আজ বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ
Home Blog Page 229

জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

আলোকিত প্রতিবেদক:

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। তিনি বলেছেন, এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না।

প্রধান উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের আয়োজন করা হবে। অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট ফেব্রুয়ারি প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর এবং সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।

গণভোটে চার প্রশ্ন থাকবে:

ক.নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

খ. আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চ পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

গ. সংসদের নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকারসহ বিভিন্ন বিষয়ে যে ৩০টি প্রস্তাবে জুলাই জাতীয় সংসদের রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে।

ঘ. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

প্রধান উপদেষ্টা বলেন, গণভোটের দিন এই চারটি বিষয়ের ওপর একটিমাত্র প্রশ্নে আপনি ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়ে আপনার মতামত জানাবেন।

তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিরা একইসাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হবার পর ৩০ কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত।

জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকারনামা অনুসারে সংবিধানে জুলাই জাতীয় সনদ অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/১৩নভেম্বর ২০২৫/মওম 

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন: আনন্দমুখর পরিবেশে শিক্ষার নতুন দিগন্ত

সাইফুল ইসলাম সবুজ:

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”এই সুন্দর প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে শুরু হয়েছে শিশুদের আনন্দমুখর শিক্ষা নিশ্চিতের এক অনন্য উদ্যোগ। জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের স্কুলমুখী করতে এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ১৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন করার আওতায় সদর উপজেলার ১৩ টি স্কুলে একযোগে উদ্বোধন করা হলো প্লে গ্রাউন্ড।

১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলার চাকতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মিয়া বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শিশুদের মানসিক বিকাশ, দলগত চেতনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয়ে খেলার পরিবেশ থাকলে শিশুরা নিয়মিত স্কুলে আসতে আগ্রহী হবে, ফলে ঝরে পড়ার হার অনেকটাই কমে যাবে।”

তিনি আরও বলেন,প্রতিটি বিদ্যালয়ে শিশুদের বয়স উপযোগী দোলনা, স্লাইড, দড়ি লাফ, ব্যালান্স বোর্ডসহ বিভিন্ন প্লে-সামগ্রী বসানো হবে। এতে শিশুরা আনন্দের মধ্য দিয়ে শেখার সুযোগ পাবে।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, প্লে গ্রাউন্ড স্থাপনের ফলে শিক্ষার্থীদের স্কুলে আসার আগ্রহ বেড়ে যাবে। আগে অনেক শিশুই পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলত, কিন্তু খেলার সুযোগ থাকলে তারা আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সময় কাটাতে পারবে।

অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের সন্তানরা এখন শুধু বই নয়, খেলাধুলার মাধ্যমে মন খুলে শেখার সুযোগ পাচ্ছে এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

ছাত্র ছাত্রীরা বলেন,আগে আমরা মাঠে খেলতাম এখন অনেক নতুন খেলাধুলা করতে পারবো।

শিশুদের হাসিখুশি মুখ, খেলার শব্দ আর শেখার আনন্দে টাঙ্গাইলের প্রাথমিক বিদ্যালয়গুলো নতুনভাবে প্রাণ ফিরে পাবে এমনটাই আশা সংশ্লিষ্ট সকলের।

আলোকিত প্রতিদিন/১৩নভেম্বর ২০২৫/মওম 

২৩০ বছর পর যুক্তরাষ্ট্র বন্ধ করছে এক সেন্টের মুদ্রা উৎপাদন

আন্তর্জাতিক ডেস্ক:
২৩০ বছরেরও বেশি সময় পর এক সেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ১২ নভেম্বর বুধবার ফিলাডেলফিয়ার মিন্টে তৈরি হবে শেষ ব্যাচের এক সেন্ট মূল্যের মুদ্রা বা পেনি। এর মধ্য দিয়েই দুই শতকেরও বেশি সময় ধরে চলা এই ঐতিহাসিক অধ্যায়ের ইতি ঘটছে।

অবশ্য উৎপাদন বন্ধ হলেও মুদ্রাগুলো কার্যকর থাকবে।  ১২ নভেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, দুই শতাব্দীরও বেশি সময়ের ঐতিহ্য ভেঙে এক সেন্টের মুদ্রা (পেনি) তৈরি বন্ধ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার ফিলাডেলফিয়া মিন্টে এই মুদ্রার শেষ ব্যাচের কয়েন তৈরি করা হবে। এর মাধ্যমে ১৭৯৩ সাল থেকে টানা ২৩০ বছরেরও বেশি সময় ধরে চলা পেনি উৎপাদনের ইতি টানবে।

তবে মুদ্রাগুলো প্রচলনে থাকবে। কিন্তু নতুন করে উৎপাদন বন্ধের ঘোষণার পর থেকেই অনেক ব্যবসাপ্রতিষ্ঠান দাম সমন্বয়ের প্রস্তুতি নিচ্ছে, কারণ বাজারে এখন পেনি পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সরকারের দাবি, এই পদক্ষেপে ব্যয় সাশ্রয় হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের ফেব্রুয়ারিতে পরিকল্পনাটি ঘোষণা করে বলেছিলেন, “আমাদের মহান দেশের বাজেট থেকে অপচয় বাদ দিতে হবে— এটা যদি এক পেনিও হয়।”

বিবিসি বলছে, তামা-প্লেটেড জিঙ্ক দিয়ে তৈরি ও গৃহযুদ্ধকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের প্রতিকৃতি সংবলিত পেনি এখন তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৪ সেন্ট, যা এক দশক আগের তুলনায় দ্বিগুণ। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বলছে, উৎপাদন বন্ধ করলে প্রতিবছর প্রায় ৫৬ মিলিয়ন ডলার সাশ্রয় হবে।

দপ্তরটির মতে, ডিজিটাল লেনদেন বৃদ্ধির ফলে এক সেন্ট মুদ্রার ব্যবহার ধীরে ধীরে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। ১৭৯৩ সালে প্রথম চালু হওয়া এই কয়েন এখন বাজারে এত বেশি পরিমাণে আছে — প্রায় ৩০০ বিলিয়ন — যা বাণিজ্যিক কারণে প্রয়োজনের তুলনায় অনেক বেশি।

সরকারি এক বিশ্লেষণে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে চলমান কয়েনের প্রায় ৬০ শতাংশই ব্যবহারহীন অবস্থায় ঘরে জমা পড়ে থাকে— প্রতি পরিবারে গড়ে ৬০ থেকে ৯০ ডলারের মতো।

তবে এই সিদ্ধান্ত ভোক্তাদের জন্য বাড়তি চাপ তৈরি করতে পারে। ব্যবসা প্রতিষ্ঠানগুলো যখন পণ্যের দাম কিছুটা বাড়িয়ে রাউন্ড ফিগারে বা পূর্ণ সংখ্যায় সমন্বয় করবে, তখন ক্রেতাদের বার্ষিক অতিরিক্ত খরচ পড়বে প্রায় ৬ মিলিয়ন ডলার। রিচমন্ড ফেডারেল রিজার্ভের এক গবেষণায় একথা বলা হয়েছে।

অবশ্য বিশ্বের অনেক দেশই আগেই তাদের স্বল্পমূল্যের মুদ্রা ব্যবহার বন্ধ করেছে। কানাডা শেষবার এক সেন্টের কয়েন তৈরি করে ২০১২ সালে। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ১৯৯০-এর দশকে এক ও দুই সেন্টের কয়েন বাতিল করে, আর নিউজিল্যান্ড ২০০৬ সালে পাঁচ সেন্টের কয়েন তৈরিও বন্ধ করে দেয়।

যুক্তরাজ্য ২০১৮ সালে ১ পেনি মুদ্রা বাতিলের পরিকল্পনা করলেও পরে তা প্রত্যাহার করে নেয়। তবে ডিজিটাল লেনদেন বৃদ্ধির কারণে ২০২৪ সালে দেশটি নতুন করে ১ ও ২ পেনি কয়েন তৈরি বন্ধ করে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রে এখন নজর পড়েছে পাঁচ সেন্ট মূল্যের নিকেল মুদ্রার দিকে। এর উৎপাদন খরচ প্রায় ১৪ সেন্ট— অর্থাৎ মূল্যমানের প্রায় তিন গুণ বেশি খরচ হচ্ছে। এটিও বন্ধ করা হলে ভোক্তাদের বার্ষিক বাড়তি ব্যয় দাঁড়াবে প্রায় ৫৫ মিলিয়ন ডলার।

আলোকিত প্রতিদিন/১৩নভেম্বর ২০২৫/মওম 

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন আসামির রায়ের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১৭ নভেম্বর সোমবার এ মামলার রায় ঘোষণা করা হবে।

১৩ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টা ৯ মিনিটে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদসহ অন্যরা।

গত ২৩ অক্টোবর এ মামলায় সমাপনী বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীসহ হেভিওয়েট নেতাদের যেভাবে বিচারের মুখোমুখি হতে হয়েছিল, সেসব বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। একইসঙ্গে শেখ হাসিনা এবং কামালের সর্বোচ্চ সাজা দাবি করেন। পরে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর যুক্তি উপস্থাপনের কয়েকটি বিষয়ে জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর তাদের কিছু কথার পাল্টা উত্তর দেন স্টেট ডিফেন্স আইনজীবী আমির হোসেন। পরে রায় ঘোষণার জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

এ মামলায় আসামি হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের নামও রয়েছে। তবে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন তিনি। এজন্য যুক্তিতর্কে শেখ হাসিনা এবং কামালের চরম দণ্ড বা সর্বোচ্চ সাজা চাইলেও তার ব্যাপারে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছে প্রসিকিউশন। মামুনের আইনজীবী যায়েদ বিন আমজাদও তার অ্যাকুইটাল (খালাস) চেয়েছেন। সবমিলিয়ে সাবেক এই আইজিপির মুখে হাসি ফুটবে নাকি অন্য কিছু, তা জানা যাবে রায় ঘোষণার দিন।

শেখ হাসিনার এ মামলায় ৮৪ সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। তাদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয় চলতি বছরের ৩ আগস্ট। প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে ২০২৪ সালের জুলাই-আগস্টের বীভৎসতার চিত্র তুলে ধরেন খোকন চন্দ্র বর্মণ। ৮ অক্টোবর মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরের জেরার মাধ্যমে শেষ হয় সাক্ষ্যগ্রহণের ধাপ। পরে প্রসিকিউশন এবং স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক সম্পন্ন হয় ২৩ অক্টোবর।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে প্রসিকিউশন। এর মধ্যে রয়েছে উসকানি, মারণাস্ত্র ব্যবহার, আবু সাঈদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় লাশ পোড়ানো। আনুষ্ঠানিক অভিযোগ মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার। তথ্যসূত্র দুই হাজার ১৮ পৃষ্ঠার, দালিলিক প্রমাণাদি চার হাজার পাঁচ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ দুই হাজার ৭২৪ পৃষ্ঠার। সাক্ষী করা হয়েছে ৮৪ জনকে। গত ১২ মে চিফ প্রসিকিউটরের কাছে এ মামলার প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আলোকিত প্রতিদিন/১৩নভেম্বর ২০২৫/মওম 

কালিহাতীতে পারখী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন বিএনপির উদ্যোগে বর্ধিত সভা ও মোটরসাইকেলের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার বর্গা বাজার সংলগ্ন স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ বর্ধিত সভায় তৃণমূল নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা বেনজীর আহমেদ টিটো।
প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ টিটো বলেন, কালিহাতী আমার প্রাণ। কালিহাতী ও এখানকার মানুষ ছাড়া আমি বাঁচতে পারবো না। আপনারা হতাশ হবেন না, আগামী দিনের বাংলাদেশে বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনবে। দলের তৃণমূল কর্মীরাই বিএনপির শক্তি ও আশার প্রতীক। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা ও শামীম প্রামাণিক, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা।
এছাড়াও  কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াদুদ তৌহিদ, এলেঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারন অর রশিদ মিনু, পাইকরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা বিএনপির নেতা আব্দুস ছাত্তার পলু, সাংগঠনিক সম্পাদক আতোয়ার রহমান তালুকদার লিটনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/১২নভেম্বর ২০২৫/মওম 

শ্রীমঙ্গলে এস এ পরিবহন থেকে কয়েক লক্ষ টাকার ভারতীয় পণ্যসহ আট*ক-১

মোঃ আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল প্রতিনিধি| মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে এস এ পরিবহন, স্থানীয় শাখা থেকে অবৈধভাবে আমদানি করা, ভারতীয় পণ্য জব্দ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ টাকা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই বাবলু কুমার পাল, ফোর্সসহ মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শ্রীমঙ্গল -মৌলভীবাজার রোডস্থ এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানে আব্দুল কাইয়ুম (২০), পিতা-মোঃ মহিবুল মিয়া, মাতা-মৃত মিনারা বেগম, সাং-টিকরিয়া (চকগাঁও), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার গ্রেফতার করা হয়। এসময় (৯০,০০০ শলাকা) বিদেশি সিগারেট, (৩০বোতল) অলিভ অয়েল (১২০ কৌটা) Nivea Soft Light Moisturizing Cream এবং ভারতীয় ৫ বস্তা (১৫০ কেজি) জিরা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১১,১০,০০০/- টাকা। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, বলেন গ্রেফতারকৃত ও তার অজ্ঞাতনামা সহযোগীরা অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে এনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করে। গ্রেফতারকৃত ব্যক্তি এসব পন্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।তিনি আরও জানান, এই ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

থাইল্যান্ডে মিস ইউনিভার্সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে মিথিলা

বিনোদন ডেস্ক:
দেশের প্রথম সারির মডেল এবং অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বিশেষ করে মডেলিংয়ে নিজের ক্যারিয়ার প্রতিষ্ঠিত করেছেন তিনি। মডেল হিসেবে সুপরিচিত হলেও ২০১৯ সালের ডিসেম্বরে ‘রোহিঙ্গা’ সিনেমার মাধ্যমে বলিউডে নাম লেখান মিথিলা। শুধু মডেলিং বা অভিনয় নয়, সামাজিক মাধ্যমেও তিনি বেশ সক্রিয়; প্রায়ই তার খোলামেলা ছবি ভক্তদের মাঝে উত্তাপ ছড়ায়।
তানজিয়া জামান মিথিলার ক্যারিয়ারে মডেলিংই মূখ্য। লড়াই করেছেন দেশ-বিদেশের বহু সুন্দরী প্রতিযোগীতায়। ২০১৯ সালে ‘ফেস অব বাংলাদেশ’ এবং ‘ফেস অব এশিয়া ২০১৯’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। একই বছর ‘মিস সুপারন্যাশনাল’ বাংলাদেশ ২০১৯-এর মুকুট জিতলেও মূল প্রতিযোগিতা থেকে তিনি সরে দাঁড়ান। ২০২০ সালেও তিনি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন, যদিও সেবার সময় স্বল্পতা ও করোনাকালিন প্রস্তুতির ঘাটতিতে মূল আসরে যাওয়া হয়নি তার।

শোবিজ অঙ্গনের বাইরে ব্যক্তিজীবন নিয়েও মিথিলা একাধিকবার আলোচনায় এসেছেন। বিলাসী জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে তার নাম জড়ানো এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ নিয়ে অতীতে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল।

অতীতের আলোচনা-সমালোচনা ছাপিয়ে মিথিলা এখন নতুন করে খবরের শিরোনামে। তিনি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। গত সেপ্টেম্বরে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’-এর মুকুট জেতার পর, গেল অক্টোবরের শেষে থাইল্যান্ডে মূল প্রতিযোগিতায় যোগ দেন।

বর্তমানে থাইল্যান্ডে ১২১টি দেশের সুন্দরীদের সঙ্গে গ্রুমিং ও প্রস্তুতি পর্বে অংশ নিচ্ছেন মিথিলা। প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ভোটিং পর্বে তিনি ৭৩ হাজার ভোট পেয়ে বিশ্বের পঞ্চম স্থানে উঠে এসেছেন, যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য। এই অর্জনে জয়া আহসান, শবনম বুবলী, রুনা খান, জান্নাতুল পিয়া সহ অনেকেই তার জন্য ভোট চেয়েছেন।

আবেগঘন এক পোস্টে মিথিলা লিখেছেন, ‘আমি কাঁদছি… আপনাদের অমূল্য ৭৩,০০০ ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। বাংলাদেশে মুকুটটা আনার জন্য এবার আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেটে মিস ইউনিভার্সের ৭৪তম আসরের জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ থেকে ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম অংশ নিলেও, মিথিলার এই ভোটিং সাফল্য দেশের মিস ইউনিভার্স ইতিহাসে নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/১২নভেম্বর ২০২৫/মওম 

সিলেট টেস্ট: ১ উইকেটে ৩৩৮ করে বড় লিডের পথে বাংলাদেশ!

ক্রিকেট: সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করছে বাংলাদেশ ক্রিকেট দল। আয়ারল্যান্ডকে ২৮৬ রানে অলআউট করে দ্বিতীয় দিনে ১ উইকেটে ৩৩৮ রান করে বড় লিডের পথে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার ৯০ ওভারে ৮ উইকেটে ২৭০ রান করে আয়ারল্যান্ড। আজ বুধবার দ্বিতীয় দিনে আর মাত্র ১৬ রান করতেই ২ অল আউট হয় তারা । আইরিশদের ২৮৬ রানে অলআউট করায় ৩ উইকেট নেন মেহেদি হাসান মিরাজ। দুটি করে উইকেট নেন হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত হাসান মুরাদ। জবাবে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। ওপেনিং জুটিতে ৪১.১ ওভারে ১৬৮ রানের জুটি গড়েন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম অনিক। ফিফটি তুলে নিয়ে দুজনেই সেঞ্চুরির পথে ছিলেন। কিন্তু ৯টি চার আর এক ছক্কায় ৮০ রান করে ২০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন সাদমান ইসলাম অনিক।

 

এরপর ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নামা সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ১৭০ রানের জুটি গড়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেন মাহমুদুল হাসান জয়। এই জুটি গড়ার পথেই টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান মাহমুদুল হাসান জয়। তিনি ২৮৩ বলে ১৪টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১৬৯ রান করে অপরাজিত আছেন। ১২৪ বলে ৫টি চার আর ২টি ছক্কার সাহায্যে ৮০ রান করে অপরাজিত আছেন মুমিনুল হক ।

আলোকিত প্রতিদিন/এপি

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আলো ছড়ালেন আফিফ নূর আয়ান

মো: মহিদ:
মানিকগঞ্জের আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আফিফ নূর আয়ান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পরিবারসহ পুরো এলাকায় আনন্দের জোয়ার বইয়ে দিয়েছেন। এই সাফল্যকে জীবনের এক অনন্য আনন্দঘন মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন আয়ানের পিতা বিশিষ্ট সাংবাদিক অভি হাসান। তিনি বলেন, “আমার ছেলে আফিফ নূর আয়ান ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এটি আমাদের পরিবারের জন্য এক বিশাল গর্ব ও আনন্দের বিষয়। এই অর্জনের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং বিদ্যালয়ের শিক্ষকদের স্নেহ-মমতা।”তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক ও কর্মচারীবৃন্দের প্রতি, যাদের সঠিক দিকনির্দেশনা ও যত্নে আয়ান এই সাফল্য অর্জন করেছে। বিশেষ ধন্যবাদ জানান মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবিকা ও শিক্ষানুরাগী আফরোজা খানম রিতা-কে, যিনি আয়ানকে “সংবর্ধনা স্মারক” প্রদান করে এই সাফল্যকে আরও স্মরণীয় করে তুলেছেন। তিনি আরও বলেন, “রিতা আপার উৎসাহ, আন্তরিকতা এবং শিক্ষার্থীদের প্রতি মমতাময় দৃষ্টিভঙ্গি সত্যিই অনুপ্রেরণাদায়ক।
আলোকিত প্রতিদিন/১২নভেম্বর ২০২৫/মওম 

কুমিল্লা কুরিয়ার সার্ভিসে ভারতীয় অবৈধ পন্য আটক

এম কে নুর আলম:

কুমিল্লায় সেনা ক্যাম্পের অভিযানে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৫০ লাখ টাকা। কুমিল্লায় সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত যৌথবাহিনীর অভিযানে এসএ পরিবহন, কুমিল্লা হতে বিপুল পরিমান ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়।

১১ নভেম্বর মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর সেনা ক্যাম্প রাত আনুমানিক ০৩০০ ঘটিকার সময় অসকতলা, কোতয়ালী, কুমিল্লায় এসএ পরিবহনে অভিযান চালায়। এ সময় এসএ পরিবহন, কুমিল্লায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ আতশবাজি, মোবাইল ডিসপ্লে, ভারতীয় শাড়ি এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫০ লাখ ৫ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী। জব্দ করা পণ্যসমূহ পরবর্তী সময়ে বিধি মোতাবেক কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আলোকিত প্রতিদিন/১২নভেম্বর ২০২৫/মওম