তিনি বলেন, ‘এসব সুপারিশ কেবল জাতিকে বিভক্ত করবে, ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করবে। মনগড়া যেকোনও সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে দীর্ঘ মেয়াদে অকল্যাণ ডেকে আনতে পারে।’

মির্জা ফখরুল জানান, জুলাই সনদ নিয়ে জাতির সামনে তিনি বিএনপির অবস্থান তুলে ধরেছেন। প্রয়োজনে বিএনপি আবারও প্রধান উপদেষ্টার কাছে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ বিএনপি কোনও কর্মসূচিতে যাবে না। আমরা এখনও বিশ্বাস করি, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, ‘যদি আমরা সমাধান না চাইতাম, তাহলে এভাবে বসে বলতাম না। আমরা চাই সমাধান। এই যে ক্রান্তিকাল, সেখান থেকে আমরা উত্তরণ করতে চাই। বাস্তবায়নের জন্য যে সুপারিশ এসেছে, সেখানে আমরা ভিন্নমত জানিয়েছি।’

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ।  সালাহ উদ্দিন বলেন, ‘জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত সৃষ্টি না করে বিভক্তি সৃষ্টি করছে। এটার  কোনও উদ্দেশ্য আছে কিনা জানি না।’

আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

ট্রাম্প-জিনপিং বৈঠকে খনিজ চুক্তি, চীনা পণ্যে শুল্ক কমলো ১০%

আন্তর্জাতিক ডেস্ক:

দুর্লভ খনিজে নতুন এক বছরের সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্র ও চীন। ছয় বছর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বৈঠকে বসার পর এই চুক্তিতে পৌঁছায় দেশ দুটি।এছাড়া চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই চীনা পণ্যের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্ক ১০ শতাংশে নামিয়ে এনেছেন ট্রাম্প। দক্ষিণ কোরিয়ার বুসান নগরীতে উভয় নেতার মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এদিন বৈঠকের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দুর্লভ খনিজ সরবরাহ নিয়ে এক বছরের চুক্তিতে পৌঁছেছেন। বৃহস্পতিবার দুই নেতার মধ্যে সরাসরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

মূলত গত ছয় বছরে এটিই ছিল তাদের প্রথম মুখোমুখি সাক্ষাৎ। চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই এই সমঝোতা পথে হাঁটল দেশ দুটি।

ট্রাম্প আরও বলেন, চীনের ওপর ফেন্টানিল-সম্পর্কিত শুল্কও ১০ শতাংশে নামিয়ে আনার বিষয়ে তিনি সম্মত হয়েছেন।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, “সব দুর্লভ খনিজের বিষয়টি এখন মীমাংসিত এবং এটি পুরো বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ”। তিনি জানান, এই চুক্তি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং প্রতিবছর তা পুনর্বিবেচনা করা হবে।

আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

৩০ অক্টোবরের পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

আলোকিত ডেস্ক:

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই জানিয়েছিল ৩০ অক্টোবরের পর থেকে কোনো এনআইডিতে ১০টির বেশি সিম থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। সে হিসেবে আজকের পরই বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন বলছে, সঠিক মালিকানা নিশ্চিত করতে ও সিম নিবন্ধন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। অথচ প্রকৃত মোবাইল গ্রাহক মাত্র ৬ কোটি ৭৫ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম রয়েছে। ৬ থেকে ১০টি সিম আছে প্রায় ১৬ শতাংশ গ্রাহকের নামে, আর ১১টির বেশি সিম ব্যবহার করেন মাত্র ৩ শতাংশ।

কিভাবে জানবেন আপনার কতটি সিম নিবন্ধিত আছে:

গ্রাহকরা চাইলে সহজেই জানতে পারবেন তাদের এনআইডিতে কতটি সিম নিবন্ধিত আছে। এজন্য যেকোনো মোবাইল ফোন থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালেই সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাবে।

বিটিআরসি বলছে, গ্রাহকরা নিজেদের এনআইডিতে পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের মাধ্যমে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে পারবেন। সময়সীমা শেষ হলে কমিশন অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে।

আলোকিত প্রতিদিন/৩০অক্টোবর ২০২৫/মওম

যশোর শিক্ষাবোর্ডে  জুনিয়র বৃত্তি পরীক্ষার ৬২ টি কেন্দ্রের তালিকা প্রকাশ

যশোর প্রতিনিধি:

যশোর শিক্ষাবোর্ডের ২০২৫ সালের জুনিয়র বৃত্তি (অষ্টম শ্রেণির) পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ৬২ টি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। শিক্ষাবোর্ডের আওতাভুক্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৬২ টি পরীক্ষা কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বুধবার শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন জানান, ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা নভেম্বর মাসে শুরু হতে পারে। সেইলক্ষে পরীক্ষাগুলো প্রস্তুত করা হচ্ছে। যশোর শিক্ষাবোর্ডে ৬২ টি কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রেগুলোর তালিকা শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে প্রকাশ করা হয়েছে। ৬২ টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে যশোর জেলায় রয়েছে যশোর জিলা স্কুল, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মণিরামপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধমিক বিদ্যালয়, বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ঝিকরগাছা সরকারি এম এল মডেল মাধ্যমিক বিদ্যালয়, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও চৌগাছা সরকারি শাহাদত পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।
খুলনা জেলায় রয়েছে খুলনা জিলা স্কুল, খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অন্ড কলেজ, কয়রা মদিনাবাদ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়, বটিয়াঘাটা থানা হেডকোয়াটার পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ইখড়ি কাটেংগা ফজলুল হক মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, রি ইউনিয়ন স্কুল অন্ড কলেজ, চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়।
বাগেরহাট জেলায় রয়েছে বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মুলঘর সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, সরকারি করোনেশন সোবহান পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, চিতলমারী এস এম মডেল মাধ্যমিক বিদ্যালয়, শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, রায়েন্দা সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়।

সাতক্ষীরা জেলায় রয়েছে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট হাইস্কুল, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, দেবহাটা সরকারি বিপিন বিহারী মেমোরিয়াল হাইস্কুল, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

কুষ্টিয়া জেলায় রয়েছে কুষ্টিয়া জিলা স্কুল, খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী মথুরানাথ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মিরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

চুয়াডাঙ্গা জেলায় রয়েছে ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দামুড়হুদা সরকারি পাইলট হাইস্কুল ও জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়।

মেহেরপুর জেলায় রয়েছে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়।

ঝিনাইদহ জেলায় রয়েছে ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়, হরিণাকুন্ডু সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, কোঁটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মহেশপুর সরকারি ডিগ্রি কলেজ ও শৈলকূপা পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়।

নড়াইল জেলায় রয়েছে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কালিয়া সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়।

মাগুরা জেলায় রয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, সরকারি আর এস কে এইচ ইনস্টিটিউশন ও আড়পাড়া সরকারি আইডিয়াল হাইস্কুল।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, নভেম্বর মাসের শেষের দিকে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। আগামী সপ্তাহে পরীক্ষার রুটিন প্রকাশ হতে পারে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে শিক্ষাবোর্ডের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে। ৬২ টি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা নেয়া হবে। তারই অংশ হিসেবে শিক্ষাবোর্ডের ওয়েবসাইডে বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে। কোন কেন্দ্রের বিরুদ্ধে কারো অভিযোগ থাকলে লিখিতভাবে সুস্পষ্ট মতামত ব্যক্ত করতে পারবেন।

আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ 

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় সার কারখানায় উৎপাদন শুরুর দাবিতে সমাবেশ ও মিছিল করেছে আশুগঞ্জ সার কারখানার শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কর্মচারীরা। বুধবার (২৯ অক্টোবর) সকালে শ্রমিক -কর্মচারী ইউনিয়নের উদ্যোগে ও ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। খোঁজ নিয়ে জানা যায়, গত ১লা মার্চ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী সার খানায় হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়।এর ফলে হিসাব অনুযায়ী সারখানায় প্রতিদিন গড়ে অন্তত সাড়ে ১১শ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যেখানে উৎপাদিত সারের বাজার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা। এ ব্যাপারে সমাবেশে ও বিক্ষোভে বক্তারা অবিলম্বে গ্যাস সরবরাহের মাধ্যমে সার উৎপাদন চালু না করলে প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করবেন বলে হুশিয়ারি উচ্চারন করেন। তারা বলেন, এখানে উৎপাদিত সার গুণগত মানসম্পন্ন হওয়ায় আমাদের সার কারখানার ইউরিয়ার চাহিদা বেশি। কারখানাটি চালু রাখতে পারলে সরকারের অনেক লাভজনক হবে । কিন্তু একটি কুচক্রী মহল বিদেশ থেকে সার আমদানির মাধ্যমে কমিশন বাণিজ্য করতে বছরের বেশিরভাগ সময় কারনে-অকারনে এই সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখেন। এতে করে কারখানাটি দিন দিন অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।তারা সবাই কারখানা চত্বরে সমাবেশ শেষে সার কারখানা চত্বরে বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভ ও সমাবেশে
আশুগঞ্জ সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ বজলুর রশিদের সভাপতিত্বে সার কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) তাজুল ইসলাম ভূঁইয়া, শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু কাউসার, বাংলাদেশে কেমিক্যাল ওয়ার্কার্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, সার কারখানা শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাদী মোঃ তানভীর রহমানসহ প্রমূখ বক্তব্য রাখেন।

আলোকিত প্রতিদিন/২৯অক্টোবর ২০২৫/মওম